Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Covid in China: দৈনিক সংক্রমণ প্রায় ১০ লক্ষ, মৃতের সংখ্যা ৫ হাজারের কাছে! চিনে ভয়াবহ করোনা পরিস্থিতি

    Covid in China: দৈনিক সংক্রমণ প্রায় ১০ লক্ষ, মৃতের সংখ্যা ৫ হাজারের কাছে! চিনে ভয়াবহ করোনা পরিস্থিতি

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে চিনের করোনা পরিস্থিতি। সম্প্রতি এক তথ্যে দাবি করা হয়েছে, চিনে এই মুহূর্তে দৈনিক সংক্রমণ প্রায় ১০ লক্ষ। দৈনিক মৃত্যুসংখ্যাও নাকি ঘোরাফেরা করছে ৫ হাজারের আশেপাশে।  জরুরি বিভাগে মৃতপ্রায় রোগীদের বাঁচাতে কঠোর পরিশ্রম করছেন সে দেশের চিকিৎসকরা। চিনের মর্গগুলিতে মৃতদেহ উপচে পড়ছে। রীতিমতো লাইন দিয়ে শেষকৃত্য সম্পন্ন করতে হচ্ছে।অতিমারি-বিশেষজ্ঞ এরিক ফাইল-ডিংয়ের মতে চিনে জ্বরের ওষুধ প্রায় অমিল। তিনি জানিয়েছেন, দোকানে জ্বরের ওষুধ বাড়ন্ত হওয়ায় সরাসরি ওষুধ প্রস্তুতকারক সংস্থার গুদামে গিয়ে ওষুধ কিনে আনছেন সে দেশের অনেক নাগরিক। কোভিড পরীক্ষার জন্য প্রয়োজনীয় অ্যান্টিজেন টেস্ট কিটও অমিল চিনে। 

    শীতেই কোভিডের তিনটে ঢেউ 

    গণবিক্ষোভের মুখে শূন্য কোভিড নীতি থেকে সরে এসেছিল চিন। কিন্তু তারপরই সে দেশে করোনা সংক্রমণের রেখচিত্র ক্রমশ ঊর্ধ্বমুখী হতে থাকে। কোভিডের যে উপরূপটি চিনের এই নয়া বিপর্যয়ের কারণ হয়ে উঠেছে, সেটি হল বিএফ.৭। চিকিৎসকরা জানিয়েছেন এই উপরূপটির আগের উপরূপগুলির তুলনায় অনেক বেশি সংক্রামক। অতিমারি বিশেষজ্ঞদের মতে, ২০১৯ সালে সূচনা ঘটলেও, এই মুহূর্তে কার্যত কোভিড বিস্ফোরণ ঘটেছে চিনে। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হওয়ার দিকে এগোচ্ছে। অতিমারির চলতি ঢেউয়ের আঘাতে দৈনিক সংক্রমণ ৩৭ লক্ষে গিয়ে ঠেকতে পারে জানুয়ারি নাগাদই। লন্ডনের এয়ারফিনিটি লিমিটেড নামক গবেষণা সংস্থার দাবি, মার্চ নাগাদ চিনে দৈনিক সংক্রমণ ৪২ লক্ষে গিয়ে ঠেকতে পারে। 

    আরও পড়ুন: করোনা পরীক্ষা ছাড়া তাজমহলে প্রবেশ নয়, নির্দেশিকা কেন্দ্রের

    তথ্য আড়াল না করার আবেদন

    ভাইরাস বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এই শীতে তিনটি কোভিড-ঢেউ আছড়ে পড়তে চলেছে চিনে। যদিও চিনা সরকারি তথ্য এই সব কিছুই স্বীকার করেনি। এই আবহে চিনের স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচনা হচ্ছে বেজিংয়ের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফেও চিনকে আবেদন করা হয়েছে যাতে তারা তথ্য গোপন না করে। হু-এর প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস বৃহস্পতিবার জানিয়েছেন চিনের কোভিড পরিস্থিতির কথা জানতে পেরে তিনি নিজেও উদ্বিগ্ন। সঠিক প্রতিষেধক ব্যবহার করার জন্য তিনি চিন প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন। এর পাশাপাশি তিনি চিন প্রশাসনের কাছে কোভিড সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ্যে আনার অনুরোধ জানিয়েছেন। 

