Tag: Madhyom

Madhyom

  • Mohun Bagan: ডার্বি নিয়ে চিন্তিত নই! ফুটবলারদের ফিট রাখাটাই আসল, দাবি মোহন-কোচের

    Mohun Bagan: ডার্বি নিয়ে চিন্তিত নই! ফুটবলারদের ফিট রাখাটাই আসল, দাবি মোহন-কোচের

    মাধ্যম নিউজ ডেস্ক: ডুরান্ড কাপে মোহনবাগানের জয়ের ধারা অব্যাহত। সোমবার কিশোরভারাতী স্টেডিয়ামে সবুজ মেরুন ব্রিগেড ২-০ গোলে হারালো পাঞ্জাব এফ সি কে। প্রথম গোলটি আত্মঘাতী। দ্বিতীয় গোলটি করেন হুগো বোমাস। এই জয়ের সুবাদে গ্রুপ শীর্ষে চলে গেল মোহনবাগান। যা শনিবার ডার্বির আগে ফেরান্দোর ফুটবলারদের মনোবল অনেকটাই বাড়িয়ে দেবে।

    আক্রমণাত্মক ফুটবল

    তবে স্কোরলাইন থেকে যদি মনে হয় ম্যাচটা একতরফা হয়েছে তাহলে ভুল হবে। শুরুতে দুই দল একে অপরকে মেপে নেওয়ার চেষ্টা করে। তার মধ্যে গড়ে ওঠে কিছু বিক্ষিপ্ত আক্রমণ। মনবীরের ক্রস থেকে প্রথম গোলটি হয়। ডান দিক থেকে আসা ক্রসটি ক্লিয়ার করতে গিয়ে পিছলে পড়ে যান পাঞ্জাব এফ সির মেলরয় আসিসি। বল তাঁর পায়ে লেগে গোলে ঢুকে যায় (১-০)। দ্বিতীয়ার্ধে  ব্যবধান বাড়ান হুগো বোমাস। বাঁ দিক থেকে বিপক্ষের বক্সে বল ভাসান লিস্টন কোলাসো। যা ধরে গোল করার চেষ্টা করেন বোমাস। কিন্তু পাঞ্জাবের এক ডিফেন্ডারের গায়ে লেগে প্রথম চেষ্টা ব্যর্থ হয়। ফিরতি বল গোলে ঠেলতে ভুল করেননি মোহনবাগনের তারকা স্ট্রাইকার।

    তবে বৃষ্টি ভেজা মাঠে পাসিং ফুটবল খেলতে বেশ সমস্যায় পড়েন দুই দলের ফুটবলাররা। মোহনবাগান কোচ হুগো ফেরান্দো এই মরশুমে প্রথমবার বিদেশীদের মাঠে নামালেন। অভিষেক হল আনোয়ার আলিরও। মোহনবাগানের এই জয় প্রত্যাশিত। কারণ দল গঠনের ক্ষেত্রে এবার কার্পণ্য করেননি সঞ্জীব গোয়েঙ্কা। কোটি কোটি টাকা খরচ করে শক্তিশালী দল গড়ে তুলেছেন। নিয়েছেন দেশের প্রথম সারির এক ঝাঁক ফুটবলারকে।

    চিন্তামুক্ত নন কোচ ফেরান্দো

    তবে পাঞ্জাবের বিরুদ্ধে মোহনবাগান জয় পেলেও চিন্তামুক্ত থাকতে পারলেন না কোচ ফেরান্দো। গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে পাঞ্জাব এফসি। ভাগ্য তাদের সহায় হলে ম্যাচের ফল অন্যরকম হতেও পারতো। জোয়ান মিরার শর্ট ক্রস পিসে লেগে প্রতিহত না হলে ব্যবধান কমাতে পারতো পাঞ্জাব। ৫৬ মিনিটে লুকাসের চকিত শট দক্ষতার সঙ্গে সেভ করেন মোহনবাগানে গোলরক্ষক বিশাল কেইথ। প্রিয় দলের জয় খুশির হাওয়া মোহনবাগান শিবিরে। সমর্থকদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। কারণ শনিবার মরশুমের প্রথম ডার্বি। অশ্বমেধ ঘোড়ার মতো ছুটছে সবুজ মেরুন ব্রিগেড। উল্টোদিকে ধুঁকছে ইস্টবেঙ্গল। তবে ফেরান্দো জানেন ডার্বির গুরুত্ব কতটা অপরিসীম। তাই ছেলেদের চাপ মুক্ত রাখতে তিনি বলছেন, “আমি শুধু ডার্বি নিয়ে ভাবছি না। একইসঙ্গে কলকাতা লিগ এবং এফসি কাপকেও সমান গুরুত্ব দিচ্ছি। সেই কারণেই ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে ছেলেদের। যাতে ক্লান্তি গ্রাস না করতে পারে। সামনে অনেক ম্যাচ। অবশ্যই ডার্বিকে বাড়তি প্রাধান্য দিতে হবে। তাই ফুটবলারদের ফিট রাখাটাও জরুরী।”

  • Chandrayaan 3: পিছন দিকে মুখ করে চাঁদের চারপাশে প্রদক্ষিণ করে চলেছে ‘চন্দ্রযান ৩’! কেন?

    Chandrayaan 3: পিছন দিকে মুখ করে চাঁদের চারপাশে প্রদক্ষিণ করে চলেছে ‘চন্দ্রযান ৩’! কেন?

