Tag: news in bengali

news in bengali

  • Sheikh Shahjahan: সিবিআই-এর খাঁচায় সন্দেশখালির ‘বাঘ’, রাতেই কি শাহজাহানকে জিজ্ঞাসাবাদ?

    Sheikh Shahjahan: সিবিআই-এর খাঁচায় সন্দেশখালির ‘বাঘ’, রাতেই কি শাহজাহানকে জিজ্ঞাসাবাদ?

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ টালবাহানার পর শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) হেফজতে নিল সিবিআই। মঙ্গলবার বিকেল থেকে বুধবার সন্ধ্যা, ৬টার পর শেখ শাহজাহানকে ভবানী ভবন থেকে নিজেদের হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী দল। সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানকে হেফাজতে নিয়েই ভবানী ভবন থেকে বেরিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  হেফাজতে নেওয়ার পর জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে শেখ শাহজাহানকে। জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর শেখ শাহজাহানকে নিজাম প্যালেসে নিয়ে যায় সিবিআই। রাতেই এক দফা জিজ্ঞাসাবাদ করা হতে পারে একদা সন্দেশখালির (Sandeshkhali Incident) দাপুটে তৃণমূল নেতাকে। 

    বাধ্য হয়ে সিবিআই-এর হাতে

    আদালতের দেওয়া সময়সীমা পেরিয়ে যাওয়ার পর বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিট নাগাদ শাহজাহানকে নিয়ে ভবানী ভবন থেকে বেরোন কেন্দ্রীয় তদন্তকারীরা। পাশাপাশি, সংশ্লিষ্ট মামলার কাগজপত্র সিবিআইয়ের হাতে তুলে দেয় সিআইডি। কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালিকাণ্ডের তদন্ত এখন সিবিআইয়ের হাতে। মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ নির্দেশ দিয়েছিল, শাহজাহানকেও সিবিআইয়ের হাতেই তুলে দিতে হবে। বুধবার সারাদিন লুকোচুরি খেলার পর এক প্রকার বাধ্য হয়েই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে শাহজাহানকে তুলে দেয় রাজ্য। উল্লেখ্য, বুধবারই সিবিআই সন্দেশখালিকাণ্ডে তিনটি এফআইআর করেছে। তার মধ্যে একটিতে সন্দেশখালির অশান্তিতে মূল অভিযুক্ত হিসাবে নাম রয়েছে শাহজাহানের।

    শুভেন্দুর কটাক্ষ

    গত ৫ জানুয়ারি রেশন মামলার তদন্তে সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রমণের মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের। তারপর থেকে দীর্ঘ ৫৫ দিন নিখোঁজ ছিল শাহজাহান। তারপর আদালতের কড়া নির্দেশে পুলিশ তাকে গ্রেফতার করে। এবারও হাইকোর্টে ধাক্কা, সুপ্রিম কোর্টে অস্বস্তি, তাও দু’দিনের টানাপোড়েন চলল শাহজাহানকে নিয়ে। কিছুতেই শেখ শাহজাহানকে সিবিআই-এর হাতে তুলে দিতে রাজি হচ্ছিল না রাজ্য। “অভিযুক্তকে আড়াল করতেই কি লুকোচুরি খেলছিল পুলিশ?” কার নির্দেশেই বা শাহজাহানকে সামলে রাখা হচ্ছিল। প্রশ্ন তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

     

    আরও পড়ুন: ১২.৭৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত! ইডির তালিকায় শাহজাহানের কোন কোন জমি?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali Case: বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি জাতীয় মহিলা কমিশনেরও

    Sandeshkhali Case: বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি জাতীয় মহিলা কমিশনেরও

    মাধ্যম নিউজ ডেস্ক: নানা সময় বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছিলেন বিরোধীরা। এবার সেই একই দাবি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Case) মহিলাদের নির্যাতন ও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন রেখা।

    রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ

    পরে সংবাদ মাধ্যমে তিনি বলেন, “সন্দেশখালি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ওই রাজ্য থেকে আগেও হিংসার অনেক ঘটনার খবর উঠে এসেছে। রাজ্য সরকার ওই সব ঘটনার প্রেক্ষিতে কোনও পদক্ষেপই করেনি রাজ্য সরকার। তাই জাতীয় মহিলা কমিশন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ওই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করেছে।” বাংলার পরিস্থিতি সম্পর্কে তিনি যে সচেতন এবং নিয়মিত খবর নিচ্ছেন, এদিন তাও জানান রেখা।

