Tag: bjp

bjp

  • Suvendu Adhikari: অভিষেকের মিছিলে হাঁটছেন পুলিশ সুপার! ভিডিও পোস্ট করে কটাক্ষ শুভেন্দুর

    Suvendu Adhikari: অভিষেকের মিছিলে হাঁটছেন পুলিশ সুপার! ভিডিও পোস্ট করে কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিষেকের নবজোয়ারে উর্দি পরে হাঁটছেন জেলার পুলিশ সুপার। এমনই চাঞ্চল্যকর ভিডিও ট্যুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পূর্ব মেদিনীপুর জেলায় ছিল অভিষেকের নবজোয়ার যাত্র। বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটে নাগাদ চণ্ডীপুর থেকে যাত্রা শুরু হয়। নন্দীগ্রাম পর্যন্ত ২০ কিলোমিটার পদযাত্রায় উর্দি পরে হাঁটতে দেখা যায় পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার আইপিএস অমরনাথকে। যা নিয়ে শুভেন্দু বলেন, তৃণমূল ক্যাডারের মতোই কাজ করছেন পুলিশ সুপার।

    ট্যুইটে কী লিখলেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    নন্দীগ্রামের বিধায়ক তাঁর ট্যুইটে লেখেন, ‘‘এই ভিডিওটা না দিলে অনেকেই হয়তো বিশ্বাস করতেন না, চণ্ডীপুরে তৃণমূলের রাজনৈতিক পদযাত্রায় দলের কর্মীদের সঙ্গে হাঁটছেন একজন আইপিএস আধিকারিক মিস্টার অমরনাথ। তৃণমূল দলের কর্মীরা দয়া করে বলবেন না, উনি নিরাপত্তা দিতে মিছিলে ছিলেন। এক কথায় পুলিশের পোশাক পরে তিনি তৃণমূলের ক্যাডারের মতো কাজ করছেন।’’

    এই ভিডিওতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং জাতীয় নির্বাচন কমিশনকেও ট্যাগ করেছেন শুভেন্দু অধিকারী।

    তাঁর যাত্রাপথে নজরদারি চালাচ্ছে মমতার সিভিক পুলিশ! অভিযোগ বিরোধী দলনেতার

    এদিন শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তাঁর যাত্রাপথে নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে না। স্পিড ক্যামেরা নিয়ে তাঁর কোনও সমস্যা নেই। তবে নন্দীগ্রামের বিধায়কের প্রশ্ন, ‘‘বিরোধী দলনেতার কনভয় চলে যাওয়ার পর কেন তা লুকিয়ে ফেলা বা সরিয়ে ফেলা হচ্ছে?’’ তিনি অভিযোগ করেন, তাঁর যাত্রাপথে ট্রাফিক জ্যাম ইচ্ছাকৃতভাবে করার জন্যই মমতার সরকার এই অপচেষ্টা চালাচ্ছে। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর আরও অভিযোগ, রাজ্য জুড়ে তাঁর যাত্রাপথে সিভিক ভলান্টিয়ারদের সাদা পোশাকে মোতায়ন করিয়ে তাদের দিয়ে ভিডিওগ্রাফি করা হচ্ছে।

    আরও পড়ুন: কালীঘাটের কাকু গ্রেফতার হতেই শহরে ইডি প্রধান! বড় কোনও অপারেশনের প্রস্তুতি?

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Durgapur: তৃণমূল সরকারের আমলে উদ্বাস্তুদের জোটেনি জমির পাট্টা, মেলেনি ১০০ দিনের কাজও

    Durgapur: তৃণমূল সরকারের আমলে উদ্বাস্তুদের জোটেনি জমির পাট্টা, মেলেনি ১০০ দিনের কাজও

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশি উদ্বাস্তুদের মন জয় করতে এনআরসির বিরোধিতা করে পথে নেমেছিল রাজ্যের তৃণমূল। অথচ দুর্গাপুরে (Durgapur) ৩৫-৪০ বছর বসবাস করেও জোটেনি বসত জমির পাট্টা। বাদ পড়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকেও। রাজ্যের উদ্বাস্তুদের দুর্দশা কেমন, তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল কাঁকসার গোপালপুরের উদ্বাস্তু কলোনিগুলি। এমনকী জব কার্ড আছে, অথচ গত ৮-৯ বছর ধরে জোটেনি ১০০ দিনের কাজ, এমন সমস্যাও রয়েছে। বৃহস্পতিবার এদের প্রতি এই ধরনের একাধিক চরম বঞ্চনার প্রতিবাদে গোপালপুর পঞ্চায়েতে ডেপুটেশন দিল বিজেপির উদ্বাস্তু সেল।

    দুর্গাপুরে (Durgapur) সমস্যা কী?

