Tag: Madhyom

Madhyom

  • Kolkata Metro: যাত্রীদের জন্য সুখবর! রাত ১১টাতেও মিলবে মেট্রো পরিষেবা

    Kolkata Metro: যাত্রীদের জন্য সুখবর! রাত ১১টাতেও মিলবে মেট্রো পরিষেবা

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতাবাসীদের জন্য সুখবর। এবার থেকে বেশি রাতেও পাওয়া যাবে মেট্রো (Kolkata Metro) পরিষেবা। এত দিন দমদম এবং কবি সুভাষ থেকে দিনের শেষ মেট্রো ছাড়ত রাত ৯টা ৪০ মিনিটে। তবে শুক্রবার রাত থেকেই বিশেষ পরিষেবা চালু করছেন মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে আপাতত সোম থেকে শুক্রবার চলবে বিশেষ ওই পরিষেবা (Metro special services) এবং এই মুহূর্তে এই পরিষেবা দেওয়া হবে পরীক্ষামূলক ভাবে। 

    ঠিক কী জানিয়েছে কর্তৃপক্ষ? (Kolkata Metro) 

    মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, রাত ১১টায় একটি মেট্রো কবি সুভাষ (নিউ গড়িয়া) স্টেশন থেকে ছেড়ে দমদমের উদ্দেশে রওনা দেবে। আর একটি মেট্রো দমদম থেকে ছেড়ে রওনা দেবে কবি সুভাষের উদ্দেশে।  দুটি মেট্রোই সব স্টেশনে দাঁড়াবে। প্রতিটি স্টেশনে একটি করে টিকিট কাউন্টার খোলা থাকবে। সেখান থেকেই টোকেন কিংবা স্মার্ট কার্ডও পাবেন যাত্রীরা। তবে আপাতত এই পরিষেবার (Metro special services) সঙ্গে জোড়া হয়নি নোয়াপাড়া, বরাহনগর এবং দক্ষিণেশ্বরকে। ওই তিন স্টেশন থেকে আগের মতোই রাত সাড়ে ৯টা নাগাদই শেষ মেট্রো পাওয়া যাবে। মেট্রো সূত্রে খবর, যাত্রীদের তরফে ইতিবাচক সাড়া মিললে দেশের অন্য অনেক মেট্রো (Kolkata Metro) শহরের মতো কলকাতাতেও রোজ মধ্যরাতে পাতালরেল পরিষেবা মিলবে। এ প্রসঙ্গে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র একটি ভিডিও বার্তায় বলেন, “ব্লু লাইনে আজ অর্থাৎ ২৪ তারিখ থেকে রাতে পরীক্ষামূলকভাবে বিশেষ মেট্রো পরিষেবা চালানো হবে।”

    আরও পড়ুন: রাতে শেষ মেট্রোর সময়সীমা বাড়াতে গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের

    হাইকোর্টে মামলা

    অন্যান্য রাজ্যের থেকে কলকাতায় শেষ মেট্রোর সময়সীমা অনেক কম। সম্প্রতি সেই বিষয়কে সামনে রেখে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছিল। সে সময় শেষ মেট্রোর (Kolkata Metro) সময় বাড়ানো যায় কি না, তা বিবেচনা করে দেখতে মেট্রো কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। যদিও সে সময় মেট্রো রেল (Kolkata Metro) কর্তৃপক্ষের তরফে জানানো হয়, প্রযুক্তিগত কিছু সমস্যা রয়েছে। সেই কারণেই শেষ মেট্রোর সময় বাড়ানো হচ্ছে না। যদিও এখন আদালতের সেই নির্দেশেরই পরই রাত ১১টায় পরীক্ষামূলকভাবে মেট্রো পরিষেবা দেওয়ার কথা ভাবল কিনা কর্তৃপক্ষ, সেটা স্পষ্ট হয়নি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: রাজ্যে শুরু ষষ্ঠ দফার ভোটগ্রহণ, কোন কেন্দ্রে কোন হেভিওয়েটের ভাগ্যপরীক্ষা আজ?

    Lok Sabha Election 2024: রাজ্যে শুরু ষষ্ঠ দফার ভোটগ্রহণ, কোন কেন্দ্রে কোন হেভিওয়েটের ভাগ্যপরীক্ষা আজ?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ষষ্ঠ দফার ভোটগ্রহণ (6th Phase Voting)। পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কাঁথি, তমলুক ও ঘাটাল এই ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। মোট বাহিনী মোতায়েন করা হয়েছে ৯১৯ কোম্পানি। এই পর্বে কমিশন আরও সক্রিয়। ইতিমধ্যে ভোটের একদিন আগে উত্তপ্ত নন্দীগ্রাম। তাই শান্তিপূর্ণ নির্বাচন করতে চাইছে কমিশন।

    ঘাটলে প্রতিদ্বন্দ্বী দুই তারকা প্রার্থী

    ষষ্ঠদফার নির্বাচনে বাংলার একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে। এর মধ্যে ঘাটালে এবার জোর লড়াই হতে চলেছে তৃণমূলের তারকা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব বনাম বিজেপি-র তারকা প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণের। গত দুই লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) ঘাটাল থেকে জয়ী হন দেব। খড়্গপুরের বিধায়ক হিরণকে ঘাটালে দেবের বিপরীতে দাঁড় করিয়েছে বিজেপি। সেখানে বামেদের প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়।

    তমলুকে বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি

    একই ভাবে তমলুকের দিকেও নজর রয়েছে গোটা বাংলার। সেখানে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী করেছে বিজেপি। বিচারপতির আসন থেকে রাজনীতিতে পদার্পণকারী অভিজিৎ ইতিমধ্যেই রাজ্য রাজনীতির অন্যতম প্রধান চরিত্র হয়ে উঠেছেন। সেখানে তাঁর প্রচারে কোনও খামতি রাখেনি বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খোদ অভিজিৎকে জেতানোর দায়িত্বে রয়েছেন। এহেন হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে তমলুকে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে। বামেরাও তরুণ নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়কে তমলুকে প্রার্থী করেছে।

