Tag: Bengali news

Bengali news

  • Lok Sabha Election 2024: তিন রাজ্যে বিপুল ভোটে জয় বিজেপির, লোকসভা নির্বাচন ভরা বসন্তেই?

    Lok Sabha Election 2024: তিন রাজ্যে বিপুল ভোটে জয় বিজেপির, লোকসভা নির্বাচন ভরা বসন্তেই?

    মাধ্যম নিউজ ডেস্ক: জল্পনা ছিলই। এবার বোধহয় সত্যি হতে চলেছে। নতুন বছরের মার্চ মাসেই হতে পারে লোকসভা নির্বাচন। ফেব্রুয়ারি-মার্চের প্রথমার্ধেই শেষ হয়ে যাবে বিভিন্ন পরীক্ষা। তার পর ভরা বসন্ত। সূত্রের খবর, এই বসন্ত সমীরণেই সাধারণ নির্বাচন (Lok Sabha Election 2024) করিয়ে নিতে চাইছে মোদি সরকার।

    গরম এড়াতেই এগোচ্ছে ভোট?

    সাধারণত লোকসভা নির্বাচন হয় এপ্রিলের কাঠফাটা গরমে। ভোটকর্মীদের পাশাপাশি হাঁসফাঁস গরমে ভোট দিতে গিয়ে ঘেমেনেয়ে একশা হন ভোটাররাও। সানস্ট্রোকে মৃত্যুর ঘটনাও ঘটে। সেই কারণেই মাসখানেক আগেই ভোট করিয়ে নিতে চাইছে সরকার। কেন্দ্রের এক মন্ত্রী বলেন, “গত বারের তুলনায় এক মাস এগিয়ে এনে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে আমাদের হাতে আর মাত্র ৬০ দিনের মতো সময় থাকবে।”

    বাজেটের পরেই বাজবে ভোটের বাদ্যি

    আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন। ১ ফেব্রুয়ারি পেশ হবে (Lok Sabha Election 2024) ভোট অন অ্যাকাউন্ট। এই বাজেট অধিবেশন চলবে পাঁচ-ছ দিন। বাজেটে মধ্যবিত্তদের জন্য আয়করে ছাড় সহ একাধিক জনমুখী ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। রাজনৈতিক মহলের মতে, তার পরেই ভোটের বাদ্যি বাজিয়ে দিতে চাইছে মোদি সরকার। কারণ সেক্ষেত্রে এক ঢিলে দুই মারা যাবে। একদিকে যেমন, ‘স্ট্রাইক দ্য আয়রন, হোয়েন ইট ইজ হট’ এই আপ্তবাক্য বাস্তবায়িত করা যাবে, তেমনি ঘর গোছানোর সময় পাবেন না বিরোধীরা। কারণ সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হয়েছে তিন রাজ্যে। একটি রাজ্যের রাশ গিয়েছে কংগ্রেসের হাতে। তারপরেই ফাটল ধরেছে বিজেপি-বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ‘ইন্ডি’র অন্দরে। ওয়াকিবহাল মহলের ধারণা, সেই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছেন পদ্ম নেতৃত্ব।

    আরও পড়ুুন: দোরগোড়ায় লোকসভা নির্বাচন, তিন রাজ্যে মুখ্যমন্ত্রী পদে নতুন মুখ বিজেপির?

    প্রসঙ্গত, উনিশের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছিল ১০ মার্চ। ভোটগ্রহণ শুরু হয়েছিল ১১ এপ্রিল থেকে। নির্বাচন হয়েছিল সাত দফায়। ভোটগ্রহণ শেষ হয়েছিল ১৯ মে। ফল ঘোষণা হয় ২৩ মে। লোকসভা নির্বাচনে যে কেন্দ্রের কুর্সিতে ফের বিজেপিই আসতে চলেছে, সেকথা বিভিন্ন সময় জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। সম্প্রতি তিন রাজ্যে বিপুল ভোটে বিজেপির জয়ের পর লোকসভায় ফের মোদি সরকার হচ্ছে বলে আশাবাদী বিজেপি কর্মী-সমর্থকরাও। এমতাবস্থায় নির্বাচন এগিয়ে এলে, আদতে যে লাভবান হবে পদ্ম শিবিরই, সে বিষয়ে (Lok Sabha Election 2024) দ্বিমত নেই বিরোধীদের মধ্যেও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lashkar-e-Taiba: করাচিতে গুলিতে নিকেশ কাশ্মীর হামলার মাথা, ২৬/১১-এর ষড়যন্ত্রীর শরীরে বিষক্রিয়া

    Lashkar-e-Taiba: করাচিতে গুলিতে নিকেশ কাশ্মীর হামলার মাথা, ২৬/১১-এর ষড়যন্ত্রীর শরীরে বিষক্রিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৫ সালে জম্মু-কাশ্মীরের উধমপুরে বিএসএফের উপর হওয়া হামলার মাস্টারমাইন্ড ছিল হানজলা আদনান। লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) এই জঙ্গিকে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা পাকিস্তানের করাচিতে হত্যা করেছে। প্রসঙ্গত, নিহত লস্কর-ই-তৈবার জঙ্গি হানজাল আদনান ছিল হাফিজ সইদের অন্যতম সহযোগী। মুম্বইয়ে ২৬/১১ জঙ্গি হামলার অন্যতম মাস্টারমাইন্ড ছিল হাফিজ। অন্যদিকে মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রী সন্ত্রাসবাদী সাজিদ মীর পাকিস্তানের জেলেই বিষক্রিয়ার শিকার বলে জানা গিয়েছে। বর্তমানে তার অবস্থাও আশঙ্কাজনক।

