Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Narendra Modi: ঝটিকা সফরে শুক্রবার শহরে প্রধানমন্ত্রী! বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন মোদি

    Narendra Modi: ঝটিকা সফরে শুক্রবার শহরে প্রধানমন্ত্রী! বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর শেষে চার ঘণ্টার ঝটিকা সফরে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৩০ ডিসেম্বর, শুক্রবার তাঁর শহরে আসার কথা। ওই দিন হাওড়া স্টেশন থেকে ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, জাতীয় গঙ্গা পরিষদ (ন্যাশনাল গঙ্গা কাউন্সিল)-এর বৈঠকেও তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে। সোমবার রাতে প্রধানমন্ত্রীর শুক্রবারের কর্মসূচির একটি তালিকা সামনে এসেছে।

    অরাজনৈতিক সফর মোদির

    শুক্রবার, সকালে কলকাতা বিমানবন্দরে নামবেন মোদি। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মোদি পৌঁছবেন রেস কোর্সের মাঠে। সেখান থেকে গাড়িতে সোজা হাওড়া স্টেশন। রাজ্যের প্রথম ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের সূচনা তাঁর হাতেই হওয়ার কথা। হাওড়া থেকে ‘বন্দে ভারত’ যাবে নিউ জলপাইগুড়ি।  ৩০ মিনিট হাওড়া স্টেশনে কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল ১০.৩০ নাগাদ প্রধানমন্ত্রী হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম এ এসে পৌঁছাবেন। ওখানে শিশুদের সঙ্গে কথা বলবেন। প্রধানমন্ত্রী মোদির এ বারের সফর একেবারেই অরাজনৈতিক। এই সফরে প্রধানমন্ত্রীর কোনও রাজনৈতিক কর্মসূচি নেই। আগে রাজ্য বিজেপির তরফে হাওড়ায় একটি সভায় প্রধানমন্ত্রীকে উপস্থিত থাকার আবেদন জানানো হয়েছিল। কিন্তু করোনার কারণে প্রধানমন্ত্রীর দফতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই সফরে কোনও রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত থাকা প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব নয়।

    আরও পড়ুন: কেন্দ্রের বরাদ্দের বছর পার, এখনও শেষ হল না রাজ্যের করোনা প্রস্তুতি  

    একগুচ্ছ সরকারি কর্মসূচি

    হাওড়া থেকে গার্ডেনরিচে ভারতীয় নৌসেনার পূর্বাঞ্চলীয় কার্যালয়ে যাবেন মোদি। সেখানে তিনি নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানাবেন। সেখানেই ‘নমামি গঙ্গে’ এবং ‘ডিডব্লিউএস’-এর একটি প্রদর্শনীতে তাঁর হাজির থাকার কথা। ‘নমামি গঙ্গে’র কাজ কেমন চলছে তা-ও খতিয়ে দেখার কথা প্রধানমন্ত্রীর। সেখান থেকে মোদির যাওয়ার কথা জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে। শেষ বার ২০১৯-এর ডিসেম্বরে কানপুরে গঙ্গা পরিষদের বৈঠক হয়। সে বার পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড অনুপস্থিত ছিল। প্রধানমন্ত্রী নিজেই ওই পরিষদের সভাপতি। পরিষদের সদস্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে সেই বৈঠকে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। এরপর দুপুর দু’টো ১৫ নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে দিল্লি রওনা দেবেন প্রধানমন্ত্রী। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Pakistan Kashmir: কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ ও অস্ত্র পাচারের চেষ্টা পাকিস্তানের! কী বললেন সেনা অফিসার?

    Pakistan Kashmir: কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ ও অস্ত্র পাচারের চেষ্টা পাকিস্তানের! কী বললেন সেনা অফিসার?

    মাধ্যম নিউজ ডেস্ক: কাশ্মীরকে অশান্ত করতে সীমান্তের ওপার থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। জঙ্গি অনুপ্রবেশ এবং অস্ত্র পাচারের মাধ্যমে উপত্যকার শান্তি বিঘ্নিত করতে সদা সচেষ্ট পাকিস্তান। কাশ্মীরকে আগুনের স্তূপে বসাতে চাইছে তারা। অভিমত ভারতীয় সেনার।

