Tag: Madhyom

Madhyom

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার, ২০/১১/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার, ২০/১১/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) কোনও ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে।

    ২) আবেগের বশে কাজ করলে বিপদ হতে পারে।  

    বৃষ

    ১) প্রেমে মাত্রাছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে।

    ২) কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে।   

    মিথুন

    ১) প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ।

    ২) পরিবারের কোনও গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে। 

    কর্কট

    ১) অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতার যোগ।

    ২) মাত্রাছাড়া রাগ ক্ষতি ডেকে আনতে পারে।  
      
    সিংহ 

    ১) ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়।

    ২) মা-বাবার সঙ্গে বিরোধে মাথা ঠান্ডা রাখতে হবে।   

    কন্যা

    ১) কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে।

    ২) আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে।   

    তুলা 

    ১) দুপুর নাগাদ ব্যবসা ভাল হবে। 

    ২) ইচ্ছাপূরণ হওয়ার দিন।  

    বৃশ্চিক

    ১) ব্যবসায় ক্ষতি হতে পারে।

    ২) বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হতে পারে। 

    ধনু

    ১) রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে।

    ২) দুপুরের পরে দিনটি ভাল কাটবে, কিন্তু মানসিক চাপ থাকবে।  

    মকর

    ১) আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা পাবে।
     
    ২) চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে। 

    কুম্ভ

    ১) ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে। 

    ২) চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি।  

    মীন

    ১) সন্তান-স্থান শুভ।

    ২) আজ কোনও সুসংবাদ পাওয়ার জন্য মন ব্যাকুল থাকবে। 

     

     

     
    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asansol: “এত অমানবিক মুখ্যমন্ত্রী ৭ জনের মধ্যে ৪ জনের ডেথ সার্টিফিকেট দেননি” তোপ শুভেন্দুর

    Asansol: “এত অমানবিক মুখ্যমন্ত্রী ৭ জনের মধ্যে ৪ জনের ডেথ সার্টিফিকেট দেননি” তোপ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: আসানসোলের (Asansol) রানিগঞ্জের নারায়ণকুড়িতে খোলামুখ খনিতে অবৈদ্ধ কয়লা কাটতে গিয়ে দুর্ঘটনায় মৃতদের পরিবারের সাথে দেখা করলেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার বিকালে নারায়ণকুড়ি এলাকায় এসে তিনি বলেন, “অমানবিক মুখ্যমন্ত্রী, সেদিনের ঘটনায় ৭ জনের মধ্যে তিনজনকে ডেথ সার্টিফিকেট দেয়া হয়েছে, বাকি ৪ জনকে কোন ডেথ সার্টিফিকেট দেননি।” এক মাসের কিছু বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও পরিবারগুলির সাথে সরকারি কোনও আধিকারিক দেখা করতে আসেননি। তাই রাজ্য সরকারের মৃত্যু নিয়ে এই আচরণ বৈমাত্রেয় সুলভ বলে দাবি করেন তিনি। পাশাপাশি বিষয়টি নিয়ে বিধানসভায় সরব হবে বলে জানিয়েছেন তিনি।

    কী বললেন শুভেন্দু (Asansol)

    এই দিন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী রানিগঞ্জে (Asansol) বলেন, “এই এলাকা একটা সময় শিল্পাঞ্চলের জন্য বিখ্যাত ছিল। কিন্তু তৃণমূল সরকারের নীতি না থাকায় বর্তমানে অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে যায়। বর্তমানে এখানে কেবলমাত্র কয়লা চুরির ঘটনায় কুখ্যাতি অর্জন করেছে। এই চুরির জন্য অনেকে জেলে গিয়েছেন আবার অনেকে জেলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু উল্লেখ্য এলাকায় সিবিআই এতো বড় দুর্নীতির তদন্ত করলেও এলাকার প্রশাসনের মদতে চলছে নতুন গেলাসে পুরাতন মদ। এলাকায় পুলিশের মদতে নতুন সিন্ডিকেট তৈরি করেছে। স্থানীয় শাসক দলের নেতার পুলিশের সহযোগিতায় এই চুরির কারবারি চালাচ্ছেন। এলাকায় যাঁরা খনি অঞ্চলের কাজ করেন তাঁদেরকে কাজ দেওয়া হয়নি। বাইরে থেকে টাকার বিনিময়ে এলাকায় লোক ভাড়া করে কাজে লাগানো হচ্ছে। ফলে এলাকার মানুষের কর্ম সংস্থান নেই।”

