Tag: Bengali news

Bengali news

  • Cyclonic Storm Hamoon: প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘হামুন’! সম্ভাব্য ল্যান্ডফল বাংলাদেশে, এপার বাংলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

    Cyclonic Storm Hamoon: প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘হামুন’! সম্ভাব্য ল্যান্ডফল বাংলাদেশে, এপার বাংলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: বঙ্গে ফের আরেকটা ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ নবমীর নিশিতেই ঘূর্ণিঝড় ‘হামুন’-এ (Cyclonic Storm Hamoon) পরিণত হয়েছে। এখনও পর্যন্ত যা খবর, তাতে ঘূর্ণিঝড় ওপার বাংলায় আছড়ে পড়বে। তবে, তার প্রভাবে ভিজবে এপার বাংলাও।

    দিঘা থেকে ২৭০ কিলোমিটার দূরে হামুন

    দশমীর সকাল, অর্থাৎ আজ, মঙ্গলবার মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘হামুন’। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, ইরানের নাম দেওয়া ঘূর্ণিঝড়টি দিঘা থেকে মাত্র ২৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে। প্রতি ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিবেগে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে থেকে উত্তর-উত্তরপূর্বের দিকে সরছে ‘হামুন’। ঘূর্ণিঝড়ের (Cyclonic Storm Hamoon) অভিমুখ বাংলাদেশ। একাদশীর দুপুরে চট্টগ্রাম লাগোয়া উপকূলে ল্যান্ডফল হতে পারে বলে অনুমান। আবহবিদেরা জানিয়েছেন, ২৫ অক্টোবর নাগাদ বাংলাদেশের খেপুপাড়া এবং চট্টগ্রামের মধ্য দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভূমিতে প্রবেশ করতে পারে।

    তিন জেলায় ঝড়ষ্টির পূর্বাভাস

    মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি এপার বাংলায় না পড়লেও, পরোক্ষ প্রভাবে বৃষ্টি বাড়তে পারে দশমী থেকেই। জানা যাচ্ছে, আজ, দশমী থেকে দক্ষিণবঙ্গের ৩ জেলা—উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলিতেও। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড়ের (Cyclonic Storm Hamoon) প্রভাবে পশ্চিমবঙ্গ উপকূলের উপর দিয়ে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। যে কারণে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

    অন্যদিকে, আরবসাগরেও তৈরি হয়েছে আরেকটি ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় ‘তেজ’। নাম দিয়েছে ভারত। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগুলোও পরে রবিবার আরও শক্তিশালী হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে দিক পরিবর্তন করবে। উত্তর ও উত্তর-পশ্চিম দিকে বাঁক নিয়ে এটি চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ওমান ও ইয়েমেনে সম্ভাব্য ল্যান্ডফল হতে পারে ‘তেজ’-এর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Durga Puja 2023: ‘উমা ফিরে আসছে…’, দশমীতে শিবের কাছে বার্তা পৌঁছে দেয় নীলকণ্ঠ পাখি

    Durga Puja 2023: ‘উমা ফিরে আসছে…’, দশমীতে শিবের কাছে বার্তা পৌঁছে দেয় নীলকণ্ঠ পাখি

    মাধ্যম নিউজ ডেস্ক: যখন মোবাইল ফোন ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ডাকঘরের পিওন ছিল না, তখন বার্তা পাঠানোর উপায় কী ছিল জানেন? রূপকথার গল্পে রাজকুমারী তার প্রেমিককে চিঠি লিখলে পৌঁছে দিত কে? বার্তাবাহক পাখির ভূমিকায় সবথেকে জনপ্রিয় পাখির নাম পায়রা। প্রাচীন যুগের পটভূমিকায় রচিত চলচ্চিত্রগুলিতে আমরা দেখেছি পায়রার গলায় বার্তা বেঁধে তাকে উড়িয়ে দেওয়া হত এবং নির্দিষ্ট স্থানে পৌঁছে সেই বার্তা পায়রা পৌঁছে দিত। কোথাও হ্যাক হত না সেই বার্তা। এরকমই একটি পাখির কাহিনি প্রচলিত আছে, জানেন কি? যে পাখিকে পৌরাণিক মতে স্বয়ং মহাদেবের সঙ্গী মনে করা হয়। মহাদেবের বার্তাবাহক রূপে কাজ করে এই পাখি। এই পাখিই (Durga Puja 2023) কৈলাসে গিয়ে শিবকে খবর দেয় বাপের বাড়ি থেকে উমা আসছে। বিজ্ঞানের ভাষায় এর নাম ইন্ডিয়ান রোলার।

