Tag: Bengali news

Bengali news

  • Panchayat Election 2023: হাইকোর্টের বাহিনী-নির্দেশের পরই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল শুভেন্দুর

    Panchayat Election 2023: হাইকোর্টের বাহিনী-নির্দেশের পরই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা নিয়ে বুধবার যে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই প্রেক্ষিতে ফের সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্টের দেওয়া বাহিনী সংক্রান্ত নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টে যেতে পারে কমিশন, রাজ্যও। তা আঁচ করে আগেভাগেই ক্যাভিয়েট দাখিল করলেন শুভেন্দু।

    আগেও হয়েছে। এবারও হতে পারে!

    আগেও হয়েছে। এবারও হতে পারে! সাম্প্রতিক অতীতে একাধিকবার দেখা গিয়েছে, হাইকোর্টের কোনও রায় বিপক্ষে গেলেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দুয়ারে পৌঁছে যাচ্ছে। একই কথা প্রযোজ্য হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের ক্ষেত্রেও। গত সপ্তাহে রাজ্যের সর্বত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) করানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে পৌঁছে যায় রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন– দুজনই। যদিও, মঙ্গলবার সেখানেও ধাক্কা খেতে হয়েছে। হাইকোর্টের রায়ে কোনও রকম হস্তক্ষেপ করতে রাজি হয়নি সু্প্রিম কোর্ট। 

    আরও পড়ুন: নাটকীয় পরিবর্তন! রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়ে দিলেন রাজ্যপাল

    এরপর বুধবার রাজ্য নির্বাচন কমিশনকে দেওয়া আরেকটি নির্দেশে হাইকোর্ট জানিয়েছে, ২০১৩ সালের পঞ্চায়েতে যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল, তার থেকে এবারের নির্বাচনে (Panchayat Election 2023)  কোনওভাবে কম বাহিনী মোতায়েন করা চলবে না। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশনকে পঞ্চায়েত ভোটের জন্য ন্যূনতম ৮২ হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দিয়েছিল। 

    ক্যাভিয়েট করে রাখলে কী লাভ?

    এই প্রেক্ষিতে, বিরোধীদের তরফ থেকে মনে করা হচ্ছে, এই রায়ের বিরুদ্ধে আরও একবার সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে রাজ্য ও রাজ্যের নির্বাচন কমিশন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আশঙ্কা করছেন, এই রায়ের বিরুদ্ধেও সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন। অন্তত, বিগত ঘটনাবলির প্রেক্ষিতে যাওয়ার সম্ভাবনা প্রবল। সে ক্ষেত্রে দেশের শীর্ষ আদালত যাতে একপাক্ষিক ভাবে রাজ্য বা কমিশনের বক্তব্য শুনে কোনও নির্দেশ না দেয়, তার জন্যই ক্যাভিয়েট দাখিল করে রাখলেন শুভেন্দু। তাঁর বক্তব্য, যদি কমিশন সুপ্রিম কোর্টে গিয়েও থাকে, তাহলে যেন বিরোধীদের কথা না শুনে, কেবল এক পক্ষের কথা শুনেই বিবেচনা করে সিদ্ধান্ত না নেন বিচারপতি। 

    হাইকোর্টের তিরস্কার রাজ্য নির্বাচন কমিশনকে

    প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে হাইকোর্টের নির্দেশ পালন করা হয়নি এই অভিযোগে কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিলেন বিরোধীরা। বিজেপির তরফে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু ওই মামলা করেন। বুধবারের শুনানিতে পঞ্চায়েত নির্বাচনে হিংসা-অশান্তি রুখতে কমিশনের ভূমিকা নিয়ে কার্যত তিরস্কার করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এমনকি, বিচারপতি এও মন্তব্য করেন, ‘‘দায়িত্ব সামলাতে না পারলে কমিশনার পদ থেকে সরে যান।’’ আদালতের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ কারণ, বিরোধীরা প্রথম থেকে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • International Yoga Day: “যোগের কোনও কপিরাইট নেই, নেই পেটেন্ট, রয়্যাল্টিও”, যোগ দিবসে বললেন মোদি

    International Yoga Day: “যোগের কোনও কপিরাইট নেই, নেই পেটেন্ট, রয়্যাল্টিও”, যোগ দিবসে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “যোগের কোনও কপিরাইট নেই, নেই পেটেন্ট, রয়্যাল্টিও নেই। এটা জীবনে চলার একটি পথ।” ২১ জুন বিশ্ব যোগ দিবসে (International Yoga Day) কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পূর্ব নির্ধারিত সূচি মেনেই এদিন স্থানীয় সময় সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত যোগ দিবস পালিত হয় নিউইয়র্কে রাষ্ট্রসংঘের উত্তর লনে। এদিনের অনুষ্ঠানে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে যোগ দিলেন বিশ্বের ১৮০টি দেশের প্রতিনিধিরাও।