    উপত্যকাকে অশান্ত করা প্রয়াস

    সেনার ১৯ ইনফ্যান্ট্রি ডিভিসনের মেজর জেনারেল অজয় চন্দপুরিয়া বলেন, বিভিন্ন এজেন্সির কাছ থেকে গত দুই সপ্তাহ ধরে ইনপুট মেলে যে, অনুপ্রবেশের চেষ্টা হতে পারে এবং উরির রামপুর সেক্টরের হাতলঙ্গা এলাকার জঙ্গিরা যুদ্ধের রসদ মজুত করতে পারে। তার পরেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর তল্লাশি অভিযান শুরু করে সেনা। হাতলঙ্গা এলাকায় গত শুক্রবার প্রায় ৮ ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর আগ্নেয়াস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে- আটটি একে-৭৪ রাইফেল, ২৪টি একে-৭৪ রাইফেল ম্যাগাজিন, ৫৬০টি ৭.৬২ মিমি একে-৭৪ লাইভ অ্যামিউনিশন, ২৪টি চাইনিজ পিস্তল ম্যাঙ্গানিজ-সহ অন্যান্য সামগ্রী। রবিবার ওই সেনা আধিকারিক জানান, কাশ্মীর উপত্যকার পরিস্থিতি প্রায় স্বাভাবিক। কারণ, এখানে এখন জঙ্গি এবং যুদ্ধের রসদ সর্বকালীন কম অবস্থায় রয়েছে। কিন্তু তা নষ্ট করতে চাইছে পাকিস্তান। 

    আরও পড়ুন: গুজরাট বিধানসভায় বিপুল জয় বলে দিয়েছে লোকসভা নির্বাচনে কী হবে! অভিমত অমিত শাহের

    সতর্ক ভারতীয় সেনা

    এই মুহূর্তে উপত্যকায় আগ্নেয়াস্ত্র বা গোলা-বারুদ কম পরিমাণে থাকায় পাকিস্তান জঙ্গি অনুপ্রবেশ এবং যুদ্ধের জন্য প্রয়োজনীয় আগ্নেয়াস্ত্র ও গোলা-বারুদ কাশ্মীরে পাচার করছে। জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টর থেকে উদ্ধার হওয়া অস্ত্রে লেখা রয়েছে, “আই লাভ পাকিস্তান”। মেজর জেনারেল অজয় চন্দপুরিয়া বলেন, “কাশ্মীর উপত্যকা জুড়ে বিরাজমান শান্তি ও সমৃদ্ধি মেনে নিতে পারছে না পাকিস্তান। তাই তারা এই ধরনের মরিয়া প্রয়াস চালাচ্ছে।” তবে তিনি জানান, সেনাবাহিনী সতর্ক রয়েছে এবং কাশ্মীরে কোনও অনুপ্রবেশ ঘটতে দেওয়া যাবে না। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। প্রবল ঠান্ডা ও বরফের স্তরকে কাজে লাগিয়ে যাতে কোনওরকম জঙ্গি কার্যকলাপ না বাড়তে পারে তার দিকে নজর রয়েছে সেনার। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Bomb Cyclone: বিপর্যস্ত আমেরিকার একাংশ! ৮ ফুট বরফের স্তরে ঢাকা বহু শহর, বম্ব সাইক্লোনে মৃত ৩৪

    Bomb Cyclone: বিপর্যস্ত আমেরিকার একাংশ! ৮ ফুট বরফের স্তরে ঢাকা বহু শহর, বম্ব সাইক্লোনে মৃত ৩৪

    মাধ্যম নিউজ ডেস্ক: উৎসব না আতঙ্ক! ক্রিসমাসের সময় বিপর্যস্ত আমেরিকার একাংশ। তুষারঝড়ে দেশ জুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪।   বিধ্বস্ত পূর্ব আমেরিকার বিস্তীর্ণ অংশ।  হাজার হাজার মানুষ দুর্যোগের সময় বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। তুষারঝড়ে সবচেয়ে খারাপ অবস্থা ওয়েস্টার্ন নিউ ইয়র্কের বাফেলোর। ঝড়ের পরে গোটা শহরটাই প্রায় ৮ ফুট বরফের স্তরের নীচে ঢাকা পড়ে গেছে। 

    তাপমাত্রা হিমাঙ্কের ৪৫ ডিগ্রি নীচে

    আমেরিকার এই ভয়ঙ্কর তুষারঝড়কে বলা হচ্ছে ‘সাইক্লোন বম্ব’। এর ফলে দেশের নানা প্রান্তে হিমাঙ্কের ৪০ থেকে ৪৫ ডিগ্রি নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। ঠান্ডায় প্রায় জমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। রাস্তাঘাটের অবস্থা এমন যে, বিপর্যয় মোকাবিলা বাহিনীও দুর্যোগ কবলিতদের উদ্ধারে বাধা পাচ্ছে। বিদ্যুৎহীন একাধিক এলাকা। কোথাও গাড়ির ভিতর থেকে নিথর দেহ উদ্ধার হয়েছে, কোথাও স্নো-ব্যাঙ্কের নীচ থেকে। বন্ধ শহরের আন্তর্জাতিক বিমানবন্দর, নিষিদ্ধ করা হয়েছে গাড়ির চলাচলও।

