Tag: bangla news

bangla news

  • Adipurush: নতিস্বীকার! ‘আদিপুরুষ’ বিতর্কে ক্ষমা চাইলেন লেখক মনোজ মুনতাশির

    Adipurush: নতিস্বীকার! ‘আদিপুরুষ’ বিতর্কে ক্ষমা চাইলেন লেখক মনোজ মুনতাশির

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘আদিপুরুষ’ (Adipurush) বিতর্কে শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন চিত্রনাট্য এবং সংলাপ লেখক মনোজ মুনতাশির (Manoj Muntashir)। রামায়ণের আধারে তৈরি এই ছবির সংলাপগুলি খুবই নিম্নরুচির এবং এর ফলে হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগ তুলেছিলেন নেটিজেনদের একাংশ। ছবি মুক্তির পর থেকে এই সংলাপ নিয়েই সবথেকে বেশি বিতর্ক দানা বেঁধেছিল। শেষে মুক্তির কয়েকদিনের মধ্যেই সেই বিতর্কিত সংলাপগুলি বদলে দেওয়া হয়।

    মনোজের ট্যুইট বার্তা

    নিজের অবস্থানেই অনড় ছিলেন লেখক। তবে এবার সংলাপ বিতর্কে ক্ষমা চাইলেন তিনি। প্রথমে শনিবার ৮ জুলাই, হিন্দি এবং ইংরেজিতে মনোজ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে ক্ষমা চেয়ে একটি নোট লিখেছেন। যেখানে লেখা ছিল, ‘আমি মানুষের আবেগ বুঝতে পেরেছি। আদিপুরুষের (Adipurush) দ্বারা আহত হয়েছেন তারা। হাত জোড় করে আমি বলছি, নিঃশর্তভাবে ক্ষমাপ্রার্থী। প্রভু বজরংবলি আমাদের সকলকে এক করে রাখুন এবং আমাদের পবিত্র সনাতন এবং আমাদের মহান জাতির সেবা করার শক্তি দিক।’  মনোজের এই দেরি করে ক্ষমা চাওয়াকে নেটিজেনরা খুব একটা ভালোভাবে নেয়নি। অনেকেই বলেছেন, সিনেমাটি হল থেকে প্রায় যেতে বসেছে, তখন এই বার্তার মানে নেই।

    ৬০০ কোটি টাকার বেশি বাজেটে তৈরি ওম রাউত পরিচালিত ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ছবিগুলির মধ্যে একটি আদুপুরুষ (Adipurush)। এই কারণেই ৩৯০ কোটি টাকা বিশ্বব্যাপী উপার্জন করার পরেও, এটি একটি বিশাল বাণিজ্যিক ব্যর্থতায় পরিণত হয়েছে।

    আরও পড়ুন: শ্যুটিংয়ে নাক ফাটলো শাহরুখের! হাসপাতালে অস্ত্রোপচারের পর কেমন আছেন?

    উল্লেখ্য,‘আদিপুরুষ’ মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রে রয়েছে। ছবির সংলাপ থেকে ভিএফএক্স, এমনকী রাম, সীতা কিংবা রাবণের মেকআপ নিয়েও সমালোচনা চলেছে। প্রথম তিনদিন পর থেকেই ধীরে ধীরে বক্স অফিসে ডুবতে থাকে রামায়ণের আধারে তৈরি এই ছবি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murder: স্ত্রীকে খুনের পর মাথার ঘিলু রান্না করে খেলেন স্বামী! কোথায় ঘটল এমন হাড়হিম ঘটনা?

    Murder: স্ত্রীকে খুনের পর মাথার ঘিলু রান্না করে খেলেন স্বামী! কোথায় ঘটল এমন হাড়হিম ঘটনা?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথমে স্ত্রীকে খুন (Murder), তারপর নিহতের ঘিলু রান্না করে  খেলেন এক ব্যক্তি। এখানেই অশ্য শেষ নয়, স্ত্রীর খুলিকে ছাইদানি হিসাবে ব্যবহার করার অভিযোগও উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মেক্সিকোর পুয়েব্লোতে। গত ২ জুলাই এই খুনীকে নিজের বাড়ি থেকে গ্রেফতার করেছে সেদেশের পুলিশ।

    ঘটনার পূর্ণ বিবরণ…

    আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলি বলছে, অভিযুক্তের নাম আলভারো (৩২)। মেক্সিকো পুলিশ জানিয়েছে, মদ্যপ অবস্থায় গত ২৯ জুন স্ত্রী মারিয়া মন্টসেরাটকে খুন (Murder) করেন আলভারো। পুলিশের কাছে অবশ্য এক আজব দাবি করেছেন আলভারো। তাঁর বক্তব্য, তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন, আর সেই আদেশ পালন করতেই স্ত্রীকে এমন নৃশংসভাবে খুন করেন।

