Tag: ppp

ppp

  • Pakistan Sindh Protests: সিন্ধু ভাগের প্রস্তাব ঘিরে পাকিস্তানে উত্তেজনা তুঙ্গে, করাচির রাস্তায় হাজার হাজার মানুষের বিক্ষোভ, পাঞ্জাব অবরোধের হুঁশিয়ারি

    Pakistan Sindh Protests: সিন্ধু ভাগের প্রস্তাব ঘিরে পাকিস্তানে উত্তেজনা তুঙ্গে, করাচির রাস্তায় হাজার হাজার মানুষের বিক্ষোভ, পাঞ্জাব অবরোধের হুঁশিয়ারি

    মাধ্যম নিউজ ডেস্ক: সিন্ধু প্রদেশকে ভাগ করার প্রস্তাব ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে। প্রস্তাবিত এই প্রশাসনিক পুনর্গঠনের বিরুদ্ধে (Pakistan Sindh Protests) সরব হয়েছেন সিন্ধুর জাতীয়তাবাদী নেতারা। রবিবার, ২২ নভেম্বর পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির রাস্তায় নেমে বিক্ষোভ দেখান হাজার হাজার মানুষ। রঙিন সাজে সজ্জিত বাসে চেপে এবং ঐতিহ্যবাহী সিন্ধি আজরাখ চাদর ও টুপি পরে মিছিলে অংশ নেন (Asim Munir) তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, সিন্ধুর ভৌগোলিক অখণ্ডতা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। একই সঙ্গে পাকিস্তানের সবচেয়ে জনবহুল ও রাজনৈতিকভাবে প্রভাবশালী প্রদেশ পাঞ্জাবের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের হুঁশিয়ারিও দিয়েছে সিন্ধুর জাতীয়তাবাদী সংগঠনগুলি।

    শুধু করাচিতেই নয়, সিন্ধুর বিভিন্ন শহর ও জনপদেও ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং পাঞ্জাব-প্রভাবিত সামরিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিজেদের মাতৃভূমিকে খণ্ডিত করার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। আগামী দিনেও একাধিক বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, একই দিনে পরস্পরবিরোধী রাজনৈতিক শিবিরের সভা ও সমাবেশের প্রস্তুতি ঘিরে করাচিতে সংঘাতের আশঙ্কাও বাড়ছে।

    কীভাবে শুরু হল সিন্ধু ভাগের বিতর্ক? (Pakistan Sindh Protests)

    পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি দেশে নতুন প্রদেশ গঠনের প্রস্তাব সামনে আনার পর থেকেই এই বিতর্কের সূত্রপাত। তিনি আসিম মুনিরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত। বিষয়টি নিয়ে আপত্তি আরও জোরালো হয় পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারির বক্তব্যের পর। সিন্ধুকেন্দ্রিক এই রাজনৈতিক দলের নেতা স্পষ্ট জানিয়ে দেন, সিন্ধুকে ভাগ করার কোনও চেষ্টা বরদাস্ত করা হবে না। শাহবাজ শরিফের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে তিনি বলেন, এই ধরনের পদক্ষেপের পরিণতি ভয়াবহ হতে পারে। সিন্ধুর মানুষ অস্ত্র হাতে তুলে নিতে পারেন এবং করাচি ও হায়দরাবাদের রাস্তায় রক্তপাতের পরিস্থিতিও তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

    বর্তমানে পাকিস্তানে চারটি প্রদেশ রয়েছে। তবে দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল প্রদেশের সংখ্যা বাড়িয়ে ১২ থেকে ১৫ করার সম্ভাবনার কথা বলেছেন। অন্যদিকে, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দাবি, ২০২৬ সালের শেষ নাগাদ গণভোট সংক্রান্ত আলোচনা বাস্তব রূপ নিতে পারে।

    সিন্ধুর জাতীয়তাবাদীদের বক্তব্য, সিন্ধু শুধুমাত্র পাকিস্তানের একটি প্রশাসনিক প্রদেশ নয়। এটি তাদের ঐতিহাসিক মাতৃভূমি। নিজস্ব সভ্যতা, ভাষা ও সাংস্কৃতিক পরিচয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে এই অঞ্চলের। পাকিস্তান রাষ্ট্রের জন্মেরও বহু আগে থেকে এই পরিচয় প্রতিষ্ঠিত।