    বাড়ির সামনেই গুলি চালায় অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা

    সূত্র মারফত জানা গিয়েছে, হানজাল আদনানকে বাড়ির বাইরেই গুলি করে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। গুলি চালনার ঘটনা ঘটে ২ এবং ৩ ডিসেম্বরের মধ্যরাত্রে। সামনে থেকে আদনানকে চারটে গুলি করা হয় বলে জানা গিয়েছে। গোপন ভাবে লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) এই জঙ্গিকে করাচির একটি হাসপাতালে নিয়ে যায় পাকিস্তানের সেনাবাহিনী। কিন্তু অনেক চেষ্টার পরেও জঙ্গিকে বাঁচাতে পারেনি পাক সেনা। ৫ ডিসেম্বরই মৃত্যু হয় আদনানের। ২০১৫ সালে জম্মু-কাশ্মীরের (Lashkar-e-Taiba) উধমপুরে বিএসএফের কনভয়ের উপর যে সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছিল, সেখানে ২ জন সেনা জওয়ান নিহত হন এবং ১৩ জন আহত হন। পরবর্তীকালে এনআইএ এই হামলার তদন্তভার গ্রহণ করে, পরবর্তীকালে উঠে আসে মাস্টারমাইন্ড হিসেবে হানজলা আদনানের নাম।

    ২৬/১১-এর অন্যতম ষড়যন্ত্রী সাজিদ মীর বিষক্রিয়ার শিকার পাকিস্তানের জেলে

    অন্যদিকে, পাকিস্তানের জেলে বিষক্রিয়া করা হয়েছে মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রী সাজিদ মীরকে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় এই সন্ত্রাসবাদীকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। প্রসঙ্গত, সাজিদের জীবনহানির আশঙ্কাতেই তাকে এক জেল থেকে আর একজেলে পাঠানোর বন্দোবস্ত করছিল পাকিস্তান সরকার। গত বছরই সাজিদ মীরকে সন্ত্রাসবাদীদের ফান্ডিং করার জন্য ৮ বছরের কারাদন্ডে দণ্ডিত করে পাকিস্তানের আদালত। সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য এফবিআই এই জঙ্গির মাথার দাম আগেই স্থির করে ৫০ লক্ষ মার্কিন ডলার। রাষ্ট্রসঙ্ঘে এ নিয়ে প্রস্তাবও পেশ করে ভারত এবং আমেরিকা যৌথভাবে। তখনই সাজিদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করা হয়। চাপে পড়ে তাকে গ্রেফতার করে পাক সরকার। আবার কোনও কোনও মহল থেকে এটাও মনে করা হচ্ছে যে পাকিস্তানি সেনা জেলের বদলে সাজিদকে হাসপাতালে রেখে বিশেষ সুবিধা দিতে চাইছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: দোরগোড়ায় লোকসভা নির্বাচন, তিন রাজ্যে মুখ্যমন্ত্রী পদে নতুন মুখ বিজেপির?

    PM Modi: দোরগোড়ায় লোকসভা নির্বাচন, তিন রাজ্যে মুখ্যমন্ত্রী পদে নতুন মুখ বিজেপির?

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরানোর চেয়ে নতুন মুখেই ভরসা বেশি তাঁর। তাই গোবলয়ের যে তিন রাজ্যে উড়েছে বিজেপির বিজয় কেতন, সেই তিন রাজ্যেই এবার মুখ্যমন্ত্রী হিসেবে নতুন মুখকেই বেছে নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। নতুন বছরের মার্চ মাসের শেষের দিকে হতে পারে লোকসভা নির্বাচন। সেকথা মাথায় রেখেই নতুন কাউকে মুখ্যমন্ত্রী পদে বসানো হতে পারে ওই তিন রাজ্যে।

    প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক

    এই রাজ্যগুলির কুর্সিতে কাকে বসানো হবে, তা নিয়ে বুধবার প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে। প্রধানমন্ত্রীর পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রবিবারই ফল ঘোষণা হয়েছে চার রাজ্যের। এর মধ্যে কেবল তেলঙ্গানা ছাড়া বাকি তিন রাজ্যের রশি গিয়েছে বিজেপির হাতে। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়ের কুর্সিতে কাকে বসানো হবে, তা নিয়েই চলছে ম্যারাথন বৈঠক। 

    মুখ্যমন্ত্রী পদে কে কে?

