Tag: Madhyom

Madhyom

  • BJP Rally: হাওড়া-শিয়ালদায় খাওয়া-দাওয়া সেরে ‘শাহি’ সমাবেশের পথে জনতা, রাজপথে ‘গৈরিক সুনামি’

    BJP Rally: হাওড়া-শিয়ালদায় খাওয়া-দাওয়া সেরে ‘শাহি’ সমাবেশের পথে জনতা, রাজপথে ‘গৈরিক সুনামি’

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার গেরুয়া সুনামি দেখবে কলকাতা। মঙ্গলবার কথাগুলি বলেছিলেন বিজেপি নেতারা। বুধবার আক্ষরিক অর্থেই গেরুয়া সুনামি (BJP Rally) দেখতে চলেছেন রাজ্যবাসী। বিস্তর কাঠখড় পোড়ানোর পরে আদালতের নির্দেশে ধর্মতলার ওয়াই চ্যানেলে হচ্ছে বিজেপির সভা। লোকসভা নির্বাচনের আগে এই ‘ওয়ার্মআপ’ জনসভায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    ‘কলকাতা চলো’

    ইতিমধ্যেই সভাস্থলের দিকে আসতে শুরু করেছেন বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা। এদিন সকাল থেকেই শিয়ালদা স্টেশনে ঠায় বসে রয়েছেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ। হাওড়া ও শিয়ালদা দুই এলাকাতেই সভায় আগত লোকজনের জন্য ব্যবস্থা হয়েছে খাওয়া-দাওয়ার। বিজেপি কর্মীদের দুপুরের মেনুতে থাকছে, ভাত , সবজি দিয়ে ডাল এবং চাটনি। খাওয়া-দাওয়া সেরেই কর্মী-সমর্থকরা রওনা দেবেন ধর্মতলার দিকে। যাঁরা ভায়া হাওড়া স্টেশন হয়ে সভাস্থলের দিকে আসবেন, তাঁরা খাওয়া-দাওয়া করবেন হাওড়া স্টেশন লাগোয়া রেল মিউজিয়াম সংলগ্ন মাঠে। সেখানেই পাতা হয়েছে চেয়ার-টেবিল। খাওয়া-দাওয়ার ব্যবস্থা রয়েছে শিয়ালদা স্টেশনেও। অন্যদিকে, হাইকোর্ট থেকে সভাস্থলের দিকে রওনা দেবেন বিজেপি লিগ্যাল সেলের সদস্যরা।

    ধর্মতলামুখী ‘বঞ্চিত’ জনতা

    বিজেপি (BJP Rally) নেতাদের দাবি, যেহেতু কলকাতা হাইকোর্টে মুখ পুড়েছে শাসক দলের, তাই সভাস্থলের দিকে আসা লোকজনকে বাধা দেবে না তৃণমূল। দলের বিধায়ক শঙ্কর বলেন, “আদালতে থাপ্পড় খেয়েছে সরকার। তাই বিজেপি কর্মীদের সভায় আসতে বাধা দিতে গেলে অন্তত দু’বার ভাববে তৃণমূল কংগ্রেস।” ধর্মতলার এই ‘শাহি’ সমাবেশে বঞ্চিতদের হাজির করতে চেষ্টার কসুর করেননি বিজেপি নেতারা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন সভা করেছেন দক্ষিণবঙ্গে, তেমনি কলকাতায় কর্মসূচি পালন করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার ফলও মিলতে শুরু করেছে।

    আরও পড়ুুন: আজ বিজেপির সভায় প্রথম বক্তা তফশিলি মুখ চন্দনা বাউড়ি, শেষে ভাষণ দেবেন অমিত শাহ

    কোন পথে আসছে মিছিল?

    ইতিমধ্যেই দক্ষিণবঙ্গ থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন হাজার হাজার মানুষ। মঙ্গলবার রাতেই অনেকে চলে এসেছেন সভাস্থলে। বিজেপি সূত্রে খবর, যাঁরা ভায়া হাওড়া স্টেশন হয়ে যাবেন, তাঁরা হাওড়া ব্রিজ ধরে পোদ্দার কোর্টের পাশ দিয়ে টি বোর্ড, বেঙ্কিক স্ট্রিট, গণেশচন্দ্র অ্যাভিনিউ দিয়ে পৌঁছবেন সভাস্থলে। আর যাঁরা শিয়ালদহ স্টেশনে নামবেন, তাঁরা মৌলালি, হিন্দ সিনেমার সামনে দিয়ে ধরবেন এসএন ব্যানার্জি রোড। সেখান থেকে পৌঁছবেন সভাস্থলে।

    শাহি-মঞ্চের পাশে রাখা ‘ড্রপবক্স’

