Tag: BCCI

BCCI

  • SAFF Cup: সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আসছে পাকিস্তান! ভারত-পাক ম্যাচ ২১ জুন

    SAFF Cup: সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আসছে পাকিস্তান! ভারত-পাক ম্যাচ ২১ জুন

    মাধ্যম নিউজ ডেস্ক: সাফ (SAFF Cup) চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে আসছে পাক ফুটবল দল। অংশগ্রহণের নিশ্চয়তা দিয়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশন। আগামী ২১ জুন পাকিস্তানের মুখোমুখি হবেন সুনীল ছেত্রীরা। অন্যদিকে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত মহিলাদের এমার্জিং কাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল।

    সাফ চ্যাম্পিয়নশিপ

    সাফ চ্যাম্পিয়নশিপে (SAFF Cup) অংশগ্রহণের জন্য বেশ কিছু দিন আগে পাকিস্তান ফুটবল ফেডারেশন অনুমতি চেয়েছিল সে দেশের বিদেশ এবং ক্রীড়া মন্ত্রকের কাছে। কিন্তু দুই মন্ত্রকই এত দিন অনুমতি না দেওয়ায় তৈরি হয়েছিল অনিশ্চয়তা। বৃহস্পতিবার প্রয়োজনীয় সরকারি অনুমতি পাওয়ার পর পাকিস্তান ফুটবল ফেডারেশনের কর্তারা সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ নিশ্চিত করেছেন। কর্নাটক ফুটবল সংস্থার সচিব এম সত্যনারায়ণ বলেছেন, ‘‘পাকিস্তান ফুটবল দল ১৮ জুন মরিশাস থেকে মুম্বই আসবে। সে দিন রাতের বিমানেই বেঙ্গালুরু আসবে। প্রতিযোগিতার অন্য দু’দল বাংলাদেশ এবং নেপাল আগামী শুক্রবার বেঙ্গালুরু আসবে।’’ পাকিস্তানের ফুটবলারদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে বেঙ্গালুরু পুলিশ।

    আরও পড়ুন: ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করল আইসিসি

    এশিয়ান কাপ ক্রিকেট

    এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত মহিলাদের এমার্জিং কাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ শনিবার বৃষ্টির কারণে একটি বলও খেলা সম্ভব হল না। নেপালের বিরুদ্ধে ভারতের আগের ম্যাচটিও ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। তবে প্রথম ম্যাচে হংকংকে হারানোয় ভারত উঠে গিয়েছে সেমিফাইনালে। পাকিস্তান একটি ম্যাচ জেতায় তারাও সেমিফাইনালে উঠেছে। পাকিস্তানেরও দু’টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। সেমিফাইনালের খেলাগুলি হবে সোমবার। ভারত কার বিরুদ্ধে খেলবে তা এখনও জানা যায়নি। ফাইনাল হবে ২১ জুন, বুধবার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • World Test Championship: ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করল আইসিসি

    World Test Championship: ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করল আইসিসি

    মাধ্যম নিউজ ডেস্ক: চির প্রতিদ্বন্দ্বি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে অ্যাশেজ সিরিজ দিয়েই শুরু হচ্ছে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের (Test Championship Final)  যাত্রা। ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে ভারতকে ২০৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া (END vs AUS)। ২০২৫ সালে লর্ডসে ফাইনাল ম্যাচ আয়োজিত হবে। অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপের পরপর তিনটি ফাইনালের জন্য ইংল্যান্ডের স্টেডিয়ামের নাম ঘোষণা করা হল। 

    কঠিন লড়াই ভারতের

    ৯ দলীয় ডব্লুটিসির যে সূচি আইসিসি দিয়েছে, তাতে করে বিসিসিআইয়ের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে কঠিন পথ পেরোতে হবে ভারতকে। দ্য চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়াকেও তুলনামূলক কঠিন পথ পার করতে হবে। সেই তুলনাই অনেকটাই সহজ পথ পেরতে হবে দক্ষিণ আফ্রিকাকে। আগের মতই পয়েন্টের শতকরা হিসেবে নির্ধারণ করা হবে দুই ফাইনালিস্টকে।