    মেদিনীপুরে অগ্নিমিত্রা-জুন

    মেদিনীপুরে আবার মুখোমুখি শাসক এবং বিরোধী দলের দুই বিধায়ক। মেদিনীপুরের গতবারের সাংসদ দিলীপ ঘোষকে এবার সেখান থেকে সরিয়ে দিয়েছে বিজেপি। পরিবর্তে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলকে সেখানে প্রার্থী করেছে বিজেপি। একই ভাবে, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়াকে এবার সাংসদ হওয়ার দৌড়ে নামিয়েছে তৃণমূল। বিপ্লব ভট্টকে মেদিনীপুরে প্রার্থী করেছে বামেরা।

    বিষ্ণুপুরে সৌমিত্র বনাম সুজাতা

    ২০১৪ সাল থেকে বিষ্ণুপুর থেকে লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) জয়ী হয়ে আসছেন বিজেপি-র সৌমিত্র খাঁ। সেই সময় তাঁর হয়ে প্রচার থেকে পাহারা, কিছুই খামতি রাখেননি সৌমিত্রের প্রাক্তন স্ত্রী সুজাতা খাঁ। কিন্তু বঙ্গ রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে সৌমিত্র এবং সুজাতার দাম্পত্য। সুজাতা তৃণমূলে চলে আসায় বিবাহবিচ্ছেদও ঘটে তাঁদের। সেই সুজাতাকেই এবার তাঁর প্রাক্তন স্বামী সৌমিত্রের বিরুদ্ধে বিষ্ণুপুরে প্রার্থী করেছে তৃণমূল। বামেদের প্রার্থী শীতল কৈবর্ত্য।

    কাঁথিতে বিজেপি প্রার্থী সৌমেন্দু

    বঙ্গ রাজনীতিতে কাঁথি অধিকারী পরিবারের গড় হিসেবে পরিচিত। সেই অধিকারী পরিবারের সদস্য, শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীকে এবার কাঁথিতে প্রার্থী করেছে বিজেপি। কাঁথিতে আবার বিদেশ বসুর প্রার্থীপদকে সমর্থন জানিয়েছে হিন্দু মহাসভা। সেখানে তৃণমূল প্রার্থী করেছে উত্তম বারিককে। কংগ্রেস সেখানে ঊর্বশী ভট্টাচার্যকে প্রার্থী করেছে।

    ঝাড়গ্রামে-বাঁকুড়া-পুরুলিয়ায় প্রার্থী কারা?

    ঝাড়গ্রামে কেন্দ্রের ‘পদ্মশ্রী’ সম্মান প্রাপ্ত সাঁওতালি সাহিত্যিক কালীপদ সরেনকে প্রার্থী করেছে তৃণমূল। সেখানে বিজেপি-র প্রার্থী প্রণত টুডু। সোনামণি টুডুকে প্রার্থী করেছে বামেরা। বাঁকুড়ায় তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী, বিজেপির প্রার্থী সুভাষ সরকার এবং বামেদের প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। পুরুলিয়ায় শান্তিরাম মাহাতকে প্রার্থী করেছে জোড়াফুল শিবির। বিজেপি-র প্রার্থী জ্যোতির্ময় সিংহ মাহাত। কংগ্রেস নেপাল মাহাতকে প্রার্থী করেছে।

    কোন জেলায় কত বাহিনী?

    সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরে ২১৮ কোম্পানি, বাঁকুড়াতে ১৭৮ কোম্পানি, ঝাড়গ্রামে ১৩৩ কোম্পানি, পূর্ব মেদিনীপুরে ২৩৭ কোম্পানি, পুরুলিয়াতে ১৩৭ কোম্পানি, পূর্ব বর্ধমানে ১৬ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হচ্ছে (Lok Sabha Election 2024)।

    আরও পড়ুনঃ পুলিশকে একগুচ্ছ নির্দেশ, কলকাতার ভোটে বাড়তি সতর্ক কমিশন

    দিঘার সমস্ত হোটেল বন্ধ শুক্র-শনি

    ষষ্ঠ দফার ভোট গ্রহণের (6th Phase Voting) জন্য শুক্রবার ও শনিবার দিঘার সমস্ত হোটেল বুকিং বন্ধ রেখেছেন ব্যবসায়ী সমিতি। দুই মেদিনীপুরের কেন্দ্রে চলবে ভোটগ্রহণ। জানা গিয়েছে বহিরাগতদের ঠেকাতে এই সিদ্ধান্ত। পর্যটকদের কাছে ঘুরতে যাওয়ার জনপ্রিয় জায়গা হল সমুদ্র সৈকত দিঘা। তাই চলতি সপ্তাহে আগেই সতর্ক করা হয়েছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Malaria Vaccine: ম্যালেরিয়া নাশে নয়া ভ্যাকসিন, আবিষ্কারের পথে ভারতীয় বিজ্ঞানীরা

    Malaria Vaccine: ম্যালেরিয়া নাশে নয়া ভ্যাকসিন, আবিষ্কারের পথে ভারতীয় বিজ্ঞানীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: কোনও প্রতিষেধকই বাগে আনতে পারছে না প্লাসমোডিয়াম ফ্যালসিপরামকে (ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া)। সারা পৃথিবীতেই দাপট দেখাচ্ছে ম্যালেরিয়া (Malaria Vaccine)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ফলাও করে জানিয়েছিল, ম্যালেরিয়ার প্রতিষেধক এসে গিয়েছে। এ বার মারণ অসুখের প্রকোপ কমে যাবে। আদতে তা হয়নি। তবে, এবার দিশা দেখাচ্ছেন ভারতীয় বিজ্ঞানীরা। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU Scientists) গবেষকেরা দাবি করেছেন এমন এক ভ্যাকসিন ক্যানডিডেটের সন্ধান পাওয়া গিয়েছে যা নাশ করবে ম্যালেরিয়ার জীবানুকে। তবে এনিয়ে গবেষণা চলছে। 

