Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Delhi Murder: আফতাবের উপর হামলা! ধৃত ২ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

    Delhi Murder: আফতাবের উপর হামলা! ধৃত ২ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রদ্ধা-খুনে (Delhi Murder) অভিযুক্ত আফতাব পুনাওয়ালার (Aftab Poonawala) উপর তলোয়ার নিয়ে আচমকা হামলা চালাল দুই ব্যক্তি। সোমবার সন্ধ্যায় পলিগ্রাফ টেস্ট করে ফেরার পথে তরোয়াল নিয়ে তার উপর চড়াও হয় হিন্দু সেনার দুই সদস্য। এই ঘটনাকে কেন্দ্রে করে তুমুল উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্য গুলি ছোঁড়া হয় বলে দিল্লি পুলিশ সূত্রে খবর। এই হামলায় আফতাবের কোনও ক্ষতি হয়নি।

    আফতাবের উপর হামলা

    সোমবার আফতাবকে (Delhi Murder) রোহিনীর ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়েছিল পলিগ্রাফ টেস্টের (Polygraph Test) জন্য।  সেখান থেকে বেরনোর সময় তরোয়াল হাতে দুই ব্যক্তি তার উপর হামলার চেষ্টা চালায়। হামলাকারীরা নিজেদের হিন্দু সেনার সদস্য হিসেবে পরিচয় দিয়েছে। যদিও আফতাবের কোনও চোট লাগেনি। তড়িঘড়ি তাকে প্রিজন ভ্যানে ঢুকিয়ে দেওয়া হয়। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। প্রিজন ভ্যানের দরজা খুলে হামলার চেষ্টা চালায় তরোয়ালধারীরা।  গাড়িতে থাকা পুলিশকর্মীরাও তাদের প্রতিহত করতে বন্দুক উঁচিয়ে ধরেন। আত্মরক্ষার জন্য শূন্যে গুলিও চালিয়েছে পুলিশ। শেষ পর্যন্ত ওই অভিযুক্তদের আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় দিল্লিতে। 

    হামলাকারীদের দাবি

    হামলাকারীদের মধ্যে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার দু’জনকে আদালতে হাজির করা হয়। আদালত ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচটি তলোয়ার উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃত দুই হামলাকারীর নাম কুলদীপ ঠাকুর এবং নিগম গুজ্জর। কুলদীপ (৩৪) গাড়ি কেনা বেচার সঙ্গে যুক্ত। ৩২ বছর বয়সি নিগম পেশায় ট্রাক চালক। হামলাকারীরা যে গাড়িতে করে ঘটনাস্থলে এসেছিলেন, সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। হামলাকারীদের দাবি, “আফতাব যেভাবে শ্রদ্ধাকে খুন করেছে তাতে ওর বেঁচে থাকার অধিকার নেই। শ্রদ্ধা আমাদের বোন। ওর দেহ ৩৫ টুকরো করেছে। আমরা আফতাবের দেহ ৭০ টুকরো করব।”

    আরও পড়ুন: কল্যাণী এইমস মামলায় বিপাকে সিআইডি, তদন্ত চালাতে লাগবে কেন্দ্রের অনুমতি, জানাল হাইকোর্ট

    তদন্তের গতি

    শ্রদ্ধা (Shraddha Walker) খুনের (Delhi Murder) তদন্ত ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গিয়েছে। উদ্ধার হয়েছে ‘মার্ডার ওয়েপন’। শ্রদ্ধাকে যে অস্ত্র দিয়ে খুন করা হয়, সোমবার তা খুঁজে বের করেছে দিল্লি পুলিশ। এদিকে আফতাব পুনাওয়ালার পাশাপাশি তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রয়োজনে আবার আফতাবের বাড়ির লোককে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানানো হয়েছে। মেয়ের খুনির মৃত্যুদণ্ড দাবি করেছেন শ্রদ্ধার বাবা।

     

  • FIFA World Cup: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

    FIFA World Cup: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফ্রান্সের পর গ্রুপ স্টেজে প্রথম দু’টি ম্যাচ জিতে শেষ ১৬-য় জায়গা করে নিল ব্রাজিল। বিশ্বকাপে ব্রাজিলের কাছে কখনও হারেনি সুইৎজারল্যান্ড। এবার সেই ট্রেন্ড বদলাল। উরুগুয়েকে হারিয়ে নকআউটে চলে গেল পর্তুগালও। সোমবার কাতারে বিশ্ব ফুটবলের আসরে জমজমাট লড়াই দেখল ক্রীড়াপ্রেমীরা।। 

    ব্রাজিলের দুরন্ত জয়

    এদিন নেইমারহীন  তিতের ব্রাজিল ছিল আত্মনির্ভর। সুইৎজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় চলে গেল সেলেকাওরা। ম্যাচের একমাত্র গোল করেন কার্লোস হেনরিক  ক্যাসেমিরো। হেক্সা অভিযানে আরও একধাপ এগোল  ব্রাজিল। গ্যালারিতে তার সাক্ষী থাকলেন রোনাল্ডো, রবার্তো কার্লোস, কাফু, কাকারা। ম্যাচের ৮৩ মিনিটে ভিনিসিয়াসের পাস থেকে মুহূর্তের মধ্যে গোল লক্ষ্য করে কোনাকুনি শট নেন ব্রাজিলীয় মিডিও। অনবদ্য গোল। এত দ্রুততার সঙ্গে শট নেন ক্যাসেমিরো, যে রিয়্যাকশন টাইম ছিল না সুইস কিপারের কাছে। শুধুমাত্র দর্শকের ভূমিকায় সোমার। তবে জিতলেও এদিন সেই গতিময় ফুটবল দেখা যায়নি। সার্বিয়া ম্যাচের তুলনায় অনেক বেশি মন্থর ছিল সেলেকাওরা। 