    একটি সমীক্ষায় দেখা গিয়েছে, চিনের মোট জনসংখ্যার ৮৫ শতাংশ যদি চতুর্থ বুস্টার টিকা নেন, তবেই সংক্রমণের গতিরোধ করা সম্ভব। তাতে ৩ থেকে ৫৯ বছর বয়সি ৯৫ শতাংশ জনসংখ্যা লাভবান হবেন। তাই ৩ থেকে ৫৯ এবং ১৮ থেকে ৫৯ বছর বয়সিদের মধ্যে বুস্টার টিকার হার যদি ৯৫ শতাংশ থাকে, তবেই প্রতি ১০ লক্ষে সামগ্রিক মৃত্যুহার ২৪৯ এবং ৩০৫-এ বেঁধে রাখা যাবে বলে দাবি করা হয়েছে সমীক্ষায়।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Sunil Gavaskar: কুলদীপের বাদ পড়া নিয়ে ক্ষুব্ধ গাভাসকার! ১২বছর অপেক্ষার পর টেস্ট দলে উনাদকাট

    Sunil Gavaskar: কুলদীপের বাদ পড়া নিয়ে ক্ষুব্ধ গাভাসকার! ১২বছর অপেক্ষার পর টেস্ট দলে উনাদকাট

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বাদ পড়লেন স্পিনার কুলদীপ যাদব। টিম ম্যানেজেন্টের এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। চট্টগ্রামে প্রথম টেস্টে ভারতের জয়ের নায়ক ছিলেন কুলদীপ। ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরেছিলেন তিনি। পেয়েছিলেন ম্যাচের সেরার পুরস্কারও। তার পরেও কুলদীপ বাদ পড়ায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে। এমন কী ঘটলো যে কুলদীপকে প্রথম একাদশে রাখা গেলো না? মজার ব্যাপার হলো কুলদীপকে বসিয়ে খেলানো হলো পেসার জয়দেব উনাদকাটকে। ২০১০ সালে প্রথম টেস্ট খেলেছিলেন উনাদকাট। তারপর এই ম্যাচ। বাংলাদেশের ওপেনার জাকির হাসানকে আউট করে এদিন জীবনের প্রথম টেস্ট উইকেট পান উনাদকাট। এছাড়াও তিনি আজ তুলে নেন মুসফিকুর রহিমের উইকেট। 

    গাভাসকরের মত

    ভারতীয় টিম ম্যানেজমেন্টের কুলদীপকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্তকে কোনওভাবেই মেনে নিতে পারছেন না সুনীল গাভাসকর। সানি স্পষ্ট জানান যে, আগের টেস্টের ম্যান অফ দ্য ম্যাচকে বসিয়ে দিচ্ছে কোনও দল, এমনটা ভাবাই তাঁর পক্ষে সম্ভব নয়। গাভাসকর বলেন, ‘অবিশ্বাস্য। আমি আরও কড়া শব্দ ব্যবহার করতে পারতাম। তবে শুধু অবিশ্বাস্য বলেই থামছি। আগের ম্যাচের সেরা ক্রিকেটারকে বসিয়ে দেওয়া মেনে নেওয়া যায় না। পিচ নিয়ে ক্যাপ্টেন ধাঁধায় রয়েছে শুনলাম। পিচ যেমনই হোক, আগের টেস্টের ম্যান অফ দ্য ম্যাচকে অবশ্যই খেলানো উচিত। তুমি আরও ২ জন স্পিনার খেলাচ্ছ। তাদের মধ্যে থেকে কাউকে বসাতে পারতে। যে ২০টি উইকেটের মধ্যে ৮টি উইকেট নিয়েছে, তাকে বাদ দেওয়া যুক্তিহীন।’ কুলদীপ এবার চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে ৪০ রানের কার্যকরী ইনিংস খেলার পাশাপাশি প্রথম ইনিংসে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট নেন। 

    আরও পড়ুন: শুক্রবার আইপিএলের মিনি নিলাম! কলকাতার পকেটে সবচেয়ে কম টাকা

    লোকেশ যা বললেন

    জয়দেবকে সুযোগ দেওয়া নিয়ে টসের সময় ভারতীয় দলের অধিনায়ক লোকেশ রাহুল বলেন, ” উইকেটের চরিত্র বুঝতে সমস্যা হচ্ছে। তবে একটু স্যাঁতসেতে ভাব রয়েছে। প্রথম দিকে এই ধরনের পিচে জোরে বোলাররা সুবিধা পায়। তাই আমাদের মনে হয়েছে জয়দেবকে খেলানো উচিত। না চাইলেও তাই কুলদীপকে বসাতে হয়েছে। রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল ব্যাটিংটা ভালো করে। স্পিনার হিসাবে ওরা কাজটা করে দিতে পারবে বলে মনে হয়।”