    একবছরও পূর্ণ হয়নি খুনীর বিয়ের

    জানা গিয়েছে, এক বছরও সম্পূর্ণ হয়নি মারিয়া ও আলভারোর বিয়ে। মারিয়ার অবশ্য এটা প্রথম বিয়ে নয়। মারিয়ার আগের পক্ষের পাঁচ কন্যা সন্তান রয়েছে বলে খবর, প্রত্যেকের বয়স ১২ থেকে ২৩ এর মধ্যে। সেদেশের স্থানীয় সংবাদপত্রগুলি বলছে, আলভারো পুলিশের জেরায় স্বীকার করেছেন যে, তিনিই মারিয়ার খুনী। এবং ট্যাকো (মেক্সিকো দেশের এক ধরনের খাবার) দিয়ে স্ত্রীর ঘিলু খেয়েছেন। আলভারোর ঘর থেকে তল্লাশি চালিয়ে একটি খুলিও উদ্ধার করেছেন তদন্তকারীরা। আলভারো দাবি, ওই খুলি তাঁর স্ত্রী মারিয়ার। স্ত্রীর দেহাংশ একটি প্ল্যাস্টিকের ব্যাগে ভরে রেখেছেন বলে দাবি করেন আলভারো।

    স্ত্রীকে খুনের (Murder) পর সন্তানকে ফোন করেন আলভারো

    স্থানীয় সংবাদমাধ্যমগুলিতে প্রকাশিত খবর অনুযায়ী, স্ত্রী মারিয়াকে খুনের ঠিক দু’দিনের মাথায় তাঁর এক সন্তানকে ফোন করেন আলভারো। তাকে খুনের ঘটনা সম্পর্কে তখনই সবটা জানান আলভারো। বড় মেয়েকে ফোন করে আলভারো জানান, সে এসে যেন তার মায়ের দেহ উদ্ধার করে নিয়ে যায়। মারিয়ার মা আলিসিয়া মন্টিয়েল সেরান, অর্থাৎ আলভারোর শাশুড়ি সংবাদমাধ্যমে এমনটাই দাবি করেছেন। মারিয়ার মা আলভারোর বিরুদ্ধে কালাজাদুর অভিযোগও এনেছেন। পুলিশ সূত্রে খবর, আলভারোর বাড়ি থেকে তন্ত্রসাধনার বেশ কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে। এই খুনের সঙ্গে ব্ল্যাক ম্যাজিকের যোগ রয়েছে কি না খতিয়ে দেখছে সেদেশের পুলিশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: অশান্তি থামছে না দিনহাটায়, ভোটের মধ্যেই গুলিবিদ্ধ বিজেপি কর্মীর মৃত্যু, আহত দুই

    Panchayat Election 2023: অশান্তি থামছে না দিনহাটায়, ভোটের মধ্যেই গুলিবিদ্ধ বিজেপি কর্মীর মৃত্যু, আহত দুই

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) ঘিরে কার্যত অগ্নিগর্ভ হয়ে রইল দিনহাটা। প্রিসাইডিং অফিসার ও বিরোধী প্রার্থীর মাথায় বন্দুক তাক করে যেখানে চলেছে অবাধ ভোট লুট। যদিও কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ দেখেই চম্পট দেয় দুষ্কৃতীরা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দিনহাটার অচিনতলায় ১৮০ ও ১৮১ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দিনহাটায় তিন বিজেপি কর্মী গুলিবিদ্ধ, এর মধ্যে মৃত ১, বাকি দুজন হাসপাতালে। আরেকটি ঘটনায় বিজেপি কর্মীকে মারধরও করা হয়। 

    গুলিবিদ্ধ বিজেপি কর্মী

    শনিবার সকাল দশটা নাগাদ দিনহাটা ১ নম্বর ব্লকের ভাংগি পার্ট ১ এলাকায় বিজেপির দুই কর্মী গুলিবিদ্ধ হয়। অপরদিকে দিনহাটার ঘুঘুমারিতেও গুলি চলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে এক বিজেপি কর্মী আহত হয়েছেন এছাড়াও আহত হয়েছেন আরও এক ব্যক্তি। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ নিউ গিতালদহ সংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ রেজাউল করিম নামে এক বিজেপি কর্মী এবং গুরুতর আহত বিজেপি প্রার্থীর স্বামী গৌতম সরকার। একদল দুষ্কৃতী এসে তাদের এক কর্মীকে এলোপাথাড়ি মারধর করে ও গুলি চালায়। গুলিবিদ্ধ বিজেপি কর্মী চিরঞ্জিত কার্জির মৃত্যু হয়েছে। 

    আরও পড়ুন: “মেরে ফেলবে, বুথ থেকে সরান”, সুকান্তর কাছে আর্জি রাজ্যের এক পুলিশকর্মীর

    বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বুথে (Panchayat Election 2023) ঢুকে তাণ্ডব শুরু করে। বাধা দেওয়ায় বিজেপি কর্মীদের উপর চড়াও হয় তারা। বুথের মধ্যেই গুলি চলে। বিজেপি নেতারা দাবি করেন, তৃণমূল আশ্রিত দু্কৃতীদের মারে তাঁদের বেশ কয়েকজন মহিলা কর্মীও জখম হন। দিনহাটা হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। আহত রাধিকা বর্মনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন বিজেপি নেতারা। তারা বলেন, “দিনহাটা ভিলেজ ওয়ানের ওই বুথে দেদার ছাপ্পা ভোট পড়ছিল। পুরো ভোটকেন্দ্র চলে গিয়েছিল দুষ্কৃতীদের দখলে।”

    নির্দল প্রার্থীকে লক্ষ্য করে গুলি

    শুধু বিজেপি কর্মীরাই আক্রান্ত নন, এদিন সকালে কোচবিহারের দিনহাটায় নির্দল প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গুলিবিদ্ধ পুঁটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থী ভোলা বর্মনকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পেটে গুলি লাগে। নির্দল প্রার্থীর এক অনুগামীর মাথা ফাটিয়ে দেওয়ার পাশাপাশি, আরেক সমর্থকের হাত ভেঙে দেওয়ারও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

    তৃণমূল বনাম বিক্ষুব্ধ তৃণমূল

    অন্যদিকে এই কোচবিহারের দিনহাটার খাটামারির ১৯১ নম্বর বুথে দেদার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ঘিরে তুলকালাম বেঁধে যায়। এখানে আবার শাসকদল ও তার বিক্ষুব্ধদের মধ্যে সংঘর্ষ।  তৃণমূল ও বিক্ষুব্ধ তৃণমূলের সংঘর্ষে ভয়ঙ্কর চেহারা নিল বুথ। অভিযোগ, প্রিসাইডিং অফিসারকে বেধড়ক মারধর করে ছাপ্পা ভোট দেয় বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। পাল্টা তৃণমূল কর্মীরা এসে ব্যালট পেপার ফেলে দেয়। বুথ ভাঙচুর করে। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের মেরে তাড়ানো হয় বলে অভিযোগ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: “চলো কালীঘাট, ইটগুলো খুলি”, মাঝ-ভোটেই গণ অভ্যুত্থানের ডাক শুভেন্দুর

    Panchayat Election 2023: “চলো কালীঘাট, ইটগুলো খুলি”, মাঝ-ভোটেই গণ অভ্যুত্থানের ডাক শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) চলাকালীনই পড়ে গিয়েছে তিন-তিনটে লাশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে অশান্তির খবর। কোথাও বোমাবাজি হয়েছে। কোথাও চলেছে গুলি। কোথাও আবার নির্বাচন ভণ্ডুল করতে ব্যালটবক্সে জলও ঢেলে দিয়েছে দুর্বত্তরা। পুলিশকে নিষ্ক্রিয় রেখে দেদার ছাপ্পা মারার অভিযোগও উঠেছে। এমতাবস্থায় ‘চলো কালীঘাট, ইটগুলো খুলি’ স্লোগান দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার নন্দীগ্রামে নিজের ভোট দেওয়ার পরে শুভেন্দু বলেন, “রাজ্যে শান্তি ফেরাতে দুটি পথ রয়েছে। জনগণের অভ্যুত্থান। চলো কালীঘাট। ইটগুলো খুলি। গুলি করুক। প্রথমে দশ-বিশ জন মরবে। আমি থাকতে রাজি আছি। তার পরে বাংলার ১০ কোটি মানুষ বেঁচে যাবে। আর দ্বিতীয় ৩৫৬ বা ৩৫৫ অনুচ্ছেদ জারি করে নির্বাচন।”

    ‘নো ভোট টু মমতা’

    এর আগে ‘নো ভোট টু মমতা’ স্লোগান দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা (Panchayat Election 2023)। এদিন শুভেন্দু বলেন, “আমি একটা লক্ষ্য নিয়ে এসেছি। তার জন্য আমায় যা করতে হয় করব। পতাকা নিয়ে, পতাকা ছেড়ে বাংলার গণতন্ত্র বাঁচাতে যা করতে হয় আমি করব।” তিনি বলেন, “রাজ্যপাল ও কেন্দ্রীয় সরকার ভাবছেন কিনা জানি না, তবে এ রাজ্যে ৩৫৬ বা নির্বাচনের সময় ৩৫৫ ধারা জারি করে প্রশাসনকে নিরপেক্ষ করতে না পারলে পশ্চিমবঙ্গে কোনও ভোট হতে পারে না।”

    শুভেন্দুর অভিযোগ, ভোট শান্তিপূর্ণ করতে কলকাতা হাইকোর্ট যা যা নির্দেশ দিয়েছিল, তাও মানা হয়নি।

    “আর কত রক্ত চাই আপনার?”

