Tag: Bengali news

Bengali news

  • PM Modi: প্রযুক্তি সংস্থাগুলিকে ৫০ শতাংশ আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা মোদির

    PM Modi: প্রযুক্তি সংস্থাগুলিকে ৫০ শতাংশ আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: সেমিকন্ডাক্টর উৎপাদন ব্যাপক হারে বাড়াতে প্রযুক্তি সংস্থাগুলিকে ৫০ শতাংশ আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শুক্রবার গুজরাটের গান্ধীনগরে সেমিকন ইন্ডিয়া ২০২৩ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি প্রযুক্তি সংস্থাগুলিকে ৫০ শতাংশ আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী বলেন, “পৃথিবীতে যত শিল্পবিপ্লব হয়েছে, প্রত্যেকটি বিভিন্ন সময়ে মানুষের আকাঙ্খার ফসল। আর চতুর্থ যে শিল্পবিপ্লব আসতে চলেছে, তা ভারতের আকাঙ্খার ফসল।”

    ইনসেনটিভের ঘোষণা 

    তিনি জানান, দেশে সেমিকন্ডাক্টর শিল্পের প্রসারে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “সেমিকন ইন্ডিয়া প্রকল্পের অংশ হিসেবে ইনসেনটিভ দেওয়া হচ্ছে। প্রযুক্তি সংস্থাগুলিকে সেমিকন্ডাক্টর উৎপাদনের জন্য ৫০ শতাংশ আর্থিক সাহায্যও দেওয়া হবে।” দেশে দ্রুত সেমিকন্ডাক্টর ক্ষেত্রের প্রসার ঘটবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এক বছর আগে লোকে জিজ্ঞেস করতেন, কেন তাঁরা ভারতে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে বিনিয়োগ করবেন। আর এখন তাঁরাই জিজ্ঞেস করেন, কেন বিনিয়োগ করবেন না।”

    সেমিকন্ডাক্টরের ব্যবহার 

    দেশে সেমিকন্ডাক্টর ডিজাইন নিয়ে পাঠক্রম চালু করতে ৩০০টি কলেজকে বেছে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বের প্রতি নিজের কর্তব্য সম্পর্কে ভারত খুবই সচেতন। তাই এই নয়া উদ্যোগে আরও কিছু বন্ধু দেশকে পাশে নিয়ে হাঁটবে তারা।” প্রসঙ্গত, আধুনিক বিশ্বে সেমিকন্ডাক্টরের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। মোবাইল থেকে শুরু করে বিভিন্ন আধুনিক বৈদ্যুতিন যন্ত্রপাতিতে ব্যবহার হয় সেমিকন্ডাক্টর (PM Modi)। তাই এর উৎপাদন বাড়িয়ে আত্মনির্ভর ভারতের স্বপ্ন সফল করতে তৎপর মোদি সরকার।

    আরও পড়ুুন: হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য! রামনবমী মামলা ফিরিয়ে দিলেন বিচারপতি

    ৫ বছরে ভারতে ৩৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে এএমডি

    এদিকে, ভারতে প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর উৎপাদনকারী সংস্থা এএমডি। শুক্রবার সংস্থার তরফে একথা জানানো হয়েছে। আগামী পাঁচ বছর ধরে এই বিনিয়োগ হবে। এজন্য বেঙ্গালুরুতে পাঁচ লক্ষ স্কোয়ার ফুটের আর অ্যান্ড ডি (গবেষণা) ক্যাম্পাস খোলা হবে। এটাই হবে বিশ্বের সর্ববৃহৎ ক্যাম্পাস। চলতি বছর শেষ হওয়ার আগেই এই ক্যাম্পাস খুলে যাবে বলেও আশা প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। তথ্যপ্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, “ভারতে এএমডি যে বৃহত্তম আর অ্যান্ড ডি ডিজাইন সেন্টার খুলতে চলেছে তাকে স্বাগত। ভারত এবং এএমডির যৌথ উদ্যোগে ওই প্রকল্প হচ্ছে। বিশ্বমানের একটি সেমিকন্ডাক্টর ডিজাইন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সেন্টার।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Earthquake: গভীর রাতে দুলে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ! কম্পনের মাত্রা ৬.০

    Earthquake: গভীর রাতে দুলে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ! কম্পনের মাত্রা ৬.০