    লোকেশ রাহুল যাই বলুন, ভারতীয় দল কিন্তু পিচের সুবিধা সেভাবে কাজে লাগাতে পারেনি এখনও পর্যন্ত। প্রথম ইনিংসে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১২৩ রান তুলেছে। উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও অশ্বিন একটি করে উইকেট পেয়েছেন। জয়দেব উনাদকাট প্রথম টেস্ট খেলেছিলেন ২০১০ সালে। তারপর ১২ বছর তিনি আর কোনও ম্যাচ খেলেননি দেশের হয়ে। এই সময়ে ভারতীয় দল ১১৮টি টেস্ট খেলেছে। কোনও ভারতীয় ক্রিকেটার হিসেবে এত অপেক্ষা আর কাউকে করতে হয়নি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Anubrata Mandal: টাকা নিয়ে অভিযোগ দায়ের! অনুব্রত মামলায় বিস্ফোরক দাবি শিবঠাকুরের আত্মীয় দীপকের

    Anubrata Mandal: টাকা নিয়ে অভিযোগ দায়ের! অনুব্রত মামলায় বিস্ফোরক দাবি শিবঠাকুরের আত্মীয় দীপকের

    মাধ্যম নিউজ ডেস্ক: একটি মামলায় রাতারাতি পাল্টে দিয়েছে সব সমীকরণ। গরুপাচার মামলায় গ্রেফতার বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal), দিল্লিযাত্রা প্রায় নিশ্চিত ছিল। কিন্তু দুবরাজপুরের তৃণমূল কর্মী শিবঠাকুর মণ্ডলের (Shib Thakur Mondal)করা মামলার জেরে অনুব্রতকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। বড়দিনের আগে আর অনুব্রতকে নিয়ে দিল্লি পাড়ি দেওয়া হয় না ইডির। 

    সাজানো মামলা

    এখন প্রশ্ন হঠাতই এই মামলা সাজানো নয় তো? অভিযোগ, এক বছর আগে শিবঠাকুরকে গলা টিপে মারার চেষ্টা করেছিলেন অনুব্রত মণ্ডল!যেদিন অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার ছাড়পত্র পায় ইডি, সেদিনই শিবঠাকুরের মনে হয়েছে, অনুব্রতর বিরুদ্ধে এবার থানায় অভিযোগ দায়ের করতে হবে! তার ভিত্তিতেই এখন অনুব্রত দিল্লির পরিবর্তে নিজের জেলা বীরভূমে! জেলের পরিবর্তে পুলিশি হেফাজতে! জোরালভাবে প্রশ্ন উঠছে। তাহলে অনুব্রত মণ্ডলের দিল্লি যাওয়া রুখতেই কি শিবঠাকুরকে দিয়ে অভিযোগ দায়ের করানো হয়েছে ? পুরোটাই কি পরিকল্পিত চিত্রনাট্য় ? খোদ অভিযোগকারী শিবঠাকুর মণ্ডলের কথাতেও উঠে এসেছে একাধিক অসঙ্গতি!এরই মধ্যে দীপক মণ্ডল নামে এক ব্যক্তি, যিনি নিজেকে শিবঠাকুরের দূরসম্পর্কের কাকা বলে পরিচয় দিচ্ছেন, তিনি দাবি করেন,“মনে হয় এটা ওর সম্পূর্ণ ভিত্তিহীন কথা। চক্রান্ত করে অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা আটকানোর জন্যই মনে হয় ওকে কিছু টাকা-পয়সা দিয়ে এই এফআইআর করিয়ে নিয়েছে।”

    আরও পড়ুন: বছরটা বাংলাতেই কাটছে অনুব্রতের! পরবর্তী শুনানি পর্যন্ত দিল্লি যাত্রায় স্থগিতাদেশ হাইকোর্টের

    শিবঠাকুর প্রসঙ্গে দীপক

    শিবঠাকুর প্রসঙ্গে দীপক মণ্ডল বলেন, “প্রচুর দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। প্রচুর টাকা নয়-ছয় করেছে। এলাকার মানুষকে চাকরি দেওয়ার নাম করে অনেকের থেকে টাকাও নিয়েছে। বিভিন্ন দফতরে চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করেছে।” দীপক মণ্ডলের দাবি, সেই প্রতারিতদের তালিকায় তিনি নিজেও রয়েছেন। তাঁর ছেলের চাকরি দেওয়ার নাম করে শিবঠাকুর দেড় লাখ টাকা নিয়েছেন । শিবঠাকুরের সঙ্গে অনুব্রত মণ্ডলের সম্পর্কের বিষয়ে দীপক বলেন, “অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁর একেবারে দারুণ ঘনিষ্ঠ সম্পর্ক। অনুব্রত যে ওনাকে মারতে যাবেন, তা আমি একেবারেই বিশ্বাস করতে পারছি না।” অনুব্রত মণ্ডলের সঙ্গে শিবঠাকুরের একটি ‘বিরাট যোগসূত্র’ রয়েছে বলেই দাবি করেন দীপক। যদিও দীপকের দাবি উড়িয়ে দেন শিবঠাকুর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Covid 19 Update: ফের করোনা-ঢেউয়ের ভ্রুকুটি! রাজ্যে কোভিড নজরদারিতে বিশেষ কমিটি

