Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Parkash Singh Badal: প্রয়াত পাঞ্জাবের লৌহপুরুষ প্রকাশ সিং বাদল! ২ দিনের পূর্ণ রাষ্ট্রীয় শোক ঘোষণা কেন্দ্রের

    Parkash Singh Badal: প্রয়াত পাঞ্জাবের লৌহপুরুষ প্রকাশ সিং বাদল! ২ দিনের পূর্ণ রাষ্ট্রীয় শোক ঘোষণা কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঞ্জাবের রাজনীতির লৌহপুরুষ প্রকাশ সিং বাদল (Parkash Singh Badal) প্রয়াত। মঙ্গলবার রাতে মোহালির এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আকালি দলের (SAD) নেতা প্রকাশ সিং বাদল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজনাথ সিং সহ কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাঁর মৃত্যুতে ভারত সরকারের তরফ থেকে ২ দিনের পূর্ণ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ২৬ এবং ২৭ এপ্রিল এই দু দিন সারা দেশ জুড়ে শোক দিবস পালন করা হবে। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।

    শোকবার্তা প্রধানমন্ত্রীর

    দীর্ঘ রোগভোগের মধ্য দিয়ে যাচ্ছিলেন প্রকাশ সিং বাদল (Parkash Singh Badal)। এক সপ্তাহ আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সদ্য তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়। তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। শ্বাসজনিত সমস্যার জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রকাশ সিং বাদলের ছেলে সুখবীর সিং বাদল এবং মেয়ে পরণীত কাউর। বর্ষীয়ান রাজনীতিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। শোক প্রকাশ করে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

    শোকাহত প্রধানমন্ত্রী লেখেন, “প্রকাশ সিং বাদলজি-র মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ভারতীয় রাজনীতিতে তিনি বিশেষ তাৎপর্যপূর্ণ ছিলেন এবং আমাদের দেশের প্রতি তাঁর বিশেষ অবদান রয়েছে। পাঞ্জাবের চরম সময়ে রাজ্যের অগ্রগতিতে তিনি অক্লান্তভাবে কাজ করে গিয়েছেন।”

    আরও পড়ুন: ‘‘আমিও ‘মন কি বাত’-এর শততম পর্বের জন্য মুখিয়ে রয়েছি’’, বললেন প্রধানমন্ত্রী

    পাঁচবারের মুখ্যমন্ত্রী

    রাজস্থান সীমানা লাগোয়া পাঞ্জাবের আবুল খুরানা গ্রামে জন্মেছিলেন প্রকাশ সিং বাদল (Parkash Singh Badal)। সালটা ১৯২৭। অবিভক্ত পাঞ্জাবের লাহোরে, ফরমান ক্রিশ্চান কলেজে পড়াশোনা করেন তিনি। মাত্র ২০ বছর বয়সে গ্রামের ‘সরপঞ্চ’ নির্বাচিত হন তরুণ প্রকাশ। এর পর ১৯৫৭ সালে কংগ্রেসের টিকিটে বিধায়ক। সালটা ১৯৭০, ৪৩ বছর বয়সে রাজ্যে প্রশাসনিক প্রধান হলেন প্রকাশ সিং বাদল। পাঁচবার ওই পদ সামলানোর অভিজ্ঞতা থাকা সত্ত্বেও নির্বাচনী পরাজয়ের স্বাদ পেতে হয়েছিল তাঁকে। পাঞ্জাবের নবীনতম মুখ্যমন্ত্রী হিসেবে রেকর্ড গড়েন প্রকাশ। প্রায় সাত দশকের রাজনৈতিক জীবনে মাত্র দুবার নির্বাচনে হেরেছেন। একটি ১৯৬৭ সালে, দ্বিতীয়টি ২০২২ সালে। ১৯৯৫ সালে অকালি দলের প্রেসিডেন্ট হওয়ার পর বিজেপির সঙ্গে জোট বাঁধেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kaliaganj and Kaliachak: জ্বলছে কালিয়াগঞ্জ! একই ঘটনা কালিয়াচকে, রাজ্যের রিপোর্ট তলব রাজ্যপালের

    Kaliaganj and Kaliachak: জ্বলছে কালিয়াগঞ্জ! একই ঘটনা কালিয়াচকে, রাজ্যের রিপোর্ট তলব রাজ্যপালের

