Tag: Madhyom

Madhyom

  • Cyclone Akvan: শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘আকভান’! বুধবারই বদলাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

    Cyclone Akvan: শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘আকভান’! বুধবারই বদলাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ (Cyclone Akvan)। গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এই আবহাওয়া ব্যবস্থা। দক্ষিণ ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। গত ছয় ঘণ্টায় ঘণ্টায় প্রায় ১০ কিলোমিটার গতিতে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে সেটি। আগামী দু’দিনে আরও শক্তি সঞ্চয় করে প্রথমে তীব্র এবং পরে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবার দুপুরে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ‘আকভান’।

    ঘূর্ণিঝড় ‘আকভান’-এর ল্যান্ডফল কোথায়

    আবহবিদদের মত, অন্ধ্রের নেল্লোর ও টুনির কাছাকাছি স্থলভাগে ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে। বর্তমানে ঘূর্ণিঝড়টি চেন্নাই থেকে প্রায় ৬১০ কিলোমিটার পূর্বে এবং শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি থেকে ৬৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থান করছে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে প্রায় ৭৯০ কিলোমিটার দক্ষিণে রয়েছে সেটি পূর্বাভাস অনুযায়ী, ১৭ নভেম্বর আজ, মঙ্গলবার সন্ধ্যার দিকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ‘আকভান’। এরপর উত্তর-পশ্চিম ও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ২০ নভেম্বর শুক্রবার দুপুরের দিকে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির। সেই সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। ঝোড়ো দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। নেল্লোর ও টুনি এলাকার মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে।

    দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়া

    ঘূর্ণিঝড়ের প্রভাবে বদলাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার। আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার সকাল পর্যন্ত আবহাওয়ার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে বুধবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার কয়েকটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Rain Alert For Bengal) সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এর জেরে বিলম্বিত হতে পারে শীতের আগমনও। উত্তরবঙ্গে মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। এরপর উত্তরবঙ্গের সব জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা।

    জগদ্ধাত্রী পুজোয় ভিজবে বাংলা

    বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা এবং হাওড়ার বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের এক বা দুই জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। বজ্রপাতের পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবারও কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

    কলকাতার আবহাওয়া

    বুধবার থেকেই শহরের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এক বা দু’পশলা। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

    আকভান মোকাবিলায় প্রস্তুতি ওড়িশায়

    এক মাসের মধ্যে বঙ্গোপসাগরে পরপর তিনটি ঘূর্ণিঝড়! প্রথমে ‘অর্ণব’, তারপর ‘মুরাসু’, আর এবার ‘আকভান’ (Cyclone Akvan)। শীতের মরসুম শুরু হওয়ার মুখে একের পর এক ঘূর্ণিঝড়ের চোখরাঙানিতে উদ্বেগ বাড়ছে উপকূলবর্তী রাজ্যগুলিতে। আকভানের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছে ওড়িশা প্রশাসন। রাজ্যের বিভিন্ন জেলায় ৬০টি ওডিআরএফ এবং ১৪টি এনডিআরএফ দল প্রস্তুত রাখা হয়েছে। গঞ্জাম, গজপতি, কন্ধমাল, রায়গড়া, কোরাপুট ও মালকানগিরিতে বিশেষ সতর্কতা জারি হয়েছে। ভূমিধসপ্রবণ ও নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরানোর কাজ চলছে।

    সতর্কতা জারি করেছে অন্ধ্রপ্রদেশ সরকার

    এই পরিস্থিতিতে সতর্কতা জারি করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। উপকূলবর্তী কোনাসীমা, কাকিনাড়া, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, কৃষ্ণা, এনটিআর এবং গুন্টুর জেলায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের আগাম সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়েছে। পাশাপাশি জলাধারগুলিতে জলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখার উদ্যোগ নিয়েছে প্রশাসন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

     

  • Robert Pattinson James Bond: ভ্যাম্পায়ার থেকে ব্যাটম্যান, এবার জেমস বন্ড! রবার্ট প্যাটিনসনের অভিনয় জীবনে নতুন অধ্যায়

    Robert Pattinson James Bond: ভ্যাম্পায়ার থেকে ব্যাটম্যান, এবার জেমস বন্ড! রবার্ট প্যাটিনসনের অভিনয় জীবনে নতুন অধ্যায়

    মাধ্যম নিউজ ডেস্ক: একসময় কিশোরী হৃদয়ের স্বপ্নের ভ্যাম্পায়ার, তারপর গথামের অন্ধকারে লড়াই করা ব্যাটম্যান, আর এবার বিশ্বের সবচেয়ে পরিচিত কাল্পনিক গুপ্তচর জেমস বন্ড! রবার্ট প্যাটিনসনের অভিনয় জীবনে যোগ হল আরও এক মাইলফলক। ব্রিটিশ অভিনেতাকেই পরবর্তী জেমস বন্ড হিসেবে বেছে নিয়েছে অ্যামাজন এমজিএম স্টুডিওস। এর ফলে বড় পর্দায় ০০৭ (বলা হয় ‘ডবল ও সেভেন’) খ্যাত ভূমিকায় দেখা যাবে সপ্তম অভিনেতাকে। ড্যানিয়েল ক্রেগের পর এবার ব্রিটিশ গুপ্তচরের লাইসেন্স টু কিল-এর দায়িত্ব সামলাবেন ৪০ বছর বয়সি প্যাটিনসন।

    সোমবার, ১৬ নভেম্বরের এই ঘোষণার মধ্য দিয়ে কয়েক মাসের জল্পনার অবসান হল। ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিয়ে জেমস বন্ড হিসেবে যাত্রা শুরু করেছিলেন ড্যানিয়েল ক্রেগ। ২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ ছিল তাঁর শেষ বন্ড ছবি। পাঁচটি ছবিতে ০০৭-এর চরিত্রে অভিনয় করে তিনি বন্ড-চরিত্রের এক নতুন, অপেক্ষাকৃত বাস্তবধর্মী ও কঠিন রূপ তৈরি করেছিলেন। এবার সেই উত্তরাধিকার বহন করার চ্যালেঞ্জ প্যাটিনসনের সামনে।

    ‘হ্যারি পটার’ থেকে ‘টোয়াইলাইট’: ভ্যাম্পায়ার এডওয়ার্ডের হাত ধরে বিশ্বজোড়া পরিচিতি

    প্যাটিনসনের অভিনয় জীবনের শুরুটা অবশ্য জেমস বন্ড বা ব্যাটম্যানের মতো বড় কোনও চরিত্র দিয়ে হয়নি। ২০০৫ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’-এ সেড্রিক ডিগরির ভূমিকায় প্রথম আন্তর্জাতিক দর্শকের নজরে আসেন তিনি। ট্রাইউইজ়ার্ড টুর্নামেন্টে হ্যারির প্রতিদ্বন্দ্বী, অথচ সহানুভূতিশীল ও জনপ্রিয় সেড্রিকের চরিত্রে তখন তাঁর বয়স ছিল মাত্র ১৯। ছবির শেষেই মৃত্যু হয় সেই চরিত্রের। কিন্তু প্যাটিনসনের কেরিয়ারের জন্য সেটিই ছিল গুরুত্বপূর্ণ সূচনা।

    এর ঠিক তিন বছর পর, ২০০৮ সালে ‘টোয়াইলাইট’ তাঁকে রাতারাতি আন্তর্জাতিক তারকায় পরিণত করে। স্টেফানি মায়ারের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি এই ফ্র্যাঞ্চাইজিতে এডওয়ার্ড কালেনের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা পান তিনি। কিন্তু সেই সাফল্যের সঙ্গে জুড়ে যায় এক ধরনের ইমেজও—রহস্যময়, বিষণ্ণ ভ্যাম্পায়ার। পরবর্তী সময়ে সেই পরিচিতির গণ্ডি ভাঙাই হয়ে ওঠে প্যাটিনসনের অন্যতম বড় লক্ষ্য।

    ‘টেনেট’ থেকে ‘দ্য ব্যাটম্যান’: অভিনয়ের নতুন পরিচয় তৈরি

    বাণিজ্যিক ছবির জনপ্রিয়তা সত্ত্বেও নিজেকে একটিমাত্র চরিত্রে আটকে রাখেননি প্যাটিনসন। ‘গুড টাইম’ এবং ‘দ্য লাইটহাউস’-এর মতো অন্য ধারার ছবিতে অভিনয় করে নিজের অভিনয়ক্ষমতার নতুন দিক তুলে ধরেন। ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ এবং বং জুন-হোর ‘মিকি ১৭’-তেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

    ২০২২ সালে ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’-এ ব্রুস ওয়েন তথা ব্যাটম্যানের চরিত্রে অভিনয় করে ফের দর্শকদের চমকে দেন তিনি। প্রচলিত সুপারহিরোদের তুলনায় অনেক বেশি অন্ধকারাচ্ছন্ন, একাকী ও মানসিকভাবে বিপর্যস্ত এক ব্রুস ওয়েনকে পর্দায় তুলে ধরেছিলেন প্যাটিনসন। এই চরিত্রের মধ্য দিয়ে প্রমাণ করেন, জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির পরিচিত চরিত্রেও নিজের অভিনয়শৈলীর স্বতন্ত্র ছাপ রাখতে পারেন তিনি।

    বর্তমানে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’-এর কাজেও যুক্ত রয়েছেন অভিনেতা। ফলে গথামের অন্ধকার জগৎ থেকে এবার ০০৭-এর আন্তর্জাতিক গুপ্তচর দুনিয়ায় তাঁর যাত্রা নিঃসন্দেহে কৌতূহল বাড়াচ্ছে।

    নতুন জেমস বন্ড ছবির নেপথ্যে কারা?