    Covid 19 Update: ফের করোনা-ঢেউয়ের ভ্রুকুটি! রাজ্যে কোভিড নজরদারিতে বিশেষ কমিটি

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার নবান্ন সভাঘরে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে চিনের সাম্প্রতিক করোনা পরিস্থিতির কথা শুনে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসচিব নারায়ণনস্বরূপ নিগমকে এ নিয়ে নজরদারি চালানোর নির্দেশ দিলেন তিনি। চিনের বর্তমান পরিস্থিতির কথা শুনে বৈঠকে মমতা বলেন, ‘‘আমাদের স্বাস্থ্য দফতরকে একটু খবর রাখতে বলব। চিনে যে ভাবে ছড়াচ্ছে… যাঁরা এই রোগটি সম্পর্কে বোঝেন, তাঁদের নিয়ে একটি টিম গঠন করুন।’’ মুখ্যমন্ত্রীই জানিয়ে দেন, ওই দলে কারা কারা থাকবেন। তিনি বলেন, ‘‘ওই টিমটাকে নেতৃত্ব দেবেন স্বাস্থ্যসচিব। থাকবেন ডিএম, ডিএইচএসও।’’

    রাজ্যে করোনা নজরদারিতে নতুন কমিটি

    চিনে করোনা সংক্রমণ নিয়ে সতর্ক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। এ রাজ্যেও পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এ নিয়ে তিনি একটি কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মতো নজরদারি কমিটিও গঠন করেছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই ওই কমিটির মাথায় রাখা হয়েছে রাজ্যের স্বাস্থ্যসচিবকে। এ ছাড়াও ওই কমিটিতে করোনা চিকিৎসার অভিজ্ঞতা রয়েছে এমন কোভিড বিশেষজ্ঞদের রাখা হবে। 

    আরও পড়ুন: ‘ভিড়ে মাস্ক পরুন, বুস্টার ডোজ নিন’, চিনে করোনার বাড়বাড়ন্তর পরই পরামর্শ কেন্দ্রের

    স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বৃহস্পতিবারই বৈঠকে বসতে পারে ওই কমিটি। কোভিড পরিস্থিতির বিষয়টি নজরে রেখে ভবিষ্যতে কী কী নির্দেশিকা জারি করা যেতে পারে, এই বৈঠকে তা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। মাস্ক পরা, শারীরিক দূরত্ববিধি বজায় রাখার মতো নিয়মের উপর আবার জোর দেওয়া নিয়েও আলোচনা হতে পারে। পৌনে তিন বছর পর গত শনিবার রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা শূন্যে নেমে গিয়েছিল। এর পর মঙ্গলবারই রাজ্যে সাত জন করোনা আক্রান্তের হদিস মেলে। মৃত্যুও হয় এক জনের।

    কেন্দ্রের সতর্কতা

    কোভিডের চোখ রাঙানিতে উদ্বেগ বাড়ছে জাপান, কোরিয়া ও আমেরিকায়। বিপদের আঁচ পৌঁছে গিয়েছে ভারতেও। চিনে যে ওমিক্রন সাব ভ্যারিয়েন্ট তাণ্ডব চালাচ্ছে, সেই বিএফ.৭-র হদিশ মিলেছে এ দেশে। ওড়িশার একজন, আর গুজরাটে দু’জনের শরীরে পাওয়া গিয়েছে নয়া প্রজাতির ভাইরাস। স্রেফ রাজ্যগুলিকে সতর্ক করা নয়, এদিন করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। ফের কিছু কিছু বিধিনিষেধ জারি করা যায় কি না, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। জিনোম সিকোয়েন্সিয়ের উপর জোর দিচ্ছে কেন্দ্র। রিপোর্ট পজিটিভ হলেই, নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Anubrata Mondal: বছরটা বাংলাতেই কাটছে অনুব্রতের! পরবর্তী শুনানি পর্যন্ত দিল্লি যাত্রায় স্থগিতাদেশ হাইকোর্টের