    জাতীয় মহিলা কমিশন

    সন্দেশখালিকাণ্ডের পর ফেব্রুয়ারি মাসে সেখানে গিয়েছিল জাতীয় মহিলা কমিশন। সেই সময় দাবি করা হয়েছিল, সন্দেশখালির যা পরিস্থিতি, তাতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া আর কোনও উপায় নেই। সেই সময় রেখা জানিয়েছিলেন (Sandeshkhali Case), ধর্ষণের অভিযোগ তো আছেই, শ্লীলতাহানির ঘটনাও ঘটেছে সেখানে। তাঁর দাবি, বহু ঘটনার তো উল্লেখই নেই। কারণ পুলিশ কোনও পদক্ষেপ করেনি। দু’ সপ্তাহের মধ্যেই সন্দেশখালি নিয়ে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট দিল জাতীয় মহিলা কমিশন।

    আরও পড়ুুন: “বাংলার অরাজক পরিস্থিতি ঘোচানোর চেষ্টা করব”, পদ্ম-পতাকা নিয়ে বললেন তাপস

    শেখ শাহজাহান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মহিলাদের বেআইনিভাবে আটকে রাখা, ধর্ষণ, শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতনের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে রিপোর্ট। জাতীয় মহিলা কমিশনের অভিযোগ, শেখ শাহজাহানের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ থাকা সত্ত্বেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনাগুলির তদন্তের জন্য শর্মার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

    মহিলা কমিশনের ওই রিপোর্টে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি, হিংসার তদন্তে কেন্দ্রীয় বা বিচার বিভাগীয় সংস্থা নিয়োগ, সন্দেশখালির পুলিশ কর্মীদের বদলির সুপারিশও করা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবারই সন্দেশখালি মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্য পুলিশের হাতে ধৃত শেখ শাহজাহানকেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশও দিয়েছিল আদালত (Sandeshkhali Case)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Bengaluru: বেঙ্গালুরু বিস্ফোরণে ব্যাগের মালিকের সন্ধানে ১০ লাখি পুরস্কার ঘোষণা এনআইএর

    Bengaluru: বেঙ্গালুরু বিস্ফোরণে ব্যাগের মালিকের সন্ধানে ১০ লাখি পুরস্কার ঘোষণা এনআইএর

    মাধ্যম নিউজ ডেস্ক: ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ১ মার্চ বেঙ্গালুরুর (Bengaluru) হোয়াইটফিল্ড এলাকায় যে ব্যাগে বিস্ফোরণ হয়েছিল, তার মালিকের সন্ধান দিতে পারলে মিলবে ওই পরিমাণ টাকা। ব্যাগটির মালিকের ছবি সম্বলিত একটি পোস্টারও সাঁটিয়েছে এনআইএ। তাতে ওই দুর্বৃত্তের সন্ধান পেলে কোন নম্বরে যোগাযোগ করতে হবে, তাও বলা হয়েছে। লেখা হয়েছে, ওই ব্যক্তির সম্পর্কে কোনও তথ্য দিতে পারলে পুরস্কৃত করা হবে। যিনি সন্ধান দেবেন, তাঁর পরিচয় গোপন রাখা হবে।

    তদন্তে এনআইএ (Bengaluru)

    ১ মার্চের ওই ঘটনার তদন্তে নেমেছিল বেঙ্গালুরু পুলিশ। কিন্তু তিনদিন পরেও কাউকে গ্রেফতার করতে না পারায় তদন্তভার দেওয়া হয় এনআইএর হাতে। সাংসদ তেজস্বী সূর্যের দাবি (Bengaluru), বিজেপির চেষ্টার ফলেই বিস্ফোরণের তদন্তভার গিয়েছে এনআইএর হাতে। প্রসঙ্গত, ওই দিন বিস্ফোরণে অন্তত ১০জন জখম হয়েছিলেন। এলাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয় তাঁদের। চিকিৎসার খরচ দেওয়ার আশ্বাস দিয়েছে কর্নাটক সরকার।

    সিসিটিভির ফুটেজে সন্দেহভাজন

    সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গিয়েছে। বয়স ২৮-৩০ বছর। দুপুরের খাওয়ার সময় ক্যাফেতে ঢুকেছিল সে। রাভা ইডলির কুপনও নিয়েছিল। কিন্তু না খেয়েই ক্যাফে ছেড়ে চলে যায়। নিয়ে যায়নি তার ব্যাগটিও। এই ব্যাগেই ছিল আইইডি।

    রামেশ্বরম ক্যাফের সিইও রাঘবেন্দ্র রাও বলেন, “ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তাই কেন্দ্র এবং রাজ্য সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।” ঘটনাটি যে ব্যবসায়িক শত্রুতার জের, তা মানতে রাজি নন তিনি। ব্যবসায়িক মহলে এই ধরনের ঘটনা ঘটে না বলেও জানান তিনি।