    উল্লেখযোগ্য বিষয় হল, স্বাধীন সিন্ধুদেশের দাবিতে নতুন করে আন্দোলন শুরু হয়েছে এমন একটা সময়ে, যার এক বছরেরও কম সময় আগে ২০২৫ সালের ৭ ডিসেম্বর সিন্ধি সংস্কৃতি দিবস উপলক্ষে স্বাধীনতার দাবিতে বিক্ষোভ হয়েছিল। সেই কর্মসূচিকে কেন্দ্র করে করাচিতে নিরাপত্তারক্ষীদের (Pakistan Sindh Protests) সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের খবরও সামনে এসেছিল।

    সিন্ধুদেশ বলতে সিন্ধি জনগণের জন্য একটি স্বাধীন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে বোঝানো হয়। ১৯৭১ সালে বাংলাদেশের জন্মের পর জাতীয়তাবাদী নেতা জি এম সৈয়দ পাকিস্তান থেকে সিন্ধুর বিচ্ছিন্ন হওয়ার দাবিকে আরও জোরালো করেন।

    করাচি থেকে সিন্ধুর বিভিন্ন শহরে ছড়াল আন্দোলন

    রবিবার করাচিতে হাজার হাজার মানুষ লাল পতাকা হাতে নিয়ে মিছিল করেন। জিয়ে সিন্ধু রাহবার কমিটির নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে চারটি সিন্ধি জাতীয়তাবাদী রাজনৈতিক সংগঠন একজোট হয়। পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মিছিলে নেতৃত্ব দেন জিয়ে সিন্ধু মহাজের চেয়ারম্যান রিয়াজ আলি চান্দিও, নিয়াজ কালানি-সহ একাধিক জাতীয়তাবাদী নেতা।

    আইনজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও এই আন্দোলনে যোগ দেন। বিক্ষোভের জেরে করাচির একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

    আন্দোলনকারীরা প্রস্তাবিত গণভোটের বিরোধিতা করে জানিয়েছেন, এর মাধ্যমে সিন্ধু ভাগের পূর্বনির্ধারিত সিদ্ধান্তকে বৈধতা দেওয়ার চেষ্টা হতে পারে। একই সঙ্গে তাঁরা স্পষ্ট করেছেন, তাঁদের আন্দোলন উর্দুভাষী বাসিন্দা কিংবা অন্য কোনও জাতিগোষ্ঠীর বিরুদ্ধে নয়। পাকিস্তানের সংবাদপত্র ডন এই খবর (Asim Munir) জানিয়েছে।

    পাকিস্তানের সাংবাদিক তথা সমাজকর্মী ভিনগাস সমাজমাধ্যমে লিখেছেন, “নতুন প্রদেশ ও প্রশাসনিক অঞ্চল তৈরির প্রস্তাবের বিরুদ্ধে আজ সিন্ধিরা পথে নেমেছেন। ইসলামাবাদ যখনই সিন্ধুর জনবিন্যাস পরিবর্তনের চেষ্টা করেছে, তখনই সিন্ধুর মানুষ তার প্রতিবাদ করেছেন। ইসলামাবাদকে কখনও সিন্ধু ভাগ করতে দেওয়া হয়নি।”

    অন্যদিকে, পাকিস্তানি সাংবাদিক কাজি আসিফ এই কর্মসূচিকে সিন্ধু ভাগের বিরুদ্ধে করাচির রাস্তায় একটি শান্তিপূর্ণ প্রতিবাদ হিসেবে বর্ণনা করেছেন।

    প্রতিবেদন অনুযায়ী, করাচির এই মিছিলের কয়েক দিন আগেই সিন্ধুর হায়দরাবাদ, নওয়াবশাহ ও লারকানার মতো শহরেও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

    বিরাট সমাবেশ

    ২১ নভেম্বর সিন্ধুর দাদু জেলার মেহর শহরেও একই দাবিতে একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। পাকিস্তানের সুপ্রিম কোর্টের আইনজীবী আয়াজ লতিফ পালিজো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “সিন্ধুকে ভাগ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে মেহরের সমাবেশে মানুষের বিপুল উপস্থিতি প্রতিরোধ, ঐক্য এবং রাজনৈতিক সচেতনতার শক্তিশালী বার্তা দিয়েছে। এই ছোট শহরের মানুষ বুঝিয়ে দিয়েছেন, সিন্ধুর অখণ্ডতা নিয়ে কোনও আপস (Pakistan Sindh Protests) সম্ভব নয়।”