    নন্দীগ্রাম থেকেই এদিন শুভেন্দু (Panchayat Election 2023) ফোন করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে। ফোনে বলেন, “আর কত রক্ত চাই আপনার?  আমি কমিশনের দফতরে তালা ঝোলাতে কলকাতায় আসছি।” রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “মানুষকে বলব, আজ যা যা হচ্ছে, সব নোট করুন। কারণ কোর্ট মনিটর্ড নির্বাচন। কোর্টের অর্ডার মানেনি। কোর্ট বলেছিল, সিভিক ভলান্টিয়ার না লাগাতে, এরা লাগিয়েছে। কোর্ট বলেছিল, কনট্র্যাকচুয়ালদের ফার্স্ট, সেকেন্ড ও থার্ড পোলিং না করতে, এরা প্রিসাইডিং পর্যন্ত করেছে। কোর্ট বলেছিল, সিসিটিভি মনিটরিং করতে, যেখানে সিসিটিভি পাওয়া যাবে না, সেখানে ভিডিওগ্রাফি করতে, তাও করেনি।”

    আরও পড়ুুন: বাসন্তী, কাটোয়া, চাপড়া ও লালগোলায় ফের চারজন খুন

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Panchayat Election 2023: “মেরে ফেলবে, বুথ থেকে সরান”, সুকান্তর কাছে আর্জি রাজ্যের এক পুলিশকর্মীর

    Panchayat Election 2023: “মেরে ফেলবে, বুথ থেকে সরান”, সুকান্তর কাছে আর্জি রাজ্যের এক পুলিশকর্মীর

    মাধ্যম নিউজ ডেস্ক: বিরোধীরা বারবার অভিযোগ তুলেছেন পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) পুলিশের সাহায্য নিয়ে শাসক তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে। কিন্তু এবার উলাটপুরাণ!  রাজ্য পুলিশের এক কর্মী সুকান্তের কাছে এসেই দায়িত্ব থেকে মুক্তির আর্জি জানালেন। জানালেন, ছাপ্পা ভোটে বাধা দেওয়ার জন্য তাঁকে মেরে ফেলার হুমকি দিচ্ছে শাসকদলের নেতারা। মৃত্যুভয়ে তিনি দায়িত্ব থেকে সরে যেতে চান। 

    পুলিশকর্মীর আর্জি

    গঙ্গারামপুরের সুখদেবপুরে ১৭৬ নম্বর বুথে ছাপ্পা ভোট পড়ছে বলে অভিযোগ তোলে বিজেপি। স্থানীয় বিজেপি নেতাদের ফোন পেয়ে ঘটনাস্থলে যান সুকান্ত। তখনই রাজ্য পুলিশের কর্মী কৃষ্ণমোহন ঝাঁ সুকান্তের গাড়ির কাছে এসে কাতর স্বরে দায়িত্ব থেকে সরে যাওয়ার আর্জি জানান। তিনি বলেন, ‘‘আমি সরতে চাইছি। আমি কী করব একা? আমায় হুমকি দিচ্ছে। আমি বলেছি, ছাপ্পা ভোট হতে দেব না। তখন বলেছে, ‘চুপচাপ থাকুন। না হয় এখান থেকে সরে যান। পুরোপুরি ছাপ্পা ভোট হবে।’’’ একই সঙ্গে কৃষ্ণমোহন বলেন, ‘‘আমার লাইন সামলানোর কথা। কিন্তু বাধ্য হয়ে বুথের ভিতরে গিয়েছি। তার পরেই মেরে ফেলার হুমকি। আমি এখন এখান থেকে সরে যেতে চাইছি।’’

     আরও পড়ুন: কোচবিহারে বুথে বোমাবাজি, বিজেপির পোলিং এজেন্ট খুন, মালদায় খুন তৃণমূল কর্মী

    সুকান্তর ট্যুইট

    এরপরই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন,  ‘‘গোটা রাজ্যেই ভোটের (Panchayat Election 2023) নামে প্রহসন চলছে। গঙ্গারামপুরের ঘটনা দেখিয়ে দিল, কোথাও কোথাও সৎ পুলিশকর্মীরা প্রতিবাদ করলে তাঁরাও কতটা অসহায়।’’

    তবে সুকান্তের দাবি, বেশির ভাগ জায়গাতেই পুলিশের মদতে গোলমাল করছে তৃণমূল। তিনি বলেন, ‘‘ওই পুলিশকর্মী আমার কাছে আসার আগে তাঁর কর্তাদের কাছেও জানিয়েছেন। কিন্তু কোনও লাভ হয়নি। আসলে উপরের কর্তারা সবটাই করছে তৃণমূলের নির্দেশ মতো।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ISI: লাস্যময়ীর প্রেমের ফাঁদে পা দিয়ে মিসাইল গবেষণার তথ্য পাচার পাকিস্তানে! গ্রেফতার বিজ্ঞানী

    ISI: লাস্যময়ীর প্রেমের ফাঁদে পা দিয়ে মিসাইল গবেষণার তথ্য পাচার পাকিস্তানে! গ্রেফতার বিজ্ঞানী

