Tag: Madhyom

Madhyom

  • NIA: কলকাতায় আল-কায়দার ডেরা! অ্যাপ বাইক চালককে তলব এনআইএ-র, কী যোগসূত্র?

    NIA: কলকাতায় আল-কায়দার ডেরা! অ্যাপ বাইক চালককে তলব এনআইএ-র, কী যোগসূত্র?

    মাধ্যম নিউজ ডেস্ক: আল-কায়দা (Al Qaeda) জঙ্গিরা ডেরা করেছে খোদ কলকাতায়। তাদের সবরকমভাবে সাহায্য করার একজন লিঙ্কম্যানের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। জঙ্গিদের গতিবিধি খতিয়ে দেখতে গিয়ে এনআইএ-এর হাতে চাঞ্চল্যকর এই তথ্য সামনে আসে। তদন্তে নেমে এনআইএ (NIA) আধিকারিকরা জানতে পেরেছেন, কলকাতায় বসে দেশের বিভিন্ন জায়গায় যাতায়াতের টিকিট কাটত বাংলাদেশের আল-কায়দার জঙ্গিরা।

    নজরে অ্যাপ বাইক চালক (NIA)

    এনআইএ (NIA) সূত্রে জানা গিয়েছে, মূলত মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকার একটি দোকান থেকে কাটা হয় একাধিক ট্রেনের টিকিট। এমনকী, নিউ মার্কেট এলাকা থেকে কলকাতার সিমকার্ডও সংগ্রহ করে জঙ্গিরা। পূর্ব কলকাতার বেনিয়াপুকুর এলাকায় তল্লাশি চালানোর পর এই চাঞ্চল্যকর তথ্য এসেছে এনআইএ-র হাতে। এবার  এনআইএ-র নজরে কলকাতারই এক অ্যাপ বাইক চালক। ওই চালককে তলব করেছেন এনআইএ আধিকারিকরা। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, গত বছরের মে মাসে গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখার হাতে গ্রেফতার হয় চার বাংলাদেশি। মহম্মদ সজীব মিয়া, মুন্না খালিদ আনসারি ওরফে মুন্না খান, আজহারুল ইসলাম ওরফে খালিফুদ্দিন আনসারি ওরফে আকাশ খান ও আব্দুল লতিফ ওরফে মোমিনুন আনসারি নামে এই চার বাংলাদেশি ভারতীয় আল কায়দা তথা আকিসের সদস্য বলে গুজরাট পুলিশ অভিযোগ তোলে। এই চারজনকে ক্রমে নিজেদের হেফাজতে নেয় এনআইএ। গোয়েন্দারা জানতে পারেন যে, এই চার আল কায়দা জঙ্গি কয়েক বছর আগে চোরাপথে উত্তর ২৪ পরগনার সীমান্ত পার হয়ে কলকাতায় আসে। এখানে একটি ডেরায় থাকে তারা।

    আরও পড়ুন: নিয়োগ মামলায় গ্রেফতার হওয়ার পরেও দেড় কোটি টাকা ঢুকেছিল কুন্তলের অ্যাকাউন্টে!

    মগজধোলাই করত জঙ্গিরা!

    যদিও গোয়েন্দাদের (NIA) দাবি, ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে তারা কলকাতার হোটেলে ওঠে। তাদের ওপর ভার পড়েছিল দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে আল কায়দার ওপর যারা সহানুভূতিশীল, তাদের সঙ্গে কথা বলে তহবিল সংগ্রহ করতে শুরু করে তারা। একই সঙ্গে চলে সোশাল মিডিয়ায় যোগাযোগ করার পর যুবকদের সঙ্গে দেখা করার পালা। তাদের সঙ্গে কথা বলে মগজধোলাই করতে থাকে জঙ্গি সদস্যরা। এই কাজের জন্য দেশের বিভিন্ন রাজ্যে ভ্রমণ করতে থাকে এই চার জঙ্গি।

    কীভাবে হদিশ মিলল অ্যাপ বাইক চালকের?

    এনআইএ (NIA) সূত্রে জানা গিয়েছে, জঙ্গিদের কাছে এনআইএ আধিকারিকরা কয়েকটি মোবাইল নম্বর পান। এর মধ্যে একটি মোবাইল নম্বরে বেশ কয়েকবার কথা বলা হয় বলে গোয়েন্দারা জানতে পারেন। ওই ব্যক্তির মোবাইল নম্বরের সূত্র ধরেই সোমবার এনআইএ বেনিয়াপুকুর থানা এলাকার ক্যান্টোফার লেনের একটি চারতলা বাড়ির দোতলায় হানা দেয়। ওই বাড়ির দোতালার একটি ফ্ল্যাটে চলে তল্লাশি। যদিও ওই ফ্ল্যাটের বাসিন্দা এনআইএ আধিকারিকদের জানান, যে যুবকের মোবাইল নম্বর, তিনি ওই ব্যক্তির আত্মীয় মাত্র। ওই আত্মীয়টি আগে তাঁদের সঙ্গে থাকতেন বলেই তাঁর আধার কার্ড বেনিয়াপুকুরের ঠিকানায়। ওই আধার কার্ডেই যুবক সিমকার্ড নেন। এখন যুবক পরিবার নিয়ে পিকনিক গার্ডেন এলাকায় থাকেন। নিউ মার্কেট এলাকায় ওই যুবকের একটি দোকান ছিল। ওই দোকানের আশপাশের হোটেলে থাকেন বাংলাদেশিরা। তারা এসে ওই ট্রাভেল এজেন্টের দোকান থেকে ট্রেন ও বিমানের টিকিট কাটত। যদিও লক ডাউনের পর তাঁদের ব্যবসা খারাপ হতে থাকে। তাঁরা দোকানটি বন্ধ করে দেন। ওই যুবক এখন অ্যাপ বাইক চালান। এনআইএ-র গোয়েন্দাদের কাছে খবর, কলকাতা থেকে অন্য রাজ্যে যাওয়ার জন্য এই যুবকের কাছ থেকেই ট্রেনের টিকিট কাটত আল-কায়দার ওই জঙ্গিরা। এ ছাড়াও ওই যুবকের পরামর্শে তারা সিমকার্ড সংগ্রহ করে। এনআইএ-র প্রশ্ন, সেই ক্ষেত্রে আল কায়েদার জঙ্গিদের কি জেনেশুনে সাহায্য করেছিলেন ওই যুবক? এই ব্যাপারে আরও বিস্তারিত তথ্য পেতে তাঁকে জেরা করা হবে বলে জানা গিয়েছে।