    জেএনইউ গবেষকদের দাবি

    দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU Scientists) গবেষকেরা দাবি করেছেন, এমন এক ভ্যাকসিন ক্যানডিডেটের খোঁজ পাওয়া গিয়েছে, যা ম্যালেরিয়ার জীবাণুকে সমূলে নাশ করবে। আইসায়েন্স বিজ্ঞান পত্রিকায় এই গবেষণার খবর ছাপা হয়েছে। জেএনইউ-এর মলিকিউলার মেডিসিন বিভাগের দুই অধ্যাপক শৈলজা সিং এবং আনন্দ রঙ্গনাথন এমন এক উপাদানের খোঁজ পেয়েছেন, যা ম্যালেরিয়ার (Malaria Vaccine) পরজীবীকে মানুষের শরীরে বাসা বাঁধতে বাধা দেবে। গোড়া থেকেই রুখে দেবে সংক্রমণ। উল্লেখ্য, প্রতি বছর ম্যালেরিয়ার (Malaria Vaccine) কোপে বিশ্বে চার লাখের বেশি মানুষের মৃত্যু হয়। বিশেষ করে আফ্রিকায় মহামারীর চেহারা নিয়েছে ম্যালেরিয়া। ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শয়ে শয়ে মানুষের। এত মানুষের মৃত্য়ুতে চিন্তিত আন্তর্জাতিক চিকিৎসক ও বিজ্ঞানী মহল। ভারতেও ম্যালেরিয়ার প্রকোপ কম নয়। বর্ষা এলেই ম্যালেরিয়া বিভিন্ন রাজ্য়ে ভয়ংকর আকার ধারণ করে। 

    আরও পড়ুন: এক মাস ধরে পরিকল্পনা শহরে, বাংলাদেশ সাংসদকে খুনের ঘটনা স্বীকার অভিযুক্তের

    কীভাবে রোখা যাবে ম্যালেরিয়া সংক্রমণ

    অধ্যাপক শৈলজা সিং, অধ্যাপক আনন্দ রঙ্গনাথন এবং তাঁদের দল এমন এক রিসেপটর প্রোটিনের খোঁজ পেয়েছেন, যা ম্যালেরিয়ার পরজীবীকে মানুষের শরীরে ঢুকে বংশবিস্তার করতে সাহায্য করে। সাধারণত, ম্যালেরিয়ার (Malaria Vaccine) পরজীবী মশার লালার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। তারপর তা রক্তস্রোতে বয়ে গিয়ে যকৃতে সোজা পৌঁছে যায়। যকৃতে বংশবিস্তার করে পৌঁছয় মেরোজয়েট দশায়। তারপর সরাসরি লোহিত রক্তকণিকাকে ধাক্কা দেয়। সেখানেও ম্যালেরিয়ার জীবাণুর একটা জীবনচক্র শুরু হয়। সংখ্য়ায় তারা দ্রুত বাড়তে থাকে তারা। একটা সময় লোহিত রক্তকণিকার দেওয়াল ফাটিয়ে ছড়িয়ে পড়ে রক্তে। যে নির্দিষ্ট প্রোটিনের সাহায্যে এই জীবাণুরা মানুষের শরীরের সুস্থ কোষগুলিকে সংক্রমিত করে সেই প্রোটিনটিকে আলাদা করে জেএনইউ-এর গবেষকরা চিহ্নিত করেছেন। এর উদ্দেশ্য হল, ওই প্রোটিন দিয়েই ভ্যাকসিন তৈরি করে ম্যালেরিয়ার (Malaria Vaccine) পরজীবীদের মানুষের শরীরে সংক্রমণ ছড়াতে বাধা দিতে পারবে।গবেষকরা (JNU Scientists) বলছেন, গবেষণা চলছে ওই প্রোটিন নিয়ে। খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যাবে আরও উন্নত মানের ম্যালেরিয়ার টিকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dilip Ghosh: “তৃণমূল সরকারকে ফেলে দেওয়া উচিত”, শাসকদলকে তোপ দাগলেন দিলীপ

    Dilip Ghosh: “তৃণমূল সরকারকে ফেলে দেওয়া উচিত”, শাসকদলকে তোপ দাগলেন দিলীপ

    মাধ্যম নিউজ ডেস্ক: এই তৃণমূল সরকারকে ফেলে দেওয়া উচিত বলে মন্তব্য করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার দুপুরে বিজেপির বর্ধমান জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানেই রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করলেন তিনি।

    তৃণমূল সরকার ফেলে দেওয়া উচিত (Dilip Ghosh)

    এদিন ওবিসি সার্টিফিকেট নিয়ে হাইকোর্টের রায় প্রসঙ্গে রাজ্য সরকারকে নিশানা করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, ভুয়ো সার্টিফিকেট নিয়ে চাকরি করলে যেমন চাকরি যায়, তেমনি ভুয়ো আইন করে যারা ক্ষমতায় এসেছে তাদের সরকার ফেলে দেওয়া উচিত। কারণ, নৈতিকভাবে তারা সংবিধানকে ধোকা দিয়ে জিতে এসেছে। যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে, সেই সরকারের আদৌ ক্ষমতায় থাকা উচিত কিনা বিবেচনা করা দরকার। আমার মতে, তৃণমূল সরকার ফেলে দেওয়া উচিত।

    আরও পড়ুন: নন্দীগ্রামে পুলিশের সামনেই ঘুরে বেড়াচ্ছেন খুনে অভিযুক্ত তৃণমূল নেতা, সরব বিজেপি

     মমতা বন্দ্যোপাধ্যায় আবার দেশ ভাগের চক্রান্ত করছেন

     মমতা বন্দ্যোপাধ্যায়ের ধৃষ্টতা দেখুন, তিনি (Dilip Ghosh) বলছেন, কোর্টের রায় মানবো না। প্যাঁচে পরে তিনি বারবার কোর্টে যাচ্ছেন। যখন সিঙ্গুরে জমির জন্য কোর্টে গিয়ে জিতে টাটাদের তাড়িয়েছিলেন, তখন কোর্ট ঠিক ছিল। আজকে যেহেতু তাঁর অপকর্মের বিরুদ্ধে কোর্ট রায় দিয়েছে তাই তিনি কোর্টকে মানবেন না। আমরা জানি তিনি সংবিধান মানেন না, লোকসভার সিদ্ধান্ত মানেন না, সুপ্রিম কোর্টকে মানেন না। সিএএ, জিএসটির বিরোধিতা করেছেন, তিন তালাকের বিরোধিতা করছেন। কাশ্মীরে ৩৭০ ধারা হটানো হয়েছে, তিনি তাঁর বিরোধিতা করছেন। এই যে মানসিকতা এটা বিচ্ছিন্নতাবাদী মানসিকতা। স্বাধীনতার আগে এরকম হয়েছিল বলে দেশ ভাগ হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আবার দেশ ভাগের চক্রান্ত করছেন। দেশ বিরোধিতা, রাষ্ট্র বিরোধিতা যারা করছেন তিনি তাদের সঙ্গে আছেন। তিনি তাদের সুরে কথা বলছেন। তিনি পাকিস্তান, বাংলাদেশের উগ্রপন্থীদের সুরে কথা বলছেন, এটা খুব ভয়ংকর।