    এদিকে, শাহি সমাবেশে অমিত শাহের মঞ্চের পাশে রাখা হয়েছে ‘ড্রপবক্স’। কেন্দ্রীয় নানা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিতরা তাঁদের অভিযোগপত্র জমা দেবেন এই অভিযোগ বাক্সে। প্রসঙ্গত, সমাজের প্রায় সর্বস্তরের মানুষের জন্য নানাবিধ প্রকল্পের ব্যবস্থা করেছে নরেন্দ্র মোদির সরকার। অভিযোগ, সেই সব প্রকল্পের কণামাত্র সুবিধাও পাননি পশ্চিমবঙ্গের তৃণমূল-বিরোধী রাজনৈতিক দলগুলির কর্মী-সমর্থকরা। তাঁরাও যাতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পান, তাই বঞ্চিতদের নিয়ে সভার আয়োজন করেছে বিজেপি। যে সভার মধ্যমণি খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (BJP Rally)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।  

     

  • India Vs Australia: ফের ম্যাক্স-ম্যাজিক! বড় স্কোর করেও অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের

    India Vs Australia: ফের ম্যাক্স-ম্যাজিক! বড় স্কোর করেও অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিরে এল ওয়াংখেড়ের স্মৃতি। ফের ম্যাক্স -ম্যাজিক দেখলেন ক্রিকেট প্রেমীরা। জয়ের জন্য অস্ট্রেলিয়ার (India Vs Australia) দরকার ছিল ৫০ বলে ১৪০ রান। সেখান থেকেই ৪৮ বলে অপরাজিত ১০৪ রান করে ভারতের জয়ের গ্রাস কেড়ে নিয়ে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল। জলে গেল ঋতুরাজের অপরাজিত ১২৩ রানের ইনিংস। অধরা রইল দু-ম্যাচ বাকি থাকতেই ভারতের সিরিজ জয়ের স্বপ্ন।  অজিদের জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে এখন ভারত এগিয়ে ২-১। 

    দুরন্ত শতরান ঋতুরাজের

    এদিন, টস হেরে প্রথমে ব্যাট করে ভারত। ম্যাচের শুরুতেই ২৪ রানে ২ উইকেট হারিয়ে বসে ভারত। আউট হন যশস্বী জয়সওয়াল ও ঈশান কিষাণ। এরপর দলকে টেনে তোলেন অধিনায়ক সূর্য ও ঋতুরাজ। দুর্দান্ত খেলে দলের স্কোরকার্ড দ্রুত পরিবর্তন করতে থাকেন এই দুই ব্যাটার। তবে সেটি বেশিদূর এগোয়নি। দলীয় ৮১ রানের মাথায় ২৯ বলে ৩৯ করা সূর্যকে ফেরান অ্যারন হার্ডি। সূর্য ফিরলেও দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যান ঋতুরাজ। শেষ পর্যন্ত ১৩টি চার ও ৭টি ছক্কায় ১২৩ রানের দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেন তিনি। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পেলেন ঋতু।

    ম্যাক্স-ম্যানিয়া

    ঋতুরাজ দুরন্ত শতরান করলেও চাপের মুখে ম্যাক্সওয়েলের ইনিংসের কাছে কিছুই না। ভারতের দেওয়া ২২৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাক্সওয়েল অনবদ্য ইনিংস উপহার দেন। শেষ তিন ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৪৯ রান। শেষ তিন ওভারে একাধিক ভুলের খেসারত দিল ভারত। শেষ বলে রুদ্ধশ্বাস জয়ে সিরিজ জিইয়ে রাখল অস্ট্রেলিয়া। ম্যাথু ওয়েডকে সঙ্গে নিয়ে  ৪৮ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলেন ম্যাক্সি। ২০ ওভারে ২২৫/৫ করে ম্যাচ জিতে যায় ব্যাগি গ্রিনরা। শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২১ রান। পঞ্চম বলে সেঞ্চুরি পূর্ণ করেন ম্যাক্সি। শেষ বলে ২ রান প্রয়োজন ছিল। বাউন্ডারিতে ম্যাচ ফিনিশ করেন ম্যাক্সি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Uttarkashi Tunnel Collapse: জীবনের ঝুঁকি, মনের জোরে সাফল্য! উত্তরকাশীতে ‘হিরো’ র‍্যাট হোল মাইনার্স

    Uttarkashi Tunnel Collapse: জীবনের ঝুঁকি, মনের জোরে সাফল্য! উত্তরকাশীতে ‘হিরো’ র‍্যাট হোল মাইনার্স

    মাধ্যম নিউজ ডেস্ক: নাওয়া-খাওয়া ভুলে পাথর কেটেছেন। প্রতি মুহূর্তে ছিল ঝলসে যাওয়ার ভয়। তবু পাথর কেটে চলেছেন ১২ জন র‍্যাট হোল মাইনার্স। বিদেশি যন্ত্র যেখানে হার মেনে গিয়েছিল, সেখানে এই ১২ জনের মনের জোরেই উদ্ধার করে আনা গেল উত্তরকাশীর (Uttarkashi Tunnel Collapse) সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিককে। উদ্ধারকাজ সফল হওয়ার পরে ওই ১২জন শ্রমিকের মুখে ছিল তৃপ্তির হাসি। এদিন তাঁরা রিয়েল-হিরো। 