    নক আউটে পর্তুগাল

    উরুগুয়ে কাঁটা সরিয়ে কাতার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পর্তুগাল। সোমবার লুসাইল সুয়ারেজ বনাম রোনাল্ডোর ম্য়াচে জোড়া গোল করে নায়ক পতুর্গালের ব্রুনো ফার্নান্ডেজ। ম্য়াচের ৫৪ ও ৯৩ মিনিটে গোল করেন ব্রুনো। এরমধ্য়ে তাঁর দ্বিতীয় গোল পেনাল্টি থেকে। চার বছর আগে রাশিয়ায় এই উরুগুয়ের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল পর্তুগাল। চার বছর পর কাতারে উরুগুয়েকে হারিয়ে তাদেরই বিদায়ের মুখে ঠেলে দিল পর্তুগাল। বিশ্বকাপের নক-আউটে উঠতে হলে গ্রুপের শেষ ম্য়াচে ঘানার বিরুদ্ধে জিততেই হবে উরুগুয়েকে।

    আরও পড়ুন: জার্মানিকে হারিয়ে ইতিহাস জাপানের, আজ রাতেই ব্রাজিল-সার্বিয়া

    গোলের বন্যা

    সোমবার বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে গোলের বন্যা বইল। ক্যামেরুন বনাম সার্বিয়া এবং ঘানা বনাম দক্ষিণ কোরিয়ার ম্যাচ রীতিমতো উপভোগ করলেন ফুটবলপ্রেমীরা। কাতারের আল ওয়াকরাহেতে আল জানাউব স্টেডিয়ামে আয়োজিত গ্রুপ জি-র ম্যাচে সার্বিয়া এক সময় ৩-১ গোলে এগিয়ে থেকেও জয় আনতে পারল না। প্রথমে গোল করে অবশ্য ক্যামেরুন এগিয়ে গিয়েছিল। তার পর সার্বিয়া পর পর ৩টি গোল করে। কিন্তু অদম্য ক্যামেরুন আরও ২টি গোল করে ম্যাচে সমতা ফেরায়। এ দিন এডুকেশন সিটি স্টেডিয়ামে আয়োজিত গ্রুপ এইচ-এর ম্যাচে ঘানা ২-০ গোলে এগিয়ে ছিল। দক্ষিণ কোরিয়া সমানে সমানে পাল্লা দিয়ে ম্যাচে সমতা ফেরায়। কিন্তু ভাগ্যদেবী ঘানারই সহায় হন। শেষ পর্যন্ত ঘানা জেতে ৩-২ গোলে।

    গতকালের ম্যাচের ফলাফল:

    সার্বিয়া ৩ : ক্যামেরুন ৩

    দক্ষিণ কোরিয়া ২ : ঘানা ৩

    ব্রাজিল ১ : সুইৎজারল্যান্ড ০

    পর্তুগাল২ : উরুগুয়ে ০

    আজকের ম্যাচ:

    ইকুয়েডর-সেনেগাল (রাত সাড়ে ৮টা)

    নেদারল্যান্ডস-কাতার (রাত সাড়ে ৮টা)

    ইরাম-মার্কিন যুক্তরাষ্ট্র (রাত সাড়ে ১২টা)

    ওয়েলস-ইংল্যান্ড (রাত সাড়ে ১২টা)

     
  • Anubrata Mandal: জামিনের আবেদনই করলেন না, আরও ১৪ দিন জেল হেফাজতেই কেষ্ট

    Anubrata Mandal: জামিনের আবেদনই করলেন না, আরও ১৪ দিন জেল হেফাজতেই কেষ্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: গরু পাচার (Cattle smuggling case) মামলায় জেলেই অনুব্রত। এবারও জামিন পেলেন না বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। জেল হেফাজতের মেয়াদ ফুরনোয় তাঁকে শুক্রবার সকালে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়। এদিন তৃণমূল নেতার জামিনের আবেদনই জানানো হয়নি। ফলে সিবিআইয়ের (CBI) আবেদনে মান্যতা দিয়ে ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ৯ ডিসেম্বর পর্যন্ত তিনি জেলে থাকবেন। ওইদিন ফের তাঁকে আদালতে পেশ করা হবে।

    এখনই দিল্লি নয়

    চলতি সপ্তাহে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারছে না ইডি। দিল্লি হাইকোর্টে অনুব্রত-মামলার শুনানি পিছিয়ে গেল। রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেন অনুব্রত। তাঁকে দিল্লি নিয়ে জেরা করতে নির্দেশ জারি করতে রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানায় ইডি। সেই আবেদনকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। দিল্লি হাইকোর্টে মামলার শুনানি  হবে ১ ডিসেম্বর। তাই আপাতত দিল্লি যেতে হচ্ছে না অনুব্রতকে। অন্যদিকে শুক্রবার দিল্লিতে ইডি-র (ED) সদর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mondal )। এই নিয়ে ততীয়বার হাজিরা দিলেন তিনি। আগামী ২৮ নভেম্বর রাইসমিল মালিক সঞ্জীব মজুমদারকেও তলব করেছে ইডি। 