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁর বয়স ৬০ বছর। বিবাহিত। পাকিস্তানি এক লাস্যময়ীর পাতা ফাঁদে পা দিয়ে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইকে (ISI) প্রতিরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ নথি চালান করার অভিযোগে মাস তিনেক আগেই গ্রেফতার করা হয়েছিল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) বিজ্ঞানী প্রদীপ কুরুলকরকে। এবার চার্জশিট পেশ হল তাঁর বিরুদ্ধে। পেশ করল মহারাষ্ট্র পুলিশের জঙ্গি দমন শাখা। চার্জশিটে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের পাশাপাশি ভয়েস ও ভিডিও কলের মাধ্যমে আইএসআই এজেন্টের সঙ্গে প্রদীপের যোগাযোগের সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে।

    গ্রেফতার বিজ্ঞানী

    পুণের ডিআরডিও-র সিস্টেম ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরির ডিরেক্টর পদে নিযুক্ত ছিলেন প্রদীপ। ৩ মে সরকারি গোপনীয় তথ্য ফাঁসের অভিযোগে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে গ্রেফতার করা হয় তাঁকে। এটিএসের দাবি, ১৯৮৮ সাল থেকে সমাজ মাধ্যমে সুন্দরী মহিলাদের ছবি দেখিয়ে ফাঁদে ফেলেছিল আইএসআইয়ের (ISI) এজেন্ট। চার্জশিটে বলা হয়েছে, আইএসআইয়ের ওই এজেন্ট বিভিন্ন নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খোলে। এভাবেই প্রদীপের সঙ্গে যোগাযোগ রাখত সে।

    জারা দাশগুপ্ত কে?

    ভুয়ো অ্যাকাউন্টগুলির দুজন ব্যবহারকারীর নাম হল জারা দাশগুপ্ত ও জুহি অরোরা। সুন্দরী জারা নিজেকে ব্রিটেনবাসী সফ্টঅয়্যার ইঞ্জিনিয়র বলে পরিচয় দিয়েছিল। অশালীন টেক্সট মেসেজ ও ভিডিও করে প্রদীপের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিল সে। পরে জারা প্রদীপের কাছে জানতে চায়, অগ্নি ৬ মিসাইল লঞ্চারের পরীক্ষা সফল হয়েছিল কিনা। মেজেজ পাঠিয়ে প্রদীপ নাকি তাকে বলেছিলেন, বেব, ওটা আমার ডিজাইন। সফল না হয়ে যায় না। ২০২২ সালের সেপ্টেম্বর ও ২০২৩ সালের ফেব্রুয়ারির মধ্যে আইএসআইয়ের ওই এজেন্টের সঙ্গে কথোপকথন হয় প্রদীপের। সেই সময় মিটিওর মিসাইল, ব্রহ্মোস, রাফাল, আকাশ ও অস্ত্র মিশাইল নিয়ে তার সঙ্গে খোলাখুলি কথা বলতেন প্রদীপ।

    আরও পড়ুুন: ভোট শুরু ৭টায়, পড়ে গিয়েছে লাশ, কমিশনার দফতরে এলেন ১০টায়!

    ডিআরডিও-র ড্রোন প্রোগ্রাম নিয়েও জারার কাছে তথ্য ফাঁস করেছিলেন প্রদীপ। প্রদীপের গতিবিধিতে (ISI) সন্দেহ হওয়ায় মহারাষ্ট্র এটিএসের দ্বারস্থ হয় ডিআরডিও কর্তৃপক্ষ। মে মাসে গ্রেফতার করা হয় প্রেমের ফাঁদে পড়া ওই বিজ্ঞানীকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।    

  • Tamim Iqbal: বিশ্বকাপ খেলবেন তামিম! প্রধানমন্ত্রী হাসিনার হস্তক্ষেপে নাটকীয় প্রত্যাবর্তন 

    Tamim Iqbal: বিশ্বকাপ খেলবেন তামিম! প্রধানমন্ত্রী হাসিনার হস্তক্ষেপে নাটকীয় প্রত্যাবর্তন 

    মাধ্যম নিউজ ডেস্ক: অবসর ভেঙে ফের বাইশ গজে ফিরলেন তামিম ইকবাল (Tamim Iqbal)। বাংলাদেশের প্রধানমন্ত্রী (Prime Minister Of Bangladesh) শেখ হাসিনার (Sheikh Hasina)সঙ্গে দেখা করার পরেই এই সিদ্ধান্ত নিলেন এক দিনের ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক তামিম। প্রাক্তন অধিনায়ক মাশরফি মোর্তাজার (Mashrafe Mortaza) সঙ্গে তামিম ইকবাল (Tamim Iqbal) তাঁর স্ত্রী-কে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এরপর শেখ হাসিনার সঙ্গে কথা বলার পরেই সিদ্ধান্ত বদল করলেন তামিম। 