    কাঁকসার (Durgapur) গোপালপুরের উত্তরপাড়ার জামাইপাড়া, সুকান্ত পল্লি, ভোলানাথ পল্লি, সত্যনারায়ণ পল্লি, বিটুনিয়া-এই সব এলাকায় মূলত বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুদের বসবাস রয়েছে। এখানকার বেশিরভাগ মানুষই দিনমজুর। কিন্তু এলাকার মানুষের অভিযোগ, তাঁরা বঞ্চিত। সরকার তাঁদের কোনও কাজ দেয়নি। স্থানীয় বাসিন্দা মায়া ঘরামি, গৌরাঙ্গ ঢালি প্রমুখ জবকার্ডধারী বলেন, বহু আবেদন করেছি। তবুও সরকারি কাজ পাইনি।

    উদ্বাস্তু সেলের বক্তব্য

    উদ্বাস্তু সেলের পক্ষে কৃষ্ণ মাল ও মনোজ ঢালি বলেন, “প্রায় ৩৫-৪০ বছর বসবাস করেও বসত জমির পাট্টা জোটেনি। আর তার ফলেই প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি জোটেনি তাদের। এক কথায় চরম দুর্দশার মধ্যে রয়েছে উদ্বাস্তু পরিবারের (Durgapur) মানুষগুলি। রাজ্যে উদ্বাস্তুদের প্রতি কি এটাই তৃণমূল সরকারের সহানুভূতির নমুনা? কেন এই বঞ্চনা? কেনই বা বসত জমির পাট্টা মেলেনি? এসবের উত্তর আমরা চেয়েছি।

    পঞ্চায়েত সমিতির বক্তব্য

    কাঁকসা (Durgapur) পঞ্চায়েত সমিতির বন ও ভূমি রক্ষা কমিটির কর্মাধ্যক্ষ কাঞ্চন লায়েক সব অভিযোগ অস্বীকার করে বলেন, চলতি অর্থ বছরে দুই পর্যায়ে ব্লকে প্রায় ৩০০ ভূমিহীনকে পাট্টা দেওয়া হয়েছে। ওই এলাকার বাসিন্দারা পাট্টার জন্য কোনও আবেদনই করেনি। গত মার্চ মাসে গোপালপুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ১০টি দুয়ারের সরকারের শিবির হয়েছে। ওই শিবিরে নিয়ম মতো আবেদনকারীদের তথ্য যাচাই করে, পাট্টা প্রদান করা হয়েছে। তাই নিয়ম মেনে যদি আবেদন করা হয়ে থাকে, তাহলে বিষয়টি তদন্ত করে প্রকৃত প্রাপকদের পাট্টা দেওয়া হবে।

    পঞ্চায়েত প্রধানের বিবৃতি

    গোপালপুর (Durgapur) পঞ্চায়েতের প্রধান জয়জিৎ মণ্ডল জানান, গোপালপুর পঞ্চায়েতে ২৫ টি সংসারে সাড়ে ৫ হাজার জবকার্ড রয়েছে। গত ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থ বছরে যা কাজ হয়েছে, তা কেন্দ্র সরকার সেই টাকা এখনও পাঠায়নি। উল্টে কাজই বন্ধ করে দিয়েছে। তবে কাজ শুরু হলে অন্যত্র কাজ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে।

    এইসব টানাপোড়েনের মাঝে পড়ে উদ্বাস্তু মানুষের জীবন কীভাবে চলবে, সেটাই এখন সব চেয়ে বড় প্রশ্ন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Abhishek Banerjee: অভিষেকের নব জোয়ারের ঠেলায় আরামবাগ থেকে উধাও সরকারি বাস, ভোগান্তি

    Abhishek Banerjee: অভিষেকের নব জোয়ারের ঠেলায় আরামবাগ থেকে উধাও সরকারি বাস, ভোগান্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার আরামবাগ ডিপো থেকে নন্দীগ্রামে যাওয়ার সরকারি বাস তুলে নেওয়া হয়েছে। মোট ২০টি বাস তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। ফলে, কলকাতা-আরামবাগ নন-স্টপ পরিষেবা সহ বিভিন্ন রুটে সরকারি বাস পরিষেবা বন্ধ রয়েছে। এমনকী আরামবাগে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপোর টিকিট কাউন্টারে কোনও বাস নেই বলে কাগজে লিখে টাঙিয়ে দেওয়া হয়েছে। সরকারি বাস তুলে নেওয়ায় যাতায়াতে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। বাস তুলে নেওয়ার জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নব জোয়ার কর্মসূচির ভূমিকা রয়েছে বলে বিরোধীরা অভিযোগ করছে।  

    কী কারণে এত বাস একসঙ্গে তুলে নেওয়া হল?