    শুরু হচ্ছে অ্যাশেজ

    দুই বছরের এই চক্রে সবকটি দলকেই কমপক্ষে তিনটি হোম এবং তিনটি অ্যাওয়ে সিরিজ খেলতে হবে। অফিসিয়ালি এই তৃতীয় ডব্লুটিসির আসর শুরু হচ্ছে আসন্ন অ্যাশেজ সিরিজ দিয়ে। ১৬ জুন থেকে এজবাস্টন টেস্টের মধ্যে দিয়ে শুরু হবে এই অ্যাশেজ। গত বারের চ্যাম্পিয়নরা এজবাস্টনের পাশাপাশি এবারের অ্যাশেজে খেলবে লর্ডস, লিডস, ম্যাঞ্চেস্টার এবং দ্য ওভালে। অ্যাশেজের প্রথম টেস্টের জন্য় প্রথম একাদশ ঘোষণা করল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। মূলত তিন পেসার নিয়েই আক্রমণে নামতে চলেছে ইংল্যান্ড শিবির। স্টুয়ার্ট ব্রড, জেমন অ্য়ান্ডারসন ও ওলি রবিনসনকে একাদশে রাখা হয়েছে। তবে বাদ দিয়েছেন মার্ক উড। উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলবেন জনি বেয়ারস্টো। 

    আরও পড়ুন: লক্ষ্যভেদ! তিরন্দাজি বিশ্বকাপে বিশ্বরেকর্ড ভারতের ১৬ বছরের মেয়ে অদিতির

    ভারত তাদের এই ডব্লুটিসির সফর শুরু করছে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। আগের বারের মতন এবারও জয়ী দল পাবে ১২ পয়েন্ট। টাই হলে পাবে ছয় পয়েন্ট এবং ড্র হলে পাবে চার পয়েন্ট। এই চক্রে অজিরা ন’টি অ্যাওয়ে টেস্ট খেলবে। ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি, এবং বাংলাদেশের বিরুদ্ধে দু’টি টেস্টে খেলবে। এ ছাড়াও তারা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দু’টি, অস্ট্রেলিয়াতে গিয়ে পাঁচটি এবং দক্ষিণ আফ্রিকাতে গিয়ে দু’টি ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IND vs WI: ক্যারিবিয়ান সফরে টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি ঘোষিত

    IND vs WI: ক্যারিবিয়ান সফরে টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি ঘোষিত

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি ঘোষণা করল বিসিসিআই। আগামী ১২ জুলাই শুরু হবে টিম ইন্ডিয়ার ওয়েস্ট ইন্ডিজ (IND vs WI) সফর। যদিও ভারতীয় দল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে যাবে অনেক আগেই। ওয়েস্ট ইন্ডিজে ২টি টেস্ট, ৩টি ওয়ান ডে ও ৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলবে ভারত। 

    শততম ম্যাচ

    ১২ জুলাই থেকে ১৬ জুলাই প্রথম টেস্ট। ২০-২৪ জুলাই দ্বিতীয় টেস্ট। দু’টি টেস্টই পরের মরসুমের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। দ্বিতীয় টেস্ট ম্যাচটি উভয় দলের কাছে মাইলস্টোন। কেননা এটি উভয় দেশের মধ্যে আয়োজিত ১০০তম টেস্ট ম্যাচ হতে চলেছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সিইও জনি গ্রেভ বলেছেন, “ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। এই সিরিজে কুইন্স পার্ক ওভালে (ত্রিনিদাদ) শততম টেস্ট আয়োজন করছি আমরা। দুই ঐতিহ্যশালী দেশের ক্রিকেট ম্যাচ হতে চলেছে। এর থেকে বড় গর্বের আর কিছু হয় না।” ২৭ জুলাই শুরু হবে ওয়ান ডে সিরিজ। প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৩ অগস্ট। ১২ এবং ১৩ অগস্ট রয়েছে টি-টোয়েন্টি সিরিজের শেষ দু’টি ম্যাচ হবে আমেরিকার ফ্লোরিডার লডারহিলে।

    আরও পড়ুন: বাবা হচ্ছেন সুনীল! অধিনায়কের জয়সূচক গোলে ফাইনালে ভারত

    কবে, কোথায়, কখন ম্যাচ

    টেস্ট সিরিজের সূচি: ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায় শুরু হবে টেস্ট ম্যাচ

    প্রথম টেস্ট: ১২-১৬ জুলাই (উইন্ডসর পার্ক, ডমিনিকা)
    দ্বিতীয় টেস্ট: ২০-২৪ জুলাই (কুইন্স পার্ক ওভাল, ত্রিনিদাদ) 