    নাম এখনও চূড়ান্ত না হওয়া পরবর্তী জেমস বন্ড ছবিটি পরিচালনা করবেন ডেনিস ভিলনভ। ‘অ্যারাইভাল’ এবং ‘ডিউন’ ফ্র্যাঞ্চাইজির মতো ছবির জন্য পরিচিত এই পরিচালক। চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন ‘পিকি ব্লাইন্ডার্স’-এর স্রষ্টা স্টিভেন নাইট। প্রযোজনা করবেন অ্যামি প্যাসক্যাল ও ডেভিড হেইম্যান। নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন তানিয়া লাপোয়েন্তে।

    প্যাটিনসনকে বন্ড হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভিলনভ। তাঁর মতে, অভিনেতার মধ্যে জেমস বন্ডের চিরকালীন ব্যক্তিত্বের উপাদান রয়েছে, পাশাপাশি চরিত্রটিকে নতুনভাবে তুলে ধরার মতো স্বতন্ত্র সত্তাও রয়েছে। অন্যদিকে, এই চরিত্রে অভিনয়ের সুযোগকে জীবনের অন্যতম বড় সম্মান বলে উল্লেখ করেছেন প্যাটিনসন। তাঁর কথায়, জেমস বন্ড হওয়ার স্বপ্ন সত্যি হওয়ার মতোই এই অভিজ্ঞতা।

    বন্ড ফ্র্যাঞ্চাইজিতে নতুন অধ্যায়, বদলাচ্ছে নিয়ন্ত্রণও

    নতুন ছবিটি শুধু অভিনেতা পরিবর্তনের জন্যই গুরুত্বপূর্ণ নয়, ফ্র্যাঞ্চাইজির পরিচালনাগত ইতিহাসেও তাৎপর্যপূর্ণ। ২০২৫ সালে দীর্ঘদিনের বন্ড-ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে থাকা বারবারা ব্রকোলি ও মাইকেল জি উইলসনের সঙ্গে নতুন ব্যবস্থাপনায় যায় অ্যামাজন এমজিএম স্টুডিওস। তার পর এই প্রথম কোনও জেমস বন্ড ছবির সৃজনশীল নিয়ন্ত্রণ সরাসরি অ্যামাজন এমজিএমের হাতে থাকছে।

    ১৯৬২ সালে শন কনারির হাত ধরে বড় পর্দায় জেমস বন্ডের যাত্রা শুরু হয়েছিল। তারপর জর্জ ল্যাজ়েনবি, রজার মুর, টিমোথি ডালটন, পিয়ার্স ব্রসন্যান এবং ড্যানিয়েল ক্রেগ—প্রত্যেকেই নিজেদের মতো করে ০০৭-কে দর্শকদের সামনে তুলে ধরেছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে রবার্ট প্যাটিনসনের নাম।

    হলিউডে আলোচনার কেন্দ্রে প্যাটিনসন

    ‘হ্যারি পটার’-এর সেড্রিক, ‘টোয়াইলাইট’-এর এডওয়ার্ড, ‘দ্য ব্যাটম্যান’-এর ব্রুস ওয়েন—প্রতিটি চরিত্রই প্যাটিনসনের কেরিয়ারে আলাদা পরিচয় তৈরি করেছে। এবার জেমস বন্ডের মতো ঐতিহ্যবাহী চরিত্রে সেই অভিজ্ঞতা কতটা কাজে লাগে, সেটাই দেখার। তবে একটা বিষয় স্পষ্ট, ভ্যাম্পায়ার থেকে সুপারহিরো হয়ে এবার গুপ্তচর—প্যাটিনসনের কেরিয়ারের এই নতুন বাঁক হলিউডে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে। নতুন বন্ড ছবির মুক্তির তারিখ অবশ্য এখনও ঘোষণা করা হয়নি।

  • Suvendu Adhikari on Recruitment: ৬০০ জনের হাতে নিয়োগপত্র! সরকারি চাকরির ‘পরীক্ষা–ফি’ তুলে দেওয়া হবে, ঘোষণা শুভেন্দুর

    Suvendu Adhikari on Recruitment: ৬০০ জনের হাতে নিয়োগপত্র! সরকারি চাকরির ‘পরীক্ষা–ফি’ তুলে দেওয়া হবে, ঘোষণা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি চাকরির ক্ষেত্রে ফর্ম ফিলআপ-এর জন্য আর টাকা দিতে হবে না। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একটি অনুষ্ঠানে পরীক্ষার্থীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ৬০০ জনের হাতে নিয়োগ পত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari on Recruitment)। তাঁর দাবি, নয়া সরকার এক বছরের মধ্যেই ১ লক্ষ চাকরি দেওয়ার উদ্যোগ নিয়েছে, আর সেটা করা হবে। মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেছেন, আগের সরকার থাকলে এই নিয়োগ সম্ভব হত না। মুখ্যমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গে এই সরকার আসার পর বেকার যুবক-যুবতীদের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিমুক্ত করা হচ্ছে। রাজনৈতিক কোনও নিয়োগ আর হবে না।”

    পরীক্ষার প্রস্তুতির জন্য ভাতা চালু করা হবে

    যাঁরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য বিশেষ ভাবনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গ্র্যাজুয়েট ও নন-গ্র্যাজুয়েটদের পরীক্ষার প্রস্তুতির জন্য ভাতা চালু করা হবে বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘অনেক অর্থনৈতিক সমস্যা রয়েছে, তার মধ্যেও অনেকগুলি চালু হয়েছে। সবার বেতন কিছু না কিছু বাড়ানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘২টো গ্রুপ করে ভরসা স্কিম চালু করব। তার প্রস্তুতি চলছে। শীঘ্র জানিয়ে দেব, ভরসা স্কিমে এমপ্লয়মেন্ট না পাওয়া পর্যন্ত অন্তত ৫ বছর পরীক্ষার প্রস্তুতির জন্য সাপোর্ট দেওয়া হবে।’ মুখ্যমন্ত্রী বলেন, সরকারি চাকরির প্রস্তুতির জন্য যে খরচ হয়, তার একটি বড় অংশ যায় ফর্ম ফিলআপ-এর জন্য। যাঁরা পরপর একাধিক পরীক্ষা দেন, তাঁদের একাংশের কাছে এই টাকা জোগাড় করে অনেক সময় একটু চাপের হয়। তাই সরকারি চাকরির ক্ষেত্রে ফি তুলে দেওয়া হবে। তিনি বলেন, ‘সংকল্পপত্রে রয়েছে। আমরা ঠিক সময়ে এটা তুলে দেব।’

    আগের সরকার ক্ষমতায় এলে নিয়োগ হত না

    সরকারি স্তরে পরীক্ষার মাধ্যমে পুলিশ, শিক্ষক ও বিভিন্ন দফতরে ১ লক্ষ নিয়োগ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগের সরকার ক্ষমতায় এলে একটাও চাকরি হত না বলে মন্তব্য করেন শুভেন্দু। তিনি বলেন, “ওবিসি জটে আটকে ছিল নিয়োগ। বিধানসভায় আইন এনে সংশোধন করা হয়েছে। গত ৮ জুলাই মামলা তুলে নেওয়া হয়েছে। আগের রায় অনুযায়ী নিয়োগ হচ্ছে।” উল্লেখ্য, ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে তৎকালীন রাজ্য সরকার। নতুন সরকার সেই মামলা তুলে নিয়েছে। আগামী মাসে রাজ্য পুলিশকে ১৩৩১ এসআই দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জানুয়ারিতে কলকাতা পুলিশে ৪০০০ কনস্টেবল দেওয়া হবে। তার সঙ্গেই এই মাসেই পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগের বিজ্ঞপ্তিও বেরোবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

  • Winter Health Tips: নামছে তাপমাত্রা, বাড়ছে রোগের ঝুঁকি! শীতে সুস্থ থাকতে পাতে রাখুন এই ৫ সব্জি

    Winter Health Tips: নামছে তাপমাত্রা, বাড়ছে রোগের ঝুঁকি! শীতে সুস্থ থাকতে পাতে রাখুন এই ৫ সব্জি

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    কমছে তাপমাত্রার পারদ! উৎসবের মরশুম শেষে ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীত আসছে! শীত মানেই নানান উৎসব, উদযাপন। বছরে মাত্র কয়েক সপ্তাহ রাজ্য জুড়ে শীতের মরশুম থাকে। তাই এই সময়ে মানুষ পারদ পতনের আবহাওয়া মনভরে উপভোগ করেন। কিন্তু এই সময়ে ভোগান্তি বাড়াতে পারে একাধিক সংক্রমণ ও রোগ। তাই চিকিৎসকেরা জানাচ্ছেন, সুস্থ থাকতে আগাম সতর্কতা জরুরি। তবে শীতের রোগের মোকাবিলা করতে শীতের সব্জিতেই ভরসা রাখছেন বিশেষজ্ঞদের একাংশ।

    শীতে কোন রোগের ভোগান্তি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকেরা?