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার রাতে ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.০। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা এনসিএস জানিয়েছে, শুক্রবার রাত ১টা নাগাদ রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্ব দিকে এই ভূমিকম্প (Earthquake) হয়। এখনও পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর সেভাবে পাওয়া যায়নি। ভূমিকম্পের পর আজ শনিবার আফটার শক হতে পারে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রতিবেদন লেখা পর্যন্ত সেভাবে কোনও ক্ষয়ক্ষতি অথবা প্রাণহানির খবর সামনে আসেনি।

    ভূমিকম্পের (Earthquake) উৎসস্থল

    এনসিএস জানিয়েছে, ভূমিকম্পটির (Earthquake) কেন্দ্র ছিল মাটির ৬৯ কিলোমিটার গভীরে। কিন্তু ভিন্নমত জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। তারা ‘জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)’-কে উদ্ধৃত করে জানিয়েছে যে, মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

    ২০২৩ সালে এই নিয়ে তৃতীয় ভূমিকম্প

    প্রসঙ্গত এটাই প্রথম নয়, চলতি বছরে এই নিয়ে তৃতীয় বার ভূমিকম্প হল আন্দামানে। এর আগে গত জানুয়ারিতে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আন্দামান সাগরে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৯। গত মার্চ মাসেও নিকোবর অঞ্চলে ভূমিকম্প (Earthquake) হয়, রিখটার স্কেলে মাত্রা ছিল ৫। ফের হল জুলাইতে। প্রসঙ্গত, গত ২০২২ সালের জুলাই মাসে ৪ ও ৫ তারিখ কম্পন অনুভূত হয়। প্রথম কম্পন অনুভূত হয়েছিল ৪ জুলাই ৫টা ৪২ মিনিটে। এরপর ৫ জুলাই সকাল থেকে ২১ বার অনুভূত হয় কম্পন।

     

    আরও পড়ুুন: “মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির চক্র চলছে…ফাঁসি হওয়া উচিত ”, বিস্ফোরক রাজ্যপাল

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • SSC: ১৩২৪ জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ স্টাফ সিলেকশন কমিশনে! কীভাবে করবেন আবেদন?

    SSC: ১৩২৪ জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ স্টাফ সিলেকশন কমিশনে! কীভাবে করবেন আবেদন?

    মাধ্যম নিউজ ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! চলতি বছরে স্টাফ সিলেকশন কমিশনে (SSC) বিপুল নিয়োগ হতে চলেছে। কর্মী নিয়োগ হবে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ ও মন্ত্রকে এই নিয়োগ হবে। কমিশনের ওয়েবসাইটে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়াও। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার (SSC) মাধ্যমে। আবেদনের শেষ দিন আগামী ১৬ অগাস্ট।

    একনজরে নিয়োগের খুঁটিনাটি

    শূন্যপদ

    কমিশনের (SSC) বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ১,৩২৪ পদে নিয়োগ করা হবে।

    বয়সসীমা

    দফতর অনুযায়ী বয়সসীমা আলাদা আলাদা রয়েছে। তবে সব বিভাগেই প্রার্থীদের ১৮-৩২ বছরের মধ্যে বয়স হতে হবে। যদিও সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

    বেতনক্রম

    বিজ্ঞপ্তি অনুযায়ী সপ্তম বেতন কমিশনের সুপারিশে মাহিনা পাবেন প্রার্থীরা। সেক্ষেত্রে মাসিক বেতনক্রম হবে ৩৫,৪০০- ১,১২,৪০০ টাকা। 

    শিক্ষাগত যোগ্যতা

    প্রার্থীকে (SSC) অবশ্যই টেকনিক্যাল কোর্সের ছাত্র হতে হবে। সিভিল, ইলেকট্রিক্যাল , মেকানিক্যাল এবং কোয়ানটিটি সার্ভেইং অ্যান্ড কনট্র্যাক্ট বিভাগে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিই/বিটেক পাশের সার্টিফিকেট থাকতে হবে। অথবা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে।

    আবেদন ফি

    সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে এসসি, এসটি সহ অন্যান্যা প্রার্থীদের কোনও আবেদন ফি জমা লাগবে না বলেই জানিয়েছে কমিশন (SSC)।

    পরীক্ষা কবে হবে?