    ওয়ান ডে সিরিজের সূচি: প্রতিটি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭টা থেকে

    প্রথম ওয়ান ডে: ২৭ জুলাই (কেনিংটন ওভাল, বার্বাডোজ)
    দ্বিতীয় ওয়ান ডে: ২৯ জুলাই (কেনিংটন ওভাল, বার্বাডোজ)
    তৃতীয় ওয়ান ডে: ১ অগস্ট (ব্রায়ান লারা স্টেডিয়াম, ত্রিনিদাদ)

    টি-২০ সিরিজের সূচি:

    প্রথম টি-২০: ৩ অগস্ট (ব্রায়ান লারা স্টেডিয়াম, ত্রিনিদাদ)
    দ্বিতীয় টি-২০: ৬ অগস্ট (গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা)
    তৃতীয় টি-২০: ৮ অগস্ট (গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা)
    চতুর্থ টি-২০: ১২ অগস্ট (সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক, ফ্লোরিডা)
    পঞ্চম টি-২০: ১৩ অগস্ট (সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক, ফ্লোরিডা)

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Sourav Ganguly: ‘ওয়াই’ থেকে ‘জেড’ ক্যাটেগরি! সৌরভের নিরাপত্তা বাড়াল নবান্ন, কেন?

    Sourav Ganguly: ‘ওয়াই’ থেকে ‘জেড’ ক্যাটেগরি! সৌরভের নিরাপত্তা বাড়াল নবান্ন, কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নিরাপত্তা (Sourav Ganguly Security) আরও বাড়ানো হল। আগে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন তিনি। এখন থেকে ‘জেড’ ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হবে তাঁকে। 

    সবসময় নিরাপত্তা

    ব্যক্তিগত কারণে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে সৌরভের (Sourav Ganguly) ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে। রাজ্য সরকারের থেকেই ‘জেড’ ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হবে সৌরভকে। ডিরেক্টর অব সিকিউরিটি থেকে অর্ডার এসেছে লালবাজারে। তাঁকে ‘জেড’ ক্যাটাগরি সিকিউরিটি দেওয়া হবে। রাউন্ড দ্য ক্লক সিকিউরিটি। ‘জেড’ ক্যাটাগরি নিরাপত্তার কারণে সৌরভের সঙ্গে সব সময় দু’জন বিশেষ নিরাপত্তা আধিকারিক থাকবেন। সৌরভের বাড়ি এবং তিনি যেখানে যাবেন সেখানেই এই দুই নিরাপত্তা আধিকারিক যাবেন। সব সময় একটি বিশেষ গাড়ি থাকবে তাঁর সঙ্গে। ২১ মে থেকে এই বাড়তি নিরাপত্তা পাবেন সৌরভ। তাঁর বাড়ির নিরাপত্তাও ২৪ ঘণ্টার জন্য বাড়ানো হচ্ছে। 

    আরও পড়ুন: এগরায় বিস্ফোরণ হওয়া সেই বাজি কারখানার মালিক তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য

    কী কারণে হঠাৎ তড়িঘড়ি বাড়ানো হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সেই বিষয়ে সঠিকভাবে কোনও কিছু জানা যায়নি। পরিবারের তরফ থেকেও কেও প্রতিক্রিয়া দেয়নি। তবে সূত্রের খবর, ব্যক্তিগত কারণে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই চেয়েছিলেন নিরাপত্তা বৃদ্ধি করতে। দেড় দশক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সৌরভ। তারপর কয়েক বছর আইপিএলে খেললেও ক্রিকেট প্রশাসনের দিকেই তাঁর মন ছিল। প্রথমে সিএবি প্রেসিডেন্ট ও পরে বিসিসিআই প্রেসিডেন্ট হন তিনি। বর্তমানে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে যুক্ত রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই অর্থে এখন তিনি দেশ বা রাজ্য ক্রিকেটের বড় পদে নেই। তারপরেও কেন এই নিরাপত্তা বেষ্টনী আরও বাড়ানো হল সে ব্যাপারে নবান্নের তরফে কিছু স্পষ্ট করা হয়নি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: আইপিএলের ঢাকে কাঠি! মঞ্চ মাতাবেন অরিজিত সিং, মাঠে মুখোমুখি গুজরাট-চেন্নাই

    IPL 2023: আইপিএলের ঢাকে কাঠি! মঞ্চ মাতাবেন অরিজিত সিং, মাঠে মুখোমুখি গুজরাট-চেন্নাই

