মাধ্যম নিউজ ডেস্ক: পুরুষতান্ত্রিক ধারণা ও প্রচলিত প্রথার বেড়াজাল ভেঙে ফের এক নজির গড়লেন এক ভারতীয় মহিলা আইপিএস (IPS) আধিকারিক। অসমের ‘আয়রন লেডি’ হিসেবে পরিচিত সঞ্জুক্তা পরাশর (Sanjukta Parashar) হলেন সিআরপিএফের (CRPF) বিশেষ বাহিনী কোবরা (CoBRA)-র নেতৃত্ব দেওয়া প্রথম মহিলা আধিকারিক। দেশের অন্যতম কঠিন ও ঝুঁকিপূর্ণ নিরাপত্তা বাহিনীর দায়িত্ব সামলানোর এই নজির শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাঁর এই সাফল্য মহিলাদের নেতৃত্বে উন্নয়ন ও দেশের নিরাপত্তায় তাঁদের ক্রমবর্ধমান ভূমিকার এক উজ্জ্বল উদাহরণ।
কী এই কোবরা বাহিনী?
কোবরা বা ‘কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজলিউট অ্যাকশন’ (Commando Battalion for Resolute Action) সিআরপিএফের অন্যতম বিশেষা প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো বাহিনী। জঙ্গলযুদ্ধ, গেরিলা আক্রমণ এবং উচ্চঝুঁকির সামরিক অভিযানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই বাহিনী মূলত মাওবাদী দমন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা ও মহারাষ্ট্রের মতো মাওবাদী প্রভাবিত রাজ্যগুলির দুর্গম জঙ্গল ও প্রতিকূল ভৌগোলিক পরিস্থিতিতে একাধিক অভিযানে অংশ নিয়েছেন এই বাহিনীর কমান্ডোরা। এমন একটি বাহিনীর নেতৃত্বের দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে বড় সাফল্য সঞ্জুক্তার কেরিয়ারে।
অসমের অশান্ত পরিবেশ থেকে আইপিএস হওয়ার স্বপ্ন
১৯৭৯ সালের ৩ অক্টোবর অসমে জন্ম সঞ্জুক্তা পরাশরের। তাঁর বাবা-মা দু’জনেই সরকারি দফতরে কর্মরত ছিলেন। ফলে ছোট থেকেই শৃঙ্খলা ও জনসেবার পরিবেশে বেড়ে ওঠা। তবে তাঁর শৈশব কেটেছে অসমের অশান্ত রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির মধ্যে। আশির দশকে অসম আন্দোলন, বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ এবং অনুপ্রবেশ ঘিরে উত্তেজনা ও আতঙ্কের সাক্ষী ছিলেন তিনি।
ছোটবেলার সেই অভিজ্ঞতাই পরবর্তী সময়ে দেশের নিরাপত্তা ও মানুষের কল্যাণে কাজ করার সংকল্পকে আরও দৃঢ় করে। পড়াশোনায় বরাবরই মেধাবী সঞ্জুক্তা রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন। পরবর্তীতে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) থেকে মার্কিন বিদেশনীতি (US Foreign Policy) নিয়ে পিএইচডি অর্জন করেন।
২০০৬ সালে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) সিভিল সার্ভিস পরীক্ষায় বসে সর্বভারতীয় মেধাতালিকায় ৮৫তম স্থান অর্জন করেন তিনি। প্রশাসনিক পরিষেবার পরিবর্তে বেছে নেন ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (IPS)। ২০০৬ ব্যাচের অসম-মেঘালয় ক্যাডারের এই আধিকারিকের কর্মজীবনের শুরু থেকেই ছিল চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার মানসিকতা।
জঙ্গলে হাতে একে-৪৭, নেতৃত্ব দিয়েছেন সম্মুখ সমরে
অসমের উদালগুড়ি ও শোণিতপুর জেলার পুলিশ সুপার (SP) হিসেবে দায়িত্ব পালনের সময় সঞ্জুক্তা পরাশরের দক্ষতা বিশেষভাবে নজরে আসে। সেই সময় উত্তর-পূর্ব ভারতে সক্রিয় ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অফ বোড়োল্যান্ড (NDFB)-এর সশস্ত্র জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে একাধিক ঝুঁকিপূর্ণ অভিযানে নেতৃত্ব দেন তিনি।