    মৃতের সংখ্যা নিয়ে কারচুপি

    খোলামুখ খনি এলাকায় মৃতের সংখ্যা নিয়ে কারচুপি হয়েছে। এই প্রসঙ্গে শুভেন্দু আরও বলেন, “খনি অঞ্চলে (Asansol) ইএসএল কর্তৃপক্ষ এলাকার শাসক দলের চাপে সম্মিলিত ভাবে তৃণমূলের কাজকে সমর্থন করছেন। বিজেপি জেলা সভাপতির বাপ্পা এবং বিধায়ক অগ্নিমিত্রা পলের নেতৃত্বে বিক্ষোভ আন্দোলন করা হয়। ধসের কারণে যাঁদেরে মৃত্যু হয়েছে তাঁদের পরিবার পিছু ক্ষতিপূরণের দাবি জানানো হয়। আজ যদি এলাকার মানুষেরা কাজের সুযোগ পেতেন তাহলে এই রকম বিপত্তি ঘটতো না। পশ্চিমবঙ্গে করোনা হোক, ডেঙ্গি হোক মৃতের সংখ্যা কম দেখানো এই মুখ্যমন্ত্রীর একটা রোগ। এতো মৃত্যু দেখালে সারা দেশে প্রচার হবে তাই মৃতের সংখ্যা নিয়ে রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মারা গেছেন ৭ জন আর নাম পাঠানো হয়েছে ৩ জনের। তিনটে চেক এসেছে কিন্তু বাকি চারটে মৃত্যুর ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়নি পরিবারকে। আমরা আগামী ডিসেম্বর মাসে কেন্দ্রের কয়লা মন্ত্রীকে এই এলাকায় আসার জন্য অনুরোধ করব। এলাকার সমস্যা সমাধানে আমরা সকালের পাশে আছি।”   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Purulia: পুরুলিয়ার পুলিশ সুপারের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণা! তারপর কী হল জানেন?

    Purulia: পুরুলিয়ার পুলিশ সুপারের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণা! তারপর কী হল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েকদিন আগেই কৃষ্ণনগরের এক স্কুল শিক্ষকের কাছে উত্তরবঙ্গের এক পুলিশ কর্তার পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠেছিল। প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে শিক্ষক থানায় অভিযোগ দায়ের করেন। তবে, এখনও প্রতারকদের হদিশ মেলেনি। এবার সেই একই কায়দায় প্রতারকরা ফাঁদ পেতে প্রতারণা শুরু করেছেন। এবার উত্তরবঙ্গ নয়,পুরুলিয়া (Purulia) পুলিশ সুপারের নামে ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষের কাছ থেকে আর্থিক প্রতারণার করার অভিযোগ উঠল প্রতারকদের বিরুদ্ধে।  

    কীভাবে প্রতারণার ছক? (Purulia)

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার (Purulia) পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নামে ফেসবুকে একটি ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিল অভিযুক্তরা। তাঁর ইউনিফর্মে থাকা একটি ছবিকেও ব্যবহার করা হয়েছিল অ্যাকাউন্টে। তারপর সেখান থেকেই পাতা হয় প্রতারণার ফাঁদ। ওই প্রোফাইল থেকে বিভিন্ন ব্যক্তির কাছে একটিই মেসেজ পাঠানো হয়। সূত্রের খবর, তাতে লেখা রয়েছে, সিআরপিএফে তাঁর এক বন্ধু কাজের জায়গা থেকে অন্যত্র বদলি হয়ে যাচ্ছেন, সে কারণে তাঁর বাড়িতে থাকা আসবাবপত্র কম দামে বিক্রি করে দিচ্ছেন। কেউ চাইলে যোগাযোগ করতে পারেন। এই পোস্ট, মেসেজ দেখে অনেকেই যোগাযোগ করেন। অগ্রিম বুকিংয়ের নামে টাকা হাতিয়ে নেয় প্রতারকেরা। প্রতারণা করার অভিযোগে হাবড়া থেকে দুজনকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রাহুল ঘটক ওরফে প্রীতম এবং শান্ত মাঝি। রাহুলের বাড়ি হাবড়ায়। অন্যজন শান্তর বাড়ি ঝাড়খণ্ডের গুমলায়। সেও বর্তমানে হাবড়াতেই থাকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে পুলিশ। তাঁরা আরও বড় কোনও চক্রের সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। কতজন ব্যক্তিকে তাঁদের ফাঁদে ফেলেছেন তাও দেখা হচ্ছে।

    প্রতারিতদের কী বক্তব্য?