    যোগ শিবিরে চাঁদের হাট

    এদিনের যোগাভ্যাস শিবিরে যোগ দেন কূটনীতিক, শিল্পী, শিক্ষাবিদ সহ বিভিন্ন পেশার খ্যাতনাম্নীরা। এঁদের মধ্যে ছিলেন নিউইয়র্ক শহরের মেয়র, তিনবারের জার্মানি বিজয়ী রিকি কেজ, সঙ্গীত শিল্পী ফাল্গুনি শাহ, অভিনেতা রিচার্ড গেরে এবং প্রিয়ঙ্কা চোপড়াও। রাষ্ট্রসংঘের শীর্ষ কর্তারাও যোগাভ্যাস করেন। যোগাভ্যাসের এই অনুষ্ঠান নাম তুলে ফেলল গিনেস বুক ও ওয়ার্ল্ড রেকর্ডে। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “যোগের কোনও কপিরাইট নেই, নেই পেটেন্ট, রয়্যাল্টিও নেই। এটা জীবনের একটি পথ। যোগ নমনীয়, আপনি একা অনুশীলন করতে পারেন। দলবদ্ধভাবে অনুশীলন করতে পারেন। কোনও যোগ শিক্ষকের কাছে শিখতে পারেন, নিজে নিজেও শিখে নিতে পারেন। ভারতীয় সংস্কৃতির অঙ্গ হলেও, যোগ প্রকৃতই আন্তর্জাতিক (International Yoga Day)। এটি সব জাতিসত্তা, বিশ্বাস এবং সংস্কৃতির জন্য।”

    “যোগ মানে ঐক্য”

    তিনি বলেন, “যোগ মানে ঐক্য। আমরা এই যে একত্রিত হয়েছি, সেটাও এক ধরনের যোগ। যোগাভ্যাসের কোনও বয়স হয় না, লিঙ্গভেদও নেই। শরীর সুস্থ রাখতে যে কোনও বয়স এবং লিঙ্গের মানুষই যোগাভ্যাস করতে পারেন।” প্রধানমন্ত্রী বলেন, “যোগ জীবনে চলার একটা পথ। সুস্বাস্থ্যের জন্য এর অনুশীলন প্রয়োজন। চেতনার সঙ্গে কর্মের ঐক্যসাধন করে যোগ। যোগ একটা পথ যেখানে নিজের সঙ্গে, অন্যের সঙ্গে এবং প্রকৃতির সঙ্গে একাত্মতা অনুভব করা যায়।” তিনি বলেন, “যোগ বন্ধুত্বের (International Yoga Day) সেতুবন্ধন করে। এই বন্ধুত্বের মাধ্যমে গড়ে তোলা যায় শান্তিপূর্ণ, সুন্দর এবং সবুজ পৃথিবী। সুরক্ষিত ভবিষ্যতের জন্যও যোগাভ্যাসের প্রয়োজন। তাই আসুন, আমরা হাত মেলাই এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যতের লক্ষ্যে।”

    যোগের ভূয়সী প্রশংসা করেছেন নিউইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামসও। তিনি বলেন, “যোগাসন অনুশীনের পর আমাদের কাজ হল অন্যকে অনুশীলন করানো। আমরা যোগ অনুশীলন করি। যোগ থেকে আমরা যা শিখি তা আমাদের জীবনে কাজে লাগাই।” রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ বলেন, “এই দিনটি ভীষণ স্পেশাল। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই প্রথম ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণার আর্জি জানিয়েছিলন রাষ্ট্রসংঘে।”

    আরও পড়ুুন: মকর সংক্রান্তির দিন অযোধ্যার রামমন্দিরে প্রতিষ্ঠিত হবেন রামলালা, আমন্ত্রণ প্রধানমন্ত্রীকে

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে জানেন?

    Weather Update: দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দিন কয়েক হল বর্ষা (Weather Update) ঢুকেছে রাজ্যে। তার জেরে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ব্যাপক বৃষ্টি হচ্ছে। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় চলছিল তাপপ্রবাহ। বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছিল বটে, তবে তা রাজ্যের সর্বত্র নয়। তাই তাপমাত্রার পারদও তেমন নামেনি। যার নিট ফল, দুঃসহ গরমে রাজ্যবাসীর চরম ভোগান্তি। তবে রাজ্যে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় আবহাওয়া কিছুটা হলেও সহনীয় হয়েছে। আজ, বুধবার বৃষ্টি হয়েছে কলকাতায়। বয়েছে ঝোড়ো হাওয়াও। এমতাবস্থায় দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