    সুশান্ত দাস

    চাঁদের চারদিকে ঘুরতে ঘুরতে ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3) নিজের গতি ও কক্ষপথের পরিধি দুই-ই কমিয়ে ফেলছে। রবিবার রাত ১১টা নাগাদ প্রথম কক্ষপথ বদল করেছে ‘চন্দ্রযান ৩’। এইভাবে আরও চারবার এই একই প্রক্রিয়া চালানো হবে। যার শেষে চাঁদ থেকে মাত্র ১০০ কিলোমিটার উচ্চতায় থাকবে ভারতের মহাকাশযান (ISRO Moon Mission)। সেখান থেকে শুরু হবে চূড়ান্ত অবরতণের প্রক্রিয়া।

    পেরিজি ও অ্যাপোজি ঠিক কী?

    কিন্তু, কীভাবে গতি কমানোর প্রক্রিয়া সম্ভব হচ্ছে? তা বোঝার আগে দেখে দেখে নেওয়া যাক উৎক্ষেপণের পর টানা ১৮ দিন ধরে পৃথিবীর চারদিকে ঘুরতে ঘুরতে ঠিক কীভাবে নিজের কক্ষপথ ও গতি বাড়িয়েছিল মহাকাশযানটি (ISRO Moon Mission)। তাহলেই সহজ হবে গোটা বিষয়টি। ১৪ তারিখ উৎক্ষেপণের সময় চন্দ্রযান মডিউলকে পৃথিবীর থেকে ১৭০ কিলোমিটার (পেরিজি) x ৩৬ হাজার কিলোমিটার (অ্যাপোজি) পরিধির ডিম্বাকৃতি কক্ষপথে স্থাপন করে এলভিএম-৩ রকেট। আগে দেখে নেওয়া যাক, পেরিজি ও অ্যাপোজি ঠিক কী? যেমনটা বলা হয়েছে, কক্ষপথের আকার ডিম্বাকৃতি। অর্থাৎ, একটি চন্দ্রযান পৃথিবীর চারপাশে এমন একটি কক্ষপথে ছিল, যার দূরত্ব (পৃথিবী থেকে) একটি জায়গায় ন্যূনতম এবং ঠিক তার উল্টোদিকে বৃহত্তম। এই ন্যূনতম দূরত্বের অবস্থানকে বলা হয় পেরিজি (অর্থ- পৃথিবীর কাছে)। অন্যদিকে দীর্ঘতম দূরত্বের পয়েন্টকে বলা হয় অ্যাপোজি (অর্থ- পৃথিবীর দূরে)।

    গতি ও কক্ষপথ বদলের নেপথ্যে ‘পেরিজি ফায়ারিং’! সেটা কী?

    এই ভাবে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করতে করেত কয়েক দিন অন্তর যখন ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3) ওই পেরিজি পয়েন্টে এসে পৌঁছত, তখন বেঙ্গালুরুতে স্থিত ইসরোর মিশন কন্ট্রোল (ISTRAC) থেকে ‘চন্দ্রযান ৩’ মডিউলে থাকা রকেটে সীমিত সময়ের জন্য ফায়ারিং করিয়ে তার কক্ষপথ বাড়িয়ে দেওয়া হতো। বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় প্রথম আর্থ-বাউন্ড পেরিজি ফায়ারিং (Earth Bound Perigee Firing)। এটা সম্ভব হতো কারণ, ‘চন্দ্রযান ৩’-এর দিশা যে দিকে থাকত, ঠিক সেই দিকে তার মাথা থাকতো, আর রকেট ইঞ্জিন থাকতো লেজ বা পিছনের দিকে। রকেট ফায়ারিংয়ের ফলে, ‘চন্দ্রযান ৩’ মডিউলের গতি বেড়ে যেত। এক কথায় তাকে কিছুটা বাড়তি ধাক্কা দিয়ে গতি বৃদ্ধি করে দেওয়া হতো, যার ফলস্বরূপ, কক্ষপথের পরিধিও বেড়ে যেত।

    পৃথিবীর বৃত্তে কেমন ছিল ‘চন্দ্রযান ৩’-এর কক্ষপথ বদল?

    এই ফায়ারিং যেহেতু পেরিজিতে করা হতো, তাই পেরিজি-দূরত্বে খুব একটা হের-ফের না হলেও অ্যাপোজি-দূরত্ব অনেকটা বেড়ে যেত। যেমন, অরবিট রেইজিং ম্যানুভারের (Orbit Raising Maneuvre) ফলে ‘চন্দ্রযান ৩’-এর কক্ষপথের পরিধি বেড়ে হয়েছিল ১৭৩ কিমি x ৪১,৭৬২ কিমি। এর পর পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ম্যানুভারের পর ‘চন্দ্রযান ৩’ কক্ষপথের পরিধি হয় যথাক্রমে ২২৬ কিমি x ৪১,৬০৩ কিমি, ২২৮ কিমি x ৫১,৪০০ কিমি এবং ২৩৩ কিমি x ৭১,৩৫১ কিমি। শেষ তথা পঞ্চম ম্যানুভারে ‘চন্দ্রযান ৩’-এর (Chandrayaan 3) কক্ষপথের পরিধি বেড়ে হয়েছিল ২৩৬ কিমি x ১,২৭,৬০৯ কিমি। পাঁচবার চক্কর কাটার পর, প্রয়োজনীয় গতি জোগাড় করা ‘চন্দ্রযান ৩’-কে গত ১ অগাস্ট নিক্ষেপ করা হয় চন্দ্র-বৃত্তে। এর পর প্রায় পৌনে চার লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গত শনিবার চন্দ্র-কক্ষপথে প্রবেশ করে ‘চন্দ্রযান ৩’। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির আওতায় চলে আসে ভারতের মহাকাশযান (ISRO Moon Mission)। এবার তখন থেকে শুরু হয় উল্টো পদ্ধতি— অর্থাৎ গতি ও কক্ষপথের পরিধি কমানোর পালা। কী করে তা সম্ভব হলো?