    তামিম যা বললেন

    তামিম ইকবাল (Tamim Iqbal) পরে সাংবাদিকদের বলেন, “শুক্রবার দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছিলেন। ওঁর সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটয়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাঁকে ফিরিয়ে দেওয়া আমার পক্ষে অসম্ভব।” এরপর ফের তিনি যোগ করেন, “আমার ফিরে আসার নেপথ্যে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সাথে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন। আমি যেন মানসিকভাবে আর একটু ফ্রি হতে পারি।” 

    আরও পড়ুন: চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের

    হাসিনার সঙ্গে সাক্ষাত

    বৃহস্পতিবার চট্টগ্রামে সাংবাদিক বৈঠক ডেকে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের মাঝপথেই ক্রিকেটকে চোখের জলে বিদায় জানিয়েছিলেন তামিম (Tamim Iqbal)। অবসরের ঘোষণা করতে গিয়ে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি তামিম। কেঁদে ফেলেছিলেন। অবসরের কথা জানালেও কেন হঠাৎ অবসর নিলেন, তার কোনও কারণ জানাননি তামিম। তামিম অবসর নেওয়ায় আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজে লিটন দাসকে অধিনায়ক করা হয়। তার মাঝেই জানা যায়, শেখ হাসিনা (Sheikh Hasina) নিজের বাড়িতে তামিমকে ডেকেছেন। তখনই জল্পনা শুরু হয়। তারপরই সিদ্ধান্ত বদল। তামিম জানান, আপাতত তিনি আবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিচ্ছেন। দেড় মাসের ছুটি তাঁকে দিয়েছেন হাসিনা। দেড় মাস বিশ্রামের পরে এশিয়া কাপে (Asia Cup 2023) ফিরবেন। এবং বিশ্বকাপেও (ICC ODI World Cup 2023) খেলবেন তারকা ওপেনার। এই আলোচনায় তাঁদের সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Panchayat Elections 2023: কোচবিহারে পুড়ল ব্যালট, লুট উত্তর দিনাজপুরে! শাসক-সন্ত্রাস নিয়ে সরব সুকান্ত

    Panchayat Elections 2023: কোচবিহারে পুড়ল ব্যালট, লুট উত্তর দিনাজপুরে! শাসক-সন্ত্রাস নিয়ে সরব সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: কোথাও ব্যালট ছিনতাই, কোথাও বুথে অগ্নিসংযোগ তো কোথাও আবার ব্যাপক ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠল। ভোট (Panchayat Elections 2023) শুরুর আগেই জ্বালিয়ে দেওয়া হল ব্যালট বক্স। কোচবিহারের সিতাইয়ের (Sitai) মাতালহাটে ছাপ্পার অভিযোগে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হল। গ্রামবাসীরাই ব্যালট বাক্স জ্বালিয়ে দেন বলে অভিযোগ। 

    রাত থেকেই ছাপ্পা ভোটের অভিযোগ

    গ্রামবাসীদের দাবি, শুক্রবার মাঝরাত থেকেই ছাপ্পা ভোট (Panchayat Elections 2023) শুরু হয়ে গিয়েছিল মাতালহাটের বড়ভিটার ১৩১ নম্বর বুথে। প্রতিটি ব্যালটে জোড়াফুলে ছাপ মারা হয়েছে। এদিন সকাল থেকেই এই ঘটনা নিয়ে উত্তেজিত জনতা ভিড় করে বুথের সামনে। ভাঙচুর চলে বুথে। আগুন ধরিয়ে দেওয়া হয় ব্যালট বাক্সে। স্থানীয়দের দাবি, “পুলিশ থাকলেও কোনও কাজ করেনি। আমরা ভোট দেব কীভাবে? রাতের বেলা লুকিয়ে ভোট করানো হয়েছে।” দেখা গেছে পোলিং রুমে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ব্যালট পেপার। আগুন লাগানো হয়েছে তাতে। বুথের ভিতর রাখা চেয়ার-টেবিল, বেঞ্চ উল্টে পড়ে আছে। অভিযোগ, প্রতিটি ব্যালট পেপারে তৃণমূলের প্রার্থী ডলি রায় বর্মনের নামের পাশে ছাপ রয়েছে। বড়ভিটা প্রাথমিক বিদ্যালয়ের একটি ভিডিও শেয়ার করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে গণতন্ত্র শেষ।’

    উত্তর ২৪ পরগনার জ্যাংরায় ব্যালাট বক্স ছিনতাইয়ের অভিযোগ 

    উত্তর ২৪ পরগনার জ্যাংরায় সিপিআইএম এবং বিজেপি প্রার্থী সহ এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুথ আটকে ভোট (Panchayat Elections 2023) করার অভিযোগ উঠেছে  শাসকদলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল জ্যাংরা- হাতিয়ারা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের যাত্রা গাছি বিবেকানন্দ পল্লীর ১২ নম্বর সুসংগত শিশু বিকাশ কেন্দ্রের ২৭১ ও ২৭২ নম্বর বুথ। তৃণমূলের কর্মীদের সঙ্গে সিপিআইএম ও বিজেপি কর্মীদের ব্যাপক মারামারি শুরু হয়। হাতাহাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে বিরোধীরা। শাসকের হয়ে পুলিশ কাজ করছে বলেও অভিযোগ বিরোধীদের। তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের চেষ্টা, বুথ ভাঙচুর, ব্যালট বক্স ফেলে দেওয়ার অভিযোগও তোলে বিরোধীরা।