    জঙ্গিদের খোঁজে কোথায় কোথায় তল্লাশি?

    শুধু কলকাতা এবং এরাজ্যই নয়, দুদিন আগে দেশের বিভিন্ন জায়গাতেও তল্লাশি অভিযান চালানো হয়েছে। তার মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর, কর্নাটক, অসম, বিহার, ত্রিপুরার একাধিক জায়গা। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (NIA) তরফ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের একাধিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন এবার আল-কায়দা প্রচার এবং স্লিপার সেল বৃদ্ধিতে হাত মিলিয়েছে। এছাড়াও অন্য জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে যে সকল নথিপত্র এবং ডিজিটাল সামগ্রী উদ্ধার করা হয়েছে, তাতে এনআইএ’র হাতে এসেছে আল-কায়দা সংগঠনের নতুন রিক্রুটমেন্ট সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। কলকাতার পাশাপাশি কোচবিহারের হলদিবাড়িতে বিশ্বজিৎ বর্মন নামে এক যুবকের বাড়িতে তল্লাশি অভিযান চালায় এনআইএ। তবে এনআইএ আধিকারিকরা যখন বিশ্বজিতের বাড়িতে আসেন, সে সময় বিশ্বজিৎ কাজের জন্য বাইরে ছিল বলে জানা গিয়েছে। তার মা’কে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অধিকারিকরা। তদন্তকারী সংস্থার অভিযোগ, এ রাজ্য থেকে আল-কায়দার সংগঠনগুলিকে মজবুত করার জন্য বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করা হচ্ছে। এদিন বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেন তদন্তকারীরা। বিশ্বজিতের ব্যাঙ্কের অ্যাকাউন্টও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে রয়েছে বলে জানা গিয়েছে। জঙ্গিদের কার্যকলাপে নজরদারি করতেই একযোগে দেশের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালানো হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: শুক্র থেকেই শীতের শুরু! সপ্তাহান্তে তাপমাত্রা নামবে হু হু করে, কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: শুক্র থেকেই শীতের শুরু! সপ্তাহান্তে তাপমাত্রা নামবে হু হু করে, কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: শীতের হাওয়ায় নাচন লাগার অপেক্ষা শেষ হতে চলল। সপ্তাহান্তেই পারদ পতনের কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। এক ধাক্কায় তিন থেকে চার ডিগ্রি কমবে রাতের তাপমাত্রা। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বাংলায় এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই। ইতিমধ্যে সন্ধের পর থেকে শিরশিরানি (Winter in Bengal) ভাব অনুভূত হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে এই অনুভূতি আরও প্রবল হবে। শীতের আমেজ পড়ে যাবে। 

    সব জেলাতেই শীত শীত ভাব

    আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে খবর, দক্ষিণবঙ্গের সব জেলাতেই শীত শীত ভাব চলে আসছে শুক্রবারের পর থেকে। উত্তুরে হাওয়া প্রবেশের পরিবেশ অনুকূল হবে। শহরে র্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে নামতে পারে। মূলত পরিষ্কার আকাশ। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। শুষ্ক আবহাওয়া; বৃষ্টির সম্ভাবনা নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৬ থেকে ৯৩ শতাংশ। শনিবার থেকে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। আগামী ৪-৫ দিন ৩-৪ ডিগ্রি নামবে তাপমাত্রা (Winter in Bengal)।

    আরও পড়ুন: নতুন ধরনের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ডিআরডিও, কতটা তাৎপর্যপূর্ণ?

    পশ্চিমের জেলায় পারদ পতন একটু বেশি

    উত্তরে আবার পার্বত্য এলাকায় জলীয় বাষ্প থাকায় ধোঁয়াশা সৃষ্টি হবে। তবে সকালের দিকে মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আগামী দু’দিন ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে বেশ কয়েকটি জেলায়। দৃশ্যমানতা কমে ৫০ থেকে ২০০ মিটার হতে পারে। রবিবার পর্যন্ত মাত্র কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। তারপর থেকে উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে জেলাগুলিতে শীতের আমেজ বাড়বে। পশ্চিমের জেলায় পারদ পতন একটু বেশি হবে। শ্রীনিকেতনে ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামবে পারদ। পুরুলিয়াতে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে পারদ (Weather Update)। আগামী দু-তিন দিনে আরো কিছুটা নামবে তাপমাত্রা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 15 November 2024: কর্মস্থলে পদোন্নতি হতে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 15 November 2024: কর্মস্থলে পদোন্নতি হতে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে।