    Anubrata Mondal: বছরটা বাংলাতেই কাটছে অনুব্রতের! পরবর্তী শুনানি পর্যন্ত দিল্লি যাত্রায় স্থগিতাদেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: সাময়িক স্বস্তি! আপাতত বছরের শেষে আর দিল্লি যেতে হচ্ছে না গরু পাচার মামলায় অভিযুক্ত বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। অনুব্রতের  দিল্লি যাত্রার বিষয়ে প্রোডাকশন ওয়ারেন্টে স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট৷ সেখানে বলা হয়েছে, সেই আদালতে পরবর্তী শুনানি পর্যন্ত প্রোডাকশন ওয়ারেন্টে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। দিল্লি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি আগামী ৯ জানুয়ারি। এর ফলে শুধু বছরের শেষই নয়, আগামী বছরের শুরুটাও নিজের রাজ্যেই থাকতে পারবেন কেষ্ট।

    আদালতের স্থগিতাদেশ

    গরু পাচার মামলায় জেরার জন্য বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি পেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার দিল্লি হাই কোর্টে (Delhi High Court) আবেদন জানান অনুব্রতর আইনজীবী। বুধবার সেই মামলাতেই স্বস্তি পেলেন তৃণমূল নেতা। জানানো হল, আপাতত তাঁকে দিল্লি নিয়ে যাওয়া যাবে না। প্রথমে মামলাটি দিল্লি হাইকোর্টের বিচারপতি জয়রাম ভাম্বানির বেঞ্চে উঠেছিল। পরে অনুব্রতর আইনজীবী কপিল সিব্বলের আর্জি মেনে মামলার বেঞ্চ বদল হয়। বুধবারই বিচারপতি যশমীত সিং-এর বেঞ্চে শুনানি হয়। এদিন বিচারপতি জানান, পরবর্তী শুনানির দিন যা রায় দেওয়া হবে, তা জানার পরেই পরবর্তী পদক্ষেপ করতে হবে। তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেও নির্দেশ দেওয়া হয়েছে, তারা যাতে ই মেল করে দিল্লি হাইকোর্টকে লিখিত ভাবে জানায় যে, তারা এখনই প্রোডাকশন ওয়ারেন্ট কাজে লাগাবে না। 

    আরও পড়ুন: ‘‘ডাকাতকে বাঁচাতে সরকার যা করছে, তাতে বিপদ বাড়ছে’’, অনুব্রত প্রসঙ্গে শুভেন্দু

    আগামী শুক্রবার থেকে দিল্লি হাইকোর্টে বড়দিনের ছুটি পড়ে যাচ্ছে। আদালত সূত্রে খবর, বিচারপতি যশমীত সিং নিজেও ছুটিতে যাচ্ছেন। অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি হবে না। তাই শুনানির দিন কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৯ জানুয়ারি পরবর্তী শুনানি হবে। ফলে এবছর আর অনুব্রতর দিল্লি যাওয়ার কোনও সম্ভাবনা রইল না। বছরের শুরুটাও তিনি নিজ ভূমেই কাটাতে পারবেন। এর ফলে অনুব্রত অনেকটা সময় পেয়ে যাচ্ছেন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • IPL Auction 2023: সাকিবকে দেড় কোটিতে নিয়ে কি ভুল করল কেকেআর?

    IPL Auction 2023: সাকিবকে দেড় কোটিতে নিয়ে কি ভুল করল কেকেআর?

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঠের লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্স বাকি দলগুলিকে কতটা টক্কর দেবে সেটা সময় বলবে। তবে ১৬তম আইপিএলের নিলামে (IPL Auction 2023) শাহরুখ খানের দল খুব একটা পাত্তা পেল না। নামী ক্রিকেটার বলতে একমাত্র শাকিব-আল-হাসানকেই শেষ বেলায় দেড় কোটি টাকা দিয়ে নিয়েছে কেকেআর। আর তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীরা। কারণ, ২০২১ সালেও তো বাংলাদেশের অলরাউন্ডারটি কলকাতা নাইট রাইডার্সের জার্সি পরেছিলেন। কিন্তু আহামরি পারফরম্যান্স মেলে ধরতে না পারায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। গত বছর কোনও দল পাননি শাকিব। হঠাৎ করে এবার কেন তাঁর পিছনে দেড় কোটি টাকা ঢালতে গেল নাইট রাইডার্স, তা দেখে অনেকেই বিস্মিত।

    শাকিব কি পারবে?