শুধু দফতরে বসে নির্দেশ দেওয়াতেই সীমাবদ্ধ থাকেননি এই আইপিএস আধিকারিক। সশস্ত্র পুলিশ দলকে সঙ্গে নিয়ে দুর্গম জঙ্গলে পায়ে হেঁটে অভিযানে অংশ নিয়েছেন। হাতে থাকত একে-৪৭ রাইফেল। তাঁর নেতৃত্বে মাত্র ১৫ মাসের অভিযানে ১৬ জন সক্রিয় জঙ্গি নিহত হয়, ৬৪ জনেরও বেশি জঙ্গিকে গ্রেফতার করা হয়। পাশাপাশি উদ্ধার হয় বিপুল পরিমাণ বেআইনি অস্ত্রশস্ত্র। এই দুঃসাহসিক ভূমিকার জন্যই অসমে ‘আয়রন লেডি’ হিসেবে পরিচিতি পান সঞ্জুক্তা।
এনআইএ-তে দায়িত্ব সামলে এবার কোবরা বাহিনীর নেতৃত্ব
পুলিশি অভিযানের পাশাপাশি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তদন্তের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সঞ্জুক্তা। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)-তে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (DIG) হিসেবে কাজ করার সময় আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ, জঙ্গি সংগঠনগুলির আর্থিক নেটওয়ার্ক এবং তাদের কাজের পদ্ধতি নিয়ে জটিল তদন্তের দায়িত্ব সামলেছেন।
পুলিশি অভিযান থেকে শুরু করে জাতীয় স্তরের সন্ত্রাসবাদ-বিরোধী তদন্ত—বিভিন্ন ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতাই কোবরা বাহিনীর মতো বিশেষায়িত কমান্ডো ইউনিটের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
১০টি ব্যাটালিয়ন নিয়ে গঠিত এই বিশেষ বাহিনীর নেতৃত্বে প্রথম মহিলা আধিকারিক হিসেবে সঞ্জুক্তার নিয়োগ ভারতীয় নিরাপত্তা বাহিনীতে মহিলাদের নেতৃত্বের নতুন দিগন্ত খুলে দিল। দীর্ঘদিন ধরে পুরুষদের একচেটিয়া আধিপত্য থাকা নিরাপত্তা ও সামরিক অভিযানের মতো ক্ষেত্রে মহিলারাও যে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিতে পারেন, তাঁর কেরিয়ার তারই প্রমাণ।
নারীশক্তির উত্থানের প্রতীক
ভারতীয় সংস্কৃতিতে নারীশক্তিকে বরাবরই শক্তি ও সাহসের প্রতীক হিসেবে দেখা হয়েছে। সঞ্জুক্তা পরাশরের কর্মজীবন সেই ধারণাকে বাস্তবের মাটিতে প্রতিষ্ঠা করার অন্যতম উদাহরণ। তাঁর সাফল্য শুধু ব্যক্তিগত কৃতিত্ব নয়, দেশের নিরাপত্তা ব্যবস্থায় মহিলাদের অংশগ্রহণ ও নেতৃত্বের ক্রমবর্ধমান গুরুত্বেরও প্রতিফলন।
প্রচলিত বাধা ভেঙে নিজের যোগ্যতায় শীর্ষ নেতৃত্বে পৌঁছনোর এই যাত্রা মনে করিয়ে দেয়, মহিলাদের ক্ষমতায়ন কেবল সুযোগ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। প্রশাসন, নিরাপত্তা ও প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও তাঁদের নেতৃত্ব দেওয়ার পরিসর তৈরি করতে হবে।
নারীর ক্ষমতায়ন থেকে নারী-নেতৃত্বাধীন উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার যে লক্ষ্য, সঞ্জুক্তা পরাশরের এই সাফল্য সেই বৃহত্তর ভাবনারই প্রতিফলন। ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে দেশের প্রতিটি ক্ষেত্রে মহিলাদের নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাঁর কৃতিত্ব আরও একবার তা মনে করিয়ে দিল।

Leave a Reply