    কী এই র‍্যাট হোল মাইনিং

    র‍্যাট হোল মাইনিং বা ইঁদুরের গর্ত খনন একটি বিতর্কিত এবং বিপজ্জনক প্রক্রিয়া। খুব ছোট গর্ত (৪ ফুটের বেশি চওড়া নয়) খনন করে কয়লা তোলার একটি অভিনব পদ্ধতি। খনি শ্রমিকরা কয়লা সীমায় পৌঁছে গেলে, কয়লা উত্তোলনের জন্য পাশে টানেল তৈরি করা হয়। উত্তোলিত কয়লা কাছাকাছি ডাম্প করা হয় এবং পরে উত্থিত করা হয়। এই পদ্ধতিকেই বলে র‍্যাট হোল মাইনিং। এই পদ্ধতি ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে। খুব সরু গর্ত করে নীচের দিকে এগিয়ে যাওয়া হয়। অনেক সময় গর্ত এতটাই সরু হয় যে একজন মাত্র সেই গর্তে নামতে পারেন। 

    নিষিদ্ধ পদ্ধতিতেই সাফল্য

    মার্কিন অগার মেশিন ভেঙে পড়ার পর উত্তরকাশীর টানেলে আটক ৪১ শ্রমিকদের উদ্ধারে র‍্যাট হোল মাইনার্সদের উপরেই ভরসা করতে হয়। দিল্লি ও ঝাঁসি থেকে উড়িয়ে আনা হয় র‌্যাট হোল মাইনার-দের। তারাই কয়েক ঘণ্টার চেষ্টায় সরু পাইপের মধ্যে বসে সরিয়ে ফেলেন ১৫ মিটার ধস। প্রায় ৪০০ ঘণ্টার পর এক ঝটকায় টানেলে আটক শ্রমিকদের সামনে খুলে যায় সব বাধা। মোট ১২ জন বিশেষজ্ঞ র‍্যাট হোল মাইনার দলে দলে ভাগ হয়ে এই কাজ শুরু করেন৷ উদ্ধার অভিযান শেষে সেই র‍্যাট হোল মাইনার্স নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন৷ তাঁরা জানিয়েছেন, শ্রমিকদের উদ্ধার করার অদম্য জেদই তাঁদের শক্তি জুগিয়েছে৷ সেই কারণে গতকাল তিনটে থেকে পাথর ভাঙার কাজ শুরু করে চব্বিশ ঘণ্টার মধ্যেই কার্যত অসম্ভবকে সম্ভব করে তুলেছেন৷  

    আরও পড়ুন: যবনিকা পতন ১৭ দিনের লড়াইয়ে, উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে উদ্ধার ৪১ শ্রমিকই

    র‍্যাট হোল মাইনার্স-দের প্রশংসা

    ১২ জনের র‌্যাট হোল মাইনার টিমের নেতৃত্বে ছিলেন ওয়াকিল হাসান। তাঁর কথায়, ” মনে হল দেশের জন্য কিছু করতে পারলাম। খুব কঠিন কাজ। সরু জায়গায় কাজ করতে হয়েছিল। ৪১ জনের প্রাণ বাঁচাব ভেবেই মনে জেদ চেপে গিয়েছিল। আমার সঙ্গীরা খুব পরিশ্রম করেছে। জীবনে এমন চ্যালেঞ্জিং কাজ আগে কখনও করিনি। টিমের কর্মীরা টানা ২৪ ঘণ্টা বিরামহীন কাজ করেছে।”

    অপর এক র‌্যাট হোল মাইনার-এর কথায়, “আমরা ঠিক করে নিয়েছিলাম, যেভাবেই হোক আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করতেই হবে৷ তাই তো না খেয়েই আজ সকাল থেকে পাথর ভেঙে গিয়েছি৷ পাথর কাটতে কাটতে কখনও কখনও সেই ধ্বংসস্তূপের মধ্যে স্টিলের টুকরোও চলে এসেছে৷ আমরা সেসবও কেটে ফেলেছি৷ এখন এত আনন্দ হচ্ছে, ভাষায় প্রকাশ করতে পারছি না৷” উদ্ধার অভিযান শেষে সাংবাদিক বৈঠক করতে গিয়ে এই র‍্যাট হোল মাইনার্স-দের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি৷ ১২ জন উদ্ধারকারীর সঙ্গে কথাও বলেন তিনি৷ 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Uttarkashi Tunnel Rescue: যবনিকা পতন ১৭ দিনের লড়াইয়ে, উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে উদ্ধার ৪১ শ্রমিকই  

    Uttarkashi Tunnel Rescue: যবনিকা পতন ১৭ দিনের লড়াইয়ে, উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে উদ্ধার ৪১ শ্রমিকই  

    মাধ্যম নিউজ ডেস্ক: চূড়ান্ত পর্বের অভিযান শুরু হয়েছিল রাত ৭টা ৪৯ মিনিটে। রাত ৮টা বেজে ৩৮ মিনিটের মধ্যে উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হল ৪১ জন শ্রমিককেই। সেই সঙ্গে যবনিকা পতন হল টানা ১৭ দিনের লড়াইয়ের। এদিন সুড়ঙ্গ থেকে প্রথমে বেরিয়ে আসেন ঝাড়খণ্ডের বিজয় হোরো। তার পর একে একে বের করে আনা হয় আরও চল্লিশজন শ্রমিককে। আটক শ্রমিকদের উদ্ধার করার সময় উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।

    কেমন ছিল শেষ মুহূর্তের প্রস্তুতি?