    ২) গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন।

    ৩) দিনটি অনুকূল।

    বৃষ

    ১) শত্রুভয় কাটাতে পারবেন।

    ২) ব্যবসায় ফল নিয়ে চিন্তা থাকবে।

    ৩) বন্ধুদের সাহায্য পাবেন।

    মিথুন

    ১) কাজের ব্যাপারে দুশ্চিন্তা থাকবে।

    ২) ব্যবসার ক্ষেত্রে খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রংশ ঘটতে পারে।

    ৩) সখপূরণ হবে।

    কর্কট

    ১) বাড়িতে অশান্তির সম্ভাবনা দেখা যাচ্ছে।

    ২) আপনার বক্তব্য সকলের মন জয় করতে পারবে না।

    ৩) বিবাদে জড়াবেন না।

    সিংহ

    ১) আর্থিক টানাটানির যোগ।

    ২) কর্মস্থলে পদোন্নতি হতে পারে।

    ৩) গুরুজনদের পরামর্শ মেনে চলুন।

    কন্যা

    ১) কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে।

    ২) ভ্রমণে গেলে সমস্যা হতে পারে।

    ৩) ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

    তুলা

    ১) অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে।

    ২) গুরুজনদের উপদেশে কর্মে উন্নতি। 

    ৩) পরিবারের সঙ্গে সময় কাটান।

    বৃশ্চিক

    ১) নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি ও দারুণ অর্থপ্রাপ্তির যোগ।

    ২) গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    ধনু

    ১) কাজের চাপ বাড়তে পারে।

    ২) ব্যবসায় শুভ ইঙ্গিত।

    ৩) ধৈর্য ধরুন।

    মকর

    ১) সহকর্মীরা ক্ষোভপ্রকাশ করায় মানসিক চাপ বাড়বে।

    ২) প্রেমে একটু কষ্ট বাড়তে পারে।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    কুম্ভ

    ১) যে কোনও কাজে সুনাম পেতে পারেন।

    ২) ব্যবসায় সহকর্মীর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ৩) দিনটি প্রতিকূল।

    মীন

    ১) স্ত্রীর কারণে শান্তি বিঘ্নিত হতে পারে।

    ২) কোনও ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পরে।

    ৩) ভালোই কাটবে দিনটি।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Tamil Nadu: বিজেপির অফিসে ‘ভারত মাতা’র মূর্তি ফিরিয়ে দিতে তামিলনাড়ু সরকারকে নির্দেশ হাইকোর্টের

    Tamil Nadu: বিজেপির অফিসে ‘ভারত মাতা’র মূর্তি ফিরিয়ে দিতে তামিলনাড়ু সরকারকে নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: মাদ্রাজ হাইকোর্ট সম্প্রতি বিজেপি অফিস থেকে অবৈধভাবে বাজেয়াপ্ত করা ‘ভারত মাতা’র মূর্তি ফেরত দেওয়ার জন্য তামিলনাড়ু (Tamil Nadu) সরকারকে নির্দেশ দিয়েছে। আদালত (Madras High Court) ডিএমকে-নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করে বলেছে যে, এই মূর্তির অপসারণ সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে। এমন কর্মকাণ্ড ভবিষ্যতে আর ঘটতে দেওয়া উচিত নয়।

    কী ঘটেছিল

    প্রসঙ্গত, গত ৭ অগাস্টের রাতে, আরুপুরকোত্তাই রেভেনিউ ডিভিশনাল অফিসার (RDO) শিবকুমার এবং তহসিলদার বাস্করান বিজেপি অফিসে ঢুকে মূর্তি অপসারণ করেন। তাঁদের দাবি, যে মূর্তিটি অনুমতি ছাড়া বসানো হয়েছিল। এই দলের সদস্যরা পুলিশি সহায়তায় অফিসের গেট খুলে মূর্তি অপসারণে উদ্যোগী হন। সামাজিক মাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে দেখা যায় যে, এক পুলিশ অফিসার বিজেপি অফিসের দেওয়াল টপকে গেট খোলার চেষ্টা করছেন। বিজেপি রাজ্য সভাপতি অন্নামালাই এই ঘটনাকে “অগ্রহণযোগ্য” বলে দাবি করেন। তিনি বলেন, “তামিলনাড়ুতে (Tamil Nadu) ডিএমকে সরকার এতটাই দুর্নীতিগ্রস্ত যে, এখন ব্যক্তি মালিকানাধীন জমিতেও ‘ভারত মাতা’র মূর্তি স্থাপন করার অধিকার নেই।”

    আদালতের অভিমত

    মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court) বিচারক নানদু আনন্দ ভেঙ্কটেশ এই বিষয়ে বলেন, “সরকারি অনুমোদন ছাড়া প্রতিকৃতির স্থাপন যদি জনগণের জায়গায় হয়, তবে নিয়ন্ত্রণ যথাযথ। কিন্তু বেসরকারি জায়গায় এরকম কোনও নিয়ন্ত্রণ অকারণ। ব্যক্তিগত জায়গায় এমন মূর্তি স্থাপন কোনওভাবেই রাষ্ট্রের অধিকারকে লঙ্ঘন করে না।” এছাড়া, আদালত জানায় যে, ভারত মাতার মূর্তি স্থাপন শুধুমাত্র ব্যক্তিগত এবং সাংস্কৃতিক অভিব্যক্তির বিষয়, এটা মাতৃভূমির প্রতি শ্রদ্ধার প্রতীক। এই মূর্তি মানুষকে একত্রিত হতে এবং স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে সাহায্য করে। এই রায়ে আদালত বিজেপির অধিকারকে স্বীকৃতি দিয়ে মূর্তিটি তাদের অফিসে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে এবং ভবিষ্যতে এমন ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না হওয়ার জন্য রাজ্য সরকারকে সতর্ক করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arjun Singh: ‘‘রাশিয়া থেকে কেমিক্যাল এনে শুভেন্দু এবং আমায় মারার চক্রান্ত হচ্ছে’’, বিস্ফোরক অর্জুন