    রিভার্স-গিয়ারে চাঁদের চারপাশে ঘুরছে ‘চন্দ্রযান ৩’! কীভাবে?

    ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, চন্দ্র কক্ষপথে প্রবেশ করানোর সময় এমনভাবে রকেট ফায়ারিং করা হয়, যাতে দিশা এক থাকলেও, ‘চন্দ্রযান ৩’-এর মাথা ১৮০ ডিগ্রি ঘুরে যায়। অর্থাৎ, পৃথিবী থেকে চাঁদের দিকে এগনোর সময় ‘চন্দ্রযান ৩’-এর মাথা ছিল চন্দ্র-অভিমুখে। এবার মডিউলের মুখ বিপরীত দিকে থাকায় চাঁদের চারপাশে মহাকাশযান প্রদক্ষিণ করে চলেছে পিছন দিকে মুখ করে। এক কথায়, যেন ‘চন্দ্রযান ৩’ চাঁদের চারপাশে ঘুরে চলেছে ব্যাক বা রিভার্স-গিয়ারে। অর্থাৎ, ‘চন্দ্রযান ৩’-এর দিশা যেদিকে রয়েছে, সেদিকে রয়েছে রকেটের ইঞ্জিন। এবার লুনার পেরিজি ফায়ারিং বা পেরিলিউন ফায়ারিং-এর (Perilune Firing) মাধ্যমে সীমিত সময়ের জন্য রকেট চালানো হচ্ছে। এর ফলে, রকেট ব্যাক-থ্রাস্ট দিচ্ছে মহাকাশযানকে। অনেকটা ব্রেক কষার মতো। ফলস্বরূপ, এইভাবে বারে বারে ধাক্কা খেতে খেতে গতি ও পরিধি কমিয়ে নিচ্ছে ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3)। এক কথায়, আর্থ-বাউন্ড ম্যানুভারের ঠিক বিপরীত হচ্ছে মুন-বাউন্ড ম্যানুভার। কারণ, যে রকেট পৃথিবীর কক্ষে ‘চন্দ্রযান ৩’-এর গতি বাড়াতে সাহায্য করছিল, তা এখন উল্টোভাবে রেট্রো-রকেটের ভূমিকা পালন করে গতি কমাতে সাহায্য করছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: ঘূর্ণাবর্তের জের! আগামী কয়েকদিন কলকাতা-সহ রাজ্যে বৃষ্টির পূর্বাভাস

    Weather Update: ঘূর্ণাবর্তের জের! আগামী কয়েকদিন কলকাতা-সহ রাজ্যে বৃষ্টির পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রাবণ শেষে দুর্যোগের ঘনঘটা। বঙ্গোপসাগরে (Bay Of Bengal)উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় ফের ঘূর্ণাবর্ত (Cyclone) তৈরি হয়েছে। অবস্থান বদল করে মৌসুমী অক্ষরেখা আপাতত বিহারের ভাগলপুর ও মালদার ওপর দিয়ে বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। তার জেরে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।  

    দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত

    রবিবার বিকেল থেকে শুরু হয়েছিল। সোমবার কলকাতা সহ জেলায় জেলায় দিনভর চলছে একটানা বৃষ্টি। কখনও ঝিরঝিরে, কখনও ইলশেগুঁড়ি, কখনও আবার প্রবল বর্ষণ জেলায় জেলায়। সোমবারের মতো মঙ্গলবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আরও আট জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। সঙ্গে ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগেবইবে ঝড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে নিষেধাজ্ঞা।  

    শহরে বৃষ্টির পূর্বাভাস

    মৌসুমী অক্ষরেখার প্রভাবে মঙ্গলবার ও বুধবারেও বৃষ্টি অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে। কলকাতায় মেঘলা থাকবে আকাশ । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা মঙ্গলবার এবং বুধবারও সারাদিনে পর্যন্ত ৭ সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ থেকে ৯৭ শতাংশ। এদিনও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা। সোমবার বৃষ্টি হয়েছে ১৫.১ মিলিমিটার। বৃষ্টির কারণে কমেছে তাপমাত্রা।

    আরও পড়ুন: মোদির মুখে ‘কুইট ইন্ডিয়া’! জাতীয় হ্যান্ডলুম দিবসের মঞ্চে বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর

    উত্তরবঙ্গে ভারী বৃষ্টি

    বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। মঙ্গলবারে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকা দার্জিলিং এবং কালিম্পং জেলায়। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi : মোদির মুখে ‘কুইট ইন্ডিয়া’! জাতীয় হ্যান্ডলুম দিবসের মঞ্চে বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর

    PM Modi : মোদির মুখে ‘কুইট ইন্ডিয়া’! জাতীয় হ্যান্ডলুম দিবসের মঞ্চে বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: বিরোধী ‘ইন্ডিয়া’ জোটকে ফের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সরকারি মঞ্চ থেকেই বিরোধীদের বয়কটের ডাক দিলেন তিনি। রেলের ‘অমৃত ভারত’ প্রকল্পের ভার্চুয়াল শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছিলেন সোমবার জাতীয় হ্যান্ডলুম দিবসে প্রগতি ময়দানে একইভাবে বিরোধীদের নিশানা করলেন তিনি। এদিন মোদি বলেন, ‘বিরোধীরা নিজেরা কোনও কাজ করবে না, অন্যদেরও করতে দেবে না। এক ভারত উন্নতির ভারতের পথে বাধা বিরোধীরা।’ আর এই সূত্র ধরে ফের সরাসরি বিরোধী জোটের নাম না-করে মহাত্মা গান্ধীর ‘কুইট ইন্ডিয়া’ স্লোগানের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘আজ দেশজুড়ে রব উঠছে, দুর্নীতি কুইট ইন্ডিয়া, পরিবারবাদ কুইট ইন্ডিয়া, তোষণের রাজনীতি কুইট ইন্ডিয়া।’

