Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Cyclone Mocha: মোকা আতঙ্কে কাঁপছে বাংলাদেশ! শনিবার রাত থেকেই ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

    Cyclone Mocha: মোকা আতঙ্কে কাঁপছে বাংলাদেশ! শনিবার রাত থেকেই ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

    মাধ্যম নিউজ ডেস্ক: দ্রুতগতিতে উপকূলের দিকে এগিয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোকা (Cyclone Mocha)। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, শেষ ছয় ঘণ্টায় ১৯ কিমি বেগে এগিয়েছে মোকা। আপাতত পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। পোর্টব্লেয়ারের উত্তর ও উত্তর-পশ্চিমে ৫৯০ কিমি, বাংলাদেশের কক্সবাজারের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ৫৮০ কিমি এবং মায়ানমারের সিটওয়ের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ৪৯০ কিমি দূরে অবস্থান করছে মোকা। আবহবিদরা জানিয়েছেন, মধ্য বঙ্গোপসাগরের থেকে ঘণ্টায় ১৪ কিলোমিটার বেগে উত্তরপূর্ব দিকে সরে যাচ্ছে মোকা। 

    শনিবার সন্ধ্যা থেকেই বৃষ্টি

    মোকার আতঙ্কে কাঁপছে বাংলাদেশ। আবহাওয়া দফতর আরও জানিয়েছে যে, ঘূর্ণিঝড়ের (Cyclone Mocha) প্রভাবে চট্টগ্রাম, সিলেট এবং বরিশালে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আর সে কারণে কক্সবাজার, বান্দারবন, রাঙামাটি, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম— এই পাঁচ জেলার পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকেই কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন এবং উপকূলীয় এলাকাগুলিতে মোকার প্রভাব পড়তে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মোকা যতই উপকূলের দিকে এগোচ্ছে, ততই আবহাওয়ার পরিস্থিতি অবনতি হচ্ছে। শনিবার সকাল থেকেই তাই কক্সবাজার বিমানবন্দর থেকে বিমান চলাচল বন্ধ করা হয়েছে।

    প্রস্তুত বাংলাদেশ

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘূর্ণিঝড় মোকার (Cyclone Mocha) মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত আছে বাংলাদেশ। যাবতীয় শেল্টার হোম তৈরি রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের সময় বিদ্যুৎ ও গ্যাসের কাজ বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে ৫ লক্ষ মানুষকে ইতিমধ্যেই নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে প্রশাসন। স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে। ত্রাণশিবিরও প্রস্তুত রাখা হয়েছে। এক সপ্তাহের মতো খাবারও মজুত করে রাখা হয়েছে। দেড় হাজারেরও বেশি ত্রাণশিবির তৈরি করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

    আরও পড়ুন: শক্তি বাড়িয়ে আসছে মোকা! চূড়ান্ত সতর্কতা বাংলাদেশে, কলকাতা-সহ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

    ভিজবে কলকাতা

    মোকা (Cyclone Mocha) আবহে শনিবার থেকে ভিজবে দক্ষিণবঙ্গও। আবহবিদরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যা থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত শুরু হবে। যার রেশ চলবে আগামী দু’তিন দিন পর্যন্ত। হাওয়া অফিসের পূর্বাভাস শনিবার বিকাল থেকেই ঝড়বিদ্যুৎ-সহ বৃষ্টিপাত শুরু হবে উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায়। বৃষ্টিতে ভিজবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাও। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি থাকছে সোমবারেও। মঙ্গল এবং বুধ থেকে তাপমাত্রা আবার বৃদ্ধি পেতে শুরু করবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি, রবিবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Morning Tea: বেড-টি মাস্ট! জানেন কী বিপদ ডেকে আনছেন?

    Morning Tea: বেড-টি মাস্ট! জানেন কী বিপদ ডেকে আনছেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনের শুরুটা চা ছাড়া হয়না! বেড-টি মাস্ট! জানেন কী বিপদ ডেকে আনছেন? খালি পেটে চা খেলে খিদে মরে যায়। যাঁদের গ্যাসট্রিকের সমস্যা রয়েছে কিংবা যাঁদের মনে হচ্ছে ডায়েট করেও ওজন বাড়ছে, তাঁদের কিন্তু আগেই এই খালি পেটে চা বন্ধ করতে হবে। খালি পেটে চা খেলে রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যায়। খালি পেটে চা খাওয়ার অভ্যাস শরীরের প্রোটিন ও অন্যান্য পুষ্টি উপাদানের সক্রিয়তা কমিয়ে দেয়। ফলে শরীর তার প্রয়োজনীয় পুষ্টি পায় না। খালি পেটে কড়া চা খাওয়ার অভ্যাস আলসারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞরা তাই বলছেন, দিনের শুরুতেই চা না খেয়ে দু’গ্লাস ইষদুষ্ণ জল খান। এর ৩০ মিনিট পর চিনি ছাড়া লিকার চা খান। চলতে পারে আদা, কাঁচা হলুদ আর গোলমরিচ দেওয়া চা-ও।  চায়ের সঙ্গে একটা বিস্কুট অন্তত খাবেন। 