    বিজয়া দশমীর দিন নীলকন্ঠ পাখির দেখা পাওয়াকে শুভ মনে করা হয়

    বিজয়া দশমীর দিন (Durga Puja 2023) নীলকন্ঠ পাখির দেখা পাওয়াকে শুভ এবং সৌভাগ্যদায়ী  বলে মনে করা হয়। কথিত আছে এই পাখিটি দেখা গেলে সম্পদ বৃদ্ধি পায়, জীবনের সমস্ত অশুভ প্রভাব বিনষ্ট হয়। ফলস্বরূপ, বাড়িতে নিত্য শুভ অনুষ্ঠান সম্পন্ন হতে থাকে। নীলকন্ঠ পাখি দেখার বিষয়ে বিভিন্ন ধারণা রয়েছে। নীলকন্ঠ পাখি উড়ে যাও, সেই কৈলাসে যাও, খবর দাও, উমা আসছে তখন নীলকন্ঠ পাখি আগমনের বার্তা নিয়ে মহাদেবের কাছে এসেছিল। আরেকটি জনপ্রিয় বিশ্বাস হল, মনে করা হয়, রাবণবধের ঠিক আগে এই পাখিটির (Durga Puja 2023) দেখা পান রামচন্দ্র। আবার অন্য একটি পৌরাণিক মতে, রাবণবধের আগেও, সেতুবন্ধনের সময় হাজির হয়েছিল নীলকণ্ঠ পাখি। পথ দেখিয়ে রাম-সেনাকে লঙ্কায় নিয়ে গিয়েছিল সে। এরকম পৌরাণিক কাহিনি থেকেই এই পাখির মাহাত্ম্য ছড়িয়ে পড়ে সমস্ত জায়গায়। তখন থেকেই মনে করা হয়, এই পাখির দর্শন অত্যন্ত শুভ।

    নীলকণ্ঠ পাখি কেন কৃষকদের বন্ধু?

    আরও একটি মত রয়েছে এবিষয়ে। লঙ্কা বিজয়ে রাম ব্রাহ্মণ হত্যার পাপ করেছিলেন। কারণ দশানন রাবণ ছিলেন ব্রাহ্মণ। তখন লক্ষ্মণ সহ রামচন্দ্র শিবের পুজো করেছিলেন এবং ব্রাহ্মণকে বধ করার পাপ থেকে মুক্তি পেয়েছিলেন। সেই সময় শিব নীলকন্ঠ পাখির রূপে পৃথিবীতে এসেছিলেন বলে অনেকের বিশ্বাস রয়েছে। নীলকণ্ঠ অর্থ, যার গলা নীল। দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থন করার সময় বিষ পান করেছিলেন। কণ্ঠে সেই বিষকে ধারণ করার ফলে মহাদেবের কণ্ঠ নীল হয়ে যায়। তাই শিবের আর একটি নাম হল নীলকণ্ঠ। নীলকণ্ঠ পাখিকে (Durga Puja 2023) মর্ত্যলোকে শিবের প্রতিনিধি মানা হয় এবং দেবাদিদেব মহাদেবের রূপ হিসাবে বিবেচনা করা হয়। জনশ্রুতি অনুসারে, শিব পৃথিবীতে নীলকণ্ঠ পাখি রূপেই ঘোরাফেরা করেন। এই পাখিটিকে কৃষকদের মিত্রও বলা হয়। কারণ নীলকণ্ঠ পাখি জমিতে ফসলের সাথে জড়িত পোকামাকড় খেয়ে কৃষকদের উপকার করে থাকে। এ প্রসঙ্গে বলা দরকার, একসময় দুর্গাপুজোর পর এই পাখিকে উড়িয়ে দেওয়া বনেদি ও জমিদার পরিবারগুলির ঐতিহ্য ছিল। যেমন কলকাতার শোভাবাজার রাজবাড়িতে আগে নীলকণ্ঠ পাখি ওড়ানো হত বিজয়া দশমীর দিনে। এখন বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ফলে এটা সম্ভব হয় না। তবে কাঠের বা মাটির নীলকন্ঠ পাখি তৈরি করে সেটি প্রতিমা নিরঞ্জনের আগে জলে দেওয়া হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Carbon Credit: কার্বন ক্রেডিট পদ্ধতিতে অতিরিক্ত আয়ের মুখ দেখছেন যোগী রাজ্যের কৃষকরা

    Carbon Credit: কার্বন ক্রেডিট পদ্ধতিতে অতিরিক্ত আয়ের মুখ দেখছেন যোগী রাজ্যের কৃষকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বায়নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উষ্ণায়নও। যা নিয়ে চিন্তিত আন্তর্জাতিক মহলগুলিও। বিশ্ব-উষ্ণায়নের ফলে ইতিমধ্যে গলতে শুরু করেছে মেরু প্রদেশের বরফও। আন্তর্জাতিক স্তরেও নানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবিষয়ে। চলতি বছরে ভারতে অনুষ্ঠিত জি২০ সম্মেলনেও একপ্রস্থ আলোচনা হয় বিশ্বের জলবায়ু পরিবর্তন নিয়ে। এনিয়ে শুরু হয়েছে নানা প্রয়াস। বিজ্ঞানীরা বলছেন, বিশ্ব উষ্ণায়ন বাড়ার প্রধান কারণ হল ক্লোরোফ্লুরো কার্বন এবং কার্বন ডাই-অক্সাইড। বর্ধিত কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কমাতে ভরসা তাই গাছ  লাগানো।

    কার্বন ক্রেডিট পদ্ধতি আসলে কী?