    এদিকে, ২২ নভেম্বর করাচি-সহ সুক্কুর ও জ্যাকোবাবাদের মতো একাধিক জেলাতেও বিক্ষোভ দেখায় জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল গোষ্ঠী। সংগঠনের সিন্ধু প্রদেশের নেতা রশিদ মাহমুদ সুমরো ইঙ্গিত দিয়েছেন, সিন্ধু ভাগের বিরোধিতায় বিলাওয়াল ভুট্টো, মওলানা ফজলুর রহমান এবং সিন্ধির জাতীয়তাবাদী দলগুলি এক মঞ্চে আসতে পারে।

    উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শাহবাজ শরিফের সরকার এবং সামরিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সমালোচনা আরও বাড়িয়েছেন জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলের প্রধান মওলানা ফজলুর রহমান। গত অক্টোবর খাইবার পাখতুনখোয়ায় রাজ্যপালের শাসন জারির পর তাঁর আক্রমণ আরও তীব্র হয়েছে। তাঁর অভিযোগ, সামরিক প্রতিষ্ঠান দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে। কেন্দ্রীয় সরকারে যোগ দিতে অস্বীকার করায় তাঁর দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির মামলার হুমকিও দেওয়া হচ্ছে।

    পাঞ্জাব অবরোধের হুঁশিয়ারি

    সিন্ধু ভাগের বিরোধিতার পাশাপাশি পাঞ্জাবের বিরুদ্ধে অর্থনৈতিক শোষণ এবং রাজনৈতিক আধিপত্য বিস্তারের অভিযোগও তুলেছেন জাতীয়তাবাদী নেতারা।

    সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, আন্দোলনের আয়োজকদের প্রকাশিত বিবৃতিতে আসিম মুনির এবং পাঞ্জাবের রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে সিন্ধুর ভৌগোলিক অখণ্ডতা দুর্বল করার অভিযোগ আনা হয়েছে। তাঁদের দাবি, প্রশাসনিক পুনর্গঠনের নামে সিন্ধুর জমি, সম্পদ ও প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে।

    জাতীয়তাবাদী নেতাদের আরও অভিযোগ, পাকিস্তানের ক্ষমতাসীন প্রতিষ্ঠানের প্রভাবশালী মহল সিন্ধুর লক্ষ লক্ষ একর কৃষিজমি, উপকূলবর্তী দ্বীপ এবং তেল, গ্যাস ও কয়লার মতো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের উপর দখলদারি চালাচ্ছে।

    এই পরিস্থিতিতে জিয়ে সিন্ধু মুত্তাহিদা মহাজ (জেএসএমএম) পাঞ্জাবের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছে। সংগঠনটির সদস্যরা করাচির বিক্ষোভে অংশ নিলেও তারা জিয়ে সিন্ধু রাহবার কমিটির অন্তর্ভুক্ত নয়।

    প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু ভাগের বিরোধিতায় শুরু হওয়া আন্দোলনকে এবার স্বাধীন সিন্ধুদেশ প্রতিষ্ঠার বৃহত্তর আন্দোলনে পরিণত করার পরিকল্পনাও ঘোষণা করেছে সংগঠনটি।

    জেএসএমএমের চেয়ারম্যান শফি মুহাম্মদ বুরফত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “সিন্ধু পাকিস্তান নয়।” সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে তিনি আরও বলেন, “সিন্ধিরা পাকিস্তানকে একটি অস্বাভাবিক রাষ্ট্র এবং পাঞ্জাবের ঔপনিবেশিক দখলদারির ফল হিসেবে মনে করেন। সিন্ধুকে ভাগ করার জন্য পাঞ্জাবের সামরিক নেতৃত্ব যে ষড়যন্ত্র করছে, তা আমরা প্রত্যাখ্যান করছি। সিন্ধু আমাদের মাতৃভূমি। স্বাধীন সিন্ধুদেশ প্রতিষ্ঠার দাবিতে রাষ্ট্রসংঘ-সহ আন্তর্জাতিক মহলের সমর্থন চাইছি। সিন্ধু পাকিস্তান নয়, স্বাধীন সিন্ধুদেশ প্রতিষ্ঠাই সিন্ধি জাতির সংগ্রামের মূল লক্ষ্য।”