    আরও পড়ুুন: নয়া ঠিকানা নিজাম প্যালেস! অবশেষে সিবিআই হেফাজতে শেখ শাহজাহান

    এদিন কংগ্রেসকেও একহাত নেন তেজস্বী। কারণ গ্র্যান্ড ওল্ড পার্টির তরফে বলা হয়েছিল, ব্যবসায়িক শত্রুতার জেরে এই ঘটনা। কংগ্রেসের বক্তব্য খারিজ করে তেজস্বী বলেন, “তাঁরা (কংগ্রেসের নেতারা) প্রায়ই নেটফ্লিক্স দেখেন। তাঁরা বেঙ্গালুরুর রেস্তরাঁর সঙ্গে কলম্বিয়া কার্টেলকে গুলিয়ে ফেলেছেন। ইডলি-বড়ার দোকানে বম্ব ব্লাস্ট হয়েছে ব্যবসায়িক শত্রুতার জেরে, এটা বলার চেয়ে হাসির খোরাক আর কী হতে পারে (Bengaluru)!”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Lok Sabha Election 2024: “বাংলার অরাজক পরিস্থিতি ঘোচানোর চেষ্টা করব”, পদ্ম-পতাকা নিয়ে বললেন তাপস

    Lok Sabha Election 2024: “বাংলার অরাজক পরিস্থিতি ঘোচানোর চেষ্টা করব”, পদ্ম-পতাকা নিয়ে বললেন তাপস

    মাধ্যম নিউজ ডেস্ক: “বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি চলছে, তা ঘোচানোর চেষ্টা করব।” বুধ-সন্ধ্যায় বিজেপিতে যোগ দিয়ে কথাগুলি বললেন তৃণমূলের প্রাক্তনী তাপস রায়। এদিন সল্টলেক সেক্টর ফাইভের বিজেপি দফতরে গিয়ে পদ্ম-শিবিরে যোগ দেন তিনি। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উত্তরীয় পরিয়ে তাপসের হাতে তুলে দেওয়া হয় বিজেপির ঝান্ডা। 

    কী বললেন তাপস?

    পদ্ম আঁকা পতাকা হাতে নিয়ে তাপস বলেন, “আমি আজ থেকে মোদি পরিবারের সদস্য হলাম। যতদিন রাজনীতিতে থাকব, এই পরিবারের সদস্য হিসেবে আমার দায়িত্ব পালন করব। বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি চলছে, তা ঘোচানোর চেষ্টা করব। দলের প্রতি ১০০ শতাংশ সৎ থাকব।” সদ্যই তৃণমূলের সঙ্গে ২৩ বছরের সম্পর্কে ইতি টেনেছেন পোড়খাওয়া এই রাজনীতিবিদ। এদিন (Lok Sabha Election 2024) যোগ দিলেন বিজেপিতে।

    ‘বাংলায় অরাজকতা চলছে’

    বলেন, “বাংলায় অরাজকতা চলছে। এই সরকার শেখ শাহজাহানদের সরকার, উত্তম সর্দারদের সরকার, শিবু হাজরাদের সরকার (সন্দেশখালির এই তিনজনের গায়ে লেগেছে নারী নির্যাতনের অভিযোগের কালি)। এই সরকার সংবিধান, আইনকানুনের কথা বলে। অথচ হাইকোর্টের নির্দেশ মানে না। বাংলা থেকে এই অমানবিক জলদস্যুদের সরিয়ে সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি, তাই বিজেপিতে যোগ দিলাম।”

    বিজেপি নেতৃত্বের প্রতি তিনি যে একশো শতাংশ লয়্যাল থাকবেন, এদিন তাও জানিয়ে দেন তাপস। তাঁকে প্রদেশ বা জেলায় যে দায়িত্বই দেওয়া হবে, সেই দায়িত্বই তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলেও জানান তাপস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা এ রাজ্যের পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে। তিনি বলেন, “বাংলায় বিজেপির হাত শক্ত হচ্ছে।” তাপসকে বিজেপিতে স্বাগত জানিয়ে শুভেন্দু বলেন, “উত্তর কলকাতায় আমাদের দলের সংগঠনে অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজন ছিল। আশা করছি, তাপস রায়ের যোগদান সেই প্রয়োজন অনেকটাই মেটাবে (Lok Sabha Election 2024)।”

    আরও পড়ুুন: মহিলাদের ‘লাখপতি দিদি’ বানানো তাঁর লক্ষ্য, বারাসতে ঘোষণা মোদির

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

  • UP Court: বরেলি হিংসার মূল চক্রী মৌলানা তাকির রাজাকে ফের তলব কোর্টের

    UP Court: বরেলি হিংসার মূল চক্রী মৌলানা তাকির রাজাকে ফের তলব কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: বরেলি হিংসার মূল চক্রী মৌলানা তৌকির রাজা। উত্তরপ্রদেশের অতিরিক্ত দায়রা আদালত (UP Court) তাঁকে তলব করল ১১ মার্চ। ওই হিংসায় অভিযুক্ত ছিলেন রাজা। ২০১০ সালের ওই হিংসায় ব্যাপক ক্ষতি হয়েছিল বরেলি শহরের।