    জেলায়-জেলায় চলছে ‘নব জোয়ার’ কর্মসূচি। পঞ্চায়েত ভোটের পূর্বে জনসংযোগে নেমে পড়েছে শাসকদল। জনসাধারণের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের বার্তা দিতে দু’মাসের জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে। এখন পূর্ব মেদিনীপুরে রয়েছেন অভিষেক (Abhishek Banerjee)। বৃহস্পতিবার নন্দীগ্রামে জনসভা রয়েছে তাঁর। আর সেখানের জনসভায় বাসে করে কর্মী নিয়ে যেতে সরকারি বাস তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির।

    বাস পরিষেবা না পেয়ে কী বললেন সাধারণ মানুষ?

    বাসস্ট্যান্ডে গিয়ে জানা গিয়েছে, একমাত্র ক্ষীরপাই ডিপোর একটি সরকারি বাস মুর্শিদাবাদ থেকে লালগোলার উদ্দেশে সকাল ৬টা ৫০ মিনিটে ও সকাল ১১ টা ২০ মিনিট নাগাদ খাতরাগামী একটি বাস আরামবাগ ডিপো থেকে ছেড়েছিল। এরপর আর কোনও বাস ছাড়েনি। এই বাসগুলিই প্রথম এবং শেষ বাস ছিল। ফলে, বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে সরকারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তাঁদের বক্তব্য, সরকার যেখানে আইন তৈরি করছে, সেই আইন আবার সরকারই ভাঙছে। এ কোন রাজ্যে বসবাস  করছি।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    এই বিষয়ে পুড়শুড়ার বিজেপি বিধায়ক তথা রাজ্য বিজেপির সম্পাদক  বিমান ঘোষ বলেন, “অভিষেক (Abhishek Banerjee) যেখানে যাচ্ছেন সেখানে লোক হচ্ছে না। সেই কারণে বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো করতে হচ্ছে। আজ নন্দীগ্রাম অভিষেকের কর্মসূচি আছে। সেখানে লোকজন নেই। তাই, বিভিন্ন জায়গা থেকে লোক জড়ো করে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। আরামবাগ থেকে যত সরকারি বাস রয়েছে সব তুলে নেওয়া হয়েছে। কারণ, সেখানে লোক ভর্তি করে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের কাছে খবর আছে, গোটা দক্ষিণবঙ্গজুড়ে প্রায় ৩০০ বাস ওখানে যাচ্ছে।” বাস মালিক সংগঠনের সদস্য অভয় বিট বলেন, “বেসরকারি কুড়িটি বাস তুলে নেওয়া হয়েছে নন্দীগ্রামে নব জোয়ার কর্মসূচির জন্য। আরামবাগ থেকেও লোক নিয়ে যাওয়া হচ্ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP Attacks Rajan: বলেছিলেন ভারতের জিডিপি পড়বে, হয়েছে উল্টো! রাজনকে তুলোধনা বিজেপির

    BJP Attacks Rajan: বলেছিলেন ভারতের জিডিপি পড়বে, হয়েছে উল্টো! রাজনকে তুলোধনা বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের জিডিপি বৃদ্ধি সংক্রান্ত তথ্য বুধবারই প্রকাশ পেয়েছে। তাতে দেখা যাচ্ছে ২০২২-২৩ অর্থবর্ষে অর্থনীতির বৃদ্ধির হার ৭.২ শতাংশে পৌঁছেছে। এ নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনকে এক হাত নিতে (BJP Attacks Rajan) ছাড়েননি বিজেপি নেতৃত্ব। কিন্তু ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হারের সঙ্গে রঘুরাম রাজনকে কটাক্ষ করার সম্পর্ক কী? আসলে গত বছর রঘুরাম রাজন মন্তব্য করেছিলেন, ‘‘ভাগ্যক্রমে ২০২-২৩ অর্থবর্ষে অর্থনৈতিক বৃদ্ধির হার ৫% হতে পারে।’’ কিন্তু রঘুরাম রাজনের এই ভবিষ্যদ্বাণীকে মিথ্যা প্রমাণ করে ভারতের জিডিপি বেড়েছে ৭.২%। এক বছর আগে রঘুরাম রাজনের এই ভবিষ্যদ্বাণীকে (BJP Attacks Rajan) কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতৃত্ব। এনিয়ে ট্যুইট করেন অমিত মালব্য।

    কী লিখলেন অমিত মালব্য?

    রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর গত বছর রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রাতে অংশ নিয়েছিলেন। সেই সময়ের একটি ভিডিও নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করেন অমিত মালব্য। দেখা যাচ্ছে রঘুরাম রাজন এবং রাহুল গান্ধী পরস্পর কথাবার্তা চালাচ্ছেন। ওই ট্যুইটে অমিত মালব্য লেখেন, ‘‘রঘুরাম রাজন আজ থেকে এক বছর আগে ঠিক এই দিনে রাহুল গান্ধীর সঙ্গে কথাবার্তা বলছিলেন। কথা শুনে রাজনকে কখনও অর্থনীতিবিদ বলে মনে হচ্ছিল না। তিনি বলেন, ভারত খুবই ভাগ্যশালী হবে যদি ২০২২-২৩ অর্থবর্ষে জিডিপির বৃদ্ধি ৫ শতাংশ হয়। কিন্তু আসল সত্য হল চলতি বছরে দেশের জিডিপি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.২ শতাংশ।

    মঙ্গলবারই আমেরিকাতে মনমোহন ও রাজন জুটিকে আক্রমণ শানান অর্থমন্ত্রী

    মঙ্গলবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের School of international and public affairs এর মঞ্চ থেকে রঘুরাম রাজনের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা যায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে। তাঁর নিশানা থেকে বাদ যাননি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও। নির্মলা সীতারমন বলেন, ‘‘মনমোহন ও রাজনের জুটি একসঙ্গে ক্ষমতায় থাকাকালীনই দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো সব থেকে খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছে।’’ ঋণ মঞ্জুর নিয়েও দুর্নীতির অভিযোগ তোলেন নির্মলা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: সরকারের ৯ বছর! বিজেপির মহা-জনসম্পর্ক অভিযানের সূচনা মোদির

    BJP: সরকারের ৯ বছর! বিজেপির মহা-জনসম্পর্ক অভিযানের সূচনা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে বুধবারই রাজস্থানের আজমিরের ব্রহ্মা মন্দিরে পুজো দিয়ে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন বিজেপির মহা-জনসম্পর্ক অভিযান। চলবে এক মাস। ৫৪৩ টি লোকসভা এলাকায় পৌঁছাবে এই অভিযান।

    জন সম্পর্ক অভিযানের খুঁটিনাটি

    ৩১ মে থেকে শুরু হয়ে মহা-জনসম্পর্ক অভিযান চলবে ৩০ জুন পর্যন্ত। এমনটাই জানা গেছে বিজেপি (BJP) সূত্রে। মোদি সরকারের ন’বছরের সাফল্য গাথা তুলে ধরবে বিজেপি নেতৃত্ব। বিজেপি সূত্রে খবর, মহা-জনসম্পর্ক অভিযানে হবে ৫১টি মহামিছিল। ৫০০ র বেশি স্থানে জনসভা করবে বিজেপি নেতৃত্ব। ৬০০ সাংবাদিক সম্মেলন হবে পাঁচশোর বেশি লোকসভা কেন্দ্রে। ৪ হাজার বিধানসভা কেন্দ্রকেও স্পর্শ করবে এই জনসংযোগ অভিযান। ৫ লক্ষ পরিবারের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করবে বিজেপি নেতৃত্ব।

    কী বলছে বিজেপি (BJP)?