    নন্দীগ্রামে হামলা নিয়ে মুখ খুললেন দিলীপ

    অন্যদিকে, নন্দীগ্রামের ভেটুরিয়ায়  শুক্রবার রাতে ৬ জন তৃণমূল কর্মী আক্রান্ত হওয়ায় অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই বিষয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, অভিযোগ যে কেউ করতে পারে। মুখ্যমন্ত্রী নিজে ওখানে গিয়ে হেরেছেন, তাই সেখানে জেতার সম্ভাবনা  নেই। বড় আকারে লিড আমরা পাব। শুভেন্দু অধিকারী ওখানকার বিধায়ক তিনি লড়াই করছেন। সেখানে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। এবারের নির্বাচনে সেরকম রক্ত ঝরেনি, খুন হয়নি। কিন্তু, শেষের দিকে আবার শুরু হয়ে গেল। যত ভোটের শেষের দিকে আসছে তত ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে। আমরা মারপিটের রাজনীতি করি না। যদি করতাম তাহলে উত্তরবঙ্গে দেখিয়ে দিতাম। এই যে আমার বিরুদ্ধে কেস করেছে আমি কি মারতে গেছি? আমরা এইসব রাজনীতি করিনা। কারণ, মানুষ বিজেপির পক্ষে রায় দিয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: পুলিশকে একগুচ্ছ নির্দেশ, কলকাতার ভোটে বাড়তি সতর্ক কমিশন

    Lok Sabha Election 2024: পুলিশকে একগুচ্ছ নির্দেশ, কলকাতার ভোটে বাড়তি সতর্ক কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কয়েক দিনের পরেই কলকাতা শহরে ভোট (Lok Sabha Election 2024)। তার আগে সপ্তম দফার ভোট প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসলেন জাতীয় নির্বাচন কমিশনের কর্তারা। কলকাতার নগরপাল বিনীত গোয়েলের প্রতি কমিশনের বার্তা, রাজ্যের মূল শহর কলকাতা। ঐতিহ্যবাহী এই শহরে ভোট শান্তিপূর্ণভাবে করতে হবে। গণমাধ্যম সহ সকলের নজরে থাকবে এই শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি। পাশাপাশি বহু গুরুত্বপূর্ণ ব্যক্তির বাস এই শহরে। সপ্তম দফতেও কলকাতা এবং সংলগ্ন এলাকায় ভোট সংক্রান্ত নিরাপত্তা যথোপযুক্ত রাখতে হবে। এমনই বার্তা দিয়েছে নির্বাচন কমিশন।

    দাগী অপরাধীদের বিষয়ে পুলিশকে সতর্ক করল কমিশন

    জানা গিয়েছে নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, ভোটের (Lok Sabha Election 2024)  দিন গোলমাল পাকাতে পারে এমন দুষ্কৃতীদের চিহ্নিত করে তাঁদের উপর নজরদারি চালাতে হবে। প্রয়োজনে তাঁদের হেফাজতে নিতে হবে। দাগী অপরাধীদের বাইরে রাখা চলবে না। দাগী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্নে কোন গাফিলতি কমিশন বরদাস্ত করবে না। এই নির্দেশ আগেই দেওয়া হয়েছে। সপ্তম দফায় রাজ্যের যে সমস্ত প্রান্তে ভোট হবে তাঁর একটা বড় এলাকা কলকাতা পুলিশের আওতাধীন। একদম শেষ দফায় ভোট হবে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, ডায়মন্ড হারবার, দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর ও মথুরাপুর কেন্দ্র। এরমধ্যে কলকাতা পুলিশকে কলকাতার উত্তর, দক্ষিণ কেন্দ্র ছাড়াও সামলাতে হবে যাদবপুর, ডায়মন্ড হারবারের কিছুটা অংশ এবং জয়নগরের একটি বড় অংশ।

    কোথায় কত বাহিনী

    লালবাজার সূত্রের খবর নির্বাচন কমিশনের নির্দেশ মেনে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দাগী অপরাধীদের ক্ষেত্রেও নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক কাজ শুরু হয়ে গেছে। দুষ্কৃতীদের তালিকা তৈরি করে তাঁদের মুচলেকা লিখিয়ে নেওয়া হয়েছে, তাঁরা ভোটের (Lok Sabha Election 2024) দিন গোলমাল পাকাবে না।

    আরও পড়ুন: বুথভিত্তিক ভোটদানের তথ্য প্রকাশের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, স্বস্তিতে কমিশন

    এবারের ভোটের কলকাতা পুলিশ ২৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করবে। এর আগে এত সংখ্যায় কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার হয়নি। এই ছাড়াও কলকাতা পুলিশের ১২,৭০০ পুলিশ কর্মী ভোটের কাজে ব্যস্ত থাকবেন। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ২৩০টি কিউআরটি গঠন করা হয়েছে। শহরে টহল দেওয়ার জন্য কলকাতা পুলিশের কর্মী এবং আধিকারিকদের নিয়ে ৩৪৭ টি সেক্টর মোবাইল, ২৪০ কিউআরটি মোবাইল এবং ৮০ হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড তৈরি করা হয়েছে। যাদের শহরের গুরুত্বপূর্ণ জায়গায় ভোটের আগেই মোতায়েন করা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Supreme Court: বুথভিত্তিক ভোটদানের তথ্য প্রকাশের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, স্বস্তিতে কমিশন

    Supreme Court: বুথভিত্তিক ভোটদানের তথ্য প্রকাশের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, স্বস্তিতে কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: সারাদেশে ৫ দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখনও ২ দফায় ভোটগ্রহণ বাকি। নির্বাচন যতই শেষের দিকে যাচ্ছে ততই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আর রাজ্যে ভোটের আবহের মাঝেই এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে বড় স্বস্তি মিলল কমিশনের। সম্প্রতি লোকসভা ভোট চলাকালীন কমিশন (Election Commission) যেন তার ওয়েবসাইটে বুথভিত্তিক ভোটদানের হার সম্পর্কিত পরিসংখ্যান প্রকাশ করে এমনই দাবিতে কোর্টে আবেদন জানানো হয় অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস-র তরফে। ওই এনজিও-র তরফে দায়ের করা সেই আর্জি এদিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এই নির্দেশ দিলে, কমিশনের ঘাড়ে ভোটের মধ্যে অতিরিক্ত বোঝা চাপবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। 