    হিংসার আগুন বরেলিতে (UP Court)

    ২০১০ সালের ২ মার্চ হিংসার আগুন জ্বলে বরেলিতে। ছাবাইয়ে ফারাওয়াফতের শোভাযাত্রার রুটকে ঘিরে শুরু হয় বিতর্ক। বির্তক হয়েছিল হিন্দু ও মুসলিমদের মধ্যে। তার জেরে শুরু হয় হিংসা। দাবানলের মতো যা ছড়িয়ে পড়ে গোটা শহরে। দুই সম্প্রদায়ের মধ্যে পাথর ছোড়া, ভাঙচুর মায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছিল আকছার। মিছিলের আয়োজক ছিলেন (UP Court) সুন্নি মুসলমানেরা। বরেলি সেক্টরের মিলাদ-উন-নবি সংস্কৃতি বহন করেন এই সম্প্রদায়ের মুসলমানরা। প্রথমে যে রুটে যাওয়ার কথা ছিল শোভাযাত্রার, পরে তা বদলে দেওয়া হয়। তার জেরে এলাকায় ছড়ায় উত্তেজনা। পরে হিংসা শুরু হলে অশান্ত হয়ে ওঠে এলাকা। আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত নামানো হয় বাহিনী। অবশ্য তার আগেই জ্বলে-পুড়ে খাক হয়ে গিয়েছিল বহু বাড়ি, দোকানপাট।

    গ্রেফতার করা হয়েছিল রাজাকেও

    পরে পরিস্থিতির খানিক উন্নতি হলে শুরু হয় ধরপাকড়। গ্রেফতার করা হয় মৌলানা তৌকির রাজাকেও। অভিযোগ, জ্বালাময়ী বক্তৃতা দিয়ে হিংসায় ইন্ধন জুগিয়েছিলেন তিনি। রাজা গ্রেফতার হতেই শুরু হয় প্রতিবাদ আন্দোলন। পাল্টা হিংসাও শুরু হয়। ফের নামানো হয় বাহিনী। তার পরেই স্বাভাবিক হয় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। প্রবীণ পুলিশ সুপার এমকে ভাসারকে বদলি করে দেওয়া হয়। অতিরিক্ত দায়িত্ব দেওায়া হয় পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রাজীব সাভারওয়ালকে। তিনি ছিলেন স্টেট অ্যান্টি টেররিজম স্কোয়াডের ডিআইজি। সরিয়ে দেওয়া হয়েছিল আশিস কুমারকেও। তাঁর বদলে জেলাশাসকের দায়িত্ব দেওয়া হয় অনিল গর্গকে।

    আরও পড়ুুন: আফগানিস্তানে গ্রেফতার আরও এক, কেন কেরলের যুবকদের মধ্যে বাড়ছে আইসিস-প্রীতি?

    এক প্রবীণ পুলিশ কর্তা বলেন, “আমরা যদি হিংসার ঘটনাপ্রবাহের দিকে তাকাই, তাহলে দেখব হিংসার পক্ষে যথেষ্ঠ প্রমাণ রয়েছে। হিংসার ধরণ দেখলেও বোঝা যায়, দুই সম্প্রদায়ের মানুষ একবারও প্রত্যক্ষভাবে হিংসায় জড়িয়ে পড়েনি। ২ মার্চও মানুষ পাথর ছুড়ছিল। তার পরেই সংগঠিত একদল লোক বাড়িঘর-দোকানদানিতে আগুন লাগাচ্ছিল, ভাঙচুর করছিল। হিংসার দ্বিতীয় পর্যায়েও যুক্ত ছিলেন না দুই সম্প্রদায়ের মানুষ। ছিল সংগঠিত দু’দল জনতা। আর ছিল প্রশাসন (UP Court)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • ISIS Love: আফগানিস্তানে গ্রেফতার আরও এক, কেন কেরলের যুবকদের মধ্যে বাড়ছে আইসিস-প্রীতি?

    ISIS Love: আফগানিস্তানে গ্রেফতার আরও এক, কেন কেরলের যুবকদের মধ্যে বাড়ছে আইসিস-প্রীতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসিস-প্রীতির (ISIS Love) জেরে ফের গ্রেফতার কেরলের এক বাসিন্দা। বর্তমানে সে আফগানিস্তানে ছিল। আফগান গোয়েন্দা সংস্থা গ্রেফতার করে তাকে। আফগানিস্তানে বসেই সানাউল ইসলাম নামের ওই যুবক ইসলামিক স্টেট অফ ইরাক এবং সিরিয়া (আইসিস) নিয়ন্ত্রণ করত।