    রাজস্থানের মুখ্যমন্ত্রী পদের দাবিদার অনেকে।এঁদের মধ্যে রয়েছেন মরুরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়াও। লোকসভার স্পিকার ওম বিড়লাকেও বসানো হতে পারে ওই পদে। আবার রামচন্দ্রের বংশধর দিয়া কুমারিকেও বসানো হতে পারে ওই পদে। মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, অর্জুন রাম মেঘওয়াল এবং বিজেপির রাজ্য সভাপতি সিপি জোশীও। মধ্যপ্রদেশের কুর্সিতে কৈলাস বিজয়বর্গীয়কে বসিয়ে চমক দিতে পারেন বিজেপির শীর্ষ (PM Modi) নেতৃত্ব। কংগ্রেসের মেরুদণ্ড ভাঙতে বসানো হতে পারে সোনিয়ার দলের প্রাক্তনী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে। লড়াইয়ের ময়দানে রয়েছেন প্রহ্লাদ প্যাটেল এবং নরেন্দ্র সিং তোমারও।

    আরও পড়ুুন: মহাদেব বেটিং অ্যাপকাণ্ডে মূল অভিযুক্তের বাবার দেহ উদ্ধারে রহস্য

    ছত্তিসগড়ের কুর্সিতে বসানো হতে পারে প্রাক্তন আইএএস আধিকারিক ওপি চৌধুরীকে। দৌড়ে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রমণ সিংহ এবং বিজেপির রাজ্য সভাপতি অরুণকুমার সাউ-ও। এর আগে উত্তরপ্রদেশের কুর্সিতে যোগী আদিত্যনাথকে বসিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেবার কেউ ভাবতেই পারেননি, রাজনীতিতে আনকোরা নাথ সম্প্রদায়ের এই যোগীকেই বসানো হবে মুখ্যমন্ত্রীর কুর্সিতে। এবারও প্রধানমন্ত্রী (PM Modi) তেমন কোনও চমক দিতে পারেন বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mahadev Betting Apps: মহাদেব বেটিং অ্যাপকাণ্ডে মূল অভিযুক্তের বাবার দেহ উদ্ধারে রহস্য

    Mahadev Betting Apps: মহাদেব বেটিং অ্যাপকাণ্ডে মূল অভিযুক্তের বাবার দেহ উদ্ধারে রহস্য

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই ঘোরালো হচ্ছে মহাদেব বেটিং অ্যাপ (Mahadev Betting Apps) বিতর্ক। দু’দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হল মূল অভিযুক্তের বাবার দেহ। মৃতের নাম সুশীল দাস। ছত্তিসগড়ের ঘটনায় দানা বাঁধছে রহস্য।

    কুয়ো থেকে উদ্ধার দেহ

    ৩ নভেম্বর গ্রফতার করা হয় মহাদেব বেটিং অ্যাপ চক্রের অন্যতম মূল অভিযুক্ত অসীম দাসকে। ইডির দাবি, মহাদেব ওই ব্যাটিং অ্যাপের মালিক আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন। নগদ টাকা লেনদেনের অভিযোগও রয়েছে অসীমের বিরুদ্ধে। এহেন অসীমের বাবা সুশীল দাস নিখোঁজ ছিলেন গত দু’দিন ধরে। মঙ্গলবার দুর্গের আন্ডা থানার আছোটি গ্রামের একটি কুয়ো থেকে উদ্ধার হয় বছর বাষট্টির সুশীলের দেহ। পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন সুশীল। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

    বাঘেলকে টাকা দিয়েছিলেন!

    ছত্তিসগড় বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে রবিবার। রাজ্য জয় করেছে বিজেপি। ঘটনাচক্রে এদিন বিকেল থেকেই আর খুঁজে পাওয়া যায়নি সুশীলকে। স্থানীয় একটি নিরাপত্তারক্ষী সংস্থার কর্মী সুশীল কোথায় গেলেন, তা নিয়ে সন্দিহান ছিলেন তাঁর পরিবারও। শেষমেশ কুয়ো থেকে মিলল দেহ। জানা গিয়েছে, ইডির হাতে গ্রেফতার হওয়ার পর নানা বিস্ফোরক (Mahadev Betting Apps) দাবি করেছিলেন অসীম। তদন্তকারীদের জেরায় তিনি জানিয়েছিলেন, ছত্তিসগড়ের বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের কাছে ৫০৮ কোটি টাকা সরবরাহ করেছিলেন তিনি। অসীমের আরও দাবি, তিনি ইংরেজি জানেন না। তাই ইডি তাঁকে দিয়ে মিথ্যা বয়ানে স্বাক্ষর করিয়ে নিয়েছে।

    আরও পড়ুুন: পাশে আফজলের ছবি, সংসদ ভবন ওড়ানোর হুমকি দিল খালিস্তানপন্থী নেতা পান্নুন