    লিকার চা-ও খারাপ

    খালি পেটে ব্ল্যাক টি খেলে পেট ফাঁপার সমস্যা দেখা দিতে পারে। যার ফলে পেটে একটা অস্বস্তি তৈরি হয়। খালি পেটে চা খেলে অ্যাসিডিটি বা অম্বলের সমস্যা বাড়ে। খালি পেটে চা খেলে বাড়তে পারে গ্যাসট্রিকের সমস্যা। খালি পেটে চা খেলে চায়ে থাকা ট্যানিন শরীরে বমি বমি ভাব বা ওই রকম অস্বস্তি তৈরি করে।

    দুধ চা কখনওই নয়

    দুধের মধ্যে ক্যালোরি থাকে আর চা-এর মধ্যে যে পরিমাণ ক্যাফেইন থাকে, তা শরীরের জন্য মারাত্মক। এই চা খাওয়ার কিছুক্ষণ পর রক্তে ক্যাফেইনের মাত্রা বেড়ে যায়। খালি পেটে যদি এই চা খান তাহলে অতি দ্রুত পাকস্থলিতে অ্যাসিড তৈরি হয়। দিনভর লেগেই থাকে অ্যাসিডিটির সমস্যা। কোনও রকম দুধ দিয়েই চা বানিয়ে সকালে খাবেন না।  দুধ-চায়ের মধ্যে ক্যালোরি বেশি থাকে বলে তা ডায়াবেটিসের রোগীদের জন্য যেমন খারাপ, তেমনই কিডনির রোগীদেরও কিন্তু খাওয়া ঠিক নয়। 

    আরও পড়ুন: মাইগ্রেনে অতিষ্ঠ জীবন! যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মহত্যার মতো সিদ্ধান্ত?

    ওয়ার্ক আউটের আগো ‘নো-টি’

    এছাড়াও ওয়ার্ক আউটের আগে খালি পেটে চা খাবেন না। বিশেষজ্ঞরা বলছেন, এতে বিপাক ক্রিয়া কমে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকখানি। ফলে ওয়ার্ক আউট শুরু করলে সহজে ক্লান্তি আসে। পেশিও দ্রুত ক্লান্ত হয়ে যায়।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি/ডায়েট পরামর্শস্বরূপ। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেই মতো পরামর্শ মেনে চলুন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Karnataka Assembly Election: কর্নাটকে চলছে ভোট গণনা, বিজেপি না কংগ্রেস, মসনদে কে? ফল আজই

    Karnataka Assembly Election: কর্নাটকে চলছে ভোট গণনা, বিজেপি না কংগ্রেস, মসনদে কে? ফল আজই

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার সকাল ৮টা থেকে শুরু হল কর্নাটক বিধানসভা ভোটের গণনা। রাজ্যের ৩৬টি গণনাকেন্দ্রে চলছে ভোট গোনার কাজ। গত বুধবার বিধানসভা ভোটে মোট ৭৩.২ শতাংশ ভোট পড়েছিল। ২০১৮ সালেও ভোটের হার ছিল প্রায় একই। ভোট গণনার শুরুতে কংগ্রেস এগিয়ে রয়েছে ১১২টি আসনে, বিজেপি এগিয়ে রয়েছে ৮৬টি আসনে ও জেডিএস এগিয়ে রয়েছে ১৮টি আসনে।

    ‘জাদু সংখ্যা’ ১১৩

    ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় গরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ‘জাদু সংখ্যা’ ১১৩ কে ছুঁতে পারে তা জানতেই আগ্রহী রাজনৈতিক মহল। গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিটি রবি, প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার এবং ৩ প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (কংগ্রেস), জগদীশ শেট্টার (কংগ্রেস) এবং এইচডি কুমারস্বামী (জেডি-এস)। ভোটগণনার শুরুতে কংগ্রেস এবং বিজেপির লড়াই চলছে জোরদার। কখনও পাল্লা ভারী হচ্ছে কংগ্রেসের দিকে তো কখনও বিজেপি। ভোটগণনা শুরু হতেই হনুমান মন্দিরে পুজো দিয়ে এসেছেন কর্নাটকের বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। অন্যদিকে, কংগ্রেস নেতা সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী করা হোক, গণনার শুরুতে এমন দাবিই করেছেন তাঁর পুত্র ওয়াই সিদ্দারামাইয়া। কংগ্রেস নেতা বলেছেন, ‘‘বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে আমরা সব করতে রাজি…কর্নাটকের স্বার্থে আমার বাবাকে মুখ্যমন্ত্রী করা উচিত।’’

    ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা

    গত আড়াই দশক ধরেই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা দেখছে কর্নাটক। ক্ষমতাসীন বিজেপি, প্রধান বিরোধী দল কংগ্রেস এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নেতৃত্বাধীন জেডিএস-এর মধ্যে। ২২৪টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়ী হবে বিজেপি, নিজেদের জয় নিয়ে একেবারে নিশ্চিত কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।

    গত ১০ মে ২২৪টি আসনে কর্নাটকে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল (Karnataka Assembly Election 2023)। গণনার আগে গোটা রাজ্য কড়া নিরাপত্তার মোড়কে ঢাকা হয়েছে। বুথগুলির বাইরে রয়েছে পুলিশি পাহারা। ভোটের ফল ঘোষণার আগেই কড়া নিরাপত্তার পাহারা দেখা গিয়েছে কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের বাড়ির বাইরে।


    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Asian Cup 2024: এএফসি এশিয়ান কাপে কঠিন গ্রুপে ভারত! অস্ট্রেলিয়ার সামনে সুনীলরা

    Asian Cup 2024: এএফসি এশিয়ান কাপে কঠিন গ্রুপে ভারত! অস্ট্রেলিয়ার সামনে সুনীলরা

    মাধ্যম নিউজ ডেস্ক: এএফসি এশিয়ান কাপে (Asian Cup 2024) কঠিন গ্রুপে ভারত। গ্রুপ বি-তে রয়েছে মেন ইন ব্লু। সুনীল ছেত্রীদের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান এবং সিরিয়া। বৃহস্পতিবার কাতারের দোহায় টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। আগামী বছর ১২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি কাতারে অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপ।

    ভারতের গ্রুপে কারা

    এশিয়ান কাপে (Asian Cup 2024) ভারতের গ্রুপে সব থেকে কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। কাতার বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা। বিশ্ব ফুটবল চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষেও খেলেছে তারা। লিয়োনেস মেসিদের বিরুদ্ধে খুব খারাপ খেলেনি অস্ট্রেলিয়া। ৩৫ মিনিট পর্যন্ত মেসিদের আটকে রাখে অস্ট্রেলিয়ার রক্ষণ। তার পরে মেসির একক দক্ষতায় গোল ও পরে গোলরক্ষকের ভুলে একটি গোল খায় তারা। তাদের বিরুদ্ধেই এ বার খেলতে হবে সুনীলদের।ভারতের গ্রুপে আরও যে দু’টি দেশ রয়েছে তারা হল সিরিয়া ও উজবেকিস্তান। ধারেভারে ভারতের থেকেও শক্তিশালী তারা।  ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী, অস্ট্রেলিয়া আছে ২৯ নম্বর স্থানে। উজবেকিস্তান ৭৪ নম্বরে আছে। সিরিয়া আছে ৯০ নম্বর স্থানে। সেখানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারত ১০১ নম্বর স্থানে আছে। 

    নকআউটের হাতছানি

    এই প্রথম পরপর দু’বার এশিয়ার সবচেয়ে বড় অন্তর্দেশীয় প্রতিযোগিতার অংশ নিতে চলেছে ভারত। মোট ছয় গ্রুপে ভাগ করা হয়েছে ২৪টি দলকে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল প্রি কোয়ার্টার ফাইনালে যাবে। গ্রুপের তিন নম্বর দলগুলির মধ্যে সেরা চারের মধ্যে থাকতে পারলেও নকআউটের হাতছানি থাকবে। এদিন দোহায় টুর্নামেন্টের ড্রয়ে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ তারকা টিম কাহিল, ভারতের প্রাক্তন মহিলা ফুটবলার মেমল রকি, কোরিয়ান ফুটবল তারকা পার্ক জি সুং এবং কাতারের অধিনায়ক হাসান আল হেদোস। হাজির ছিলেন ভারতের কোচ স্টিমাচও। 

    আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ ভারতের! বিশ্বকাপে কবে পাকিস্তানের সামনে টিম ইন্ডিয়া?