    পাকিস্তান সরকারের পরিকল্পনা

    পাকিস্তানের প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের বিতর্ক নতুন করে গতি পায় ইসলামাবাদে আয়োজিত পাকিস্তান অর্থনৈতিক সম্মেলনে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ছোট ছোট প্রশাসনিক অঞ্চল এবং নতুন প্রদেশ (Pakistan Sindh Protests) তৈরির পক্ষে সওয়াল করেন। এই বিষয়ে গণভোটের সম্ভাবনার কথাও বলেন তিনি।

    পাল্টা প্রতিক্রিয়ায় বিলাওয়াল ভুট্টো সংবিধান নির্ধারিত প্রক্রিয়া এড়িয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেন।

    ২০০৮ সাল থেকে ধারাবাহিকভাবে সিন্ধুতে ক্ষমতায় রয়েছে পাকিস্তান পিপলস পার্টি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিন্ধু ভাগ হলে, বিশেষত করাচিকে আলাদা প্রদেশ করা হলে, এই অঞ্চলে দলটির রাজনৈতিক প্রভাব এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ দুর্বল হতে পারে। সেই কারণেই পিপিপি এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছে।

    এদিকে, পিপিপির প্রাদেশিক প্রতিদ্বন্দ্বী মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) নতুন প্রদেশ গঠনের প্রস্তাবকে সমর্থন করছে। উল্লেখযোগ্য বিষয় হল, এই দলটি কেন্দ্রের শাসক জোটের অন্যতম শরিক পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজেরও সহযোগী।

    তবে এখনও পর্যন্ত প্রস্তাবিত নতুন প্রদেশগুলির সীমানা নির্ধারণ করে কোনও চূড়ান্ত মানচিত্র প্রকাশ করা হয়নি। এমনকী সংবিধান সংশোধনের কোনও খসড়াও প্রকাশ্যে আসেনি।

    ২৯ নভেম্বর ফের বড় সংঘাতের আশঙ্কা

    এখনও পর্যন্ত সিন্ধুর অধিকাংশ বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। আগামী ২৯ নভেম্বর করাচিতে আরও একটি বড় জাতীয়তাবাদী মিছিলের পরিকল্পনা রয়েছে (Asim Munir)। একই দিনে নতুন প্রদেশ গঠনের সমর্থনে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে এমকিউএম-পি।

    একদিকে সিন্ধুর অখণ্ডতা রক্ষার দাবিতে জাতীয়তাবাদীদের আন্দোলন, অন্যদিকে নতুন প্রদেশ গঠনের পক্ষে রাজনৈতিক শিবিরের সক্রিয়তা—দুইয়ের সংঘাতে করাচির পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    তার উপর পাঞ্জাবের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে প্রশাসনিক পুনর্গঠন (Pakistan Sindh Protests) নিয়ে শুরু হওয়া বিতর্ক পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাতের পাশাপাশি বৃহত্তর অর্থনৈতিক ও আঞ্চলিক সংকটের রূপ নিতে পারে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

     

  • POJK Polls: পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা ইমরানের দলের, কারচুপির অভিযোগে সরব বিলাওয়াল

    POJK Polls: পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা ইমরানের দলের, কারচুপির অভিযোগে সরব বিলাওয়াল

    মাধ্যম নিউজ ডেস্ক: পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ২৯ জুলাই দলটি পুরো নির্বাচনী প্রক্রিয়াকে “প্রহসন” বলে অভিহিত করেছে। একই সঙ্গে ওই অঞ্চলে সাম্প্রতিক হিংসার নিন্দা করে পিটিআই বলেছে, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের কারণে আন্তর্জাতিক মহলে পাকিস্তান সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে। পিটিআই চেয়ারম্যান গওহর আলি খানের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী সর্দার কাইয়ুম নিয়াজি বলেন, কাশ্মীরিদের নজিরবিহীন নিপীড়ন ও বর্বরতার মুখে পড়তে হচ্ছে। সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “কাশ্মীরিদের এমনভাবে পিষে ফেলা হচ্ছে, যার কোনও নজির নেই।” তিনি বলেন, জম্মু ও কাশ্মীর যৌথ আওয়ামি অ্যাকশন কমিটির বিক্ষোভকারীরা সমঝোতায় পৌঁছানোর জন্য সব ধরনের চেষ্টা করেছিলেন। কিন্তু নিজেদের দাবিদাওয়া আর শোনা হচ্ছে না বুঝতে পেরে তাঁরা ৯ জুন বিক্ষোভের কথা ঘোষণা করেন। নিয়াজির কথায়, “তাঁরা শান্তিপ্রিয় মানুষ এবং আজও শান্তিপূর্ণ রয়েছেন। বলুন তো, সেখানে আমাদের বাহিনীর কোনও সদস্য গুলিতে নিহত হয়েছেন, কিংবা লাঠির ঘায়ে আহত হয়েছেন? এই মানুষগুলি গুলি খাচ্ছেন, তবুও শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে রয়েছেন।”