    মাধ্যম নিউজ ডেস্ক: কালিয়াগঞ্জ ও কালিয়াচকে নাবালিকাকে ধর্ষণ করে খুনের (Kaliaganj and Kaliachak incident) অভিযোগের ঘটনা এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে নবান্নের (Nabanna) কাছে রিপোর্ট তলব করল রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপি’কে চিঠি পাঠানো হয় রাজভবন থেকে। শীঘ্রই দিল্লি সফর কাটছাঁট করে কলকাতায় ফিরছেন রাজ্যপাল। উল্লেখ্য, পরপর দু’টো একই ঘটনা নিয়ে বর্তমানে উত্তপ্ত উত্তরবঙ্গ। বুধবার সেই নিয়েই রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে আসছেন বিজেপির উত্তরবঙ্গের আট বিধায়ক।

    উত্তাল কালিয়াগঞ্জ

    ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ (Kaliaganj and Kaliachak incident)। গত কয়েকদিন ধরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে এলাকাতে। মঙ্গলবার কার্যত ব্যাপক আকার নিয়েছে এই ঘটনা। জ্বালিয়ে দেওয়া হয়েছে কালিয়াগঞ্জ থানা। এমনকী একাধিক গাড়ি-বাইক পুড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই পুলিশের দিকে ঢিল, ইট ছোড়া হতে থাকে। পথ চলতি মানুষ ও সংবাদমাধ্যমের দিকেও ইট ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পালটা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে র‌্যাফ ও কমব্যাট ফোর্স নামানো হয়। শেষমেশ আন্দোলনকারীরা কালিয়াগঞ্জ থানার একটি অংশে আগুন ধরিয়ে দেয়। থানার একটি পাঁচিলও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

    উদ্বিগ্ন রাজ্যপাল

    কালিয়াগঞ্জের ছবি দেখেই রাজ্যের ডিজিপি এবং মুখ্যসচিবের সঙ্গে কথা বলেন উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গিয়েছে, সেই ফোনালাপে এই ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। ২৪ ঘন্টার মধ্যেই ব্যবস্থা নেওয়ার কথা নাকি মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে রাজ্যপালকে জানান বলে খবর। আজ বুধবার দিল্লিতে একাধিক কর্মসূচি ছিল রাজ্যপাল বোসের। বেশ কয়েকটি বিষয় নিয়ে কেন্দ্রীয় শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকেও বসার কথা ছিল রাজ্যপালের। কিন্তু যেভাবে কালিয়াগঞ্জের ঘটনা ঘিরে মঙ্গলবার পরিস্থিতি ব্যাপক আকার নেয় তাতে তড়িঘড়ি কলকাতাতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল।

    আরও পড়ুন: সামনেই ভোট, জেনে নিন জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসের গুরুত্ব এবং ইতিহাস

    রিপোর্ট তলব

    অন্যদিকে, কালিয়াগঞ্জে নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ও তাঁর মৃত দেহ পুলিশের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন (National Commission for Protection of Child Rights)। জাতীয় শিশু সুরক্ষা কমিশন জানিয়েছে, মানুষের একটি মৃতদেহকে যথাযথ মর্যাদা দেওয়া ও সম্মান দেওয়ার প্রয়োজন ছিল। কালিয়াগঞ্জের ঘটনার ক্ষেত্রে তা করা হয়নি। রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করেছে জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন। আগামী ৬ সপ্তাহের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে। তদন্ত কতদূর হয়েছে, মৃতার পরিবারকে কী ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তার বিস্তারিত বিবরণ দিতে হবে। ওই দেহ টেনে নিয়ে যাওয়ার ঘটনায় কতজনকে কী শাস্তি দেওয়া হয়েছে তা নিয়েও জানাতে হবে রিপোর্টে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Abhijit Ganguli: ইস্তফা নয়, যে লড়াই শুরু করেছেন, তার শেষ দেখে ছাড়বেন! কেন বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

    Abhijit Ganguli: ইস্তফা নয়, যে লড়াই শুরু করেছেন, তার শেষ দেখে ছাড়বেন! কেন বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইস্তফা দেওয়ার প্রশ্নই নেই, যে লড়াই শুরু করেছেন, তার শেষ দেখে ছাড়বেন, বলে জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। গত এক সপ্তাহে সুপ্রিম কোর্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেশ কয়েকটি নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। সেই সঙ্গে টিভিতে বিচারপতির সাক্ষাৎকার দেওয়া নিয়ে হলফনামাও জমা দিতে বলেছে দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার এ নিয়ে মুখ খুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন দুপুর ২টোর সময় এজলাসে এসেছিলেন বিচারপতি। সেখানে বসেই তিনি ঘোষণা করেন, ‘‘শুনছি কেউ কেউ রটাচ্ছে আমি নাকি ইস্তফা দিচ্ছি…! আমি পদত্যাগ করছি না। যে লড়াই শুরু হয়েছে। সেই লড়াই চলবে।’’

    অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিমত

    মঙ্গলবার প্রথমে বিচারপতি বলেন, ‘‘যে লড়াই শুরু হয়েছে, তা চলবে। যত মিথ্যা কথা বলা হয়েছে, সেগুলির ব্যাখ্যা দিতে হবে। আমি হয়তো সব দিন থাকব না। কিন্তু আমি থাকি বা না থাকি লড়াই বন্ধ হবে না।’’তাঁর টিভিতে সাক্ষাৎকার দেওয়া নিয়ে  বিচারপতি বলেন, ‘‘ইন্টারভিউ যখন আমি দিয়েছি, তখন উত্তরও আমাকেই দিতে হবে।’’ তবে একই সঙ্গে বিচারপতি বলেছেন, ‘‘সুপ্রিম কোর্টের অর্ডার কপি এখনও আপলোড হয়নি শুনলাম। অর্ডার আসুক। উত্তর দেব।’’

    সুপ্রিম নির্দেশ

    এদিন সকালে হাইকোর্টে পৌঁছলেও প্রথমার্ধ্বে এজলাসে যাননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পরই হাইকোর্ট পাড়ায় রটে যায় যে তিনি ইস্তফা দিতে চলেছেন। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, বিচারপতি গঙ্গোপাধ্যায় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন কিনা তা নিয়ে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে শুক্রবার মধ্যে সর্বোচ্চ আদলতে রিপোর্ট পেশ করতে হবে। কলকাতা হাইকোর্টে শিক্ষা বিষয়ক মামলাগুলো দেখেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানতে চেয়েছে, আদৌ কি বিচারপতি গঙ্গোপাধ্যায় সাক্ষাৎকার দিয়ে নিজের এজলাসের মামলা নিয়ে কিছু মন্তব্য করেছেন?

    আরও পড়ুুন: নিয়োগ কেলেঙ্কারিকাণ্ডে এবার তাপসকে তলব সিবিআইয়ের, হাজিরা বুধেই

    দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসিমার বেঞ্চ পর্যবেক্ষণে স্পষ্ট করে বলেছে, “কোনও বিচারপতি তাঁর এজলাসের মামলা নিয়ে কখনওই সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে পারেন না। এমনটা যদি সত্যি ঘটে থাকে তাহলে সেই সব মামলা তাঁর এজলাস থেকে অন্য এজলাসে সরিয়ে দেওয়াই ভাল।” এ প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “আমার বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে বেশ কিছু আইনজীবী ভুল বোঝাচ্ছেন, যা কাম্য নয়”। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Recruitment Scam: অয়নের আরও ৮টি ফ্ল্যাটের খোঁজ! অন্তত ৬০টি পুরসভার নিয়োগে দুর্নীতির প্রমাণ স্পষ্ট

    Recruitment Scam: অয়নের আরও ৮টি ফ্ল্যাটের খোঁজ! অন্তত ৬০টি পুরসভার নিয়োগে দুর্নীতির প্রমাণ স্পষ্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রোমোটার ও প্রযোজক অয়ন শীলের গ্রেফতারির পর থেকেই বঙ্গের নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলার একের পর এক পর্দা উঠেছে। জানা গিয়েছে, শুধুমাত্র শিক্ষাক্ষেত্রেই নয় পুরসভার নিয়োগেও দুর্নীতি হয়েছে। নেতা থেকে মন্ত্রী নাম জড়িয়েছে বহু হেভিওয়েটের। ইডি সূত্রে খবর, সম্প্রতি অয়নের আরও বেশ কয়েকটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। আপাতত যত দূর জানা গিয়েছে, অয়ন শীলের মোট ষোলোটি ফ্ল্যাট রয়েছে। পাশাপাশি গত সপ্তাহেই আরও আটটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে বলে দাবি তদন্তকারীরাদের।

    অয়নের আরও ৮টি ফ্ল্যাটের খোঁজ

    ইডি সূত্রে খবর, হুগলিতে অয়নের আরও ৮টি ফ্ল্যাটের খোঁজ পাওয়া গিয়েছে। এগুলি প্রায় সবই অয়নের বিভিন্ন আত্মীয়ের নামে কেনা। জানা গিয়েছে, শ্বেতা চক্রবর্তীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও নিজের সংস্থার কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাচার করতেন অয়ন।  চাকরি দেওয়ার নাম করে অয়ন শীল বাজার থেকে প্রায় ২০০ কোটি টাকা তুলেছেন বলে দাবি ইডির। অয়নের বিধাননগরের অফিসে তল্লাশি চালিয়ে যে নথি উদ্ধার হয়েছে তাতে অন্তত ৬০টি পুরসভার নিয়োগে দুর্নীতি হয়েছে বলে স্পষ্ট। এর মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার দমদম ও বারকপুর শিল্পাঞ্চলের প্রায় সমস্ত পুরসভা। অত্যন্ত প্রভাবশালীদের মদতে এই দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ইডি।