    আরও পড়ুন: তাপমাত্রা নামবে -৪৫ ডিগ্রি সেলসিয়াসে! তুষারঝড়ে কাঁপছে আমেরিকা

    ২ লক্ষ মানুষ অন্ধকারে

    বাফেলোর বাসিন্দা তথা নিউ ইয়র্কের গভর্নর ক্য়াথি হোচুল বলেন, “মনে হচ্ছে যেন যুদ্ধক্ষেত্রের মধ্যে দিয়ে যাচ্ছি। দুপাশে গাড়ির স্তূপ। রবিবার সন্ধে পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ ছিল। আমরা সকলকে বাড়ির ভিতরেই থাকার পরামর্শ দিয়েছিলাম। কারণ, বাইরে তাপমাত্রা এত নেমে গিয়েছিল যে, কোনও মুহূর্তেই মানুষ মারা যেতে পারতেন।”আবওহাওয়া দফতরের খবর, কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের ৪৮ ডিগ্রি নীচে চলে গিয়েছে। প্রবল শীতের কারণে মুহূর্তের মধ্যেই বরফে পরিণত হয়েছে ফুটন্ত জল। আমেরিকায় টানা ৫ দিন ধরে বরফের ঝড় চলেছে। তুষার বর্ষণের পাশাপাশি কনকনে ঠান্ডা হাওয়া ভুগিয়েছে স্থানীয়দের। যদিও আপাতত সেই হাওয়ার বেগ কিছুটা কমেছে। দুর্যোগে আমেরিকার অন্তত ২ লক্ষ মানুষ বড়দিন কাটিয়েছেন বিদ্যুৎহীন অবস্থায়। বিদ্যুৎ পরিষেবা কবে, কখন স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। কারণ অনেক ক্ষেত্রে বিদ্যুতের খুঁটি ডুবে গিয়েছে বরফের আস্তরণে। দেশে যাতায়াত ব্যবস্থাও বিপর্যস্ত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Christmas: বাড়ছে করোনা সংক্রমণ! বড়দিনে কোভিড-বিধি মেনে চলার পরামর্শ

    Christmas: বাড়ছে করোনা সংক্রমণ! বড়দিনে কোভিড-বিধি মেনে চলার পরামর্শ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই বড়দিন। শনিবার বিকেল থেকেই পার্কস্ট্রিট, বো-ব্যারাক, ক্যাথিড্রালে মানুষের ঢল নেমেছে।  উৎসবের মরসুমেই আবারও চিন-সহ বিশ্বের নানা প্রান্তে থাবা বসিয়েছে করোনা।  ভারতে এখনও পর্যন্ত কোভিডের বাড়বাড়ন্ত দেখা না গেলেও আগেভাগেই সতর্ক থাকতে চাইছে কেন্দ্র। ইতিমধ্যে রাজ্যের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে। 

    সতর্ক মেট্রো কর্তৃপক্ষ

    বড়দিন, নিউ-ইয়ারে বিশেষ করে বিকেলের পর থেকেই মানুষের যাতায়াত বাড়তে থাকে মেট্রো পথে। তাই বাড়তি ভিড় সামাল দিতে একগুচ্ছ পদক্ষেপ করল কলকাতা মেট্রো। বাড়ানো হচ্ছে কাউন্টার। পাশাপাশি বছরের শেষ সপ্তাহে মেট্রোয় নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যাবতীয় ব্যবস্থা নিয়েছে মেট্রোরেল। কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, পার্ক স্ট্রিটমুখী যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে সমস্যা এড়াতে মেট্রো কাউন্টারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, পার্ক স্ট্রিট, ময়দান এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি, পার্ক স্ট্রিট এবং দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে চারটি অতিরিক্ত বুকিং কাউন্টার খোলা হয়েছে। বাড়তি টোকেন এবং স্মার্ট কার্ড রাখা হয়েছে ওই দু’টি প্রান্তিক মেট্রো স্টেশনে। বড়দিনে পার্ক স্ট্রিট, দক্ষিণেশ্বর, দমদম, ময়দান, রবীন্দ্র সদন, এসপ্ল্যানেডের মতো স্টেশনগুলিতে উচ্চপদস্থ মেট্রো আধিকারিক এবং চিফ ট্রাফিক সুপারভাইজাররা উপস্থিত থাকবেন। সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে মেট্রো সঠিকভাবে চলছে কিনা, সেদিকে নজর রাখবেন এক অফিসার। । প্রতিটি যাত্রীকে কোভিড প্রটোকল মেনে চলার আবেদন জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজ করা-সহ করোনা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ মেনে চলার কথা জানিয়েছে কলকাতা মেট্রোরেল।