    আরও পড়ুন: ভয় দেখিয়ে টিকিট হাতিয়ে নেন কেষ্ট! আসল লটারি বিজেতার দাবিতে তোলপাড়

    আদালতে কী হল

    এদিন অনুব্রতকে আদালতে তোলা হলে তাঁর আইনজীবীর জামিনের আবেদন না জানানো নিয়ে জল্পনা শুরু হয়। পরে বাইরে বেরিয়ে আইনজীবীরা জানান, তাঁরা এবার জামিন চেয়ে উচ্চ আদালতে যাবেন, তাই আর এখানে জামিনের আর্জি জানাননি। এদিকে এজলাসে আজ কেস ডায়রি অনুব্রতর হাতে তুলে দেন সিবিআইয়ের আইনজীবী। তদন্ত কোন পর্যায়ে আছে তা নিয়ে সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন‌ও করেন বিচারক। তবে এদিন বিশেষ একটা স‌ওয়াল-জবাব হয়নি। অন্যদিকে, বৃহস্পতিবার সিবিআই আধিকারিকরা বোলপুরে হানা দিয়ে মূলত অনুব্রত মণ্ডলের লটারিতে কোটি টাকার জেতার রহস্য ভেদ করতে উঠে পড়ে নামেন। আসল লটারির টিকিট যিনি জিতে ছিলেন অর্থাৎ সেই নুর আলির নানুরে বড় শিমুলিয়ার বাড়িতে হানা দেন। সেখান থেকে পাওয়া নথিতে সিবিআই আধিকারিকরা সন্তুষ্ট না হলে তাকে শান্তিনিকেতনের অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠানো হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Mithun Chakraborty: বিজেপি ক্ষমতায় এলে শিল্পের জোয়ার আসবে রাজ্যে! আশ্বাস মহাগুরুর

    Mithun Chakraborty: বিজেপি ক্ষমতায় এলে শিল্পের জোয়ার আসবে রাজ্যে! আশ্বাস মহাগুরুর

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে বিনিয়োগের জোয়ার আসবে। শিল্প আসবে। স্বনির্ভর হবে শিক্ষিত যুবকরা। চাকরির জন্য হা-হুতাশ করতে হবে না। রাজ্যের বাইরে পাড়ি দিতে হবে না। পরিযায়ী শ্রমিক হয়ে অনির্দিষ্ট ভবিষ্যতের হাতে ছেলে-মেয়েদের জীবন সঁপে দিতে হবে না। বিষ্ণুপুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে এমনই মন্তব্য করলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।

    কী বললেন মিঠুন

    পঞ্চায়েত ভোটের আগে রাজ্য নির্বাচনী প্রচার সারছেন মহাগুরু। রাজ্যে বিনিয়োগের আকাল নিয়ে দীর্ঘদিন ধরে সরব বিরোধীরা। রাজ্যে যে বড় বিনিয়োগ আসেনি তা কখনও সরাসরি, কখনও ঘুরিয়ে মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিকল্প হিসাবে তুলে ধরতে চেয়েছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে। কিন্তু রাজ্যের এই নীতি যে ভ্রান্ত তা ইতিমধ্যে ছবির মতো স্পষ্ট। রাজ্যে কাজ না পেয়ে ভিনরাজ্যে গিয়েছেন লক্ষ লক্ষ দক্ষ ও অদক্ষ শ্রমিক। প্রতিদিন ভিন রাজ্যে শ্রমিকদের দুরবস্থা চোখে পড়ে। এরই মধ্যে এদিন বিষ্ণুপুরে সভা করতে গিয়ে মিঠুন বললেন,  “যেদিন বিজেপি ক্ষমতায় আসবে সেদিন দেখবেন, বাংলায় জোয়ার এসেছে। এত বিনিয়োগ হবে যে দেখে ভাববেন এটা সত্যি নাকি স্বপ্ন।”

    আরও পড়ুন: পরের মাসেই টেট, পরীক্ষায় স্বচ্ছতা আনতে কী কী উদ্যোগ নিয়েছে পর্ষদ?

    উল্লেখ্য, রাজ্যে শিল্পায়নের প্রথম চেষ্টা সিঙুরেই মাঠে মারা গিয়েছিল বলে মত উদ্যোগপতিদের। যে ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেদ তৈরি হয়ে যাওয়ায়, একটা কারখানাকে ভেঙে ফেলতে বাধ্য করেছিল তা শিল্পপতিদের কাছে রীতিমতো আতঙ্কের। তার ওপর টাটা গোষ্ঠীর মতো সংস্থা, যারা গোটা বিশ্বে দেশের মর্যাদা বৃদ্ধি করেছে তাদের সঙ্গে এই আচরণ মেনে নিতে পারেনি উদ্যোগপতি সমাজ। যার জেরে সরকারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় দফায় দফায় শিল্প সম্মেলনের আয়োজন করলেও বিনিয়োগ আসেনি। ফলে অবধারিতভাবে বাংলার ছেলে-মেয়েদের কাজের খোঁজে ছুটতে হয়েছে ভিনরাজ্যে। পশ্চিমের সমৃদ্ধ রাজ্যগুলি তো বটেই, উত্তর-পূর্বে মিজোরামের মতো রাজ্যে খনিশ্রমিকের কাজ করতে গিয়ে বোঘোরে প্রাণ হারাতে হচ্ছে কম বয়সী যুবকদের।

