Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Heavy rain in Kolkata: নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে বৃষ্টি

    Heavy rain in Kolkata: নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে বৃষ্টি

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার, সকাল থেকেই চলছে অঝোর বৃষ্টি। আকাশের মুখভার। নিম্নচাপের জেরে রবিবার বিকেল থেকেই শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। রাতভর কখনও মুষলধারে, কখনও ঝিরঝিরে বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। 

    আলিপুর আবহাওয়া দফতর(West Bengal Weather) সূত্রে খবর, সোমবার সারা দিন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। দুপুর গড়ালে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতায়। পূর্ব মেদিনীপুর ও দুই দক্ষিণ ২৪ পরগণায় জারি হয়েছে কমলা সতর্কতা। শুধু আজই নয়, মঙ্গলবারও বৃষ্টি চলার কথা। ওই দিন ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূমে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও চলবে ঝোড়ো হাওয়া। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৫৫ কিমি বেগ ঝড়ো হাওয়াও বইতে পারে। কোটাল ও নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। তাই আগামী বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

    আরও পড়ুন: ডেঙ্গি মোকাবিলায় হল না সমন্বয়, ডেঙ্গির প্রকোপে তাই জেরবার রাজ্যবাসী!

    নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হওয়ার কারণে কয়েকদিন দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি অঞ্চলে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিমে তৈরি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে আরও ঘনীভূত হয়ে ওড়িশার দক্ষিণে এবং সংলগ্ন এলাকার ওপরে গভীর নিম্নচাপে রূপে দেখা দিয়েছে। এই নিম্নচাপ ঘন্টায় ২৫ কিমি বেগে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগিয়ে চলেছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • J&K Police: ৩০ লক্ষে এসআই পদ! জম্মু-কাশ্মীরে পুলিশ নিয়োগে দুর্নীতির পর্দাফাঁস সিবিআইয়ের

    J&K Police: ৩০ লক্ষে এসআই পদ! জম্মু-কাশ্মীরে পুলিশ নিয়োগে দুর্নীতির পর্দাফাঁস সিবিআইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার নিয়োগ-দুর্নীতি জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir)। জম্মু-কাশ্মীর পুলিশের সাব ইনস্পেক্টর নিয়োগে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার সকাল থেকে দেশের  বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালাল সিবিআই (CBI)। এদিন জম্মু, শ্রীনগর, হরিয়ানা, গান্ধীনগর, গাজিয়াবাদ, বেঙ্গালুরু,  দিল্লি-সহ মোট ৩৩টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা।

    আরও পড়ুন: সবাইকে ‘ওয়ার্ক ফ্রম হোম’ ! সেজের কর্মীদের জন্য নতুন ভাবনা কেন্দ্র সরকারের

    কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর,জম্মু কাশ্মীর নিয়োগ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান খালিদ জাহাঙ্গিরের বাড়িতে এদিন  তল্লাশি চালান গোয়েন্দার। জেকেএসএসবির (জম্মু ও কাশ্মীর সার্ভিসেস সিলেকশন বোর্ড) কন্ট্রোলার অফ এক্সামিনেশন অশোক কুমারের বাড়িতেও অভিযান চলে। এছাড়াও জম্মু ও কাশ্মীর পুলিশের কয়েকজন কর্মকর্তা, একজন ডিএসপি (ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ) এবং সিআরপিএফ (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স)-সহ বেশ কয়েকজনের বাড়িতেই তল্লাশি চালায় সিবিআই।

    আরও পড়ুন: ব্রিটিশ ঔপনিবেশিকতার সুখ্যাতি, মার্কিন অ্যাঙ্করকে মোক্ষম জবাব শশী থারুরের

    গত মার্চ মাসে জম্মু-কাশ্মীর পুলিশের  সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয়। জুনে পরীক্ষার ফল বের হয়। এরপরেই দুর্নীতির অভিযোগ সামনে আসতে শুরু করে। অগাস্ট মাসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তদন্তভার তুলে দেয় জম্মু কাশ্মীর প্রশাসন। মোট ৩৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। উল্লেখ্য, বেঙ্গালুরুর একটি সংস্থাকে এই নিয়োগ পরীক্ষার দায়িত্ব দিয়েছিল জম্মু কাশ্মীর সার্ভিস সিলেকশন বোর্ড। তাই বেঙ্গালুরুতেও তল্লাশি চালায় গোয়েন্দারা।  জম্মু কাশ্মীর সিলেকসন বোর্ড এবং বেঙ্গালুরুর সংস্থার বিরুদ্ধে কয়েকজন পরীক্ষার্থীকে বেআইনি সুযোগ দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ, ৩০ লক্ষ টাকা নিয়ে প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া হয়। পরীক্ষার ফল প্রকাশ হলে দেখা যায় জম্মু,রাজৌরি এবং সাম্বা থেকে প্রচুর পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন। যা নিয়েও প্রশ্ন ওঠে। বিতর্ক দানা বাঁধে। নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয় অনেকেই। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দায়িত্ব তুলে দেয় রাজ্য প্রশাসন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Neeraj Chopra: জাতীয় গেমসে অংশ নিচ্ছেন না নীরজ! সামনে বিশ্বচ্যাম্পিয়নশিপ, চোটমুক্ত থাকাই লক্ষ্য