    কেরলের আইসিস যোগ…

    আফগানিস্তান প্রশাসনের তরফে সানাউলের ছবি প্রকাশ করা হয়েছে। আইসিসে (ISIS Love) যোগ দিতে তাজিকিস্তান হয়ে সে আফগানিস্তানে গিয়েছিল বলেও দাবি তালিব প্রশাসনের। এর ঠিক এক মাসে আগেই কেরল থেকে এনআইএ আদালত রিয়াজ আবু বক্করকে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে ষড়যন্ত্র করার দায়ে অভিযুক্ত করেছিল। এবার প্রকাশ্যে এল আরেক কেরল যুবকের আইসিস-প্রীতির উদাহরণ। গত বছর জুলাইয়েও এনআইএ কেরলে আইসিস মডিউলের একজনকে গ্রেফতার করেছিল। ভারতের ধর্মীয় স্থানে নাশকতার ষড়যন্ত্র করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাকে।  

    কেরলের যুবাদের আইএস-প্রীতি কেন?

    ২০১৭ সালে কেরল পুলিশ জানিয়েছিল, সে রাজ্যের প্রায় ১০০ জন যোগ দিয়েছে আইসিসে। প্রশ্ন হল, কী কারণে আইসিস-প্রীতি বাড়ছে কেরলের যুবকদের? জানা গিয়েছে, কেরলের যে তরুণরা আইসিসে যোগ দিয়েছে, তাদের সিংহভাগই মপলা মুসলমান, যারা বিশ্বাস করে তারা আরব ব্যবসায়ীদের বংশধর কিংবা উচ্চবর্ণের ধর্মান্তরিত হিন্দু। এই মুসলমানদের বাস মূলত মালাপূরম, কালিকট এবং কান্নুরে।

    আরও পড়ুুন: ‘সন্দেশখালির ঝড় সারা বাংলায় আছড়ে পড়বে’, বারাসতে বললেন মোদি

    অর্থের টোপ দিয়ে মগজধোলাই!

    সাতের দশক থেকে কেরলের বহু মানুষ মধ্য প্রাচ্যে চলে যাচ্ছেন রোজগারের ধান্ধায়। সেখান থেকেই তাঁরা যোগাযোগ রাখছেন ভরতে থাকা আত্মীয়-স্বজনের সঙ্গে। তাছাড়া, এই অঞ্চলে সৌদি আরব থেকেও প্রচুর মুদ্রা ঢোকে। সেই মুদ্রার টোপ গিলে এ রাজ্যের তরুণদের একাংশ সৌদি এবং সালাফি পণ্ডিতদের কাছ থেকে ধর্মীয় নীতিকথা শিখছে। কেরলে আইসিসের (ISIS Love) মাথারা নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রেও সফল। এই নেটওয়ার্কের মাধ্যমেই তারা নিয়োগ করছে তরুণদের। করছে মগজধোলাই।

    কেরলে একাধিক আইএস মডিউল সক্রিয়

    কেরলে আইসিসের অনেকগুলি মডিউল রয়েছে। এর মধ্যে আবদুল রশিদের কাসারগড় মডিউল এ রাজ্যের ২৪ জনকে আফগানিস্তানের মতো আইএসআইএস কলোনিগুলিতে পাঠিয়ে দিতে সফল হয়েছে। এই মডিউলে রয়েছে ধর্মান্তরিত যুবতী সোনিয়া সেবাস্টিয়ান এবং তার মুসলমান স্বামীও। তারাও পালিয়েছে আফগানিস্তানে। কান্নুরের আরও একটি মডিউল কেরলের ৪০-৫০ জন তরুণকে মৌলবাদে দীক্ষিত করেছে। এরাও পরে যোগ দিয়েছে আইসিসে (ISIS Love)। এই জঙ্গি গোষ্ঠীর সদস্যরা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএফআই) মতো নিষিদ্ধ সংগঠনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখে চলেছে বলে খবর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Opinion Poll: বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জিতবে ৩৭৮টি আসনে, ইঙ্গিত ‘ইন্ডিয়া টুডে’র সমীক্ষায়

    Opinion Poll: বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জিতবে ৩৭৮টি আসনে, ইঙ্গিত ‘ইন্ডিয়া টুডে’র সমীক্ষায়

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং দাবি করেছেন (Opinion Poll) লোকসভা নির্বাচনে বিজেপি একাই পাবে ৩৭০টি আসন। এনডিএ পাবে ৪০০টি। দিন কয়েক আগে ‘মুড অফ দ্য নেশনে’র সমীক্ষায়ও জানা গিয়েছিল বিপুল আসনে জিতে কেন্দ্রে ফিরতে চলেছে বিজেপিই। এবার ‘ইন্ডিয়া টুডে’র সমীক্ষায় জানা গেল আসন্ন লোকসভা নির্বাচনে জয়জয়কার বিজেপিরই।

    ওপিনিয়ন পোল (Opinion Poll)