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনার জেরে জৌলুসে ভাঁটা পড়েছিল। এবার পুরোনো জাঁকজমক নিয়ে ফিরছে আইপিএল। চার বছর পর আইপিএল দেখবে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। আজ, শুক্রবার আইপিএলের ঢাকে কাঠি পড়ছে। উদ্বোধনী ম্যাচেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ধোনির সিএসকে এবং হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স।

    ঝলমলে উদ্বোধন

    বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে রং-বাহারি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়েই শুরু হবে ষোড়শ আইপিএল। বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া, রশ্মিকা মন্দানা পারফর্ম করবেন। সুরের ছন্দে মঞ্চ মাতাবেন অরিজিত সিং। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনিও। লেজার শো, ড্রোন- সবমিলিয়ে আলোর ফোয়ারা ছুটবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

    চেন্নাই-গুজরাট লড়াই জমজমাট

    হার্দিক বরাবরই ধোনিকে তাঁর মেন্টর হিসেবে উল্লেখ করে এসেছেন। অনেকেই ধোনির অধিনায়কত্বের সঙ্গে হার্দিকের অধিনায়কত্বের মিল খুঁজে পাচ্ছেন। গতবার অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেন হার্দিক। এবারও ভালো পারফরম্যান্স দেখানোর লক্ষ্যেই খেলতে নামছে তাঁর দল। গতবার দু’টি সাক্ষাতেই সিএসকে-র বিরুদ্ধে জয় পেয়েছিল গুজরাট। ফলে মানসিকভাবে কিছুটা এগিয়ে থেকেই খেলতে নামছেন হার্দিকরা। তবে আইপিএলের মঞ্চে চেন্নাই বরাবর শক্ত দল। আর ধোনির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন খুব কম ভারতীয়ই তোলেন। আহমেদাবাদেও ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়কের অনুরাগীর সংখ্যা কম নেই। 

    আরও পড়ুন: ভারতীয় বোলারদের দিয়ে অতিরিক্ত বল করানো যাবে না! আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের নির্দেশ বোর্ডের

    কোথায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ:-
    নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (আহমেদাবাদ)।

    কখন শুরু হবে অনুষ্ঠান:-
    সন্ধ্যা ৬টায় শুরু হবে আইপিএল ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠান।

    উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন:-
    আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন রশ্মিকা মন্দানা, তামান্না ভাটিয়া ও অরিজিৎ সিং।

    কখন শুরু হবে আইপিএলের উদ্বোধনী ম্যাচ:-
    ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ। টস অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়।

    কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচ:-
    ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ম্যাচগুলি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হবে।

    অনলাইনে কোথায় দেখবেন খেলা:-
    আইপিএলের ম্যাচগুলি জিও সিনেমা অ্যাপে দেখা যাবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: ভারতীয় বোলারদের দিয়ে অতিরিক্ত বল করানো যাবে না! আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের নির্দেশ বোর্ডের

    IPL 2023: ভারতীয় বোলারদের দিয়ে অতিরিক্ত বল করানো যাবে না! আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের নির্দেশ বোর্ডের

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, বছর শেষে বিশ্বকাপ, তাই আইপিএলে (IPL 2023) ভারতীয় বোর্ডের চুক্তির আওতায় থাকা বোলারদের উপর নিষেধাজ্ঞা জারি করল বিসিসিআই। তাঁদের যাতে বেশি চাপ না দেওয়া হয়, ফ্র্যানচাইজিদের সেই নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও এক দিনের বিশ্বকাপ, এই দুই প্রতিযোগিতায় যাতে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বোলারদের পাওয়া যায়, তার জন্য এই নির্দেশ দিয়েছে বিসিসিআই।