    ইনফ্লুয়েঞ্জা ও ভাইরাস ঘটিত জ্বর!

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শীতে ইনফ্লুয়েঞ্জা এবং নানান ভাইরাস ঘটিত রোগের দাপট বাড়তে পারে। তাঁরা জানাচ্ছেন, তাপমাত্রার বদলের জেরে আবহাওয়ার পরিবর্তন হয়। ফলে বাতাসে নানান ভাইরাসের সক্রিয়তা বেড়ে যায়। তাই ইনফ্লুয়েঞ্জা সহ একাধিক ভাইরাস ঘটিত রোগের ঝুঁকিও বেড়ে যেতে পারে। বিশেষত শিশু ও বয়স্কদের মধ্যে এই রোগের প্রকোপ বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন চিকিৎসকেরা।

    স্ট্রোকের ঝুঁকি বাড়ে!

    চিকিৎসকেরা জানাচ্ছেন, শীতে বাড়তে পারে স্ট্রোকের ঝুঁকি। আবহাওয়ার পরিবর্তনের জেরে শীতে রক্তনালি সংকুচিত হয় এবং রক্তচাপ বেড়ে যাওয়ার কারণে স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, উচ্চ রক্তচাপের সমস্যায় আক্রান্তদের এই ধরনের ঝুঁকি আরও বেশি থাকে। তাই তাদের বাড়তি সাবধানতা জরুরি।

    ত্বকের সমস্যা!

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শীতে অনেকেই ত্বকের সমস্যায় পড়েন। কারণ, এই সময়ে আবহাওয়া শুষ্ক হয়ে যায়। তাই ত্বকের স্বাভাবিক আর্দ্রতায় ঘাটতি দেখা যায়। নানান রকমের চুলকানি বা লাল দাগ দেখা যায়। ফলে ত্বকে এগজিমা, শুষ্কতা বা ত্বক ফেটে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

    সিওপিডি-র সমস্যা বাড়তে পারে!

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শীতে হাঁপানি বা সিওপিডি-র মতো ফুসফুসের সমস্যা ক্রমশ বাড়তে পারে। শীতে বাতাসে ধূলিকণার পরিমাণ বেড়ে যায়। তাই ফুসফুসের সংক্রমণঘটিত রোগের ঝুঁকি বেড়ে‌ যায়। তাই সিওপিডি-র মতো রোগের ঝুঁকিও বেড়ে যায়।

    শীতের সব্জিতেই কি লুকিয়ে রয়েছে সুস্থ থাকার চাবিকাঠি?

    বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, সুস্থ থাকার প্রধান হাতিয়ার রোগ প্রতিরোধ ক্ষমতা। তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে বাড়তি নজর দেওয়া জরুরি। বিশেষত ঋতু পরিবর্তনের সময়ে নানান সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তাই এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির দিকে বাড়তি নজরদারি জরুরি।
    পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, শরীরের স্বাভাবিক ইমিউন সিস্টেম ঠিক রাখতে ভিটামিন এ, সি, ই, বি৬, ফোলেট, জিঙ্ক, আয়রন এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টের ভূমিকা গুরুত্বপূর্ণ। শীতের সব্জি এই পুষ্টি উপাদানগুলির ভালো উৎস। বিশেষ করে শিশুদের বৃদ্ধি, হাড়ের স্বাস্থ্য, রক্ত তৈরি এবং সংক্রমণের বিরুদ্ধে শরীরের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা বজায় রাখতে এগুলি গুরুত্বপূর্ণ।

    ভারতের আইসিএমআর-এনআইএন-এর ২০২৪ সালের খাদ্য নির্দেশিকা অনুযায়ী, একজন সুস্থ প্রাপ্তবয়স্কের প্রতিদিন অন্তত ৪০০ গ্রাম শাকসব্জি খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে ১০০ গ্রাম শাক, ২৫০ গ্রাম অন্যান্য সব্জি এবং ৫০ গ্রাম মূলজাতীয় সব্জি রাখার কথা বলা হয়েছে। মরশুমি ও স্থানীয় সব্জি বেছে নেওয়ার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। তাই শীতের নানান স্বাস্থ্যজনিত সমস্যা মোকাবিলা করতে বড় হাতিয়ার হতে পারে শীতের সব্জি! এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

    শীতের কোন সব্জি খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদেরা?

    পালং শাক!

    শীতকাল মানেই বাজারে দেদার পালং শাক পাওয়া যায়। এই সব্জি স্বাদের পাশাপাশি স্বাস্থ্যের দিক থেকেও এগিয়ে রয়েছে। পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, শিশু থেকে বয়স্ক সকলের জন্যই এই সব্জি উপকারী।
    তাঁরা জানাচ্ছেন, পালং শাক ফোলেট, বিটা ক্যারোটিন, ভিটামিন-কে এবং উদ্ভিজ্জ আয়রনের উৎস। তাই শরীরের এনার্জির জোগান দিতে, হাড় মজবুত করতে, শীতের জড়তা কাটাতে এই সব্জি বিশেষ উপকারী।

    ব্রোকলি!

    পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, ব্রোকলিতে ভিটামিন-সি, ফোলেট, ফাইবার ও বিভিন্ন অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। ভিটামিন-সি শরীরে কোলাজেন তৈরি এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কাজে সাহায্য করে।

    মটরশুঁটি!

    পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, মটরশুঁটি উদ্ভিজ্জ প্রোটিন, ফাইবার, ফোলেট ও ভিটামিনের ভালো উৎস। শিশুদের বৃদ্ধি এবং পেশির গঠনে সাহায্য করে। বয়স্কদের খাদ্যতালিকাতেও প্রোটিন ও ফাইবারের জোগান দিতে পারে। শীতে অনেকেই পেশির টান,  ক্লান্তিবোধ অনুভব করেন। মটরশুঁটি পেশির স্বাভাবিক কার্যকারিতায় সহায়তা করে। তাছাড়া উদ্ভিজ্জ প্রোটিন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

    মূলো!

    পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, শীতে মূলো সহজলভ্য। তবে এই সব্জির পুষ্টিগুণ প্রচুর। এই সব্জি ভিটামিন সি, ফাইবার এবং জলীয় উপাদানের উৎস। তাই হজমের স্বাভাবিক প্রক্রিয়া বজায় রাখতে সাহায্য করে। বয়স্কদের ক্ষেত্রে ভালোভাবে রান্না করে দেওয়া সুবিধাজনক। শীতের নানান রোগের মোকাবিলায় এই সব্জি সাহায্য করে।

    বিট!

    চিকিৎসকেরা জানাচ্ছেন, বিটে পর্যাপ্ত  ফোলেট, ফাইবার, পটাশিয়াম এবং প্রাকৃতিক নাইট্রেট রয়েছে। তাই এই সব্জি হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্যে এবং রক্তনালির স্বাভাবিক কার্যকারিতায় সহায়ক হতে পারে।

    প্রতিদিনের পাতে কোন খাবার সন্তানকে সুস্থ রাখবে?

    পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, শীতের মরশুমে সুস্থ থাকতে নিয়মিত কয়েকটি খাবারে বিশেষ নজরদারি জরুরি। তাঁদের পরামর্শ, শিশুদের প্রতিদিনের খাবারে অন্তত দুই-তিন ধরনের মরশুমি সব্জি রাখতে হবে।
    গাজর, পালং শাক, ব্রোকলি, কড়াইশুঁটি ও মিষ্টি আলু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতে হবে। কারণ এই সব্জিগুলিতে বিভিন্ন ভিটামিন, খনিজ পদার্থ, ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সচল রাখতে সাহায্য করে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

    সব্জির সঙ্গে ডাল, ডিম, মাছ, দুধ বা অন্যান্য প্রোটিনের উৎস রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ তাহলে ব্যালেন্সড ডায়েট বা সুষম খাদ্য বজায় থাকবে। তবে, তাঁদের পরামর্শ, সব্জি ভালোভাবে ধুয়ে রান্না করতে হবে। ছোট শিশুদের ক্ষেত্রে বয়স অনুযায়ী নরম করে বা ছোট টুকরো করে দিতে হবে। তাছাড়া, খাবারে অতিরিক্ত লবণ ও তেল ব্যবহার করা যাবে না। কারণ এতে হজমের সমস্যা হতে পারে।

    বয়স্কদের জন্য বাড়তি কী পরামর্শ?