    অসীমকে যেদিন গ্রেফতার করা হয়, সেদিন পুলিশ গ্রেফতার করেছিল ছত্তিসগড় পুলিশের কনস্টেবল ভীম সিং যাদবকেও। সেদিন ধৃতদের কাছ থেকে নগদ ৫ কোটি ৩৯ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল। মহাদেব বেটিং অ্যাপের মালিকরা ভূপেশকে ৫০৮ কোটি টাকা দিয়েছিলেন বলেও ইডির জেরায় কবুল করেছেন অসীম। বিতর্ক দানা বাঁধতেই ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে অসীম দাবি করেন, তিনি কাউকে কোনও টাকাই দেননি। ইংরেজি জানেন না বলেই ইংরেজিতে লেখা নথিতে সই করিয়ে নেওয়া হয়েছে তাঁকে দিয়ে। এনিয়ে ইডির ডিরেক্টরকে চিঠিও লেখেন অসীম।

    এসব নিয়েই যখন সরগরম রাজ্য-রাজনীতি, সেই সময় সুশীলের নিখোঁজ হয়ে যাওয়া এবং পরে দেহ উদ্ধার হওয়ায় ঘনাচ্ছে রহস্য। প্রসঙ্গত, এই বেটিং চক্রে (Mahadev Betting Apps) নাম জড়িয়েছে সানি লিওনি, শ্রদ্ধা কাপুর, রণবীর কাপুর, কপিল শর্মা, নেহা কক্কর, বিশাল দাদলানি সহ টিনসেল টাউনের একাধিক নামী-দামি তারকার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dinesh Phadnis Death: ‘সিআইডি’-র ইনস্পেক্টর ফ্রেডরিক্স আর নেই! প্রয়াত অভিনেতা দীনেশ ফড়নিস

    Dinesh Phadnis Death: ‘সিআইডি’-র ইনস্পেক্টর ফ্রেডরিক্স আর নেই! প্রয়াত অভিনেতা দীনেশ ফড়নিস

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘সিআইডি’-র ইনস্পেক্টর ফ্রেডরিক্স (Dinesh Phadnis Death)। সমস্ত বয়সের মানুষের কাছেই প্রভূত জনপ্রিয়তা অর্জন করেছিল টেলিভিশনের হিন্দি সিরিয়াল ‘সিআইডি’। সেখানেই ইনস্পেক্টর ফ্রেডরিক্সের চরিত্রে অভিনয় করতেন দীনেশ ফড়নিস। অভিনয়ের মাধ্যমে অগণিত মানুষের মনে জায়গা করেছিলেন তিনি। একমাত্র শো’ যা কিনা টানা ২০ বছর ধরে চলেছিল বলে জানা যায়।

    লিভার ফেলিওরের জেরে মৃত্যু হয় অভিনেতার

    জানা গিয়েছে, মুম্বইয়ের এক হাসপাতালে লিভার ফেলিওরের জেরে মৃত্যু হয় এই অভিনেতার (Dinesh Phadnis Death)। মৃত্য়ুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে সম্প্রীতি, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন দীনেশ। তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তিও করানো হয়। অভিনেতার অসুস্থতার খবর পৌঁছে যায় তাঁর ভক্তদের কাছেও। দেশজুড়ে অসংখ্য সিআইডি-ভক্ত অভিনেতার জন্য প্রার্থনাও শুরু করেন। কিন্তু  ক্রমশই অবস্থা সঙ্কটজনক হয়ে ওঠে দীনেশের (Dinesh Phadnis Death)। এরপরই তাঁকে স্থানান্তরিত করা হয় ভেন্টিলেশনে। কিন্তু শেষ রক্ষা আর হল না। অভিনেতার মৃত্যুতে শোকাচ্ছন্ন ‘সিআইডি’ পরিবারও।  ‘সিআইডি’-এর অন্যতম অভিনেতা দয়ানন্দ শেঠি যিনি পর্দায় দয়া’র ভূমিকায় অভিনয় করতেন তিনিও পৌঁছে যান হাসপাতালে। প্রসঙ্গত ফ্রেডরিক্সের মৃত্যুর খবর সংবাদমাধ্যমের কাছে প্রথম প্রকাশ্য আনেন দয়ানন্দই। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘কী বলব বুঝতে পারছি না। খুব তাড়াতাড়ি চলে গেল। শুধু এতটুকুই বলব খুব মিস করব ফ্রেডরিক্সকে।’’

    ‘সিআইডি’ ছাড়াও বড় পর্দায় দেখা গিয়েছে অভিনেতাকে

    অভিনেতার মৃত্যুর খবর সামনে আসতেই তাঁর ভক্তদের মনে বিষাদের ছায়া। শুধুমাত্র ‘সিআইডি’ নয় ‘তারক মেহতা কা উল্টা চশমা’ নামের একটি সিরিয়ালেও দেখা গিয়েছে অভিনেতাকে। এখানেও অভিনয় করে প্রভূত জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। ‘সিআইডি’ প্রেমী মানুষদের কাছে আজ বড়ই দুঃখের দিন, এ কথা বলাই যায়। জানা যায় ‘সিআইডি’-তে শুধুমাত্র অভিনয় নয়, বেশ কতগুলো পর্বও লিখেছিলেন তিনি। ১৯৯৮ সালে শুরু হয় এই টিভি সিরিয়াল। তবে ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করেছেন দীনেশ। ‘সরফরোশ’ এবং ‘সুপার ৩০’ ছবিতেও দেখা গিয়েছে অভিনেতাকে। এছাড়া দীনেশ (Dinesh Phadnis Death) একটি মারাঠি ছবির জন্যও চিত্রনাট্য লিখেছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Narendra Modi: ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠে’র দিনেই প্রাইমারি টেট! ক্ষোভ জমছে পরীক্ষার্থীদের মধ্যেও