    সুস্থ প্লেয়ার চাই বোর্ডের

    ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে ১৬ তম আইপিএল (IPL 2023)। এবার হোম ও অ্য়াওয়ে ফর্ম্যাটে আইপিএল হওয়ায় উন্মাদনাটা আরও বেশি। সমর্থকদের মধ্যে দেখা গেছে টিকিট নিয়ে টানাটানি। তবে বিশ্বকাপের বছরে বোর্ডের চিন্তা বাড়াচ্ছে প্লেয়ারদের ফিটনেস। এই মর্মে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে কড়া নির্দেশ দিল বোর্ড। বর্তমানে ঠাসা ক্রীড়াসূচি রয়েছে ভারতীয় দলের। ২০২৩ সালের তিন মাসের মধ্যে তিনটে দেশের বিরুদ্ধে সিরিজ খেলা হয়ে গিয়েছে। তিনটে হোম সিরিজ হওয়ায় সুবিধা পেয়েছে ভারত। এবার দু মাস ব্যাপী আইপিএলের আসর। তাই বিসিসিআই-এর পক্ষ থেকে প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে জানানো হয়েছে ভারতীয় বোলারদের দিয়ে অতিরিক্ত বল না করাতে। না হলে বিশ্বকাপের আগে প্লেয়াররা চোট আঘাতে জর্জরিত হতে পারে।

    বোর্ডের বারণ

    আইপিএলের (IPL 2023) সব ফ্র্যাঞ্চাইজির ফিজিওদের সঙ্গে কথা বলেছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিজিও নীতিন প্যাটেল ও ভারতীয় দলের ফিজিও সোহম দেশাই। সেখানে তাঁরা জানিয়েছেন, ১২ জন ভারতীয় বোলারের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তাঁদের সাবধানে ব্যবহার করতে হবে। আইপিএলের সাতটি দলে খেলেন এই ১২ বোলার। তাঁরা হলেন, গুজরাট টাইটান্সের মহম্মদ শামি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মহম্মদ সিরাজ, কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদব ও শার্দুল ঠাকুর, চেন্নাই সুপার কিংসের দীপক চাহার, দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল, রাজস্থান রয়্যালসের রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চহাল এবং সানরাইজার্স হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার, উমরান মালিক ও ওয়াশিংটন সুন্দর। 

    আরও পড়ুন: রানাতেই ভরসা পণ্ডিতের! নীতীশকেই অধিনায়ক বাছল নাইটরা, প্রথম ম্যাচ কবে?

    এক বোর্ড কর্তা বলেন, “ফ্র্যাঞ্চাইজিগুলোকে বলা হয়েছে ভারতীয় বোলারদের আলাদা করে দেখতে। আইপিএল (IPL 2023) দলগুলোকে বলা হয়েছে বোলারদের নেটে বল না করাতে। ওদের শক্তি বাড়ানো এবং বাকি জিনিসের দিকে নজর দেওয়া উচিত। প্লেয়ারদের ফিল্ডিং ড্রিল করানো যাবে, তবে সেটা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। কোনও ফ্র্যাঞ্চাইজি ওদের পুশ করতে পারবে না। মে মাসের প্রথম সপ্তাহের পর ওদের বলের সংখ্যা বাড়ানো যেতে পারে। বিসিসিআই পরের আপডেট নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনা করবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asia Cup 2023: এশিয়া কাপ হবে পাকিস্তানেই! তবে ভারত খেলবে অন্য দেশে

    Asia Cup 2023: এশিয়া কাপ হবে পাকিস্তানেই! তবে ভারত খেলবে অন্য দেশে

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপ (Asia Cup 2023) আয়োজন করছে পাকিস্তানই। কিন্তু ভারত খেলবে অন্য দেশে। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় দল পড়শি দেশে খেলতে যেতে একেবারেই রাজি নয়। সমাধানস্বরূপ ভারত-পাকিস্তানের (India vs Pakistan) ম্যাচ সম্ভবত পাকিস্তানের বাইরে অন্য কোনও দেশে আয়োজিত হতে পারে। ভারত নিজেদের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহি, ওমান বা শ্রীলঙ্কায় খেলতে পারে বলেই শোনা যাচ্ছে। 

    দুই দিক বজায় রেখে সিদ্ধান্ত

    গত বছর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার পর বিসিসিআই সচিব জয় শাহ বলেছিলেন, ‘‘আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ (Asia Cup 2023) নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানে দল যাবে কি না সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।’’ সেই নিয়ে তীব্র আপত্তি জানায় পিসিবি। পাকিস্তান ঘরের মাঠে এশিয়া কাপ খেলার সুযোগ হারাতে রাজি ছিল না। তাই দুই দিক বজায় রেখে এই সিদ্ধান্ত নিতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

    আরও পড়ুন: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে চার কন্যা! ৪ রুপো নিশ্চিত ভারতের

    কোথায় খেলবেন রোহিতরা?