    বেশি বৃষ্টির পূর্বাভাস 

    বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (Weather Update) বৃষ্টি একটু বেশিই হতে পারে। আকাশ থাকবে আংশিক মেঘলা। তাই নামবে তাপমাত্রার পারাও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণের বেশিরভাগ জেলায় বর্ষা প্রবেশ করলেও, বাকি রয়েছে পশ্চিমের জেলাগুলির একটা অংশ। দু তিন দিনের মধ্যে বর্ষা ঢুকে যাবে ওই জায়গাগুলিতেও।

    উত্তরে লাল সতর্কতা

    হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে বুধ ও বৃহস্পতিবারের জন্য উত্তরের জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় বৃহস্পতিবার পর্যন্ত জারি করা হয়েছে লাল সতর্কতা।

    এদিকে, গত কয়েকদিন মুষলধারে (Weather Update) বৃষ্টি হয়েছে উত্তরের বিভিন্ন জেলায়। দার্জিলিং সহ বিভিন্ন জেলার পরিস্থিতি ভয়াবহ। নাগাড়ে বৃষ্টির জেরে উত্তরের জেলাগুলিতে বেড়ে গিয়েছে নদীর জলস্তর। দিন দুয়েকের মধ্যে জলস্তর আরও বাড়তে পারে। টানা বৃষ্টির জেরে ভূমিধসের আশঙ্কা জোরালো হচ্ছে দার্জিলিং ও কালিম্পংয়ের বিভিন্ন এলাকায়।

    আরও পড়ুুন: “২০১৩-র চেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট”, কড়া নির্দেশ হাইকোর্টের

    আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার দফায় দফায় বৃষ্টি হতে পারে কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে। সেই বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত। আগামী কয়েক ঘণ্টার জন্য দক্ষিণের সব জেলার জন্যই জারি হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতার পাশাপাশি বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায়। এই জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Mandir: মকর সংক্রান্তির দিন অযোধ্যার রামমন্দিরে প্রতিষ্ঠিত হবেন রামলালা, আমন্ত্রণ প্রধানমন্ত্রীকে

    Ram Mandir: মকর সংক্রান্তির দিন অযোধ্যার রামমন্দিরে প্রতিষ্ঠিত হবেন রামলালা, আমন্ত্রণ প্রধানমন্ত্রীকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি। হিন্দুদের কাছে দিনটি অত্যন্ত পবিত্র। পবিত্র এই দিনেই অযোধ্যার রামমন্দিরের (Ram Mandir) গর্ভগৃহে স্থাপন করা হবে রামলালার মূর্তি। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রামমন্দির নির্মাণ ট্রাস্টের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। মঙ্গলবার এ কথা জানান ট্রাস্টের চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। তিনি বলেন, ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া ওই অনুষ্ঠান চলবে ১০ দিন ধরে। ভক্তদের কথা মাথায় রেখে মূর্তি স্থাপনের এই অনুষ্ঠান যাতে দেশ-বিদেশে সম্প্রচার করা হয়, তার চেষ্টাও হবে বলে জানান নৃপেন।  

    মন্দির নির্মাণের অগ্রগতি

    অক্টোবরের মধ্যেই মন্দির নির্মাণের সিংহভাগ কাজ শেষ হয়ে যাবে বলেও জানান তিনি। মন্দির (Ram Mandir) নির্মাণের কাজ যে ২০২৪ সালের ১ জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে চলতি বছরের জানুয়ারি মাসেই সেই ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ত্রিপুরা সফরে গিয়ে তিনি বলেছিলেন, রামমন্দির নির্মাণের কাজ ২০২৪ সালের ১ জানুয়ারির মধ্যেই সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। চারতলার ওই মন্দিরের একতলার কাজ চলতি মাসেই শেষ হয়েছে বলেও জানান নৃপেন্দ্র। তিনি বলেন, এই তলটি রাম কথা শোনানোর জন্য সংরক্ষণ করে রাখা হবে।

    মন্দিরের নকশা

    ২০২০ সালের ৫ অগাস্ট রামমন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছর মোদি সরকারের ৯ বছর পূর্তি। সেই উপলক্ষে আয়োজিত এক সভায় নির্মীয়মাণ রামমন্দিরের ছবি দেখিয়ে জানানো হয়েছিল, আগামী বছরই মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। সেই মতোই জোরকদমে চলছে কাজ। মন্দিরের নকশা দেখিয়ে নৃপেন্দ্র জানান, ৩৬০*২৩৫ ফুটের রাম মন্দিরের (Ram Mandir) প্রথম তলে স্তম্ভ থাকবে ১৬০টি। দ্বিতীয় তলে স্তম্ভের সংখ্যা ১৩২টি। আর তৃতীয় তলে স্তম্ভ থাকবে ৭৪টি। মন্দিরে মণ্ডপ থাকবে পাঁচটি।

    আরও পড়ুুন: “২০১৩-র চেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট”, কড়া নির্দেশ হাইকোর্টের