    Neeraj Chopra: জাতীয় গেমসে অংশ নিচ্ছেন না নীরজ! সামনে বিশ্বচ্যাম্পিয়নশিপ, চোটমুক্ত থাকাই লক্ষ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: একের পর এক সাফল্যে তাঁকে ঘিরে তৈরি হয়েছে গগণচুম্বী প্রত্যাশা। টোকিও অলিম্পিকে (Olympic) সোনা, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জয়ের পর ডায়মন্ড লিগের (Diamond League) ফাইনালে ট্রফি জিতেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। সবই বিদেশের মাটিতে। অনেকেই ভেবেছিলেন, আসন্ন জাতীয় গেমসে দেশের (National Games) মাটিতে নীরজের পারফরম্যান্স চাক্ষুস করবেন। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দিলেন নীরজ। কারণ, ২৯ সেপ্টেম্বর গুজরাতে (Gujrat) শুরু হতে চলা জাতীয় গেমসে অংশ নেবেন না সোনার ছেলে। কারণ, চোটমুক্ত থাকা। সামনের বছর রয়েছে একাধিক বড় ইভেন্ট। তার আগে জোর প্রস্তুতির পাশাপাশি ফিট থাকাটাও তাঁর কাছে খুবই জরুরি।

    আরও পড়ুন: প্রথম ভারতীয়! ডায়মন্ড লিগ জিতে ইতিহাস নীরজ চোপড়ার

    এবার জাতীয় গেমসের আসর বসছে গুজরাতের ছয় শহরে। প্রতিযোগিতা চলবে ২৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর। ভারতীয় অলিম্পিক সংস্থা দেশের সব তারকা অ্যাথলটিদের জাতীয় গেমসে অংশগ্রহণের নির্দেশ দিয়েছে। তবে নীরজ অংশ নিচ্ছেন না। ডায়মন্ড লিগ খেতাব জেতার পরেই তিনি জানিয়ে দিয়েছেন, মরশুম শেষ। অর্থাৎ এবছর আর কোনও ইভেন্টে তাঁর অংশ নেওয়ার সম্ভাবনা নেই। নীরজ বলেন, “বছরের শুরুতেই আমি কী কী প্রতিযোগিতায় অংশ নেব, তার তালিকা তৈরি করে ফেলেছিলাম। সেই মতো ডায়মন্ড লিগই আমার শেষ ইভেন্ট। এশিয়ান গেমসে নামার ইচ্ছা ছিল। কিন্তু তা পিছিয়ে গিয়েছে। আর জাতীয় গেমসের সূচি সদ্য প্রকাশিত হয়েছে। আমাকে অনেকেই জাতীয় গেমসে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন। কিন্তু আমায় কোচের পরামর্শ মেনেই চলতে হবে। উনি বিশ্রামের পরামর্শ দিয়েছেন। পরের বছর বিশ্ব চ্যাম্পয়নশিপ, এশিয়ান গেমসের মতো কঠিন প্রতিযোগিতার প্রস্তুতি সারতে হবে।”

    আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের আগে ২টি ওয়ার্ম আপ খেলবে ভারত, কবে কার বিরুদ্ধে ম্যাচ?

    ৮৮.৪৪ মিটার বর্শা ছুড়ে ডায়মন্ড লিগে ট্রফি জিতেছেন নীরজ। এবছর সাতবার তিনি ৮৬ মিটারের উপর জ্যাভলিন ছুড়েছেন। কিন্তু ৯০ মিটার আজও অধরা। এই প্রসঙ্গে নীরজ বলেছেন, “স্টকহোমে ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার পর্যন্ত স্কোর করেছিলাম। তা সত্ত্বও দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। ৯০ মিটার ম্যাজিক্যাল নম্বর পার করা অবশ্যই আমার লক্ষ্য। তবে সেটা করেও যদি পদক জিততে না পারি, তাহলে তার কোনও গুরুত্ব থাকবে না। তাই পদক জেতাই আমার মূল লক্ষ্য, পাশাপাশি আমি বেশি স্কার করার চেষ্টা চালিয়ে যাব।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Netaji: নেতাজির জীবন কাহিনী ফুটিয়ে তুলল ২৫০টি ড্রোন