    আরও পড়ুন: নিয়োগ কেলেঙ্কারিকাণ্ডে এবার তাপসকে তলব সিবিআইয়ের, হাজিরা বুধেই

    পুরসভা নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে সোমবারই এফআইআর দায়ের করেছে সিবিআই। সেকথা আদালতকে জানিয়েছেন তদন্তকারীরা। অয়ন শীলের ছেলে অভিষেকের বান্ধবী ইমনকেও তলব করেছে সিবিআই। শ্রীরামপুরে থাকেন ইমন। তাঁর নামেও একাধিক সম্পত্তি রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। অয়নের সংস্থার একাধিক কর্মীকেও সিজিও কমপ্লেক্সে তলব করে জেরা করা হচ্ছে। তাঁদের জেরা করে একাধিক তথ্য হাতে পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Yogi Adityanath: টোল ফ্রি ১১২ নম্বর থেকে যোগী আদিত্যনাথকে প্রাণনাশের হুমকি! চাঞ্চল্য উত্তরপ্রদেশে

    Yogi Adityanath: টোল ফ্রি ১১২ নম্বর থেকে যোগী আদিত্যনাথকে প্রাণনাশের হুমকি! চাঞ্চল্য উত্তরপ্রদেশে

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাণনাশের হুমকি পেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath)। আচমকাই উত্তরপ্রদেশে টোল ফ্রি ১১২ নম্বরে হোয়াটসঅ্যাপে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মেসেজ আসে। যেখানে হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রী যোগীর প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তরপ্রদেশে। যোগী আদিত্যনাথকে হুমকির পরপরই রিহান নামে এক ব্যক্তির বিরুদ্ধে  দায়ের করা হয় এফআইআর। সেই সঙ্গে উত্তরপ্রদেশের এটিএসকেও গোটা বিষয়টি জানানো হয়েছে বলে খবর।

    মাফিয়া-মুক্ত উত্তরপ্রদেশ

    সম্প্রতি মাফিয়া আতিক আহমেদের খুনের পর থেকে উত্তরপ্রদেশ জুড়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। আতিক আহমেদ এবং তার ভাই আশরফ আহমেদের হত্যার পর উত্তরপ্রদেশে আর কোনও মাফিয়া নিজেদের খাতা খুলতে পারবে না বলে স্পষ্ট জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। উত্তর প্রদেশকে মাফিয়া মুক্ত করতে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।  তিনি বলেছিলেন, “আগে উত্তর প্রদেশের একাধিক জেলায় অপরাধ ছিল নিত্যদিনের রুটিন। এতে মানুষের মধ্যে তৈরি হয়েছিল আতঙ্ক। কিন্তু এখন ভয় পাওয়ার কোনও দরকার নেই।” এমনকী আতিক আহমেদের পর তার স্ত্রী শায়েস্তা পারভিনকেও গ্রেফতার করা হবে বলে উত্তরপ্রদেশ পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে। তার মধ্যেই এই হুমকি। 

    এই প্রথম নয়

    জানা গিয়েছে, গত ২৩ এপ্রিল মধ্যরাতে ১১২ নম্বরে এই হুমকি মেসেজটি আসে। মেসেজটি রিসিভ করেন জনসংযোগ আধিকারিক শিখা অবস্তি। যেখানে যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়া হয়। ওই আধিকারিক মেসেজটির একটি স্ক্রিনশট করেন। ৫০৬, ৫০৭ এবং ৬৬ নম্বর ধারা অনুযায়ী এক অজ্ঞাতপরিচয় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্তে নেমেছে উত্তরপ্রদেশের সুশান্ত গলফ সিটি থানার পুলিশ। তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা (ATS)। কয়েকগুণ বাড়ানো হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা।

    আরও পড়ুন: কোচির রাস্তায় মোদি-ম্যাজিক! আজ কেরলে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

    এই প্রথমবার নয়। এর আগেও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সেই হুমকি এসেছিল। বাগপত এলাকার বাসিন্দা অমন রাজার প্রোফাইল থেকে এই হুমকি দেওয়া হয়েছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: কোচির রাস্তায় মোদি-ম্যাজিক! আজ কেরলে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