    মহা-জনসম্পর্ক যাত্রার কনভেনারের দায়িত্বে আছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ। তিনি বলেন, ‘‘২৮৮ জন প্রথম সারির বিজেপি নেতা এবং ১৬ লক্ষ পার্টির কার্যকর্তাকে নিয়ে ১০ লক্ষেরও বেশি বুথে পৌঁছাবে আমাদের মহা-জনসম্পর্ক যাত্রা। সেখানে আমাদের কর্মীরা বার্তা দেবেন কীভাবে দেশের জন্য উন্নয়ন করেছে ৯ বছরের মোদি সরকার।’’ তাঁর আরও সংযোজন, ‘‘এই মহা-জনসম্পর্ক যাত্রায় আমাদের পার্টি নেতৃত্ব এক হাজারেরও বেশি বিশিষ্ট পরিবারের সঙ্গে দেখা করবে। শিক্ষক, সোশ্যাল মিডিয়ার প্রভাবশালী ব্যক্তিত্ব সমেত সাধারণ মানুষদেরকে নিয়ে সেমিনার করা হবে।’’ বিজেপি সূত্রে খবর, দরজায় দরজায় প্রচারের কাজ চলবে ২০ থেকে ৩০ জুনের মধ্যে। দলের যুব শাখা মুদ্রা যোজনা, স্টার্ট আপ ইন্ডিয়ার কথা তুলে ধরবে সাধারণ মানুষের মধ্যে। প্রতিটি বুথে যাঁরা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়েছেন, তাঁদের সঙ্গেও দেখা করবে বিজেপি (BJP) নেতৃত্ব। দলের ৩০০ জন সাংসদ এবং ১৪০০ র ওপর বিধায়কই এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। ১৮ থেকে ২৫ বছর বয়সী নতুন ভোটারদের নিয়েও সম্মেলন করা হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলি, যারা বিভিন্ন সুবিধা পেয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, তাদের কাছেও পৌঁছানো হবে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।

     

    আরও পড়ুন: ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য, ১১ কোটি বাড়িতে জলের লাইন! অভাবনীয় সাফল্য মোদি সরকারের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: রেলপথ সম্প্রসারণে উচ্ছেদের আশঙ্কা! অসহায় পরিবারের পাশে দাঁড়াল বিজেপি

    BJP: রেলপথ সম্প্রসারণে উচ্ছেদের আশঙ্কা! অসহায় পরিবারের পাশে দাঁড়াল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: রেলপথ সম্প্রসারণে গৃহহীন হ‌ওয়ার আশঙ্কায় থাকা অসহায় পরিবারের পাশে দাঁড়াল বিজেপি (BJP)। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব জেলা শাসকের দফতরে অসহায় পরিবারগুলির দাবিদাওয়ার বিষয়টি তুলে ধরেন। রেলপথ সম্প্রসারণের ফলে উচ্ছেদ হওয়া অসহায় গ্রামবাসীদের জন্য বিজেপির পক্ষ থেকে পুনর্বাসনের দাবি জানানো হয়।

    কী বললেন গ্রামবাসীরা?

    দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট-হিলি রেললাইন সম্প্রসারণে গৃহহীন হতে চলেছে ডুম‌ইর এলাকার একটি কলোনির প্রায় ৫০টি পরিবার। বালুরঘাট ব্লকের দৌল্লা এলাকার অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের ডুমইর গ্রামের চক আমোদ কলোনির প্রায় ৫০টি বাড়ি এবং দৌল্লা প্রাথমিক বিদ্যালয় প্রস্তাবিত রেললাইনের মধ্যে পড়েছে। ইতিমধ্যেই চিহ্নিতকরণের খুঁটি বসানো হয়েছে। রেলের জমির জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই অধিগ্রহণের কাজ শুরু করেছে। গ্রামবাসীদের বক্তব্য, “আমাদের গ্রামের উপর দিয়ে রেল লাইনের খুঁটি বসানো হয়েছে। রেলের জমির জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই অধিগ্রহণের কাজ শুরু করেছে। কিন্তু আমাদের কোনও জমির দলিল বা পাট্টা না থাকায়, আমরা জমির দাম পাব না। বাড়ি থেকে উৎখাত করে দিলে কোথায় গিয়ে আশ্রয় নেব? আমরা চরম আতঙ্কে রয়েছি। উন্নয়নের প্রয়োজনে জমি ছাড়তে রাজি আছি। তবে, আমাদের মতো অসহায় পরিবারকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা হলে খুব ভাল হয়। তাই আমরা পুনর্বাসনের দাবিতে জেলা শাসকের কাছে দরবার করেছি।”

    কী বললেন বিজেপি (BJP) নেতৃত্ব? 