    কঠিন লড়াই

    এই নিয়ে পঞ্চমবার এশিয়ান কাপের মূলপর্বে অংশ নিতে চলেছে ভারত। চার বছর আগে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে থাইল্যান্ডের বিরুদ্ধে ৪-১ গোলে জয় দিয়ে শুরু করলেও সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল ভারত। এবার নকআউটে যাওয়ার আপ্রাণ চেষ্টা করবেন সুনীলরা।‌ তবে, এশিয়ান কাপে যে গ্রুপে পড়েছে ভারত, তাতে প্রথম দুইয়ে শেষ করা যথেষ্ট কঠিন বলে মত বিশেষজ্ঞদের। তাঁদের মতে, ভারতকে নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে হবে। 

    এশিয়ান কাপের গ্রুপবিন্যাস

    গ্রুপ ‘এ’: কাতার, চিন, তাজিকিস্তান এবং লেবানন। 

    গ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, সিরিয়া এবং ভারত। 

    গ্রুপ ‘সি’: ইরান, সংযুক্ত আরব আমিরশাহি, হংকং এবং প্যালেস্তাইন।

    গ্রুপ ‘ডি’: জাপান, ইন্দোনেশিয়া, ইরাক এবং ভিয়েতনাম। 

    গ্রুপ ‘ই’: দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, জর্ডন এবং বাহারিন। 

    গ্রুপ ‘এফ’: সৌদি আরব, থাইল্যান্ড, কিরঘিস্তান এবং ওমান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Visva Bharati: বিশ্বভারতীর মুকুটে নয়া পালক! শান্তিনিকেতন পেতে চলেছে বিশ্ব হেরিটেজের স্বীকৃতি

    Visva Bharati: বিশ্বভারতীর মুকুটে নয়া পালক! শান্তিনিকেতন পেতে চলেছে বিশ্ব হেরিটেজের স্বীকৃতি

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় ফের উঠে এল বাংলা।​ রবীন্দ্র জয়ন্তীর পরেই জানা গেল সুখবর। ইউনেস্কোর (UNESCO) ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় ঠাঁই পেতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। দুর্গাপুজো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় জায়গা করে নেওয়ার পর এবার শান্তিনিকেতনের পালা। ২৫ বৈশাখের ঠিক পরদিন, বুধবার ট্যুইট করে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি। 

    বিশ্বে প্রথম হেরিটেজ বিশ্ববিদ্যালয়

    এই প্রথম কোনও সক্রিয় বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রসংঘের তরফ থেকে হেরিটেজ তকমা দেওয়া হবে। কারণ এই হেরিটেজ তকমা এতদিন দেওয়া হতো স্মৃতিসৌধগুলিকে। এই হেরিটেজ বা ঐতিহ্যশালী তকমার কথা বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মুখে আগেই শোনা গিয়েছিল। এ বছরের গোড়াতেই তিনি বলেছিলেন, বিশ্বভারতী হেরিটেজ বিশ্ববিদ্যালয় তকমা পেতে চলেছে। বিশ্বে প্রথম হেরিটেজ বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ইউনেস্কোর উপদেষ্টা সংগঠন (The International Council on Monuments and Sites) বা ইকোমসের পক্ষ থেকে ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় বিশ্বভারতীর নাম নথিভুক্তিকরণের সুপারিশ করা হয়েছে। বিশ্বভারতী এই তকমা পেতে চলায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃতজ্ঞতা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

    আরও পড়ুন: পড়ল রেকর্ড ভোট, ত্রিশঙ্কু হবে কর্নাটক বিধানসভা?

    খুশির হাওয়া শান্তিনিকেতনে

    জানা গিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে সৌদি আরবের রিয়াধে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে শান্তিনিকেতনকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ (UNESCO World Heritage) বলে ঘোষণা করা হতে পারে। ২০২১ সালের ১২ ডিসেম্বর শান্তিনিকেতনে এসেছিলেন ইউনেস্কোর তিন সদস্যের প্রতিনিধি দল। তাঁদের সামনে শান্তিনিকেতনের স্থাপত্য, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতির প্রস্তাব রাখা হয়েছিল। তারপরই সরকারিভাবে সুপারিশ করা হয়েছে। এই সুখবর প্রকাশ্যে আসার পরেই শান্তিনিকেতন জুড়ে যেন উৎসবের আমেজ। বিশ্বভারতী অধ্যাপক কিশোর ভট্টাচার্য বলছেন, নতুন এই সাফল্যের কৃতিত্ব আচার্য ও উপাচার্যর। আমরা এই খবরে খুশি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: শুভেন্দুর রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট

    Suvendu Adhikari: শুভেন্দুর রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ শুভেন্দুর রক্ষাকবচের মেয়াদ ২৬ জুন পর্যন্ত বাড়িয়ে দিলেন। এর আগে বিচারপতি রাজাশেখর মান্থা শুভেন্দুকে রক্ষাকবচ দিয়েছিলেন। ২৬ জুন মামলার পরবর্তী শুনানি। 

    রক্ষাকবচ প্রসঙ্গ

    রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে স্থগিতাদেশের মেয়াদ বুধবার আরও বাড়ানো হল। এদিন শুভেন্দুর আইনজীবীরা বলেন, এই রক্ষাকবচের ফলে আগের সাতটি মামলার সূত্রে বিরোধী দলনেতাকে গ্রেফতার করা যাবে না। সেই সঙ্গে নতুন কোনও এফআইআর তাঁর বিরুদ্ধে দায়ের করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। একুশের ভোটের পর শুভেন্দুর বিরুদ্ধে ওই সাতটি মামলা দায়ের হয়েছিল। তার পরই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। আদালত তাঁকে রক্ষাকবচ দেওয়ায় বিতর্ক জুড়েছিল শাসক দল তৃণমূল।

    আরও পড়ুন: গ্রেফতার ইমরান! মোদির বিরুদ্ধে মামলা করতে চেয়ে ট্যুইট পাক অভিনেত্রীর, কী বলল দিল্লি পুলিশ?

    আগের রায় বহাল

    শুভেন্দুর (Suvendu Adhikari) অভিযোগ, ২০২১ সালে বিধানসভা ভোটার পর থেকে শাসকদল তাঁর বিরুদ্ধে এখনও পর্যন্ত ২৬ টি মামলা করেছে। অধিকাংশ মামলাতেই শাসকদল হেরে গিয়েছে। রাজ্য স্তরে পুলিশকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহারের অভিযোগ আগেই তুলেছিলেন শুভেন্দু। এ ব্যাপারে বিচারপতি রাজাশেখর মান্থার দ্বারস্থ হলে তিনি শুভেন্দুকে রক্ষাকবচ দেন। তা নিয়েই তৃণমূল প্রশ্ন তোলে।  বিচারপতি রাজাশেখর মান্থা বিরোধী দলনেতার প্রতি নরম মনোভাব দেখাচ্ছেন এই অভিযোগে তাঁর বাড়ির সামনে পোস্টারও পড়ে। একই ধরনের পোস্টার পড়ে হাইকোর্টেও। শাসকদলপন্থী একদল আইনজীবী বিচারপতি মান্থার এজলাসে বিক্ষোভ দেখান। এমনকী তাঁর এজলাস বয়কটেরও ডাক দেওয়া হয়। তা নিয়ে মামলা এখনও কলকাতা হাইকোর্টে তিন সদস্যের বিশেষ বেঞ্চের বিচারাধীন। বুধবার বিচারপতি সেনগুপ্ত শুভেন্দুর ক্ষেত্রে বিচারপতি মান্থার নির্দেশই বহাল রাখলেন। বাড়ানো হল বিরোধী দলনেতার রক্ষাকবচের মেয়াদ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Recruitment Scam: ১৭টি জেলায় ছড়িয়ে নিয়োগ দুর্নীতির জাল! চার্জশিটে আর কী কী জানাল ইডি?

    Recruitment Scam: ১৭টি জেলায় ছড়িয়ে নিয়োগ দুর্নীতির জাল! চার্জশিটে আর কী কী জানাল ইডি?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের ১৭টি জেলার আনাচে-কানাচে ছড়িয়েছিল নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) জাল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, তৃণমূলের বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে তারা প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একটি তালিকা হাতে পেয়েছিল। তালিকায় যেমন উত্তরবঙ্গের কোচবিহার, মালদহ, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দুই দিনাজপুরের নাম রয়েছে, তেমনই নাম রয়েছে দক্ষিণবঙ্গের হুগলি, নদীয়া, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং কলকাতার নামও। সোমবার শান্তনু বন্দ্যোপাধ্যায় ও অয়ন শীলের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই চার্জশিটে শান্তনু ও অয়নের স্থাবর-অস্থাবর সম্পত্তির উল্লেখ করার পাশাপাশি কী ভাবে চাকরি বিক্রি হয়েছে কী ভাবে নগদ টাকার হাত বদল হয়েছে, সমস্তটাই উল্লেখ করা হয়েছে।