    বিশ্বের বিভিন্ন দেশগুলিতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কার্বন ক্রেডিট পদ্ধতির (Carbon Credit)। কার্বন ক্রেডিট পদ্ধতি হল এক টন কার্বন ডাই অক্সাইডের অথবা যে কোনও গ্রিনহাউস গ্যাসের সমান ভর। বিষয়টি সরলভাবে বোঝাতে গেলে গেলে বলতে হবে, যে পরিমাণ গাছ এক টন ভরের কার্বন ডাই-অক্সাইডকে পরিবেশ থেকে হ্রাস করতে পারে সেই পরিমাণের চারা রোপণকে কার্বন ক্রেডিট (Carbon Credit) বলে। ভারতবর্ষের মধ্যে উত্তরপ্রদেশের যোগী সরকার এনিয়ে নীতিও গ্রহণ করেছে। যোগী রাজ্যে কার্বন ক্রেডিট নিয়ে বেশ উৎসাহী কৃষকরাও। কার্বন ক্রেডিট পদ্ধতির মাধ্যমে অতিরিক্ত আয়ের মুখও দেখছেন যোগী রাজ্যের কৃষকরা। সেরাজ্যের কৃষকরা,নিজেদের চাষযোগ্য জমির সীমানায় গাছ লাগাচ্ছেন। 

    কী বলছেন উত্তরপ্রদেশ সরকারের বনমন্ত্রী?

    উত্তরপ্রদেশ সরকারের বনমন্ত্রী অরুণ কুমার সাক্সেনার মতে, ‘‘পরিবেশ রক্ষায় এবং গ্রিন হাউস গ্যাস পরিবেশ থেকে কমানোটা কখনোই আমাদের পক্ষে সম্ভব হতো না যদি না কৃষকরা এগিয়ে আসতেন।’’ বর্তমানে যোগী সরকার লক্ষ্যমাত্রা নিয়েছে যে সে রাজ্যের বনাঞ্চল ৯.২৩ শতাংশ তেকে ২০২৭ সালের মধ্যে ১৫ শতাংশে নিয়ে যাবে। যোগী সরকারের নীতি অনুযায়ী, প্রতিটি কৃষককে আর্থিকভাবে সাহায্য করা হবে কার্বন ক্রেডিট প্রকল্পে (Carbon Credit)। এই প্রকল্পে রোপণ করা চারাগাছগুলিকে পরিচর্যা রক্ষণাবেক্ষণ সমেত দেখভাল করবেন কৃষকরা। বর্তমানে বাজারদর বলছে ৬টি কার্বন ক্রেডিটের মূল্য হল এক ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৮৩ টাকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Pokhara: চিনের টাকায় তৈরি নেপালের পোখরা বিমানবন্দর, শ্রীলঙ্কার মতোই কি ঋণের জালে কাঠমাণ্ডু?

    Pokhara: চিনের টাকায় তৈরি নেপালের পোখরা বিমানবন্দর, শ্রীলঙ্কার মতোই কি ঋণের জালে কাঠমাণ্ডু?

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনকয়েক আগে পাসপোর্ট জালিয়াতি সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্যকর তথ্য উঠে এল সিবিআইয়ের হাতে। ভুয়ো নথির সাহায্যে পাসপোর্ট বানিয়ে চিনা গুপ্তচররা নেপাল হয়ে ভারতে প্রবেশ করছে। নেপাল হয়ে তারা সোজা চলে যাচ্ছে দক্ষিণ ভারতে। দেশে দেশে গুপ্তচরবৃত্তি এবং নজরদারি চালানোর অভ্যাস শি জিনপিং-এর দেশের নতুন কিছু নয়। ভারত মহাসাগর এলাকায় নিজের আধিপত্য বজায় রাখতে ২০১৭ সালেই শ্রীলঙ্কার হামবানটোটা বন্দর ৯৯ বছরের জন্য লিজ নেয় চিন। বলা ভাল লিজ দিতে বাধ্য হয় ভারতের দক্ষিণের দ্বীপরাষ্ট্র। হামবানটোটা বন্দরকে লিজ নেওয়ার ফলে স্বাধীন শ্রীলঙ্কার সার্বভৌমত্ব প্রশ্নের মুখে দাঁড়িয়ে পড়ে। পরবর্তীকালে শ্রীলঙ্কাতে আর্থিক সংকটও মারাত্মক আকার ধারন করে। বিশেষজ্ঞদের মতে, শ্রীলঙ্কার মতো একই পরিণতি হতে পারে ভারতের হিমালয়ের কোলে পার্বত্য রাষ্ট্র নেপালেরও।