    কেন এই সিদ্ধান্ত? (Supreme Court)

    ২৪ মে শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার অবকাশকালীন বেঞ্চ জানিয়েছে, পাঁচ দফার ভোটগ্রহণ হয়ে গিয়েছে। আর মাত্র দুই দফা বাকি আছে। এই অবস্থায়, প্রতিটি বুথের ভোটদানের তথ্য কমিশনের (Election Commission) ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিলে, প্রয়োজনীয় লোকবল সংগ্রহ করা নির্বাচন কমিশনের পক্ষে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। এ প্রসঙ্গে বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, “আমাদের বাস্তব পরিস্থিতিও মাথায় রাখতে হবে। নির্বাচনের মধ্যে নির্বাচন কমিশনের ঘাড়ে অতিরিক্ত বোঝা চাপানো ঠিক হবে না। তাও আবার, মাঝপথে নির্বাচন প্রক্রিয়াকেই চ্যালেঞ্জ করে।”

    আরও পড়ুন: প্রতি বুথে ভোটদানের হার প্রকাশে বিভ্রান্তি বাড়বে, সুপ্রিম কোর্টে কমিশন

    প্রসঙ্গত, ২০২৪ লোকসভা ভোটে প্রথম দুই দফার ভোটগ্রহণ পর্বে ভোটের হার সংক্রান্ত তথ্য প্রকাশে দেরি হওয়ার পর এক মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। আর্জি ছিল লোকসভা ভোট চলাকালীন কমিশন যেন তার ওয়েবসাইটে প্রতি বুথে ভোটদানের হার সম্পর্কিত পরিসংখ্যান প্রকাশ করে, তার জন্য নির্দেশ যেন সুপ্রিম কোর্ট কমিশনকে দেয়। তবে এ প্রসঙ্গে কমিশন বলেছিল, নির্বাচনী আইনে কোথাও ভোটদানের তথ্য় প্রকাশ করতেই হবে, এমন কথা বলা নেই। তাছাড়া, এই বিপুল সংখ্যক বুথের তথ্য এত দ্রুত প্রকাশ করা সম্ভব নয়। নির্বাচনের পরই এই তথ্য তারা প্রকাশ করতে পারবে। কমিশনের (Election Commission) এই বক্তব্যের পর ওই এনজিও-র তরফে দায়ের করা সেই আর্জি এদিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Naga Sadhus: তাঁদের বীরত্ব ও দাপটের সামনে হার মানে আফগান বাহিনীও, জানুন নাগা সাধুদের ইতিহাস

    Naga Sadhus: তাঁদের বীরত্ব ও দাপটের সামনে হার মানে আফগান বাহিনীও, জানুন নাগা সাধুদের ইতিহাস

    মাধ্যম নিউজ ডেস্ক: সনাতন ধর্মে যুদ্ধের ঐতিহ্য বরাবরই রয়েছে। ধর্মের বেশিরভাগ দেবতার হাতেই সে কারণে অস্ত্র আমরা দেখতে পাই। দেবী দুর্গা থেকে শ্রীকৃষ্ণ, ভগবান বিষ্ণু থেকে রামচন্দ্র। প্রত্যেকেই অস্ত্র ধরেছেন, যুদ্ধ করেছেন ও ধর্মরাজ্যের স্থাপন করেছেন। অষ্টম শতাব্দীতে হিন্দু ধর্মের পুনর্জাগরণ করেন আদি শঙ্করাচার্য। মূলত সারা ভারতব্যাপী তীর্থ ভ্রমণ করে হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ করেন তিনি। তখন থেকেই নতুন একটি সামরিক প্রথা চালু হয়। হিন্দু আখড়াগুলির মধ্যে নাগা-রা ছিল সবচেয়ে বেশি সামরিকভাবে সজ্জিত এবং শক্তিশালী। বৈদিক ধর্মের ওপর যেখানেই আঘাত আসত সেখানেই এগিয়ে যেত নাগা সাধুরা (Naga Sadhus) এবং তারা রুখে দিত আক্রমণকারীদের। ঐতিহাসিকদের মতে, নাগাদের হাতে থাকত তলোয়ার, বর্শা, তীরধনুক ইত্য়াদি।

    শঙ্করাচার্যের শাস্ত্র ও শস্ত্র ভাবনা

    আদিগুরু শঙ্করাচার্য (Adi Shankaracharya) কেরলের কালাডি গ্রামের জন্মগ্রহণ করেছিলেন। জানা যায়, মাত্র পাঁচ বছর বয়সেই সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়ে তিনি বাড়ি ছেড়েছিলেন। জ্ঞান এবং অস্ত্র অর্থাৎ ভালো বাংলায় বলতে গেলে শাস্ত্র এবং শস্ত্র – এই দুটিরই প্রয়োজনীয়তা উপলব্ধি করেন আদি শঙ্করাচার্য। শাস্ত্রকে তিনি আচার্যদের ওপর ছেড়ে দেন এবং অস্ত্রের দায়িত্ব তিনি নাগাদের (Naga Sadhus) ওপরেই দেন। আদিগুরু শঙ্করাচার্যের এমন ভাবনা সফল হয়। সারা ভারতবর্ষে হিন্দু ধর্মের পুনর্জাগরণ শুরু হয়। শঙ্করাচার্য প্রবর্তিত সম্প্রদায় দশনামী সম্প্রদায় নামে পরিচিত। উল্লেখযোগ্য সম্প্রদায়গুলি হল – গিরি অর্থাৎ পর্বতের সম্প্রদায়, পুরী অর্থাৎ শহরের সন্ন্যাসী, সরস্বতী যার অর্থ পুরোহিত, আরণ্যক অর্থাৎ বনের সম্প্রদায়। সাগর অর্থাৎ সমুদ্র উপকূলীয় সম্প্রদায়।

    বীর নাগা সাধুরা পরাস্ত করে আফগানদের 

    আদিগুরু শঙ্করাচার্যের এই ভাবনা যে বৃথা যায়নি তা প্রমাণ করে দেন নাগা সন্ন্যাসীরা (Naga Sadhus)। একাধিক যুদ্ধভূমিতে। ১৭৫৭ সালে গোকুলের যুদ্ধের নাগা সন্ন্যাসীরা (Naga Sadhu) অসম্ভব বীরত্বের পরিচয় দেন এবং সেখানে আফগান সেনাপতি সর্দার খান যখন গোকুল আক্রমণ করেন সেখানে মাত্র তিন হাজার নাগা সাধু ত্রিশ হাজার আফগান সৈন্যকে পরাজিত করতে সমর্থ হন।