    নামে-বেনামে সম্পত্তি

    ইডি সূত্রে খবর, নিয়োগকাণ্ডে (Recruitment Scam) ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং অয়ন শীলের নামে একগুচ্ছ অভিযোগের উল্লেখ রয়েছে সেই চার্জশিটে। নামে-বেনামে মোট ১৪টি সম্পত্তি রয়েছে শান্তনুর। ৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৪৭ লক্ষ ৯৪ হাজার টাকা। পাশাপাশি বহিষ্কৃত তৃণমূল নেতার কর্মচারী থেকে একাধিক সঙ্গীর নামেও সম্পত্তি থাকার হদিস পাওয়া গিয়েছে বলে চার্জশিটে দাবি করেছে ইডি। তদন্তকারী আধিকারিকদের দাবি, শান্তনুর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একটি তালিকা উদ্ধার হয়েছিল। সেই তালিকায় রাজ্যের ১৭টি জেলার ৩৪৬ জন প্রার্থীর নাম রয়েছে। যার মধ্যে অন্তত ১০ জন অযোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছিল। ৩৪৬ জনের তালিকায় ১৪৮ জন চাকরিপ্রার্থীই বীরভূমের বাসিন্দা। তালিকায় এর পরেই রয়েছে মুর্শিদাবাদ। সংখ্যার নিরিখে তার পরে রয়েছে মালদহ, কোচবিহার, বর্ধমান, উত্তর দিনাজপুর, পুরুলিয়া। সবচেয়ে কম প্রার্থী দক্ষিণ ২৪ পরগনার। সেখান থেকে মাত্র একজন প্রার্থী চাকরির জন্য শান্তনুদের দ্বারস্থ হয়েছিলেন। 

    আরও পড়ুন: ১৯ মে প্রকাশিত হবে মাধ্যমিকের ফল, ঘোষণা পর্ষদের

    শান্তনুর বিরুদ্ধে চিঠি

    টাকা দিয়ে চাকরি না পাওয়ার বিষয়টিও জায়গা পেয়েছে ইডির চার্জশিটে । শান্তনুর বিরুদ্ধে লেখা একটি চিঠি এই তদন্তে ইডির হাতিয়ার। চাকরি পেতে কয়েক জন চাকরি প্রার্থীর তরফে দেওয়া হয়েছিল ১ কোটি ৩৯ লক্ষ টাকা।চার্জশিটে উল্লেখ রয়েছে, যে চিঠি পেয়েছিলেন শান্তনু, তাতে জমি বিক্রি করে টাকা জোগাড় করেছিলেন অনেকে বলে জানতে পেরেছে ইডি। কিন্তু চার বছর অপেক্ষার পর মেলেনি চাকরি, টাকা ফেরত পেতে শান্তনুকে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছিল চিঠি। ইডির কাছে শান্তনু নিজেও ওই চিঠি প্রাপ্তির কথা স্বীকার করেছিলেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: শেষ বলে নাইটদের নায়ক রিঙ্কু! রাসেল থেকে রানা সকলেই দিলেন সার্টিফিকেট

    IPL 2023: শেষ বলে নাইটদের নায়ক রিঙ্কু! রাসেল থেকে রানা সকলেই দিলেন সার্টিফিকেট

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রবল আকুতি ইডেনের জনতার। রিঙ্কু… রিঙ্কু…শব্দব্রহ্ম তখন গ্যালারি জুড়ে। জয়ের জন্য কলকাতা নাইট রাইডার্সের প্রয়োজন ১ বলে ২ রান। রিঙ্কু পারবেন, এই বিশ্বাস ছিল সমর্থকদের। কারণ, এই আইপিএলেই (IPL 2023) তিনি গুজরাটের বিরুদ্ধে অসাধ্য সাধন ঘটিয়েছিলেন শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকিয়ে। এবারও হতাশ করলেন না বাঁহাতি রিঙ্কু। শেষ বলে তিনি বাউন্ডারি হাঁকিয়ে ফের জেতালেন দলকে। পাঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারানোর সুবাদে জেগে রইল প্লে-অফে ওঠার আশাও।  ১১ ম্যাচ খেলে কেকেআরের সংগ্রহ ১০ পয়েন্ট। রয়েছে পঞ্চম স্থানে। 

    রিঙ্কুর বিশ্বাস

    ম্যাচ শেষে রিঙ্কু বলছিলেন, ‘আমি শেষ বল নিয়ে ভাবিনি। পাঁচ ছক্কার ম্যাচেও একইভাবে ব্যাট করেছিলাম। অর্শদীপের শেষ ডেলিভারিতে শট খেলেই দৌড়ে গিয়েছিলাম সিঙ্গলস নিতে। কারণ, মাথায় ছিল এক রান হলেও ম্যাচটা টাই হবে। তখন সুযোগ মিলবে আরও একবার। কিন্তু নন স্ট্রাইকার এন্ডে গিয়ে দেখলাম বলটা বাউরন্ডারি লাইন টপকে গিয়েছে। দলকে এমন একটা জয় এনে দিতে পেরে ভীষণই ভালো লাগছে। আসলে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য অনুশীলনে অনেক পরিশ্রম করি। তারই সুফল পাচ্ছি।’