    নেপালের হামবানটোটা হতে চলেছে পোখরা বিমানবন্দর

    নেপালের পোখরা (Pokhara) বন্দর চিনের তৈরি। সম্প্রতি নেপালের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অরুণ কুমার সুবেদী সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘‘নেপালের হামবানটোটা হতে চলেছে পোখরা বিমানবন্দর।’’ নেপালের পোখরা (Pokhara) বিমানবন্দরের নির্মাণ নিয়ে বিতর্কও কম নেই। অতি নিম্নমানের কাজ করার অভিযোগ উঠেছে চিনের বিরুদ্ধেই। চলতি বছরের গোড়ার দিকেই এই বিমানবন্দর চালু হলেও আন্তর্জাতিক বিমান ওঠানামা করতে দেখা যায়নি এখানে। তার চেয়ে বরং চিন চ্যাটার্ড বিমানই ওঠা নামা করতে দেখা যাচ্ছে। এতেও প্রশ্ন উঠছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্যবহার করার জন্যই কি এই বিমানবন্দর তৈরি করেছে চিন?

    চিনের আগ্রাসন

    গত বছর নেপালের বালুওয়াটারে তৎকালীন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে পোখরা (Pokhara) বিমানবন্দরটি হস্তান্তর করেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ওয়াই। উদ্বোধনের আগে এই বিমানবন্দর ঘিরে বিতর্কও তৈরি হয়। কাঠমান্ডুতে চিনা দূতাবাসের পক্ষ থেকে একতরফা ভাবে ঘোষণা করা হয় যে পোখরা বিমানবন্দরটি চিন-নেপাল বিআরআই-এর প্রধান প্রকল্প। বিবৃতিতে বলা হয় “চিন-নেপাল বিআরআই কোঅপারেশনের একটি ফ্ল্যাগশিপ প্রজেক্ট এটি। নেপালি সরকার ও নেপালি নাগরিকদের উষ্ণ অভ্যর্থনা।” তবে নেপালের স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, চিনা দূতাবাসের এহেন মন্তব্য ঘিরে উদ্বেগ প্রকাশ করেছিলেন সেদেশের প্রধানমন্ত্রী। 

    নেপালের সংবাদপত্রগুলিও চিনের বিরুদ্ধে লিখতে শুরু করে

    নেপালের সংবাদপত্রগুলিও চিনের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে যায়। জনপ্রিয় নেপালি সংবাদপত্র ‘কাঠমান্ডু পোস্ট’ সংবাদপত্রের প্রতিবেদনে লেখা হয়, বিমানবন্দরটির নির্মাণের জন্য ২০১৬ সালের মার্চ মাসে চিনের সঙ্গে সহজ শর্তে ঋণে ২১৫.৯৬ মিলিয়ন মার্কিন ডলারের মউ স্বাক্ষর করেছিল নেপাল। নেপাল সরকারের এহেন সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও তোলে কাঠমান্ডু পোস্ট (Pokhara)।  তথ্য বলছে, ২০১৬ সালের এপ্রিল মাসে পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ শুরু হয়। পাঁচ বছরে এই নির্মাণ কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এই বিমানবন্দর তৈরিতে মোট খরচ হয়েছিল ৩০৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় এখন যা ২৪৭৯ কোটি টাকা। এর মধ্যে ২১৫ মিলিয়ন ডলার লোন নেওয়া হয়েছে চিনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক থেকে। এখন ভারতীয় মুদ্রায় যার মূল্য ১৭৭৫ কোটি টাকা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ranaghat: পুজোর মধ্যে বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল

    Ranaghat: পুজোর মধ্যে বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর মধ্যে বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমা ছোঁড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রানাঘাট (Ranaghat) আনুলিয়া এলাকায়। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খবর পেয়ে এলাকায় পৌঁছয় রানাঘাট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বোমাবাজির ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Ranaghat)