    শাকিবের এখন নতুন করে কিছু দেওয়ার নেই। ২০১৪ সালে কেকেআরের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন ঠিকই, কিন্তু আট বছর সময় পেরিয়ে গিয়েছে। এই শাকিব এখন ধারে নয়, নামের ভারে কাটে। ২০২২ সালে দেশের হয়ে ১৫টি টি-২০ খেলে ৩৪৯ রান করেছে। তার মধ্যে অর্ধশতরান তিনটি। উইকেটও তিনটি। পরিসংখ্যান মোটেও আকর্ষণীয় নয়। সেই কারণেই নিলামের শুরুতে তাঁর নাম ওঠার পর কোনও সাড়া মেলেনি। বাংলাদেশের অলরাউন্ডারটি অবিক্রিত থেকে গিয়েছিলেন। শেষ বেলায় কলকাতা নাইট রাইডার্স দেড় কোটি টাকা দিয়ে কিনে নেয় শাকিবকে।

    আরও পড়ুন: স্বল্প পুঁজিতেই ঘর গোছানোর চেষ্টা কলকাতা নাইট রাইডার্সের

    ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ইডেনের পিচে গ্রীষ্মকালীন আইপিএলে স্পিনাররা সুবিধা পায়। সেক্ষেত্রে শাকিবের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। তাছাড়া তিনি ব্যাটও করতে পারেন। তাতে মিডল ও লোয়ার মিডল অর্ডার মজবুত হবে। আর আন্দ্রে রাসেলের নির্ভরতা কমানোর যে পরিকল্পনা কেকেআর টিম ম্যানেজমেন্ট নিয়েছে, তারই অঙ্গ হিসেবেই শাকিবকে রিক্রুট করা হল বলে ধারণা। তাছাড়া বিভিন্ন দেশের টি-২০ লিগে নিয়মিত খেলেন শাকিব। সেই অভিজ্ঞতাও কাজে লাগাতে চায় কলকাতা নাইট রাইডার্স। শাকিব একা নন, বাংলাদেশের আরেক তারকা ব্যাটার লিটন দাসকেও দলে নিয়েছে কেকেআর। লিটনকে তাঁর ন্যূনতম দর ৫০ লক্ষ টাকাতেই কেনে এপার বাংলার ফ্রাঞ্চাইজি। উল্লেখ্য সম্প্রতি এই লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল দেশের মাটিতে ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছে।

  • Cyclone: তাপমাত্রা নামবে -৪৫ ডিগ্রি সেলসিয়াসে! তুষারঝড়ে কাঁপছে আমেরিকা

    Cyclone: তাপমাত্রা নামবে -৪৫ ডিগ্রি সেলসিয়াসে! তুষারঝড়ে কাঁপছে আমেরিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: বড়দিনের (Christmas) উৎসবে কাঁটা তুষারঝড়। সপ্তাহান্তে শীতকালীন সুপার সাইক্লোন আছড়ে পড়তে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায়। ভয়ঙ্কর তুষারঝড় বম্ব সাইক্লোনের (Bomb Cyclone) আতঙ্কে কাঁপছে আমেরিকা। এখনই তাপমাত্রার পারদ নেমে গেছে হিমাঙ্কের ১৩ ডিগ্রি সেলসিয়াস নীচে। কনকনে ঠান্ডায় তুমুল ঝোড়ো হাওয়ায় বিধ্বস্ত স্বাভাবিক জীবনযাত্রা। বরফ জমেছে রাস্তাঘাটে। যান চলাচল বিপর্যস্ত। বাতিল করা হয়েছে সাড়ে তিন হাজারের বেশি উড়ান। দেশের কিছু অংশে তাপমাত্রা নামবে -৪৫ ডিগ্রি সেলসিয়াস। আমেরিকা-মেক্সিকো সীমান্ত, ফ্লোরিডায় পর্যন্ত তাপমাত্রার পারদ রেকর্ড পরিমাণ নামবে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। 

    বাতিল বহু বিমান

    প্রতি বছরই এই সময় আমেরিকা ও কানাডায় তাণ্ডব করে এই বরফের ঘূর্ণিঝড়। তছনছ করে দেয় বিস্তীর্ণ এলাকা। মার্কিন আবহাওয়া দফতর জানিয়েছে, গত মঙ্গলবার থেকে প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিম দিক থেকে এই তুষারঝড় (Bomb Cyclone) শুরু হয়। ক্রমশ এই ঝড় এগিয়েছে পূর্ব দিকে। চলতি সপ্তাহেই আমেরিকার উত্তরদিকের হ্রদগুলি পুরোপুরি জমে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তুষারঝড়ের ধাক্কায় বড়দিনের সেলিব্রেশন পণ্ড হওয়ার পথে। ঘরবন্দি মানুষজন। অনেক জায়গা বিদ্যুৎবিচ্ছিন্ন। বৃহস্পতিবার ২ হাজার ৮১০টি বিমান বাতিল করে আমেরিকান এয়ারওয়েজ। এদিন প্রায় ১ হাজার ৬০০ বিমান বাতিল করেছে ওই মার্কিন উড়ান সংস্থা। এছাড়া বৃহস্পতিবার ডেল্টা এয়ারওয়েজের মোট ১৩০টি ও শুক্রবার ৮৪টি বিমান বাতিল করা হয়। বিমানের পাশাপাশি তুষার ঝড়ের জেরে ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও। প্রভাব পড়েছে মেট্রো পরিষেবাতেও।

    আরও পড়ুন: রাজপরিবারের সঙ্গে ক্রিসমাস উদযাপন করবেন না প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল! কী এমন হল?