    আহমেদ শাহ আবদালি চারবার ভারত আক্রমণ করেছিলেন

    প্রসঙ্গত, আফগানিস্তানের সম্রাট আহমেদ শাহ আবদালি চারবার ভারত আক্রমণ করেছিলেন বলে জানা যায়। সে সময় মুঘলরা অত্যন্ত দুর্বল ছিল এবং উত্তর ভারতে ইসলামিক আক্রমণকে প্রতিহত করার মতো কোনও হিন্দু শক্তি ছিল না। ১৭৫৭ সালের জানুয়ারি মাসে আফগান বাহিনী লুণ্ঠন করে, প্রচুর মন্দির ধ্বংস করে। এত লুটপাট চালানোর পরেও আফগান সম্রাট তাঁর দুই জন সেনাপতি নাজিব খান এবং জাহান খানকে কুড়ি হাজার সৈন্য সমেত মথুরা,আগ্রা, বল্লভগড় এবং বৃন্দাবনে হামলা চালানোর  নির্দেশ দেন। জানা যায়, সেই সময় তিনি তাঁর সৈন্যদের বলেন যে মথুরা এবং বৃন্দাবন হিন্দুদের একটা পবিত্র স্থান। এটিকে সম্পূর্ণভাবে তলোয়ারের নিশানায় রাখতে হবে। আগ্রা পর্যন্ত কোনও জায়গাকে ছাড়া যাবে না। প্রতিটি দালান বাড়িতে ভেঙে ফেলতে হবে। হিন্দু কাফেরদের শিরোচ্ছেদ করতে হবে। আফগানিস্তানে এসে সেই মাথা আমাকে উপহার দিতে হবে। তার জন্য পুরস্কার হিসেবে তোমরা ৫ টাকা নেবে।

    মথুরায় ধ্বংসলীলা আফগানদের

    আফগান সেনারা এই নির্দেশ মোতাবেক মথুরায় পৌঁছায় এবং তারা একের পর এক মন্দিরকে ধ্বংস করতে থাকে। তার পাশাপাশি হিন্দু মহিলাদের ধর্ষণ করতে থাকে। হিন্দু পুরুষদের শিরোচ্ছেদ করে টুকরো টুকরো করা হয়। শিশুদেরকে দাস বানানো হয়। অনেক নারী তাদের সম্মান রক্ষায় যমুনা নদীতে ঝাঁপ দিতে বাধ্য হন। জানা যায়, সে সময়ে আফগান আক্রমণকারীদের হাত থেকে বাঁচার জন্য প্রচুর সংখ্যক মহিলা এবং শিশু শীতলা মাতা মন্দির এর পিছনে গুহায় আশ্রয় নেন। কিন্তু সেই জায়গাও আফগান সৈন্যরা দেখে ফেলে এবং সেখানে অত্যন্ত নিষ্ঠুরতা সঙ্গে প্রবেশ করে ভিতরে থাকা প্রত্যেকটি হিন্দুকে হত্যা করে। মথুরার পবিত্র ভূমিতে হিন্দুদের ওপর এই আক্রমণ তিনদিন ধরে চলেছিল এবং সেখানে আকাশ বাতাসে কয়েক মাস ধরে দুর্গন্ধ ছিল বলে জানা যায়। আফগানিস্তানের সেনারা ৬,০০০ হিন্দু নারীকে ক্রীতদাস বানায় এবং ১২ কোটি টাকা মথুরা থেকে লুট করে। মথুরা আক্রমণ করার পর আফগানরা বৃন্দাবনের দিকে অগ্রসর হয় এবং সেখানে আক্রমণ চালানো হয়। 

    আফগানরা রণে ভঙ্গ দেয় নাগাদের আক্রমণের মুখে পড়ে

    বৃন্দাবনকে ধ্বংস করার পর আফগান সেনাপতি সর্দার খান, গোকুলকে লুণ্ঠন করে লুটপাট করার কথা ভাবেন। সেই মতো ১০ হাজার আফগান সেনা বাহিনী গোকুলের দিকে অগ্রসর হয়। সেখানে তারা দেখতে পান ৪ হাজার নাগা সাধু (Naga Sadhus) তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে রয়েছে। নাগা সাধুরা যখন আফগানিস্তানে হিন্দুদের ওপর দুর্দশার কথা শুনেছিলেন তখন তাঁরা হরিদ্বার এবং উজ্জয়িনী গোকুলে আসতে থাকেন। নাগা সাধুদের সঙ্গে প্রবল যুদ্ধ শুরু হয় আফগানিস্তানে সেনাদের। প্রথমে আফগান সেনারা মনে করেছিল যে নাগা সাধুরা তাদেরকে মোকাবিলা করতে পারবে না কিন্তু শীঘ্রই তারা ভুল প্রমাণ হতে থাকে। নাগাদের (Naga Sadhu) সামরিক দক্ষতার কাছে একদম পরাস্ত হয় তারা। আতঙ্কিত আফগান সেনারা রণে ভঙ্গ দিয়ে পালিয়ে যায় এবং নাগাদের কোনওভাবেই তারা প্রতিরোধ করতে পারে না। ব্যাপক ক্ষয়ক্ষতির সঙ্গে আফগান সেনারা পরাজয় স্বীকার করে। জানা যায়, গোকুলের প্রবল যুদ্ধে ২০০০ নাগা সৈন্য মারা যান এবং আফগান সৈন্যদের ক্ষেত্রে সংখ্যাটা ছিল ৫০০০। নাগা সন্ন্যাসীরা অসংখ্য হিন্দু মন্দিরে আফগান শাসন থেকে মুক্ত করেছিলেন এবং গোকুলকে সেদিন রক্ষা করেন নাগা সাধুরা (Naga Sadhus)। নাগা সাধুদের সাহসিকতা এবং বীরত্বের ইতিহাস আজও অনুপ্রাণিত করে আমাদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।
     