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানাঘাট-১ (Ranaghat) ব্লকের আনুলিয়া পঞ্চায়েতের কায়েত পাড়ার বাসিন্দা অপর্ণা পাল আনুলিয়া পঞ্চায়েতের কায়েত পাড়ার বাসিন্দা। তিনি জগপুর রোডের পাশে স্বামীর সঙ্গে থাকেন। ছেলে সন্তু পাল ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। এ বছর পঞ্চায়েত নির্বাচনে আনুলিয়া পঞ্চায়েতের ৭৬ নম্বর বুথ থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন অপর্ণা। পঞ্চায়েতের মোট ২৭টি আসনের মধ্যে তৃণমূল ২৩ ও বিজেপি চারটি আসনে জয়ী হয়েছে। আচমকা দু’টি বোমা ফাটার শব্দ শুনতে পান এলাকার লোকজন। সকাল হতে বাড়ির বাইরে বেরিয়ে পাল দম্পতি দেখতে পান, বাড়ি বারান্দার একাংশ কালো হয়ে রয়েছে। পেশায় কাঠের ব্যবসায়ী সুষেন পাল বাড়ির সামনে থাকা দোকানের শাটার খুলতে গিয়ে দেখেন, শাটারের একাংশ ভাঙা।

    কী বললেন বিজেপির পঞ্চায়েত সদস্য?

    অপর্ণা বলেন, পুজোর সময় রাজনীতি ঠিক নয়। তৃণমূল পুজোর সময় নোংরা রাজনীতি করছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাড়ির লক্ষ্য করে বোমাবাজি করেছে তৃণমূল। ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কে রয়েছি।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    রানাঘাট-১ (Ranaghat) পঞ্চায়েত সমিতির সভাপতি তথা স্থানীয় তৃণমূল নেতা প্রদীপ ঘোষ বলেন, আমাদের দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Birbhum: ‘বাংলায় সুরাজ্য স্থাপনের জন্য ডবল ইঞ্জিন সরকারের প্রয়োজন’, বললেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ

    Birbhum: ‘বাংলায় সুরাজ্য স্থাপনের জন্য ডবল ইঞ্জিন সরকারের প্রয়োজন’, বললেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলায় সুরাজ্য স্থাপনের জন্য ডবল ইঞ্জিন সরকারের প্রয়োজন। শুক্রবার বীরভূমের (Birbhum) তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে একথা বললেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তিনি বলেন, বাংলায় সুরাজ্য প্রতিষ্ঠার প্রয়োজন। তারজন্য এখানে ডবল ইঞ্জিন সরকার চাই। আমি মায়ের কাছে প্রার্থনা করলাম, বাংলায় সুরাজ্য এনে দাও। বাংলায় বদল আনতে হবে। মোদীর সমস্ত প্রকল্পের সুবিধা এখানকার মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যতদিন বাংলায় বদল না আসবে ততদিন সুদিন ফিরবে না। মানুষের কল্যাণে এখানকার সরকার বদলের প্রয়োজন। বাংলার মানুষের উচিত এই সরকার বদল করে কেন্দ্রীয় সরকারের সমস্ত সুবিধা ভোগ করা।

    তৃণমূল সরকার নিয়ে কী বললেন প্রমোদ?

    গোয়া নির্বাচনে তৃণমূল অংশগ্রহণ করে শূন্য হাতে ফিরতে হয়েছিল। সেই প্রসঙ্গে এদিন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ তৃণমূলের নাম না করে বলেন, গোয়ার প্রচুর পর্যটক যান। সেরকমই কিছু রাজনৈতিক পর্যটক ২০২২ সালে গোয়া গিয়েছিলেন। সেখানে নতুন সকালের ডাক দিয়েছিলেন। কিন্তু, গোয়াতে নয়, এবার এই বাংলায় নতুন সূর্য উঠবে।

    কেষ্ট গড়ে (Birbhum) পুজো উদ্ধোধনে গোয়ার মুখ্যমন্ত্রী

    কেষ্ট গড় বলে পরিচিত বীরভূম (Birbhum)। কিন্তু গত বছর থেকে তাঁর ঠিকানা তিহাড়েই। এবারও যা ভাবগতি, সেখান থেকে তার ফেরার সম্ভাবনা ক্ষীণ। এবার কেষ্ট গড়েই পুজোর উদ্বোধনে এসেছেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। জেলার একাধিক পুজোর উদ্বোধন করেন তিনি। শুক্রবার অন্ডাল বিমানবন্দরে নেমে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সোজা চলে যান বক্রেশ্বর মন্দির। সেখান থেকে বেরিয়ে তারাপীঠ মন্দিরে পুজো দেন। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, জেলা সভাপতি ধ্রুব সাহা সহ একাধিক জেলা নেতৃত্ব। এরপর বিকেল চারটে নাগাদ বিজেপি বীরভূম জেলা কার্যালয়ে চায়ের আসরে যোগ দেন তিনি। পরে, বীরভূম শ্যামাপ্রসাদ স্মারক সমিতির দুর্গাপুজো উদ্বোধন করেন তিনি। সিউড়ি, দুবরাজপুরের একাধিক পুজো উদ্বোধন করে রানিগঞ্জের উদ্দেশে তিনি বেরিয়ে যান। সেখানেও একাধিক পুজো উদ্বোধনের কথা রয়েছে তাঁর।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Khardah: দুর্গাপুজোর তিনদিন খড়দার শ্যামসুন্দর দিনের বেলায় ৯ ঘণ্টা শয়নে থাকেন, কেন জানেন?