    ফ্রস্টবাইটের শঙ্কা

    আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার আমেরিকায় শৈত্যঝড় ‘বম্ব সাইক্লোন’-এ পরিণত হতে পারে। এফ ফলে তীব্র বেগে বইবে ঠান্ডা হাওয়া। বায়ুর চাপ থাকবে অনেক কম। মিনিয়াপোলিস, শিকাগো, কানসাস সিটি, সেন্ট লুই, ইন্ডিয়ানাপোলিস, ক্লিভল্যান্ড, ডেট্রয়েটে সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে মিনিয়াপোলিস, শিকাগো এবং উত্তর ও পশ্চিম মিশিগানে তুষারঝড়ের পূর্বাভাসও রয়েছে। ঘণ্টায় ঝড়ের গতি হতে পারে প্রায় ৫৭ কিলোমিটার।  সপ্তাহান্তে আমেরিকাবাসীকে সব থেকে বিপাকে ফেলবে ফ্রস্টবাইট। ডেস মোয়ানস, আইওয়া শহরে বাড়ি থেকে বার হওয়াই দুষ্কর হয়ে উঠবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Suvendu Adhikari: মমতাকে প্রাক্তন করার দায়িত্ব তাঁর! রানাঘাটের সভায় বিস্ফোরক শুভেন্দু

    Suvendu Adhikari: মমতাকে প্রাক্তন করার দায়িত্ব তাঁর! রানাঘাটের সভায় বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করার দায়িত্ব তাঁর। শুক্রবার রানাঘাটের সভায় বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এ দিন প্রকাশ্য সভায় দাঁড়িয়ে শুভেন্দু কড়া হুঁশিয়ারির সুর চড়ালেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। এ দিন রানাঘাটের ফ্রেন্ডস ক্লাব ময়দানে সভা করে বিজেপি। সেখানে শুভেন্দু দাবি করেন, “দল একটা দায়িত্ব দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে। হারিয়েছি। আর একটা কাজ বাকি আছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে। সে কাজটা আমি করব। আপনাদের নিয়েই করব।”

    অভিষেকের পাল্টা সভা

    শুক্রবার রানাঘাটে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও (Abhishek Banerjee) সভা ছিল। পরে একই দিনে সেখানে পাল্টা সভা করেন শিশির পূত্র শুভেন্দু (Suvendu Adhikari)। নদিয়ার মতুয়া গড় রানাঘাটে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বললেন, ভোট লুঠ করে ২০১৮ সালে জিতেছে তৃণমূল কংগ্রেস। এবার তার জবাব দেওয়ার পালা। এদিন শুভেন্দু বলেন, “বাংলায় দুর্নীতির সরকার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবাস যোজনার নাম বদলে দুর্নীতি করেছে, একশো দিনের টাকা নিয়ে দুর্নীতি করেছে। এখন বলছে একশো দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্রের সরকার। আমি আর আমাদের রাজ্য সভাপতি কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছি, যে অবৈধভাবে টাকা নেবে তাঁর টাকা ফেরত নিয়ে ছাড়ব।”

    আরও পড়ুন: হঠাৎ মধ্যরাতে আইনজীবীকে নিয়ে ইডি দফতরে হাজির মেনকা গম্ভীর! কেন?