    ‘ইন্ডিয়া টিভি-সিএনএক্স’-এর ওপিনিয়ন পোলের সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে মঙ্গলবার। তাতেও দেখা গিয়েছে, প্রধানমন্ত্রীর ভবিষ্যদ্বাণী খুব একটা ভুল নয়। সমীক্ষায় প্রকাশ, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জয়ী হবে ৩৭৮টি কেন্দ্রে। আর ‘ইন্ডি’ জোট (বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট) পেতে পারে ৯৮টি আসন। এর মধ্যে অবশ্য তৃণমূল নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, জগন মোহন রেড্ডির ওয়াইএসআরসিপি, চন্দ্রবাবু নাইডুর টিডিপি, নবীন পট্টানায়েকের বিজেডি এবং নির্দল মিলিয়ে পেতে পারেন বাকি ৬৭টি আসন। মনে রাখতে হবে, লোকসভার আসন সংখ্যা ৫৪৫ হলেও, নির্বাচন হবে ৫৪৩টিতে।

    কী বলছে সমীক্ষা?

    বিজেপি যে একাই রাজ করবে, তাও জানা গিয়েছে সমীক্ষায় (Opinion Poll)। জানা গিয়েছে, পদ্ম শিবির একাই জয়ী হবে ৩৩৫টি আসনে। গুজরাটের ২৬টি আসনেই ক্লিন স্যুইপ হয়ে যাবে বিরোধীরা। মধ্যপ্রদেশের ২৯টি আসনেও খড়কুটোর মতো উড়ে যাবে বিরোধীরা। রাজস্থানের ২৫, হরিয়ানার ১০, দিল্লির ৭, উত্তরাখণ্ডের ৫ এবং হিমাচলপ্রদেশের ৪টি আসনেও মুছে যাবে বিরোধীরা। দক্ষিণের রাজ্য কেরলেও এবার থাবা বসাচ্ছে গেরুয়া পার্টি। সমীক্ষায় প্রকাশ, এ রাজ্যেও তিনটি আসনে জয়ী হতে পারে বিজেপি। সমীক্ষার ফল মিললে এই প্রথম কেরলে খাতা খুলতে চলছে বিজেপি। ওপিনিয়ন পোল থেকে এও জানা গিয়েছে, তিরুবনন্তপুরম লোকসভা কেন্দ্রে কংগ্রেসের শশী তারুরকে জোর টক্কর দেবেন বিজেপির রাজীব চন্দ্রশেখর। শেষ হাসি হাসতে পারেন চন্দ্রশেখরই।

    আরও পড়ুুন: হাইকোর্টের নির্দেশ বহাল রাখল শীর্ষ আদালত, আজই সিবিআই-এর হাতে শেখ শাহজাহান?

    অন্যান্য বারের মতো এবারও সবার নজর থাকবে উত্তরপ্রদেশের দিকে। সমীক্ষা থেকে জানা গিয়েছে, যোগীরাজ্যে বিজেপি জিততে পারে ৭৪টি আসনে। সহযোগী রাষ্ট্রীয় লোক দল এবং আপনা দল পেতে পারে দুটি করে আসন। বাকি দুটি আসন যেতে পারে অখিলেশ যাদবের ঝুলিতে। শূন্য হাতে ফিরতে হতে পারে কংগ্রেস ও বহুজন সমাজবাদী পার্টিকে।

    বিজেপির আশা, বাংলার ৪২টি আসনের মধ্যে ২০টি, বিহারের ৪০টির মধ্যে ১৭টি, ঝাড়খণ্ডের ১৪টির মধ্যে ১২টি, কর্নাটকের ২৮টির মধ্যে ২২টি, মহারাষ্ট্রের ৪৮টির মধ্যে ২৫টি, ওড়িশার ২১টির মধ্যে ১০টি, অসমের ১৪টির মধ্যে ১০টি পাবে তারা। তামিলনাড়ুতে ৪টি এবং তেলঙ্গানার ৫টি আসনেও পদ্ম প্রার্থীরা জয়ী হবেন বলে আশা বিজেপির ভোট ম্যানেজারদের (Opinion Poll)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
  • Sheikh Shahjahan: হাইকোর্টের নির্দেশ বহাল রাখল শীর্ষ আদালত, আজই সিবিআই-এর হাতে শেখ শাহজাহান?

    Sheikh Shahjahan: হাইকোর্টের নির্দেশ বহাল রাখল শীর্ষ আদালত, আজই সিবিআই-এর হাতে শেখ শাহজাহান?