    Khardah: দুর্গাপুজোর তিনদিন খড়দার শ্যামসুন্দর দিনের বেলায় ৯ ঘণ্টা শয়নে থাকেন, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর তিন দিন প্রায় ৯ ঘণ্টা শয়নে থাকেন খড়দার (Khardah) শ্যামসুন্দর। এই সময় তিনি ভোগও খান পরিমিত। প্রায় সারাদিন ধরে মন্দিরের দরজাও বন্ধ থাকে। ভক্তরা পুজো দিতে এলেও শ্যামসুন্দরের দেখা পান না। প্রায় ৫০০ বছর ধরে খড়দার শ্যামের মন্দিরে এই নিয়ম চলে আসছে।

    দুর্গাপুজোর তিনদিন ৬ পদের ভোগ খান শ্যামসুন্দর (Khardah)

    এমনিতেই খড়দার (Khardah) শ্যামসুন্দর মন্দিরে পুজো দেওয়ার জন্য হাজার হাজার ভক্তের সমাগময় সমাগম হয়। মন্দির সূত্রে জানা গিয়েছে, সাধারণত দুপুর একটা নাগাদ শ্যামসুন্দর  অন্ন ভোগ গ্রহণ করেন। অন্ন ভোগে তেরো রকমের পদ থাকে। তারপরই তিনি শয়নে যান। বিকেল পাঁচটার পর মূল মন্দিরে তিনি বিরাজ করেন। কিন্তু, পুজোর সময় সেই নিয়মে ছেদ করে। ষষ্ঠীর দিন পর্যন্ত সারা বছরের বাধা ধরা নিয়ম মেনেই ভোগ নিবেদন করা হয় শ্যামসুন্দরকে। সপ্তমী, অষ্টমী এবং নবমী পর্যন্ত নিয়মের পরিবর্তন হয়। জানা গিয়েছে, দুর্গাপুজোর এই তিন দিন শ্যামসুন্দর সকাল আটটার মধ্যে অন্ন ভোগ খান। পদ হিসেবে থাকে, অন্ন, ডাল, পোস্ত, চচ্চড়ি সহ ৬টি পদ। সকাল আটটার মধ্যে অন্ন ভোগ গ্রহণ করেই তিনি শয়নে চলে যান। মন্দিরের গর্ভগৃহের ভিতরেই রয়েছে শয়ন কক্ষ। সেই শয়ন কক্ষে সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তিনি ঘুমিয়ে থাকেন। বিকেল পাঁচটার পর ঘুম থেকে উঠে তাঁকে ফল ও মিষ্টি ভোগ নিবেদন করা হয়। সন্ধ্যা ৭ টা থেকে আধঘন্টা আরতী করা হয়। রাত সাড়ে নটা পর তিনি শয়নে চলে যান। পরের দিন ভোর সাড়ে চারটে থেকে শ্যামসুন্দরের নিত্যপুজো শুরু হয়।

    পুজো প্রসঙ্গে কী বললেন মন্দিরের এক সেবাইত?

    নিত্যানন্দ মহাপ্রভুর উত্তরসূরী অশেষ গোস্বামী বলেন, সপ্তমী, অষ্টমী এবং নবমীর দিন খড়দা (Khardah) সহ জেলার বিভিন্ন বনেদি বাড়ির পুজোয় বিভিন্ন জায়গায় পাঁঠা বলি হয়। শ্যামসুন্দর সেটা দেখতে পারেন না। তাই সকালেই তিনি শয়নে চলে যান। যুগ যুগ ধরে এই নিয়মেই চলে আসছে। পুরানো রীতি-নীতি ঐতিহ্য মেনেই আমরা সেই নিয়মই পালন করে চলেছি। পুজোর সময় সকালের পর বেলায় মন্দিরে ভক্তরা আসলে শ্যামসুন্দরের দেখা পাবেন না। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পুজো হয় না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murshidabad: “বাংলাদেশের সঙ্গে তৃণমূল কোম্পানির কোনও তফাত নেই”, কেন বললেন শুভেন্দু?

    Murshidabad: “বাংলাদেশের সঙ্গে তৃণমূল কোম্পানির কোনও তফাত নেই”, কেন বললেন শুভেন্দু?