    প্রধানমন্ত্রীর পরামর্শ

    গত ক’দিন ধরে এনডিএ সাংসদদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, বিরোধী জোটকে আক্রমণের সময়ে ‘ইন্ডিয়া’র পরিবর্তে ‘আইএনডিআইএ’ বলে অভিহিত করতে অথবা অন্য কোনওভাবে বিরোধীদের কাজকর্মের সমালোচনা করতে। এদিন সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে সরাসরি ‘ইন্ডিয়া’ জোটের কথা না-বললেও যেভাবে গান্ধীজির ‘কুইট ইন্ডিয়া’ স্লোগান তুলেছেন, তাতে বিরোধীরা স্পষ্টই বুঝতে পারছেন, মোদির আক্রমণের তির তাঁদের দিকেই। 

    ভোটব্যাঙ্কের ঊর্ধ্বে উন্নয়ন

    এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘কেন্দ্রীয় সরকার ভোটব্যাঙ্কের ঊর্ধ্বে উঠে উন্নয়নে প্রত্যয়ী। সেখানে বিরোধীরা নেতিবাচক রাজনীতি করছেন। না নিজেরা কিছু করবে, না অন্যদের করতে দেবে, এই চিন্তাভাবনা নিয়ে চলছেন বিরোধীরা।’ বিরোধীদের উদ্দেশে মোদির মন্তব্য, ‘৭০ বছরে নিজেরা ওয়ার মেমোরিয়াল করেনি। কিন্তু ওয়ার মেমোরিয়াল তৈরি হওয়ার পর থেকেই সমালোচনা করেছে। নতুন সংসদ ভবনের উদ্বোধনেরও বিরোধিতা করেছে। ভবিষ্যতের প্রয়োজনের কথা চিন্তা করে সংসদের আধুনিক ইমারত তৈরি হয়েছে। সংসদ গণতন্ত্রের প্রতীক। সরকার, বিরোধী সকলের প্রতিনিধিত্ব থাকে। বিরোধীরা তারও বিরোধ করেছে। সর্দার প্যাটেলের মূর্তি স্থাপনেরও সমালোচনা করেছে বিরোধীরা।  

    আরও পড়ুন: বিক্ষিপ্ত অশান্তি চিত্রাঙ্গদার দেশে, মণিপুর সহ আট রাজ্যের সঙ্গে বৈঠকে বসছেন মোদি

    প্রধানমন্ত্রীর দাবি, ‘আমরা এর ঊর্ধ্বে গিয়ে উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি। সদর্থক রাজনীতি করছি। গোটা বিশ্ব ভারতকে দেখছে। নতুন ইতিহাসের সূচনা ঘটছে দেশে।’ মোদি এদিন বলেন, তাঁতিদের উন্নতির স্বার্থে সরকার অনেক কাজ করছে। তাঁতিদের আধুনিক প্রযুক্তির সাহায্য দেওয়া হয়েছে। ৩০ বছর বাদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার এসেছে। যা কঠিন চ্যালেঞ্জের স্থায়ী সমাধানের পথে পদক্ষেপ করছে। এটা বলে আসলে প্রধানমন্ত্রী ২৬টি বিরোধী দলের জোটকেই খোঁচা দিতে চেয়েছেন বলে মত রাজনৈতিক মহলের।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: প্রথম চন্দ্র-কক্ষপথ বদল প্রক্রিয়া সফল, চাঁদের আরও কাছে ‘চন্দ্রযান ৩’

    Chandrayaan 3: প্রথম চন্দ্র-কক্ষপথ বদল প্রক্রিয়া সফল, চাঁদের আরও কাছে ‘চন্দ্রযান ৩’

    মাধ্যম নিউজ ডেস্ক: গত শনিবারই চন্দ্র-কক্ষপথে প্রবেশ করেছিল ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3)। গতকাল চাঁদের প্রথম ছবি পাঠিয়েছে ভারতের তৃতীয় চন্দ্র মহাকাশযান। সেই সঙ্গে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, চাঁদের আরও কাছাকাছি পৌঁছে গিয়েছে ‘চন্দ্রযান ৩’।  

    এর সঙ্গে সঙ্গেই, গতকাল আরেকটি প্রক্রিয়া সম্পন্ন করেছে ‘চন্দ্রযান ৩’। একটি ট্যুইটে ইসরো জানিয়েছে, চাঁদের চারপাশ প্রদক্ষিণ করতে করতে গতকাল রাত ১১টা নাগাদ প্রথম বার কক্ষপথ সঙ্কোচন সফলভাবে ঘটিয়েছে ‘চন্দ্রযান ৩’। বিজ্ঞানের পরিভাষায় বলা হচ্ছে মুন-বাউন্ড ম্যানুভার (Moon-bound Maneuvre)। ইসরো জানিয়েছে, চাঁদ থেকে এই মুহূর্তে চন্দ্রযানের দূরত্ব মাত্র ৪ হাজার ৩১৩ কিলোমিটার। ইসরোর ট্যুইট অনুযায়ী, ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3) বর্তমানে ১৭০ কিমি (অ্যাপোলিউন বা চন্দ্র থেকে নিকটে) x ৪,৩১৩ কিমি (পেরিলিউন বা চন্দ্র থেকে দূরে) কক্ষপথে অবস্থান করছে। 