    রোহিতরা কোন দেশে খেলবেন তা এখনও ঠিক হয়নি। সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, শ্রীলঙ্কা যে কোনও জায়গায় হতে পারে ভারতের ম্যাচ। ভারত বনাম পাকিস্তান-সহ পাঁচটি ম্যাচ হতে পারে অন্য দেশে। ভারতীয় দল নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলি তো নিরপেক্ষ মাঠে খেলবেই, পাশাপাশি টিম ইন্ডিয়া যদি এশিয়া কাপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করতে সক্ষম হয়, তাহলে টুর্নামেন্টের ফাইনালও নিরপেক্ষ মাঠেই আয়োজিত হবে। মোট ছ’টি দেশ খেলবে এশিয়া কাপে (Asia Cup 2023)। ভারত এবং পাকিস্তান একই গ্রুপে রয়েছে। সেপ্টেম্বরে হবে এই প্রতিযোগিতা। ৫০ ওভারের ম্যাচ হবে এ বারের এশিয়া কাপে। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও আরও একটি দেশ খেলবে। সেই দেশ যোগ্যতা অর্জন পর্ব খেলে আসবে। অন্য গ্রুপে থাকবে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। মোট ১৩টি ম্যাচ খেলা হবে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup: দুর্গাপুজোর সময় বিশ্বকাপ! ক্রিকেট মহাযুদ্ধের দিন ঘোষণা আইসিসির

    ICC World Cup: দুর্গাপুজোর সময় বিশ্বকাপ! ক্রিকেট মহাযুদ্ধের দিন ঘোষণা আইসিসির

    মাধ্যম নিউজ ডেস্ক: বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোর সময় শুর হতে চলেছে ক্রিকেটের মহাযুদ্ধ। আইসিসি ওয়ান ডে বিশ্বকাপের (ICC World Cup) মেগা আসর শুরু হবে ৫ অক্টোবর। ফাইনাল হবে ১৯ নভেম্বর। মঙ্গলবার এক দিনের বিশ্বকাপের শুরু এবং ফাইনালের সম্ভাব্য দিন ঘোষণা করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। উদ্বোধন হতে পারে মুম্বইয়ে। ফাইনাল হওয়ার কথা আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। 

    ৪৬ দিন ধরে চলবে প্রতিযোগিতা

    এক দিনের বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশিত হয়নি।  ভারতের মোট ১২টি শহরে হবে বিশ্বকাপের খেলাগুলি। ৪৬ দিন ধরে চলবে প্রতিযোগিতা। ১০ দলের প্রতিযোগিতায় নকআউট পর্বের তিনটি ম্যাচ মিলিয়ে মোট ৪৮টি খেলা হবে। বিশ্বকাপের ম্যাচগুলি হবে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধরমশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনউ, ইনদওর, রাজকোট এবং মুম্বইয়ে। কোন শহরে কোন দল খেলবে, সে সব এখনও চূড়ান্ত হয়নি। প্রস্তুতি ম্যাচের জন্য কোন দুটি বা তিনটি জায়গা বেছে নেওয়া হবে,সেটা এখনও নির্ধারিত হয়নি। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সভা হয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে সব রাজ্য দল যাতে সমানভাবে ম্যাচ পায় সেটি দেখতে হবে। রোটেশন প্রথায় খেলাগুলো ফেলা হবে। ইডেনে হবে দুটি কোয়ার্টার ফাইনাল ও একটি সেমি ফাইনাল ম্যাচ। বিশ্বকাপের এখনও সাত মাস বাকি। তার আগে দলের গ্রুপ বিন্যাস হবে।

    কর ছাড়ের আবেদন

    সাধারণত বিশ্বকাপ শুরুর এক বছর আগেই সূচি ঘোষণা করে দেয় আইসিসি। কিন্তু এবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা যে সেই কাজটা করতে পারেনি, সেটার পিছনে মূলত দুটি কারণ আছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, বিশ্বকাপের জন্য কর ছাড় এবং পাকিস্তান দলের ভিসায় অনুমোদনের বিষয় নিয়ে এখনও ভারত সরকারের চূড়ান্ত ছাড়পত্রের অপেক্ষা করছে বিসিসিআই। বিশ্বকাপের আয়োজক আইসিসির হয়ে আনুমানিক ৯৬৩ কোটি টাকা কর হিসেবে কেন্দ্রীয় সরকারকে দিতে হবে ভারতীয় বোর্ডকেই। 

    আরও পড়ুন: আইএসএল জয়ের দিনেই পুরনো নামের মৌতাতে মোহনবাগান!