    তাই রাজ্যে এই পরিস্থিতির বদলের আহ্বান জানান মিঠুন। তিনি বলেন, তৃণমূলকে হারাতে বিরোধীদের একজোট হওয়া উচিত। শনিবার বাঁকুড়ার বিষ্ণুপুরে তিনি বলেন, তৃণমূলের মতো শক্তিকে হারাতে গেলে মতাদর্শগত বিভেদ ভুলে সবার একজোট হওয়া উচিত। পঞ্চায়েত নির্বাচনের আগে ৫ দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন মিঠুন চক্রবর্তী। পাঁচ দিনের পশ্চিমবঙ্গ সফরের চতুর্থ দিনে শনিবার বিষ্ণুপুর পৌঁছন মিঠুন চক্রবর্তী। সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

  • Mithun Chakraborty: আজ বাঁকুড়ায় সভা মহাগুরুর! মিঠুনকে দেখতে হোটেলের সামনে ভিড়

    Mithun Chakraborty: আজ বাঁকুড়ায় সভা মহাগুরুর! মিঠুনকে দেখতে হোটেলের সামনে ভিড়

    মাধ্যম নিউজ ডেস্ক: যদি চপ না বিক্রি হয়ে থাকে, তাহলে ঢপ বিক্রি কর। এটা চলবে। এখন এটাই চলছে পশ্চিমবঙ্গে। বুধবার পুরুলিয়ার লোধুড়কায় বিজেপির পঞ্চায়েত কর্মী সম্মেলনে যোগ দিয়ে এমনই দাবি করলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে ফের বিজেপি-র  (BJP) হয়ে রাজ্যে ভোটের ময়দানে নেমেছেন মহাগুরু। বাঙলায় বিজেপির বাজিও তিনি। সেই মতোই বাঙালি আবেগে শান দিয়ে পুরুলিয়া থেকে প্রচার শুরু করলেন বঙ্গসন্তান মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার দ্বিতীয় দিন মিঠুন চক্রবর্তীর সাংগঠনিক বৈঠক ও পঞ্চায়েত কর্মী সম্মেলন রয়েছে বাঁকুড়ায়। তাঁকে দেখতে হোটেলের সামনে ভিড় করেছেন বহু মানুষ। গঙ্গাজলঘাঁটির দুর্লভপুরে আজ বিজেপির সাংগঠনিক বৈঠক রয়েছে। এরপর শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মিঠুন। মেনুতে রয়েছে ভাত-ডাল, সবজি, আলু পোস্ত, মাছ। নিজেই রান্না করেছেন বিধায়ক। বিকেলে মেজিয়া কলেজ মাঠে মিঠুনের সভা। আগামীকাল বিষ্ণুপুরের সোনামুখীতে কর্মসূচি রয়েছে মহাগুরুর।

    কী বললেন

    বুধবার পুরুলিয়ার জনসভায় আগাগোড়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসকদলকে নিশানা করে যান মিঠুন। এ দিন কর্মী সম্মেলন চলাকালীন এক বিজেপি কর্মী প্রশ্ন ছোড়েন, “আমার চপ বিক্রি হচ্ছে না। কোনও কাজও হচ্ছে না, তাহলে আমি কী করব দিদি? ” সত্যিই চপ বিক্রি হচ্ছে না নাকি, তাঁর কাছে জানতে চান মিঠুন। জবাবে ওই কর্মী বলতে শুরু করেন, “দিদি বলেছিলেন চপ বিক্রি করে…।” কথা শেষ করার আগে তাঁকে থামিয়ে মিঠুন বলে ওঠেন, “এ বার আমি একটা কথা বলি, কাউকে ছোট করে কোনওদিন কথা বলি না। আজও বলছি না। যদি চপ না বিক্রি হয়ে থাকে, তাহলে ঢপ বিক্রি কর। এটা চলবে। এখন এটাই চলছে পশ্চিমবঙ্গে।”

    আরও পড়ুন: ‘ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ রাজ্য’, হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা

    জিএসটি বাবদ প্রাপ্য থেকে ১০০ দিনের কাজ, কেন্দ্রীয় সরকার রাজ্যের টাকা আটকে রেখেছে বলে  অভিযোগ  তৃণমূলের। সেই নিয়েও এ দিন মন্তব্য করেন মিঠুন। আবাস যোজনায় ঘর না পাওয়ার অভিযোগ জানান বিজেপি কর্মীরা। জবাবে মিঠুন বলেন, “প্রধানমন্ত্রী এই ঘর যোজনার জন্য অনেক টাকা দিয়েছেন। সেটা দিল্লি থেকে পশ্চিমবঙ্গে আসে। ব্যাঙ্কে তার একটা নাম থাকে। প্রধানমন্ত্রী আবাস যোজনা। কিন্তু টাকাটা কোথায় যাবে? এখানে তো অলরেডি তার উপরে পোস্টার মেরে দিয়েছে! বাংলা আবাস যোজনা করে দিয়েছে! সেন্টার বলছে, আগে হিসেব দিন। টাকাটা কিছুদিনের জন্য আটকে রাখা হয়েছে। এটা সরকারের পয়সা। পাবলিকের পয়সা। এটা তোমার আমার পয়সা। সবাইকে হিসেব দিতে হবে।”

    বাঙালি খাবার ভীষণ প্রিয়

    পুরুলিয়ায় এদিন কাঁসার বাসনে বাঙালি খাবার দিয়ে মধ্যাহ্নভোজ সারেন ডিস্কো কিং। একেবারে বাঙালি মেনু। মাছ-ভাতে বাঙালি। এ প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বললেন, ‘‘বাঙালি খাবার আমার ভীষণ প্রিয়।  আমরা খাবার নিয়ে কথা বলব না তো কি বালি, কয়লা, গরু নিয়ে কথা বলব!’’ 