    ধাপে ধাপে এমনই কয়েক বার কক্ষপথ পরিবর্তন করে চাঁদে পৌঁছবে ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3)। দ্বিতীয় কক্ষপথ সঙ্কোচন প্রক্রিয়া হতে চলেছে ৯ অগাস্ট দুপুর ১টা থেকে ২টোর মধ্যে। মোট পাঁচ বার কক্ষপথ পরিবর্তনের পরিকল্পনা রয়েছে ইসরোর। এইভাবে বার বার কক্ষপথ সঙ্কোচন এবং সেই সঙ্গে গতি কমিয়ে চন্দ্রের ১০০ কিমি কক্ষপথে অবতরণ করবে ‘চন্দ্রযান ৩’ মডিউল। সেখানে পৌঁছনোর পর ‘চন্দ্রযান ৩’ মডিউলের থেকে ল্যান্ডার মডিউল আলাদা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে সেখান থেকে সম্ভবত আগামী ২৩ তারিখ চূড়ান্ত অবতরণ বা ‘টাচডাউন’-এর দিকে এগিয়ে যাবে ল্যান্ডার মডিউল। সম্ভবত, অগাস্টের ২৩ তারিখ হবে কাঙ্খিত ‘সফট-ল্যান্ডিং’।

    গত ১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এলভিএম-৩ রকেটে চেপে মহাকাশে পাড়ি দিয়েছিল ‘চন্দ্রযান ৩’। টানা ১৮ দিন পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে একদিকে কক্ষপথের পরিধি বৃদ্ধি করার পাশাপাশি গতিও বাড়িয়ে চলেছিল ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3)। পাঁচবার এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গত ১ অগাস্ট এক লাফে চন্দ্র-বৃত্তে পৌঁছে যায় ‘চন্দ্রযান ৩’। সেখান থেকে প্রায় পৌনে চার লক্ষ কিলোমিটার পাড়ি দিয়ে ‘চন্দ্রযান ৩’ পৌঁছে যায় চাঁদের কক্ষপথের কাছে। পরের ধাপে গত ৫ তারিখ, চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির আওতায় চলে আসে ‘চন্দ্রযান ৩’। সেই থেকে চাঁদের চারদিকে প্রদক্ষিণ করে চলেছে ভারতের মহাকাশযান। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Behala Road Accident: শিশুমৃত্যুর জের! বেহালা চৌরাস্তাকে হকারমুক্ত করতে নামল বুলডোজার 

    Behala Road Accident: শিশুমৃত্যুর জের! বেহালা চৌরাস্তাকে হকারমুক্ত করতে নামল বুলডোজার 

    মাধ্যম নিউজ ডেস্ক: বেহালা চৌরাস্তায় ট্রাকের ধাক্কায় শিশু মৃত্যুর (Behala accident) পর রাতারাতি বদলে গিয়েছে বেহালার রাস্তার চিত্র। রাস্তায় জায়গায় জায়গায় বসেছে পুলিশি পাহারা, বসানো হয়েছে ড্রপগেট। তার পাশাপাশি এবার রাস্তার দুপাশের হকারদের সরিয়ে দিয়ে রাস্তা চওড়া করার কাজও শুরু হল (Behala Hawker eviction)।  রবিবার রাত থেকেই বেহালা চৌরাস্তায় নেমেছে বুলডোজার। ইতিমধ্যেই দু’ফুট করে সরিয়ে দেওয়া হয়েছে রাস্তায় বসা হকারদের। বহু গুমটি তুলে সরিয়ে দেওয়া হয়েছে। অনেক গুমটি মালিকের খোঁজ না মেলায় বুলডোজার দিয়ে সেগুলি তুলে নেওয়া হয়েছে। রাতভর চলেছে এই কাজ।

    বেহালার রাস্তায় বুলডোজার

    গত শুক্রবার বেহালা চৌরাস্তা এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সাত বছরের শিশু সৌরনীল সরকার। তারপর নড়েচড়ে বসে প্রশাসন। এতদিন তাদের চোখ বন্ধ ছিল বলে দাবি, স্থানীয়দের।  ফুটপাথের দু’পাশ থেকে বেআইনি নির্মাণ এবং দোকান ইত্যাদি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনসাধারণের চলাচলের পরিসর প্রশস্ত করার জন্য। সেই মর্মে প্রশাসনিক পদক্ষেপও করা হচ্ছে। সূত্রের খবর, প্রশাসনিক পদক্ষেপের এই পর্যায়ে ভাঙা পড়তে পারে ‘বেআইনি ভাবে’ তৈরি ফুটপাথ লাগোয়া পার্থ চট্টোপাধ্যায়ের ‘এসি রুম’। 

    ভাঙা পড়তে চলেছে পার্থের কার্যালয়

    তার মৃত্যুতে বেহালার জনতার ক্ষোভের আঁচ পৌঁছেছে চরমে। সেই ক্ষোভ প্রশমিত করতে উঠেপড়ে লেগেছে প্রশাসন।গত কয়েক দিনের ঘটনাক্রম তেমনই বলছে। কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভা একযোগে বেহালার ডায়মন্ড হারবার রোডের ফুটপাথ লাগোয়া অংশে বেআইনি ভাবে তৈরি যাবতীয় নির্মাণ ভাঙতে উদ্যোগী হচ্ছে। সেই সূত্রেই বেহালা ম্যান্টনের কাছের ফুটপাথে বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী পার্থের বসার যে বাতানুকূল ঘরটি রয়েছে, সেটি নজরে এসেছে প্রশাসনের। তার পরেই সেটি ভাঙার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে প্রশাসন। 