    মঙ্গলবার সন্ধের সময়ই সুড়ঙ্গে আটকে (Uttarkashi Tunnel Rescue) পড়া শ্রমিকদের কাছে পৌঁছে যান উদ্ধারকারী দলের সদস্যরা। যে পাইপের মাধ্যমে ওই শ্রমিকদের বের করে আনা হবে, সেটি প্রস্তুত রাখা হয়েছিল আগে থেকেই। শেষ মুহূর্তের কাজ শেষে একে একে উদ্ধার করা হয় শ্রমিকদের। সুড়ঙ্গের বাইরে প্রস্তত রাখা হয়েছিল চিকিৎসকদের একটি দলকে। উদ্ধার করা শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন তাঁরাই। পরে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে।

    চাকা লাগানো স্ট্রেচারে আনা হল বাইরে

    জানা গিয়েছে, যে পাইপের মধ্যে দিয়ে আটক শ্রমিকদের উদ্ধার করা হয়েছে, সেটি আড়াই ফুট চওড়া। চাকা লাগানো স্ট্রেচারের মাধ্যমে এই পাইপ দিয়েই বাইরে নিয়ে আসা হয়েছে তাঁদের। এই পাইপের মধ্যে দিয়ে প্রথমে শ্রমিকদের কাছে পৌঁছন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। তাঁরাই শ্রমিকদের বুঝিয়ে দেন কীভাবে স্ট্রেচারের সাহায্যে সাবধানে বেরিয়ে আসতে হবে তাঁদের। টানা সতের দিন ধরে সুড়ঙ্গে আটকে থাকায় ক্ষীণকায় হয়েছেন শ্রমিকরা। তাই চাকা লাগানো স্ট্রেচারে করে তাঁদের বের করে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

    আরও পড়ুুন: খননকাজ শেষ করে শ্রমিকদের মঙ্গল কামনায় পুজোয় বসলেন আর্নল্ড ডিক্স

    সুড়ঙ্গে আটকে ছিলেন বাংলার তিনজন সহ মোট ৪১ জন শ্রমিক। তাই সুড়ঙ্গের বাইরে প্রস্তুত রাখা হয়েছিল ৪১টি অ্যাম্বুলেন্স। গড়া হয়েছিল অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রও। এখানে প্রাথমিক চিকিৎসার পর উদ্ধার করা শ্রমিকদের নিয়ে যাওয়া হবে তিরিশ কিলোমিটার দূরের জেলা হাসপাতালে। শ্রমিকদের যাতে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া যায়, তাই (Uttarkashi Tunnel Rescue) তৈরি করা হয়েছে গ্রিন করিডর। এই হাসপাতালের পাশেই প্রস্তুত রাখা হয়েছে বায়ুসেনার হেলিকপ্টার চিনুক। কোনও শ্রমিকের স্বাস্থ্যের অবনতি হলে দ্রুত উড়িয়ে নিয়ে যাওয়া হবে হৃষিকেশের এইমস হাসপাতালে। প্রশাসন জানিয়েছে, শ্রমিকদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৪১টি বেড। ট্রমা কেয়ার ইউনিট, আইসিইউ এবং অক্সিজেনের ব্যবস্থাও রাখা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আটা হাসনাইন বলেছিলেন, “আমার মনে হয়, এই অপারেশন শেষ করতে পুরো রাত লেগে যাবে।” তবে তার আগেই আটক শ্রমিকদের উদ্ধার করায় খনি বিশেষজ্ঞদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gautam Gambhir: ভারতের হারে উচ্ছ্বাস! পাকিস্তান সমর্থকদের তুলোধনা গম্ভীরের

    Gautam Gambhir: ভারতের হারে উচ্ছ্বাস! পাকিস্তান সমর্থকদের তুলোধনা গম্ভীরের

    মাধ্যম নিউজ ডেস্ক: সদ্য সমাপ্ত একদিনের বিশ্বকাপ (ICC World Cup 2023) ক্রিকেটের আসরে পুরো টুর্নামেন্ট অপরাজেয় থেকেও ফাইনালে হেরে গিয়েছে ভারত। রোহিতদের এই পরাজয়ে উচ্ছ্বসিত বহু পাকিস্তানি সমর্থক। সোশ্যাল সাইটে তারা ভারতের এই পরাজয় উদযাপন করেছেন। এই মনোভাবের সমালোচনা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। একই সঙ্গে তিনি ভারতের কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার ভূয়সী প্রশংসা করেছেন। তবে রোহিতের একটি মন্তব্য মেনে নিতে পারেননি গম্ভীর। 

    খেলোয়াড়োচিত মানসিকতা কাম্য

    ভারতের পরাজয়ে পাকিস্তানের সমর্থকরা সোশ্যাল সাইটে যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তার সমালোচনা করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি বলেন,”নিজের দলকে সমর্থন করা ভাল। তাদের জয়-পরাজয়ের গঠনমূলক আলোচনা করুক সমর্থকেরা। কিন্তু নিজের দল সাফল্য না পেলে অন্য দলের পরাজয় কামনা করা ঠিক নয়। এই ধরনের আচরণ বৈরিতা বাড়ায়।” অনুরাগীদের এই আচরণের সমালোচনা করেছেন প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রামও। তাঁর কথায়, “এটা আসলে একটা খেলা। এখানে হার-জিত রয়েছে। হতাশা এলেও সমর্থকেরা যেন বিদ্বেষী না হন।”

    আরও পড়ুন: পাকিস্তান থেকে সরছে চ্যাম্পিয়ন্স ট্রফি! জানেন আয়োজনের নয়া দাবিদার কারা?