  • Cristiano Ronaldo: আর রেড ডেভিলসের হয়ে খেলবেন না রোনাল্ডো! ম্যান ইউ-এর সঙ্গে চুক্তি ছিন্ন

    Cristiano Ronaldo: আর রেড ডেভিলসের হয়ে খেলবেন না রোনাল্ডো! ম্যান ইউ-এর সঙ্গে চুক্তি ছিন্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: ফুটবল বিশ্বযুদ্ধের মধ্যেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন হল পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। বিশ্বকাপের প্রথম ম্যাচে ঘানার বিরুদ্ধে মাঠে নামার ঠিক ৪৮ ঘণ্টা আগেই মঙ্গলবার রাতে রোনাল্ডো ভক্তদের কাছে এই বার্তা চলে আসে। ইংল্যান্ডের ক্লাবটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়, রোনাল্ডোকে আর রেড ডেভিলসের হয়ে খেলতে দেখা যাবে না। ক্লাব এবং রোনাল্ডোর মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

    ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিজ্ঞপ্তি

    এদিন, ম্যান ইউ-এর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে  পারস্পরিক চুক্তির ভিত্তিতে অবিলম্বে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ক্লাবের হয়ে ৩৪৬ ম্যাচে ১৪৫ গোল করেছেন রোনাল্ডো। তাঁকে ওল্ড ট্র্যাফোর্ডে দুটি মরশুম কাটানোর জন্য ধন্যবাদ জানানো হয়েছে। ভবিষ্যতের জন্য তাঁকে এবং তাঁর পরিবারকে শুভেচ্ছাও জানানো হয়েছে। যদিও এই বিবৃতিতে কোথাও রোনাল্ডোর বিতর্কিত সাক্ষাৎকারের বিষয়ে একটা শব্দও খরচ করা হয়নি। তবে সেই কারণেই যে রোনাল্ডোকে ক্লাব ছাড়তে হচ্ছে, তা প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছে ম্যান ইউ কর্তৃপক্ষ। প্রসঙ্গত, বিশ্বকাপের আগেই একটি সাক্ষাৎকারে নিজের ক্লাব ম্যান ইউয়ের বিরুদ্ধে তোপ দাগেন রোনাল্ডো। টিমের ম্যানেজার টেন হাগেরও সমালোচনা করেন সি আর সেভেন।

    আরও পড়ুন: বিশ্বকাপে অঘটন, সৌদি আরবের কাছে ২-১ গোলে হারল মেসির আর্জেন্টিনা

    রোনাল্ডোর  ট্যুইট

    ম্যান ইউ বিজ্ঞপ্তি জারির পরেই  ক্লাব ছাড়ার বিষয়ে প্রতিক্রিয়া দেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। সোশ্যাল মিডিয়ায় সংক্ষিপ্ত আবেগঘন বার্তা পোস্ট করেন ক্রিশ্চিয়ানো। তিনি স্পষ্ট জানান যে, ক্লাব ও সমর্থকদের প্রতি তাঁর অনুরাগ অক্ষুন্ন থাকবে। রোনাল্ডো লেখেন, ‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে আলোচনার পরে আমরা পারস্পরিক সম্মতিতে মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ভালোবাসি এবং সমর্থকদেরও। এই ভালোবাসা কখনও বদলাবে না। আমার মনে হয়েছে নতুন চ্যালেঞ্জের খোঁজ করার এটাই সঠিক সময়।’মাঝপথেই ক্লাব ছাড়তে হলেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সাফল্য কামনা করেছেন সিআর সেভেন। তিনি লেখেন, ‘বাকি মরশুম ও ভবিষ্যতের জন্য ক্লাবের সাফল্য কামনা করি।’

  • Indian History: ভারতের ইতিহাস বীরত্বের, যোদ্ধাদের! নতুন করে তা লিখতে হবে অভিমত প্রধানমন্ত্রীর

    Indian History: ভারতের ইতিহাস বীরত্বের, যোদ্ধাদের! নতুন করে তা লিখতে হবে অভিমত প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের ইতিহাস কেবলমাত্র দাসত্বেরই নয়। ভারতের উজ্জ্বল ইতিহাসে বহু যোদ্ধাও রয়েছেন। তবে ইতিহাসের পাতায় সকলের নাম উল্লেখ নেই। তাঁদের নাম ইতিহাসের পাতায় তুলে ধরতে হবে বলে অভিমত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi)। অসমের সরাইঘাট যুদ্ধের হিরো কম্যান্ডার জেনারেল লাচিত বারফুকানের (Lachit Barphukan) ৪০০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এই কথা বললেন প্রধানমন্ত্রী। একই দিনে লাচিত বারফুকানকে নিয়ে আর একটি অনুষ্ঠানে ইতিহাসবিদদের নতুন করে ইতিহাস লেখার আর্জি জানানলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