    Arjun Singh: ‘‘রাশিয়া থেকে কেমিক্যাল এনে শুভেন্দু এবং আমায় মারার চক্রান্ত হচ্ছে’’, বিস্ফোরক অর্জুন

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল সরকার এবং তার এজেন্সি সিআইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh)। সাড়ে চার কোটি টাকা টেন্ডার দুর্নীতির অভিযোগে প্রাক্তন সংসদ অর্জুন সিংকে আগেই নোটিশ দিয়েছিল সিআইডি। এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। কিন্তু হাইকোর্টও তাকে সিআইডির (CID) মুখোমুখি হওয়ার নির্দেশ দেয়। বৃহস্পতিবার সকাল ১১ টার মধ্যে অর্জুন সিংকে ভবানী ভবনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল সিআইডি। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন তিনি।

    ঠিক কী বলেছেন অর্জুন? (Arjun Singh)

    তিনি (Arjun Singh) বলেন, ‘‘অর্জুন সিং, শুভেন্দু অধিকারীর মতো আরও চারজন বিজেপি নেতাকে প্রাণে মেরে ফেলতে চাইছে রাজ্য সরকার। রাশিয়া থেকে একটি রাসায়নিক জাতীয় জিনিস দিয়ে আমাদের মারার চক্রান্ত করা হচ্ছে। এদিন ভবানি ভবনে সিআইডির মুখোমুখি হচ্ছি। যদি আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে আমার মাল্টি অর্গান ফেলিওর হয় তাহলে তার দায় রাজ্য সরকার ও প্রশাসনের।’’ তিনি আরও বলেন, ‘‘বিশ্বস্ত সূত্র মারফত আমি খবর পেয়েছি, শুভেন্দু অধিকারী, অর্জুন সিংয়ের মতো লোকেদের ওরা কোনওভাবে আটকাতে পারছে না। তখন মেরে ফেলার চক্রান্ত হয়েছে। এমন কেমিক্যাল রাশিয়া থেকে স্মাগলিং করে আনা হয়েছে, যা দিয়ে মেরে ফেলা হবে।” কিন্তু কীভাবে কাজ করবে সেই কেমিক্যাল? অর্জুনের বক্তব্য, “তদন্তের নামে ডেকে সিআইডি এই কাজ করবে। এই কেমিক্যালটা শরীরে স্পর্শ করলেই বিষ ঢুকবে শরীরে। ধরুন টেবিল চেয়ারে স্প্রে দেওয়া হল। সেই টেবিল-চেয়ারে আপনার হাত লাগলেই ৬ মাসের মধ্যে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যাবে।’’ তাঁর দাবি, ‘‘একটা মিথ্যা মামলায় তাঁকে হেনস্থা করা হচ্ছে। যেহেতু শুভেন্দু অধিকারী ও তাঁর মতো নেতা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয়ে থাকেন, তাই মাঠে-ময়দানে কিছু করা যাচ্ছে না। তাই এই কৌশল নেওয়া হয়েছে।’’

    আরও পড়ুন: নিয়োগ মামলায় গ্রেফতার হওয়ার পরেও দেড় কোটি টাকা ঢুকেছিল কুন্তলের অ্যাকাউন্টে!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Piyush Goyal: মোদি জমানায় সর্বনিম্ন হয়েছে ভারতের গড় মুদ্রাস্ফীতি, দাবি গোয়েলের

    Piyush Goyal: মোদি জমানায় সর্বনিম্ন হয়েছে ভারতের গড় মুদ্রাস্ফীতি, দাবি গোয়েলের

    মাধ্যম নিউজ ডেস্ক: “মোদি (PM Modi) সরকারের গত ১০ বছরে ভারতের গড় মুদ্রাস্ফীতি স্বাধীনতার পরবর্তী সময়ের মধ্যে ছিল সর্বনিম্ন।” বৃহস্পতিবার কথাগুলি বললেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)। তিনি বলেন, “রিজার্ভ ব্যাঙ্কের উচিত অবশ্যই সুদের হার কমানো।”

    কী বললেন মন্ত্রী (Piyush Goyal)

    অক্টোবর ২০২৪-এর সর্বশেষ খুচরো মুদ্রাস্ফীতি প্রসঙ্গে বলতে গিয়ে গোয়েল বলেন, “যখন আরবিআইয়ের মানিটারি পলিসি কমিটি তাদের সুপারিশগুলি করেছিল, তারা এই মাসে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়ার পূর্বাভাসও দিয়েছিল। এটি কোনও জটিল বিষয় নয়।” গোয়েল এদিন সিএনবিসি-টিভি১৮ ‘গ্লোবাল লিডারশিপ সামিটে’ বক্তব্য রাখছিলেন। সেখানেই তিনি বলেন, “এটি (অক্টোবর ২০২৪ এর মূল্যস্ফীতি) কোনও আশ্চর্যের বিষয় নয়। ডিসেম্বর বা জানুয়ারিতে মুদ্রাস্ফীতির হার আবার কমে আসবে।” গোয়েল বলেন, “যা ঘটছে তা বোঝার জন্য আমরা সবাই যথেষ্ট বুদ্ধিমান। বেস এফেক্ট কী, ফ্যাক্টরগুলিই বা কী, উৎসবের চাহিদা কী ছিল, এগুলি আমরা জানি (Piyush Goyal)।”