    আরও পড়ুন: “নিয়োগ সংক্রান্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে”! আদালতে বোমা ফাটালেন পার্থ

    ২০২২ সালের জুলাইয়ে শেষ বার নিজের বিধানসভা কেন্দ্রে এসে ওই বাতানুকূল ঘরটিতেই বসেছিলেন তিনি। ২০২২ সালের ২৩ জুলাই পার্থ গ্রেফতার হওয়ার পর বিধায়ক কার্যালয় খোলা হলেও ওই ঘরটি আর খোলা হয়নি। তবে সেটি পরিচ্ছন্ন রাখা হত। এ প্রসঙ্গে বিজেপি নেত্রী রাখী চট্টোপাধ্যায়ের মন্তব্য, ‘‘শাসকদলের এত বড় একজন নেতা হয়ে দিনের পর দিন বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বেহালার আইন সচেতন মানুষ সকলেই জানতেন, তাঁর ওই বসার জায়গাটি বেআইনি ভাবে তৈরি। এ ছাড়াও বেহালা ম্যান্টনের ওই ফুটপাথ এবং ডায়মন্ড হারবার রোডের বড় একটা অংশ পার্থবাবু ও তাঁর অনুগামীদের জন্য গার্ড রেল দিয়ে ঘিরে রাখতে পুলিশ। ক্ষমতায় আছেন বলে কেউ মুখ খুলত না। এ সব কাজ দিনের পর দিন হয়েছে বেহালার মানুষের চোখের সামনে। আমরা সবাই তখন চোখ বুজে ছিলাম। গরিব মা-বাবার সন্তানকে প্রাণ দিয়ে আমাদের চোখ খোলাতে হয়েছে। এটা আমাদের মতো বেহালাবাসীদের কাছে লজ্জার। এমন আরও অনেক কাজ পার্থবাবু বেহালায় করে গিয়েছেন, যা দিনে দিনে প্রকাশ পাবে।’’

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nandigram: কেন্দ্রীয় বাহিনীর পাহারা চেয়ে হাইকোর্টে আবেদন নন্দীগ্রামের জয়ী বিজেপি প্রার্থীদের

    Nandigram: কেন্দ্রীয় বাহিনীর পাহারা চেয়ে হাইকোর্টে আবেদন নন্দীগ্রামের জয়ী বিজেপি প্রার্থীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: কোথাও পুলিশ, আবার কোথাও বা দুষ্কৃতী দিয়ে তৃণমূলের নেতারা বিরোধীদের বোর্ড গঠনে বাধা দিচ্ছে, এই অভিযোগে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি (BJP seeks security in High Court)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী ক্ষেত্র নন্দীগ্রামের দুটি ব্লকের পাশাপাশি রাজ্যের একাধিক জায়গায় বিরোধীদের বোর্ড গঠনে বাধা দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করেছে বিজেপি (BJP seeks security in High Court)। 

    নন্দীগ্রামে ভালো ফল বিজেপির

    পঞ্চায়েত নির্বাচনে সেই নন্দীগ্রামের দুটি ব্লকে ভালো ফলাফল করেছে বিজেপি। কিন্তু তাদের আশঙ্কা, বোর্ড গঠনের আগেই তাদের গ্রেফতার করতে পারে পুলিশ। পুরানো মামলায় তাদের ফাঁসিয়ে দেওয়া হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা। আর তার জেরেই এবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি রয়েছে। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এই নন্দীগ্রাম আসন থেকেই গত বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানে জয়ের ধারা অব্যহত রাখতে চেষ্টার কোনও কসুর করেনি বিজেপি। 

    আরও পড়ুন: বিজেপির জয়ী প্রার্থীর বাড়ির সামনে গুলি চালিয়ে ছেলেকে অপহরণের চেষ্টা!

    বিজেপির দাবি

    নন্দীগ্রামের ২টি ব্লকের ১৭টি পঞ্চায়েতের জয়ী বিজেপি প্রার্থীদের দাবি বোর্ড গঠনের জন্য তারা যাতে হাজির হতে না পারেন সেজন্য এবার পুলিশ প্রশাসনকে কাজে লাগাচ্ছে রাজ্যের শাসকদল। বিজেপির জয়ী প্রার্থীদের দাবি, আচমকাই পুরানো মামলার ফাইল খুলতে শুরু করেছে পুলিশ। খুঁজে পেতে সেই পুরানো মামলায় তাদের ডেকে পাঠানো হচ্ছে। জয়ী প্রার্থীরা নিজেদের এলাকায় ঢুকতে পারছেন না। তাঁদের নানাভাবে ভয় দেখানো হচ্ছে। মূলত বোর্ড গঠনের আগেই তাদের গ্রেফতার করার জন্য নানাভাবে চেষ্টা চালানো হচ্ছে। সেকারণে তাঁরা এবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে আদালতের কাছে আবেদন করেছেন। শুধু পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম নয়, নদিয়ার রানাঘাট ১ ব্লক, হবিবপুর, দক্ষিণ ২৪ পরগনা সহ বিভিন্ন জেলায় একইভাবে বোর্ড গঠনে বিজেপি, সিপিএম, কংগ্রেস আবার কোথাও নির্দল জয়ী প্রার্থীদের বোর্ড গঠনে অংশ নেওয়ার ক্ষেত্রে শাসকদল বাধা দিচ্ছে বলে অভিযোগ। এই বিষয়ে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে রুজু হয়েছে একাধিক মামলা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Modi-Biden Meeting: আলোচনা মোদির সঙ্গে! ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