    আইসিসির নিয়মানুযায়ী, কোনও দেশ বিশ্বকাপ আয়োজন করতে চাইলে সরকারের তরফে কর ছাড়ের অনুমতি আদায় করতে হয়। যদি কর ছাড় না পাওয়া যায়, তা হলে সেই অর্থ আয়োজক দেশের ক্রিকেট বোর্ডকেই দিতে হয়। ভারতের করের নিয়মে এ ধরনের ছাড়ের কোনও উল্লেখ নেই। কেন্দ্রীয় সরকার প্রথমে জানিয়েছিল, বিশ্বকাপ থেকে আয়ের উপর ১০.৯২ শতাংশ কর দিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। সেই কর মকুবের জন্য আবেদন করেছিলেন বিসিসিআই কর্তারা। এখনও তা নিয়ে কিছু চূড়ান্ত হয়নি। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shoaib Akhtar: ভারত ছাড়া এশিয়া কাপ হয় না! শোয়েব আখতারের কথায় সমালোচনার ঝড় পাকিস্তানে

    Shoaib Akhtar: ভারত ছাড়া এশিয়া কাপ হয় না! শোয়েব আখতারের কথায় সমালোচনার ঝড় পাকিস্তানে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত না খেললে এশিয়া কাপ জৌলুস হারাবে,অভিমত পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার শোয়েব আখতারের (Shoaib Akhtar)। ভারতীয় ক্রিকেট বোর্ড সরাসরি জানিয়ে দিয়েছে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে দল পাঠানো হবে না। নাছোড়বান্দা পাকিস্তান ক্রিকেট বোর্ড-ও। প্রাথমিকভাবে ঠিক হয়ে গিয়েছিল চলতি বছর ৫০ ওভারের এশিয়া কাপ হবে পাকিস্তানে। কিন্তু ভারত পাক-ভূমে দল পাঠাতে নারাজ। এই প্রেক্ষিতে শোয়েবের (Shoaib Akhtar) এই মন্তব্য আগুনে ঘি ঢালল। এ হেন মন্তব্যের জেরে  শোয়েবের কপালে  জুটতে পারে দেশদ্রোহী তকমাও।

    শোয়েবের ভারত-প্রীতি

    ভারতঘেঁষা হিসেবে খ্যাতি রয়েছে শোয়েবের (Shoaib Akhtar)। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারতীয়দের থেকে প্রচুর ভালবাসা পেয়েছি। এশিয়া কাপে ভারত না খেললে ওদের অভাব অনুভব করব। এশিয়া কাপ পাকিস্তানে হোক কিংবা শ্রীলঙ্কায়, ভারতের খেলা দেখতে চাই।” প্রাক্তন জোরে বোলারের মতে, বিরাট কোহলি, রোহিত শর্মারা না খেললে প্রতিযোগিতা আকর্ষণ হারাবে। বিরাট কোহলির ব্যাটিং দেখার জন্যও মুখিয়ে রয়েছেন প্রাক্তন জোরে বোলার। তিনি বলেছেন, ‘‘কোহলিকে আবার আগের মতো ব্যাট করতে দেখলে আমি এক দমই অবাক হব না। ও যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার।’’

    দুই বোর্ডের লড়াই

    সম্প্রতি, দুই ক্রিকেট বোর্ডের লড়াইয়ের ফলে এশিয়া কাপ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। প্রতিযোগিতা কোথায়, কীভাবে হবে— তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ভারতীয় বোর্ডের অবস্থানের সমালোচনা করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের একাংশ। কিন্তু তাঁদের সঙ্গে সহমত নন শোয়েব (Shoaib Akhtar)।

    আরও পড়ুন: ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ বাংলাদেশের! আইপিএলের আগে ছন্দে লিটন

    দু’দিন আগেই ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠি। তাঁর বক্তব্য ছিল, ভারত ছাড়া কোনও দেশ-ই পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে না। যত উদ্বেগ ভারতের। মার্চ মাসেই সমস্যা সমাধানে বৈঠকে বসার কথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির। এর মধ্যে শোয়েবের (Shoaib Akhtar) মন্তব্যের জেরে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে গোটা পাকিস্তানে। শোয়েবের কথায়, খেলা কোথায় হবে তা নিয়ে ভাবতে চান না তিনি শুধু এশিয়া কাপে ভারতীয় দলকে খেলতে দেখতে চান।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chetan Sharma: বেফাঁস মন্তব্যের জের! মুখ্য নির্বাচক পদ থেকে সরে গেলেন চেতন শর্মা

