Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • World Test Championship: বাংলাদেশের বিরুদ্ধে ২-০ জয়! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ছাড়পত্র কী পাবে টিম ইন্ডিয়া?

    World Test Championship: বাংলাদেশের বিরুদ্ধে ২-০ জয়! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ছাড়পত্র কী পাবে টিম ইন্ডিয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল ভারত। তার ফলে বিরাট কোহলিদের ফের এই প্রতিযোগিতার ফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হল। পাঁচটি সিরিজ শেষে টিম ইন্ডিয়ার পয়েন্ট শতকরা ৫৮.৯৩।  তার পরে রয়েছে দক্ষিণ আফ্রিকা (৫৪.৫৫ পিটিসি)। আর ৭৬.৯২ শতকরা পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের ফাইনালে খেলা প্রায় নিশ্চিত। এখন ঠিক হবে প্যাট কামিন্সদের প্রতিপক্ষ হবে কোন দল। ভারতের সম্ভাবনাই বেশি। কারণ, রোহিত শর্মাদের পরের সিরিজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। দুই দল খেলবে চার ম্যাচের সিরিজ। 

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র

    দেখে নেওয়া যাক, কী ফল হলে ভারত সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে খেলার ছাড়পত্র পাবে-
    ১) ভারত যদি অস্ট্রেলিয়াকে ৪-০ ব্যবধানে হারায় তাহলে শতকরা পয়েন্ট হবে ৬৮.০৬। সেক্ষেত্রে সরাসরি ফাইনালে উঠবে টিম ইন্ডিয়া।
    ২) ভারত যদি ৩-১ কিংবা ৩-০ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারায়, তাহলে ৬২.৫০ শতকরা পয়েন্ট দাঁড়াবে টিম ইন্ডিয়ার। সেক্ষেত্রেও অন্য কারও উপর নির্ভর করতে হবে না ফাইনালে ওঠার জন্য।
    ৩) এমনকী ভারত যদি ২-০ বা ১-০ ব্যবধানে যেতে, তাহলে শতকরা পয়েন্ট হবে ৬০.৬২। তাও অবশ্য রোহিত শর্মাদের ফাইনালে খেলার জন্য যথেষ্ট হতে পারে।
    তবে সিরিজ যদি ০-০, ১-১ কিংবা ২-২ ফলে অমীমাংসিত থাকে, তাহলে ভারতের শতকরা পয়েন্ট ৬০-এর নীচে নেমে যাবে। তখন ভারতকে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে। তখন, ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের ফল গুরুত্বপূর্ণ হয়ে যাবে।

    আরও পড়ুন: নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি বিসিসিআই সচিব জয় শাহকে পাঠালেন মেসি

    এখন প্রশ্ন হল, ভারত যদি অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়, তাহলে কি রোহিতদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে খেলার স্বপ্ন ভেঙে যাবে?
    এই পরিস্থিতিতে অঙ্ক অবশ্যই জটিল হবে। দেখতে হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা যেন তাদের আসন্ন টেস্ট সিরিজ হারে। আর এই অঙ্ক তখনই গুরুত্ব পাবে, ভারত যদি ০-১ ব্যবধানে সিরিজ হারে। পরাজয়ের ব্যবধানে বেশি হলে ছিটকে যাবে টিম ইন্ডিয়া। উল্লেখ্য, গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Ria Kumari: বয়ানে বিস্তর অসঙ্গতি! বাগনানে অভিনেত্রী রিয়া কুমারী খুনে গ্রেফতার স্বামী প্রকাশ

    Ria Kumari: বয়ানে বিস্তর অসঙ্গতি! বাগনানে অভিনেত্রী রিয়া কুমারী খুনে গ্রেফতার স্বামী প্রকাশ

    মাধ্যম নিউজ ডেস্ক: স্ত্রী রিয়াকে খুন করিয়েছিলেন স্বামী  প্রকাশ কুমার। এমনই অভিযোগ রিয়া কুমারীর পরিবারের। বাগনানে (Bagnan) ৬ নম্বর জাতীয় সড়কের উপর ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারীকে (Riya Kumari) গুলি করে খুনের (murder) ঘটনায় তাঁর স্বামী (husband) প্রকাশ কুমারকে গ্রেফতারও (arrest) করেছে পুলিশ। রিয়ার পরিবারের দাবি, তাঁদের মেয়েকে পরিকল্পনা করে দুষ্কৃতীদের দিয়ে খুন করিয়েছে তাঁর স্বামীই। একইসঙ্গে রিয়ার হত্যাকাণ্ডের সঠিক তদন্তের (investigation) আর্জিও জানিয়েছেন তাঁরা।  বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে প্রকাশকে। ধৃতকে বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে তোলা হবে। 