    আরও পড়ুন: প্রায় আড়াই দশক পর দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোট পাহাড়ে

    উত্তর দিনাজপুরের ইসলামপুরে ছাপ্পা ভোটের অভিযোগ

    উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আগডিমটিখুন্তি গ্রাম পঞ্চায়েতের ৭৮ নং বুথে ছাপ্পা ভোটের (Panchayat Elections 2023) অভিযোগ উঠল। সকাল ৮ টার মধ্যেই ব্যলট বক্স সিল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। বুথে কোন কেন্দ্রীয় বাহিনী কিংবা রাজ্য পুলিশের দেখা মেলেনি। বিরোধীরা সন্ত্রাসের অভিযোগ তুললেও, শাসক দল তা মানতে নারাজ।  ইসলামপুরের তৃণমূল ব্লক সভাপতি জাকির হুসেন বলেন, “নির্বাচন শান্তিপূর্ণভাবেই হচ্ছে। কোথাও কোন অশান্তির খবর নেই।”

    কোচবিহারের দিনহাটায় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ব্যালট বাক্স

    দিনহাটার ১৩০ নম্বর বুথে ভোট দেওয়ার ব্যালট বাক্সই ভেঙে গুঁড়িয়ে তছনছ করে দেওয়া হয়েছে। ভেতর থেকে ভোটের (Panchayat Elections 2023) সমস্ত কাগজ বের করে পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপর ব্যালট বাক্স ছুড়ে ফেলে দেওয়া হয়েছে মাঠের মধ্যে। মাঠের মধ্যে গড়াগড়ি খাওয়া ব্যালট বাক্স ঘিরে দাঁড়িয়ে রাজ্য পুলিশ। রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। ভোট আদৌ কখন শুরু হবে বা হবে কি না, সে নিয়ে রয়েছে ধোঁয়াশা। ভয়ের ছবি প্রিসাইডিং অফিসারের চোখে মুখে। তাঁর কথায়, ‘মাঝরাতে কয়েকজন বুথে হামলা চালায়। ব্যালট বাক্স ছিনিয়ে নেয়। সব কাগজ বের করে পুড়িয়ে দিয়ে ব্যালট বাক্স মাঠে ছুড়ে ফেলে দিয়ে যায়। কারা করেছে, বলতে পারব না।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: প্রায় আড়াই দশক পর দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোট পাহাড়ে

    Panchayat Election 2023: প্রায় আড়াই দশক পর দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোট পাহাড়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, শনিবার ২৩ বছর পর ফের পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) হচ্ছে পাহাড়ে।  ২০০০ সালে শেষবার পঞ্চায়েত নির্বাচন হয় দার্জিলিঙে। তখন দার্জিংলিঙের (Darjeeling) অধীনে ছিল কালিম্পং। এবার দার্জিলিং ও কালিম্পঙে দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোট। পুলিশ সূত্রের খবর, দার্জিলিঙে ২৭টি ‘স্পর্শকাতর’ এলাকা রয়েছে। সেখানে কেন্দ্রীয় বাহিনীকে পুলিশের সঙ্গে মোতায়েন রাখা হয়েছে। প্রত্যেক থানা এলাকায় ‘ক্লোজড-সার্কিট ক্যামেরা’র নজরদারির বন্দোবস্ত রয়েছে। দার্জিলিঙের জেলাশাসক এস পুন্নমবলম এবং জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশ জানিয়েছেন, নির্বাচন কমিশনের নিয়মাবলি মেনেই সব বন্দোবস্ত করা হয়েছে।

    শান্তিপূর্ণ ভোটের আর্জি

    ২০১১ সালের পরে রাজ্যে পালাবদল হলেও পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দামামা বাজেনি পাহাড়ে। তবে আঞ্চলিক স্তরে বর্তমানে পাহাড়ে একাধিপত্য রয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএমের। বহুদিন থেকেই দার্জিলিং লোকসভা কেন্দ্র বিজেপির দখলে। পাহাড়ের ২টি বিধানসভা কেন্দ্রও রয়েছে পদ্ম শিবিরের দখলে। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে ঠেকাতে অন্যান্য ছোটখাটো আঞ্চলিক দলগুলিকে নিয়ে পঞ্চায়েত ভোটের আবহে জোট করার উদ্যোগ নিয়েছে বিজেপি। পাহাড়ে চলছে ভোট উৎসব।  রাজু বিস্তা থেকে বিমল গুরুং, মন ঘিসিংয়েরা দলীয় দফতর, বাড়ি থেকে ভোটের প্রস্তুতি নিয়েছেন।