    প্রতারিতরা বলেন, পুরুলিয়ার (Purulia) পুলিশ কর্তার প্রোফাইল দেখেই আমাদের কোনও সন্দেহ হয়নি। যে টাকা চাওয়া হয়েছিল তা মিটিয়ে দেওয়া হয়। কিন্তু, আমরা যে প্রতারিত হচ্ছেন তা তখনও বুঝতে পারেননি। পরে, আসবাবপত্র না পেয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ। এরপরই প্রতারণার বিষয়টি আমাদের সামনে আসে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Malda: অভাবে দেড় লক্ষ টাকায় সন্তান বিক্রি! অভিযুক্ত মায়ের থেকে কাটমানি নিলেন তৃণমূল নেতা

    Malda: অভাবে দেড় লক্ষ টাকায় সন্তান বিক্রি! অভিযুক্ত মায়ের থেকে কাটমানি নিলেন তৃণমূল নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: অভাবের তাড়নায় ১৮ দিনের সদ্যোজাতকে স্থানীয় ব্যবসায়ী দম্পতির কাছে দেড় লক্ষ টাকায় বিক্রি করার অভিযোগ উঠল পরিযায়ী শ্রমিকের স্ত্রীর বিরুদ্ধে। স্থানীয় এক তৃণমূল নেতা সেই সদ্যোজাতকে আবার মায়ের কাছে ফিরিয়ে দেন। তবে, তাঁর কাছে থেকেও কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের ওই নেতার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর এলাকায়। সমগ্র ঘটনা সামনে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Malda)

    মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর এলাকায় অভিযুক্ত গৃহবধূর সংসারে অর্থাভাব। ঠিকভাবে জোটে না খাবার। রয়েছে এক বছরের শিশু সন্তান। চলতি মাসের ১ নভেম্বর আবার একটি পুত্র সন্তানের জন্ম দেন মা। কিন্তু, দ্বিতীয় সন্তানের মুখে অন্ন তুলে দেওয়ার মতো অবস্থা নেই। তাই, ১৮ দিনের শিশুকে বিনোদ আগরওয়াল নামে এক ব্যবসায়ী দম্পতির কাছে দেড় লক্ষ টাকায় বিক্রি করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। সেই অভিযোগ নিজের মুখে স্বীকার করে নিয়েছেন মা। যদিও এই বিক্রি করার খবর জানাজানি হতেই স্থানীয় এক তৃণমূল নেতা শিশুটিকে ওই ব্যবসায়ী  দম্পতির কাছ থেকে এনে মায়ের কোলে তুলে দেন বলে জানা গেছে। কিন্তু, ওই দেড় লক্ষ টাকা স্থানীয় সেই তৃণমূল নেতা অভাবী মায়ের কাছ থেকে কেড়ে নেয় বলে অভিযোগ। পরবর্তীতে গ্রামের সালিশিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা ফেরত দিলেও ত্রিশ হাজার টাকা এখনও ফেরত দেননি।

    কী বললেন অভিযুক্ত মা?

    অভিযুক্ত মা বলেন, স্বামী আমাকে দেখেন না। সংসার চালানোর টাকা নেই। দ্বিতীয় সন্তান হওয়ায় খাওয়াব কী করে তা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। পরে, সন্তানকে দেড় লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছিলাম। আমার কাছে থেকে টাকা কেড়ে নেওয়া হয়েছিল। পরে, টাকা ফেরত পেলেও ৩০ হাজার টাকা এখনও পাইনি।

    তৃণমূল নেতার কী বক্তব্য?

    তৃণমূল নেতা তথা শিক্ষক দ্রোণাচার্য বন্দ্যোপাধ্যায় বলেন, আমি শুধু শিশু বিক্রি আটকেছি। কোনওরকম টাকার বিষয় আমি জানি না। শিশু বিক্রি করা অপরাধ। সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। সেটা যদি অপরাধ হয় তা আমি করেছি।

    বিজেপি নেতৃত্বের কী বক্তব্য?

    বিজেপি নেতা কিষাণ কেডিয়া বলেন, রাজ্যের কর্মসংস্থানের বেহাল দশা এই ঘটনায় প্রমাণ হচ্ছে। এতটাই অভাব মানুষের যে মানুষ শিশুকে বিক্রি করতে বাধ্য হচ্ছে। আর সেখান থেকেও কাটমানি নিয়ে নিচ্ছে তৃণমূল। এর থেকে লজ্জার আর কিছু নেই।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Malda: “প্রশাসন চায় না এলাকায় রাস্তা হোক”, খাটিয়ায় রোগীমৃত্যুর ঘটনায় তোপ খগেন মুর্মুর

    Malda: “প্রশাসন চায় না এলাকায় রাস্তা হোক”, খাটিয়ায় রোগীমৃত্যুর ঘটনায় তোপ খগেন মুর্মুর