    কী অভিযোগ

    রোজগার করতেন বলেই রিয়ার উপর সব রাগ গিয়ে পড়েছিল প্রকাশের। ইউটিউবার হওয়ায় রিয়ার গতিবিধি নিয়েও প্রশ্ন তোলা হত। প্রতিনিয়ত তাঁকে সন্দেহ করতেন প্রকাশ। পাশাপাশি চলত মানসিক এবং শারীরিক নির্যাতন। রিয়ার উপার্জন করা অর্থ হাতিয়ে নিতেন প্রকাশ,এমনও বলছে অভিনেত্রীর পরিবার। সেই থেকেই অশান্তির সূত্রপাত। দাম্পত্যকলহ বড় আকার নিয়েছিল। রিয়া কুমারী ওরফে ইশা আলিয়া ছিলেন প্রকাশের দ্বিতীয় পক্ষের স্ত্রী। ‘আগেও বেশ কয়েকবার রিয়াকে খুনের হুমকি দেন প্রকাশ। রিয়াকে মারধরও করতেন প্রকাশ, এমনটাই অভিযোগ রিয়ার পরিবারের। প্রকাশের প্রথম পক্ষের স্ত্রী ও আরও দুই আত্মীয়ের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছে রিয়ার পরিবার। প্রশ্ন উঠছে, ছিনতাইয়ের ঘটনাকে সামনে রেখে কি পূর্ব পরিকল্পিতভাবে রিয়াকে খুনের ছক কষা হয়েছিল? সেই উত্তরই খুঁজছে পুলিশ। 

    প্রকাশের বয়ানে অসঙ্গতি

    প্রকাশ দাবি করে, বুধবার ভোরে ঝাড়খণ্ড থেকে কলকাতায় আসার সময় খুন হন রিয়া। আড়াই বছরের শিশুকন্যা ও স্ত্রীকে নিয়ে প্রকাশ নিজেদের গাড়িতে চেপে আসছিলেন।  প্রযোজক হিসেবে নিজের পরিচয় দিয়েছেন প্রকাশ। তাঁর কথায়, ভোর ৫.৩০টা নাগাদ মহিষরেখা সেতুর কাছে তিনি গাড়ি থামান। শৌচকর্ম সারতে যান। সেই সময় চড়াও হয় তিন ছিনতাইকারী। রিয়া বাধা দিতে গেলে,পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে খুন করে দুষ্কৃতীরা। রিয়ার কানের পাশে গুলি লাগে। তদন্তকারীদের মতে, প্রকাশ প্রাথমিক ভাবে জানিয়েছিলেন, গাড়ির বাইরে থেকে গুলি করা হয়েছে রিয়াকে। কিন্তু, পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে গুলির খোল। প্রকাশ আরও দাবি করেছিলেন, ছিনতাইকারীরা তাঁকে ঘিরে ধরেছিল। কিন্তু রিয়া তাদের বাধা দেওয়ায় ছিনতাইকারীরা তাঁকে গুলি করে। তদন্তকারীদের প্রশ্ন, এই পরিস্থিতিতে প্রকাশকেই ছিনতাইকারীদের আক্রমণ করার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। কিন্তু বাস্তবে তা ঘটেনি। 

    আরও পড়ুন: নিশানা ছিল আরএসএস হেডকোয়ার্টার! আত্মঘাতী জঙ্গি নিয়োগ করেছিল পিএফআই?

    পুলিশের সন্দেহ, প্রকাশ নিজেই রিয়াকে গুলি করে ছিনতাইয়ের গল্প ফেঁদেছেন। এই সন্দেহ জোরালো হয়, আরও কয়েকটি তথ্যে। হাওড়ার বাগনানের রাজাপুর এলাকায় জাতীয় সড়কের উপর মহিষরেখা সেতুর কাছে গুলি করে খুন করা হয়েছে রিয়াকে। তদন্তকারীদের মতে, ওই এলাকায় ইতিপূর্বে ছিনতাইকারীদের দৌরাত্ম্যের তেমন ইতিহাস নেই। তা ছাড়া, প্রকাশ দাবি করেছিলেন, তিনি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে সেতুর কাছে গাড়ি দাঁড় করান। তাঁর দাবি ছিল, ঠিক সেই সময়েই দুষ্কৃতীরা প্রকাশকে ঘিরে ফেলে। এই দুই ঘটনার সমাপতন কি নেহাতই কাকতালীয়, সেই প্রশ্নও ভাবিয়ে তোলে তদন্তকারীদের। দুষ্কৃতীরা কী করে জানল যে, ওই দম্পতি মহিষরেখা সেতুর কাছে গাড়ি দাঁড় করাবেন, এই প্রশ্নও ভাবিয়ে তোলে তদন্তকারীদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Year Ender 2022: ফিরে দেখা সাল ২০২২! মহিলাদের স্বার্থে দেওয়া যুগান্তকারী কয়েকটি রায় শীর্ষ আদালতের

    Year Ender 2022: ফিরে দেখা সাল ২০২২! মহিলাদের স্বার্থে দেওয়া যুগান্তকারী কয়েকটি রায় শীর্ষ আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েকটা দিন, শেষ হতে চলল সাল ২০২২। ঘটনাবহুল এই বছরে ভারতীয় মহিলাদের স্বার্থে যুগান্তকারী বেশ কয়েকটি রায় দেয় দেশের শীর্ষ আদালত। নারীর অধিকার সুরক্ষিত রাখতে  সুপ্রিম কোর্টের সেই রায়গুলির একঝলক:

    বৈবাহিক ধর্ষণ

    ‘বৈবাহিক ধর্ষণ’ও ‘ধর্ষণ’ বলে মন্তব্য করেছে আদালত। এই প্রসঙ্গে বিচারপতি চন্দ্রচূড় বলেন, বিবাহিত মহিলারও যৌন হেনস্থা বা ধর্ষণের শিকার হতে পারেন। বিনা সম্মতিতে স্বামীর আচরণে এক জন মহিলা অন্তঃসত্ত্বা হতে পারেন। প্রসঙ্গত, এ দেশে ‘বৈবাহিক ধর্ষণ’কে আইনি অপরাধ হিসাবে গণ্য করা হয় না। সেই নিরিখে শীর্ষ আদালতের এ হেন পর্যবেক্ষণ উল্লেখযোগ্য। স্বামীও ধর্ষক হতে পারেন এমন একাধিক অভিযোগ থানায় জমা হলেও সেগুলি অপরাধের সামিল বলে মনে করা হত না। চলতি বছরের ২৯ সেপ্টেম্বর সুপ্রম কোর্ট জানিয়েছে বিবাহের সম্পর্কে ধর্ষণও আইনত দণ্ডনীয়। অর্থাৎ এখন থেকে কোনও স্ত্রী স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলে পুলিশ তার বিরুদ্ধে পদক্ষেপ করতে বাধ্য। এত দিন পর্যন্ত একে কোনও অপরাধ বলেই ধরা হত না।

    গর্ভপাতের অধিকার

    দেশের সব নারীই নিরাপদে গর্ভপাত করাতে পারবেন। গত ২৯ সেপ্টেম্বর এই সংক্রান্ত এক মামলায় এমনই যুগান্তকারী রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। গর্ভপাতের ক্ষেত্রে বিবাহিত ও অবিবাহিত মহিলার ফারাক করা অসাংবিধানিক বলেও উল্লেখ করেছে দেশের শীর্ষ আদালত। ২০ থেকে ২৪ সপ্তাহের মধ্যে অবিবাহিত মহিলারাও গর্ভপাত করাতে পারবেন। ২০০৩ সালে গর্ভপাতের আইনে সংশোধন করে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ এই রায় দেন। সেই বেঞ্চে ছিলেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি জেপি পড়িওয়াল। 

    আরও পড়ুন: রাজ্যে সঠিকভাবে নষ্ট করা হয় না মেডিক্যাল বর্জ্য, অভিযোগ স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে 

    মায়ের পদবী ব্যবহার করতে পারবে সন্তান

    জন্মের পর নিজের বাবার পদবীই পায় সন্তান,বহুকাল ধরেই এই নিয়ম চলে আসছে। কিন্তু সুপ্রিম কোর্ট এই চিরাচরিত প্রথা ভেঙে নজিরবিহীন রায় দিয়ে জানায়,সন্তানের পদবী কি হবে তা নির্ধারণ করার অধিকার একমাত্র মায়ের। সন্তানের জন্মের সঙ্গে সঙ্গে তার লালন পালনেও মায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সেই সঙ্গে একা অনেক মা তাঁদের সন্তানকে বড় করে তোলেন। সেক্ষত্রে পদবীর ব্যবহার নিয়ে জটিলতা তৈরি হয় স্কুলে-কলেজে। সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি কৃষ্ণা মুরারীর বেঞ্চ একটি মামলার প্রেক্ষিতে জানিয়েছে সন্তান কোন পদবী ব্যবহার করবে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মায়েরও রয়েছে।

    টু-ফিঙ্গার টেস্ট

    ধর্ষণের একটি মামলায় গত ৩১ অক্টোবর গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ধর্ষিতার ‘টু ফিঙ্গার টেস্ট’ বা ‘দুই আঙুলের পরীক্ষা’ নিষিদ্ধ ঘোষণা করে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি হিমা কোহলির বেঞ্চ। বেঞ্চ আরও জানিয়েছে, এরপর কোনও ধর্ষণ মামলায় ‘টু ফিঙ্গার টেস্টের’ নির্দেশ দেওয়া হলে, তাদের অভব্য আচারণের জন্য দোষী সাব্যস্ত করা হবে। নিম্ন আদালতে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির সাজা বহাল রেখেছিল তেলঙ্গানা হাইকোর্ট। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করা হলে, সেই মামলার শুনানির শেষে গুরুত্বপূর্ণ রায় দেয় আদালত। 

    বাড়ি তৈরির টাকা পণ নেওয়ার সামিল

    বাড়ি তৈরির জন্য টাকা চাওয়া পণ নেওয়ার সামিল সুপ্রিম কোর্ট আরও একটি ঐতিহাসিক রায় দিয়েছে এই বছর। কোনও মেয়ের বাড়ির কাছে যদি বাড়ি তৈরির জন্য টাকা নেওয়া হয় সেটা পণ নেওয়ার সামিল অর্থাৎ পণ নেওয়ার মতই দণ্ডনীয় অপরাধ বলেই বিবেচিত হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি এএস বোপান্না এই রায় দিয়েছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Amit Shah: লে-লাদাখ ও জম্মু-কাশ্মীর নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক! কী উপদেশ দেবেন অমিত শাহ?