    মুদ্রাস্ফীতি

    অক্টোবর মাসে ভারতের সিপিআই (উপভোক্তা মূল্য সূচক) মুদ্রাস্ফীতি গত ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ ৬.১ শতাংশে পৌঁছেছে। অগাস্টের পর এই প্রথমবার মুদ্রাস্ফীতি ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্ধারিত ৬ শতাংশের সীমা অতিক্রম করেছে। খাদ্য মুদ্রাস্ফীতি ছিল ১০.৮৭ শতাংশ। এর পরেই তিনি বলেন, “আরবিআইয়ের অবশ্যই সুদের হার কমানো উচিত।” চাহিদা হ্রাসের প্রসঙ্গে গোয়েল বলেন, “শিল্পের উচিত আকর্ষণীয় মূল্যে ভোক্তাদের পছন্দ ও চাহিদার দিকে নজর দেওয়া।”

    আরও পড়ুন: ট্রাম্প প্রশাসনে মার্কিন গোয়েন্দা প্রধান হচ্ছেন তুলসী গ্যাবার্ড, চেনেন তাঁকে?

    প্রসঙ্গত, জাতীয় পরিসংখ্যান অফিসের দেওয়া তথ্যে দেখা গিয়েছে, ডাল, ডিম, চিনি, মিষ্টি এবং মশলার ক্ষেত্রে অক্টোবরে ২০২৪ সালের মুদ্রাস্ফীতিতেও উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে। জাতীয় পরিসংখ্যান অফিসের বক্তব্য, অক্টোবর ২০২৪ সালে উচ্চ খাদ্য মুদ্রাস্ফীতি প্রধানত চালিত হয়েছে শাকসবজি, ফল, তেল এবং চর্বির দাম বৃদ্ধি দ্বারা। আইসিআরএ-র প্রধান অর্থনীতিবিদ অদিতি নায়ার বলেন, “সিপিআই মুদ্রাস্ফীতি উদ্বেগজনকভাবে ২০২৪ সালের অক্টোবরে ১৪ মাসের মধ্যে সর্বোচ্চস্তরে পৌঁছেছে, যা এমপিসির মধ্যমেয়াদী (PM Modi) লক্ষ্যমাত্রার ২-৬ শতাংশের ঊর্ধ্বসীমা অতিক্রম করেছে (Piyush Goyal)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ। 

  • Manipur Violence: শান্তি ফেরাতে অশান্ত মণিপুরে যাচ্ছে আরও ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

    Manipur Violence: শান্তি ফেরাতে অশান্ত মণিপুরে যাচ্ছে আরও ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

    মাধ্যম নিউজ ডেস্ক: অশান্ত মণিপুরে (Manipur Violence) শান্তি ফেরাতে আরও ২০ কোম্পানি সশস্ত্র পুলিশ ফোর্স (CAPF) পাঠাচ্ছে কেন্দ্র। এমনই খবর জানিয়েছেন মণিপুর স্বরাষ্ট্র দফতরের এক কর্তা। তিনি জানান, ২০ কোম্পানি সিএপিএফ (CAPF) শীঘ্রই রাজ্যে পৌঁছবে। সেই বাহিনী মোতায়েন করা হবে সন্ত্রাসে দীর্ণ জেলাগুলিতে।

    আরও ২০ কোম্পানি বাহিনী (Manipur Violence)

    জানা গিয়েছে, যে ২০ কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে, তার মধ্যে ১৫ কোম্পানি সিআরপিএফ, বিএসএফ ৫ কোম্পানি। এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, সিআরপিএফ অসম থেকে মণিপুরে পৌঁছবে, আর বিএসএফ আসবে ত্রিপুরা থেকে। কেন্দ্রের তরফে এই মর্মে মণিপুর সরকারকে বিস্তারিত জানিয়েও দেওয়া হয়েছে। সিএপিএফের সঙ্গে আলোচনা করে বিস্তারিত মোতায়েন পরিকল্পনা প্রস্তুত করতে কেন্দ্রের তরফে অনুরোধ করা হয়েছে রাজ্য সরকারকে।

    কী বলছেন মণিপুরের স্বরাষ্ট্র দফতরের কর্তা

    বিবৃতিতে আরও বলা হয়েছে, যে অতিরিক্ত ২০ কোম্পানি কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে, তা নিয়ে সব মিলিয়ে মণিপুরে পাঠানো হবে মোট ২১৮ কোম্পানি আধা-সামরিক বাহিনী। এর মধ্যে রয়েছে সিআরপিএফ, আরএএফ, বিএসএফ, আইটিবিপি এবং এসএসবি। মণিপুরের স্বরাষ্ট্র দফতরের এক কর্তা বলেন, “মণিপুরে অতিরিক্ত সিএপিএফ মোতায়েনের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্তটি সোমবার জিরিবাম জেলার সন্দেহভাজন কুকি জঙ্গিদের সঙ্গে সিআরপিএফের মধ্যে সংঘর্ষের তিন দিনের মধ্যেই এসেছে।”