    সেগুন কাঠের দরজা থাকবে ৪৬টি। মন্দিরে ইট কিংবা স্টিল ব্যবহার করা হচ্ছে না। রাজস্থান থেকে আনানো গোলাপি রংয়ের বেলেপাথর ও মার্বেল বসানো হচ্ছে দেওয়ালে। মন্দিরের জন্য কর্নাটক থেকে আনানো হয়েছে গ্রানাইট। মন্দিরের গর্ভগৃহে ব্যবহার করা হচ্ছে রাজস্থান থেকে আনা সাদা মার্বেল পাথর। গর্ভগৃহের দরজাটি হবে সোনায় মোড়ানো। মন্দিরের দেওয়ালে আঁকা থাকবে রামায়নের কাহিনি। তিনটি দরজা ও মন্দিরের চূড়াও হবে সোনায় মোড়া।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Panchayat Election 2023: “২০১৩-র চেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট”, কড়া নির্দেশ হাইকোর্টের

    Panchayat Election 2023: “২০১৩-র চেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট”, কড়া নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) করতে হবে। এই মর্মে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। মুখ পুড়েছে সেখানেও। রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানোর যে রায় হাইকোর্ট দিয়েছিল, তা বহাল রাখে দেশের শীর্ষ আদালতও।

    নামকাওয়াস্তে কেন্দ্রীয় বাহিনী চাওয়া

    আদালত অবমাননা এড়াতে রাজ্যের প্রতিটি জেলার জন্য এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানায় রাজ্য। নামকাওয়াস্তে কেন্দ্রীয় বাহিনী চাওয়ায় ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধীরা। বুধবার সেই মামলায় আদালতের নির্দেশ, “২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে যে সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তার চেয়ে কম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা চলবে না।” বিজেপির তরফে আদালতকে জানানো হয়েছিল, ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) রাজ্যে মোতায়েন করা হয়েছিল ৮২ হাজার কেন্দ্রীয় বাহিনী।

    প্রধান বিচারপতির নির্দেশ

    এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, “এ বারের পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তার জন্যও ওই সংখ্যক বা তার বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। কমিশন ২২টি জেলার জন্য যে ২২ কোম্পানি অর্থাৎ ২২০০ আধা সেনা মোতায়েনের কথা বলছে, তা করলে চলবে না।”

    স্পেশালাইজড ফোর্স

    প্রসঙ্গত, রাজ্যের ৫ কোটি ৬৭ লক্ষ ভোটারের নিরাপত্তায় মাত্র ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। এছাড়া রাজ্যের ৬ জেলায় ১ কোম্পানি করে রাজ্যের স্পেশালাইজড ফোর্স মোতায়েনের সিদ্ধান্তও নিয়েছে কমিশন। রাজ্যের এই ৬টি জেলা হল বীরভূম, কোচবিহার, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। কমিশনের সিদ্ধান্ত, এই জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সঙ্গে থাকবে রাজ্যের স্পেশালাইজড ফোর্স। ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) নিরাপত্তায় মোতায়েন ছিল ৮২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। চলতি বছর নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরে রাজ্যে অশান্তি শুরু হওয়ার পরেও ২২টি জেলার জন্য মাত্র ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়ায় ওঠে প্রশ্ন।

    আরও পড়ুুন: বোমা ফেটে জখম ৫, রাজ্যের রিপোর্ট তলব জাতীয় শিশু সুরক্ষা কমিশনের

    এদিন মামলার শুরুতেই প্রধান বিচারপতি কমিশনকে বলেন, “বলতে বাধ্য হচ্ছি এত কিছু পরে কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ থাকছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে হচ্ছে। আপনারা দয়া করে হাইকোর্টের নির্দেশ পালন করুন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: বোমা ফেটে জখম ৫, রাজ্যের রিপোর্ট তলব জাতীয় শিশু সুরক্ষা কমিশনের

    Panchayat Election 2023: বোমা ফেটে জখম ৫, রাজ্যের রিপোর্ট তলব জাতীয় শিশু সুরক্ষা কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) আগে রাজ্যের যত্রতত্র বোমা তৈরি হচ্ছে বলে অভিযোগ। বড়দের পাশাপাশি তার মাশুল গুণতে হচ্ছে শিশুদেরও। এই যেমন হল মুর্শিদাবাদের (Murshidabad) জঙ্গিপুরে। সোমবার আমবাগানে পড়ে থাকা একটা গোলাকার বস্তুকে বল ভেবে খেলতে গিয়ে বোমার ঘায়ে জখম হয়েছে ৫ শিশু। তার মধ্যে একজনের অবস্থ আশঙ্কাজনক। কীভাবে ওই ৫ শিশু বোমার ঘায়ে জখম হল, তা জানতে মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। জাতীয় শিশু সুরক্ষা আইনে ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে জবাব চাওয়া হয়েছে রাজ্যের কাছে। তলব করা হয়েছে অ্যাকশন টেকেন রিপোর্টও। অকুস্থল পরিদর্শন করতে বাংলায় আসতে চায় কমিশনের বিশেষ টিম। সেই অনুমতিও চাওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের কাছে।  

    জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চিঠি

    জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফে দুটি চিঠি লেখা হয়েছে। একটি রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। তাতে লেখা হয়েছে, “মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকায় বল ভেবে (Panchayat Election 2023) বোমা নিয়ে খেলতে গিয়ে ৭ থেকে ১১ বছর বয়সি ৫ শিশু জখম হয়েছে। তারা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।” ঘটনাটিকে গুরুতর ‘শিশু অধিকার লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করে কমিশনের আর্জি, স্বতঃপ্রণোদিত তদন্ত করুক রাজ্য। জখম শিশুদের দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা এবং দোষীদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেওয়ার বার্তাও দেওয়া হয়েছে রাজ্যকে।

    রাজ্যের রিপোর্ট তলব

    ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্টও তলব করা হয়েছে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণায় হওয়ায় লাগু হয়েছে আদর্শ নির্বাচনী আচরণ বিধি। তাই রাজ্যে আসার জন্য নির্বাচন কমিশনের অনুমতিও চেয়েছে শিশু সুরক্ষা কমিশন। নির্বাচন (Panchayat Election 2023) কমিশনকে দেওয়া চিঠিতে জাতীয় শিশু সুরক্ষা কমিশন বলেছে, প্রয়োজনীয় পদক্ষেপ করে আমাদের টিমকে ঘটনাস্থলে যেতে দেওয়া হোক।

    আরও পড়ুুন: হুমায়ুনের পর এবার বিদ্রোহী মনোরঞ্জন! ছাড়লেন দলীয় পদ

    ফরাক্কার ইমামনগর এলাকার একটি বাগানে খেলা করছিল ৫ শিশু। তাদেরই একজনের নজরে পড়ে বলের মতো গোলাকার একটি বস্তু। তাতে সজোরে লাথি মারে শিশুটি। কান ফাটানো আওয়াজ করে ফেটে যায় তাজা বোমাটি। জখম হয় পাঁচজনেই। দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাঠানো হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • 26/11 Attack: ফের ভেটো চিনের, ‘আন্তর্জাতিক জঙ্গি’ ঘোষণা করা গেল না সাজিদ মিরকে

    26/11 Attack: ফের ভেটো চিনের, ‘আন্তর্জাতিক জঙ্গি’ ঘোষণা করা গেল না সাজিদ মিরকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের চিনের (China) ভেটোয় আটকে গেল লস্কর-ই-তৈবা নেতা সাজিদ মিরকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ ঘোষণার প্রস্তাব পাশ। মুম্বইয়ে ২৬/১১ সন্ত্রাসের (26 /11 Attack) অন্যতম মূল চক্রী এই সাজিদ। মঙ্গলবার নিরাপত্তা পরিষদে তাকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার প্রস্তাব পাশ করাতে চেয়েছিল ভারত ও আমেরিকা। বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় চিনের ভেটো প্রয়োগের ক্ষমতা। তার জেরে আটকে গিয়েছে এই ইন্দো-মার্কিন উদ্যোগ। অথচ সাজিদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করা হলে বাজেয়াপ্ত করা যেত তার সম্পত্তি। বাইরে যাতায়াতেও জারি হত নিষেধাজ্ঞা। বেজিংয়ের বাধায় ভেস্তে গেল নয়াদিল্লি-ওয়াশিটনের সেই পরিকল্পনা।

    সাজিদের কীর্তি

    কেবল মুম্বই হামলা নয়, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এবং ডেনমার্কেও নানা হামলার নেপথ্যে সাজিদ রয়েছে বলে অভিযোগ খোদ আমেরিকার। ২০১১ সালের ২১ এপ্রিল আমেরিকার এক আদালত সাজিদকে অভিযুক্তও করে একাধিক হামলার ঘটনায়। সেই মামলায় বলা হয়েছিল, ২৬/১১-র ঘটনায়ও (26 /11 Attack) বিদেশিদের আটকে রাখার নির্দেশ দিয়েছিল সাজিদ। বন্দিদের হত্যার নির্দেশও দিয়েছিল সে। তার পর থেকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেডের তালিকায় রয়েছে সাজিদের নাম। আমেরিকা সাজিদের মাথার দাম ঘোষণা করেছিল ৫০ লক্ষ ডলার।