    তিন দফায় নির্বাচন নিয়ে প্রশ্ন (POJK Polls)

    পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরে তিন দফায় নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন নিয়াজি। তাঁর দাবি, ওই অঞ্চলের জনসংখ্যা মেরেকেটে ৩৫ থেকে ৪০ লাখ। অথচ ২৫ কোটি মানুষের পাকিস্তানে এক দফায়ই নির্বাচন হয়। তিনি প্রশ্ন করেন, “পাকিস্তানের জনসংখ্যা ২৫ কোটি এবং সেখানে এক দফায় নির্বাচন হয়। এখানে তিন দফার কী প্রয়োজন? কাশ্মীরে কী ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে?” তিনি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের জাতীয় নির্বাচনের প্রসঙ্গও তোলেন। ওই নির্বাচনে একই সঙ্গে প্রাদেশিক পরিষদ ও জাতীয় পরিষদের ভোট হয়েছিল। নিয়াজির অভিযোগ, সেই নির্বাচনে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের পক্ষে ব্যাপক কারচুপি করা হয়েছিল। দলটির প্রধান নওয়াজ শরিফকে লন্ডন থেকে পাকিস্তানে ফিরে এসে নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

    গওহরের বক্তব্য

    গওহরও সাম্প্রতিক নির্বাচনী প্রক্রিয়ার তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, ২৭ জুলাইয়ের নির্বাচন ওই অঞ্চলের মানুষের সঙ্গে “প্রহসন” করা হয়েছে। তিনি বলেন, “২৭ তারিখে যে নির্বাচন হয়েছে, তা আপনারা সবাই দেখেছেন। নির্বাচনের নামে এটি ছিল একটি প্রহসন। এখন সবাইকে মেনে নিতে হবে যে গুলি ও লাঠি ব্যবহার করে, মানুষকে দমন করে, তাদের কণ্ঠরোধ করে এবং প্রতিবাদ করতে বাধা দিয়ে সমস্যার সমাধান করা যায় না। মানুষের কথা শোনাই গণতন্ত্র।” পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির নিন্দা করে গওহর পাকিস্তান পিপলস পার্টি এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের বিরুদ্ধেও রাজনৈতিক স্বার্থে পরিস্থিতিকে ব্যবহার করার অভিযোগ তোলেন। তিনি বলেন, “আমরা প্রকাশ্যেই বলছি, সেখানে মৃতদেহ পড়ে ছিল, মানুষ রক্তে ভেসে যাচ্ছিল, আর রাজনৈতিক দলগুলি তা নিয়ে রাজনীতি করেছে। একজন আর একজনকে অভিনন্দন জানিয়েছে, অন্যজন অভিযোগ করেছে যে তার বিরুদ্ধে নির্বাচন কারচুপি করা হয়েছে।” গওহরের দাবি, এই দুই দলই গত ৪০ বছর ধরে চলা রাজনৈতিক ব্যবস্থার অধীনে ক্ষমতায় থেকেছে এবং নিজেদের প্রদেশগুলিতে পরাজিত হয়েছে। তাঁর মতে, নির্বাচনে কম ভোটার উপস্থিতিই এই দুই দলের প্রতি মানুষের প্রত্যাখ্যানের প্রতিফলন। তিনি বলেন, “এত কম ভোটার উপস্থিতি পুরো ব্যবস্থা এবং এই দুই দলের ওপর অনাস্থার প্রতিফলন। এটি তাদের বিরুদ্ধে গণভোটের সমান।” গওহর আরও বলেন, বর্তমান রাজনীতি মূলত ব্যক্তিগত স্বার্থ দ্বারা পরিচালিত হচ্ছে।