    রোহিত-দ্রাবিড় প্রসঙ্গ

    বিশ্বকাপ (ICC World Cup 2023) ফাইনালের আগে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে ছিলেন যে এবারের বিশ্বকাপটা তিনি রাহুল দ্রাবিড়ের জন্য জিততে চান। রোহিতের সেই বক্তব্য মেনে নিতে পারছেন না গম্ভীর (Gautam Gambhir)। তিনি বলেন, “দেশের জন্য বিশ্বকাপ জয়ের কথা ভাবা উচিত। বিশেষ কোনও ব্যক্তির জন্য নয়। রাহুল দ্রাবিড় বিশ্বকাপ জেতার বিষয়ে অবশ্যই যোগ্যতম ব্যক্তি। কিন্তু তাই বলে বিশেষ একজনের জন্য বিশ্বকাপ জিততে হবে এটা ভেবে নেওয়া এবং দলের অধিনায়ককে সাংবাদিকদের সামনে সেই কথা বলার কোনও মানে হয় না।” বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে ইতিমধ্যেই দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তবে গম্ভীরের কথায়, রাহুল দ্রাবিড় যদি নিজে চান, তাহলে তাঁর চুক্তির মেয়াদ অবশ্যই বাড়ানো যেতে পারে। গম্ভীর বলেন, “গোটা একদিনের ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়া যে পারফরম্যান্স করেছে, সেটা অবশ্যই প্রশংসনীয়। যদি আমরা একটা ম্যাচ দিয়েই কোন কোচকে বিচার করতে যাই, তাহলে সেটা অবশ্যই ভুল হবে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Uttarkashi Tunnel Rescue: উত্তরকাশীর সুড়ঙ্গে আশার আলো, আটক শ্রমিকদের উদ্ধারে প্রস্তুত ‘চিনুক’, সুখবর শীঘ্রই!

    Uttarkashi Tunnel Rescue: উত্তরকাশীর সুড়ঙ্গে আশার আলো, আটক শ্রমিকদের উদ্ধারে প্রস্তুত ‘চিনুক’, সুখবর শীঘ্রই!

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডের উত্তরকাশীর সিল্কিয়াড়া সুড়ঙ্গে (Uttarkashi Tunnel Rescue) ফের ধস। সেই কারণেই দেরি হচ্ছে উদ্ধার কাজে। তবে ছোট্ট এই ধসের কারণে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন উদ্ধারকারীরা। সূত্রের খবর, সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের পরিবারবর্গকে ‘সুখবর’ দেওয়ার জন্য তৈরি থাকতে বলা হয়েছে প্রশাসনকে।

    প্রস্তুত বায়ুসেনার হেলিকপ্টার

    সুড়ঙ্গে আটক শ্রমিকদের উদ্ধার করার পর নিয়ে যাওয়া হবে হাসপাতালে। পরে নিয়ে যাওয়া হবে অন্যত্র। তাই সুড়ঙ্গের কাছেই প্রস্তুত রাখা হয়েছে বায়ুসেনার একটি চিনুক হেলিকপ্টার। এনডিএমএ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন বলেন, “চিনুক হেলিকপ্টারটি, চিন্যালিসাউর এয়ারস্ট্রিপে রয়েছে। এর ওড়ার সময় ছিল বিকেল সাড়ে চারটে। আমরা এটি রাতে ওড়াব না। যেহেতু সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে দেরি আছে, তাই আগামিকাল সকালে শ্রমিকদের নিয়ে যাওয়া হবে।”

    সাফল্যের খুব কাছাকাছি!

    তিনি বলেন, “আমরা বড় সাফল্যের খুব কাছাকাছি থাকলেও, এখনও সেখানে পৌঁছতে পারিনি (Uttarkashi Tunnel Rescue)। আটকে পড়া শ্রমিকরা মেশিনের শব্দ শুনেছেন। একবার ব্রেকথ্রু পাওয়া গেলে আটকে পড়া শ্রমিকদের বের করতে তিন-চার ঘণ্টা সময় লাগবে। পাইপের মধ্যে দিয়ে চাকাযুক্ত স্ট্রেচারে প্রত্যেক শ্রমিককে বের করতে প্রায় পাঁচ মিনিট সময় লাগবে।” তিনি বলেন, “ইঁদুরের গর্ত খোঁড়ার খনি শ্রমিকরা চব্বিশ ঘণ্টারও কম সময়ে ১০ মিটার খনন করে আসাধারণ কাজ করেছেন।”