    মাধ্যম নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের (Murshidabad) লালবাগ বুধাসপাড়া ফ্রেন্ড একাদশ ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করলেন, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেবী দুর্গার পায়ে পুস্পার্ঘ্য নিবেদন করেন এবং প্রদীপ প্রজ্বলন করে রাজ্যবাসীর মঙ্গল কামানা করেন তিনি। সেই সঙ্গে তিনি পুজো মণ্ডপ থেকে, সন্দেশখালির এক দুর্গা পুজোর প্যান্ডেলের গেরুয়া কাপড় খোলা প্রসঙ্গে, তৃণমূলকে আক্রমণ করে বলেন, “বাংলাদেশের সঙ্গে তৃণমূল কোম্পানির কোনও তফাত নেই।”

    কী বললেন শুভেন্দু (Murshidabad)?

    রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু তৃণমূলকে আক্রমণ করে মুর্শিদাবাদে (Murshidabad) বলেন, “বাংলাদেশে দুর্গা পুজোর মধ্যে যেমন আক্রমণ হয়, ঠিক তেমনি তৃণমূল কোম্পানি এখানে আক্রমণ করেছে। ফলে পশ্চিমবঙ্গে পুজোর উপর আক্রমণ নতুন কিছু নয়। সন্দেশখালিতে গিয়ে দেখে আসুন, সেখানে রাজবাড়ি বলে একটি পুজো কমিটির পুজো হয়। সেই পুজোর প্যান্ডেল গেরুয়া কাপড় দিয়ে করা হয়েছিল বলে, সেই কাপড় খুলতে বাধ্য করেছে তৃণমূল। কিন্তু এই গেরুয়া কাপড় তো বিজেপির কাপড় নয়, গেরুয়া হল স্বামী বিবেকান্দের কাপড়। গেরুয়া কাপড় ত্যাগের প্রতীক, শৌর্যের প্রতীক এবং সনাতনের প্রতীক। এই কাপড়খুলে সবুজ কাপড় লাগিয়েছে তৃণমূলের প্রধান জিয়ারুদ্দীন মোল্লা। সেই সঙ্গে এই তৃণমূলের নেতা হুমকি দিয়ে বলেছেন, দিদি তোদের টাকা দিয়েছে আর তোরা গেরুয়া কাপড় লাগিয়েছিস কেন? খুলে ফেল। এই তৃণমূল নেতাকে জেলে যেতেই হবে।”

    আর কী বলেন?

    রাজ্যের দুর্নীতির প্রসঙ্গে লালবাগে (Murshidabad) শুভেন্দু বলেন, “তৃণমূল সরকারের পুরসভা দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছ তদন্ত হওয়া দরকার। বিচারপতিরা অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করছেন। তাঁদের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করেছে। সঠিক ভাবে তদন্ত হোক এবং সব চোরেরা জেলে যাক। বেকাররা চাকরি পাক।” আবার অনুব্রত মণ্ডলের জামিন প্রসঙ্গে তিনি বলেন, “বিচারকদের হুমকি দিয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। মালিকের রক্ষী যদি ২০০ কোটি টাকার মালিক হন, তাহলে মালিক কত টাকার মালিক বলে প্রশ্ন করেন তিনি।”

    মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মন্ডল এই দিন উপস্থিত ছিলেন পুজো মণ্ডপে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Bhatar: ২০ বছর ধরে বোনের চাকরি করছেন দিদি, এতদিন প্রশাসন কী করছিল?

    Bhatar: ২০ বছর ধরে বোনের চাকরি করছেন দিদি, এতদিন প্রশাসন কী করছিল?

    মাধ্যম নিউজ ডেস্ক: চাকরি পেয়েছেন বোন। আর গত ২০ বছর ধরে চাকরি করছেন দিদি। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভাতারের (Bhatar) সাহেবগঞ্জ-১ পঞ্চায়েতের নুনাডাঙা এলাকায়। জানা গিয়েছে, বিষয়টি সামনে আসতেই চরম বিড়ম্বনায় পড়েছেন অভিযুক্ত মহিলা। এরপরই ব্লক প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Bhatar)

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভাতারের (Bhatar) সাহেবগঞ্জ-১ পঞ্চায়েতের নুনাডাঙা শিশুশিক্ষা কেন্দ্রে শিক্ষিকা হিসাবে নিযুক্ত হন সুজাতা চট্টোপাধ্যায়। সেটা প্রায় ২০ বছর আগে। সুজাতার বয়স এখন ৫৯ ছুঁইছুই। অভিযোগ, তাঁর বদলে এত দিন ধরে চাকরি করছিলেন দিদি সঙ্গীতা ভট্টাচার্য। ৭০ বছরের ওই বৃদ্ধা বোনের চাকরি করতেন এবং তাঁর বেতনের টাকা তুলে আসছেন। ভাতারের কাশীপুর গ্রামে বাড়ি সঙ্গীতার। তিনি বিডিও অফিসে গিয়েছিলেন। সম্প্রতি একটি কাজে বিডিও অফিস গিয়েছিলেন সঙ্গীতা। সেখানেই ধরা পড়ে এই অনিয়ম। আধিকারিকরা তাঁর কাছে ওই চাকরি সংক্রান্ত তথ্য জানতে চাইলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয় কয়েকজন তাঁকে আটকে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সঙ্গীতা ভট্টাচার্য এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

    ব্লক প্রশাসনের কর্তারা কী বলছেন?