    রাসেল-রানার সার্টিফিকেট

    দলকে জিতিয়ে কেকেআর (IPL 2023) সমর্থকদের হৃদয় জিতলেন রিঙ্কু সিং। আর ২৩ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে ম্যাচের সেরা হলেন রাসেল। তবে তাঁর সামনেও ম্যাচ শেষ করার সুযোগ ছিল। ২ বলে যখন ২ রান দরকার, তখন অহেতুক সিঙ্গলস নিতে গিয়ে রান আউট হন রাসেল। দল চাপে পড়ে যায়। কিন্তু কেন তিনি এমনটা করতে গেলেন? রাসেল জানিয়েছেন, ‘আমার ইচ্ছা ছিল রিঙ্কু ম্যাচটা ফিনিশ করুক। ও দুর্দান্ত এক ক্রিকেটার। ও ভালো ফিনিশারও। তাই সিঙ্গলস নিতে চেয়েছিলাম। তার আগে আমাদের মধ্যে আলোচনাও হয়েছিল। রিঙ্কু জিজ্ঞাসা করেছিল, তুমি যদি বলটা ব্যাটে লাগাতে না পারো, তাহলে কি দৌড়ে রান নেবে? আমি রাজি হয়েছিলাম। তবে জয়টা আমার ব্যাটেই আসা উচিত ছিল। কিন্তু অর্শদীপের ডেলিভারি ছিল অসাধারণ।’

    আরও পড়ুন: বাতাস থেকে জলীয় বাষ্প শুষে নিচ্ছে ‘মোকা’! দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের ভ্রুকুটি

    কেকেআর অধিনায়ক নীতীশ রানাও প্রশংসায় ভরিয়েছে রিঙ্কু সিংকে। তিনি বলেছেন, ‘আগে ইডেনের গ্যালারি চিৎকার করত রাসেল, রাসেল বলে। এখন রিঙ্কু, রিঙ্কু করছে। একজন ক্রিকেটারের এর চেয়ে বড় প্রাপ্তি আর কী-ই বা হতে পারে।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Republic Day 2024: নারী শক্তির জয়! ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে কি শুধুই মেয়েরা?

    Republic Day 2024: নারী শক্তির জয়! ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে কি শুধুই মেয়েরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছরের প্রজাতন্ত্র দিবসে (Republic Day 2024) কুচকাওয়াজ থেকে ট্যাবলো— গোটা শোভাযাত্রায় শুধুমাত্র মহিলাদের দেখা যেতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক  (Ministry of Home Affairs India)এমনই চিন্তা-ভাবনা করছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। সরকারি সূত্রের দাবি, ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসে শুধুমাত্র মহিলাদের অংশগ্রহণের প্রস্তাব দিয়ে একটি অফিস মেমো জারি করেছে মন্ত্রক। যদিও তা এখনও পরিকল্পনার স্তরে রয়েছে। বিষয়টি সেনা-সহ স্বরাষ্ট্র, সংস্কৃতি এবং নগরোন্নয়ন মন্ত্রককে জানানো হয়েছে।

    কুচকাওয়াজ থেকে ট্যাবলো শুধুমাত্র মহিলা

    সম্প্রতি প্রতিরক্ষা বাহিনীতে মহিলাদের জন্য সুযোগ-সুবিধা অনেক বেড়েছে। পাশাপাশি, মহিলাদের আগের চেয়ে অনেক বেশি উচ্চপদে দায়িত্বও দেওয়া হচ্ছে। সেই ধারা মেনেই গত মাসে জারি করা এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক বলেছে ২০২৪ সালে কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2024) কুচকাওয়াজ থেকে ট্যাবলো, মার্চিং, ব্যান্ড বিভিন্ন ক্ষেত্রে শুধু মহিলারাই অংশ নেবেন। প্রজাতন্ত্র দিবসের প্যারেডে মহিলা পুরুষ উভয় অংশ নিয়ে থাকে। এত দিন দেখেছি পুরুষদের পাশাপাশি কুচকাওয়াজের নেতৃত্ব দিয়েছেন মহিলারা। আবার যুদ্ধবিমানও উড়িয়েছেন। কখনও আবার নানা ধরনের স্টান্টও দেখিয়েছেন প্রমীলা বাহিনী। আগামী বছরের প্রজাতন্ত্র দিবসে রাজধানীর রাজপথে অন্য ভাবে পালন করা হবে। সেখানে নারীশক্তিকে উৎযাপিত করতেই কুচকাওয়াজ থেকে ট্যাবলো প্যারেডে শুধুমাত্র মহিলাদের দেখা যেতে পারে।

    আরও পড়ুন: বায়ুসেনার নজরদারি! ভারতের আকাশে প্রায় ১০ মিনিট রইল পাক বিমান, কেন জানেন?