    Narendra Modi: কোচির রাস্তায় মোদি-ম্যাজিক! আজ কেরলে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: কেরল না বরোদা, বোঝা দায়!প্রায় ২কিমি রাস্তা জুড়ে শুধুই মোদি ম্যাজিক। কেরলের স্টাইলে ধুতি পরে পায়ে হেঁটে কোচিতে সোমবার রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দুদিনের কেরল সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী।  ঠিক একদিন আগে তাঁর উপর আত্মঘাতী হামলার হুমকি এসেছে। কিন্তু তারপরেও অবিচল মোদি। কেরলের ঐতিহ্যবাহী পোশাক পরে রাস্তায় হাঁটা শুরু করেন তিনি। চারপাশে উদ্বেলিত জনতা। তার মাঝে হাত নাড়লেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার তিরুবনন্তপুরম এবং কাসারগোডের মধ্যে বন্দে ভারত ট্রেন পরিষেবা এবং কোচিতে ওয়াটার মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন তিনি।

    মোদিকে নিয়ে উৎসাহ

    বাম শাসিত কেরলে এদিন মোদিকে (Narendra Modi) নিয়ে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। গোটা রাস্তায় দুপাশে প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল। আগামী ২০২৪ এর ভোটের আগে এই রোড শো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই। প্রধানমন্ত্রী এবার কেরলে অন্তত ৩২০০ কোটি টাকার প্রকল্পের সূচনা করবেন। দক্ষিণের যে রাজ্যে বিজেপি এখনও দাঁত ফোটাতে পারেনি তা হল কেরল। সরকারি কর্মসূচিতে সেখানে গিয়ে ভবিষ্যতে রাজ্যে ক্ষমতায় আসা নিয়ে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। 

    কেরলবাসীও বদল আনবে

    কেরল নিয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেছেন, গোয়া এবং উত্তর-পূর্বকে অনুসরণ করবে কেরলবাসী। এই রাজ্যেও বিজেপিকে ক্ষমতায় আনতে ভোট দেবেন সাধারণ মানুষ। উল্লেখ্য, গোয়া এবং উত্তর-পূর্বে খ্রিস্টান জনসংখ্যা অনেকটাই বেশি। কেরলে খ্রিস্টান সম্প্রদায়ের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ। বিশ্লেষকরা বলছেন বিজেপি এখানে খ্রিস্টান ভোট বেশি করে পেতে চাইছে। এদিন কেরলের গির্জার প্রধানদের সঙ্গে আলোচনা করেন মোদি। বিভিন্ন চার্চের আটজন প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। তাঁরা রবারের মতো পণ্যের মূল্য হ্রাসের বিষয় নিয়ে আলোচনা করেন। 

    আরও পড়ুুন: এবার পাকিস্তানি নাগরিকের কণ্ঠে শোনা গেল ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’ স্লোগান

    এদিন প্রধানমন্ত্রী(Narendra Modi) বলেছেন কেন্দ্র কেরলের পরিকাঠামো উন্নয়নে প্রচুর অর্থ দিচ্ছে। যা রাজ্যে ব্যাপক কর্মসংস্থান তৈরি করবে। প্রধানমন্ত্রী বলেন, তাঁর দল চায় কেরলের যুবকরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল ইন্ডিয়া , বিজ্ঞান এবং খেলাধূলা-সহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিক। তিনি বলেন, আয়ুর্বেদ এবং পর্যটনের মতো ক্ষেত্রে কেরলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এব্যাপারে কেন্দ্রীয় সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি। মোদি বলেন, ‘আগে ভাবা হত, এই দেশে কিছুই বদলাতে পারে না। তবে এখন সবাই জেনে গিয়েছে, গোটা বিশ্বকে বদলে দিতে পারে এই দেশ।’ তিনি যুব সমাজের কাছে আহ্বান করেন যাতে ধর্ম, জাতি, ভাষার ভিত্তিতে দেশের জনগণের মধ্যে বিভাজন তৈরি করা না হয়। মোদির কথায়, ‘আমাদের দেশ অমৃতকালের দোডরগোড়ায় দাঁড়িয়ে। সবাই মিলে হাতে হাতে কাজ করতে হবে।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India:  নরেন্দ্র মোদির নেতৃত্বে বিশ্বের অন্যতম ম্যানুফ্যাকচারিং হাব হবে ভারত! দাবি গবেষণায়

    India: নরেন্দ্র মোদির নেতৃত্বে বিশ্বের অন্যতম ম্যানুফ্যাকচারিং হাব হবে ভারত! দাবি গবেষণায়