    PM Narendra Modi: ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠে’র দিনেই প্রাইমারি টেট! ক্ষোভ জমছে পরীক্ষার্থীদের মধ্যেও

    মাধ্যম নিউজ ডেস্ক: ঠিক ছিল প্রাইমারি টেট পরীক্ষা হবে ১০ ডিসেম্বর। পরীক্ষা যখন দোরগোড়ায়, তখনই কোনও কারণ ছাড়াই বদলে দেওয়া হল টেট পরীক্ষার দিন! পরীক্ষা হবে ২৪ ডিসেম্বর। ঘটনাচক্রে এদিনই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠে’র আসরে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বিজেপির অভিযোগ, রাজনীতি করতেই পর্ষদ বেছে বেছে পরীক্ষার দিন ফেলেছে ২৪ ডিসেম্বর। গীতাপাঠের অনুষ্ঠানে ব্যাঘাত ঘটাতেই এটা করা হয়েছে। পরীক্ষার্থীদেরও একাংশের বক্তব্য, বেছে বেছে লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের দিন প্রতিযোগিতামূলক পরীক্ষার দিন ফেলে আদতে তাঁদেরই হেনস্থা করতে চাইছে রাজ্য সরকার।

    ২৪ ডিসেম্বর গীতাজয়ন্তী

    ২৪ ডিসেম্বর, রবিবার গীতাজয়ন্তী। দিনটির গুরুত্ব অপরিসীম। তবে এ রাজ্যে এতদিন দিনটির বিশেষত্বের কথা জানতেন হাতে গোণা কয়েকজন। এবার অবশ্য হইচই পড়ে গিয়েছে এই অনুষ্ঠানকে ঘিরে। এর প্রথম কারণ, এক লক্ষ মানুষ গীতা পাঠ করবেন সমবেত কণ্ঠে। আর দ্বিতীয়ত, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী স্বয়ং। তাই গীতা পাঠকদের পাশাপাশি এদিনের অনুষ্ঠান চাক্ষুষ করতেও ভিড় করবেন প্রচুর মানুষ (PM Narendra Modi)। এঁদের মধ্যে ধর্মপ্রাণ মানুষ যেমন থাকবেন, তেমনি থাকবেন অনুসন্ধিৎসুরাও।

    সমস্যায় পড়তে পারেন পরীক্ষার্থীরা

    প্রধানমন্ত্রী শহরে আসবেন। তাই এদিন যান নিয়ন্ত্রণ করা হবে। তার ওপর ব্রিগেডে এদিন ভিড় হবে লক্ষাধিক মানুষের। যেহেতু দিনটি রবিবার, তাই যানবাহন চলে কম। এই জোড়া ফলায় সমস্যায় পড়তে পারেন টেট পরীক্ষার্থীরা। বিশেষত, এদিন যাঁরা পরীক্ষা দিতে আসবেন কলকাতায়। তাছাড়া যাঁরা পরীক্ষা দেবেন, তাঁদের অনেকেই বঞ্চিত হবেন এই মহতী অনুষ্ঠানের সাক্ষী হওয়া থেকে। তাই ক্ষোভের সঞ্চার হয়েছে পরীক্ষার্থীদেরও একাংশের মধ্যে। যেহেতু অনেক আগে থেকেই লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করেছেন উদ্যোক্তারা, প্রস্তুতিও শেষের পথে, তাই অনুষ্ঠানের দিন বদল করতে রাজি নন তাঁরা। এদিকে, রাজ্য সরকারও ওই দিনেই পরীক্ষা নিতে বদ্ধপরিকর। স্বাভাবিকভাবেই যার খেসারত দিতে হতে পারে পরীক্ষার্থীদের।

    আরও পড়ুুন: কংগ্রেস হারতেই বেসুরো মমতা, ‘ইন্ডি’ জোটের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন

    সংগঠনের সহ-সভাপতি রিষড়া প্রেম মন্দিরের সন্ন্যাসী নির্গুণানন্দ ব্রহ্মচারি বলেন, “অনেক আগে থেকে আমাদের কর্মসূচি ঠিক করা রয়েছে। প্রধানমন্ত্রী (PM Narendra Modi) যে আসবেন, সেটাও চূড়ান্ত হয়ে গিয়েছে। তাই আমাদের পক্ষে দিন বদল করা সম্ভব নয়।” বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “এ রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রী যে সনাতন ধর্ম বিরোধী, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। পরীক্ষা পিছিয়ে দিয়ে সনাতন ধর্মের একটি কর্মসূচির দিনের করাটা, তাঁর সেই মনোভাবেরই পরিচায়ক।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Dalal Street: মোদি ঝড়ের প্রভাব পড়ল দালাল স্ট্রিটেও! সর্বকালীন রেকর্ড উচ্চতায় বন্ধ হল বাজার