    আরও পড়ুন: বড়দিনে বেশ কিছু ট্রেন বাতিল শিয়ালদহ-রানাঘাট শাখায় 

    চার্চগুলির তরফে সতর্ক-বার্তা

    শহরের গির্জাগুলির তরফে পূণ্যার্থী এবং দর্শনার্থীদের কোভিড বিধি মেনে চলার জন্য আর্জি জানানো হয়েছে। পাশাপাশি বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের ভিড় এড়ানোর পরামর্শ দিয়েছেন গির্জার প্রধানরা। বো ব্যারাকের বড়দিনের উৎসব অনুষ্ঠানের আয়োজকরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পূণ্যার্থী এবং দর্শনার্থীদের সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পড়া প্রভৃতি কোভিড বিধি মেনে চলার আবেদন জানিয়েছেন। মানিক তলার ডাফ চার্চের ফাদার বিশ্বজিৎ বিশ্বাস জানান, ‘বড়দিনের আগে আমরা গির্জা স্যানিটাইজ করব। গির্জার ভিতরে যারা বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করবেন তাদের অবশ্যই মাস্ক পড়তে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Train Cancel: বড়দিনে বেশ কিছু ট্রেন বাতিল শিয়ালদহ-রানাঘাট শাখায়

    Train Cancel: বড়দিনে বেশ কিছু ট্রেন বাতিল শিয়ালদহ-রানাঘাট শাখায়

    মাধ্যম নিউজ ডেস্ক: কাল, বড়দিন। খুশির উৎসব। আজ শনিবার উৎসবের মেজাজে শহরবাসী। শীতের সকালে বহু লোক ভিড় জমিয়েছে ক্যাথিড্রাল, পার্কস্ট্রিট, ধর্মতলা, ময়দানে। শহরতলি থেকেও লোকে এসেছে চিড়িয়াখানা, ভিক্টোরিয়ায়। এরই মধ্যে তাল কাটল পূর্ব রেলের ঘোষণায়। সপ্তাহশেষে  সামান্য ভোগান্তি বাড়ল ট্রেনযাত্রীদের। রেললাইন মেরামতির জন্য শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ রানাঘাট শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

    বাতিল বেশ কিছু ট্রেন

    লোকাল ট্রেনের এই সমস্যায় জেরবার হতে পারেন শিয়ালদহ (Sealdah) মেইন লাইনের যাত্রীরা। জানা গেছে, শনিবার ও রবিবার বেশ কিছু লোকাল ট্রেন বাতিল (local trains cancel) করা হয়েছে। এই দু’দিনের মধ্যে আবার ২৫ ডিসেম্বরও (Christmas eve) পড়েছে। ফলত একটা বিশাল সংখ্যক মানুষের এই দু’দিন কলকাতা আসতে বা কলকাতা থেকে যেতে বেশ অসুবিধায় পড়তে হবে। রক্ষণাবেক্ষণের কারণেই বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে, বলে খবর। তবে বড়দিনের সময় স্কুল-অফিস ছুটি থাকায় তেমন কোনও অসুবিধা হবে না, বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

    রেলওয়ে সূত্রে খবর, শিয়ালদহ মেইন শাখায় কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট ও কল্যানী সীমান্ত পর্যন্ত ২৪ ও ২৫ ডিসেম্বর মোট ৩৪টি লোকাল ট্রেন বাতিল হতে চলেছে। এই দু’দিন নৈহাটি ও রানাঘাটের মধ্যে রেল ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সে কারণেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৈহাটি-রানাঘাট শাখায় ১৫২টির মধ্যে আপ ও ডাউন মিলিয়ে বাতিল করা হয়েছে ৩৪টি ট্রেন। রেল সূত্রে জানা গেছে, এর জেরে আজ রাত ১০টা থেকে আগামীকাল সকাল ৮টা পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে শিয়ালদা-কৃষ্ণনগর, শিয়ালদা-গেদে, শিয়ালদা-শান্তিপুর লোকাল ও কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল বাতিল করা হয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