    প্রসঙ্গত, দিন কুড়ি ধরে সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে একাধিক পন্থা অবলম্বন করা হয়েছিল। আমেরিকায় তৈরি অগার মেশিনও নামানো হয়েছিল আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে। সেই মেশিনটি ভেঙে যাওয়ায় প্রয়োগ করা হয় ‘ইঁদুর-গর্ত’ পদ্ধতি। ১২ জন খনি বিশেষজ্ঞ এই পদ্ধতি প্রয়োগ করে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের।

    আরও পড়ুুন: ‘‘গেরুয়া সুনামি দেখবে শহরবাসী’’, বুধবারের শাহি-সভা নিয়ে প্রত্যয়ী সুকান্ত

    এদিকে, সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে আশার আলো দেখা দিতেই দুর্ঘটনাস্থল ছাড়লেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। উত্তরকাশীর ওই সুড়ঙ্গে আটকে রয়েছেন বাংলার তিনজন শ্রমিকও। উদ্ধারকাজ শেষ পর্বে পৌঁছে যেতেই তাঁদের ঘরে ফেরাতে পশ্চিমবঙ্গ সরকারের তিন প্রতিনিধির একটি দল রওনা দিয়েছে উত্তরাখণ্ডের উদ্দেশে। প্রসঙ্গত, খনি শ্রমিকদের কল্যাণ ও নিরাপদে দ্রুত উদ্ধারের (Uttarkashi Tunnel Rescue) আশায় এদিনই পুজো দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Champions Trophy 2025: পাকিস্তান থেকে সরছে চ্যাম্পিয়ন্স ট্রফি! জানেন আয়োজনের নয়া দাবিদার কারা?

    Champions Trophy 2025: পাকিস্তান থেকে সরছে চ্যাম্পিয়ন্স ট্রফি! জানেন আয়োজনের নয়া দাবিদার কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: সীমান্তে উত্তেজনা। প্রতিদিনই পায়ে পা তুলে বিরোধের চেষ্টায় পাকিস্তান। সেই দেশে কোনওভাবেই খেলতে যাবে না ভারতীয় ক্রিকেট দল, এমনটাই দাবি বিসিসিআই-এর। ফলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ২০২৫-এ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা ছিল পাকিস্তানের। কিন্তু তা নিয়ে জটিলতা দেখা গেলে আসন্ন টুর্নামেন্ট আয়োজনের দাবি জানাল  আইসল্যান্ড ক্রিকেট। ব্যাঙ্গাত্মক ভাবেই সমাজমাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে প্রতিযোগিতা আয়োজনের দাবি জানিয়েছে আইসল্যান্ডের ক্রিকেট সংস্থা।

    আইসল্যান্ড-এর আজব দাবি

    ক্রিকেট বিশ্বে বড় নাম নয় আইসল্যান্ড। তবে সমাজমাধ্যমে আইসল্যান্ড ক্রিকেটের কিছু পোস্ট ক্রিকেট বিশ্বের নজর কেড়ে নেয় মাঝেমধ্যেই। এ বার তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দাবি ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। গত এশিয়া কাপের মতো ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও সরে যেতে পারে পাকিস্তান থেকে। প্রতিযোগিতা হতে পারে দুবাইয়ে। এই খবর ছড়িয়ে পড়তেই আইসিসির কাছে প্রতিযোগিতা আয়োজনের দাবি জানিয়ে ফেলেছে ইউরোপের দেশটি। আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলের প্রতি তাদের আবেদন, ‘‘আমরা পিছিয়ে থাকা মানুষ নই। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দাবি জানাচ্ছি আমরা। আইসিসি চেয়ারম্যানের উত্তরের জন্য আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করব।’’ ক্রিকেটপ্রেমীদের মধ্যে ভাইরাল হয়েছে আইসল্যান্ড ক্রিকেটের এই পোস্ট। উল্লেখ্য, বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারা দেশ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করতে চাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই।

    ছাড়তে নারাজ পাকিস্তান

    ২০১৭ সালে শেষ বার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান (Pakistan)। আট বছর পরে ফের তা হওয়ার কথা। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি পাক মুলুকে হওয়ার ক্ষেত্রে বাদ সেধেছে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক। পাকিস্তানের মাটিতে গিয়ে ভারত খেলতে না চাওয়ায় হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ। এক্ষেত্রেও ভারত যদি শেষপর্যন্ত পাকিস্তানে গিয়ে না খেলে, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যেতে পারে দুবাইয়ে। নয়তো এশিয়া কাপের মতো হাইব্রিড মডেল অনুসরণ করা হতে পারে। তবে,পুরো টুর্নামেন্টই নিজেদের মাটিতে রাখতে আইসিসির নির্বাহী বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ ও প্রধান পরিচালনা কর্মকর্তা সালমান নাসের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP Slams Nitish: পুজোর ছুটিতে কাঁচি, ইদে তিনদিন স্কুলে ছুটি! বিহারকে ‘ইসলামিক রিপাবলিক’ কটাক্ষ বিজেপির