    Dalal Street: মোদি ঝড়ের প্রভাব পড়ল দালাল স্ট্রিটেও! সর্বকালীন রেকর্ড উচ্চতায় বন্ধ হল বাজার

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার মোদি ঝড়ের প্রভাব পড়ল দালাল স্ট্রিটেও (Dalal Street)! চার রাজ্যের মধ্যে তিনটিতেই বিজয় নিশান উড়িয়েছে বিজেপি। তার প্রভাব পড়ল দালাল স্ট্রিটেও। তেজি হল সূচক। সোমবার সর্বকালীন রেকর্ড উচ্চতায় বন্ধ হল দেশীয় বেঞ্চমার্ক ইক্যুইটি সূচকগুলি। বিএসই বেঞ্চমার্ক সেনসেক্স ২.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৮ হাজার ৮৬৫-এ।

    বিজেপির জয়ে আশার আলো

    ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ২.০৭ শতাংশ বেড়ে শেষ হয়েছে ২০ হাজার ৬৮৭তে। বাজার বিশেষজ্ঞদের মতে, চারটি রাজ্যের মধ্যে তিনটিতে বিজেপির জয়ে আশার আলো দেখছেন বিনিয়োগকারীরা। আগামী বছর লোকসভা নির্বাচনে কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ফের স্থিতিশীল সরকার গঠনের আশা জাগিয়েছে এই ভোটের ফল। সেই কারণেই বাজার হয়েছে তেজি। এর পাশাপাশি ফ্যাক্টর হয়েছে ভারতের জিডিপি বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে সুদের হার কমা।

    বাড়ল মোট বাজার মূলধন

    জানা গিয়েছে, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত (Dalal Street) সংস্থাগুলির মোট বাজার মূলধন ৫.৭৮ লক্ষ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৩.৪৫ লক্ষ কোটি টাকায়। সেনসেক্সে সব চেয়ে বেশি বৃদ্ধি ধরা পড়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক ও এসবিআইয়ে। এই তিনটি ব্যাঙ্কিং সংস্থারই শেয়ারের দর বেড়েছে ৪ থেকে ৫ শতাংশ। বাজার বন্ধের সময় চড়া দরে বিক্রি হয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, আল্ট্রাটেক সিমেন্ট, অ্যাক্সিক ব্যাঙ্ক, বাজাজ ফাইনান্সের শেয়ার। দর পড়েছে উইপ্রো, মারুতি, সান ফার্মা এবং টাটা মোটরর্সের।

    আরও পড়ুুন: কংগ্রেস হারতেই বেসুরো মমতা, ‘ইন্ডি’ জোটের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন

    গত সপ্তাহে (Dalal Street) বিএসই বেঞ্চমার্ক পৌঁছে গিয়েছিল ১,৫১১.১৫ পয়েন্টে। নিফটি বেড়েছে ২.৩৯ শতাংশ। শুক্রবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানিগুলির মূলধন এই প্রথম পেরিয়েছে ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার। এদিন বেড়েছে আদানি গ্রুপের স্টকের দরও। বৃদ্ধির হার ৯.৪ শতাংশ। আদানি গ্রিন এনার্জি বেড়েছে ৯.৪ শতাংশ। অম্বুজা সিমেন্ট ও আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দর বেড়েছে ৬ শতাংশ করে। সব মিলিয়ে এদিন বিএসইতে স্টকের দাম বেড়েছে প্রায় ২ হাজার ৩৯২টির। আর স্টকের দর পড়েছে ১ হাজার ৪৪৭টি। অপরিবর্তিত রয়েছে ১৭৯টি স্টকের দর (Dalal Street)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Assembly Elections 2023: কংগ্রেস হারতেই বেসুরো মমতা, ‘ইন্ডি’ জোটের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন

    Assembly Elections 2023: কংগ্রেস হারতেই বেসুরো মমতা, ‘ইন্ডি’ জোটের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: চার রাজ্যের বিধানসভা নির্বাচনের (Assembly Elections 2023) ফল ঘোষণা হতেই ঘেঁটে ঘ ‘ইন্ডি’ জোট! হারের কারণ অনুসন্ধান করতে ৬ ডিসেম্বর বৈঠকে বসছেন ‘ইন্ডি’ জোটের নেতারা। সেই জোটের বৈঠক সম্পর্কে তিনি কিছুই জানেন না বলেই জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে, রাজস্থান সহ চার রাজ্যে বিজেপির কাছে কংগ্রেস পরাস্ত হতেই গ্র্যান্ড ওল্ড পার্টির সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো।

    কী বললেন মমতা?