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল রাজ্য সরকার৷ কলকাতা হাইকোর্টের নির্দেশই জারি রাখল শীর্ষ আদালত। শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) সিবিআই-এর হাতেই তুলে দিতে হবে রাজ্য পুলিশকে, বুধবার এমনই নির্দেশ দিল শীর্ষ আদালত। তৃণমূলের বহিষ্কৃত নেতা শাহজাহান শেখকে সিবিআইয়ের হাতেই তুলে দিতে হবে। সন্দেশখালি (Sandeshkhali Incident) নিয়ে মঙ্গলবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল সরকার। বুধবার বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ জানিয়ে দেয় ধৃত নেতাকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করতে হবে পুলিশকে। 

    আদালতের পর্যবেক্ষণ

    সন্দেশখালি মামলায় (Sandeshkhali Incident) হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল রাজ্য। হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। অর্থাৎ শাহজাহানকে (Sheikh Shahjahan) নিজেদের হেফাজতে নিতে আর বাধা নেই সিবিআইয়ের। মঙ্গলবারই কলকাতা হাইকোর্ট সিবিআই-এর হাতে শেখ শাহজাহানকে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে। সেই নির্দেশের পরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনুসিঙ্ঘভি শীর্ষ আদালতে জরুরি শুনানির আবেদন জানালে তা খারিজ হয়ে যায়। তবে বুধবার পিটিশন দাখিল করা হয় শীর্ষ আদালতে। তাও সঞ্জীব খান্নার বেঞ্চ সেই মামলা শুনতে চায়নি। এই আবহে আপাতত হাইকোর্টের নির্দেশের ওপর হস্তক্ষেপ করতে চায়নি সুপ্রিম কোর্ট। 

    আরও পড়ুন: ১২.৭৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত! ইডির তালিকায় শাহজাহানের কোন কোন জমি?

    আজই সিবিআই হেফাজতে শাহজাহান

    বুধবার সকালে অভিষেক মনুসিঙ্ঘভির আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জীব খান্না জানান, এই ধরনের মামলায় জরুরি শুনানির আবেদন নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। তবে আজ বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সাংবিধানিক বেঞ্চের কাজে ব্যস্ত। তাই তাঁর এজলাসে শাহজাহান (Sheikh Shahjahan) সংক্রান্ত মামলার উল্লেখ করা সম্ভব হয় কি না, তা নিয়ে সংশয় রয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলেই হাইকোর্টের নির্দেশ মতো শাহজাহানকে হেফাজতে নিতে ভবানী ভবনে পৌঁছে যান সিবিআইয়ের আধিকারিকেরা। কিন্তু শেষ পর্যন্ত শাহজাহানকে না-নিয়েই ভবানী ভবন ছাড়তে হয় তাঁদের। সিআইডি যুক্তি দেয় যেহেতু রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে গিয়েছে রাজ্য, তাই মামলাটি বিচারাধীন। এই পরিস্থিতিতে সুপ্রিম নির্দেশের পর সিবিআই আজ, বুধবার ফের শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Sheikh Shajahan: ১২.৭৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত! ইডির তালিকায় শাহজাহানের কোন কোন জমি?

    Sheikh Shajahan: ১২.৭৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত! ইডির তালিকায় শাহজাহানের কোন কোন জমি?

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের (Sheikh Shajahan) ১২.৭৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সন্দেশখালি, সরবেরিয়া এবং কলকাতায় রয়েছে সে সব জমি, ফ্ল্যাট, ভেড়ি রয়েছে। মঙ্গলবারই সন্দেশখালি (Sandeshkshli) মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ইডি (ED) জানিয়েছে, তহবিল তছরুপ প্রতিরোধ আইন বা পিএমএলএ-র (PMLA) আওতায়, ‘প্রভিশনালি’, অর্থাৎ, অস্থায়ীভাবে এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

    ইডির নজরে কোন কোন জায়গা

    মঙ্গলবার এক বিবৃতিতে ইডি (ED) জানিয়েছে, বিভিন্ন অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ, বিভিন্ন অস্থাবর সম্পত্তির আকারে লুকিয়ে রেখেছে শাহজাহান (Sheikh Shajahan)। এর মধ্যে ১৪টি স্থাবর সম্পত্তি এবং আরও কিছু অস্থাবর সম্পত্তি রয়েছে। ১৪টি স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে সরবেড়িয়া গ্রাম, সন্দেশখালি (Sandeshkshli) এবং কলকাতায় থাকা শাহজাহানের অ্যাপার্টমেন্ট, কৃষিজমি, মৎস্য চাষের জমি, বসত এলাকার জমি ও ভবন ইত্যাদি। এছাড়া, শাহজাহানের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও ‘অ্যাটাচ’ করা হয়েছে। রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় বেশ কিছুদিন ধরেই ইডির আতসকাঁচের নীচে ছিলেন শাহজাহান। তাঁর বিপুল সম্পত্তি র খোঁজও চলছিল। গত ৫ জানুয়ারি রেশন ‘দুর্নীতি’ মামলায় সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। সেখানে ইডি আধিকারিকদের উপর হামলা হয়েছিল। 

    আরও পড়ুুন: ‘‘তৃণমূল আর বেশিদিন থাকবে না’’, ইস্তফা দিয়েই হুঙ্কার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