    বয়স্করা সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসব্জি, ফল এবং পর্যাপ্ত প্রোটিন রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন, দাঁতের সমস্যা থাকলে সব্জি সেদ্ধ করে, নরম করে বা স্যুপ বানিয়ে খাওয়া যেতে পারে। ডায়াবেটিস, কিডনির সমস্যা বা অন্য কোনও দীর্ঘস্থায়ী রোগ থাকলে চিকিৎসক বা ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী খাবার বাছতে হবে। পর্যাপ্ত জল পান করা জরুরি। ঠান্ডায় তেষ্টা কম পেলেও জল খাওয়ার অভ্যাস বজায় রাখতে হবে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই এবং প্রতিবেদনে উল্লিখিত কোনও তথ্য বা পরামর্শের দায় মাধ্যম নিচ্ছে না। এখানে দেওয়া কোনও উপদেশ অনুসরণ করার আগে অবশ্যই চিকিৎসক বা সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
  • Sheikh Hasina: হাসিনার দেশে ফেরার জল্পনার মধ্যেই গোপালগঞ্জে ব্যাপক অশান্তি, পুলিশের গাড়ি-সরকারি সম্পত্তি ভাঙচুর

    Sheikh Hasina: হাসিনার দেশে ফেরার জল্পনার মধ্যেই গোপালগঞ্জে ব্যাপক অশান্তি, পুলিশের গাড়ি-সরকারি সম্পত্তি ভাঙচুর

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। রবিবার হাসিনার নিজের জেলা গোপালগঞ্জে ব্যাপক বিক্ষোভ দেখালেন তাঁর (Sheikh Hasina) দল আওয়ামি লিগের সমর্থকরা। বিক্ষোভ চলাকালীন পুলিশের গাড়ি, পুলিশি পরিকাঠামো এবং একাধিক সরকারি সম্পত্তিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন রাস্তায় ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন করতে হয়েছে প্রশাসনকে (Bangladesh)।

    বাংলাদেশে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা (Sheikh Hasina)

    ডিসেম্বরে হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন, এমন জল্পনা ঘিরেই রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। ২০২৪ সালের অগাস্টে ছাত্র আন্দোলনের জেরে তাঁর সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন হাসিনা। তারপর থেকেই তিনি ভারতে রয়েছেন। সম্প্রতি ডিসেম্বর মাসে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করেই বাংলাদেশের রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে চাপানউতোর।

    উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হাসিনার অনুপস্থিতিতেই তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়। আন্দোলনকারীদের বিরুদ্ধে তাঁর সরকারের দমন-পীড়নের ঘটনাকে কেন্দ্র করেই এই মামলা হয়েছিল। যদিও সমস্ত অভিযোগ এবং বিচারপ্রক্রিয়ার বৈধতা অস্বীকার করেছেন হাসিনা। বছর ঊনআশির প্রাক্তন প্রধানমন্ত্রী একাধিকবার জানিয়েছেন, মৃত্যুদণ্ডের সাজা সত্ত্বেও তিনি ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরতে চান।

    এদিকে, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতের কাছে হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছে বাংলাদেশের বর্তমান সরকার। হাসিনার হয়ে লন্ডনের একটি আইনি সংস্থা তাঁর দেশে ফেরার সুবিধার্থে পাসপোর্টের আবেদন জানালেও সেই আবেদন মঞ্জুর করেনি বাংলাদেশ সরকার।

    ১৪ নভেম্বর বাংলাদেশের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে ঢাকা। এখন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারতের।

    কী বলছে ঢাকা

    শুধু প্রত্যর্পণের দাবিই নয়, হাসিনাকে ফেরানোর বিষয়টির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের প্রসঙ্গও জুড়ে দিয়েছে বাংলাদেশ সরকার। ঢাকার বক্তব্য, হাসিনা এবং বাংলাদেশের চাওয়া তালিকায় থাকা অন্যান্য পলাতক ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনা হলে দুই দেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য বৈঠক বা সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি (Sheikh Hasina) হবে।

    অন্যদিকে, বাংলাদেশের প্রত্যর্পণ সংক্রান্ত আবেদন পাওয়ার কথা স্বীকার করলেও এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি নয়াদিল্লি। ১৩ নভেম্বর নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। সেই অনুযায়ী বিষয়টি বিবেচনা করা হবে।

    এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই রবিবার গোপালগঞ্জে বিক্ষোভ আরও হিংসাত্মক রূপ নেয়। ২০২৪ সালের ৫ অগাস্ট হাসিনা সরকারের পতনের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ঢুকে পড়েন তাঁরা। বিক্ষোভে বহু মহিলা কর্মীও (Bangladesh) অংশ নেন।

    যা জানাল আওয়ামি লিগ

    আওয়ামি লিগের গোপালগঞ্জ জেলার অন্যতম নেতা ইলিয়াস হক দলীয় সমাবেশে বলেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত রাস্তায় আমাদের আন্দোলন চলবে।”

    প্রসঙ্গত, রবিবারের বিক্ষোভের আগে শনিবার রাতেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দু’টি কার্যালয়ে আগুন লাগানোর ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ওই কার্যালয়গুলিতে আগুন ধরিয়ে দেয় বলে সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে খবর। টুঙ্গিপাড়া হাসিনার জন্মস্থান।

    পরপর এই ঘটনাগুলির জেরে প্রশাসনিক স্তরেও পদক্ষেপ করা হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নাশকতা ও সন্ত্রাসমূলক কার্যকলাপ ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জে দাঙ্গা দমনের দায়িত্বে থাকা পুলিশের পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর একাধিক দল মোতায়েন করা হয়েছে। আওয়ামি লিগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলায় যাতে নতুন করে হিংসা ছড়িয়ে না পড়ে, সেদিকে বিশেষ নজর রাখছে (Sheikh Hasina) প্রশাসন।

    রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকেও গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সংসদ ভবনে দলের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে বিএনপি নেতাদের সঙ্গে আলোচনার সময় দলের কর্মীদের এলাকায় সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন (Bangladesh) তারেক রহমান।

    পরিস্থিতির গতিপ্রকৃতির উপর নজর

    স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, “সরকার পরিস্থিতিকে কোনওভাবেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেবে না।” পরিস্থিতির গতিপ্রকৃতির উপর নজর রাখা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যাও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন ওই আধিকারিক।

    হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন, তাঁর বিরুদ্ধে চলা আইনি প্রক্রিয়া এবং আওয়ামি লিগের সমর্থকদের লাগাতার রাজনৈতিক কর্মসূচি—সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে অনিশ্চয়তার মুখে। ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা ঘিরে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর (Sheikh Hasina) ওয়াকিবহাল মহলের।

     

  • Pakistan: ভারতের প্রত্যাঘাতের আশঙ্কা! গোপন আস্তানায় সরানো হল হাফিজ সইদ- মাসুদ আজহারকে

    Pakistan: ভারতের প্রত্যাঘাতের আশঙ্কা! গোপন আস্তানায় সরানো হল হাফিজ সইদ- মাসুদ আজহারকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের সামরিক অভিযানের আশঙ্কায় পাকিস্তানে নিজেদের অবস্থান বদল করতে বাধ্য হল দুই কুখ্যাত জঙ্গি নেতা হাফিজ সইদ ও মাসুদ আজহার। গত এক সপ্তাহের মধ্যে তাঁদের গোপনে নতুন ঠিকানায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে (Pakistan) বলে গোয়েন্দা সূত্রের দাবি। বর্তমানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের নিয়ন্ত্রণাধীন কড়া নিরাপত্তাবেষ্টিত গোপন আস্তানায় রাখা (Security Fears) হয়েছে তাঁদের।

    গোয়েন্দা সূত্রের খবর, লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদকে লাহোরের জোহর টাউন থেকে সরিয়ে রাওয়ালপিন্ডির গ্যারিসন গ্রাউন্ড এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তানের সেনা সদর দফতরের কাছাকাছি এই এলাকায় নিরাপত্তার কড়াকড়ি অত্যন্ত বেশি। অন্যদিকে, জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে রাখা হয়েছে সিন্ধ প্রদেশের নওয়াবশাহের একটি গোপন নিরাপদ আস্তানায়।

    ভয়ে রয়েছেন জঙ্গি নেতারা! (Pakistan)

    কেন আচমকা এই স্থান পরিবর্তন? গোয়েন্দা সূত্রের ব্যাখ্যা, ভারতের সাম্প্রতিক সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানের একাধিক গুরুত্বপূর্ণ জঙ্গি পরিকাঠামো ধ্বংস হওয়ার পর থেকেই আতঙ্কে রয়েছে ওই দুই জঙ্গি সংগঠন। নতুন করে ভারতের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কার পাশাপাশি পাকিস্তানের মাটিতে গত কয়েক মাসে একাধিক ভারতবিরোধী জঙ্গি নেতার অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের হাতে নিহত হওয়ার ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। সেই কারণেই দুই নেতার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে দাবি গোয়েন্দাদের।