    আরও পড়ুন: ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের আওয়ামি লিগের

    পুলিশ জানিয়েছে, সোমবারের ঘটনার পর ১০ জন অপহৃত বা নিখোঁজ হয়ে গিয়েছেন। মণিপুরের পুলিশ ইন্সপেক্টর জেনারেল (অপারেশনস) আইকে মুইভা জানান, ঘটনার পর জাকুরাধোর গ্রামে তল্লাশি অভিযান চালানোর সময় (Manipur Violence) দুই বৃদ্ধের দেহ উদ্ধার হয়েছে। এখানেই বেশ কিছু বাড়িতে আগুন লাগিয়েছিল দুষ্কৃতীরা। তিনি জানান, আরও এক ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অন্য এক নাগরিক নিজেই থানায় ফিরে এসেছেন। বর্তমানে তিন নারী ও তিন শিশু নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। প্রসঙ্গত, সোমবার সিআরপিএফের শিবিরে (CAPF) হামলা চালায় কুকি জঙ্গিরা। প্রতিরোধ গড়ে তোলে সিআরপিএফ। সংঘর্ষে মৃত্যু হয়েছে ১০ জঙ্গির (Manipur Violence)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ। 

     
     
  • Diabetes: ডায়াবেটিস রুখতে ভাত-রুটি কি একেবারেই বাদ দিতে হবে? জোর দেবেন কোন কোন খাবারে?

    Diabetes: ডায়াবেটিস রুখতে ভাত-রুটি কি একেবারেই বাদ দিতে হবে? জোর দেবেন কোন কোন খাবারে?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    বদলে যাচ্ছে জীবন‌যাপনের ধরন। খাদ্যাভ্যাস, ঘুমের সময়, বদল এসেছে সব কিছুর। আর তার জেরেই বাড়ছে একাধিক রোগের দাপট। সেই তালিকায় প্রথম দিকেই রয়েছে ডায়াবেটিস। দেশ জুড়ে বাড়ছে ডায়াবেটিসের প্রকোপ। এই রোগ আর বয়সের সীমানায় আটকে নেই। শিশুদের মধ্যেও মারাত্মক ভাবে বাড়ছে। শিশুর শরীরে টাইপ টু ডায়াবেটিসের (Diabetes) প্রকোপ বাড়ায় উদ্বিগ্ন চিকিৎসক মহল। ১৪ নভেম্বর ছিল ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে! দেশ জুড়ে চলেছে নানান সচেতনতা কর্মসূচি। সুস্থ জীবন এবং ডায়াবেটিসের প্রকোপ রুখতে খাবারকেই হাতিয়ার করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। কিন্তু কীভাবে রুখবেন ডায়াবেটিসের প্রকোপ? চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, খাদ্যাভ্যাসই ডায়াবেটিস রুখতে সব চেয়ে বেশি সাহায্য করে। আর পুষ্টিকর খাবারে অভ্যস্ত হলে সহজেই এই রোগের প্রকোপ কমানো যায়।

    কখন খাবেন? (Diabetes)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, খাবার কখন খাওয়া হচ্ছে, সেটা খুব জরুরি। ডায়াবেটিসের মতো রোগের প্রকোপ কমাতে ঠিক সময়ে খাওয়া দরকার।‌ অর্থাৎ, তাঁরা জানাচ্ছেন, সকালের জলখাবার ন’টার মধ্যে খেতে হবে। অনেকেই দেরি করে ঘুম থেকে ওঠেন। এর ফলে জলখাবার খাওয়া হয় না। একেবারেই দুপুরের খাবার খান। এই অভ্যাস অত্যন্ত অস্বাস্থ্যকর। নিয়মিত সকালের জলখাবার খাওয়া জরুরি। অন্তত তিন ঘণ্টার ব্যবধানে খাবার খেতে হবে। হালকা খাবার খাওয়ার দিকেই নজর দেওয়া জরুরি। অর্থাৎ একসঙ্গে অনেক পরিমাণ খাওয়ার পরিবর্তে বারবার হালকা খাবার খেলে শরীর ভালো থাকবে। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, অনেকেই দীর্ঘ সময়ের ব্যবধানে একসঙ্গে অনেক পরিমাণ খাবার খান। আর এর ফলেই একাধিক সমস্যা দেখা যেতে পারে। দীর্ঘ সময় না খাওয়ার ফলে একদিকে রক্তে শর্করার মাত্রা ওঠানামা করে। আবার হঠাৎ করেই অনেকটা খাবার খেয়ে নিলে শরীরের একাধিক উপাদান যেমন সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাসের মাত্রাও ওঠানামা করে। ফলে ডায়াবেটিসের বিপদ বাড়ে। রাতের খাবারের সময় নিয়েও সতর্কতা জরুরি। তাঁরা জানাচ্ছেন, তরুণ প্রজন্মের একাংশ অনেক রাতে ভারী খাবার খাওয়ায় অভ্যস্থ হয়ে উঠছে।‌ এর ফলে লিভার এবং কিডনির উপরে মারাত্মক চাপ পড়ছে। তাই ডায়াবেটিসের জটিলতা বাড়ছে। কখনই রাত ন’টার পরে ভারী খাবার খাওয়া চলবে না বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ।

    কী খাবেন?