    আদালতের পর্যবেক্ষণ

    ইডির (ED) উপর হামলা, রেশন কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকা ছাড়াও শাহজাহান (Sheikh Shajahan) ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে সন্দেশখালি (Sandeshkshli) এলাকায় জোর করে জমিদখল, মহিলাদের উপর যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগ ওঠে। গত বৃহস্পতিবার তাঁকে গ্রেফতারের পর, রাজ্য পুলিশের হেফাজতেই আছেন তিনি। মঙ্গলবারই, কলকাতা হাইকোর্ট শাজাহানকে সিবিআই-এর কাছে হস্তান্তর করার নির্দেশ দিয়েছে। এই রায়ের বিরুদ্ধে জরুরি শুনানির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে পশ্চিমবঙ্গ সরকার। তাই মঙ্গলবার বিকেলে শাহজাহানকে হেফাজতে নিতে ভবানী ভবনে পৌঁছেও সন্দেশখালির বাঘকে ছাড়াই ফিরে যেতে হয় সিবিআইকে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Modi in Bengal: রাজ্যে ফের প্রধানমন্ত্রী, বুধে সভা বারাসতে, থাকবেন সন্দেশখালির নির্যাতিতারা?

    Modi in Bengal: রাজ্যে ফের প্রধানমন্ত্রী, বুধে সভা বারাসতে, থাকবেন সন্দেশখালির নির্যাতিতারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গল-সন্ধ্যায় কলকাতায় পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi in Bengal)। বুধবার বারাসতে জনসভা করবেন তিনি। সেই কারণেই এদিন এলেন শহরে। কলকাতা বিমানবন্দরে নেমেই প্রধানমন্ত্রী সোজা চলে যান রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। এখানেই ভর্তি রয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের নবতিপর প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজ। তাঁকে দেখতেই হাসপাতালে যান প্রধানমন্ত্রী।

    স্বামী স্মরণানন্দকে দেখতে হাসপাতালে মোদি

    রামকৃষ্ণ মিশনের ষোড়শ অধ্যক্ষের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। ৭টা ১৩ মিনিট নাগাদ সেখান থেকে বেরিয়ে প্রধানমন্ত্রীর কনভয় রওনা দেয় রাজভবনের উদ্দেশে। এখানেই রাত্রিবাস করবেন তিনি। বুধবার সকাল থেকেই গুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর (Modi in Bengal)। এদিন সকালে হাওড়া-ধর্মতলা রুটে মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

    প্রধানমন্ত্রীর গুচ্ছ কর্মসূচি 

    এর পাশাপাশি ১৫ হাজার ৪০০ কোটি টাকার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন প্রধানমন্ত্রী। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড সহ মোট তিনটি মেট্রো রেল রুটের উদ্বোধন করবেন তিনি। পরে দমদম বিমানবন্দর চত্বর থেকে ১১ কিলোমিটার রোড শো করে প্রধানমন্ত্রী পৌঁছবেন বারাসতের কাছারি ময়দানে। বেলা ১১.৩০টা থেকে ১২.৩০টা পর্যন্ত থাকবেন এখানকার জনসভায়।

    প্রধানমন্ত্রীর এই জনসভায়ই দেখা যেতে পারে সন্দেশখালির নির্যাতিতাদের। পার্টি মিটিংয়ের অছিলায় প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের দলবল এলাকার সুন্দরী মহিলাদের পার্টি অফিস কিংবা বাগানবাড়িতে ডেকে নিয়ে যেত বলে অভিযোগ। তার পর চলত নির্যাতন। প্রতিবাদ করলে ভয় দেখানো হত। এই নির্যাতিতারাই মুখ ঢেকে উপস্থিত হতে পারেন প্রধানমন্ত্রীর সভায়। তাঁকে শোনাতে পারেন শাহজাহানের দলবলের অত্যাচারের কাহিনি।

    আরও পড়ুুন: হাওয়ালার মাধ্যমে ৭৫০ কোটি টাকা পাচার করেছিলেন তৃণমূলের জ্যোতিপ্রিয়!

    বারাসতের মঞ্চে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে রওনা হয়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন ১টা বেজে ৫ মিনিটে। ১টা বেজে ১০ মিনিটে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান রওনা দেবে উত্তরপ্রদেশের উদ্দেশে। আগামী ৯ মার্চ তৃতীয় দফায় রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিন শিলিগুড়িতে একদিকে সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। পরে যোগ দেবেন দলীয় সমাবেশে। প্রসঙ্গত, ইতিমধ্যেই একবার বাংলা সফর করে ফেলেছেন প্রধানমন্ত্রী। হুগলির আরামবাগ এবং নদিয়ার কৃষ্ণনগরে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করেছেন তিনি (Modi in Bengal)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

      

LinkedIn
Share