    BJP Slams Nitish: পুজোর ছুটিতে কাঁচি, ইদে তিনদিন স্কুলে ছুটি! বিহারকে ‘ইসলামিক রিপাবলিক’ কটাক্ষ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দুদের একাধিক গুরুত্বপূর্ণ পুজোতে স্কুলের ছুটির দিনে কাটছাঁট করে দিল বিহারের স্কুল শিক্ষা দফতর। উল্টোদিকে, দুই ইদে তিনদিন করে ছুটির (School Holidays) কথা বলা হয়েছে। অর্থাৎ মুসলিমদের দুই পরবে মোট ছয়দিন স্কুল বন্ধ থাকবে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি (BJP Slams Nitish) নেতৃত্ব। রাজ্যের বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, লালু প্রসাদ ও নীতীশ কুমার মিলে রাজ্যটিকে ‘ইসলামিক রিপাবলিক অফ বিহার’ বানিয়ে ফেলছেন। আর এক কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে নীতীশকে ‘তোষণ সম্রাট’ বলে কটাক্ষ করেন।

    ভোটের জন্য তোষামোদ

    বিহার সরকারের শিক্ষা দফতরের বক্তব্য, শিক্ষার অধিকার আইন অনুযায়ী ২২০ দিন স্কুল খোলা রাখতেই ছুটির তালিকায় অদলবদল করতে হয়েছে। গত ২৯ আগস্ট বিহার সরকারের আর একটি সিদ্ধান্ত ঘিরে বিতর্ক দেখা দিয়েছিল। তখন শিক্ষা দফতর বছরের বাকি দিনগুলিতে প্রাপ্য কুড়িটি ছুটি কমিয়ে আটটি করে দিয়েছিল। বিতর্কের মুখে সেই নির্দেশিকা বাতিল করা হয়েছিল। ২০২৪ সালের স্কুলের ছুটির ক্য়ালেন্ডার প্রকাশ্য়ে এসেছে। এরপরই সোশ্য়াল মিডিয়ায় নানা মন্তব্য ভেসে আসছে। এই নতুন ক্যালেন্ডারে দেখা যাচ্ছ সব মিলিয়ে ৬০দিন ছুটি রয়েছে। (BJP Slams Nitish) তার মধ্য়ে তিনদিন করে ঈদ আর বকরিদের জন্য। দুর্গাপুজো আর ছটের জন্য় যেমন ছুটি তেমন ওই পরবের জন্য়ও ছুটি। অন্যদিকে, দুটি হিন্দু পরব হরতালিকা তিজ এবং জিতিইয়ার ছুটি কমানো হয়েছে।

    রাজনৈতিক মহলের দাবি, নীতীশ কুমারের সরকার ভোটের জন্য একটা সম্প্রদায়কে তোষামোদ করছে। বিজেপি সাংসদ সুশীল মোদির দাবি, হিন্দুদের সেন্টিমেন্টকে আঘাত করা হয়েছে। মুসলিমদের উৎসবে ছুটির দিন এভাবে বাড়িয়ে দেওয়া আর হিন্দুদের উৎসবে কমিয়ে দেওয়া এর পেছনে কোনও যুক্তি নেই (BJP Slams Nitish)।

    আরও পড়ুন: লোকাল ট্রেনে এসি কোচ! ডিসেম্বরেই শিয়ালদা শাখায় চালু নতুন পরিষেবা

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Uttarkashi Tunnel: খননকাজ শেষ করে শ্রমিকদের মঙ্গল কামনায় পুজোয় বসলেন আর্নল্ড ডিক্স

    Uttarkashi Tunnel: খননকাজ শেষ করে শ্রমিকদের মঙ্গল কামনায় পুজোয় বসলেন আর্নল্ড ডিক্স

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কিছুক্ষণের মধ্যেই উত্তরকাশীর সুড়ঙ্গে আটক শ্রমিকরা বেরিয়ে আসবেন। প্রায় শেষের পথে সুড়ঙ্গের খনন কাজ। উদ্ধারকাজ (Uttarkashi Tunnel) যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য সুড়ঙ্গের বাইরে পুজোয় বসলেন মার্কিন সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স। গত ১২ নভেম্বর থেকে শ্রমিকরা আটকে থাকার পর সমান্তরালভাবে সুড়ঙ্গ খননের তিনিই রূপকার। শ্রমিকরা যাতে সুস্থভাবে বেরিয়ে আসেন, তাঁদের মঙ্গল কামনাতে সেই রূপকারকেই এদিন পুজো করতে দেখা গেল। ইতিমধ্যে এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ডিক্সের পুজো করার ভিডিও পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্যও। সেখানেই দেখা যাচ্ছে সুড়ঙ্গের বাইরে তৈরি করা হয়েছে একটি ছোট্ট অস্থায়ী মন্দির।