    এই বিষয়ে বিজেপির (BJP) জেলা সম্পাদক বাপি সরকার বলেন, “ডুমইর গ্রামের চক আমোদ এলাকায় পঞ্চাশটি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছে। কিন্তু তাদের নিজের জমি বলে কোনও কাগজপত্র নেই। আর সেই বাড়িগুলোর উপর বালুরঘাট-হিলি রেল লাইন সম্প্রসারণের জমি পড়েছে। তাই বাড়ির লোকেরা দুশ্চিন্তায় আছেন। যদি তাঁদের বাড়ি থেকে উচ্ছেদ হতে হয়, তাহলে তাঁরা কোনও ক্ষতিপূরণ পাবেন না। কারণ, তাঁদের জমির কোনও কাগজ নেই। তাই তাঁদের পুনর্বাসনের দাবিতে জেলাশাসকের কাছে এসেছিলাম। আমরা তাঁদের জমির পাট্টা দেওয়ার ব্যবস্থা করার জন্য প্রশাসনকে জানিয়েছি।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Barrackpore: বারাকপুরে বিজেপির মিছিলে ধুন্ধুমার! পুলিশের লাঠিচার্জ, জখম ৫

    Barrackpore: বারাকপুরে বিজেপির মিছিলে ধুন্ধুমার! পুলিশের লাঠিচার্জ, জখম ৫

    মাধ্যম নিউজ ডেস্ক: সোনার দোকানে খুন সহ আইনশৃঙ্খলার অবনতি নিয়ে বিজেপির ডেপুটেশন কর্মসূচি ছিল সোমবার বিকেলে। আর তাকে কেন্দ্র করে বারাকপুরে (Barrackpore) ধুন্ধুমার কাণ্ড ঘটে। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা হয়। পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। তাতে পাঁচজন বিজেপি কর্মী জখম হন। যদিও এই ঘটনার পর বিজেপির জেলা নেতৃত্বের এক প্রতিনিধি দল কমিশনারেটের কর্তাদের কাছে গিয়ে ডেপুটেশন জমা দেন।

    ঠিক কী ঘটনা ঘটেছিল?

    মূলত বারাকপুর (Barrackpore) এলাকায় আইনশৃঙ্খলার অবনতি নিয়ে এদিন বিকেলে পুলিশ কমিশনারেটে বিজেপির ডেপুটেশন কর্মসূচি ছিল। আনন্দপুরীর ওল্ড ক্যালকাটা রোডে সেই সোনার দোকানের সামনে থেকে বিজেপি কর্মীরা মিছিল করে ডেপুটেশন দিতে আসেন। পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দুটি ব্যারিকেড করা হয়। কমিশনারেট অফিস থেকে ১০০ মিটার দূরে প্রথম ব্যারিকেড করা হয়। আর দ্বিতীয় ব্যারিকেড করা হয় কমিশনারেটের ঠিক সামনেই। বিজেপি কর্মীরা মিছিল করে আসতেই ১০০ মিটার দূরে তাঁদের আটকে দেওয়া হয়। পুলিশের সঙ্গে বিজেপির কর্মীদের রীতিমতো ধস্তাধস্তি হয়। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে কমিশনারেটের অফিসের সামনে চলে যান। সেই সময় তাঁদের পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। কমিশনারেট অফিসের সামনে তাঁরা বিক্ষোভে ফেটে পড়েন।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    এদিন বিজেপির রাজ্য নেত্রী ফাল্গুনি পাত্র বলেন, মিছিল আটকানোর জন্য কমিশনারেটের কোনও মহিলা পুলিশ কর্মী ছিলেন না। এটা মেনে নেওয়া যায় না। মহিলা কর্মীদের সঙ্গে পুলিশ কর্মীদের ধস্তাধস্তি হয়েছে। এই বিষয়ে রাজ্যপালের কাছে আমরা নালিশ জানাব। বিজেপির বারাকপুর (Barrackpore) সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, এত টাকা খরচ করে কমিশনারেট তৈরি করা হল, বাস্তবে কাজের কাজ কিছুই হল না। এই কমিশনারেটের কাজ শুধু বিজেপিকে বাধা দেওয়া। এর আগে ব্যবসায়ীরা মিছিল করে ডেপুটেশন দিল। পুলিশের কোনও বাধা নেই। আর আমাদের জন্য ১০০ মিটার দূরে ব্যারিকেড। আমাদের কর্মীদের উপর যথেচ্ছ লাঠিচার্জ করা হল। এই ঘটনায় পাঁচ কর্মী জখম হয়েছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: ফতোয়া না মানায় বিজেপি কর্মীদের উপর হামলা, আতঙ্কে ঘরছাড়া, অভিযুক্ত তৃণমূল