    মাধ্যম নিউজ ডেস্ক: মালদার (Malda) বামনগোলা ব্লকে গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের, মালডাঙ্গা গ্রামে এলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। রাস্তার জন্য ঘোষণা করলেন ১০ লাখ টাকা। জেলা প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “প্রশাসন চায় না এলাকায় রাস্তা হোক”। গতকাল খারাপ রাস্তা এবং অ্যাম্বুল্যান্স না আসার কারণে খাটিয়া করে রোগীকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু হাসপাতালে নিয়ে যেতে পথেই মৃত্যু হয়েছিল ২৪ বছরের মহিলা রোগীর। এই নিয়ে যাওয়ার ভিডিও ব্যাপক ভাবে ভাইরাল হয়েছিল। রাস্তা ঠিক করার বিষয় নিয়ে প্রশাসনের বিরুদ্ধে এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল। খাটিয়া করে নিয়ে যাওয়ার ঘটনায় প্রশাসন এবং শাসক দল তৃণমূলকে তীব্র সমালোচনা করেন বিজেপি সাংসদ।

    মৃত রোগীর পরিজনের পাশে সাংসদ (Malda)

    খাটিয়ায় রোগীর মৃত্যু নিয়ে রাজ্য সরকারকেই দায়ী করে একরাশ বিক্ষোভ উগরে দিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু। আজ ওই এলাকায় গিয়ে মৃত ওই যুবতী মামনি রায়ের পরিবারের সাথে দেখা করেন সাংসদ এবং স্থানীয় বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। গ্রামবাসীদের নিয়ে প্রশাসনের বিরুদ্ধে এলাকা জুড়ে বিক্ষোভ দেখান বিজেপি সাংসদ।

    কী বললেন খগেন মুর্মু

    উত্তর মালদার (Malda) বিজেপি সাংসদ অভিযোগ করে বলেন, “এই এলাকার সাংসদ, বিধায়ক থাকলেও আমাদের কিছু করণীয় নেই। আমরা প্রশাসনকে বারবার রাস্তার জন্য প্রস্তাব পাঠিয়েছি। কিন্তু আমরা বিজেপির প্রতীকে জয়ী হয়েছি বলে রাজ্য সরকার এলাকার রাস্তা করছে না। প্রশাসন বৈঠক ডাকুক আমিও আজই যাবো। প্রধানমন্ত্রী গ্রাম সড়কের যোজনায় রাস্তার জন্য চিঠি করবো। রাস্তার জন্য ১০ লাখ টাকা অনুদান দেবো আমি। কিন্তু প্রশাসন চায় না রাস্তা হোক। পাশের জেলা দক্ষিণ দিনাজপুরের সাংসদ সুকান্ত মজুমদার এবং উত্তর দিনাজপুরের সাংসদ দেবশ্রী চৌধরিও তাঁদের জেলা শাসকদের চিঠি দিয়েছেন। কিন্তু জেলা প্রশাসন কাজ করতে চায় না। প্রশাসন রাস্তা নিয়ে যেমন রাজনীতি করছে ঠিক তেমনি রাজ্যের অ্যাম্বুল্যান্স পরিষেবা নিয়ে কোনও সদর্থক ভূমিকা দেখা যায়নি। আগেও অ্যাম্বুল্যান্সের অভাবে মৃতদেহ কাঁধে করে ঘাড়ে করে অথবা ব্যাগে করে নিয়ে যেতে হয়েছে। সরকার অত্যন্ত নির্মম।”

    এলাকাবাসীর বক্তব্য

    এলাকার (Malda) এক বাসিন্দা সুমন মণ্ডল বলেন, “এই পাঁচ কিলোমিটার রাস্তাটা বহুদিন ধরে বেহাল হয়ে রয়েছে। প্রশাসনকে বার বার জানিয়েও লাভ হচ্ছে না। রাস্তা ভালো থাকলে হয়তো ওই রোগীর মৃত্যু হত না। আমরা অবলম্বে রাস্তা চাই।” খাটিয়ায় রোগীকে নিয়ে যাওয়ায়, তার ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়ার পরই নিন্দার ঝড় উঠেছিল রাজ্য জুড়ে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Khardah: পরকীয়া মেনে নিতে না পেরে স্ত্রী, দুই সন্তানকে খুন করে আত্মঘাতী ব্যবসায়ী

    Khardah: পরকীয়া মেনে নিতে না পেরে স্ত্রী, দুই সন্তানকে খুন করে আত্মঘাতী ব্যবসায়ী