    আসল চোর

    এদিনও শুভেন্দুর (Suvendu Adhikari) মূল নিশানায় ছিলেন মমতা। এ দিন তাঁর বক্তব্য, ‘‘আসল চোর কোথায় বসে আছে? চোদ্দো তলায় (নবান্ন)। টেনে নামাতে হবে।’’ একই সঙ্গে নদিয়ার সভা থেকে দলীয় পঞ্চায়েত প্রধানকে সরিয়ে দেওয়া নিয়ে অভিষেককে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘‘পশ্চিমবঙ্গের বড় ডাকাত, যাঁকে আমি ‘হালি নেতা’ বলি, তিনি যার আলোকে আলোকিত তাকে শুভেন্দু অধিকারী হারিয়েছে। এখানে এসে বলছে, প্রধান চোর?” কাঁথির মতো এখানেও ‘পার্থ-কেষ্ট চুনোপুঁটি, সব খেয়েছে হাওয়াই চটি’ স্লোগান দিয়ে দুর্নীতির জন্য সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে ইঙ্গিত করে শুভেন্দু বলেন, “হাওয়াই চটিকে ধরতে হবে। রানি মৌমাছি নিজে মধু সংগ্রহ করে না। শ্রমিক মৌমাছিরা মধু সংগ্রহ করে আর রানি মৌমাছি সেই মধু উপভোগ করে।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।       

  • IPL Auction 2023: আইপিএল মিনি নিলামে ফ্র্যাঞ্চাইজিদের মানতে হবে একগুচ্ছ নিয়ম, জানেন কী সেগুলি?

    IPL Auction 2023: আইপিএল মিনি নিলামে ফ্র্যাঞ্চাইজিদের মানতে হবে একগুচ্ছ নিয়ম, জানেন কী সেগুলি?

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষা আর কিছুক্ষণের। কোচিতে দুপুর ২-৩০ মিনিট থেকে শুরু হবে আইপিএল নিলাম (IPL Auction 2023)। এক একজন ক্রিকেটারের জন্য কোটি কোটি টাকা দর হাঁকবেন ফ্র্যাঞ্চাইজিরা। নিলামে অংশ নিচ্ছেন ৪০৫ জন ক্রিকেটার। তার মধ্যে আবার বিদেশি ক্রিকেটারও রয়েছেন। যদিও ৮৭ জন ক্রিকেটারই বিক্রি হবেন নিলামে। তবে বেশ কিছু নিয়ম মেনেই নিলামে দর হাঁকতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে।

    নিয়মগুলির একঝলক

    ১) গতবারের তুলনায় ফ্র্যাঞ্চাইজিগুলি ৫ কোটি টাকা বেশি খরচ করতে পারবে। সেই অর্থ ইতিমধ্যেই দলগুলির অ্যাকাউন্টে জমা পড়েছে।
    ২) প্রত্যেক দলকে পার্চেস ব্যালেন্স অর্থাৎ ক্রয়মূল্যের ৭৫ শতাংশ অর্থ খরচ করতেই হবে।
    ৩) এবার কোনও নো রাইট টু ম্যাচ (আরটিএম) কার্ড থাকছে না।
    ৪) প্রত্যেক দলে ১৭-২৫ জন ভারতীয় ক্রিকেটার রাখা যাবে। তার বেশি যেমন নেওয়া যাবে না, তেমনি কম ক্রিকেটারও স্কোয়াডে রাখা যাবে না। আর বিদেশি ক্রিকেটার নিতে হবে ৮ জন। 
    ৫) কোনও ক্রিকেটার যদি নিলামে অবিক্রীত থেকে যায়, তাহলে পরে তাঁকে কেনা যাবে।

    আরও পড়ুন: কুলদীপের বাদ পড়া নিয়ে ক্ষুব্ধ গাভাসকার! ১২বছর অপেক্ষার পর টেস্ট দলে উনাদকাট

    দশটি দলের মধ্যে সবচেয়ে বেশি টাকা রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের হাতে। আর সবচেয়ে কম টাকা নিয়ে আসরে নামছে কলকাতা নাইট রাইডার্সের কাছে।  কলকাতা নাইট রাইডার্সের কাজটা কঠিন। হাতে টাকা কম, কিন্তু চ্যালেঞ্জ কঠিন। নাইট রাইডার্সের রয়েছে ৭.০৫ কোটি টাকা। যার মধ্যে থেকে কিনতে হবে ১১জন ক্রিকেটার, তিন বিদেশি সহ। কলকাতা নাইট রাইডার্স মূলত জোর দেবে একজন বা দুজন ভালো টপ অর্ডার ব্যাটসম্যান নিতে। বিশেষ করে ওপেনার। সবচেয়ে বেশি দর কোন ক্রিকেটার পেতে পারেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে এই তালিকায় বিদেশি ক্রিকেটাররাই এগিয়ে থাকবেন বলে মনে করা হচ্ছে। ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস, স্যাম কারানের পাশাপাশি অস্ট্রেলিয়ার ডেভিড ক্যামেরনও ভালো দর পেতে পারেন। ভারতীয়দের মধ্যে মায়াঙ্ক আগরওয়ালের উপর নজর থাকবে। এছাড়া বাংলা থেকেও এবার নিলামে বেশ কিছু ক্রিকেটারের নাম রয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share