    নিরাপত্তার কারণে লস্কর সদস্যদের সঙ্গে সরাসরি দেখা করাও বন্ধ করে দিয়েছেন হাফিজ সইদ। এখন তিনি মূলত অডিয়ো বার্তার মাধ্যমে সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁর গতিবিধির উপরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

    যদিও পাক সরকারের দাবি, সন্ত্রাসবাদে অর্থ জোগানের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর লাহোরের কোট লাখপত জেলে সাজা কাটাচ্ছেন সইদ। তবে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির দাবি, এই বক্তব্যের আড়ালে প্রকৃত তথ্য গোপন করা হচ্ছে। তাঁদের মতে, জেলে থাকার পরিবর্তে নিরাপদ আস্তানায় বহাল তবিয়তেই রয়েছেন লস্কর প্রধান।

    ‘অপারেশন সিঁদুরে’র ধাক্কা

    অন্যদিকে, ‘অপারেশন সিঁদুরে’র ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি জইশ-ই-মহম্মদ। বাহাওয়ালপুরে সংগঠনটির প্রধান ঘাঁটি মার্কাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ঘটনার পর থেকেই সংগঠনটি নতুন করে (Pakistan) শক্তি সঞ্চয় এবং সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে বলে গোয়েন্দা সূত্রের খবর।

    মাসুদ আজহারও এখন সংগঠনের সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলছেন। তাঁর যোগাযোগ সীমাবদ্ধ রয়েছে হাতে গোনা কয়েকজন বিশ্বস্ত ব্যক্তির মধ্যে। এই তালিকায় সংগঠনের কয়েকজন শীর্ষ কমান্ডারও রয়েছেন বলে জানা গিয়েছে।

    উল্লেখ্য, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ইতিমধ্যেই হাফিজ সইদ ও মাসুদ আজহার—দু’জনকেই আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করেছে। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলা-সহ ভারতের একাধিক সন্ত্রাসবাদী হামলার ঘটনায় অভিযুক্ত হাফিজ সইদ। অন্যদিকে, পুলওয়ামা, পাঠানকোট এবং সংসদ হামলার নেপথ্যে অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে নাম রয়েছে (Security Fears) মাসুদ আজহারের।

    সব মিলিয়ে গোয়েন্দা সূত্রের দাবি, আপাতত কারাগারে নয়, বরং পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ নিরাপত্তা ও নজরদারিতে গোপন আস্তানায় রয়েছেন ভারতের এই দুই মোস্ট ওয়ান্টেড জঙ্গি (Pakistan) নেতা।

     

  • BLA: বিএলএর নয়া প্রধান রহমান গুল, নেতৃত্ব বদলে সাংগঠনিক গণতন্ত্রের পথে বালোচ আন্দোলন?

    BLA: বিএলএর নয়া প্রধান রহমান গুল, নেতৃত্ব বদলে সাংগঠনিক গণতন্ত্রের পথে বালোচ আন্দোলন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বালোচিস্তানের সশস্ত্র সংগঠন বালোচ লিবারেশন আর্মি বা সংক্ষেপে বিএলএ-র শীর্ষ নেতৃত্বে বড়সড় বদল ঘটল। সংগঠনের নতুন প্রধান নির্বাচিত হয়েছেন রহমান গুল, যিনি মুরিদ নামেও পরিচিত। শনিবার সংগঠনের (BLA) প্রবীণ কমান্ড কাউন্সিলের তত্ত্বাবধানে নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁর নাম ঘোষণা করা হয়। সংগঠনের দাবি, সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুল একসময় পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন। প্রায় ১৬ বছর আগে তিনি সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেন।

    সংগঠনের মুখপাত্র জিয়ান্দ বালোচ এক বিবৃতিতে (Rehman Gul) জানিয়েছেন, দীর্ঘ আলোচনার পর প্রবীণ কমান্ড কাউন্সিলের সদস্যরা গুলকে নতুন প্রধান হিসেবে বেছে নিয়েছেন। এই সিদ্ধান্তে সংগঠনের শীর্ষ নেতৃত্ব এবং সমস্ত কমান্ডারের পূর্ণ সমর্থন রয়েছে। এর আগে গুল প্রবীণ কমান্ড কাউন্সিলের সদস্য এবং মাজিদ ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক পদে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর ঝুলিতে। বালোচিস্তান পোস্টের প্রতিবেদন অনুযায়ী, নতুন নেতৃত্বের অধীনে জাতীয় মুক্তির লড়াই আরও জোরদারভাবে চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছে সংগঠনটি। গত ৩ নভেম্বরই বিএলএ ঘোষণা করেছিল, বশির জেব বালোচ আর সংগঠনের প্রধান থাকছেন না। প্রবীণ কমান্ড কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতেই এই পরিবর্তন করা হয়েছে বলে জানানো হয়।

    আসলাম বালোচের সাংগঠনিক ভাবনার প্রতিফলন? (BLA)

    বিএলএর নেতৃত্ব পরিবর্তনের এই ঘটনাকে সংগঠনের সাংগঠনিক কাঠামোর বিবর্তনের সঙ্গে যুক্ত করে দেখছেন পর্যবেক্ষকরা। সংগঠনের বক্তব্য, গত ১৬ অক্টোবর তাদের সর্বোচ্চ সাংগঠনিক স্তরে একটি বৈঠক হয়। ২০১৮ সালে আসলাম বালোচের নেতৃত্বে সংগঠনের পুনর্গঠনের সময় যে সাংবিধানিক কাঠামো চালু করা হয়েছিল, সেই নিয়ম মেনেই সাম্প্রতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই পুনর্গঠনের অন্যতম লক্ষ্য ছিল বংশানুক্রমিক এবং আজীবন নেতৃত্বের অবসান ঘটানো।

    বিএলএর দাবি, বালোচ প্রতিরোধ আন্দোলনের ইতিহাসে এই ধরনের নেতৃত্ব পরিবর্তন নজিরবিহীন। কোনও অভ্যন্তরীণ বিভাজন বা সংঘাত ছাড়াই শান্তিপূর্ণভাবে প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। এর ফলে সংগঠনের কাঠামো কিংবা নির্দেশদানের ধারাবাহিকতায় কোনও প্রভাব পড়বে না বলেও দাবি করা হয়েছে।

    বালোচ জাতীয়তাবাদী মহলে আসলাম বালোচ অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। বিএলএর মাজিদ ব্রিগেড গঠনের অন্যতম প্রধান রূপকার ছিলেন তিনি। এই ব্রিগেড পাকিস্তানে একাধিক বড় হামলার সঙ্গে যুক্ত ছিল এবং আত্মঘাতী হামলার কৌশল ব্যবহার করত।

    আসলাম বালোচ বালোচিস্তানের অস্তিত্ব ও ভবিষ্যৎ রক্ষার লড়াই হিসেবে সশস্ত্র সংঘাতকে দেখতেন। পাকিস্তানের সঙ্গে কোনও ধরনের সমঝোতার বিরোধী ছিলেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত সশস্ত্র লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেন। পাক সেনা এবং চিনা নাগরিকদের নিশানা করে আরও আত্মঘাতী হামলার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। তাঁর প্রভাবে বালোচিস্তানের বহু যুবক সশস্ত্র আন্দোলনে যোগ দেন।

    বিএলএর নেতৃত্বে উপজাতীয় পরিচয়ের পরিবর্তে যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার পক্ষে ছিলেন আসলাম। তাঁর মতে, সংগঠনের নেতৃত্বে মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণির প্রতিনিধিত্ব থাকা উচিত। বংশগত বা উপজাতীয় অধিকার নয়, বরং দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতেই ক্ষমতা বণ্টন করা প্রয়োজন।

    ২০১৮ সালের ২৫ ডিসেম্বর আফগানিস্তানের কান্দাহারের আইনো মাইনায় একটি পরিকল্পিত আত্মঘাতী হামলায় নিহত হন আসলাম বালোচ। অভিযোগ, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই ওই হামলার পরিকল্পনার নেপথ্যে ছিল। সেই সময় সংস্থাটির নেতৃত্বে ছিলেন আসিম মুনির, যিনি তখন লেফটেন্যান্ট জেনারেল পদে কর্মরত ছিলেন। যদিও এই অভিযোগের সত্যতা যাচাই (BLA) করা হয়নি।

    নেতৃত্বের গণতন্ত্রীকরণে উপজাতীয় প্রধানদের প্রভাব কমছে

    বালোচ রাজনৈতিক আন্দোলন এবং প্রতিরোধের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, দীর্ঘদিন ধরে নেতৃত্বের ক্ষমতা মূলত প্রভাবশালী উপজাতীয় নেতাদের হাতেই কেন্দ্রীভূত ছিল। সংগঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সমষ্টিগত প্রতিষ্ঠানগুলির পরিবর্তে ব্যক্তিবিশেষের মতামত অনেক সময় প্রাধান্য (Rehman Gul) পেত।