    BJP: ফতোয়া না মানায় বিজেপি কর্মীদের উপর হামলা, আতঙ্কে ঘরছাড়া, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি কর্মীদের বেধড়ক পেটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রহড়া থানার রুইয়া এলাকায়। ইতিমধ্যেই আক্রান্ত বিজেপি (BJP) কর্মীদের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও অভিযোগ তুলে নেওয়ার জন্য ওই বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কিন্তু তাঁরা তা না করায় তৃণমূলীদের হুমকির ভয়ে গোটা পরিবার ঘরছাড়া। বারাকপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক বলেন, অভিযোগ হয়েছে। ঘটনার তদন্তও শুরু করা হয়েছে।

    কেন হামলা?

    এলাকায় থাকতে হলে বিজেপি (BJP) করা যাবে না। তৃণমূল কর্মীদের পক্ষ থেকে এমনই ফতোয়া জারি করা হয়েছিল বলে দাবি বিজেপি (BJP) কর্মীর। ফতোয়া না মানার কারণে বিজেপি কর্মীর প্রথমে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এই বিষয়ে প্রথমে থানায় অভিযোগ করা হয়। তৃণমূল কর্মীরা অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। অভিযোগ না তোলায়  বিজেপি কর্মী ও তাঁর স্বামীকে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল কর্মী শ্রীদাম বিশ্বাস, রিনা বিশ্বাস, বিশ্বজিৎ বিশ্বাস ও মিতা বিশ্বাসরা ওই কর্মী ও তাঁর পরিবারকে বিজেপি করা যাবে না বলে ফতোয়া জারি করে। এমনটাই অভিযোগ বিজেপি কর্মীর। তিনি বলেন, “ফতোয়া না মানার কারণে কিছুদিন আগে এক তৃণমূল কর্মী আমার বাড়িতে ঢুকে শ্লীলতাহানি করে। এই বিষয়ে থানায় অভিযোগ করি। সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দিতে থাকে। আমরা অভিযোগ তুলতে অস্বীকার করায় জামাইষষ্ঠীর দিন আমাদের উপর তারা চড়াও হয়। আমাকে এবং আমার স্বামীকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয় ওরা। আতঙ্কে আমরা বাড়িছাড়া। তৃণমূলীদের ভয়ে আমরা বাড়ি ফিরতে পারছি না। পুলিশ-প্রশাসনকে সমস্ত বিষয়টি জানিয়েছি। তবে, এখনও বাড়িতে ঢুকতে পারিনি। আমরা চাই, অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। “

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    হামলার ঘটনা নিয়ে পাতুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান তথা কিশোর বৈশ্য বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। এটা বিজেপির (BJP) দুই পরিবারের লড়াই। পারিবারিক গণ্ডগোলে এই হামলার ঘটনা ঘটেছে। দুটোই বিজেপি পরিবার বলে আমরা তাদের পুলিশ-প্রশাসনের কাছে যেতে বলেছি। আমরা তাদের পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করিনি। তারপরও ওরা তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য মিথ্যা অভিযোগ করছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Malda: ফুলাহার নদীর মাটি পাচারে আটক ৭ টি ট্র্যাক্টর  এবং ২ ব্যাক্তি

    Malda: ফুলাহার নদীর মাটি পাচারে আটক ৭ টি ট্র্যাক্টর এবং ২ ব্যাক্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশ্য দিবালোকে ফুলাহার নদীর মাটি কেটে পাচার করছে মাটি মাফিয়ারা। গোপন সূত্রে খবর পেয়ে মহকুমা শাসকের নির্দেশে, শনিবার দিন হরিশ্চন্দ্রপুর (Malda) দু নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রামায়ণপুর এলাকার ফুলাহার নদীতে অবৈধ মাটি কাটায়, ৭ টি ট্র্যাক্টর ও দুই জনকে আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

    মালদার (Malda) ফুলাহার নদীতে কীভাবে চলছে মাটি পাচার?