  • IPL Auction 2023: স্বল্প পুঁজিতেই ঘর গোছানোর চেষ্টা কলকাতা নাইট রাইডার্সের

    IPL Auction 2023: স্বল্প পুঁজিতেই ঘর গোছানোর চেষ্টা কলকাতা নাইট রাইডার্সের

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের নিলামে সবচেয়ে বেশি দর পেয়ে রেকর্ড গড়লেন স্যাম কারান। তাঁকে ১৮.৫ কোটি টাকা দিয়ে নিল কিংস ইলেভেন পাঞ্জাব। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনও পিছয়ে রইলেন না। ১৭.৫ কোটি টাকা দর পেলেন তিনি। খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সে। আর বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকসকে ১৬.২৫ কোটি টাকা দিয়ে কিনল চেন্নাই সুপার কিংস। শুক্রবার কোচিতে আইপিএলের নিলামে এমনই বেশ কিছু ক্রিকেটারের দর উঠল আঁকাশ ছোঁয়া। তৈরি হল নতুন রেকর্ড। তবে সেই ভিড়ে দেখা গেল না কলকতা নাইট রাইডার্সকে। কারণ, শাহরুখ খানের দল ৭৫ কোটি টাকা নিয়ে নিলামে অংশ নিয়েছিল। তাই তারকাদের পিছনে না দৌড়ে স্কোয়াডে ভারসাম্য গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ক্রিকেটার চয়নের উপরই বেশি জোর দিয়েছিলেন কেকেআর কর্তারা। সেই লক্ষ্যে তাঁরা কিছুটা হলেও সফল।

    আরও পড়ুন: শচিন, ধোনিদের নামে জাল আইডি! জাতীয় নির্বাচক হওয়ার জন্য ভুয়ো মেল

    শেষ লগ্নে বাজিমাত কেকেআর-এর

    গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স শেষ করেছিল সপ্তম স্থানে। দলের হতশ্রী পারফরন্যান্সে বেজায় চটেছিলেন খোদ মালিক শাহরুখ খান। তাঁর কড়া নির্দেশ ছিল, দল ঢেলে সাজাতে হবে। তাই অ্যারন ফিনচ, অজিঙ্কা রাহানে, মহম্মদ নবির মতো ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হয়েছিল। সমস্যা তৈরি হয়েছিল প্যাট কামিন্সের মতো তারকা বোলার সরে দাঁড়ানোয়। একই পথে হেঁটেছিলেন অ্যালেক্স হেলেস, স্যাম বিলিংসরা। তাই স্বল্প পুঁজি নিয়েও ভালো ক্রিকেটার তুলে নেওয়ার চেষ্টা করেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। প্রথম দিকে নিলামের টেবিলে যখন ঝড় উঠছিল, তখন চুপ চাপ ছিল নাইটদের শিবির। একটা সময় এক কোটি টাকা দিয়ে তারা কেনে বর্ষীয়ান ডেভিড ওয়াইসকে। আর উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে জগদীশনকে ৯০ লক্ষ টাকা দিয়ে তুলে নেয় নাইট শিবির। কিন্তু নিলামের শেষ লগ্নে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব-আল-হাসানকে নিয়ে বড় চমক দেয় কেকেআর। সেই সঙ্গে বাংলাদেশের আরও এক উইকেটরক্ষক-ওপেনার লিটন দাসকেও নেয়। কেকেআরের স্কোয়াড দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, কোর টিম ধরে নতুন যাঁদের যুক্ত করা হয়েছে, তাতে দলের ভারসাম্য বেড়েছে। যেমন, আন্দ্রে রাসেলের নির্ভরতা কমল সাকিব আসায়। আর ব্যাক আপ ওপেনার হিসেবে জগদীশন ও লিটনের থেকে ভালো অপশন এত কম অর্থে আর কিছুই ছিল না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Free Food Grain: নববর্ষের উপহার! ২০২৩-এর ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র

    Free Food Grain: নববর্ষের উপহার! ২০২৩-এর ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের উপহার দিল কেন্দ্র। ২০২৩-এর ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন (Ration) দেবে কেন্দ্রীয় সরকার। শুক্রবার বিকেলে একথা জানালেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল (Union Food Minister Piyush Goyal)। এর ফলে উপকৃত হবে ৮১.৩৫ কোটি মানুষ।