    প্রার্থীদের প্রথমে অনলাইনে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিতে হবে বলে জানিয়েছে কমিশন (SSC)। এরপর সেই পরীক্ষায় পাশ করলে ডেসক্রিপটিভ পরীক্ষায় বসা যাবে এবং পরবর্তী পর্যায়ে নথি যাচাই করা হবে। আবেদনকারীদের অনলাইনে পরীক্ষা হবে ৯, ১০ ও ১১অক্টোবর।

    কীভাবে আবেদন করতে হবে

    ১) প্রথমে এসএসসির (SSC) অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in -তে যেতে হবে।

    ২) এবার হোমপেজে রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করুন।

    ৩) এবার একটি নতুন লগ ইন পেজ খুলে যাবে।

    ৪) নিজের নাম রেজিস্টার করুন এবার।

    ৫) আবেদনপত্র খুলে যাবে তা পূরণ করুন।

    ৬) আবেদন ফি এবং আবেদনপত্র সাবমিট করুন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rahul Gandhi: নির্যাতিতা নাবালিকার পরিচয় প্রকাশ! রাহুলের বিরুদ্ধে আদালতে এনসিপিসিআর

    Rahul Gandhi: নির্যাতিতা নাবালিকার পরিচয় প্রকাশ! রাহুলের বিরুদ্ধে আদালতে এনসিপিসিআর

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘মোদি’ পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেই মামলা নিষ্পত্তি হওয়ার আগেই ফের নয়া অভিযোগ রাহুলের বিরুদ্ধে। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ, নির্যাতিতা এক নাবালিকার পরিচয় প্রকাশ করেছেন রাহুল। ২০২১ সালের ওই ঘটনা সম্পর্কে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন (NCPCR) বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে অভিযোগ দায়ের করেছে রাহুলের বিরুদ্ধে। প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মা ও বিচারপতি সঞ্জীব নারুলার বেঞ্চে জমা দেওয়া হলফনামায় কমিশন জানিয়েছে, ওই দলিত নাবালিকাকে ধর্ষণের পরে খুন করা হয় বলে অভিযোগ। তার বাবা-মায়ের সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করায় রাহুলের বিরুদ্ধে এফআইআর করা উচিত। কমিশনের অভিযোগ, নির্যাতিতার পরিচয় প্রকাশ করে পকসো আইন ভেঙেছেন রাহুল।

    এফআইআর দায়েরের সুপারিশ

    ২০২১ সালে ওই ঘটনার পরেই ট্যুইটারকে চিঠি দিয়েছিল জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। ফেসবুককেও এই মর্মে চিঠি দিয়েছিল তারা। চিঠি পেয়েই রাহুলের (Rahul Gandhi) অ্যাকাউন্ট ব্লক করে দেয় ট্যুইটার। কমিশন জানিয়েছিল, রাহুলের ইনস্টাগ্রাম প্রোফাইলের মাধ্যমে সামনে আসছে নির্যাতিতার পরিচয়। এবার কংগ্রেসের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে এফআইআর দায়েরের সুপারিশ করল কমিশন।

    রাহুলের বিরুদ্ধে অভিযোগ

    ঘটনার সূত্রপাত ২০২১ সালের অগাস্ট মাসে। দক্ষিণ-পশ্চিম দিল্লির ওল্ড নাঙ্গল গ্রাম বছর নয়েকের এক দলিত নাবালিকার অস্বাভাবিক মৃত্যু নিয়ে ব্যাপক হইচই হয়। মৃতের পরিবারের অভিযোগ ছিল, এক পুরোহিত ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করেন। এর পর নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন রাহুল। মৃতের পরিচয় এবং তার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাতের একটি ছবি রাহুল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বলে অভিযোগ। তার জেরেই পদক্ষেপ করল কমিশন।

    আরও পড়ুুন: “মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির চক্র চলছে…ফাঁসি হওয়া উচিত ”, বিস্ফোরক রাজ্যপাল

    এর আগে ২০২১ সালের অক্টোবর মাসে নির্যাতিতার পরিচয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নিয়ে রাহুলের (Rahul Gandhi) বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল দিল্লি হাইকোর্টে। ওই মামলায় ছবিটি পোস্ট করা নিয়ে ট্যুইটারকে নোটিশ দিয়েছিলেন দিল্লি হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিএন প্যাটেল। ঘটনাটি দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেছিলেন প্রধান বিচারপতি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CV Ananda Bose: “মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির চক্র চলছে…ফাঁসি হওয়া উচিত ”, বিস্ফোরক রাজ্যপাল