    পিপিপি ও পিএমএল-এনের সংঘাত

    এদিকে মিরপুর বিভাগের নির্বাচনী ফল নিয়ে পাকিস্তান পিপলস পার্টি এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগ শুরু হয়েছে। পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির অভিযোগ, সর্বত্র কারচুপি করে, ভয় দেখানো এবং রাজনৈতিক ঘুষকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে পিএমএল-এন জনগণের রায় চুরি করেছে। পিএমএল-এনের নির্বাচনী বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন বিলাওয়াল। পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরের প্রথম দফার ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানান তিনি। ২৯ জুলাই মুজাফফরাবাদে পিপিপির এক কর্মী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিলাওয়াল নির্বাচন কমিশনের উদ্দেশে বলেছিলেন, “আপনারা যদি এই কারচুপির সঙ্গে জড়িত না থাকেন, তাহলে মিরপুরে পুনর্নির্বাচনের আয়োজন করুন।” নির্বাচন কমিশনের কথিত নিরপেক্ষতার বিরুদ্ধে এটিই এখন পর্যন্ত তাঁর সবচেয়ে সরাসরি ও কঠোর চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।

    ‘শাহবাজ-মরিয়ম জনগণের ভোটে ক্ষমতায় আসেননি’

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফকে সরাসরি কটাক্ষ করেন বিলাওয়াল। তিনি বলেন, “আজ কেউ যদি প্রধানমন্ত্রীর আসনে বসে থাকেন, কিংবা কেউ মুখ্যমন্ত্রীর পদে বসে থাকেন, তা জনগণের ভোটে বা আপনাদের কর্মদক্ষতার কারণে নয়—এটি একটি ফর্ম-৪৭-এর ফল, এটা একটি শিশুও জানে।” ফর্ম-৪৭ হল কোনও নির্বাচনী এলাকার সব ভোটকেন্দ্রে গণনা করা ভোটের ফলের প্রাথমিক সমন্বিত বিবরণী, যা সংশ্লিষ্ট রিটার্নিং আধিকারিক প্রস্তুত করেন। ২০২৪ সালের সাধারণ নির্বাচনের পর থেকে পিটিআই-সহ বিরোধীরা এই শব্দটি ব্যবহার করে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আসছে। বিলাওয়ালের অভিযোগ, পাঞ্জাব ও জাতীয় পরিষদের একাধিক আসনে পিএমএল-এন পরাজিত হলেও, রিটার্নিং আধিকারিকরা মিথ্যাভাবে দলটিকে বিজয়ী ঘোষণা করেন। তাঁর দাবি, নিরাপত্তা বাহিনীর সহায়তায় এই কারচুপির ফলেই শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী এবং মরিয়ম নওয়াজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হয়েছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারির নির্বাচনের আগে বিলাওয়াল দাবি করেছিলেন, দেশজুড়ে ব্যাপক জনসমর্থনের কারণে তাঁর দল কেন্দ্রীয় সরকার গঠন করবে। তবে পরে ইমরানের পিটিআইও অভিযোগ করে, তাদের নির্বাচনী প্রতীক ক্রিকেট ব্যাটে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়া-সহ বিভিন্ন উপায়ে প্রাদেশিক পরিষদ ও জাতীয় পরিষদে তাদের জনগণের রায় থেকে বঞ্চিত করা হয়েছে।

    ‘এটা আপনার কথা নয়, ফর্ম-৪৭ কথা বলছে’

    বিলাওয়ালের বক্তব্যের আগেই মরিয়ম নওয়াজ সোশ্যাল মিডিয়ায় পিপিপিকে কটাক্ষ করে বলেন, “কারচুপির সূক্ষ্ম শিল্পে ওস্তাদ পিপিপি এখন অন্যায় হয়েছে বলে কান্নাকাটি করছে। প্রলয় কবে আসবে?” এর জবাবে পিপিপির শরজিল মেমন বলেন, “এটা আপনি বলছেন না, ফর্ম-৪৭ কথা বলছে। প্রলয় এসেছিল ২০২৪ সালে, যখন জনগণের রায় দান হিসেবে বিলিয়ে দেওয়া হচ্ছিল।” বিলাওয়ালও পিএমএল-এনকে “কারচুপির ফসল” বলে আখ্যা দেন। নিজের দলের সঙ্গে পিএমএল-এনের তুলনা করে তিনি বলেন, পিপিপির রাজনৈতিক ইতিহাস তিন প্রজন্মের। তাঁর দাবি, “এমন একটি নির্বাচনও নেই, যেখানে পিএমএল-এন জনগণের ভোটে জিতেছে—সবসময় কারচুপির মাধ্যমে জিতেছে।”