    প্রধানমন্ত্রীর কথা

    এদিন প্রধানমন্ত্রী বলেন, ভারত তার বিচিত্র ঐতিহ্য উদযাপন এবং বীরদের স্মরণ করার মাধ্যমে অতীতের ভুল সংশোধন করেছে। তিনি বলেন, “ঔপনিবেশিক আমলের ষড়যন্ত্রের অংশ হিসেবে রচিত ইতিহাসের পাতা থেকে বহু বীরদের কথা হারিয়ে গিয়েছে। ভারতের ইতিহাস যোদ্ধাদের ইতিহাস, বিজয়ের ইতিহাস, আত্মত্যাগ, নিঃস্বার্থতা ও বীরত্বের ইতিহাস।” মোদী বলেন, স্বাধীনতার পরও যে ইতিহাস পড়ানো হচ্ছে তা, ঔপনিবেশিক আমলের ষড়যন্ত্রের স্বীকার। তিনি বলেছেন, “স্বাধীনতার পর দাসত্বের উদ্দেশ্য পরিবর্তনের প্রয়োজন ছিল। তবে তা করা হয়নি।”

    আরও পড়ুন: জামা মসজিদে মেয়েদের ‘একা’ ঢোকায় নিষেধাজ্ঞা! ‘‘এটা ইরান নাকি?’’ তোপ মহিলা কমিশনের

    প্রসঙ্গত, ১৬২২ খ্রিস্টাব্দের ২৪ নভেম্বর জন্মগ্রহণ করেন লাচিত বারফুকন। তিনি অহম রাজ প্রতাপ সিংয়ের অধীনস্ত অহম বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। প্রবল পরাক্রমী মুঘল সেনাবাহিনীও লাচিত এবং তাঁর বাহিনীর কাছে হার মানত। ১৬৭১ সালের সরাইঘাটের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। লাচিত বারফুকনের বীরত্ব এবং সরাইঘাটের যুদ্ধে অহম বাহিনীর বিজয়কে স্মরণ করার জন্য ২৪ নভেম্বর অসমে লাচিত দিবস পালিত হয়। প্রধানমন্ত্রী মোদির কথায়, দেশের বিভিন্ন প্রান্তে দাসত্বের বিরুদ্ধে বীর পুরুষ, নারীরা গর্জে উঠেছেন। তবে ইতিহাসের পাতায় তাদের জায়গা হয়নি। এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ কাজ করা হয়েছে। লাচিত বারফুকনের জীবন আমাদের পরিবারের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে শেখায়। আমরা বুঝতে পারি, দেশের থেকে কোনও সম্পর্ক বড় নয়।”

    স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আর্জি

    দিল্লিতে অসম সরকারের একটি অনুষ্ঠানে ইতিহাসবিদদের নতুন করে দেশের ইতিহাস লেখার জন্য আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “যে লিখিত ইতিহাস আমরা জানি, তা অনেক সময়ই সঠিক নয় এবং কোথাও কোথাও বিকৃতও। আমি ইতিহাসের একজন ছাত্র। বহুদিন ধরেই শুনে আসছি আমাদের ইতিহাস ঠিকভাবে পরিবেশন করা হয়নি। হয়তো সেটা সত্য়ি কথাই। কিন্তু এবার আমাদের সেটা সংশোধন করতে হবে।” দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ইতিহাসের ছাত্র ও ইতিহাসবিদদের প্রতি তাঁর আবেদন, “আমাদের ইতিহাস সঠিক নয়, এই বক্তব্যকে পেরিয়ে নতুন করে গবেষণা শুরু করুন। একবার সেই ইতিহাস লেখা হলে, মিথ্যাভাষণের এই ধারাকে মুছে দেওয়া যাবে।” তিনি বলেন, দেশের এমন ৩০ টি মহান শাসনকালকে বেছে নিয়ে ইতিহাস লেখা হোক যাঁরা ১৫০ বছরেরও বেশি রাজত্ব করেছে, বেছে নেওয়া যাক ৩০০ এমন যোদ্ধাকে যাঁদের সাহস অনুপ্রাণিত করে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • C V Ananda Bose: নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন সি ভি আনন্দ বোস

    C V Ananda Bose: নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন সি ভি আনন্দ বোস

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথ নিলেন সি ভি আনন্দ বোস। তাঁকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। শপথবাক্য পাঠে বাংলার মানুষের ভালো-মন্দের দেখভালের প্রতিশ্রুতি দিলেন নয়া রাজ্যপাল। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ রাজভবনে হয় শপথগ্রহণ অনুষ্ঠান। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়,পুরমন্ত্রী ফিরহাদ হাকিম প্রমুখ। উপস্থিত ছিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীও। তবে সংঘাতের আবহে রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শপথগ্রহণ অনুষ্ঠানে বসার জন্য আসনবিন্যাস নিয়ে আপত্তি জানিয়ে এদিন সকালে ট্যুইটও করেন তিনি। নয়া রাজ্যপালের সময় অনুযায়ী, তিনি পরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে আসার কথা জানান।