    Amit Shah: লে-লাদাখ ও জম্মু-কাশ্মীর নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক! কী উপদেশ দেবেন অমিত শাহ?

    মাধ্যম নিউজ ডেস্ক: উপত্যকা ও লে লাদাখের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আজ, বুধবার বিকেলেই শাহি বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর। জম্মু ও কাশ্মীরে আবার হামলা চালাচ্ছে জঙ্গিরা। গোপনে ঘাঁটি গেড়ে বসছে বসতি অঞ্চলে। শীতের শুরুতেই ঠান্ডার সুযোগে সীমান্তের ওপার থেকে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চলছে। তাই উপত্যকায় নিরাপত্তা সুরক্ষিত রাখতে এই বৈঠক বলে জানা গিয়েছে। 

    শাহি-বৈঠকের আগেই হামলা

    বুধবার সকালেই জম্মু ও কাশ্মীরের সিধরা এলাকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াইয়ে ৩ জঙ্গি নিহত হয়। ঘটনার কয়েক ঘণ্টা কাটতে না কাটতে উপত্যকা ও লাদাখ নিয়ে শাহি বৈঠকের সম্ভাবনা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে  বিশেষজ্ঞ মহল। প্রসঙ্গত, চলতি বছরে অগাস্ট মাসে উপত্যকার পরিস্থিতি নিয়ে বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ওই বেঠকে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) রাজ্যপাল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (home minister amit shah) দাবি করেছিলেন, “কাশ্মীরে নাশকতার ঘটনা আগের চেয়ে অনেকটাই কমেছে।” পাশাপাশি দেশে অনুপ্রবেশ আটকানোর জন্য একাধিক পদক্ষেপও গ্রহণ করার নির্দেশ দিয়েছিলেন তিনি।

    আরও পড়ুন: বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর! কাশ্মীরে এনকাউন্টারে খতম ৪ জঙ্গি

    চিনকেও কড়া বার্তা

    অমিত শাহের নির্দেশের পর সক্রিয় ছিল সেনা। কিন্তু উপত্যকার বিভিন্ন প্রান্তে মাঝে মাঝেই বিস্ফোরক উদ্ধার ও জঙ্গি খতমের ঘটনা প্রমাণ করছে, এখনও কাশ্মীরে অশান্তি সৃষ্টির চক্রান্ত চালিয়ে যাচ্ছে সীমান্তের ওপারের জঙ্গিরা। শাহি বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে নতুন করে নাশকতা রুখতে একগুচ্ছ পরিকল্পনার কথাও জানাতে পারেন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী। এছাড়া, কয়েকদিন আগে অরুণাচলে চিনা আগ্রাসনের ঘটনা ঘটেছে। লাদাখ সীমান্তেও চিনা আগ্রাসনের ঘটনা নতুন কিছু নয়। লাদাখ সংক্রান্ত বৈঠকে বেজিংয়ের প্রতিও অমিত শাহ (Amit Shah) কড়া বার্তা দিতে পারেন বলে সূত্র মারফৎ খবর। পাকিস্তান ও চিন দুই প্রতিবেশী রাষ্ট্রের চক্রান্ত কোনওভাবেই সফল হতে দেবে না ভারত। এ বিষয়ে সেনা ও নিরাপত্তাবাহিনীকে বিশেষ উপদেশ দিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী।

     

  • Recruitment Scam: নিয়োগ দুর্নীতির জের! ১৬৯৮ জন শিক্ষাকর্মীর চাকরি যাওয়ার পথে

    Recruitment Scam: নিয়োগ দুর্নীতির জের! ১৬৯৮ জন শিক্ষাকর্মীর চাকরি যাওয়ার পথে

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের বিভিন্ন স্কুলে গ্রুপ ডি পদে নিয়োগ হওয়া ১৬৯৮ জনকে এবার নোটিস ধরানোর প্রক্রিয়া শুরু করে দিল শিক্ষা দফতর। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে ১৬৯৮ জন গ্রুপ-ডি কর্মীর নিয়োগ দুর্নীতির আভাস দিয়েছিল সিবিআই। এঁরা রাজ্যের বিভিন্ন হাই ও জুনিয়ার হাইস্কুলে কর্মরত। রাজ্য শিক্ষা দফতর এবার এই কর্মীদের বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতরকে জানিয়ে দিল। ইতিমধ্যেই এই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়েছিলেন, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি করে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের একদিনও স্কুলে ঢুকতে দেব না৷ এই দুর্নীতির জেরে ছাত্রদের যে ক্ষতি হয়েছে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি৷ 