    নদী ভাঙ্গন মালদায় (Malda) প্রতি বছরের সমস্যা। বর্ষাকালে ভাঙ্গনের তীব্রতা বাড়ায় নদীগর্ভে তলিয়ে যায় বিঘার পর বিঘা জমি, বাড়ি, ফলের বাগান সর্বস্ব। জেলার প্রধান তিনটি নদীর মধ্যে গঙ্গা এবং ফুলাহার এই দুটি নদীর ভাঙন প্রতি বছর সর্বস্বান্ত করে বহু মানুষকে। আর সেই ফুলহার নদী থেকে বেআইনিভাবে মাটি কেটে পাচারের অভিযোগ উঠেছে, মাটি মাফিয়াদের বিরুদ্ধে। এলাকার স্থানীয়দের আশঙ্কা, এইভাবে মাটি কাটা হলে বর্ষাকালে ভয়াবহ ভাঙ্গন দেখা দেবে ফুলাহার নদীতে।   

    কারা মাটি মাফিয়া?

    শাসকের মদতেই চলছে মাটি পাচারের কাজ, অভিযোগ বিজেপির। বেআইনি কাজ হলে প্রশাসন (Malda) আইন অনুযায়ী ব্যবস্থা নেবে, প্রতিক্রিয়া তৃণমূলের। আর প্রকাশ্য দিবালোকে এইভাবে মাটিকাটা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে চাপান-উতোর। বিজেপির উত্তর মালদার (Malda) সাংগঠনিক কমিটির সদস্য কৃষ্ণ কেডিয়া বলেন, তৃণমূল কংগ্রেস ও স্থানীয় প্রশাসনের যৌথ মদতে প্রকাশ্য দিবালোকে এই ধরনের কাজ চলছে। অবৈধ কর্মকাণ্ডের জন্য সামনে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এলাকার সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোটের মাধ্যমে যোগ্য জবাব দেবেন বলে তিনি দাবি করেন।

    প্রশাসন এবং তৃণমূলের বক্তব্য

    অবৈধ ভাবে নদীর মাটি কাটার অভিযোগে চাঁচল (Malda) মহকুমার মহকুমা শাসক কল্লোল রায় বলেন, বিডিও এবং বিএলআরও-কে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপর দিকে তৃণমূল কংগ্রেসের হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের সভাপতি তবারক হোসেন বলেন, অবৈধ মাটি কাটাকে তৃণমূল কংগ্রেস প্রশ্রয় দেয় না। আইন আইনের পথে চলবে, আইন অনুযায়ী প্রশাসন ব্যবস্থা নেবে। সামনেই রাজ্যে বর্ষা আসছে, ফুলাহার নদী থেকে মাটি কাটার ফলে এলাকায় ভাঙনরোধে প্রশাসন কী ব্যবস্থা নেয় তাই এখন দেখার।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Narendra Modi: বিজেপি শাসিত ৮ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

    Narendra Modi: বিজেপি শাসিত ৮ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশের বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৈঠকে ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে মোট ৮ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ২ রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন।

    বৈঠকে কারা ছিলেন?

    উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গুজরাটের ভূপেন্দ্রভাই প্যাটেল, অসমের হিমন্ত বিশ্বশর্মা, হরিয়ানার মনোহর লাল খট্টর, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি, গোয়ার প্রমোদ সাওয়ান্ত, মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান, ত্রিপুরার মানিক সাহাদের সঙ্গে বৈঠক করলেন মোদি। ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, নাগাল্যান্ডের উপ-মুখ্যমন্ত্রী ইয়াংথুঙ্গো প্যাটোনও। বৈঠক শেষে মোদি ট্যুইট করে জানালেন, বিজেপির মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে দেশের মানুষের উন্নয়নের কাজ নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।

    বৈঠকের বিষয়

    রবিবার, নতুন সংসদ ভবন উদ্বোধনের পরই এই বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi)। দিল্লিতে বিজেপির সদর দফতরে এই বৈঠক আয়োজিত হয়। মূলত, আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপি শাসিত রাজ্যগুলির পরিস্থিতি ও উন্নয়নমূলক কাজের অগ্রগতি, লোকসভা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। লোকসভা ভোটের আগে বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলের শক্তি বৃদ্ধি করতে জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেন তিনি।

    আরও পড়ুন: ৬ বছরে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হতে চলেছে ভারত! দাবি অশ্বিনী বৈষ্ণবের

    রাজনৈতিক সূত্রের খবর, প্রধানত ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েই ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন মোদি। মুখ্যমন্ত্রীরা নিজের রাজ্যের বিগত তিন মাসের রিপোর্ট কার্ডও পেশ করেছেন প্রধানমন্ত্রীকে (Narendra Modi)। পাশাপাশি রাজ্যগুলিতে জনসংযোগ আরও কীভাবে বৃদ্ধি করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share