    নভেম্বর মাসেই নির্বাচন হয়েছে পাঁচ রাজ্যের বিধানসভার। এর মধ্যে রবিবার ঘোষণা হয়েছে চার রাজ্যের ফল। রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়ে জয় পেয়েছে বিজেপি। গোহারা হেরেছে কংগ্রেস। সোনিয়া গান্ধীর দল পেয়েছে তেলঙ্গানার রাশ। এর পরেই কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “এটা কংগ্রেসের (Assembly Elections 2023) হার, মানুষের পরাজয় নয়।” বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। দেশের সেই সাধারণ নির্বাচনে বিজেপিকে কুর্সি-ছাড়া করতে জোট বেঁধেছে ২৬টি রাজনৈতিক দল। জোটের নাম হয়েছে ‘ইন্ডি’।

    ইন্ডির ভবিষ্য

    কংগ্রেসের পাশাপাশি সেই ‘ইন্ডি’তে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলও। তিন রাজ্যে কংগ্রেস ধরাশায়ী হতেই মমতা দূরত্ব তৈরি করতে শুরু করেছেন বলে ধারণা রাজনৈতিক মহলের। কংগ্রেসের ডাকা ‘ইন্ডি’ জোটের বৈঠকে যে তৃণমূল সুপ্রিমো যাচ্ছেন না, তা জানিয়েছেন নিজেই। বলেন, “৬ তারিখের বৈঠক সম্পর্কে কিছু জানানো হয়নি। আমি কিছুই জানি না। অভিষেকও উত্তরবঙ্গে চলে গিয়েছে। আমিও যাব। আমার সঙ্গে কারও কোনও কথা হয়নি।”

    আরও পড়ুুন: মিছিলে মেজাজ হারালেন শোভনদেব! ধাক্কা দিলেন দলীয় নেতাকে, কেন জানেন?

    ইন্ডি জোট প্রসঙ্গে মমতা বলেন, “ইন্ডিয়া জোটের শরিকরা কেউ না কেউ ভোট কেটেছে। তাই বলছি, আসন সমঝোতা করতে। আসন সমঝোতা করলে এটা হত না।” এদিন বিধানসভায়ও মুখ্যমন্ত্রী বলেন, “আমি এখনও মনে করি আসন সমঝোতা করলে ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপি আসবে না। ইন্ডি জোট এক সঙ্গে কাজ করবে। কিছু ভুল থাকলে শুধরে নেবে।” তৃণমূল নেত্রী বলেন, “বাবুরা একটা বেশি পেয়েছে। আর কংগ্রেস একটায় হেরেছে, একটা পেয়েছে। কংগ্রেসের থেকে ছত্তিসগড় আর রাজস্থান নিয়ে নিয়েছে। আবার কংগ্রেস তেলঙ্গানায় জিতেছে (Assembly Elections 2023)।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Manipur Violence: ফের অশান্তির আগুন, গুলি চলল মণিপুরে, উদ্ধার ১৩ লাশ  

    Manipur Violence: ফের অশান্তির আগুন, গুলি চলল মণিপুরে, উদ্ধার ১৩ লাশ  

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের অশান্তির আগুন মণিপুরে (Manipur Violence)। হিংসার শিকার কমপক্ষে ১৩ জন। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে টেংনুপাল জেলার সাইবোলের কাছে লেইথু গ্রামে। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে সংঘর্ষ বাঁধে দুই সশস্ত্র গোষ্ঠীর। এলোপাথাড়ি চলে গুলি। ঘটনাস্থল থেকে তখন নিরাপত্তারক্ষীরা ছিলেন ১০ কিলোমিটার দূরে।

    হিংসার বলি ১৩

    খবর পেয়ে দ্রুত চলে আসেন রক্ষীরা। ততক্ষণে পড়ে গিয়েছে ১৩টি লাশ। জানা গিয়েছে, যাঁদের দেহ উদ্ধার হয়েছে, তাঁরা কেউই লেইথু কিংবা আশপাশ এলাকার নন। সম্ভবত অন্য জায়গা থেকে এসেছিলেন। মৃতদের পরিচয় জানা যায়নি। স্বাভাবিকভাবেই তাঁরা কোন সম্প্রদায়ের, তাও জানা যায়নি। মণিপুর পুলিশের এক কর্তার কথায়, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তারাই তদন্ত করবে বিষয়টি।” নিরাপত্তা বাহিনী সূত্রে (Manipur Violence) খবর, যে এলাকায় এদিন দেহ উদ্ধার হয়েছে, সাম্প্রতিক অতীতে সেখানে হিংসার ঘটনা ঘটেনি। তাই ঠিক কী কারণে এখানে জ্বলল অশান্তির আগুন, তা নিয়ে ধন্দে বাহিনীর একাংশও। মাত্র এক দিন আগেই মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হয়েছিল মণিপুরের বিস্তীর্ণ অংশে। তার পরেই ফের জ্বলল হিংসার আগুন। যার বলি হলেন অন্তত ১৩ জন।

    ইন্টারনেট পরিষেবা চালু করেছিল সরকার

    দীর্ঘদিন বন্ধ থাকার পর রবিবারই মণিপুরের কয়েকটি জায়গা বাদে সর্বত্র ইন্টারনেট পরিষেবা চালু করেছিল সরকার। পরিষেবা চালু থাকার কথা ১৮ ডিসেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তি জারি করে সরকারের তরফে জানানো হয়েছে, “রাজ্যে আইন-শৃঙ্খলার উন্নতি হচ্ছে। এদিকে মোবাইল ইন্টারনেট পরিষেবা না থাকায় সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। এসব কথা বিবেচনা করেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল।” 