    মাধ্যম নিউজ ডেস্ক: ধীরে ধীরে শিল্প স্থাপনের আদর্শ ক্ষেত্র হয়ে উঠছে ভারত। আগামী দিনে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি বিশ্বের অন্যতম ম্যানুফ্যাকচারিং (India To Foreign Manufacturers) হাব হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইনটিলিজেন্স ইউনিট (EIU)। শুধু তাই নয়, বিশ্বের বহু সংস্থা আগামী পাঁচ বছরের মধ্যে ভারতের ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলতে আগ্রহী হবে।

    উন্নতির পথে দেশ

    গত ১৩ এপ্রিল ইআইইউ’র বিজনেস এনভায়রনমেন্টের বিশ্বব্যাপী ক্রম তালিকায় ভারত ছ’ধাপ উপরে উঠে এসেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার ক্রমতালিকায় আগে ভারতের স্থান ছিল ১৪। এখন দশমে রয়েছে ভারত। অর্থাৎ চার ধাপ উপরে উঠেছে দেশ। যা থেকে প্রমাণ হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে ভারত সরকার দেশে শিল্প প্রসারের পথে অনেকটাই এগিয়েছে। তবে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। তেমন শঙ্কার কথাও শুনিয়েছে ইআইইউ। তাদের বক্তব্য, ভারত সরকার শিল্প স্থাপনের উপর বিশেষ জোর দিচ্ছে ঠিকই, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ এবং লাল ফিতের ফাঁসে প্রক্রিয়া মন্থর হয়ে পড়ছে। এই ব্যাপারে সতর্ক না হলে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য রাষ্ট্রগুলি কিন্তু আবার অনেকটাই এগিয়ে যাবে ভারতের থেকে।

    মোদির লক্ষ্য

    ইউআইইউ’র পক্ষ থেকে আরও বলা হয়েছে, যত বেশি বিদেশি সংস্থা ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করবে, তাতে লাভ হবে ভারতের অর্থনীতির। বৈদেশিক মুদ্রা ভান্ডারের স্বাস্থ্য উন্নতি হবে। বাড়বে জিডেপি দরও। প্রধানমন্ত্রী পদে বসার পর থেকেই নরেন্দ্র মোদি ভারতকে বিশ্বের অন্যতম শিল্প ও উৎপাদন ক্ষেত্র (India To Foreign Manufacturers) বানিয়ে তোলার চেষ্টা করে চলেছেন। সেই লক্ষ্যে তিনি অনেকটাই সফল। একাধারে যেমন তিনি দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে জোয়ার এনেছেন। অন্যদিকে অ্যাপেল সহ বহু বিদেশি সংস্থাকে তিনি ভারতে কারখানা গড়ার ব্যাপারে রাজি করিয়েছেন।

    আরও পড়ুুন: রবীন্দ্রজয়ন্তীতে সায়েন্স সিটি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ?

    কয়েকদিন আগেই অ্যাপেলের সিইও ভারতের মাটিতে প্রথম দু’টি স্টোরের উদ্বোধনে এসেছিলেন। মুম্বইয়ের পর তিনি যান দিল্লি। মানুষের উচ্ছ্বাস ছুঁয়ে গিয়েছে অ্যাপেল সিইওর মন। তাই তিনি আগামী দিনে আরও বেশি অ্যাপেলের প্রোডাক্ট ভারতের মাটিতে তৈরি করার ব্যাপারে আগ্রহও দেখিয়েছেন। মনে করা হচ্ছে, ভারতে অ্যাপেলের বিনিয়োগের পরিমাণ হতে পারে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার। ফক্সঅনের মতো কোম্পানিও তাইওয়ানের পর ভারতে ম্যানুফ্যাকচারিং হাব গড়তে চেয়েছে। যা শুধু দেশের শিল্পের প্রসার ঘটাবে না, প্রচুর চাকরির সুযোগ তৈরি করবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Earthquake: জোরালো ভূমিকম্প নিউজিল্যান্ডে! জারি সুনামি সতর্কতা

    Earthquake: জোরালো ভূমিকম্প নিউজিল্যান্ডে! জারি সুনামি সতর্কতা

    মাধ্যম নিউজ ডেস্ক: জোরালো ভূমিকম্প নিউজিল্যান্ডে। জারি করা হল সুনামির সতর্কতা। ভারতীয় সময় সোমবার ভোর ৬টা ১১ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলের কম্পনের তীব্রতা ছিল ৭.২। সঙ্গে সঙ্গেই ওই দ্বীপরাষ্ট্রটিতে সুনামির সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট দফতর। 