    জঙ্গিদের আর্থিক সাহায্য

    কেবল আমেরিকায় নয়, পাকিস্তানের একটি মামলায়ও সাজা দেওয়া হয়েছিল সাজিদকে। জঙ্গিদের আর্থিক সাহায্যের মামলায় ২০২২ সালের জুন মাসে সাজিদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছিল পাকিস্তানের আদালত। আন্তর্জাতিক মহলের একাংশের মতে, এফএএফটির ধূসর তালিকা থেকে দেশের নাম সরাতে সাজিদকে কারাদণ্ড দিয়েছিল ঋণে জর্জরিত পাকিস্তান। এহেন সাজিদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার ইন্দো-মার্কিন প্রস্তাব পাশে বাধা হয়ে দাঁড়াল বেজিং। অবশ্য এই প্রথম নয়, গত বছরও সাজিদের বিরুদ্ধে আনা প্রস্তাবের বিরোধিতা করেছিল শি জিনপিংয়ের সরকার।

    প্রসঙ্গত, ২০০৮ সালের ২৬ নভেম্বর প্রথম বাণিজ্যনগরীতে হামলা চালায় পাকিস্তান থেকে আসা জঙ্গিরা। জলপথে মুম্বইয়ে ঢুকে পড়ে ১০টিরও বেশি জায়গায় হামলা চালায় তারা। ২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত জঙ্গি (26 /11 Attack) হামলায় নিহত হয়েছিলেন ১৬৪ জন। এঁদের মধ্যে ছিলেন ২৮ জন বিদেশিও। রক্তে লাল হয়ে গিয়েছিল আরব সাগরের জল।

    আরও পড়ুুন: “স্বরাষ্ট্র দফতর জানুক রাজ্যের কোথায় বোমা শিল্প চলছে”! ভর্ৎসনা হাইকোর্টের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

     

  • Panchayat Election 2023: “স্বরাষ্ট্র দফতর জানুক রাজ্যের কোথায় বোমা শিল্প চলছে”! ভর্ৎসনা হাইকোর্টের

    Panchayat Election 2023: “স্বরাষ্ট্র দফতর জানুক রাজ্যের কোথায় বোমা শিল্প চলছে”! ভর্ৎসনা হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: “রাজ্যের স্বরাষ্ট্র দফতর তো জানুক রাজ্যের বোমা শিল্প কোথায় কেমন চলছে!” পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) নিয়ে এক মামলার শুনানিতে মঙ্গলবার একথা বলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। রাজ্য পুলিশ-প্রশাসনের ভূমিকার সমালোচনা করতে গিয়ে বিচারপতি বলেন, “মুড়ি-মুড়কির মতো বোমা পড়েছে। গুলি, পরপর গাড়িতে আগুন, লাঠি-বাঁশ হাতে দুর্বৃত্তদের দাপাদাপি, ভাঙড় থেকে ক্যানিং, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপর্বে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে ভয়ঙ্কর এই হিংসার ছবি। তাহলে পুলিশ কী করছিল? পুলিশ কি এসব ঘটনা স্বরাষ্ট্র দফতরকে জানিয়েছে? স্বরাষ্ট্র দফতর অন্তত জানুক রাজ্যের বোমা শিল্প কোথায় কেমন চলছে!”

    বেলাগাম সন্ত্রাসের ছবি

    মনোনয়নপত্র পেশের শেষ দিনে পুলিশি প্রহরায় বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমার জন্য গন্তব্যে পাঠাতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা। তার পরেও সংবাদ মাধ্যমের পর্দায় ভেসে ওঠে বেলাগাম সন্ত্রাসের ছবি। অভিযোগ, পুলিশের গাড়ি থামিয়ে বিরোধী প্রার্থীদের মনোনয়ন পেশে বাধা দেয় তৃণমূল। ভাঙড়ের শোনপুর বাজারের কাছে পুলিশি প্রহরায় আসা আইএসএফ প্রার্থীদের ওপর হামলা চালায় তৃণমূল। প্রহরারত পুলিশ কর্মীরা তখন সেখান থেকে সরে যান বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় আইএসএফ কর্মী মহিউদ্দিনের।

    রাজ্য সরকারের জবাব তলব

    সেই মামলা (Panchayat Election 2023) প্রসঙ্গে বিচারপতি মান্থা বলেন, “ভাঙড়, কাশীপুর, হাড়োয়া, বসিরহাট নিয়ে আদালতের নির্দেশের পরেও মামলাকারীদের মনোনয়ন দেওয়ার ব্যবস্থা করতে ব্যর্থ হওয়ায় জায়গায় জায়গায় বোমাবাজি ও গুলি চলেছে।” এই ঘটনায় রাজ্য সরকারের জবাব তলব করেছে আদালত। ক্যানিং, মিনাখা, ভাঙড়, ন্যাজাট, জীবনতলা এলাকায় মনোনয়নের জন্য কত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল, তাও জানতে চেয়েছে হাইকোর্ট। বুধ থেকে শুক্রবার পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার বিডিও অফিস চত্বরের সিসিটিভির ফুটেজও তলব করেছেন বিচারপতি মান্থা। ১০ দিনের মধ্যে হলফনামা আকারে জবাব জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

    আরও পড়ুুন: লক্ষ লক্ষ টাকা নিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি, তোপ দলেরই বিধায়কের!