    করোনার সময় থেকেই ফ্রি রেশন

    করোনার পর থেকে বিনামূল্যে রেশন দেওয়া চালু করেছিল কেন্দ্রীয় সরকার (Central Government)। এবার তা আরও বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্র। শুক্রবার ভারত সরকারের তরফে জানানো হয়, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের (National Food Security Act) অধীনে ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে যে খাদ্যশস্য (Food Grains) দেওয়া হবে তার জন্য খরচ হবে ২ লক্ষ কোটি টাকা। যার পুরোটাই বহন (bear)করবে সরকার।  দেশে যথেষ্ট খাদ্যশস্য মজুত আছে বলে গত সপ্তাহেই জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। তাই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় বিনামূল্যে রেশনের মেয়াদ ফের বাড়াল কেন্দ্র। 

    আরও পড়ুন: ‘বিদেশে প্রতিষ্ঠিত হও…’, ছেলেমেয়েদের উপদেশ দিয়ে বিতর্কে আরজেডি নেতা

    প্রসঙ্গত, এখন জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে অন্তোদয় অন্ন যোজনার (Antyoday Anna Yojana) অন্তর্গত পরিবারগুলি ৩৫ কেজি খাদ্যশস্য পাচ্ছেন। দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষদের ৩ টাকা কেজি দরে চাল এবং ২ টাকা কেজি দরে গম দেওয়া হয়। এবার সেইসব গ্রাহকদের আর কোনও টাকাই দিতে হবে না। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহের পুরো ভার কেন্দ্র বহন করবে । ২০২০ সালে দেশজুড়ে কোভিড সংক্রমণে লকডাউনের জেরে কেন্দ্রের তরফে দরিদ্রদের জন্য বিনামূল্যে রেশন বণ্টনের ব্যবস্থা করা হয়েছিল কেন্দ্রের তরফে। সেই প্রকল্পের আওতায় মাথাপিছু মাসিক ৫ কেজি হারে খাদ্যশস্য পুরোপুরি বিনামূল্যে দেওয়া হত। পরপর ২ বছর তা দেওয়া হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।       

  • Fake School Teacher: একজনের নিয়োগপত্রে অন্যজনের চাকরি! মুর্শিদাবাদের স্কুলে ভুয়ো শিক্ষক

    Fake School Teacher: একজনের নিয়োগপত্রে অন্যজনের চাকরি! মুর্শিদাবাদের স্কুলে ভুয়ো শিক্ষক

    মাধ্যম নিউজ ডেস্ক: একজনের নিয়োগপত্রে চাকরি করছেন আর এক জন। এরকমই চাঞ্চল্যকর (Shocking) ঘটনা সামনে এল মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদের DI-এর রিপোর্ট অনুযায়ী, অন্যের নিয়োগপত্রের মেমো নম্বর জালিয়াতি করে সুতির স্কুলে শিক্ষকপদে চাকরি করছেন অনিমেষ তিওয়ারি। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, এবার আর এক অন্যরকম দুর্নীতি। সুতি ১ নম্বর ব্লকের (Suti Block) গোথা এ রহমান স্কুলের ঘটনা। কর্মশিক্ষার (Work Education) শিক্ষক অনিমেষ তিওয়ারি (Animesh Tiwari) আসলে ভুয়ো শিক্ষক। মুর্শিদাবাদ জেলা স্কুল পরিদর্শকের (DI) রিপোর্টেই সেই তথ্য উঠে এসেছে। ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারিকে (Ashis Tiwari) আত্মপক্ষ সমর্থনে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আশিস আবার অনিমেষের বাবা। 

    ভুয়ো নিয়োগ

    কলকাতা হাইকোর্টে বুধবার মুর্শিদাবাদের ভুয়ো শিক্ষক নিয়োগের চাঞ্চল্যকর অভিযোগ আসে। এরপরেই এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদের রিপোর্ট তলব করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। শুক্রবারের মধ্যে রিপোর্ট তলব করা হয়। আইনজীবী ফিরদৌস সামিম কর্মশিক্ষা ও শারীরশিক্ষা অতিরিক্ত শূন্যপদ তৈরি সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন এই বিস্ফোরক অভিযোগ হলফনামা আকারে আনেন। ২০১৮ সাল থেকে ওই ভুয়ো শিক্ষক চাকরি করছেন, এমনকী নিয়মিত বেতনও তুলছেন! এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি। তিনি এই মামলায় এসএসসি এবং শিক্ষা পর্ষদের কাছেও রিপোর্ট চেয়েছেন। কর্মশিক্ষার শিক্ষক পদে ওই শিক্ষকের স্কুল রেজিস্ট্রার সহ যাবতীয় নথি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন বিচারপতি। তিনি বলেন, এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি না ব্যতিক্রমী দুর্নীতি সেটাই খতিয়ে দেখতে চাই।

    আরও পড়ুন: “বড়দিনের উৎসবে মাস্ক পরুন, দূরত্ববিধি মেনে চলুন”, সংসদ থেকে বিশেষ বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