    CV Ananda Bose: “মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির চক্র চলছে…ফাঁসি হওয়া উচিত ”, বিস্ফোরক রাজ্যপাল

    মাধ্যম নিউজ ডেস্ক: “রাজ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির চক্র চলছে।” শুক্রবার এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। তাঁর অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ ওষুধের ওপর নয়া লেবেল সেঁটে তা বিক্রি করে লাভবান হচ্ছেন এক শ্রেণির ব্যবসায়ী। মেয়াদ উত্তীর্ণ ওষুধ নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা চলছে বলেও মন্তব্য করেন রাজ্যপাল। তাঁর মন্তব্যে তোলপাড় রাজ্য। অভিযোগের তদন্ত হবে বলেও আশ্বাস দেন সিভি আনন্দ বোস।

    রাজ্যপালের দাবি

    এদিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাকিউটিক্যাল এডুকেশন রিসার্চের একাদশতম সমাবর্তনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যপাল। ওই অনুষ্ঠানে তিনি (CV Ananda Bose) বলেন, “রাজভবনে আমার দফতরে একটি ইমেল এসেছে। সেই ইমেলে অভিযোগ করা হয়েছে রাজ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির একটি চক্র চলছে। আপনাদের আশপাশে এই চক্র সক্রিয় রয়েছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধে নয়া লেবেল লাগিয়ে তা বিক্রির জন্য কলকাতায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা কোটি কোটি টাকার ব্যবসা। নতুন ওষুধ হিসেবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে। এই ব্যবসায় নিরীহ মানুষের জীবনহানির সম্ভাবনা রয়েছে। আমি আশ্বাস দিচ্ছি, এই অভিযোগের তদন্ত হবে। এই ব্যবসার সঙ্গে যুক্তদের ফাঁসি দেওয়া উচিত।” প্রসঙ্গত, সম্প্রতি কলকাতা থেকে কোটি কোটি টাকার নকল ওষুধ উদ্ধার করে ড্রাগ কন্ট্রোল ও কলকাতা পুলিশ। কলুতলা স্ট্রিটের একটি বাড়িতে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয় ওই ওষুধ। ওই ঘটনায় অসীম সাধু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

    নিয়োগ নিয়ে রিপোর্ট তলব

    এদিকে, এবার স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিয়ে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল (CV Ananda Bose)। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে এই রিপোর্ট চাওয়া হয়েছে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশের জেরেই রাজ্যপাল এই রিপোর্ট তলব করেছেন। নিয়োগ কেলেঙ্কারির মামলার জেরে প্রায় প্রতিদিনই প্রকাশ্যে আসছে নতুন নতুন তথ্য। এহেন আবহে রাজ্যপাল রিপোর্ট তলব করায় বিষয়টিতে যোগ হল বাড়তি মাত্রা।অসমর্থিত একটি সূত্রের খবর, সম্প্রতি নিয়োগে দুর্নীতি হয়েছে আশঙ্কা করে রাজ্যপালের কাছে চিঠি পাঠান কয়েকজন চিকিৎসক। তার পরেই নিয়োগ নিয়ে রিপোর্ট তলব করেন রাজ্যপাল। ওই চিকিৎসকরা রাজ্যপালকে এও জানিয়েছিলেন, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন পরিচালনার ক্ষেত্রে খামতি রয়েছে।

    আরও পড়ুুন: ‘‘আইপ্যাক-কে ১৫২ কোটির টেন্ডার পাইয়ে দিতে দুর্নীতি করেছেন মমতা’’! বিস্ফোরক শুভেন্দু

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dengue: গ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে বলেই ডেঙ্গির বাড়বাড়ন্ত! যুক্তি ফিরহাদ হাকিমের

    Dengue: গ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে বলেই ডেঙ্গির বাড়বাড়ন্ত! যুক্তি ফিরহাদ হাকিমের

    মাধ্যম নিউজ ডেস্ক: আচমকা ডেঙ্গির (Dengue) বাড়বাড়ন্তে নাজেহাল রাজ্য। আর নিজেদের ব্যর্থতা ঢাকতে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তাবড় নেতা-মন্ত্রীরা এবার এমন সব যুক্তি সামনে আনছেন, যা শুনে অনেকেই আড়ালে মুচকি হাসছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, ডেঙ্গি নাকি আসছে বাংলাদেশ থেকে। দুদিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বাংলাদেশ থেকে যাঁরা আসছেন, তাঁরা এই ডেঙ্গি রোগ বহন করে নিয়ে আসছেন। কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আবার শুক্রবার নতুন তত্ত্ব সামনে আনলেন। তিনি বললেন, রাজ্যে উন্নয়নের জন্যই নাকি দিনকে দিন বেড়ে চলেছে ডেঙ্গির প্রকোপ। সেই কারণেই নাকি এবার ডেঙ্গির প্রকোপ শহরের তুলনায় গ্রামে বেশি।

    কী কী যুক্তি খাড়া করলেন ফিরহাদ?

    বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট বলেছিলেন, রাজ্যে ব্যাপক হারে উন্নয়ন হয়েছে। বাড়ি থেকে বেরলেই দেখতে পাবেন, রাস্তার ওপর উন্নয়ন দাঁড়িয়ে আছে। কিন্তু সেই উন্নয়ন যে এবার কাল হয়ে দাঁড়াবে, সেটা হয়তো একমাত্র ফিরহাদ হাকিম ছাড়া আর কেউই ভাবতে পারেননি। প্রতি বছরের মতো এবছরও বর্ষা আসতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গির আক্রমণ। আর ঠিক এই জায়গা থেকেই শুক্রবার ছিল টক টু মেয়র অনুষ্ঠান। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, শহর কলকাতায় সেই অর্থে এখনও পর্যন্ত ডেঙ্গির (Dengue) প্রকোপ দেখা দেয়নি। এর জন্য এখন থেকেই মানুষকে অনেক বেশি সচেতন হতে হবে। আর এরপরেই তিনি বলেন, শহর কলকাতার থেকে গ্রামীণ অঞ্চলে এখন ডেঙ্গির প্রকোপ মারাত্মকভাবে বেড়ে চলেছে। কারণ, গ্রামাঞ্চলে আগে টিনের চালা বাড়ি বা একচালা বাড়ি থাকতো, এখন সেই সমস্ত বাড়ি আর নেই। এখন সেইসব জায়গায় উন্নয়ন হয়ে যাওয়ার ফলে হয়েছে প্রচুর পরিমাণে পাকা বাড়ি। আগে এমনি নর্দমা থাকত, পাশে গোবর পড়ে থাকত। কিন্তু এখন সেই সব জায়গায় হয়েছে একেবারেই পাকা নর্দমা। যার ফলে এই সমস্ত জায়গায় জল জমছে এবং সেখান থেকেই ডেঙ্গির মশা জন্মগ্রহণ করে ব্যাপক আকার ধারণ করছে, যার ফল অত্যন্ত খারাপ এবং ভয়াবহ।

    উন্নয়নই কি তাহলে কাল হল!

    এতদিন ধরে শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রী থেকে শুরু করে নেত্রী পর্যন্ত সকলেই এক কথায় বলতেন, রাজ্যের উন্নয়ন রাস্তায় বেরলেই দেখা যায়। তার কারণ সে তো আগেই বলে গেছেন অনুব্রত মণ্ডল, “উন্নয়ন দাঁড়িয়ে আছে রাস্তার ওপর”। ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে। তখন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার দলের সকলেই এক সুরে বলে চলেন, আজও রাজ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাহলে এই উন্নয়ন কোন উন্নয়ন? যে উন্নয়নের ফলে এইরকম ভয়াবহ ডেঙ্গির (Dengue) প্রকোপ দিনকে দিন বেড়েই চলে, সেই উন্নয়ন? বিরোধীরা এমনই প্রশ্ন তুলতে শুরু করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Justice Abhijit Gangopadhyay: “যোগী-রাজ্য থেকে বুলডোজার ভাড়া করুন”! পুরসভাকে পরামর্শ হাইকোর্টের

    Justice Abhijit Gangopadhyay: “যোগী-রাজ্য থেকে বুলডোজার ভাড়া করুন”! পুরসভাকে পরামর্শ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: “দরকার পড়লে যোগী আদিত্যনাথের থেকে কিছু বুলডোজার ভাড়া করুন।” শুক্রবার বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলার শুনানিতে কলকাতা পুরসভার আইনজীবীদের উদ্দেশে বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। মানিকতলা থানা এলাকায় বেআইনি নির্মাণের প্রতিবাদে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এক মহিলা। শুনানির সময় তাঁর আইনজীবী বলেন, বেআইনি নির্মাণে বাধা দেওয়ার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই মহিলা। বাড়ি থেকে বের হতে পারছেন না। বিষয়টি শুনে বিরক্ত হন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই মামলায় মানিকতলা থানাক যুক্ত করার নির্দেশও দেন তিনি।