    ‘কাশ্মীরের মানুষের রায় চুরি করতে দেওয়া হবে না’

    বিলাওয়াল প্রশ্ন করেন, “তারা কি মনে করে, কাশ্মীরে আমরা তাদের নির্বাচন কারচুপি করতে দেব?” তিনি আরও বলেন, “কাশ্মীরের মানুষ মাথা নত করবে না এবং কাউকে তাদের রায় চুরি করতে দেবে না।” মুজাফফরাবাদের উদ্দেশে ইঙ্গিত করে বিলাওয়াল বলেন, “এটি মুজাফফরাবাদ, শ্রীনগর নয়।” তাঁর দাবি, বিরোধী পক্ষের কারচুপির চেষ্টা ব্যর্থ করতে তাঁর দল সর্বাত্মক চেষ্টা করবে। তিনি আরও দাবি করেন, ৩০টি ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল ৯০ শতাংশ, অথচ অধিকাংশ নির্বাচনী এলাকায় ভোটার উপস্থিতি ছিল ৪০ থেকে ৫০ শতাংশের মধ্যে। পিপিপি কর্মীদের উদ্দেশে বিলাওয়ালের প্রতিশ্রুতি, “আমি চুরি যাওয়া প্রতিটি ভোট ফিরিয়ে আনব”। তিনি বলেন, “আমি পরাজয় মেনে নিতে প্রস্তুত। কিন্তু আপনারা যদি নির্বাচন কারচুপি করে আমাদের রায় চুরি করতে চান, তাহলে আমি এই ফল মেনে নিতে পারি না।”

    সত্য ও পুনর্মিলন কমিশনের প্রস্তাব

    পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরের চলমান অস্থিরতা মোকাবিলায় সত্য ও পুনর্মিলন কমিশন গঠনের প্রস্তাবও পুনর্ব্যক্ত করেন বিলাওয়াল। তিনি বলেন, “আমি এই প্রস্তাব রাষ্ট্রের পক্ষ থেকে বা বিক্ষোভকারীদের পক্ষ থেকে দিচ্ছি না। আমি এটি দিচ্ছি সেই প্রতিটি কাশ্মীরির পক্ষ থেকে, যারা এই দু’পক্ষের কোনওটির সঙ্গে যুক্ত নন।” সরকার এবং বর্তমানে নিষিদ্ধ ঘোষিত যৌথ আওয়ামি অ্যাকশন কমিটি—উভয় পক্ষকেই এই দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। বিলাওয়ালের প্রশ্ন, “আপনারা যদি সঠিক পথে থাকেন এবং সত্যের পক্ষে থাকেন, তাহলে কমিশন গঠন করছেন না কেন?”

    কাশ্মীরের অর্থনৈতিক সঙ্কট নিয়েও সরব বিলাওয়াল

    কাশ্মীরে কর্মসংস্থানের কথা পিপিপি কেন বলছে, তার ব্যাখ্যায় বিলাওয়াল বলেন, তাঁর দল এই অঞ্চলের “অর্থনৈতিক সঙ্কট” সম্পর্কে সচেতন। এরপরেও পিএমএল-এনকে আক্রমণ করে তিনি দাবি করেন, দলটির অর্থনৈতিক দর্শন মূলত “ধনীদের আরও ধনী করা” নীতির ওপর নির্ভরশীল। বিলাওয়াল বলেন, “তারা আমাদের কটাক্ষ করে বলে, আমরা নাকি কাশ্মীরকে সিন্ধে পরিণত করতে চাই। না, আমি চাই কাশ্মীর কাশ্মীরই থাকুক এবং মানুষই তার ভবিষ্যৎ নির্ধারণ করুক।” তিনি আরও বলেন, “পাঞ্জাব, ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়া, সিন্ধ বা বালুচিস্তান কাশ্মীরের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না।” নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন পিপিপি নেতা। নির্বাচন কমিশনের ভূমিকার সঙ্গে পাঞ্জাবের অপরাধ নিয়ন্ত্রণ বিভাগের ভূমিকার তুলনাও করেন তিনি।

     

LinkedIn
Share