    ডায়াবেটিস রুখতে সব্জি, ফল এবং প্রোটিন জাতীয় খাবারের মধ্যে ব্যালান্স জরুরি বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, নিয়মিত সব্জি খেতে হবে। বিশেষ করে সবুজ সব্জি! পালং শাক, পটল, ঢ্যাঁড়শ, ফুলকপি, বাঁধাকপির মতো নানা রকমের সব্জি নিয়মিত মেনুতে থাকা জরুরি। সঙ্গে রাখতে হবে ডাল। মটর, ছোলার মতো নানান দানাশস্য নিয়মিত খাবারের তালিকায় থাকলে শরীরে ডায়াবেটিসের (Diabetes) প্রকোপ কমবে। শরীরে এনার্জির জোগান থাকবে। তবে প্রাণীজ প্রোটিনকেও মেনুতে রাখতে হবে। যদিও পরিমাণ নিয়ে সতর্কতা জরুরি। ডায়াবেটিস আক্রান্ত হলেও নিয়মিত মাছ, মাংস, ডিম খাওয়া যাবে। তবে পরিমাণে নিয়ন্ত্রণ জরুরি। অতিরিক্ত চর্বি জাতীয় প্রাণীজ প্রোটিন নিয়মিত বেশি পরিমাণে খেলে ডায়াবেটিসের সমস্যা হতে পারে বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। পাশপাশি পনির, ছানা এবং টক দই নিয়মিত খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ মহল‌। প্রতিদিন শশা, আপেল, পেয়ারা, কিউই, লেবু জাতীয় ফল খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, শরীরের নানান খনিজ পদার্থ এবং ভিটামিনের জোগান ঠিকমতো হলে ডায়াবেটিস জটিল আকার নিতে পারে না।

    ডায়াবেটিস রুখতে কি ভাত-রুটি বাদ? 

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ডায়াবেটিস রুখতে কার্বোহাইড্রেট (Carbohydrates) সম্পূর্ণ বাদ দিতে হবে, এই ধারণা একেবারেই ভ্রান্ত। বরং, ডায়াবেটিসের মোকাবিলার জন্য ব্যালান্স ডায়েট জরুরি। তাই‌ নিয়মিত ফল, সব্জি, মাছ-মাংসের জন্য দরকার কার্বোহাইড্রেট। অর্থাৎ ভাত কিংবা রুটি। কারণ ভাত-রুটির মতো কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকেই শরীরে এনার্জি পাওয়া যায়। কার্বোহাইড্রেট শরীরে এনার্জি‌ জোগানে সব চেয়ে বেশি সাহায্য করে। ডায়াবেটিস আক্রান্ত হলে শরীরে এনার্জির ঘাটতি দেখা‌ দিতে পারে। ফলে, নানান রোগের প্রকোপ বাড়তে পারে। তাই পরিমিত পরিমাণে কার্বোহাইড্রেট নিয়মিত খেতে হবে বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ।

    চিনি, ধূমপান, মদ্যপান বিপদ বাড়াবে! (Diabetes)

    নিজে ডায়াবেটিস আক্রান্ত হলে কিংবা যাদের পরিবারে কেউ ডায়াবেটিস আক্রান্ত, তাদের বাড়তি সতর্কতা জরুরি বলেই জানাচ্ছেন‌ চিকিৎসকদের একাংশ। কারণ, তাদের নানান জটিলতা ও ঝুঁকি তৈরি হয়। ডায়াবেটিস আক্রান্ত হলে‌, বিপদ কমাতে একেবারেই চিনি খাওয়া চলবে না। বংশানুক্রমিক ডায়াবেটিসের সমস্যা থাকলে প্রথম থেকেই মিষ্টি জাতীয় খাবারে রাশ টানতে হবে। চকলেট, পেস্ট্রি, প্যাকেটজাত পানীয় কিংবা রাসায়নিক উপাদান দেওয়া চটজলদি খাবার একেবারেই খাওয়া চলবে না। অর্থাৎ, বার্গার, পিৎজা থেকে বিরিয়ানি, খাবারের তালিকায় রাশ না টানলেই বিপদ‌ বাড়বে। আবার খাবারের পাশপাশি স্বাস্থ্যকর অভ্যাসের দিকেও‌ নজর দিতে হবে। অর্থাৎ, মদ্যপান এবং ধূমপানের মতো অভ্যাস ছাড়তে হবে। এই ধরনের অভ্যাস ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। কিডনি এবং লিভারের জটিল রোগ তৈরি করতে পারে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • DRDO: নতুন ধরনের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ডিআরডিও, কতটা তাৎপর্যপূর্ণ?

    DRDO: নতুন ধরনের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ডিআরডিও, কতটা তাৎপর্যপূর্ণ?

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পথে আরও এক ধাপ এগোল ভারত। নতুন একটি ‘লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল’-এর পরীক্ষা করল ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। ওড়িশার চাঁদিপুরের ইন্ট্রিগ্রেটেড টেস্ট রেঞ্জ (ITR) থেকে মোবাইল আর্টিকুলেটেড লঞ্চারের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হল। বিভিন্ন রেঞ্জ সেন্সরের মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির পারফরমেন্সের ওপর নজরদারি চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি ‘ওয়ে পয়েন্ট ন্যাভিগেশন’ ব্যবহার করে প্রত্যাশিত পথ অনুসরণ করে পরীক্ষায় সফল হয়। 

    সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ

    ডিআরডিও (DRDO) এবং বেঙ্গালুরুর অ্যারোনটিকাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট সম্মিলিতভাবে এই ক্ষেপণাস্ত্রটি তৈরি, নির্মাণ এবং যাবতীয় পরীক্ষা করেছে। সহযোগী হিসেবে কাজ করেছে আরও কয়েকটি রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা। যার মধ্যে রয়েছে হায়দরাবাদের ভারত ডাইনামিকস লিমিটেড (বিডিএল) এবং বেঙ্গালুরুর ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)। ডিআরডিও-র এক বিবৃতিতে জানানো হয়, মিসাইলটির কর্মক্ষমতা মনিটর করার জন্য রেঞ্জ সেন্সর যেমন রাডার, ইলেকট্রো-অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম (EOTS) এবং টেলিমেট্রি ব্যবহৃত হয়েছে, যেগুলি বিভিন্ন স্থান থেকে মিসাইলের উড়ান পথ সম্পূর্ণরূপে পর্যবেক্ষণ করেছে। মিসাইলটি প্রয়োজনীয় পথে চলেছে। এটি বিভিন্ন উচ্চতা ও গতিতে বিভিন্ন কৌশল সম্পাদন করার ক্ষমতা প্রদর্শন করেছে।