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্ধ ফ্ল্যাট থেকে এক ব্যবসায়ীর স্ত্রী, দুই সন্তান সহ চারজনের মৃতদেহ উদ্ধার হয়। রবিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে খড়দার (Khardah) ১৯ নম্বর ওয়ার্ডের করবি টাওয়ার্স ফ্লাটে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্ত্রীর পরকীয়া সম্পর্ক মেনে নিতে পারেননি স্বামী। এরপরই স্ত্রী, দুই সন্তানকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে নিজেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন ব্যবসায়ী। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম বৃন্দাবন কর্মকার। তাঁর স্ত্রী দেবশ্রী কর্মকার, মেয়ে দেবলীনা কর্মকার এবং আট বছরের ছেলের দেহ উদ্ধার হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Khardah)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃন্দাবনবাবুর বাড়ি খড়দার (Khardah) আদর্শপল্লি এলাকায়। তিনি বলরাম হসপিটালের কাছে এম এস মুখার্জি রোডে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ব্যারাকপুর শান্তিবাজারে তাঁর একটি কাপড়ের দোকান ছিল। জানা গিয়েছে, আদর্শপল্লির জায়গাটিকে তিনি বিক্রি করে দিয়েছেন। আবার জানা গিয়েছে, আদর্শপল্লির জমিতে প্রোমোটিং হচ্ছে বলে তিনি ভাড়া বাড়়িতে পরিবার নিয়ে থাকছিলেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। জানা গিয়েছে, কালীপুজোয় তিনি এবার প্রতিমা ও বেনারসী দিয়েছিলেন। ফল দিয়ে তৈরি মালাও দিয়েছিলেন। স্থানীয় সূত্রে খবর, এই আবাসনে দুই সন্তান, স্ত্রীকে নিয়ে থাকতেন এক ব্যবসায়ী। সকালে ঘরের দরজায় বার বার বেল বাজিয়ে ডাকলেও কোনো সাড়া মেলেনি। স্থানীয় বাসিন্দারা খড়দা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারকে খবর দেন। বিষয়টি পুলিশকে জানানো হয়। দরজা ভেঙে পুলিশ ঘরে ঢুকে ঘরের বিভিন্ন জায়গায় দুই সন্তান সহ স্ত্রীর মৃতদেহ উদ্ধার হয়। আর ব্যবসায়ীর ঘরের ফ্যানে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়।

    সুইসাইড নোটে কী লেখা রয়েছে?

    ঘরের ভিতর থেকে সুইসাইড নোট উদ্ধার হয়। তাতে লেখা রয়েছে, স্ত্রীর সঙ্গে এক যুবকের বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল। বার বার বলার পরও সে কর্ণপাত করেনি। তাই, এই চরম সিদ্ধান্ত গ্রহণ করলাম। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বৃহস্পতিবার একটি দোকান থেকে রুটি কিনতে শেষবার ব্যবসায়ীকে দেখা গিয়েছিল। তারপর আর কোনও খোঁজ মিলছিল না। এদিন ঘর থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার হয়।

    পুরসভার চেয়ারম্যানের কী বক্তব্য?

    খড়দা (Khardah) পুরসভার চেয়ারম্যান নীলু সরকার বলেন, ঘটনাটি মর্মান্তিক। সুইসাইড নোট উদ্ধার হয়েছে। পুলিশ সমস্ত বিষয়টি খতিয়ে দেখতে। এই ঘটনার পিছনে যে কারণ রয়েছে পুলিশ তা তদন্ত করে দেখছে। আমরা ওই ব্যবসায়ীর আত্মীয়দের সঙ্গে যোগযোগ করার চেষ্টা করছি।

    বারাকপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিকের কী বক্তব্য?

    বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) আশিস মৌর্য ঘটনাস্থলে যান। তিনি সমস্ত দিক খতিয়ে দেখেন। এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন। পরে, তিনি বলেন, সুইসাইড নোট উদ্ধার হয়েছে। আমরা সব দিক খতিয়ে দেখছি। একান্তই পারিবারিক, না অন্য কিছু রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shakib Al Hasan: বাংলাদেশের সাধারণ নির্বাচনে প্রার্থী হচ্ছেন সাকিব আল হাসান?

    Shakib Al Hasan: বাংলাদেশের সাধারণ নির্বাচনে প্রার্থী হচ্ছেন সাকিব আল হাসান?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে জঘন্য পারফরম্যান্স দেখিয়েছে সাকিব আল হাসানের (Shakib Al Hasan) নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার ক্রিকেটারকে টাইম আউট করা নিয়ে বিতর্কও কম ওঠেনি। উঠেছে নৈতিকতা নিয়ে প্রশ্নও। এবার দেশে ফিরে জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন সাকিব রাজনীতিতে যোগদান দিচ্ছেন এমনই জোর চর্চা শুরু হয়েছে বাংলাদেশে। জল্পনা অবশ্য বেশ কয়েকদিন ধরেই চলছে। সূত্রের খবর, তিনটি আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসান।

    আওয়ামী লিগের প্রার্থী হবেন সাকিব?

    ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লিগের হয়ে মনোনয়নপত্র কিনেছেন তিনি (Shakib Al Hasan)। এমনটাই জানা গিয়েছে। অর্থাৎ আগামী ৭ জানুয়ারি হতে চলা বাংলাদেশের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যেতে পারে সাকিবকে। শেখ হাসিনার দলের হয়ে বাংলাদেশের নির্বাচন লড়তে পারেন বাংলাদেশের অধিনায়ক। সূত্রের খবর সাকিবুল হাসানের হয়ে এক প্রতিনিধি ঢাকায় আওয়ামী লিগের দফতরে যান এবং সেখান থেকেই মনোনয়নপত্র নিয়ে আসেন। বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্র প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে সাকিবের এক আত্মীয় জানান যে বর্তমানে সাকিব (Shakib Al Hasan) দেশের বাইরে রয়েছেন এবং দেশে ফেরার পরই মনোনয়নপত্র জমা দেবেন তিনি।

    কী বলছে আওয়ামী লিগ? 

    অন্যদিকে আওয়ামী লিগের এক শীর্ষ নেতা বাহাউদ্দিন নাসিম জানিয়েছেন ঢাকার ১০ নম্বর আসন থেকে সাকিবের হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করে নিয়ে গিয়েছেন একজন। জানা গিয়েছে, বাংলাদেশের বর্তমান অধিনায়ক এই মুহূর্তে মার্কিন সফরে রয়েছেন। তবে রাজনীতিতে সাকিবের যোগদান নিয়ে চর্চা নতুন কিছু নয়। এর আগেও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন নামে একটি রাজনৈতিক দলের হয়ে যোগদান করবেন সাকিব, এমন খবর রটেছিল। যদিও এই খবরের কোনও ভিত্তি নেই বলেই পরবর্তীকালে জানিয়েছিলেন সাকিব (Shakib Al Hasan)। এবারে তাঁর আওয়ামী লিগের হয়ে মনোনয়নপত্র তোলার ঘটনাতে জোর চর্চা শুরু হয়েছে। কোনও কোনও মহলের প্রশ্ন, এবার তবে ক্রিকেট থেকে কি সন্ন্যাস নিতে চলেছেন সাকিব? সে কারণেই কি রাজনীতিতে আসতে চাইছেন? যদিও এখনও পর্যন্ত কোনও মন্তব্য শোনা যায়নি সাকিবের মুখে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Partha Chatterjee: ‘অপা’ বাড়ির সামনে লেখা ‘কার্তিক ফেলবেন না, ওঁরা জেলে’, ফেসবুক পোস্ট ভাইরাল

    Partha Chatterjee: ‘অপা’ বাড়ির সামনে লেখা ‘কার্তিক ফেলবেন না, ওঁরা জেলে’, ফেসবুক পোস্ট ভাইরাল

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘অপা’ বাড়ির সামনে লেখা ‘কার্তিক ফেলবেন না’। ফেসবুকে এরকমই একটি ছবিকে পোস্টার করে ভাইরাল করা হয়েছে। কার্তিক মাসের শেষে কার্তিক পুজোর দিন ছিল। সাধারণত কার্তিক পুজোর রীতি এমন রয়েছে যে অনেকেই বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনের বাড়িতে কার্তিক মূর্তি পুজোর জন্য বাসিয়ে আসেন। এরপর কার্তিকের পুজো করতে হয়। অর্পিতার ‘অ’ এবং পার্থর ‘পা’ (Partha Chatterjee) নামের অক্ষরে লেখা শান্তিনিকেতনের বাড়ির ‘অপা’ ছবিকে এডিট করে ফেসবুকে পোস্টটি করা হয়। ঘটনায় নেট দুনিয়ায় ব্যাপক শোরগোল পড়েছে বলে জানা গিয়েছে।

    পোস্টে ঠিক কী লেখা হয়েছে (Partha Chatterjee)?