    ব্রিটিশ রাজত্বে বালোচিস্তানের উপজাতীয় ব্যবস্থায় হস্তক্ষেপ এবং ব্যক্তিগত উপজাতীয় কর্তৃত্বের প্রসারের ফলে এই কাঠামো আরও বেশি স্তরবিন্যস্ত হয়ে ওঠে। পরবর্তী সময়ে বালোচ রাজনীতি এবং সশস্ত্র আন্দোলনেও তার প্রভাব পড়ে। সাধারণ মানুষ রাজনৈতিক সংগ্রাম ও সশস্ত্র প্রতিরোধে সম্মিলিতভাবে অংশ নিলেও যুদ্ধ চালিয়ে যাওয়া, পিছিয়ে আসা কিংবা আত্মসমর্পণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনেক ক্ষেত্রেই উপজাতীয় প্রধানদের হাতে থাকত।

    তবে সময়ের সঙ্গে সঙ্গে বালোচ রাজনৈতিক ও বিশেষত সশস্ত্র আন্দোলনের সাংগঠনিক চিন্তাভাবনায় পরিবর্তন আসতে শুরু করে। শিক্ষিত মধ্যবিত্ত প্রজন্ম বংশানুক্রমিক উপজাতীয় নেতৃত্বের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত থাকার বিরোধিতা করে। তাদের দাবি ছিল, সংগঠনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সমষ্টিগত প্রতিষ্ঠানের হাতে থাকা উচিত। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রেও উপজাতীয় পরিচয় কিংবা অভিজাত পরিবারের সদস্য হওয়ার পরিবর্তে যোগ্যতাকে প্রাধান্য দিতে হবে।

    বিএলএফের নেতৃত্বে চিকিৎসক আল্লাহ নজর বালোচ

    এই পরিবর্তনের অন্যতম উদাহরণ হিসেবে উঠে আসে বিএলএফ নেতা চিকিৎসক আল্লাহ নজর বালোচের নাম। তিনি উপজাতীয় অভিজাত পরিবারের সদস্য না হয়েও সংগঠনের নেতৃত্বে উঠে এসেছেন।

    একইভাবে বিএলএর অভ্যন্তরেও আসলাম বালোচের উত্থান ছিল তাৎপর্যপূর্ণ। ২০১৮ সালে সংগঠনের বিভাজনের পর উপজাতীয় নেতা হিরবেয়ার মারির নেতৃত্বের পরিবর্তে আসলাম বালোচ একটি গুরুত্বপূর্ণ নেতৃত্বের কেন্দ্রে উঠে আসেন।

    তবে এই পরিবর্তনের মূল্যও কম ছিল না। নেতৃত্বের দ্বন্দ্বের জেরে সংগঠনটি দু’টি গোষ্ঠীতে ভাগ হয়ে যায়। পরবর্তী বছরগুলিতে বিএলএর কার্যকলাপ এবং বিভিন্ন বিশ্লেষণমূলক প্রতিবেদনে উঠে এসেছে, আসলাম বালোচের নেতৃত্বাধীন গোষ্ঠী ক্রমশ সবচেয়ে প্রভাবশালী বালোচ সশস্ত্র সংগঠনে পরিণত হয়। নতুন ধরনের কৌশল গ্রহণের পাশাপাশি তারা আরও সুসংগঠিত প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার চেষ্টা করে (BLA)।

    সেই প্রেক্ষাপটে এবার কোনও অভ্যন্তরীণ বিভাজন ছাড়াই সম্মিলিত ও সাংবিধানিক পদ্ধতিতে প্রধান পরিবর্তনের সিদ্ধান্তকে বালোচ সশস্ত্র আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এর তাৎপর্য শুধু বশির জেব বালোচের পদত্যাগ বা নেতৃত্ব থেকে সরে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং এর মধ্যে দিয়ে এমন একটি সাংগঠনিক ধারণা সামনে এসেছে, যেখানে নেতৃত্ব কোনও ব্যক্তির আজীবন অধিকার নয়, বরং একটি প্রাতিষ্ঠানিক দায়িত্ব।

    যোগ্যতাভিত্তিক নিয়োগ কি নতুন রীতি হয়ে উঠবে?

    বিএলএর এই সিদ্ধান্তের প্রভাব ভবিষ্যতে সংগঠনটির বাইরেও পড়তে পারে। বালোচ রাজনৈতিক ও প্রতিরোধ আন্দোলনে যদি প্রাতিষ্ঠানিক নেতৃত্ব, যোগ্যতাভিত্তিক নিয়োগ এবং সমষ্টিগত সিদ্ধান্ত গ্রহণের রীতি প্রতিষ্ঠিত হয়, তাহলে দীর্ঘদিনের কিছু সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে। বিশেষত ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সংগঠনের বিভাজনের মতো সমস্যাগুলি মোকাবিলায় এই পদ্ধতি কার্যকর হতে (BLA) পারে।

    এই নেতৃত্ব পরিবর্তনের প্রকৃত সাফল্য নির্ভর করবে নতুন নেতৃত্বের অধীনে সংগঠনটি কতটা ঐক্যবদ্ধ থাকতে পারে তার উপর। নেতৃত্ব বদল মানেই যাতে সাংগঠনিক সংকট কিংবা বিভাজন না হয়, সেই ধারাবাহিকতা প্রতিষ্ঠা করাই হবে বড় পরীক্ষা। বিএলএ যদি নতুন নেতৃত্বের অধীনে নিজেদের ঐক্য এবং প্রাতিষ্ঠানিক কাঠামো বজায় রাখতে সক্ষম হয়, তাহলে বৃহত্তর বালোচ জাতীয়তাবাদী আন্দোলনের কাছেও তা একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

    যে আন্দোলনে দীর্ঘদিন ধরে ব্যক্তিবিশেষের প্রভাব এবং উপজাতীয় কর্তৃত্ব নেতৃত্বের অন্যতম নির্ধারক ছিল, সেখানে কোনও ব্যক্তিই অপরিহার্য নন এবং সংগঠন তার নেতার থেকেও বড়—এই ধারণার প্রতিষ্ঠা (Rehman Gul) গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।

    সুতরাং, ৩ নভেম্বরের সিদ্ধান্ত এবং পরবর্তী নেতৃত্ব হস্তান্তরকে শুধু একজন প্রধানের পরিবর্তন হিসেবে দেখলে পুরো বিষয়টি বোঝা যাবে না। বরং বালোচ প্রতিরোধ আন্দোলনের সাংগঠনিক ইতিহাসে এটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে (BLA)।

     

  • Suvendu Adhikari: ‘পুলিশকে গুলি করলে পুলিশ কি বাতাসা খাওয়াবে?’ রতন শেখের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘পুলিশকে গুলি করলে পুলিশ কি বাতাসা খাওয়াবে?’ রতন শেখের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: বদলের বাংলায় ফের এনকাউন্টার। শান্তিনিকেতনে পুলিশকর্মীকে গুলি করে পালানোর অভিযোগে গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের গুলিতে মৃত্যু হয় কুখ্যাত দুষ্কৃতী রতন শেখের (Ratan Sheikh Encounter)। নানুরের একটি ইটভাটার কাছে অস্ত্র উদ্ধারে গিয়ে এই গুলির লড়াই হয় বলে দাবি বীরভূম জেলা পুলিশের। পুলিশের দাবি, আত্মরক্ষার্থেই গুলি চালাতে বাধ্য হয় বাহিনী। ঘটনায় নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। রতন শেখের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ফের অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তাঁর বক্তব্য, বাংলায় ধর্ষক ও খুনিদের কোনও জায়গা নেই। পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও প্রয়োজনীয় পদক্ষেপ করবে।

    পুলিশ কঠোর হাতেই অপরাধ দমন করবে

    এদিন এনকাউন্টার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বার্তা, পুলিশকে গুলি করলে পুলিশ কি বাতাসা খাওয়াবে! মুখ্যমন্ত্রীর কথায়, পুলিশকে সম্পূর্ণ খোলা হাত দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী ঘটনাস্থলেই পুলিশ সিদ্ধান্ত নেবে। অপরাধীদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, গুণ্ডারা বাংলাদেশে পালিয়ে যাও, এখানে থাকলে যা করার তাই করা হবে। এর আগে বিজেপি বাংলায় ক্ষমতায় আসার আগেই শুভেন্দু অধিকারী অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, অপরাধীরা ছাড় পাবে না। সেই প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনেই রাজনৈতিক মহলের একাংশের দাবি, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর আইনশৃঙ্খলা নিয়ে সরকারের অবস্থান আরও কঠোর হয়েছে।

