মাধ্যম নিউজ ডেস্ক: “আমরা স্বেচ্ছায় ভবিষ্যতের দায়িত্ব গ্রহণ করি বা না করি, শেষ পর্যন্ত সেই দায়িত্ব অনিবার্যভাবেই যুবসমাজের কাঁধেই এসে পড়বে। আমরা যদি কেবল নিজেদের জন্যই কাজ করি, তাহলে কি আমি ও আমার পরিবার নিরাপদ থাকতে পারব? যখনই জাতির ওপর সঙ্কট নেমে এসেছে, তখনই সমাজ জেগে উঠেছে। হুন, মুঘল, পাঠান এবং শেষ পর্যন্ত ব্রিটিশ রাজত্বকালের প্রতিটি পর্যায়েই ইতিহাসে এই ছবি বারংবার দেখা গিয়েছে।” নাগাড়ে কথাগুলি বলে গেলেন আরএসএসের সরসংঘচালক মোহন ভাগবত (Mohan Bhagwat)। শিলিগুড়িতে আয়োজিত যুব সম্মেলনে বক্তব্য রাখতে কথাগুলি বলেন আরএসএস (RSS) প্রধান।
সামাজিক সংস্কার আন্দোলনের ধারা (Mohan Bhagwat)
তিনি বলেন, “সমাজে থাকা বৈষম্য ও সংকীর্ণ স্বার্থপরতা দূর করার লক্ষ্যেই বিভিন্ন সামাজিক সংস্কার আন্দোলনের ধারা সৃষ্টি হয়েছে। আমরা কারা? আমাদের আপনজন কারা? এই আত্মপরিচয়-বোধ পুনর্জাগ্রত করতেই দয়ানন্দ সরস্বতী এবং রামকৃষ্ণ–বিবেকানন্দের অনুপ্রেরণায় কাজ শুরু হয়েছিল।” আরএসএসের প্রতিষ্ঠাতা ড. কেবি হেডগেওয়ার সম্পর্কে বলতে গিয়ে ভাগবত বলেন, “অল্প বয়সেই ডক্টরজি নাগপুরের একটি বিদ্যালয়ে বন্দেমাতরম আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়াশোনার সুযোগে হেডগেওয়ার অনুশীলন সমিতির সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন এবং বিপ্লবী আন্দোলনকে পশ্চিম ভারতেও ছড়িয়ে দিয়েছিলেন। এরপর তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ ওঠে।”
ডক্টরজির প্রশ্ন
আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে ডক্টরজি প্রশ্ন তুলেছিলেন, কোন আইনের ভিত্তিতে ব্রিটিশরা ভারত শাসনের অধিকার লাভ করেছিল? বীর সাভারকর, সুভাষচন্দ্র বসু এবং লোকমান্য তিলকের মতো মহান ব্যক্তিত্বদের মতো ডক্টরজিও উপলব্ধি করেছিলেন যে সমাজ গঠন ছাড়া জাতীয় পুনর্জাগরণের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে। জাতির সর্বাঙ্গীণ অগ্রগতির লক্ষ্যে তিনি ব্যক্তিত্ব ও চরিত্র গঠনের কাজ শুরু করেছিলেন। সংঘ প্রধান (Mohan Bhagwat) বলেন, “স্বয়ংসেবকরা সমাজের প্রতিটি ক্ষেত্রে কাজ করতে করতে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলেছেন। ভারতের প্রতিটি নাগরিকের উচিত ভারতের জন্য বাঁচা, ভারতকে জানা (RSS) এবং ভারতকে গ্রহণ করা। সংঘ হল ভারতের মহান ব্যক্তিত্বদের চিন্তা ও অভিজ্ঞতার সারবত্তাকে বাস্তবে রূপ দেওয়ার একটি প্রক্রিয়া। আমরা বলি, বৈচিত্র্যের মধ্যেই ঐক্যের অনুসন্ধান।”
স্বয়ংসেবকদের অনুরোধ
স্বয়ংসেবকদের অনুরোধ করে ভাগবত বলেন, “প্রত্যেকে যেন বাড়িতে সংবিধানের একটি করে কপি রাখেন এবং তা মনোযোগ দিয়ে পড়েন।” তিনি বলেন, “সংঘে আসুন, সংঘকে পর্যবেক্ষণ করুন, যাচাই করুন এবং যদি সব কিছু যথাযথ মনে হয়, তবে সংঘের কার্যক্রমের সঙ্গে নিজেকে যুক্ত করুন। আসুন, আমরা সবাই জাতীয় পুনরুত্থানের এই মহান অভিযানে সক্রিয় অংশগ্রহণকারী হয়ে উঠি।” প্রসঙ্গত, আরএসএসের (RSS) শতবর্ষ পূর্তি উপলক্ষে এই যুব সম্মেলনটির আয়োজন করা হয়েছিল। এটি জাতীয় স্তরে আয়োজিত ধারাবাহিক কর্মসূচিরই একটি অংশ (Mohan Bhagwat)।