    রসগোল্লা উপহার

    আগের রাজ্যপালের সঙ্গে সম্পর্ক মোটেও ভালো ছিল না রাজ্যের।  সিভি আনন্দ বোসের পূর্বসূরি জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন নবান্ন ও রাজভবনের সংঘাত প্রায় রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। তবে এবারের নয়া রাজ্যপালের সঙ্গে সম্পর্ক সুমধুর করতে বদ্ধ পরিকর রাজ্য। তাই শপথ গ্রহণের দিন সকাল সকাল এক হাড়ি রসগোল্লা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নয়া ফার্স্ট সিটিজেনকে বিশেষ উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী। সি ভি আনন্দ বোসের জন্য নীল হাঁড়িতে ১০০টি রসোগোল্লা পাঠালেন মুখ্যমন্ত্রী। নতুন রাজ্যপালের সঙ্গে প্রথম দিন থেকেই তিক্ততা ভুলে মিষ্টি সম্পর্ক গড়ে তুলতে চাইছে নবান্ন। এমনটাই মনে করছে প্রশাসনিক মহল। এ প্রসঙ্গে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘মিষ্টি খাইয়ে লাভ নেই, তাঁর যোগ্যতা-অভিজ্ঞতাকে যেন কাজে লাগায় রাজ্য সরকার’। তিনি আরও বলেন,“আমরা চাইব এরকম একজন বিদ্বান, দূরদর্শী মানুষকে আমরা রাজ্যপাল হিসাবে পেয়েছি, তার যোগ্যতা-অভিজ্ঞতা, সেটা যেন পশ্চিমবঙ্গ সরকার কাজে লাগায় ।” 

    আরও পড়ুন: সাংসদ ও বিধায়কেরা শাসক শিবির ছেড়ে বিজেপিতে আসতে চাইছেন! দাবি মহাগুরু মিঠুনের

    কালীঘাট মন্দির দর্শন

    শপথগ্রহণের আগের দিন, মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটে গিয়ে মায়ের দর্শনও করেন নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কালীঘাটে আসেন সি ভি আনন্দ বোস। প্রথমে কালীঘাট প্রসাদের দোকানগুলির সামনে দেখা যায় তাঁকে। তারপর মায়ের পুজো দেন। মায়ের পুজো দেওয়া পর গোটা মন্দির চত্বর ঘুরে দেখেন। পুরোহিতদের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটান,মন্দিরের ইতিহাস নিয়ে কথা বলেন । বেশ কিছুক্ষণ ছিলেন কালীঘাট মন্দিরে। তবে মায়ের আরতির আগেই সেখান থেকে বেরিয়ে যান রাজ্যপাল। ৭১ বছর বয়সি মালয়ালি, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার আনন্দ বোসের প্রশাসক হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে। কেন্দ্রীয় সরকারের সচিব হিসেবে তিনি কাজ করেছেন। রাজ্যের মুখ্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। মেঘালয় সরকারের উপদেষ্টা পদেও তিনি কাজ করেছিলেন। সূত্রের খবর, শীঘ্রই আনন্দ বোস দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ-পর্ব সেরে আসবেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

  • FIFA World Cup: পোল্যান্ডকে হারাতে হবে মেসিদের, না হলে কঠিন অঙ্ক! জানুন কী কী ভাবে শেষ ষোলোয় যেতে পারে আর্জেন্টিনা

    FIFA World Cup: পোল্যান্ডকে হারাতে হবে মেসিদের, না হলে কঠিন অঙ্ক! জানুন কী কী ভাবে শেষ ষোলোয় যেতে পারে আর্জেন্টিনা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (Qatar World Cup 2022) অন্যতম ফেভারিট হয়ে শুরু করলেও এখনও  প্রি-কোয়ার্টার (Pre Quarter Final) ফাইনাল নিশ্চিত হয়নি আর্জেন্টিনার। শেষ ম্যাচে পোল্যান্ডের (Argentina versus Poland) বিরুদ্ধে জিততেই হবে লিওনেল মেসিদের। পোল্যান্ডের বিরুদ্ধে ড্র করলেও রাউন্ড অফ ১৬-তে যাওয়ার সুযোগ রয়েছে মেসি-ডি মারিয়াদের। তবে সেক্ষেত্রে প্রি-কোয়ার্টার ফাইনালেই কড়া প্রতিপক্ষের সামনে পড়তে হতে পারে তাঁদের।

    শেষ ষোলোর সমীকরণ

    পোল্যান্ডকে হারালেই দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে আর্জেন্টিনা। গ্রুপের অন্য ম্যাচে সৌদি আরব-মেক্সিকো ড্র করলে পোলিশদের সঙ্গে ড্র করেও দ্বিতীয় রাউন্ডে যাবে মেসিরা। সৌদিরা জিতলে আর্জেন্টিনাকে জিততেই হবে, মেক্সিকো জিতলেও আর্জেন্টিনা ড্র করলে আসবে গোল পার্থক্যের হিসাব। আর্জেন্টিনার বিপক্ষে ১ পয়েন্ট পেলেই দ্বিতীয় রাউন্ডে চলে যাবে পোল্যান্ড। হেরে গেলে সৌদি আরব-মেক্সিকো ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে পোলিশদের। ম্যাচটি ড্র হলে কিংবা মেক্সিকো জিতলেও শেষ ষোলোয় যেতে পারে পোল্যান্ড। মেক্সিকোকে হারালেই দ্বিতীয় রাউন্ডে উঠবে সৌদি আরব। আর্জেন্টিনা হেরে গেলে ড্র করেও দ্বিতীয় রাউন্ডে যেতে পারে সৌদিরা। মেক্সিকোকে শুধু জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে পোল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের দিকে। সে ক্ষেত্রে আর্জেন্টিনা হারলে কপাল খুলবে মেক্সিকানদের। আর্জেন্টিনা জিতলে কিংবা ড্র করলে, সৌদিদের হারিয়েও গোলের হিসাব করতে হবে মেক্সিকোকে। এক কথায় আজ পোল্যান্ডকে হারালেই সহজ সমীকরণে মেসিরা চলে যাবে শেষ ষোলোয়। মেসিরা যদি গ্রুপ শীর্ষে থেকে শেষ ষোলোয় না যেতে পারে তাহলে তাঁদের ফ্রান্সের মুখে পড়তে হতে পারে। সেক্ষেত্রে জমে যাবে নক আউট পর্যায়ের খেলা।