    আদালতের নির্দেশ

    জানা গিয়েছে, ভূগোলের শিক্ষক পদে অরবিন্দ মাইতি নিয়োগপত্র পান বেলডাঙার একটি স্কুলে। তাঁর নিয়োগপত্রের মেমো নম্বর জালিয়াতি করে অনিমেষ তিওয়ারি চাকরি করছেন। প্রাথমিক তদন্তে উঠে এসেছে এরকমই বিস্ফোরক তথ্য। শিক্ষা দফতরের ওয়েবসাইটে তথ্য বলছে ওই স্কুলের কর্মশিক্ষার শিক্ষক অনিমেষ তিওয়ারি। কিন্তু দেখা যায়,অনিমেষের বিষয়(মেথড সাবজেক্ট) ইতিহাস। তাহলে স্কুল কীভাবে বলছে তিনি কর্মশিক্ষার শিক্ষক? আবার  আরটিআই তথ্য বলছে ‘এসএলএসটি ২০১৬’ পরীক্ষার্থী নয় অনিমেষ। কর্মশিক্ষা শিক্ষক নিয়োগের আগের পরীক্ষা হয় ২০১২ সালে। সেই সময়ে পরীক্ষা দিলে অনিমেষ তিওয়ারি বয়স হয় ১৭ বছর। কারণ তাঁর জন্ম বছর ১৯৯৫। কর্মশিক্ষা শিক্ষক হওয়ার নূন্যতম বয়স ২০ বছর। ২০১২ পরীক্ষা দিলে,১৭ বা ১৮ বছরে কী ভাবে পরীক্ষায় বসলেন অনিমেষ? এই সব দেখেই সন্দেহ হয় আদালতের। আর কেঁচো খুঁড়তেই বেড়িয়ে পড়ে কেউটে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Recruitment Scam: উত্তরপত্র ফাঁকা, তবু প্রাপ্ত নম্বর ৫৩! এসএসসি-এর বিকৃত ওএমআর শিট প্রকাশ হতেই চক্ষু চড়কগাছ

    Recruitment Scam: উত্তরপত্র ফাঁকা, তবু প্রাপ্ত নম্বর ৫৩! এসএসসি-এর বিকৃত ওএমআর শিট প্রকাশ হতেই চক্ষু চড়কগাছ

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নবম-দশমের ৯৫২ জন শিক্ষকের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবার সন্ধেয় নিজেদের সাইটে বিজ্ঞপ্তি দিয়ে ওই ৯৫২ জনের বিবরণ দিয়েছে এসএসসি। সেই তালিকা দেখে চক্ষু চড়কগাছ। স্কুলের নিয়োগ পরীক্ষায় কোনও উত্তর না লিখেই পাশ করেছেন অনেকে। এমনকি বিভিন্ন স্কুলে শিক্ষকতাও করছেন তাঁরা। বুধবার, কলকাতা হাইকোর্টের নির্দেশে-স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যে উত্তরপত্র প্রকাশ করা হয়েছে,তাতেই উঠে এসেছে এই চিত্র।

    ফের শিরোনামে পরেশ অধিকারী

    নবম-দশমের বিকৃত ওএমআর শিট প্রকাশ হতেই আবারও শিরোনামে মন্ত্রী পরেশ অধিকারী। মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি করা স্কুল ইন্দিরা গার্লস হাইস্কুলে আবারও এক ভুয়ো শিক্ষকের সন্ধান মিলল। বৃহস্পতিবার,এসএসসি ওয়েবসাইটে তালিকা আসতেই শুক্রবার থেকে স্কুলে যাচ্ছেন না ওই স্কুলের ইংরেজি শিক্ষক কনিকা বর্মন। অভিযোগ, ওএমআর শিট কারচুপি করে নাম্বার বাড়িয়ে ইংরেজি শিক্ষক হয়েছিলেন কনিকা। যদিও এ বিষয়ে মুখ খুলতে চাননি স্কুলের প্রধান শিক্ষিকা রঞ্জনা রায় বসুনিয়া সহ অন্যান্যরা। প্রসঙ্গত, এই মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান পদে নিযুক্ত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। 

    আরও পড়ুন: “বড়দিনের উৎসবে মাস্ক পরুন, দূরত্ববিধি মেনে চলুন”, সংসদ থেকে বিশেষ বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