    কুখ্যাত দুষ্কৃতী রতন শেখের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

    শান্তিনিকেতনে পুলিশকর্মীর উপর গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত কুখ্যাত দুষ্কৃতী রতন শেখের মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূম জেলায়। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে তার। রবিবার রতন শেখের মৃত্যুর খবর সামনে আসতেই রাজ্যজুড়ে শুরু হয় আলোচনা। ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও বসে থাকবে না। ঘটনার সূত্রপাত গত শুক্রবার। পুলিশ সূত্রে খবর, শান্তিনিকেতন থানার অন্তর্গত লায়েক বাজার এলাকায় দুই সন্দেহভাজন দুষ্কৃতীর গতিবিধি সম্পর্কে গোপন সূত্রে খবর পান তদন্তকারীরা। তাঁদের মধ্যে অন্যতম ছিল রতন শেখ। তার বিরুদ্ধে আগেই একাধিক গুরুতর অপরাধের অভিযোগ ছিল। আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অপরাধ, বিস্ফোরক দ্রব্য আইনে মামলা, ডাকাতির প্রস্তুতি, চুরি ও ছিনতাই-সহ প্রায় ৩৬টিরও বেশি মামলা নথিভুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশকর্মীর রক্ত বৃথা যাবে না

    গোপন সূত্রে খবর পাওয়ার পর প্রান্তিক আউটপোস্ট থেকে শান্তিনিকেতন থানার তিন পুলিশকর্মী সাদা পোশাকে মোটরবাইকে করে লায়েক বাজারে পৌঁছন। তাঁদের উদ্দেশ্য ছিল সন্দেহভাজনদের আটক করা। পুলিশকর্মীরা রতন শেখের কাছাকাছি পৌঁছে গেলেও শেষ মুহূর্তে পরিস্থিতি বদলে যায়। অভিযোগ, ধরা পড়ার আশঙ্কা বুঝতে পেরে রতন সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। সেই গুলি লাগে কনস্টেবল বিশ্বজিৎ দাসের পায়ে। আচমকা হামলার সুযোগ নিয়ে দুই সন্দেহভাজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় বিশ্বজিৎ দাসকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য বর্ধমান হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে। শনিবার রাতে আহত কনস্টেবলকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি আশ্বাস দিয়েছিলেন, পুলিশকর্মীর রক্ত বৃথা যাবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

    গোটা অভিযানের বিস্তারিত বিবরণ দিল পুলিশ

    এরপরই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে বীরভূম জেলা পুলিশ। একাধিক টেকনিক্যাল ও ম্যানুয়াল তদন্তকারী দল গঠন করা হয়। পুলিশের দাবি, প্রযুক্তিগত সূত্র এবং গোপন তথ্যের ভিত্তিতে গত ১৫ তারিখ বর্ধমানের একটি জায়গা থেকে মূল অভিযুক্ত রতন শেখকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে লায়েক বাজারে পুলিশকর্মীর উপর হামলার সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ সোমবার সাংবাদিক বৈঠকে গোটা অভিযানের বিস্তারিত বিবরণ দেন। তাঁর বক্তব্য অনুযায়ী, জেরার সময় রতন শেখ নিজেই জানায়, পুলিশকর্মীর উপর হামলার ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি কোথায় লুকিয়ে রাখা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই তাকে নানুরের একটি ইটভাটার কাছে নিয়ে যাওয়া হয় অস্ত্র উদ্ধারের জন্য।

    ইটভাটায় কীভাবে ঘটল এনকাউন্টার?

    পুলিশের বয়ান অনুযায়ী, নানুরের চারকোল গ্রামের কাছে একটি ইটভাটার এলাকায় অস্ত্র উদ্ধারের প্রক্রিয়া চলছিল। সেই সময় রতন শেখ আচমকাই লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র বের করে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। তার ছোড়া গুলি পুলিশের গাড়িতে লাগে বলে দাবি তদন্তকারীদের। এরপর পুলিশকর্মীরা নিজেদের জীবন রক্ষার্থে পাল্টা গুলি চালান। দুই পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে গুরুতর আহত হয় রতন শেখ। দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ জানিয়েছেন, পুলিশ কোনওভাবেই অকারণে গুলি চালায়নি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানো ছাড়া পুলিশের সামনে অন্য কোনও উপায় ছিল না। পুলিশি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে গত ছয় মাসে এনকাউন্টারের সংখ্যা বেড়েছে। রতন শেখের মৃত্যু সেই তালিকায় নতুন সংযোজন।

    স্বাধীন তদন্তে জোর, ময়নাতদন্তে ভিডিওগ্রাফি

    এনকাউন্টারের ঘটনা নিয়ে যাতে কোনওরকম প্রশ্ন না ওঠে, তার জন্য সমস্ত আইনি প্রক্রিয়া মেনে চলা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ। পুলিশের দাবি, জাতীয় মানবাধিকার কমিশন (NHRC), আদালতের নির্দেশ এবং প্রচলিত আইনি বিধান অনুসরণ করে গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। স্বচ্ছতা বজায় রাখতে ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ভিডিওগ্রাফির মাধ্যমে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এনকাউন্টারের প্রকৃত পরিস্থিতি এবং পুলিশের পদক্ষেপ খতিয়ে দেখতে প্রয়োজনীয় তদন্ত চলবে।

    রতনের দুই সহযোগীও গ্রেফতার

    শুধু মূল অভিযুক্ত রতন শেখ নয়, এই ঘটনায় জড়িত অন্যদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। তদন্তের সূত্র ধরে রতনের দুই সহযোগী রমেশ লোহর এবং নূর হোসেন শেখকে গ্রেফতার করা হয়েছে। বোলপুর ও লাভপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। এই অপরাধচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

     

  • Forza Italia: ‘গণতন্ত্র নিয়ে ভারতকে লেকচার দেবেন না’, মন্তব্য-বিতর্কে ইতালীয় রাজনীতিক ফিলিবেককেই একহাত মেলোনির দলের

    Forza Italia: ‘গণতন্ত্র নিয়ে ভারতকে লেকচার দেবেন না’, মন্তব্য-বিতর্কে ইতালীয় রাজনীতিক ফিলিবেককেই একহাত মেলোনির দলের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিলিবেক-মন্তব্য বিতর্কের আবহে ভারতের গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থার ভূয়সী প্রশংসা করে আসরে নামলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দলের এক নেত্রী (Forza Italia)। হায়দরাবাদে আয়োজিত ভারত সম্মেলনে কংগ্রেসের ‘ভোটচোর, গদি ছোড়’ স্লোগানকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচনী ব্যবস্থার পক্ষে জোর সওয়াল (Vote Chori Controversy) করলেন মেলোনির দল ফোর্সা ইতালিয়ার নেত্রী ডেবোরা বেরগামিনি। তাঁর বক্তব্য, প্রায় ৯৭ কোটি মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া একটি দেশের গণতন্ত্র নিয়ে অন্য দেশের নেতাদের উপদেশ দেওয়া মোটেই সমীচীন নয়।

    মেলোনির দলের নেত্রীর সাফ কথা (Forza Italia)

    সম্প্রতি ভারত সম্মেলনে যোগ দিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নির্বাচনী তালিকায় অনিয়মের অভিযোগ এবং তা সংশোধনের দাবিকে সমর্থন করেন ইউরোপীয় সমাজতন্ত্রী দলের মহাসচিব জিয়াকোমো ফিলিবেক। শুধু তাই নয়, তেলঙ্গানার ওই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের ‘ভোটচোর, গদি ছোড়’ স্লোগানও তুলে ধরেন তিনি। এর পরেই ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি রাজনৈতিক নেতাদের মন্তব্য নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়।

    বেরগামিনি এই প্রসঙ্গে ভারতের নিজস্ব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও বিচারব্যবস্থার কথা তুলে ধরেন। নিজের দেশের রাজনীতিবিদকে মনে করিয়ে দেন, গণতন্ত্র নিয়ে ভারতকে লেকচার দেওয়া ঠিক নয়। তাঁর বক্তব্য, ‘‘যে দেশ ৯৭ কোটি নাগরিককে ভোট দেওয়ার অধিকার ও সুযোগ করে দিয়েছে, তাকে গণতন্ত্রের পাঠ পড়ানো অনুচিত।’’ ফিলিবেকের মন্তব্যের বিরোধিতা করে তিনি কার্যত ভারতের নির্বাচনী ব্যবস্থার পাশে দাঁড়ান।

    রাহুলের আন্দোলনকে সমর্থন ফিলিবেকের

    ভারত সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাহুলের নির্বাচনী স্বচ্ছতার দাবির প্রশংসা করেন ফিলিবেক। তাঁর মতে, ‘এক ব্যক্তি, এক ভোট’ নীতি গণতন্ত্রের অন্যতম মৌলিক ভিত্তি। তাই ভোটার তালিকায় স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

    ফিলিবেক বলেন, “রাহুল গান্ধী এমন একটি মৌলিক নীতির পক্ষে দাঁড়িয়েছেন, যার উপর প্রতিটি গণতন্ত্র প্রতিষ্ঠিত। সেই নীতি হল, এক ব্যক্তি, এক ভোট। স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকার দাবিতে তাঁর আন্দোলন এবং মাত্র দু’সপ্তাহ আগে রামলীলা ময়দানে তাঁর সঙ্গে হাজার হাজার মানুষের মিছিল আমাদের মনে করিয়ে দেয়, গণতন্ত্র নিজে থেকেই সুরক্ষিত থাকে না। এর জন্য মানুষকে লড়াই করতে হয়।” এর পরেই তিনি বিরোধীদের স্লোগান তুলে ধরে ইংরেজিতে তার অর্থও ব্যাখ্যা করেন। তাঁর বক্তব্যের সারমর্ম ছিল, ভোট চুরি করে ক্ষমতায় থাকা ব্যক্তিদের পদ ছেড়ে দেওয়া উচিত।