    Modi-Biden Meeting: আলোচনা মোদির সঙ্গে! ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

    মাধ্যম নিউজ ডেস্ক: জি-২০ সামিটে (G-20 Summit) যোগ দিতে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)।  আগামী ৭ সেপ্টেম্বর তিনি ভারতে (India Visit) আসবেন। ১০ সেপ্টেম্বর তিনি ওয়াশিংটন ফিরে যাবেন। জি-২০ বৈঠকের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Modi-Biden Meeting) সঙ্গেও বৈঠক করতে পারেন। জি-২০ সদস্য হিসাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এটাই প্রথম ভারত সফর। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘‌বাইডেন জি–২০ সম্মেলনে ভারতের সভাপতিত্ব নিয়ে ভীষণই খুশি। ভারতের এই সভাপতিত্ব আন্তর্জাতিক স্তরে বিভিন্ন সমস্যার সমাধান করতে সাহায্য করেছে।’‌ 

    কবে আসছেন বাইডেন

    মার্কিন প্রেসিডেন্টের এই ভারতসফরের আগে মার্কিন আধিকারিক ডোনাল্ড লু জানান, প্রেসিডেন্ট বাইডেন (Modi-Biden Meeting) এই সফর নিয়ে অত্য়ন্ত উৎসাহী। জি-২০ লিডার্স সামিটের সদস্য় হিসেবে এটিই তাঁর প্রথম ভারতসফর হতে চলেছে । এবার জি-২০ বৈঠকের সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে জি-২০ সামিট। জি-২০ সামিটে ১১০টি দেশের ১২৩০০ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। কোনও দেশের নেতৃত্বাধীনে জি-২০ সম্মেলনে এটাই সর্বোচ্চ যোগদানের সংখ্যা। জানা গেছে, এবার জি-২০ ভুক্ত দেশগুলির সম্মেলনে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে সন্ত্রাসবাদ সহ একাধিক বিষয়ে আলোচনার হওয়ার সম্ভাবনা। এছাড়া জি-২০ ভুক্ত দেশগুলির মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, অর্থনৈতিক এবং পরিকাঠামো গত উন্নয়ন নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। 

    আরও পড়ুন: ‘অষ্টলক্ষ্মী’র সঙ্গে মোদির বৈঠকে হরেক রকম পদ! জানেন কী কী রয়েছে তালিকায়?

    বিগত কয়েক বছরে ভারত ও আমেরিকা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হয়েছে, আরও বিস্তৃত হয়েছে। গত জুন মাসেই প্রথমবার মার্কিন স্টেট ভিজিটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi-Biden Meeting)। তাঁকে স্বাগত জানানোর জন্য হোয়াইট হাউসে বিশেষ নৈশভোজেরও আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট।  জি-২০ সম্মেলনের মাঝে মোদি-বাইডেন দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে পারেন খবর। দুই দেশের সম্পর্ক আরও মজবুত করা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে হোয়াইট হাউস সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। দ্বিপাক্ষিক সেই বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্যিক সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Suvendu Adhikari: ‘‘ভাইপো অ্যান্ড কোম্পানির হাত ধরে অসমে গরু পাচার হচ্ছে’’, বিস্ফোরক শুভেন্দু

    Suvendu Adhikari: ‘‘ভাইপো অ্যান্ড কোম্পানির হাত ধরে অসমে গরু পাচার হচ্ছে’’, বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ২৩ জুলাই থেকে উত্তরবঙ্গ দিয়ে আবার অসমে গরু, মহিষ পাচার শুরু হয়েছে। এই কাজ করছেন ভাইপো অ্যান্ড কোম্পানি। রবিবার সন্ধ্যায় বাগডোগরা বিমানবন্দরে একথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, উত্তরবঙ্গকে করিডর করে অসমে এই মহিষ, গরু পাচারে রাজ্য পুলিশে ডিজি, আইজি ও উত্তরবঙ্গের একাধিক জেলার পুলিশ সুপাররাও যুক্ত রয়েছেন। উত্তরবঙ্গ দিয়ে অসমে অনেকদিন ধরেই মহিষ পাচার হচ্ছে। পাচারের পথে শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় বহু মহিষ উদ্ধার হয়েছে। অনেকে গ্রেফতারও হয়েছে।

    মহিষ পাচারের নেটওয়ার্ক নিয়ে কী বললেন রাজ্যের বিরোধী দলনেতা?

    বিরোধী দলনেতা বলেন, ডালখোলা থেকে পাচারের কাজ শুরু হচ্ছে। উত্তর দিনাজপুরের ইসলামপুর, জলপাইগুড়ি এবং কোচবিহারের এসপিরা এর ব্যবস্থাপনা করছেন। অসমে এই গরু-মহিষ এবং শুকর পাচার ডিজিপি মনোজ মালব্যের সম্মতিতে হচ্ছে। আইজিপি তদারকি করছেন। ময়নাগুড়ির আইসি সবার সঙ্গে সমন্বয় রেখে এই কাজটা করছেন।

    কীভাবে পাচার হচ্ছে, জানালেন শুভেন্দু?

    রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ৩৯ থেকে ৪৫ ফুট দৈর্ঘের  কন্টেনারে যাচ্ছে মহিষ, গরু নিয়ে যাওয়া হচ্ছে। এক একটি কন্টেনারে ৪০/৪৩ টি গরু ও মহিষ পাচার করা হচ্ছে। এরকম ৩০ থেকে ৩৫ টি  কন্টেনার করে এই গরু ও মহিষ পাচার করা হচ্ছে। বাংলা – আসম বর্ডারের শ্রীরামপুরে নামিয়ে মহিষ অসমের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে।

    পাচারের টাকা নিয়ে কী বললেন বিরোধী দলনেতা?

    শুভেন্দু অধিকারী বলেন, মাসে প্রায় ১৮ কোটি টাকার মতো উঠছে। উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়ায় পুলিশের কাছে টাকাটা জমা হচ্ছে। এর একটা বড় অংশ ভাইপোর কাছে যাচ্ছে। প্রতীক দেওয়ান বলে ভাইপোর একজন ঘনিষ্ঠ  হাওলার মাধ্যমে এই টাকা নিয়ে যান। উত্তরবঙ্গকে করিডর করে এই অবৈধ কাজ হচ্ছে। এর সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেস ও মমতার পুলিশ যুক্ত। উত্তরবঙ্গের মানুষকে সতর্ক ও সচেতন করার জন্য একথা জানালাম। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মাকেও জানিয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি দেখবেন বলে জানিয়েছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India Vs West Indies: দ্বিতীয় ম্যাচেও হার! ১২ বছরে প্রথম পরপর দুটি খেলায় ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

    India Vs West Indies: দ্বিতীয় ম্যাচেও হার! ১২ বছরে প্রথম পরপর দুটি খেলায় ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হারল ভারত (India Vs West Indies)। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে রান তাড়া করতে গিয়ে হারেন হার্দিক পান্ডিয়ারা। আর এদিন হারলেন প্রথমে ব্যাট করে। ২০১১ সালের পর এই প্রথম বার ভারতের বিরুদ্ধে পুরুষদের আন্তর্জাতিকে পরপর দুই ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ।

    ব্যাটরদের দোষেই ব্যর্থতা 

    আইসিসি-র ক্রমতালিকা অনুযায়ী, টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত এক নম্বর দল। কিন্তু ক্যারিবিয়ান সফরে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে তার উল্টো ছবি। যে দল ওডিআই বিশ্বকাপের কোয়ালিফায়ার টপকাতে পারেনি। যাদের ক্রিকেট বিশ্বের ছোট ছোট দলগুলি আনায়াসে হারিয়েছে, সেই দলের কাছে ভারত (India Vs West Indies) পরপর দুটো ম্যাচে হেরে গেল। টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর দল হারল সাত নম্বরে থাকা দলের বিরুদ্ধে, যা হার্দিকদের কাছে লজ্জার। দু’টি ম্যাচেই দোষ ব্যাটারদের। রবিবার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হার্দিক। কিন্তু তাঁর দল মাত্র ১৫২ রান তোলে। তিলক বর্মার অর্ধশতরান না থাকলে সেটাও হত কি না সন্দেহ। শুভমন গিল (৭) এবং সূর্যকুমার যাদবের (১) রান না পাওয়া ভারতীয় ক্রিকেটের জন্য বড় চিন্তার কারণ হতে পারে। সামনে এশিয়া কাপ। এই বছর বিশ্বকাপও রয়েছে। তার আগে এই দুই ব্যাটারকে রানে ফেরাতেই হবে রাহুল দ্রাবিড়দের। ঈশান কিশন ২৭ রান করেন। তিনি রোমারিয়ো শেফার্ডের ইয়র্কারে বোল্ড হয়ে যান। ওই বলে যে কোনও ব্যাটারই আউট হতে পারতেন। ওই উইকেটটির জন্য রোমারিয়োকে পূর্ণ কৃতিত্ব দিতে হবে। অধিনায়ক হার্দিক ২৪ রান করেন।

    আরও পড়ুন: ভারতে বিশ্বকাপ খেলতে আসছে পাকিস্তান, ছাড়পত্র শেহবাজ সরকারের

    পুরানের দাপট

    ১৫৩ রান তাড়া করতে নেমে ৭ বল বাকি থাকতেই ২ উইকেটে জয় ছিনিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ (India Vs West Indies)। অথচ ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া বোলিং ওপেন করার দায়িত্ব নিজেই তুলে নিয়েছিলেন। এবং প্রথম ওভারেই ২ উইকেট তুলে নিয়ে উইন্ডিজকে বড় ধাক্কা দেন। প্রথম বলেই ভারতকে তিনি সাফল্য এনে দেন। হার্দিকের বলে দুরন্ত ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব। ব্রেন্ডন কিং গোল্ডেন ডাক করে সাজঘরে ফেরেন। এর পর এই ওভারের চতুর্থ বলে জনসন চার্লসকেও ফেরান হার্দিক। ২ রান করে আউট হন চার্লস। শুরুতে হার্দিক ধাক্কা দিলেও সেটা কাজে আসেনি। এমন কী কাইল মেয়ার্স ৭ বলে ১৫ করে সাজঘরে ফিরে গিয়েছিলেন। ৩২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল উইন্ডিজ। তবে চারে ব্যাট করতে নেমে নিকোলাস পুরান দলের হাল ধরেন। ৪০ বলে ৬৭ রান করেন তিনি। তাঁর এই ইনিংসই খেলার মোড় ঘুরিয়ে দেয়। সাত বল বাকি থাকতেই জয়ের রান তুলে নেয় ক্যারিবিয়ান বাহিনী। পরের ম্যাচ মঙ্গলবার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share