    সেনায় নারী শক্তির অবদান আরও বাড়াতে লিঙ্গবৈষম্যের প্রাচীর ভেঙে ফেলারই সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। ২০১৫ সালে প্রথম বার সেনার ৩টি বিভাগেই শুধুমাত্র মহিলারা কুচকাওয়াজ করেছেন। ২০১৯ সালে প্রথম মহিলা আধিকারিক হিসাবে ডেয়ারডেভিল দলের হয়ে বাইকের স্টান্ট দেখিয়েছেন ক্যাপ্টেন শিখা সুরভী। পরের বছর পুরুষে সেনাদের কুচকাওয়াজে নেতৃত্ব দিয়েছেন ক্যাপ্টেন তানিয়া শেরগিল। ২০২১ সালে ফ্লাইট লেফ্টেন্যান্ট ভাবনা কান্তই ছিলেন প্রথম মহিলা ফাইটার, যিনি কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। এবার নারী শক্তির নয়া নজিরের সামনে কর্তব্যপথ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: চণ্ডীপুর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি! কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

    Suvendu Adhikari: চণ্ডীপুর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি! কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আদালত সূত্রে খবর, শুভেন্দুর আবেদনের ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আদালতে বিরোধী দলনেতার আইনজীবীর বক্তব্য, যে রাস্তা দিয়ে তাঁর মক্কেলের কনভয় যাচ্ছে, সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করছে না রাজ্য সরকার। শুভেন্দুর আবেদনের ভিত্তিতে আগামী বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে উচ্চ আদালতে।

    পর্যাপ্ত নিরাপত্তার অভাব

    গত বৃহস্পতিবার চণ্ডীপুর পেট্রল পাম্পের কাছে রাস্তা পারাপার করছিলেন শেখ ইসরাফিল নামে এক যুবক। সেখানেই দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয় যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। বিষয়টি নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি। সরব হন স্থানীয় বাসিন্দারা। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। প্রতিবাদে দিঘাগামী ১১৬বি জাতীয় সড়ক অবরোধ করেন এলাকাবাসীরা। এরপর অবশ্য ওই কনভয়ের ড্রাইভার আনন্দকুমার পাণ্ডে আত্মসমর্পণ করেন চণ্ডীপুর থানায়। গাড়িটিকেও বাজেয়াপ্ত করে পুলিশ। দুর্ঘটনায় তদন্তের স্বার্থে চণ্ডীপুর থানার পুলিশ শুভেন্দু অধিকারীর কনভয়ের চার জনকে নোটিস পাঠায়। কনভয়ের যে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ, তমলুক থানায় রাখা সেই গাড়িটিও পরীক্ষা করে দেখেন রাজ্য ফরেন্সিক দলের সদস্যেরা। গাড়িটির ক্ষতিগ্রস্ত অংশ, চাকা এবং বিভিন্ন যন্ত্রাংশের পরীক্ষা করেন তাঁরা। এ প্রসঙ্গে বিরোধী দলনেতার দাবি, যে পথ দিয়ে তাঁর কনভয় যাচ্ছে ইচ্ছাকৃতভাবে সেখানে নিরাপত্তা জোরদার করা হচ্ছে না। ফলে বিপদ বাড়ছে। সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।

    আরও পড়ুন: পটাশপুরে শুভেন্দুর সভা বাতিল প্রশাসনের! রবিবার ফের জনসভার ডাক বিরোধী দলনেতার

    বুলেটপ্রুফ গাড়ি

    বিরোধী দলনেতার দফতর সূত্রে দাবি, যে গাড়িটির বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ উঠেছে, সেটি বুলেটপ্রুফ গাড়ি। সেই কারণেই সাধারণ গাড়ির তুলনায় সেটি বেশি ভারী। এ ছাড়াও ওই গাড়িটি শুভেন্দুর (Suvendu Adhikari) কনভয়ের থেকে অন্তত দুই থেকে আড়াই কিলোমিটার দূরত্ব বজায় রেখে চলে। গাড়িটি তুলনামূলক ভারী বলেই দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার ওই ঘটনার তদন্তভার সিআইডিকে দেওয়া হয়েছে। এই ঘটনায় যাবতীয় নথি সিআইডিকে হস্তান্তর করা হয়েছে বলে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে খবর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share