    ভাইরাল ওএমআর শিট

    ইতিমধ্যেই একের পর এক OMR শিট ভাইরাল হচ্ছে সোস্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে কেউ কেউ একটিও গোল ভরাট করেননি আবার কেউ ৫৫টি প্রশ্নেরই উত্তর করেছেন। যদিও প্রায় সব উত্তরই ভুল। তবে সবার প্রাপ্ত নম্বর ৫৩। কোন জাদুবলে এই ভাবে নম্বর বেড়েছে তা নিয়ে জোর জল্পনা সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কালনা মহারাজা বিদ্যালয়ে ভূগোলের শিক্ষকের ওএমআর শিট একেবারে ফাঁকা। বৃহস্পতিবার তিনি আর স্কুলে আসেননি। ওএমআর-এ দেখা যাচ্ছে, রোল নম্বর সহ যাবতীয় বিষয়ের সার্কেল ভরাট করা হলেও একটিও প্রশ্নের উত্তরের সার্কেল ভরাট করা হয়নি। ফাঁকা খাতা জমা দিয়ে, শুধুমাত্র টাকার বিনিময়ে অনেককে চাকরি দেওয়া হয়েছে। অনেক দিন ধরেই এই অভিযোগে তুলে সরব হয়েছেন নবম-দশম শ্রেণির শিক্ষকপদে চাকরিপ্রার্থীরা। আর, সেই অভিযোগ যে সত্য,তা কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকেই স্পষ্ট হচ্ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Covid in China: সংক্রমিতের সংখ্যা আড়াল করছে বেজিং! চিনে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হু

    Covid in China: সংক্রমিতের সংখ্যা আড়াল করছে বেজিং! চিনে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হু

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনা সংক্রমণ নিয়ে তথ্য গোপন করছে চিন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা থেকে শুরু করে মৃত্যুর হার কোনও তথ্যই সঠিকভাবে দিতে পারছে না চিন সরকার। এমনই তথ্য উঠে এল বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু-এর রিপোর্টে। চিনকে সরাসরি দায়ী না করে বলা হয়েছে, চিনে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে, তাই হিসাব রাখাও সম্ভব হচ্ছে না। চিনের তথ্য গোপন করার চেষ্টাতে সন্দেহ প্রকাশ করেছে বিভিন্ন দেশ।

    তথ্য আড়ালের চেষ্টা

    বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে চিকিৎসক মাইকেল রায়ান বলেন, “ইতিমধ্যেই চিনের হাসপাতালগুলির সমস্ত বেড ভর্তি হয়ে গিয়েছে। খালি নেই আইসিইউ-ও। আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। করোনা আক্রান্তের সংখ্যা হঠাৎ করে বেড়ে যাওয়ায় হাসপাতালগুলিতে বেডের সংখ্যার নিরিখে বেশি রোগীকে ভর্তি করা হয়েছে। ফলে অধিকাংশ হাসপাতালের ওয়ার্ডেই গাদাগাদি করে সংক্রমিতদের রাখা হচ্ছে। এমনকী হাসপাতালের করিডোরেও রাখা হচ্ছে কোভিড রোগীদের। এতে সংক্রমণ কমার বদলে উলটে বেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। আইসিইউ-তে ভর্তি হয়ে যাওয়ায় দেখা দিতে পারে অক্সিজেন সংকটও।” 

    আরও পড়ুন: দৈনিক সংক্রমণ প্রায় ১০ লক্ষ, মৃতের সংখ্যা ৫ হাজারের কাছে! চিনে ভয়াবহ করোনা পরিস্থিতি

    বর্ষশেষে হঠাৎ এই সংক্রমণ বৃদ্ধির নেপথ্যে রয়েছে ওমিক্রনের অতি শক্তিশালী সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ (BF.7 Sub Variant)। আগামী তিন মাসের মধ্যে চিনের ৬০ শতাংশ মানুষই করোনা আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে বিভিন্ন রিপোর্টে। সংক্রমণ রুখতে চিনে যাতে টিকাকরণের হার বাড়ায়, তা নিয়ে অনুরোধ জানান হু প্রধান টেড্রোস আধানম গ্রেবেয়াসিস। তিনি বলেন, “চিনের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অত্য়ন্ত উদ্বিগ্ন। চিনে আক্রান্তদের স্বার্থে আমরা ক্লিনিক্যাল কেয়ার ও স্বাস্থ্য ব্যবস্থা রক্ষার জন্য সমর্থন ও সহায়তা জারি রাখব।” বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে চিনকে সংক্রমণ সম্পর্কে বিস্তারিত তথ্য, হাসপাতালে রোগী ভর্তি হওয়া ও ইনটেনসিভ কেয়ারে কতজন ভর্তি রয়েছেন তা বিশদে জানাতে বলা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share