    বিচারপতির পর্যবেক্ষণ 

    বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) পর্যবেক্ষণ, “এরকম একটি দুটি মামলা নয়, এরকম আকছার হচ্ছে।” এর পরেই পুরসভার আইনজীবীকে তিনি বলেন, “প্রয়োজন পড়লে বেআইনি নির্মাণের ওপর বুলডোজার চালিয়ে দিন। প্রয়োজনে যোগী আদিত্যনাথের কাছ থেকে বুলডোজার ভাড়া করে নিয়ে আসুন।” বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, “পুলিশ ও পুরসভার সদিচ্ছা থাকলেও, তাঁরা অনেক সময় কাজ করতে পারেন না। কারণ তাঁদের অন্য চাপের মুখে কাজ করতে হয়।” তিনি বলেন, “পুলিশ আর পুরসভা নিয়ে আমি কিছু বলব না। আমি জানি, তাদের কী বাহ্যিক চাপের মুখে কাজ করতে হয়।” বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, “কোনও গুন্ডামি বরদাস্ত করা হবে না। গুন্ডাদের কীভাবে শায়েস্তা করতে হয় আমি জানি। গুন্ডাদমন শাখার আধিকারিকরা জানেন, কীভাবে গুন্ডাদের শায়েস্তা করতে হয়।”

    ‘বুলডোজার নীতি’

    বেআইনি নির্মাণ ভাঙতে সম্প্রতি কানপুর, সাহারানপুর এবং প্রয়াগরাজের বিভিন্ন এলাকায় চালানো হয় বুলডোজার। যোগী সরকারের বুলডোজার নীতি নিয়ে ওঠে সমালোচনার ঝড়। সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখেও পড়ে উত্তর প্রদেশ সরকারের ওই নীতি। তা সত্ত্বেও এদিন টানা হল যোগী সরকারের বুলডোজার নীতির প্রসঙ্গ। কলকাতা পুরসভা (Justice Abhijit Gangopadhyay) এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগ ভুরি ভুরি। বছরের পর বছর ধরে মামলা চললেও, সেগুলির নিষ্পত্তি হচ্ছে না বলে অভিযোগ। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, বেআইনি নির্মাণগুলির বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার বিষয়টি বোঝাতে গিয়েই সম্ভবত যোগীর বুলডোজার নীতির প্রসঙ্গ টেনেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

    আরও পড়ুুন: “নাটক করা আপনাদের অভ্যাস”, তৃণমূলের ডেরেককে বললেন ধনখড়

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rajya Sabha: “নাটক করা আপনাদের অভ্যাস”, তৃণমূলের ডেরেককে বললেন ধনখড়

    Rajya Sabha: “নাটক করা আপনাদের অভ্যাস”, তৃণমূলের ডেরেককে বললেন ধনখড়

    মাধ্যম নিউজ ডেস্ক: মণিপুরকাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতির দাবিতে বিরোধীদের হট্টগোলের জেরে শুক্রবারও মুলতুবি হয়ে গেল রাজ্যসভার (Rajya Sabha) অধিবেশন। শোরগোলের জেরে মুলতুবি হয়ে গিয়েছে লোকসভাও। এই দাবিতে এনিয়ে টানা ষষ্ঠ দিন মুলতুবি হয়ে গেল সংসদের বাদল অধিবেশন। এই হট্টগোলের আবহেই লোকসভায় খনি ও খনিজ সম্পদ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) সংশোধনী বিল পাশ করিয়ে নিল সরকার।

    ধ্বনি ভোটে পাশ বিল

    খনি বিল পাশ হয় ধ্বনি ভোটে। ২০১৫ সাল থেকে এই বিলের একাধিক ধারা নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন বিরোধীরা। খনি বিলের পাশাপাশি এদিন লোকসভায় ধ্বনি ভোটে পাশ হয়েছে আরও দুটি বিল। একটি হল জাতীয় নার্সিং কমিশন বিল, অন্যটি জাতীয় ডেন্টাল কমিশন বিল। এদিন মুলতুবি হওয়ার আগে বিতণ্ডায় জড়িয়ে পড়েন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার (Rajya Sabha) চেয়ারম্যান জগদীপ ধনখড় ও সাংসদ তৃণমূলের ডেরেক ও’ ব্রায়েন। ডেরেকের উদ্দেশে ধনখড়কে বলতে শোনা যায়, “নাটক করা আপনাদের অভ্যাস হয়ে গিয়েছে।” তাঁকে এও বলতে শোনা যায়, “আমাকে এত বোঝানোর কোনও প্রয়োজন নেই।”