    শিক্ষা দফতরের নির্দেশিকা

    শিক্ষা দফতরের কমিশনার শুভ্র চক্রবর্তী ২৩ ডিসেম্বর একটি নির্দেশিকা জারি করেছেন। সেই নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তদন্তে চিহ্নিত ১৬৯৮ জন গ্রুপ ডি পদে নিয়োগ হওয়া ব্যক্তিকে নোটিস ধরাতে হবে। সেই নোটিসের সঙ্গে আদালতের রায়টিও যুক্ত করে দিতে বলা হয়েছে। রাজ্যের বিভিন্ন স্কুলে নিযুক্ত ১৬৯৮ জনের নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম ধরা পড়েছে বলেই অভিযোগ। নির্দেশিকাটির সঙ্গে ১৬৯৮ জনের নামের তালিকাও প্রকাশ করা হয়েছে। বর্তমানে তাঁরা কোন কোন স্কুলে কর্মরত রয়েছেন তা-ও জানিয়ে দেওয়া হয়েছে। নির্দেশিকাটি পাঠানো হয়েছে বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর (ডিআই)-দের কাছে। তাঁদের চলতি সপ্তাহের মধ্যেই কাজ শেষ করতে বলা হয়েছে। 

    আরও পড়ুন: একজনের নিয়োগপত্রে অন্যজনের চাকরি! মুর্শিদাবাদের স্কুলে ভুয়ো শিক্ষক

    এ প্রসঙ্গে রাজ্য বিজেপি মুখপাত্র শমিক মজুমদার বলেন, ‘কিছু প্রার্থী যেমন উৎকোচ দিয়ে চাকরি পেয়েছিলেন, তেমনই কিছু প্রার্থী পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছেন৷ তাঁদের কাছে পরীক্ষা দেওয়ার প্রমাণও আছে৷ সকল প্রার্থীর চাকরি বাতিল করা হলে, তা চূড়ান্ত অমানবিক হবে৷ পর্ষদ কি প্রতিদিন নতুন করে তাঁদের অবস্থান জানাবে? প্রতিদিন নতুন নতুন অধ্যাদেশ জারি করা হবে? একজনের পাপের ভার যেন সকলের ঘাড়ে চাপিয়ে দেওয়া না হয়৷ এই বিষয়ে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকেও হস্তক্ষেপ করতে হবে৷’ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Amit Shah: গুজরাট বিধানসভায় বিপুল জয় বলে দিয়েছে লোকসভা নির্বাচনে কী হবে! অভিমত অমিত শাহের

    Amit Shah: গুজরাট বিধানসভায় বিপুল জয় বলে দিয়েছে লোকসভা নির্বাচনে কী হবে! অভিমত অমিত শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপির বিশাল জয় আসন্ন লোকসভা ভোটে ভাল প্রভাব ফেলবে। এমনই অভিমত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। রবিবার সুরাট শহর ও জেলা বিজেপি আয়োজিত নব নির্বাচিত বিধায়কদের সংবর্ধনা অনুষ্ঠানে এই মত ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    যা বললেন অমিত শাহ

    গুজরাট বিধানসভা নির্বাচনে বিশাল জয়ে উজ্জীবিত বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে এই সাফল্য ইতিবাচক প্রভাব ফেলবে। গুজরাট বিধানসভায় নিবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘অনেক নতুন নতুন দল এবারের নির্বাচনে অংশ নিয়েছিল। দিয়েছিল ভুরিভুরি প্রতিশ্রুতি। যা শুনে কিছু মানুষ বিভ্রান্ত হলেও, রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ বুঝিয়ে দিয়েছে তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেই আছেন। তাই বাকি দলগুলির ব্যাপক বিপর্যয় ঘটেছে নির্বাচনের ফলাফলে। একই সঙ্গে গুজরাটের বিপুল জয় আগামী দিনে লোকসভা নির্বাচনে কী হতে যাচ্ছে, তা বুঝিয়ে দিয়েছে। সাধারণ মানুষ চায়, মজবুত সরকার। শক্ত হাতেই থাক দেশের শাসন ব্যবস্থা। আর এক্ষেত্রে নরেন্দ্র মোদির কোনও বিকল্প নেই।’

    আরও পড়ুন: জন্মবার্ষিকীতে ‘সদাইব অটল’-এ গিয়ে বাজপেয়ীকে শ্রদ্ধা মোদি-শাহের 

    অনুপ্রেরণা জোগাবে এই জয়

    গুজরাটের নতুন বিধায়কদের উদ্দেশে অমিত শাহ আরও বলেন, ‘এই বিশাল জয় গোটা দেশের বিজেপি কর্মীদের মনোবল বাড়াবে, আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে। তা ২০২৪ সালের আসন্ন লোকসভা নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আমার বিশ্বাস। দেশের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পছন্দ করেন। তাঁর জনপ্রিয়তা প্রশ্নাতীত। গুজরাটের মানুষ নরেন্দ্র মোদিকে দু’হাত ভরে আশীর্বাদ করেছেন বলেই পর পর দু’বার লোকসভা নির্বাচনে এখানে আমরা ২৬টির মধ্যে ২৬টি সিট জিততে পেরেছি। আশা করি, এবারও তার অন্যথা হবে না। এখন থেকেই আমাদের নতুন লক্ষ্যে কাজ শুরু করে দিতে হবে। গুজরাটের মানুষকে ভীষণই ভালোবাসেন প্রধানমন্ত্রী। তাই বিধানসভা নির্বাচনের সময় তিনি গোটা রাজ্য জুড়ে প্রচার করেছিলেন। তার ফল আমরা হাতেনাতে পেয়েছি। বিরোধীরা মোদি-ঝড়ে উড়ে গিয়েছে। সব কিছুই ফিকে পড়েছে তাঁর জনপ্রিয়তার সামনে।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • PCB: ভারত-পাক সিরিজ দুই দেশের সরকার সিদ্ধান্ত নেবে! অভিমত পিসিবির নয়া চেয়ারম্যান নজম শেঠির