    Chetan Sharma: বেফাঁস মন্তব্যের জের! মুখ্য নির্বাচক পদ থেকে সরে গেলেন চেতন শর্মা

    মাধ্যম নিউজ ডেস্ক: পদত্যাগ করলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মুখ্য নির্বাচক চেতন শর্মা। রঞ্জি ফাইনালের প্রথম দিন ইডেনে উপস্থিত ছিলেন চেতন। কলকাতায় বসেই বিসিসিআই সচিব জয় শাহকে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন তিনি। সেটা গৃহীত হয়েছে। রঞ্জি ট্রফি ফাইনালের প্রথম দিনের খেলা পুরোটাই দেখেন সদ্য প্রাক্তন হওয়া বোর্ডের মুখ্য নির্বাচক। তারপরই পদত্যাগ করেন। শুক্রবার রঞ্জি ফাইনালের দ্বিতীয় দিন আর চেতনকে ইডেনে দেখা যায়নি। 

    বেফাঁস মন্তব্য

    সম্প্রতি স্টিং অপারেশেনে চেতন শর্মার বেফাঁস মন্তব্য নিয়ে বিতর্কে জড়িয়েছিল বিসিসিআই। এরপর তাঁর চাকরি যাওয়া ছিল সময়ের অপেক্ষা এমনই ধারণা ক্রিকেট মহলের। যদিও বিসিসিআইয়ের কোনও সিদ্ধান্ত নেওয়ার আগেই জাতীয় নির্বাচকের পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন চেতন শর্মা। স্টিং অপারেশনে ভারতীয় ক্রিকেটের বিতর্কিত অধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলির দ্বন্দ্ব নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন চেতন। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলির মধ্যে ইগোর লড়াইয়ের কারণেই অধিনায়কত্ব হারিয়েছিলেন বিরাট বলে মন্তব্য করেছিলেন চেতন। এছাড়া জসপ্রীত বুমরাহকে ব্যাথা কমানোর ইঞ্জেকশন দিয়ে জোর করে খেলানো হয়েছিল বলে দাবি করেন চেতন শর্মা।

    শিবসুন্দরের হাতে দায়িত্ব!

    চেতন শর্মা ইস্তফা দেওয়ায় বোর্ডের নির্বাচন কমিটির সদস্য সংখ্যা নেমে এল চারে। সুব্রত বন্দ্যোপাধ্যায়, সলিল আঙ্কোলা, এস শরথ এবং এসএস দাসকে গত জানুয়ারি মাসে বিসিসিআইয়ের নির্বাচন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর পুরো সিলেকশন কমিটিকেই বদলে ফেলার পরিকল্পনা ছিল বোর্ডের। তবে মুখ্য নির্বাচক পদে তেমন কাউকে না পাওয়ায় চেতন শর্মাকেই ফিরিয়ে নিয়ে আসা হয়। দ্বিতীয়বার তাঁর মেয়াদ রইল মাসখানেকের মতো।

    আরও পড়ুন: সৌরভের সঙ্গে ইগোর লড়াই, নেতৃত্ব ছাড়েন বিরাট! গোপন ক্যামেরায় আর কী কী বললেন চেতন শর্মা?

    বোর্ড সূত্রে খবর, চেতনের জায়গায় নির্বাচক প্রধানের দায়িত্ব সামলাতে চলেছেন শিবসুন্দর দাস। আগামী দিনে তাঁর হাতেই মুখ্য নির্বাচকের ব্যাটন তুলে দিতে পারে বিসিসিআই। ভারতের হয়ে ২৩টি টেস্ট খেলা শিবসুন্দর কিছু দিন আগেই নির্বাচক কমিটিতে সুযোগ পান। সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীন আন্তর্জাতিক ম্যাচে খেলেন শিব। ওড়িশার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলতেন তিনি। ভারতের হয়ে চারটি এক দিনের ম্যাচও খেলেছিলেন শিবসুন্দর। টেস্টে দু’টি শতরান-সহ ১৩২৬ রান করেছিলেন তিনি। নির্বাচক কমিটিতে থাকা বাকি সদস্যদের থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা কিছুটা বেশি শিবসুন্দরের। সেই কারণেই তাঁর উপর দায়িত্ব দেওয়া হতে পারে, বলে অনুমান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share