    হট্টগোলের সূত্রপাত 

    প্রসঙ্গত, মণিপুরে দুই তরুণীকে বিবস্ত্র করে ঘোরানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। তার পরেই মণিপুরের ঘটনায় প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে বিজেপি বিরোধী বিভিন্ন দল। বাদল অধিবেশনের শুরুতেই ২৬৭ ধারায় মণিপুরের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনার দাবিতে নোটিশ দিয়েছিল (Rajya Sabha) কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল। তবে তাতে রাজি হয়নি মোদি সরকার। কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী ২৬৭ ধারার পরিবর্তে আলোচনা চান ১৭৬ ধারায়।

    আরও পড়ুুন: আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিজেপির তিন সহ ৪ জয়ী প্রার্থীকে অপহরণ! কাঠগড়ায় তৃণমূল

    এদিন রাজ্যসভার চেয়ারম্যান ধনখড়ও জানিয়েছিলেন মণিপুর নিয়ে আলোচনা হতে কোনও আপত্তি নেই। তবে কোন ধারায় আলোচনা হবে, তা নিয়ে কিছু বলেননি তিনি। এ থেকেই শুরু বিতণ্ডার। এদিনও  নাগাড়ে ডেস্ক চাপড়াতে দেখা যায় তৃণমূলের ডেরেককে। তখনই রাজ্যসভার চেয়ারম্যান বলেন, ডেস্ক চাপড়ানো বন্ধ করুন। চেয়ারকে সম্মান করুন। তার পরেও ডেরেককে দমানো যায়নি। এমতাবস্থায় এদিনের মতো মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার (Rajya Sabha) অধিবেশন। শনি ও রবিবার বন্ধ থাকায় সংসদের অধিবেশন ফের হবে ৩১ জুলাই, সোমবার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • WBBPE: ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

    WBBPE: ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২ সালের প্রাথমিক নিয়োগ (WBBPE) প্রক্রিয়া স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার এই অন্তবর্তী স্থগিতাদেশ দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কুহেলি, বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের ফলে প্রায় ১২ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আপাতত বিশ বাঁও জলে। 

    ১২ হাজারের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল

    প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালের টেট উত্তীর্ণদের (WBBPE) মধ্যে প্রায় ১২ হাজারের নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছিল। অন্যদিকে ২০২০-২২ শিক্ষাবর্ষে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরাও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই নিয়োগ প্রক্রিয়াতে অংশ নেওয়ার আর্জি নিয়ে। তাঁদের বক্তব্য, প্রশিক্ষণের (WBBPE) কোর্স যে শেষ হয়নি, তার দায় পর্ষদের। তাঁরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চান। এই মর্মে আগেই  কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় তাঁদের অংশ নিতে দিতে হবে। এরপরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০২০-২২ সালের টেট উত্তীর্ণদের যাবতীয় তথ্য জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল।

    মামলা গড়ায় সুপ্রিম কোর্টে

    বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই রায়েকে চ্যালেঞ্জ জানায় ২০২০ সালের আগের প্রশিক্ষণপ্রাপ্তরা। নির্ধারিত কোর্স শেষ না করে কেন এই প্রার্থীদের পরীক্ষায় বসার অনুমতি দিয়েছে বোর্ড (WBBPE)? এই নিয়ে প্রশ্ন তুলে ২০২০ সালের আগের প্রশিক্ষণপ্রাপ্তরা ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। এই মর্মে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল কোর্স শেষ না হওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়াতে অংশ নেওয়া যাবে না। পরবর্তীতে ডিভিশন বেঞ্চের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান চাকরিপ্রার্থীদের একাংশ যাঁদের বেশিরভাগই ২০২০-২২ সালের প্রশিক্ষণ (WBBPE) নিয়েছিলেন। এই মর্মে শুক্রবার উল্লেখযোগ্য নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, আগে এই ২০২০-২২ সালের প্রশিক্ষণরতরা নিয়োগ প্রক্রিয়াতে অংশ নিতে পারবেন কিনা সেই বিষয়ে নির্দেশ দেবে আদালত। তারপর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তার আগে পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Heavy Rain: ভারী বৃষ্টির জের! বিপর্যস্ত উত্তরাখণ্ড ও হিমাচল, তেলঙ্গানায় মৃত ৯