    সুনামি সতর্কতা

    নিউজিল্যান্ডের কারমাডেক দ্বীপে এই তীব্র কম্পন অনুভূত হয়েছে। গতকাল সকালে ইন্দোনেশিয়ায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১। আতঙ্কিত হয়েছিলেন বাসিন্দারা। যদিও হতাহতের তেমন খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে ট্যুইট করে কম্পনের কথা জানানো হয়েছে। তারা জানিয়েছে, এই কম্পনের উৎসস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। 

    ক্ষয়ক্ষতির সম্ভাবনা

    ভোরবেলা ভূমিকম্পের ফলে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে, কেউ এর ফলে আহত হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে আমেরিকার সুনামি সতর্কতা দফতর এই ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল দ্বীপের ১০ কিলোমিটার গভীরে হওয়ায় সমুদ্রে তার প্রভাব পড়তে চলেছে। ফলে নিউজিল্যান্ডে সুনামির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দ্বীপের বাসিন্দা এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের কারমাডেক দ্বীপে গত মাসেও জোরালো ভূমিকম্প হয়েছিল। সে বার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। স্বল্প সময়ের ব্যবধানে পর পর ৭-এর অধিক মাত্রার এমন ভূমিকম্প চিন্তা বাড়িয়েছে বিশেষজ্ঞদের।

    আরও পড়ুন: প্রথমবার ভারতে আসছেন জো বাইডেন, কেন জানেন?

    ভারতেও ভূমিকম্প

    এদিন ভারতের মেঘালয়ের দক্ষিণ গারো পাহাড়েও অনুভূত হয়েছে মৃদু কম্পন। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৫। সোমবার ভোর তিনটে নাগাদ অনুভূত হয় কম্পন। গত কয়েক মাস ধরেই এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশে ভূমিকম্প হয়ে চলেছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: আত্মঘাতী হামলার হুমকি! মোদির কেরল সফরের আগেই বিজেপি দফতরে চিঠি

    Narendra Modi: আত্মঘাতী হামলার হুমকি! মোদির কেরল সফরের আগেই বিজেপি দফতরে চিঠি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় আত্মঘাতী হামলার হুঁশিয়ারি। আগামী ২৪ এপ্রিল কেরল সফরে আসার কথা প্রধানমন্ত্রীর। তার আগেই মোদির বিরুদ্ধে হুমকি চিঠি এল কেরালায় বিজেপি-র রাজ্য দফতরে। ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে। 

    হুমকি চিঠি

    এই চিঠি মেলার পর থেকেই কেরালা জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। ইতিমধ্যেই ওই চিঠির প্রেরকের সন্ধান পেয়েছে কেরালা রাজ্য পুলিশ। তাকে আটক করা হয়েছে। যদিও সেই ব্য়ক্তি গোটা ঘটনা অস্বীকার করেছে। তার বক্তব্য, বিরোধী গোষ্ঠীর কেউ তাকে বদনাম করার জন্য এই চিঠি বিজেপির দফতরে পাঠিয়েছে।  প্রসঙ্গত, আগামী ২৪ এপ্রিল কোচিতে একটি জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। ওই দিনই তিরুবনন্তপুরম থেকে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করতে পারেন তিনি।

    আরও পড়ুন: অনুব্রতের গড়ে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল

    কেরল পুলিশের অতিরিক্ত ডিজি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য যে মহড়া দেওয়া হয়েছিল, তার একাংশ ফাঁস হয়ে গিয়েছে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার নিরাপত্তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছিল। এই গোপন নথি ফাঁস হওয়ায়র পরই পিআফআই সংগঠনের পক্ষ থেকেও হুমকি এসেছে। দেশের বিদেশ প্রতিমন্ত্রী এম মুরলীধরণ এই ঘটনাকে ‘গুরুতর’ বলে বর্ণনা করেছেন। এই বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী সফরের আগে এভাবে নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। দোষারোপ করেছেন রাজ্য পুলিশকেই।সেন্ট্রাল এজেন্সিগুলি ইতিমধ্যেই তাদের নিরাপত্তা জনিত প্রহরা আঁটোসাটো করেছে কেরলে। ২৪ এপ্রিল বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন ছাড়াও একটি রোড শো করতে পারেন মোদি। এর পাশাপাশি কেরলে একটি জনসভাও করবেন প্রধানমন্ত্রী।