    উদ্ধারকাজে সমন্বয় সাধন করছেন ডিক্স

    পুরোহিতের সঙ্গে পুজোয় বসেছেন আর্নল্ড এবং শ্রমিকদের মঙ্গল কামনায় প্রার্থনা করছেন। পুরোহিত আর্নল্ড ডিক্সের (Uttarkashi Tunnel) কপালে তিলকও এঁকে দিচ্ছেন। তবে এটাই নতুন বা প্রথম কিছু নয়। উদ্ধার কাজ শুরুর দিনেও আর্নল্ড ডিক্স অস্থায়ী মন্দিরের বাইরে এভাবেই প্রার্থনা করেছিলেন। আবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকেও মন্দিরে প্রার্থনা করতে দেখা যায়। জানা গিয়েছে, আর্নল্ড ডিক্স আদতে অস্ট্রেলিয়ার বাসিন্দা। উত্তরাখণ্ডে উদ্ধারকাজের দায়িত্ব রয়েছে পাঁচটি সংস্থা। এগুলি হল, ওএনজিসি, এসজেভিএনএল, আরভিএনএল, এনএইচআইডসিএল এবং টিএইচডিসিএল। এই সংস্থাগুলির (Uttarkashi Tunnel) সঙ্গে কথা বলেই সুড়ঙ্গ খননের কাজে সমন্বয় সাধন করেন ডিক্স।

    পৃথিবীর যেকোনও প্রান্তে সুড়ঙ্গে বিপদ হলেই পৌঁছে যান ডিক্স

    পৃথিবীর যেকোনও প্রান্তে সুড়ঙ্গে (Uttarkashi Tunnel) কোনও বিপদ হলে ডিক্স তাঁর দলবল নিয়ে পৌঁছে যান। সুড়ঙ্গে ধস নামলে বা আগুন লাগলে কিভাবে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। সেটা প্রশিক্ষণ দেন তিনি। জানা গিয়েছে, পেশায় একজন আইনজীবী ডিক্স। এর পাশাপাশি তিনি অধ্যাপনার কাজের সঙ্গেও যুক্ত। টোকিও সিটি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে সুড়ঙ্গ সংক্রান্ত বিষয় পড়ান তিনি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shubman Gill: দায়িত্ব পেয়ে খুশি! গুজরাট টাইটান্সের নতুন অধিনায়ক হলেন শুভমান গিল

    Shubman Gill: দায়িত্ব পেয়ে খুশি! গুজরাট টাইটান্সের নতুন অধিনায়ক হলেন শুভমান গিল

    মাধ্যম নিউজ ডেস্ক: ডেভিড মিলার, কেন উইলিয়ামসন, রশিদ খানদের পিছনে ফেলে ভারতের তারকা ক্রিকেটার শুভমন গিলের হাতেই দলের ব্যাটন তুলে দিল গুজরাট টাইটান্স কর্তৃপক্ষ। তারুণ্যের উপরই ভরসা রাখল গুজরাট। সোমবার সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে জানিয়ে দেওয়া হল শুভমান গিলের নাম। আইপিএলের মত বড় মঞ্চে বড় দায়িত্ব পেয়ে খুশি শুভমানও।

    কী বলছেন গিল

    গিলের প্রশংসা করে গুজরাট কর্তা বিক্রম সোলাঙ্কি বলেন, “শুভমান প্রতিভাবান। দলের সকলের সঙ্গে ওর ভাল যোগ রয়েছে।” নতুন দায়িত্ব পাওয়ার পর শুভমান বলেন,”গুজরাটের মতো দলের অধিনায়ক হতে পেরে আমি গর্বিত। একটা চ্যাম্পিয়ন দলকে নেতৃত্ব দেওয়া সহজ নয়। সকলকে সঙ্গে নিয়ে ও আমি আমার সেরাটা দিয়ে দলকে সাফল্য় এনে দেওয়ার চেষ্টা করব।” দলের আবির্ভাবের প্রথম বছর, ২০২২ সাল থেকে গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন শুভমান গিল। ২০২২ সালে গুজরাতের চ্যাম্পিয়ন হওয়ার বছরে ১৬ ম্যাচে ৪৮৩ রান করেছিলেন শুভমান গিল। ঝুলিতে ছিল ৪টি অর্ধশতরান। এছাড়া ২০২৩ সালে রানার্স হয় গুজরাত। গত বছরও ১৭ ম্যাচে ৮৯০ রান করেছিলেন গিল। ৩টি শতরান ও ৪টি অর্ধশতরান এসেছিল গিলের ব্যাট থেকে।

    তবে শুভমানের উপর আস্থা রেখেও প্রখ্যাত ধারাভাষ্যকার হর্ষ ভোগলে নিজের এক্স হ্যান্ডেলে ‘আমি মনে করি শুভমানের জীবন খুব দ্রুতগতিতে এগোচ্ছে। ব্যাটার হিসেবে দারুণ একটা বছর কাটিয়েছে গিল। আগামী কয়েক মাসে ওকে বেশ বড় একটা পদক্ষেপ নিতে হবে। দক্ষিণ আফ্রিকাতে ভারতের হয়ে ওকে টেস্ট সিরিজ খেলতে হবে। রয়েছে টি-২০ বিশ্বকাপও। এইসব টুর্নামেন্টে কিন্তু ওকে নিজের জায়গার জন্য লড়াই করতে হবে। আমার মতে গুজরাট টাইটানসে একটা বছর গিল উইলিয়ামসনের অধিনায়কত্বে খেললে ভালো হতো। ২০২৫ আইপিএলে গিল গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব নিলে ভালো হতো।’ আইপিএলের মঞ্চে গুজরাটের নেতৃত্ব গিলের উপর চাপ ফেলতে পারে বলে অনুমান হর্ষের। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share