    Heavy Rain: ভারী বৃষ্টির জের! বিপর্যস্ত উত্তরাখণ্ড ও হিমাচল, তেলঙ্গানায় মৃত ৯

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিতে (Heavy Rain) বিপর্যস্ত জনজীবনের চিত্র যেন কিছুতেই বদলাচ্ছেনা। শুক্রবার সকালেও দেবভূমির বেশ কিছু জায়গায় ধস নামার খবর মিলেছে। ধসের কারণে গঙ্গোত্রী এবং যমুনোত্রী জাতীয় সড়কের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। একই চিত্র হিমাচলেরও। সেখানেও ধস নেমেছে। যার জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে জাতীয় সড়ক। অন্যদিকে দক্ষিণ ভারতের তেলঙ্গানা রাজ্যেও একই পরিস্থিতি। একাধিক নদী সেখানে বিপদসীমা অতিক্রম করে বইছে। ইতিমধ্যে সেখানে ১৯০০ বন্যা (Heavy Rain) দুর্গতকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা দফতর। সবমিলিয়ে তেলঙ্গানার পরিস্থিতি বেশ খারাপ।

    ধসের কারণে উত্তরাখণ্ড ও হিমাচলে বন্ধ একাধিক গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক

    উত্তরাখণ্ডে ধস ক্রমশই সেখানকার জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এ প্রসঙ্গে সে রাজ্য়ের বিপর্যয় মোকাবিলা দফতরের এক আধিকারিক বলেন, ‘‘বিভিন্ন এলাকায় ধস নামায় এবং রাস্তার উপর ধ্বংসস্তূপ এসে পড়ায় শুক্রবার সকালে অবরুদ্ধ হয়ে পড়েছে গঙ্গোত্রী এবং যমুনোত্রী জাতীয় সড়ক। ধ্বংসস্তূপ পড়ায় ধরসু এলাকায় বন্ধ করা হয়েছে গঙ্গোত্রী জাতীয় সড়ক।’’ ভারী বৃষ্টি (Heavy Rain), ধস, মেঘভাঙা বৃষ্টি, বন্যার জেরে একেবারে বিপর্যস্ত দেবভূমি। অন্যদিকে একই ছবি হিমাচলপ্রদেশেও দেখা যাচ্ছে। কয়েকটি সংবাদ সংস্থার দাবি, ভারী বৃষ্টিতে ধস নামছে ব্যাপক। যার জেরে শিমলা এবং কিন্নর জেলায় ৫ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। গত মঙ্গলবার কুলুতে মেঘভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানা গিয়েছে। এর জেরে দু’টি সেতু জলের তোড়ে ভেসে গিয়েছে। তবে হতাহতের খবর মেলেনি।

    বন্যায় বিপর্যস্ত তেলঙ্গানা

    ভারী বর্ষণের (Heavy Rain) জেরে তেলঙ্গানার বহু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক নদী বিপদসীমা পেরিয়ে জনপদে চলে এসেছে। রাজ্যের কয়েকটি সংবাদ সংস্থা জানিয়েছে, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হয়ে রয়েছে রাজ্যের জয়শঙ্কর ভূপালপল্লি জেলাতে। এই জেলার স্থানীয় গ্রাম মোরাঞ্চাপল্লি বর্তমানে ১৫ ফুট জলের নিচে চলে গিয়েছে। অবস্থা এমন দাঁড়িয়েছে, প্রাণ বাঁচাতে বহু মানুষ গাছের উপরে, বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন। বন্যার কারণে গতকাল থেকে ৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। সে রাজ্যে হনুমানকোণ্ডায় বি প্রেম সাগর নামে এক কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে বলে খবর। জলমগ্ন রাস্তা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাওয়াতেই এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতেই এনডিআরএফ এর দল উদ্ধারের কাজে নামে মোরাঞ্চাপল্লি গ্রামে। বায়ুসেনার দু’টি হেলিকপ্টারও নামাতে হয় দুর্গতদের উদ্ধার (Heavy Rain) করতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share