    আরও পড়ুন: ফের রক্তাক্ত ভূস্বর্গ, শহিদ ৫ জওয়ান, জখম ১

    আগামী সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমে কোচিতে যাবেন। সেখান থেকে যাবেন তিরুবনন্তপুরমে। উদ্বোধন করবেন কেরালার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের। অন্যদিকে, কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদের (Atiq Ahmed) মৃত্যুর বদলা নেওয়ার হুমকি দিয়ে ইদের বার্তা দিল আল কায়দার শাখা সংগঠন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • SSC Scam:  ‘দল পাশে নেই, তবে লড়াই ছাড়ব না, আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে’! বিস্ফোরক তাপস সাহা

    SSC Scam: ‘দল পাশে নেই, তবে লড়াই ছাড়ব না, আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে’! বিস্ফোরক তাপস সাহা

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে আসা সিবিআই আধিকারিকরাও না কি তাঁকে এমনটা বলেছেন, দাবি তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার। কাঁদতে কাঁদতেই তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হলেও তিনি দল ছাড়বেন না। মোকাবিলা করবেন রাজনৈতিক ভাবে।

    রাজনৈতিক চক্রান্ত

    শুক্রবার বিকেল থেকে বিধায়কের বাড়িতে শুরু হয় কেন্দ্রীয় সংস্থার তল্লাশি অভিযান। একটানা জিজ্ঞাসাবাদ চলে তৃণমূল বিধায়কের। বাড়ি থেকে কার্যালয়, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রাতভর তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। শনিবার সকালে বেরিয়ে যান আধিকারিকরা। নথি সংগ্রহের জন্য বিধায়কের বাড়িতে ল্যাপটপ ও প্রিন্টার নিয়ে গিয়েছিল সিবিআই। প্রচুর নথিপত্র উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। তল্লাশি শেষে তাপস সাহার অভিযোগ,‘আমি চক্রান্তের শিকার’, কার চক্রান্ত? তাপস বলেন, ‘বিজেপিও চক্রান্ত করেছে, তৃণমূলও করেছে। আমি লড়াই করা মানুষ। দল ছাড়ব না। এটাকেই তো রাজনীতি বলে। যাঁরা চক্রান্ত করেছে তাঁদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে।’ দলের কেউ কেউ যে তাঁর নাম বলেছেন, সে কথা নাকি শোনা গিয়েছে সিবিআই-এর মুখেও। তিনি জানান, এখনও পর্যন্ত দল তাঁর পাশে দাঁড়ায়নি। দলের কোনও নেতা কথাও বলেননি তাঁর সঙ্গে।  

    তদন্তে সহযোগিতা

    তৃণমূল বিধায়কের কথায়, ‘তদন্তে পূর্ণ সহযোগিতা করেছি। প্রয়োজনে যা জানতে চাইবেন তাই বলব।’ তবে তাঁর দু’টি ফোন এবং তাঁর ছেলের কিছু নথি সিবিআই আধিকারিকরা সঙ্গে করে নিয়ে গিয়েছেন বলেও তাপস জানিয়েছেন। নিয়ে যাওয়া হয়েছে তাঁর স্কুলশিক্ষিকা ভাইঝিরও কিছু নথি। সেই প্রসঙ্গে তাপস বলেন, ‘‘আমি সম্পূর্ণ ভাবে সহযোগিতা করেছি সিবিআইকে। আমার দু’টো ফোন নিয়ে গিয়েছে। আমার ছেলের কাগজ নিয়ে গিয়েছে। আমার মেজ দাদার মেয়ের নথি নিয়ে গিয়েছে। আমার মেজ দাদার মেয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে।’’

    আরও পড়ুন: সাড়ে ১৪ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ! সকালে তাপসের বাড়ি থেকে বেরোল সিবিআই

    দল প্রসঙ্গে তাঁর মত,’রাজ্যের নেতারা নামেই নেতা। মমতা-অভিষেক ছাড়া কাউকে বলে লাভ হয় না। তৃণমূল রাজ্য নেতৃত্বকে বলে লাভ হয় না। মমতা-অভিষেকের কাছে চিঠি পাঠালেও পৌঁছয় না।’ তিনি আরও দাবি করেন, ‘পার্থ চট্টোপাধ্য়ায় দুর্নীতি করেননি। মানিক ভট্টাচার্য করেছেন। দলের পরিস্থিতি ভালো না। ৪ বছরে টিনা সাহা ৪০ কোটির মালিক হয়েছেন।’ এমনকি তেহট্টের তৃণমূল বিধায়ক এও বলেন যে, ‘মানুষের সবসময় দিন সমান যায় না। টাকা পয়সা ধার করতে হয়। আমিও করেছি। সবার শোধ করতে পারিনি।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share