    ক্যানিংয়ে অশান্তির ঘটনায় জেলার পুলিশ সুপার ও একজন অতিরিক্ত সুপার মর্যাদার অফিসার নিয়োগ করে তদন্তের (Panchayat Election 2023) নির্দেশও দিয়েছেন বিচারপতি মান্থা। ক্যানিং পশ্চিমের বিধায়ক তৃণমূলের পরেশরাম দাস, থানার আইসি এবং ক্যানিংয়ের এসডিপিও-র বিরুদ্ধে এফআইআর গ্রহণ করার নির্দেশও দিয়েছেন তিনি। নির্দেশ দেওয়ার পরেও কেন প্রার্থীরা মনোনয়ন দিতে পারলেন না, তা জানাতে হবে সংশ্লিষ্ট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত পুলিশকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Panchayat Election 2023: হয় মা নয় বৌমা! বিজেপির শাশুড়ি লড়ছেন তৃণমূলের বৌমার সঙ্গে

    Panchayat Election 2023: হয় মা নয় বৌমা! বিজেপির শাশুড়ি লড়ছেন তৃণমূলের বৌমার সঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার পঞ্চায়েত নির্বাচনে ভোটের ময়দানে (Panchayat Election 2023) দেখা যাবে শাশুড়ি ও বৌমাকে। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের আগ্রা গ্রামের বৌমা ও শাশুড়ি একে অপরের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনের মাঠে লড়াই করছেন। বৌমা মামণি মুর্মু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং শাশুড়ি মায়া হেমরম বিজেপির পক্ষ থেকে পঞ্চায়েত সদস্য পদে প্রার্থী হয়ে এবারের নির্বাচনে লড়াই করছেন। যাকে ঘিরে ব্যাপক উৎসাহ গ্রামবাসী তথা ভোটারদের মধ্যে। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে একই পরিবারের বৌমা এবং শাশুড়ির লড়াইয়ের ফলে পারিবারিক বিষয়ে কোনও রকম প্রভাব পড়বে না বলে জানিয়েছেন দুই প্রার্থী। তাঁদের দাবি, রাজনীতির লড়াই রাজনীতির লড়াইতেই সীমাবদ্ধ থাকবে। নিজের নিজের দলের উন্নয়ন মুখী প্রকল্পগুলি নিয়ে গ্রামবাসীর কাছে ভোট প্রচারে বেরিয়েছেন শাশুড়ি ও বৌমা দুজনেই।

    কী বলছেন গ্রামবাসীরা (Panchayat Election 2023)?

    এই বিষয়ে এক গ্রামবাসী বলেন, আমাদের পঞ্চায়েতে (Panchayat Election 2023) হেমরম বাড়ির কাকিমা-শাশুড়ি ও বৌমা প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। দুজনেই আলাদা আলাদা দলের প্রার্থী, শাশুড়ি বিজেপির ও বৌমা তৃণমূলের। এটা বড় মজার ব্যাপার। দুজন একই পরিবারের। যে ভোটে জিতে গ্রামের উন্নয়ন করবে, আমরা তাকেই ভোট দেব।

    কী বলছেন বিজেপির প্রার্থী (শাশুড়ি) (Panchayat Election 2023)?

    এই বিষয়ে বিজেপির প্রার্থী (শাশুড়ি) মায়া হেমরম বলেন, আমি আশাবাদী, আমি বিপুল ভোটে (Panchayat Election 2023) জিতবো। আমি ভোটে জিতে আগে গ্রামের উন্নয়ন করবো। আমরা শাশুড়ি বৌমা নির্বাচনে আলাদা আলাদা দলের প্রার্থী হলেও আমাদের পারিবারিক সম্পর্কটা কোনও দিন নষ্ট হবে না।

    কী বলছেন তৃণমূলের প্রার্থী (বৌমা) (Panchayat Election 2023)?

    এই বিষয়ে তৃণমূলের প্রার্থী (বৌমা) মামণি মুর্মু বলেন, আমি এবার পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) তৃণমূল থেকে প্রার্থী হয়েছি। সম্পর্কে আমার কাকিমা শাশুড়ি বিজেপির প্রার্থী হয়েছে। আমি আশাবাদী, আমি এই নির্বাচনে জয়ী হবো। আমরা একই বাড়ি থেকে শাশুড়ি-বৌমা নির্বাচনে দাঁড়িয়েছি। লড়াই তো হবে। কিন্তু আমাদের পরিবারের মধ্যে কোনও ভাঙ্গন ধরবে না। আমাদের বৌমা-শাশুড়ির সম্পর্ক ভালোই থাকবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Yoga Day 2023: মন আর শরীরকে তরতাজা রাখতে হাতিয়ার হোক যোগাভ্যাস! 