    PCB: ভারত-পাক সিরিজ দুই দেশের সরকার সিদ্ধান্ত নেবে! অভিমত পিসিবির নয়া চেয়ারম্যান নজম শেঠির

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান পদ থেকে আগেই সরিয়ে দেওয়া হয়েছিল রামিজ রাজাকে। এবার তাঁর সময়কালে গঠিত যাবতীয় ক্রিকেট সংক্রান্ত কমিটিকেও বরখাস্ত করা হল। পিসিবি’র নতুন চেয়ারম্যান নজম শেঠির এই সিদ্ধান্ত প্রত্যাশিতই। কারণ, ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর পিসিবি চেয়ারম্যান পদ থেকে তাঁকে পদত্যাগ করতে হয়েছিল। পাকিস্তানে সরকার বদল হয়েছে। তার প্রভাব পড়ছে ক্রিকেট প্রশাসনেও।

    দল অপরিবর্তিত

    রামিজ রাজার চেয়ারম্যানশিপে ২০১৯ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) সংবিধান সংশোধন করা হয়েছিল। সেটাও বাতিল করেছে নজম শেঠির বোর্ড। একই সঙ্গে ভেঙে দেওয়া হয়েছে মহম্মদ ওয়াসিমের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটিও। আপাতত পিসিবি চেয়ারম্যানই নির্বাচক প্রধানের দায়িত্ব সামলাবেন। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হতে চলা টেস্ট সিরিজের জন্য ঘোষিত পাকিস্তান দলে কোনও পরিবর্তন হবে না বলে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে। এই প্রসঙ্গে নজম শেঠি বলেন, ‘স্কোয়াড পরিবর্তনের কোনও প্রয়োজন আছে বলে মনে হয় না।’

    আরও পড়ুন: সাকিবকে দেড় কোটিতে নিয়ে কি ভুল করল কেকেআর?

    ভারত-পাক সিরিজ সরকারের সিদ্ধান্ত

    পিসিবি (PCB) চেয়ারম্যান পদ থেকে রামিজ রাজার বিতাড়ণের পিছনে প্রবল ভারত বিরোধী মনোভাবই দায়ী বলে মনে করা হচ্ছে। এর সূত্র ২০২৩ সালের এশিয়া কাপ আয়োজন ঘিরে। বিসিসিআই-এর বর্তমান সচিব জয় শাহ ঘোষণা করেছিলেন, ভারতীয় দল পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যাবে না। প্রতিযোগিতা হবে নিরপেক্ষ ভেন্যুতে। আর তাতে বেজায় চটেছিলেন রামিজ রাজা। কারণ, তিনি পিসিবি চেয়ারম্যান পদে বসার পর থেকেই পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রবল চেষ্টা শুরু করেছিলেন। তিনি এটাও জানতেন, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ শুরু না হলে আর্থিকভাবে পাক বোর্ড সাবলম্বি হতে পারবে না। তাই বোর্ড সচিবের মন্তব্যের পাল্টা রাজা বলেছিলেন, ২০২৩ সালে ভারতে হতে চলা ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তান নাও খেলতে পারে। তাই নিয়েই শুরু হয় বিতর্ক। আইসিসি কোনওভাবেই চায় না পাকিস্তান বিশ্বকাপ বয়কট করুক। তাই ঘরে-বাইরে প্রবল চাপে রামিজ রাজাকে সরতে হয়েছে। নতুন পিসিবি চেয়ারম্যান নজম শেঠি অবশ্য ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে সাবধানে পা ফেলতে চাইছেন। তাঁর কথায়, ‘দ্বিপাক্ষিক সিরিজ কিংবা অন্য কোনও ক্রিকেটীয় বিষয়ে দুই দেশের সরকার আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • BCCI: নতুন নির্বাচক কমিটি গঠন! আজই বৈঠকে বসছে ক্রিকেট উপদেষ্টা কমিটি

    BCCI: নতুন নির্বাচক কমিটি গঠন! আজই বৈঠকে বসছে ক্রিকেট উপদেষ্টা কমিটি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক কমিটি গঠন ঘিরে বিতর্ক তুঙ্গে। টি-২০ বিশ্বকাপের ব্যর্থতার জেরে চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ভেঙে দিয়েছিল বিসিসিআই (BCCI)। তবে ওই কমিটিকে বলা হয়েছিল, নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে। সেই মতো শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-২০ এবং একদিনের সিরিজের দল নির্বাচন করেছে পুরনো কমিটি। রনজি ট্রফির ম্যাচেও তাঁদের দেখা যাচ্ছে। কারণ, নতুন কমিটি ঘোষণা হতে আরও কিছুদিন সময় লাগবে। শুক্রবারই বৈঠকে বসছে ক্রিকেট উপদেষ্টা কমিটির (CAC) তিন সদস্য অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে ও সুলক্ষণা নায়েক। তাঁরাই নতুন নির্বাচকদের বেছে নেবেন।