  • Jai Shah: “কোনও অস্ট্রেলীয়কেই কোচের জন্য বলা হয়নি”, স্পষ্ট ঘোষণা জয় শাহের

    Jai Shah: “কোনও অস্ট্রেলীয়কেই কোচের জন্য বলা হয়নি”, স্পষ্ট ঘোষণা জয় শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাহুল পরবর্তী জমানায় অস্ট্রেলিয়ার কোনও প্রাক্তন ক্রিকেটারকে ভারতীয় ক্রিকেট দলের কোচের প্রস্তাব দেওয়া হয়নি, বলে জানিয়ে দিলেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jai Shah)। রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গারের মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হওয়ার পর বোর্ড সচিব জানিয়ে দেন, ভারতীয় দলের হেড কোচের পদের জন্য কোনও অস্ট্রেলীয় ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করা হয়নি। 

    কী বললেন বিসিসিআই সচিব

    নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং, ভারতের ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সেওয়াগ, আশিস নেহরা। এমন অনেক নামের মাঝে শোনা গিয়েছিল অস্ট্রেলিয়ার জাস্টিন ল্যাঙ্গার এবং রিকি পন্টিংয়ের কথাও। অজি কোচ নিয়ে ভারতীয় ক্রিকেটের অভিজ্ঞতা একেবারেই সুখকর নয়। ফলে দুই অজি ক্রিকেটারের নাম উঠে আসায় কিছুটা যেন অস্বস্তিও তৈরি হয়েছিল। জাস্টিন ল্যাঙ্গার নিজে থেকে আগ্রহ প্রকাশ করেছিলেন। তেমনই রিকি পন্টিং দাবি করেছিলেন, তাঁকে প্রস্তাব দেওয়া হলেও ভারতীয় দলের দায়িত্ব নিতে রাজি হননি। এরপরই জয় শাহ (Jai Shah) বলেন,  “আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে সম্মানের পদ, ভারতীয় দলের কোচ। না তো আমি কিংবা বোর্ডের কেউ, অস্ট্রেলিয়ার কোনও প্রাক্তনকে কোচ হওয়ার প্রস্তাব দিইনি। যে খবর সামনে আসছে, তা পুরোপুরি জল্পনা। একটি প্রক্রিয়ার মধ্য দিয়েই যোগ্য ব্যক্তিকে আমরা কোচ হিসেবে বেছে নেব।” 

    ঘরোয়া ক্রিকেটকে বুঝতে হবে

    ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে, আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হতে চলেছে। সেকারণে এই পদের জন্য ইচ্ছুক ব্যক্তিরা আগামী ২৭ মে সন্ধ্যা ছ’টা পর্যন্ত আবেদন করতে পারবেন। ভারতের কোচ নির্বাচন প্রসঙ্গে জয় শাহ (Jai Shah) জানান, ভারতীয় ক্রিকেট দলের জন্য আগামী ক্রিকেট কোচ সঠিক পদ্ধতি মেনেই নির্বাচন করা হবে। তিনি বলেন, “আমরা এমন একজনকে খুঁজছি, যাঁর ভারতীয় ক্রিকেট পরিকাঠামো সম্পর্কে গভীর জ্ঞান রয়েছে। সেই অনুযায়ী আমরা এগিয়ে চলেছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে টিম ইন্ডিয়ার আগামী কোচ যিনিই হোন না কেন, ঘরোয়া ক্রিকেট সম্পর্কে তাঁর গভীর জ্ঞান থাকতে হবে। তাহলেই ভারতীয় ক্রিকেট দলের উন্নতি সম্ভব হবে।

    আরও পড়ুন: গুরু গম্ভীরের বিশেষ বার্তা! “আসল কাজ ২৬ তারিখ”, ট্রফি জয়ই প্রধান লক্ষ্য নাইটদের

    সম্মানের পদ

    ভারতীয় দলের কোচের পদ নিয়ে বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jai Shah) বলেছেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে কথা বলার সময় আমরা উপলব্ধি করেছি, এই মুহূর্তে ভারতীয় দলের কোচের থেকে বেশি মর্যাদাপূর্ণ কোনও পদ নেই। বিশ্বে সবচেয়ে বেশি সমর্থক রয়েছে ভারতীয় দলের। বিশ্বের সর্বত্র ভারতীয় দল অতুলনীয় সমর্থন পায়। আমাদের ক্রিকেটের সমৃদ্ধ ইতিহাস, খেলার প্রতি আমাদের অনুরাগ ভারতীয় দলের কোচের পদকে সবচেয়ে আকর্ষণীয় করে তুলেছে। এই পদে কাজ করার জন্য প্রয়োজন চূড়ান্ত পেশাদারি মানসিকতা। কারণ তাঁকে বিশ্বের সেরা কয়েক জন ক্রিকেটারকে সামলাতে হয়। একই সঙ্গে প্রচুর প্রতিভাবান ক্রিকেটারের দিকও নজর রাখতে হয়। লক্ষ লক্ষ সমর্থকের প্রত্যাশা পূরণ করা অত্যন্ত সম্মানের ব্যাপার। বিসিসিআই সঠিক প্রার্থীকেই বেছে নেবে। যিনি ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • AI Anchors: একসঙ্গে দুজন এআই অ্যাঙ্কর অনবোর্ড! নতুন চমক ডিডি কিষাণের

    AI Anchors: একসঙ্গে দুজন এআই অ্যাঙ্কর অনবোর্ড! নতুন চমক ডিডি কিষাণের

    মাধ্যম নিউজ ডেস্ক: নয় বছরের সাফল্যের পর, দূরদর্শন (ডিডি) কিষাণ সকলের সামনে আনতে চলেছে এক নতুন চমক৷ কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এক নতুন পথের সূচনা করছে ডিডি কিষাণ (DD Kisan channel)। এই চ্যানেলই প্রথম সরকারি টিভি চ্যানেল হয়ে উঠবে যেখানে একসঙ্গে দুজন এআই অ্যাঙ্কর (AI Anchors) অনবোর্ড থাকবে। 

    ডিডি কিষাণে এআই অ্যাঙ্কর (AI Anchors) 