    আরও পড়ুুন: অধ্যাপিকাকে অশ্লীল মন্তব্য টিএমসিপি ছাত্রনেতার! কলেজে বিক্ষোভ এবিভিপির

    গত ৩ মে সংঘর্ষ শুরু হয় মণিপুরে। হিন্দু মেইতেইদের সঙ্গে খ্রিস্টান ধর্মাবলম্বী কুকিদের সংঘর্ষ বাঁধে। দুই গোষ্ঠীর সংঘর্ষের বলি হয়েছেন ১৮০ জন। মেইতেইদের তফশিলি উপজাতির স্বীকৃতি দেওয়া নিয়ে শুরু হয় সংঘর্ষ। হিংসার আগুনে পুড়ে খাক হয়ে গিয়েছে বহু ঘরবাড়ি। ক্ষতি হয়েছে ফসলেরও। প্রসঙ্গত, মাত্র চারদিন আগেই কেন্দ্রের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় মণিপুরে সশস্ত্র সংগঠন ইউএনএলএফের। তার ঠিক চারদিন পরেই ফের সংঘর্ষ বাঁধায় সিঁদুরে মেঘ দেখছেন চিত্রাঙ্গদার দেশের বাসিন্দারা (Manipur Violence)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: “এবার বুস্টার ডোজ নিয়ে আমরা নেমে পড়ব”, ‘অক্সিজেন’ পেয়ে বললেন সুকান্ত

    Sukanta Majumdar: “এবার বুস্টার ডোজ নিয়ে আমরা নেমে পড়ব”, ‘অক্সিজেন’ পেয়ে বললেন সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: “এবার বুস্টার ডোজ নিয়ে আমরা নেমে পড়ব। ২৪-এর নির্বাচনে দারুণ ফল হবে।” সোমবার কথাগুলি বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। রবিবার ফল ঘোষণা হয়েছে চার রাজ্যের বিধানসভা নির্বাচনের। এর মধ্যে কেবল তেলঙ্গানা ছাড়া বাকি তিন রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি। তাতেই বাড়তি অক্সিজেন পেয়েছে বঙ্গ বিজেপি। সোমবার বিধানসভায় গেরুয়া টুপি ও পাগড়ি পরে এসেছিলেন পদ্ম বিধায়করা। বিলি করা হয়েছে গেরুয়া লাড্ডুও।

    কী বললেন সুকান্ত? 

    বিজেপির রাজ্য সভাপতি বলেন, “তিন রাজ্যের ফল আমাদের বিপুল পরিমাণ অক্সিজেন দিয়েছে। ইতিমধ্যেই ২৯ তারিখ অমিত শাহজি প্রথম ডোজ দিয়ে গিয়েছেন। দ্বিতীয় ডোজ পেলাম কালকে। কোভিডের ডোজ কমপ্লিট। এবার বুস্টার ডোজ নিয়ে আমরা নেমে পড়ব। ২৪-এর নির্বাচনে দারুণ ফল হবে।” সুকান্ত (Sukanta Majumdar) বলেন, “যদি আমরা সিটের পার্সেন্টেজ দেখি যে ক’টা সিট কংগ্রেস জিতেছে লোকসভায়, বিধানসভার নিরিখে তার চেয়ে বেশি সিট আমরা জিতব।”

    তৃণমূলকে জবাব সুকান্তর 

    তৃণমূলের অভিযোগ, রাজ্যের জনহিতকর প্রকল্পগুলি নকল করে ভিন রাজ্যে জয়ের ভিত গড়েছে বিজেপি। ঘাসফুল শিবিরের অভিযোগ খণ্ডন করে বালুরঘাটের সাংসদ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার। তার ঢের আগে থেকেই মধ্যপ্রদেশে চলছে লাডলি বেহেনা। তার টাকার পরিমাণও বেশি। ১২০০-র ওপরে দেওয়া হয়।” তিনি বলেন, “এরকম জনহিতকর প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে অন্য রাজ্যগুলো। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এলে আমরাও এই প্রকল্পগুলো এগিয়ে নিয়ে যাব। জনদরদি প্রকল্প করবেন বলে শিল্পায়ন করবেন না, তা তো নয়।”

    আরও পড়ুুন: ‘‘ভোটে হেরে সংসদে রাগ দেখাবেন না’’! বিরোধীদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী মোদির

    বিজেপিকে হারাতে জোট বেঁধেছে পদ্ম-বিরোধী ২৬টি রাজনৈতিক দল। রাজস্থান সহ তিন রাজ্যে ধরাশায়ী হয়েছে কংগ্রেস। ভোটের ফল বিশ্লেষণ করতে ৬ ডিসেম্বর বৈঠকে বসছেন ওই জোটের (‘ইন্ডি’ জোট) নেতারা। সে প্রসঙ্গে সুকান্তর (Sukanta Majumdar) কটাক্ষ, “যাবে, খাবে-দাবে, একটু আনন্দ করবে। সব পার্টিগুলো তো পারিবারিক পার্টি। নিজের পরিবারের মুখ দেখতে দেখতে বোর হয়ে যায়। তখন একটু পার্টি ডাকে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share