    ভারতের গণতন্ত্র নিয়ে মন্তব্য করার অধিকার প্রসঙ্গে ফিলিবেকের যুক্তি, গণতন্ত্রের উপর আঘাত এলে আন্তর্জাতিক মহলেরও তার বিরুদ্ধে সরব হওয়া প্রয়োজন। তিনি বলেন, “ভারতে গণতন্ত্র আক্রমণের মুখে। একে রক্ষা করতে হবে। আর গণতন্ত্র রক্ষার সবচেয়ে কার্যকর উপায় হল রাহুল গান্ধী এবং কংগ্রেসের পাশে দাঁড়ানো।”

    কংগ্রেসের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের একাধিক রাজনৈতিক আন্দোলনকেও একই প্রগতিশীল রাজনৈতিক ধারার অংশ বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, সামাজিক ন্যায়বিচার, পরিবেশের ন্যায়বিচার, মানবাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে এই রাজনৈতিক শক্তিগুলির অবস্থান এক।

    বিদেশি নেতার মন্তব্যে সরব বিজেপি

    ফিলিবেকের বক্তব্য সামনে আসতেই কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগে বিজেপি এবং ভারত রাষ্ট্র সমিতি। ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে একটি কংগ্রেসের মঞ্চ থেকে বিদেশি রাজনৈতিক নেতার মন্তব্য করার অধিকার নিয়ে প্রশ্ন তোলেন দুই দলের নেতারা।

    কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সরাসরি নাম না করেই রাহুলকে নিশানা করেন। ফিলিবেকের বক্তব্য চলাকালীন রাহুলকে হাসতে ও হাততালি দিতে দেখা গিয়েছিল। সেই প্রসঙ্গ টেনে সোশ্যাল মিডিয়ায় রিজিজু লেখেন, “কোনও বিদেশি যখন ভারতকে অপমান করেন, তখন কোনও ভারতীয়কে কি (Forza Italia) কখনও হাসতে দেখেছেন? তবে বিদেশে গিয়ে কোনও ভারতীয় দেশকে অপমান করেন, সেই প্রসঙ্গ আমি তুলছি না।”

    বিজেপি নেতা শাহনওয়াজ হুসেনও ফিলিবেকের মন্তব্যের নিন্দা করেন। তাঁর বক্তব্য, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কোনও বিদেশির নেই। দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কে বিদেশি নেতাদের নিয়ে আসার জন্য কংগ্রেসকেও আক্রমণ করেন তিনি।

    তেলঙ্গানা বিজেপির সভাপতি এন রামচন্দর রাওয়ের অভিযোগ, কংগ্রেস বিদেশি নেতাদের দিয়ে ভারতের গণতন্ত্রকে উপহাস করার সুযোগ করে দিচ্ছে। এদিকে, ভারত রাষ্ট্র সমিতির নেতা তথা জাতীয় সংবাদমাধ্যম প্যানেলের সদস্য কার্তিক ইন্দ্র রেড্ডি পাটলোল্লার প্রশ্ন, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে মন্তব্য করার জন্য একজন বিদেশি নেতাকে কেন মঞ্চ দেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, রাহুল এ ধরনের মন্তব্যকে উৎসাহিত করছেন।

    ফিলিবেকের পাশে সঞ্জয় রাউত

    অন্যদিকে, শিবসেনা (উদ্ধব ঠাকরে) গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত ফিলিবেকের বক্তব্যের সমর্থনে মুখ খুলেছেন। ভারতের বিষয়ে বিদেশি রাজনৈতিক নেতার মন্তব্য নিয়ে বিজেপির আপত্তিরও সমালোচনা করেন তিনি।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সম্পর্ক এবং তাঁদের পারস্পরিক যোগাযোগের প্রসঙ্গ টেনে রাউত বলেন, ‘‘মোদি যদি ইতালির প্রধানমন্ত্রীর হাতে মেলোডি চকোলেট তুলে দিতে পারেন, তা হলে একজন ইতালীয় রাজনীতিকও এ দেশে এসে ভারত সম্পর্কে কথা বলতে পারেন। দেশে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এটি রাষ্ট্রসংঘ এবং মানবাধিকার সংক্রান্ত বিষয়, কোনও বিদেশি শক্তির সঙ্গে সম্পর্কিত বিষয় নয়।’’

    ফলে ভারত সম্মেলনে রাহুলের পাশে দাঁড়িয়ে ফিলিবেকের মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে নতুন করে চাপানউতোর (Vote Chori Controversy) শুরু হয়েছে। একদিকে বিজেপি ও ভারত রাষ্ট্র সমিতির নেতারা দেশের (Forza Italia) অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করছেন, অন্যদিকে গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে আন্তর্জাতিক মহলের মতপ্রকাশের অধিকারকে সমর্থন করছে বিরোধী শিবিরের একাংশ।

     

  • Jay Shah: দ্বিতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান পদে জয় শাহ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত

    Jay Shah: দ্বিতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান পদে জয় শাহ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটের প্রশাসনিক দায়িত্বে ফের জয় শাহ (Jay Shah)। দ্বিতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হলেন প্রাক্তন বিসিসিআই সচিব জয় শাহ। আইসিসি বোর্ডের বৈঠকে তাঁর পুনর্নিয়োগের প্রস্তাব ওঠার পর সদস্য দেশগুলির প্রতিনিধিরা তাঁর নেতৃত্বের প্রতি সমর্থন জানান। ২০২৪ সালের ২৭ অগস্ট প্রথমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান (ICC Chairman) নির্বাচিত হয়েছিলেন জয় শাহ। ওই বছরের ১ ডিসেম্বর গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি। মাত্র ৩৬ বছর বয়সে আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হওয়ার নজির গড়েছিলেন জয় শাহ।

    দ্বিতীয় মেয়াদে একাধিক বড় চ্যালেঞ্জ

    দ্বিতীয় মেয়াদে জয় শাহের সামনে রয়েছে একাধিক বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরতে চলেছে ক্রিকেট। এক শতাব্দীরও বেশি সময় পর অলিম্পিকের মঞ্চে ক্রিকেটের প্রত্যাবর্তনকে বিশ্বজুড়ে এই খেলার জনপ্রিয়তা বাড়ানোর বড় সুযোগ হিসেবে দেখছে আইসিসি। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করা, মহিলাদের ক্রিকেটের প্রসার, সহযোগী সদস্য দেশগুলিকে বেশি সুযোগ দেওয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটের বাণিজ্যিক ভবিষ্যৎকে আরও মজবুত করাই থাকবে তাঁর অন্যতম লক্ষ্য।

    জয় শাহের পুনর্নিয়োগকে স্বাগত

    জয় শাহের পুনর্নিয়োগকে স্বাগত জানিয়েছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন। তাঁর মতে, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ক্রিকেটের ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি নতুন দর্শক এবং বাণিজ্যিক সম্ভাবনার দিকেও নজর দিতে হবে। জিম্বাবোয়ে ক্রিকেটের চেয়ারম্যান তথা আইসিসির ডেপুটি চেয়ারম্যান তাভেঙ্গওয়া মুকুহলানিও জয় শাহের নেতৃত্বের প্রশংসা করেছেন। নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতিনিধি রজার টুইসের মতে, এই পুনর্নিয়োগ আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করবে।

    কৃতজ্ঞতা স্বীকার জয়ের

    পুনর্নির্বাচিত হওয়ার পর জয় শাহ বলেন, আইসিসি বোর্ড তাঁর উপর যে আস্থা রেখেছে, তার জন্য তিনি কৃতজ্ঞ। তাঁর কথায়, ক্রিকেটের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও উত্তেজনাপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এই খেলা। ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন প্রজন্মের কাছে খেলাটিকে পৌঁছে দেওয়ার অসাধারণ সুযোগ তৈরি করবে।

    যেভাবে উত্থান জয় শাহের

    ২০০৯ সালে আমেদাবাদের সেন্ট্রাল বোর্ড অফ ক্রিকেটের মাধ্যমে ক্রিকেট প্রশাসনে পথচলা শুরু জয় শাহের। ২০১৩ সালে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব হন তিনি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উন্নয়নের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ২০১৯ সালের অক্টোবরে মাত্র ৩১ বছর বয়সে বিসিসিআইয়ের সর্বকনিষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জয় শাহ। তাঁর কার্যকালে ভারতীয় ক্রিকেটে একাধিক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক পরিবর্তন ঘটে। ২০২১ সালের জানুয়ারিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হন জয় শাহ। ২০২২ সালে আইসিসির ফিনান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পান তিনি।

LinkedIn
Share