    গুরুত্বপূর্ণ মাইলফলক

    ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চলাকালীন উপস্থিত ছিলেন ডিআরডিওর (DRDO) পদস্থ আধিকারিকরা। পরীক্ষার সময় ছিলেন ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী বায়ুসেনার আধিকারিকরাও। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও এবং সহযোগী সংস্থাগুলিকে সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “এই পরীক্ষাটি ভবিষ্যতে দেশীয় ক্রুজ মিসাইল উন্নয়ন প্রকল্পের জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে কাজ করবে।” তিনি আরও বলেন, “এটি ভারতীয় মিসাইল প্রযুক্তি এবং প্রতিরক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।” এই সফল পরীক্ষার ফলে ভবিষ্যতে আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে ভারত অনেকটা এগিয়ে যাবে বলে মত বিশেষজ্ঞদের একাংশের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ED: লটারি দুর্নীতিতে প্রভাবশালী যোগ! বৃহস্পতিবার কলকাতা সহ একাধিক জায়গায় হানা ইডির

    ED: লটারি দুর্নীতিতে প্রভাবশালী যোগ! বৃহস্পতিবার কলকাতা সহ একাধিক জায়গায় হানা ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: বিগত কিছুদিন ধরে একাধিক দুর্নীতির তদন্তে রাজ্যে বেশ সক্রিয় ইডি-সিবিআই। কিছুদিন আগে  নিয়োগ  দুর্নীতি ও পুর নিয়োগ দুর্নীতি মানলায় একাধিক নেতা-মন্ত্রী, পুর আধিকারিকদের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালিয়েছিল এই দুই কেন্দ্রীয় তদক্তকারী সংস্থা। বৃহস্পতিবার সাত সকালে মধ্যমগ্রামের সুকান্তনগরে ডিয়ার লটারির কারখানায় হানা দেয় ইডি (ED)। ডিয়ার লটারির উত্তর ২৪ পরগনার মাইকেল নগরের প্রিন্টিং অফিসে পৌঁছে যায় ইডি। বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে এদিন সকাল থেকেই সেখানে তল্লাশি অভিযান চলে।

    কেন হানা? (ED)

    দিল্লির সদর দফতর থেকে ইডি আধিকারিকরা শহরে এসেছেন। বৃহস্পতিবার সকাল থেকেই তদন্তকারীরা বেশ কয়েকটি দলে ভাগ হয়ে লটারি প্রতারণা মামলার যোগসূত্রের খোঁজে তল্লাশি অভিযানে নেমেছেন। বৃহস্পতিবার সকালে ইডির আধিকারিকরা কয়েকটি দলে ভাগ হয়ে লেকটাউন এবং উত্তর ২৪ পরগনার মাইকেল নগরের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। তদন্তকারীদের অন্য একটি দল কলকাতার (Kolkata) লেক মার্কেটের চারুচন্দ্র কলেজের কাছে একটি আবাসনে তল্লাশি চালাচ্ছে। ইডি (ED) সূত্রে খবর, রাজ্যের শাসক দলের একাধিক নেতার অ্যাকাউন্টে এই লটারি জয়ের পুরস্কারের টাকা ঢুকেছে। এই কোটি কোটি টাকা পাওয়ার পিছনে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মনে করছেন ইডির আধিকারিকরা। সন্দেহ করা হচ্ছে লটারির পুরস্কারের আর্থিক টাকার সঙ্গে এই কারখানার ছাপা লটারির কোনও না কোনও যোগসূত্র রয়েছে। সেই যোগসূত্র খুঁজতেই এদিন মধ‍্যমগ্রামের যশোর রোডের ধারে ডিয়ার লটারির এই গোডাউন এবং ছাপাখানায় হানা দিয়েছে ইডি। কারখানার গেট বন্ধ করে চলছে জোর তল্লাশি।

    আরও পড়ুন: নিয়োগ মামলায় গ্রেফতার হওয়ার পরেও দেড় কোটি টাকা ঢুকেছিল কুন্তলের অ্যাকাউন্টে!

    কালো টাকা সাদা করতে লটারি ব্যবহার!

    দুর্নীতি ইস্যুতে বারংবার লটারি প্রসঙ্গ উঠে এসেছে। তদন্তে উঠে আসে একাধিকবার একাধিক সময়ে বিভিন্ন তৃণমূল নেতার অ‍্যাকাউন্টে লটারির টাকা ঢুকেছে। আবার কারও কারও অ‍্যাকাউন্টে বেশ কয়েকবার নির্দিষ্ট কোম্পানির লটারির টাকা ঢোকে। সব ক্ষেত্রেই প্রথম পুরস্কারের কোটি কোটি টাকা জমা পড়েছে ওই নেতাদের অ‍্যাকাউন্টে। পাচার এবং চাকরি নিলামের কালো টাকা সাদা করতে এই লটারিকে ব্যবহার করার অভিযোগ রয়েছে তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে। লটারির পুরস্কার প্রাপক বা টিকিট বিক্রেতাদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য হাতে পায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সেই তথ্যের সূত্র ধরেই ইডি (ED) হানা দিয়েছে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share