    আরও পড়ুন: নির্দল কর্মীকে কুপিয়ে খুন, প্রতিবাদে রণক্ষেত্র কদম্বগাছি, খড়গ্রামে মৃত্যু তৃণমূল কর্মীর

    শান্তির পরিবেশ বজায় রেখে ভোটে (Panchayat Election 2023) নামার জন্য দলীয় নেতা-কর্মী এবং বিরোধীদের কাছে আবেদন জানিয়েছেন ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ (জিটিএ)-এর প্রধান অনীত থাপা। প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা বলেন, ‘‘পাহাড়ে শান্তি ফিরেছে। পাহাড়ের গ্রামের উন্নয়নের জন্য পঞ্চায়েতি রাজ চালু হওয়ার মুখে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে। উৎসবের মেজাজে সব এলাকায় ভোট হবে।’’ বাবার চিকিৎসার জন্য হায়দরাবাদে থাকলেও, শান্তিপূর্ণ ভোটের আবেদন করেছেন হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ডও।  বিজেপি সাংসদ রাজু বিস্তার দাবি, ‘‘শাসকের দুর্নীতি, প্রলোভন এড়িয়েই নতুন আলোর জন্য ভোট দেবেন মানুষ। যৌথ গোর্খা মঞ্চের প্রার্থীরা জিততে চলেছেন।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: হাতিয়ার ‘দুর্নীতি’, তৃণমূলকে টক্কর দেবে বিজেপি!

    Panchayat Election 2023: হাতিয়ার ‘দুর্নীতি’, তৃণমূলকে টক্কর দেবে বিজেপি!

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023)। নির্বাচন হবে ৬১ হাজারেরও বেশি আসনে। শাসক দল তৃণমূলকে বিনা যুদ্ধে সুচ্যগ্র মেদিনীও ছাড়তে রাজি নয় বিজেপি। তবে ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের মতো এবার তৃণমূল আর একতরফা খেলতে পারবে না বলেই দাবি বিরোধীদের। রাজ্যের বেশ কয়েকটি আসনে যে সমানে সমানে টক্কর হবে, তা মেনে নিয়েছে শাসক ও বিরোধী উভয়পক্ষই। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে জেলা পরিষদে তৃণমূলকে যথেষ্ট বেগ দেবে বিজেপি। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরেও তৃণমূলকে টক্কর দেবেন বিরোধীরা। গত পঞ্চায়েত নির্বাচনে ত্রিস্তরে বিজেপি জিতেছিল ৬ হাজারের কাছাকাছি আসনে। এবার তাদের লক্ষ্য ১৫ হাজার আসনে জয়। বাম-কংগ্রেস জোটের আশা, মুর্শিদাবাদ ও পুরুলিয়ায় ভাল ফল করবে তারা।

    জেলা পরিষদে লড়াই

    রাজ্যে জেলা (Panchayat Election 2023) পরিষদের মোট আসন সংখ্যা ৯২৮টি। শাসক দল ১৬টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়ায় নির্বাচন হচ্ছে ৯১২টিতে। এর সবকটিতেই প্রার্থী দিয়েছে তৃণমূল। বিজেপি লড়ছে ৮৯৭টি আসনে। কংগ্রেস প্রার্থী দিয়েছে ৬৪৪টি আসনে। গত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের মোট আসন সংখ্যা ছিল ৮২৫টি। তার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জিতেছিল ২০৩টি আসনে। তবে এবার আর তা হচ্ছে না। তাই খেলা হবে! বিরোধীদের দাবি, তৃণমূল সরকারের বিরুদ্ধে যে বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছে, তার জেরেই রাজ্যবাসী উচিত শিক্ষা দেবে শাসক দলকে।

    ভোট চায় জনতা

    এদিকে, পূর্ব মেদিনীপুর জেলায় (Panchayat Election 2023) গ্রাম পঞ্চায়েতের ৪২৯০টি আসনে, পঞ্চায়েত সমিতির ৬৬৫টি আসনে এবং জেলা পরিষদের ৭০টি আসনে লড়াই হচ্ছে। এই জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় গ্রাম পঞ্চায়েতের ৬২টি ও পঞ্চায়েত সমিতির ২টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। বিষয়টিকে ভাল চোখে দেখছেন না ভোটাররা। তাঁদের বক্তব্য, লড়াই হোক। সেখানেই নির্ধারিত হোক জয়- পরাজয়। তাঁদের মতে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ে আদতে বঞ্চিত করা হয় ভোটারদেরই। তাই প্রতিটি আসনেই লড়াই হওয়া উচিত। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ভোটারেরই প্রশ্ন, উন্নয়ন করে থাকলে নির্বাচনে কেন অনীহা শাসকের? কেন ভয় দেখিয়ে দাবিয়ে রাখতে হবে বিরোধীদের?

    আরও পড়ুুন: রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন, যুদ্ধকালীন তৎপরতায় রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share