    Yoga Day 2023: মন আর শরীরকে তরতাজা রাখতে হাতিয়ার হোক যোগাভ্যাস! 

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    নিয়ম মাফিক যোগাভ্যাস বদলে দিতে পারে অনেক কিছুই! প্রত্যেক দিন নির্দিষ্ট কিছু সময় যোগের জন্য বরাদ্দ করলে একাধিক সমস্যা কমবে। শরীরের পাশাপাশি মনকেও সুস্থ রাখে যোগাভ্যাস! আজ, ২১ জুন বিশ্ব যোগ দিবস। আর বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বছরের এই একদিন নয়। প্রত্যেক দিন সঙ্গী হোক যোগ (Yoga Day 2023)!

    কারা যোগাভ্যাস (Yoga Day 2023) করতে পারেন?

    বিশেষজ্ঞরা বলছেন, যোগাভ্যাসের জন্য কোনও বয়সের সীমা নেই। নারী-পুরুষ নির্বিশেষে যে কেউ যোগ করতে পারেন। নিয়মিত যোগ করলে, তার উপকার হয় দীর্ঘপ্রসারী। তবে, শিশুকাল থেকে যোগাভ্যাসে অভ্যস্ত হলে, তা আরও ভালো। কম বয়স থেকে যোগ (Yoga Day 2023) শুরু করলে শরীরের ফ্লেক্সিবিলিটি বেশি থাকে। তাই শিশুদের যোগে অভ্যস্ত করার বিষয়ে বেশি জোর দিচ্ছে বিশেষজ্ঞ মহল।

    কোন কোন উপকার পাওয়া যায় (Yoga Day 2023)? 

    বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যোগাভ্যাসের একাধিক উপকার রয়েছে। শরীরের পক্ষে যেমন খুব ভালো, তেমনি মানসিক স্বাস্থ্যের জন্যও এই অভ্যাস ইতিবাচক। চিকিৎসকরা জানাচ্ছেন, যোগ শরীরের বিপাক ক্রিয়ায় সাহায্য করে। পাকস্থলী, লিভার, অন্ত্র সহ একাধিক অঙ্গ সক্রিয় রাখতে যোগাভ্যাস (Yoga Day 2023) খুব উপকারী। পাশাপাশি, নিয়মিত যোগাভ্যাস করলে শরীর সচল থাকে। শরীরের সমস্ত অঙ্গের সক্রিয়তা বাড়ে। তাই পেশি মজবুত হয়। পেশির ব্যথা কমে। 
    যোগাভ্যাস করলে হাড়ের জন্যও উপকার পাওয়া যায়। নিয়মিত যোগাভ্যাস হাড়ের ব্যথা কমাতে সাহায্য করে। কারণ, শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়লেই পেশি ও হাড়ের সমস্যা কমতে থাকে। 
    চিকিৎসকরা জানাচ্ছেন, যোগ রক্ত সঞ্চালনে সাহায্য করে। তার ফলে, হৃদযন্ত্র সচল থাকে। উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে থাকে। কোলেস্টেরলের ঝুঁকি কমে।

    মানসিক স্বাস্থ্যেরও বিকাশ ঘটে (Yoga Day 2023)

    যোগাভ্যাস শুধু শরীরের নয়, মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখে। নিয়মিত যোগ (Yoga Day 2023) মানসিক উদ্বেগ কমাতে সাহায্য করে। কারণ, যোগাভ্যাসের জন্য মনঃসংযোগ করতে হয়। তাই মানসিক উদ্বেগ কমে। আর উদ্বেগ কমলে যেমন মানসিক স্বাস্থ্য বজায় থাকে, তেমনি রক্তচাপ সহ একাধিক রোগও নিয়ন্ত্রণে থাকে। 
    মানসিক অবসাদ ও চাপ কমানোর ক্ষেত্রেও যোগ খুব সাহায্য করে। চিকিৎসকরা জানাচ্ছেন, নিয়মিত যোগাভ্যাস অবসাদ রুখতে সাহায্য করে। 
    শিশুদের মনঃসংযোগ বাড়াতে যোগাভ্যাস খুব উপকারী। তাই স্কুল পড়ুয়াদের নিয়মিত যোগাভ্যাসের জন্য সময় বরাদ্দ করার পরামর্শ দিচ্ছে চিকিৎসক মহল। 
    পাশাপাশি, মহিলাদের ওভারির সমস্যা, পিসিওডি কিংবা অনিয়মিত ঋতুস্রাবের মতো সমস্যাও কমাতে সাহায্য করে যোগাভ্যাস। এতে মানসিক স্থিতি বাড়ে। তাই শরীরে একাধিক হরমোনের ভারসাম্য বজায় থাকে। তার জেরেই উপকার হয়।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share