    নির্বাচক কমিটি গঠন নিয়ে বিতর্ক

    বিসিসিআই (BCCI) সূত্রে খবর, জাতীয় নির্বাচক হওয়ার জন্য প্রথমে ৬০০টি আবেদন পত্র জমা পড়েছিল। যার মধ্যে ছিল শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ, ইনজামাম-উল-হকদের মতো প্রাক্তন ক্রিকেটারদের নাম। যদিও সেই সিভি তৈরি করা হয়েছিল ভুয়ো পরিচয়পত্র দিয়ে। যাবতীয় নথি খতিয়ে দেখে ক্রিকেট উপদেষ্টা কমিটি (CAC) ৬০ জনের প্রাথমিক তালিকা তৈরি করেছে। সেই তালিকায় রয়েছে বেঙ্কটেশ প্রসাদের মতো প্রাক্তন ক্রিকেটার। খুব সম্ভবত তিনিই হবেন জাতীয় নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান। কিন্তু মজার ব্যাপার হল, বিদায়ী নির্বাচকদের মধ্যে চেতন শর্মাও আবেদন করেছেন। তাঁরও ইন্টারভিউ হবে। আবেদন করেছেন হরবিন্দর সিংও। তবে দেবাশিস মোহান্তি এই পথ মাড়াননি।

    আরও পড়ুন: মেসির সই করা জার্সি পেল ধোনি কন্যা! উপহার পেয়ে উচ্ছ্বসিত জিভা

    জাতীয় নির্বাচক হতে পারলে বছরে ১ কোটি টাকা উপার্জনের সুযোগ রয়েছে। চেয়ারম্যান পাবেন আরও বেশি টাকা। তাই অনেকেই আবেদন করেছেন। কিন্তু বোর্ড সূত্রের খবর, যোগ্য প্রার্থী খুঁজে পেতে সমস্যা হচ্ছে। সেই কারণে পুরানো কমিটির কয়েকজনকে হয়তো রেখে দেওয়া হতে পারে। তবে চেতন শর্মা নির্বাচিত হলেও নির্বাচক কমিটির চেয়ারম্যান হওয়ার কোনও সম্ভাবনা নেই। তাঁকে উত্তরাঞ্চল থেকে সাধারণ প্রতিনিধি হিসেবেই কাজ করতে হবে। সেটা কি তিনি মেনে নেবেন, তা নিয়েও উঠছে প্রশ্ন। অনেকে বলছেন, সবই সাজানো ব্যাপার। বিসিসিআই (BCCI) কর্তারা আগে থেকেই সব কিছু ঠিক করে রেখেছেন। ক্রিকেট উপদেষ্টা কমিটির (CAC) ইন্টারভিউ নেওয়া পুরোপুরি লোক দেখানো।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Narendra Modi: কালই শহরে মোদি! জেনে নিন প্রধানমন্ত্রীর সফরসূচির পরিবর্তিত সময়

    Narendra Modi: কালই শহরে মোদি! জেনে নিন প্রধানমন্ত্রীর সফরসূচির পরিবর্তিত সময়

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর শেষের আগের দিন। উৎসবমুখর কলকাতা। এমনই সময় শুক্রবার শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই সফর ঘিরে বাংলায় সাজো সাজো রব বাংলায়। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে হাওড়া স্টেশন চত্বর। পাশাপাশি নতুন করে সেজে উঠছে ইডেন গার্ডেন্স স্টেশন সহ গঙ্গা তীরবর্তী চক্ররেলের স্টেশনগুলি। স্ট্র্যান্ড রোড থেকে সরানো হচ্ছে অপ্রয়োজনীয় হোর্ডিং। তুলে দেওয়া হয়েছে রাস্তার আশেপাশের দোকান।

    প্রধানমন্ত্রীর সফরসূচি

    রাজ্য়ের প্রথম এবং দেশের সপ্তম বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন করতে মূলত শুক্রবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। দেশীয় প্রযুক্তিতে তৈরি দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেনের (Semi High Speed Train) আনুষ্ঠানিক সূচনার পাশাপাশি একগুচ্ছ কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদির (Narendra Modi)। জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকেও যোগ দেওয়ার কথা তাঁর। ওই বৈঠকে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Chief Minister Mamata Banerjee)।

    আরও পড়ুন: হাসপাতালে ভর্তি হীরাবেন, অসুস্থ মাকে দেখতে গুজরাট পৌঁছলেন নরেন্দ্র মোদি