    আরও পড়ুন: শেষ ষোলোয় ইংল্যান্ডের মুখোমুখি সেনেগাল, নেদারল্যান্ডসের সামনে আমেরিকা

    গ্রুপের কে কোথায়

    বিশ্বকাপের সূচি অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপ সি এবং গ্রুপ ডি-র মধ্যে খেলা হবে। গ্রুপ সি-তে রয়েছে আর্জেন্টিনা, পোল্যান্ড, সৌদি আরব ও মেক্সিকো। অন্য দিকে গ্রুপ ডি-তে রয়েছে ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিশিয়া। প্রতি গ্রুপের চারটি দল ২টি করে ম্যাচ খেলেছে। এখনও গ্রুপ সি-র শীর্ষে পোল্যান্ড, তাদের পয়েন্ট ৪। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ৩।  একই পয়েন্ট হলেও গোল পার্থক্যে তৃতীয় স্থানে সৌদি আরব। চতুর্থ স্থানে মেক্সিকোর পয়েন্ট ১। অন্যদিকে গ্রুপ ডি-র শীর্ষে ফ্রান্স, তাদের পয়েন্ট ৬। প্রথম দল হিসাবে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ফরাসিরা। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে থাকা ডেনমার্কের পয়েন্ট ১। একই পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে চার নম্বরে তিউনিশিয়া। 

  • High Court on Dengue: ডেঙ্গি মোকাবিলায় কী কী পদক্ষেপ? রাজ্যের কাছে হলফনামা চাইল হাইকোর্ট

    High Court on Dengue: ডেঙ্গি মোকাবিলায় কী কী পদক্ষেপ? রাজ্যের কাছে হলফনামা চাইল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য জুড়ে ডেঙ্গি পরিস্থিতির মোকাবিলায় সরকার কী কী ব্যবস্থা গ্রহণ করেছে, জানতে চাইল কলকাতা হাইকোর্ট। ডেঙ্গি সংক্রান্ত জনস্বার্থ মামলায় রাজ্য সরকারের কাছে হলফনামা চাইল আদালত। এই বিষয়ে আগামী তিন সপ্তাহের মধ্যে নবান্নকে হলফনামা জমা দিতে বলেছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

    ডেঙ্গি নিয়ে মামলা

    ডেঙ্গি নিয়ন্ত্রণে রাজ্য সরকার ব্যর্থ এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন চিকিৎসক সঞ্জীব মুখোপাধ্যায়। তাঁর আইনজীবী শমীক বাগচী জানান, এর আগে কলকাতা হাইকোর্ট ডেঙ্গি নিয়ন্ত্রণে রাজ্য সরকারকে যে সমস্ত নির্দেশ দিয়েছিল সেগুলি কতদূর কার্যকর হয়েছে তাই জানাতে বলা হয়েছে হলফনামায়। মামলাকারীরা কলকাতা পুরসভা এবং মেয়র ফিরহাদ হাকিমকেও এই মামলায় যুক্ত করেছেন। তবে এ দিন পুরসভার তরফে কোনও কৌঁসুলি শুনানিতে হাজির ছিলেন না। কোর্টের নির্দেশ, কলকাতা পুর এলাকায় ডেঙ্গি প্রতিরোধে কী কী পদক্ষেপ করা হয়েছে, তা জানিয়ে পুরসভাকে আদালতে আলাদা হলফনামা জমা দিতে হবে।

    আরও পড়ুন: “কোভিড মৃত্যুর জন্যে দায়ী নয় সরকার”, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

    রাজ্যের যুক্তি সমর্থন যোগ্য নয়

    এদিন শুনানির সময় রাজ্য সরকারের তরফে বলা হয়, শীত আসছে। তাপমাত্রা কমলে ডেঙ্গি নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু হাইকোর্ট সেই যুক্তি পুরোপুরি মেনে নেয়নি। ডিভিশন বেঞ্চ মনে করিয়ে দিয়েছে, ডেঙ্গি আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুতে প্রশাসন দায় এড়াতে পারবে না। ডেঙ্গির ভয়াবহতা উল্লেখ করে আইনজীবী জানান, রাজ্যে সংক্রমণ হুহু করে বাড়ছে। গত কয়েকদিনে সারা রাজ্য জুড়ে বেশ কয়েকজন মারাও গিয়েছেন। মৃতের তালিকায় রয়েছে শিশুরাও। ডেঙ্গি রোগীদের চিকিৎসার জন্য ব্লাড ব্যাঙ্কে পর্যাপ্ত প্লেটলেটও পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে এটা স্পষ্ট যে, রাজ্যে ডেঙ্গি মোকাবিলায় প্রশাসন ব্যর্থ।  তাই এবিষয়ে হাইকোর্টের হস্তক্ষেপ প্রয়োজন রয়েছে। মেডিক্যাল কমিশন ও মনিটারিং সেল গঠনের পাশাপাশি মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আর্জি জানানো হয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share