    ভাতারের (Bhatar) বিডিও অরুণকুমার বিশ্বাস বলেন, এখন সরকারি কাজকর্মে ‘আপগ্রেডেশন’ চলছে। অনলাইনে নথিভুক্তকরণের সময় সাহেবগঞ্জ-১ অঞ্চলের শিশুশিক্ষা কেন্দ্রের কর্মীর তথ্যে অসঙ্গতি ধরা পড়ে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এক জনের নামে নিয়োগ হলেও চাকরি করে আসছিলেন অন্যজন। তাঁকে শিশুশিক্ষা কেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে। বিষয়টি আরও একবার খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। ভাতার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বাসুদেব যশ বলেন, ২০০৪ সালে ওই শিশুশিক্ষা কেন্দ্রে নিয়োগ হন সুজাতা চট্টোপাধ্যায় নামে এক মহিলা। এখনও সব খাতায় তিনিই ওই শিশুশিক্ষা কেন্দ্রে কাজ করছেন। এতদিন কেউ বিষয়টি জানত না। এখন প্রশাসনিক তদন্তে ধরা পড়েছে, তাঁর নামে বেতন তুলে যাচ্ছেন শিক্ষিকার দিদি। প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। সিপিএম আমলেই এই অনিয়ম হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dilip Ghosh: ‘‘গায়ের জোরে টাকা দিয়ে দুর্গাপুজো কিনছেন’’! মমতাকে নিশানা দিলীপের

    Dilip Ghosh: ‘‘গায়ের জোরে টাকা দিয়ে দুর্গাপুজো কিনছেন’’! মমতাকে নিশানা দিলীপের

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার মহম্মদ আলি পার্কের পুজো উদ্বোধনে এসে সন্তোষ মিত্র স্কোয়ারের ‘রাম মন্দির’ থিমকে নিয়ে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুখ্যমন্ত্রীকে এই ইস্যুতে একহাত নিলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

    কী বললেন দিলীপ ঘোষ?

    বুধবার সাংবাদিকদের বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকঠাক চণ্ডীপাঠও জানেন না, তাঁর কাছ থেকে লোকে পুজো শিখবে? গায়ের জোরে টাকা দিয়ে দুর্গাপুজো কমিটিগুলিকে কেনার চেষ্টা করছেন তিনি। পিতৃপক্ষেই পুজোর উদ্বোধন করে দেওয়া হচ্ছে। ওর দলে রয়েছেন অধার্মিক এবং দুর্নীতিগ্রস্ত লোকেরা। প্রতিদিনই কোনও না কোনও বিধায়ক সাংসদের বিরুদ্ধে অভিযোগ আসে। যাঁরা নৈতিকতা জানে না, যে দলের মন্ত্রী নেতারা লাইন দিয়ে জেলে যায়, তাঁদের কাছ থেকে ধর্ম শেখার মত দুর্দশা আমাদের আসেনি।’’

    প্রসঙ্গ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো 

    প্রসঙ্গত, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর চলতি বছরের থিম হল রাম মন্দির। দ্বিতীয়ায় এই পুজোর উদ্বোধনে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুজোর উদ্যোক্তা ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার সজল ঘোষ। বিজেপি নেতার উদ্যোগে দুর্গাপুজো হওয়াতেই কি মুখ্যমন্ত্রীর এমন আক্রমণ? এ নিয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘‘সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো অনেক দিন ধরেই জনপ্রিয় এবং তা প্রদীপ ঘোষই করে এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একবার পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন।’’

    নিশানা সুজিত বসুকে

    অন্যদিকে, এ দিন তৃণমূলের মন্ত্রী সুজিত বসুকেও নিশানা করেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, মহালয়ার আগেই শ্রীভূমির এই পুজোর উদ্বোধন করে দেওয়া হয়। ফলে অনেক মানুষেরই অসুবিধা হচ্ছে রাস্তা দিয়ে হাঁটাচলা করতে। এনিয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘‘পিতৃপক্ষে পুজো চালু করে দেওয়া তো তৃণমূলের আমলেই শুরু হল। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে কন্ট্রোল কে করবে? যে কন্ট্রোল করবে সেই তো কন্ট্রোলের বাইরে।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share