    জানা গিয়েছে এই দুই এআই অ্যাঙ্করের মধ্যে একজন এআই কৃষ এবং অপর জন এআই ভূমি। এই দুই এআই অ্যাঙ্কর মানুষের মতো কাজ করতে সক্ষম এবং একটানা ৩৬৫ দিন ২৪ ঘন্টা না থেমে, ক্লান্ত না হয়ে সংবাদ পড়তে পারবে। জানা গিয়েছে, এই এআই অ্যাঙ্কররা দেশ ও বিদেশের পঞ্চাশটি ভাষায় কথা বলতে সক্ষম হবেন এবং দেশে ও বিদেশের সমস্ত কৃষি সংক্রান্ত খবর, আবহাওয়ার পরিবর্তন বা সরকারী প্রকল্পের অন্য যেকোন তথ্য সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবেন। ২৬ মে ২০১৫-এ প্রতিষ্ঠিত ডিডি কিষাণ (DD Kisan channel) হল দেশের একমাত্র টিভি চ্যানেল যা ভারতের কৃষকদের জন্য নিবেদিত। চ্যানেলটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল বিশ্বের এবং স্থানীয় এলাকার আবহাওয়ার পরিবর্তন সম্পর্কে কৃষকদের অবহিত করা। এটি কৃষি ও গ্রামীণ সেবার লক্ষ্যে প্রগতিশীল কৃষকদের প্রচেষ্টাকে সকল মানুষের কাছে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও কাজ করছে। 
    যদিও মিডিয়াতে এআই সঞ্চালিকা (AI Anchors) এটাই প্রথম নয়। এর আগে ওডিশার একটি প্রাইভেট টেলিভিশন চ্যানেল প্রথম এআই সঞ্চালিকা লিসাকে সামনে এনেছিল। এরপর কানাডার ‘পাওয়ার টিভি’ প্রথম এআই সঞ্চালিকা সৌন্দর্যকে এনেছিল। আর এবার দুই এআই অ্যাঙ্কর একসঙ্গে অনবোর্ড থাকবে ডিডি কিষাণে। 

    আরও পড়ুন: চুপিসারে বেড়েছে ইমাম ভাতা! রাজ্য সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ বিজেপির

    অনেকের মতে আশীর্বাদের পরিবর্তে এআই ধীরে ধীরে অভিশাপ হয়ে উঠছে। কারণ এর জন্য বহু মানুষ চাকরি হারাতে চলেছেন। যদিও কিছু অংশ এআই-কে স্বাগত জানিয়েছে। সমালোচনা হলেও কৃত্তিম মেধা যে সংবাদ চ্যানেলগুলিতে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে তা এড়িয়ে যাওয়ার কোনও জায়গা নেই। আগামীদিনে এআই সঞ্চালিকাদের (AI Anchors) জায়গা ধীরে ধীরে আরও বাড়বে ভারতের মিডিয়া ইন্ডাস্ট্রিতে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nandigram: নন্দীগ্রাম কাণ্ডে কমিশনের অজুহাতে রাজ্যপালকে রিপোর্ট দিতে নারাজ রাজ্য

    Nandigram: নন্দীগ্রাম কাণ্ডে কমিশনের অজুহাতে রাজ্যপালকে রিপোর্ট দিতে নারাজ রাজ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: নন্দীগ্রামে (Nandigram) বিজেপি কর্মী খুনের ঘটনায় রাজ্য পুলিশের অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। প্রসঙ্গত বুধবার রাতে নন্দীগ্রামের সোনাচূড়ায় মনসা বাজার এলাকায় দুষ্কৃতীদের হাতে খুন হন স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় আড়ির মা রথীবালা আড়ি। নন্দীগ্রামে বিজেপির তফসিলি মোর্চার সম্পাদক সঞ্জয় আড়ি বর্তমানে কলকাতার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

    রাজ্যপালের বার্তা

    অ্যাকশন রিপোর্ট চাওয়ার পাশাপাশি লোকসভা ভোটে রক্ত স্নান বন্ধ করে আদর্শ আচরণ বিধি মেনে চলার পরামর্শ রাজ্যকে দিয়েছেন রাজ্যপাল। এই ঘটনায় সরাসরি শাসক দলের নেতারা জড়িত বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এফআইআরেও তাঁদের নাম রয়েছে। আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যরাও সরাসরি স্থানীয় তৃণমূল নেতাদের নাম করে তাঁদের বিরুদ্ধে অভিযোগ করেন। পরিকল্পনা করে এই খুন করা হয়েছে অভিযোগ তাঁদের।

    রাজ্যপালকে রিপোর্ট দিতে অনীহা

    প্রসঙ্গত নন্দীগ্রামে (Nandigram) খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত খোঁজখবর শুরু করেছেন রাজ্যপাল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই অভিযুক্তদের বিরুদ্ধে রাজ্য প্রশাসন কী পদক্ষেপ করেছে তা জানিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজভবন। রাজ্য প্রশাসন অবশ্য রাজ্যপালকে রিপোর্ট দেওয়ার মেজাজে নেই।

    আরও পড়ুন: মারে মাথার খুলি ফেটে গিয়েছিল! আশঙ্কাজনক অবস্থায় কেমন আছেন নন্দীগ্রামের বিজেপি নেতা?

    রাজ্য প্রশাসনের যুক্তি লোকসভা নির্বাচন না মেটা পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তাই অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত কী পদক্ষেপ করেছে তা বলতে পারবে কমিশন। নবান্ন বা রাজ্য প্রশাসন নয়। অর্থাৎ এ বিষয়ে পুলিশ পদক্ষেপ করলেও কী পদক্ষেপ করা হয়েছে তা কমিশনের অজুহাত দেখিয়ে রাজভবনের কাছে পৌঁছে দিতে নারাজ রাজ্য।

    নির্বাচন কমিশনের পদক্ষেপ

    নন্দীগ্রামে (Nandigram) বিজেপির মহিলা কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় এখনও পর্যন্ত কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে নির্বাচন কমিশন। কী কারণে মৃত্যু? সে বিষয়েও পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে দ্রুত রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন। একইসঙ্গে অশান্তি প্রবণ অঞ্চলে রুট মার্চ করানোরও নির্দেশ দিয়েছে কমিশন।

    ঠিক কী ঘটেছিল?

    ভোটের আবহে (Lok Sabha Election 2024) বুধবার রাতে নন্দীগ্রামের সোনাচূড়া এলাকায় একটি হামলার ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতে এলাকায় হামলা চালায়। এক মহিলা কর্মীকে কুপিয়ে খুন করা হয়। রথীবালা আড়ি নামে ওই বিজেপি (BJP) কর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি কোপ চালাতে থাকে দুষ্কৃতীরা। রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। মাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন রথীবালার পুত্র সঞ্জয় আড়িও। চিৎকার শুনে গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। জখমদের তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় নন্দীগ্রাম (Nandigram) সুপার স্পেশালিটি হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত নন্দীগ্রাম। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share