    এবার বীরভূমের শান্তিনিকেতনে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নামের ‘অপা’ বাড়ির ছবির উপরে লেখা হয় ‘এখানে কেউ কার্তিক ফেলবেন না। ওঁরা সবাই জেলে আছেন”। অবশ্য এই পোস্ট সামজিক মাধ্যমে শিক্ষক দুর্নীতির দায়ে অভিযুক্ত জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সমালোচনা করে যে করা হয়েছে, তা বোঝাই যাচ্ছে। এই বাড়ি, নিয়োগ দুর্নীতির অবৈধ টাকায় নির্মাণ করছেন বলে সূত্রে জানা গিয়েছে। বিলাসবহুল এই বাড়ি কেনার টাকার উৎস কী, সেই বিষয়েও তদন্ত করছেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা।

    দুর্নীতির টাকায় বিলাসবহুল ‘অপা’ বাড়ি

    শিক্ষক দুর্নীতিকাণ্ডে গত বছর জুলাই মাসে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল দলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। একই সঙ্গে গ্রেফতার হয়েছেন মন্ত্রীর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। পার্থর সম্পত্তির খোঁজে চলে সিবিআই এবং ইডির তল্লাশি। নিউ আলিপুর, বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা এবং সোনা। সেই সঙ্গে উদ্ধার হয় এসএসসি নিয়োগের গুরুত্বপূর্ণ নথি। এরপর সম্পত্তির তল্লাশি করতে খোঁজ মেলে বীরভূমের এই বিলাসবহুল ‘অপা’ বাড়ি। সেই থেকেই সামজিক মাধ্যমে এই বাড়ি নিয়ে নানান বক্তব্য প্রকাশিত হতে দেখা যায়।

    ফেসবুকেই ভাইরাল পোস্ট

    ‘অপা’ ভাইরাল পোস্টকে ঘিরে দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভের কথা প্রকাশিত হল বলে মনে করছেন অনেকে। ‘ওঁরা’ বলতে পার্থ (Partha Chatterjee) এবং অর্পিতাকেই ইঙ্গিত করা হয়েছে। তবে বাস্তবে বাড়ির সামনে এইরকম কোনও পোস্টার পড়েনি বলে স্থানীয়রা জানিয়েছেন। ফলে এই ছবি এবং তাকে ঘিরে পোস্ট শুধুমাত্র ফেসবুকের মধ্যেই করা হয়েছে। কেউ কেউ বলছে সামজিক মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে প্রতিক্রিয়া এমনই হয়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Underwater Magic: জলের নিচে টানা ৩ মিনিট ম্যাজিক! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল মার্কিন কিশোরী

    Underwater Magic: জলের নিচে টানা ৩ মিনিট ম্যাজিক! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল মার্কিন কিশোরী

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন কিশোরী অ্যাভেরি এমারসন ফিসার। জাদু বিদ্যায় (Underwater Magic) নয়া রেকর্ড আনল নিজের ঝুলিতে। আমেরিকার সানফ্রান্সিসকো শহরে জলের তলায় ৩৮টি ম্যাজিক দেখাল ১৩ বছরের এই মার্কিন কিশোরী। এজন্য মোট ৩ মিনিট সে জলের তলাতেও ছিল। হঠাৎ জলের তলাতে ম্যাজিক (Underwater Magic) দেখানোর সিদ্ধান্ত কেন? জানা গিয়েছে, করোনা মহামারীর সময় থেকেই সে জলের নীচে জাদু প্রদর্শনের সিদ্ধান্ত নেয়।

    গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল অ্যাভেরি

     ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তার ম্যাজিক দেখানোর ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে মার্কিন কিশোরী ডুবুরির পোশাক পরে রয়েছে। এবং তার মুখে অক্সিজেনের পাইপ লাগানো রয়েছে। জলের নিচে একের পর এক ম্যাজিক দেখিয়ে যাচ্ছে সে। জলের নীচে এই জাদু প্রদর্শন তাকে এনে দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের (Underwater Magic) খ্যাতি। প্রসঙ্গত, অ্যাভেরি প্রথম কোনও ম্যাজিশিয়ান যে এত বেশিক্ষণ ধরে জলের নিচে ম্যাজিক দেখাল। অ্যাভেরির আগে এই রেকর্ড ছিল ব্রিটেনের ম্যাজিশিয়ান মার্টিন রিসের। ২০২০ সালের জলের নিচে টানা কুড়িটি ম্যাজিক দেখিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতে পেরেছিলেন তিনি। এবার মার্টিনের সেই রেকর্ড ভেঙে দিল ১৩ বছরের কিশোরী অ্যাভেরি।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Guinness World Records (@guinnessworldrecords)

    খ্যাতনামা ম্যাজিশিয়ানরা

    ম্যাজিক নিয়ে এমনিতেই জনগণের মধ্যে আগ্রহ তুঙ্গে থাকে। ম্যাজিশিয়ান হিসেবে ডেভিড কপারফিল্ড একটি জনপ্রিয় নাম। স্ট্যাচু অফ লিবার্টিকেই তিনি গায়েব করে দিয়েছিলেন বলে জানা যায় (Underwater Magic)। আবার বাঙালি হিসেবে পি সি সরকারের নাম শোনেননি এমন কাউকে পাওয়াই যায় না। ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ভ্যানিশ করেছিলেন তিনি জাদুবলে। তবে টানা তিন মিনিট জলের তলায় থেকে ম্যাজিক দেখানো বেশ তাৎপর্যপূর্ণ হয়ে রইল জাদুর জগতে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Skin Problems: শীতের শুরুতে বাড়ছে ত্বকের শুষ্কতা! কোন কোন খাবারে কমবে সমস্যা? 