    প্রধানমন্ত্রীর সফরসূচির একঝলক: ৩০ ডিসেম্বর সকাল ১০টার পরিবর্তে ১১:১৫ মিনিট নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের ফ্লাগ অফ করার পাশাপাশি কয়েকটি মেট্রো প্রজেক্টের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি কয়েকটি নতুন প্রজেক্টের উদ্বোধন করার কথাও রয়েছে তাঁর। হাওড়া স্টেশনে ৩০ মিনিট থাকবেন প্রধানমন্ত্রী। তারপর দুপুর বারোটা নাগাদ আইএনএস নেতাজি সুভাষের সংলগ্ন এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখান থেকেই একটি প্রদর্শন ঘুরে দেখার কথা প্রধানমন্ত্রীর। প্রদর্শন ঘুরে দেখার পর আইএনএস নেতাজি সুভাষে দ্বিতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেবেন তিনি। দুপুর ১২টা ২৫ থেকে দুপুর দুটো পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা গঙ্গা পরিষদের বৈঠক করবেন মোদি। এই গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুপুর দুটো থেকে ২.৪৫ মিনিট পর্যন্ত মধ্যাহ্ন ভোজের জন্য বিরতি রাখা থাকছে। দুপুর ৩:১৫ নাগাদ কলকাতা এয়ারপোর্ট  থেকে  বিশেষ বিমানে দিল্লির জন্য রওনা দেবেন প্রধানমন্ত্রী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Bagnan: ছিনতাইয়ে বাধা! বাগনানে স্বামী ও শিশুকন্যার সামনেই গুলি করে হত্যা মহিলাকে

    Bagnan: ছিনতাইয়ে বাধা! বাগনানে স্বামী ও শিশুকন্যার সামনেই গুলি করে হত্যা মহিলাকে

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বামী ও আড়াই বছরের শিশু কন্যার সামনেই মহিলাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হল। ছিনতাইয়ে বাধা দেওয়ায় রিয়া কুমারী নামে ওই মহিলাকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। বুধবার ভোর ৬টা নাগাদ বাগনানের রাজাপুর থানার মহিষরেখা ব্রিজের কাছে ঘটনাটি ঘটে। 

    ঘটনার গতিপ্রকৃতি

    পুলিশ সূত্রে জানা গিয়েছে আড়াই বছরের মেয়ে ও স্ত্রীকে নিয়ে রাঁচি থেকে গাড়িতে করে কলকাতা আসছিলেন প্রকাশ কুমার নামের এক ব্যক্তি।  প্রকাশ নিজেই রাঁচি থেকে গাড়ি চালিয়ে আসছিলেন। প্রকৃতির ডাকে মহিষরেখা ব্রিজের কাছে গাড়ি দাঁড় করিয়েছিলেন প্রকাশ। সেই সময় তাঁদের ঘিরে ধরে তিন জন দুষ্কৃতী। তিন জনেই সশস্ত্র ছিল। প্রকাশ এবং তাঁর স্ত্রীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা। ছিনতাইয়ে বাধা দেন প্রকাশ। গাড়ি থেকে নেমে আসেন প্রকাশের স্ত্রী রিয়াও। সেই সময় রিয়াকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। কানের তলায় গুলি লাগে রিয়ার। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রিয়া। গুলি চালিয়ে দুষ্কৃতীরা ছিনতাই করে পালিয়ে যায় বলে দাবি প্রকাশের। গাড়ির পিছনের সিটে শিশু কন্যাকে রেখে, রক্তাক্ত স্ত্রীকে তিনি গাড়ির ডিকিতে ঢোকান।

    আরও পড়ুন: পুলিশি তদন্তের মুখে খোদ পুলিশ-ই! উত্তরবঙ্গে তিন অফিসারের বাড়িতে তল্লাশি

    প্রকাশের বয়ান অনুযায়ী, তাঁকে সে সময়ে সাহায্য করার কেউ ছিল না। রক্তাক্ত অবস্থায় পিছনের সিটেও স্ত্রীকে রাখতে পারেননি। কারণ তাঁর শিশু ছিল। গাড়ির ডিকিতে স্ত্রীকে ঢুকিয়ে কোনওমতে গাড়ি চালিয়ে কিছুদূরে যান প্রকাশ। পীরতলার কাছে রাস্তার ওপর থাকা একটি চায়ের দোকানে সাহায্য চাইতেই স্থানীয়রা তাঁর স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করে। স্থানীয় তরফে রাজাপুর থানার পুলিশকেও খবর দেওয়া হয়। আহত মহিলাকে রক্তাক্ত অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসাপাতালে নিয়ে যাওয়া হয়ে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। 

    তদন্ত শুরু করেছে পুলিশ

    এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য় ছড়ায়। যেভাবে ভোর বেলা জাতীয় সড়কের উপরে গুলি চালানোর অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখছে পুলিশও। নিহত মহিলার স্বামীর বয়ান খতিয়ে দেখতে তাঁকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছেন হাওড়া জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ঘটনাস্থলের আশপাশে কোনও সিসিটিভি ফুটেজ আছে কি না, তাও খোঁজ করে দেখা হচ্ছে। রিয়াকে খুনের নেপথ্যে শুধুমাত্র ছিনতাইয়ে উদ্দেশ্য ছিল, এই তত্ত্বে খটকা লাগছে পুলিশের। যেখানে গাড়ি থামানো হয়, যে ভাবে প্রকাশ নেমে যান গাড়ি থেকে, তাও প্রশ্ন তুলছে। সবদিক খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় একমাত্র সাক্ষী প্রকাশ। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ জরুরি বলে মত পুলিশের।

LinkedIn
Share