    Skin Problems: শীতের শুরুতে বাড়ছে ত্বকের শুষ্কতা! কোন কোন খাবারে কমবে সমস্যা? 

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। শীত জাঁকিয়ে পড়ার কথা হাওয়া অফিস জানায়নি। কিন্তু শীতের আঁচ এসেছে। আর তার সঙ্গে এসেছে শুষ্কতা। ত্বকের শুষ্কতার সমস্যায় অনেকেই কাবু হয়ে যান। পুষ্টিবিদরা জানাচ্ছেন, শীত পড়ার আগেই খাবারে বিশেষ নজরদারি রাখলে শীতকালে আর ত্বকের শুষ্কতার (Skin Problems) সমস্যায় ভুগতে হবে না।

    কোন ধরনের খাবারের পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা? 

    পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, শীতের শুরুতে ত্বক সুস্থ রাখতে নিয়মিত টমেটো খাওয়া দরকার। তাঁরা জানাচ্ছেন, টমেটোতে থাকে ভিটামিন ই, যা ত্বকের জন্য খুবই উপকারী। ত্বকের শুষ্কতা কমাতে, সান বার্ন থেকে ত্বক বাঁচাতে টমেটো খুব উপকারী সব্জি। তাই স্যালাড হিসাবে হোক কিংবা রান্নায় ব্যবহার করে, যে কোনও ভাবে নিয়মিত টমেটো খেলে বিশেষ উপকার পাওয়া যাবে। 
    নিয়মিত বাদাম জাতীয় ড্রাই ফ্রুটস খেলেও ত্বকের শুষ্কতা কমবে বলে জানাচ্ছেন পুষ্টিবিদদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, পেস্তা, আখরোট, কাজু, যে কোনও ধরনের বাদামে থাকে ভিটামিন ই। যা ত্বককে যে কোনও রকম ক্ষতির হাত থেকে বাঁচায়। তাই বাদাম নিয়মিত খেলে শীতের শুষ্ক ত্বক (Skin Problems) রুখতে সুবিধা হবে। 
    প্রত্যেক দিন লেবু খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, কমলালেবু হোক কিংবা মাল্টা, শীতে একাধিক রকমের লেবু বাজারে দেদার পাওয়া যায়। আর এই সময়ে ত্বক ভালো রাখতে লেবু খাওয়া জরুরি। কারণ, লেবুতে থাকে ভিটামিন সি। আর এই ভিটামিন সি ত্বক মসৃণ রাখতে বিশেষ সাহায্য করে। নিয়মিত লেবু খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল।

    ডিম-মাছ খাওয়ার পরামর্শ

    নিয়মিত ডিম খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, ডিমের কুসুমে রয়েছে একাধিক ভিটামিন। ডিমের সাদা অংশে রয়েছে ক্যালসিয়াম। এই দুই উপাদান শরীরে এনার্জি জোগায়। যা ত্বক ভালো রাখতে সাহায্য করে। তাই শীতে নিয়মিত ডিম খেলে ত্বকের একাধিক সমস্যা (Skin Problems) কমবে বলেও মনে করছেন বিশেষজ্ঞ মহল। 
    যাদের ত্বকের শুষ্কতার সমস্যা বেশি, সপ্তাহে অন্তত তিন দিন তাদের চর্বিযুক্ত মাছ খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, খাদ্যতালিকা থেকে অনেকেই চর্বিযুক্ত মাছ সম্পূর্ণ বাদ দেন। কিন্তু চর্বিযুক্ত মাছ অস্বাস্থ্যকর, এ ধারণা ভুল। তাঁরা জানাচ্ছেন, মাছের চর্বিতে থাকে ওমেগা থ্রি। যা শরীরে জন্য বিশেষ উপকারী। চর্বিযুক্ত মাছ খেলে ত্বকের শুষ্কতা কমে। তাই যাদের ত্বকের শুষ্কতার সমস্যা বেশি, তাদের সপ্তাহে কমপক্ষে তিনদিন চর্বিযুক্ত মাছ খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ মহল।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share