    Netaji: নেতাজির জীবন কাহিনী ফুটিয়ে তুলল ২৫০টি ড্রোন

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির আকাশে ২৫০ টি ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তোলা হল ভারতের বীর, স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী। শুক্রবার, সেন্ট্রাল ভিস্তার স্কাইলাইনে সন্ধ্যা নেমে আসার সঙ্গে সঙ্গেই একদল প্রযুক্তিবিদ ব্যস্ত হয়ে পড়েন নিজেদের কাজে। ইন্ডিয়া গেটের কাছে একত্রিত ২৫০টি ড্রোনকে একটি পাওয়ার গ্রিডে সংযোগ করার চেষ্টা করছিলেন তাঁরা। তাঁদের সফল চেষ্টার পর রাত সাড়ে আটটা নাগাদ শুরু হয় বহু প্রতিক্ষীত ড্রোন শো।

    প্রযুক্তি নির্ভর আধুনিক ভারতে ড্রোন শো-য়ের মাধ্যমে দেখানো হয় নেতাজির ছোট থেকে বড় হওয়া, স্বাধীনতা আন্দোলনে তাঁর যোগদান, সুভাষ থেকে নেতাজি হয়ে ওঠার নানান কাহিনী। সবশেষ দেখান হয়, কালো গ্র্যানাইট পাথরে তৈরি নেতাজির ২৮ ফুট উচ্চতার মূর্তি। নেতাজির স্মৃতিতে এই মূর্তি নির্মান করে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার এই মূর্তি উন্মোচন করেন।

    আরও পড়ুন: সীমান্তে শান্তি কাম্য! আজ লাদাখে সেনাপ্রধান, গোগরা-হটস্প্রিং থেকে সরছে ভারত ও চিনের সেনা

    শুক্রবারের অনুষ্ঠান দেখতে সমবেত হয়েছিলেন বহু মানুষ। ২৫০টি ড্রোন বিভিন্ন সময়ে আকাশে উড়ে আটটি আলাদ গঠন তৈরি করে মানুষের মনোরঞ্জন করে। একই সঙ্গে স্মরণ করা হয় দেশের বীর যোদ্ধাকে। সবচেয়ে বড় নেতাকে। যাঁকে নেতাজি নাম দিয়েছিল ভারতবাসী। দশ মিনিট ধরে ড্রোন শোটি চলে।

    এই ড্রোন শো যাঁরা পরিচালনা করেন,  সেই একই দল বছরের শুরুর দিকে বিজয় চকের উপরে বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানে ১০০০ ড্রোন শো পরিচালনা করেছিল। অভিনব এই শো ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন অনেকে। কেউ কেউ আবার লনে শুয়ে পড়ে উপর দিকে তাকিয়ে শুধুই অনুভব করছিলেন নেতাজির লড়াই। অনেকে ফোনে রেকর্ড করছিলেন এই ঐতিহাসিক মুহূর্ত।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Modi on Netaji: ‘নেতাজির আদর্শ অনুসরণ করলে আজ ভারত কোথায় পৌঁছে যেত…’, বললেন মোদি

    Modi on Netaji: ‘নেতাজির আদর্শ অনুসরণ করলে আজ ভারত কোথায় পৌঁছে যেত…’, বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেল। কিন্তু স্বাধীন ভারতে সেইভাবে মর্যাদা পেলেন না নেতাজি সুভাষ চন্দ্র বসু (Netaji Subhash Chandra Bose)। তাঁর আদর্শে চললে আজ ভারত হয়ত বা ‘জগৎ সভায় শ্রেষ্ঠ আসন’ লাভ করত। দিল্লিতে ইন্ডিয়া গেটের কাছে ২৮ ফুট লম্বা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উদ্বোধন করে নিজের আক্ষেপ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)।

    এদিন নেতাজির মূর্তি উদ্বোধনের পর ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন মোদি। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পরবর্তী সরকার নেতাজিকে সম্মান দেয়নি। মোদি বলেন, ‘‘আজ, ইন্ডিয়া গেটে জাতীয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর এই সুবিশাল মূর্তি প্রতিষ্ঠিত হল। এটি শক্তিশালী ভারতের প্রতীক। আগে এখানে ব্রিটিশ শাসকদের তৈরি বিভিন্ন মূর্তি ছিল।’’ এরপরই আক্ষেপের সুরে প্রধানমন্ত্রী বলেন, ‘‘যদি স্বাধীনতার পর ভারত সুভাষবাবুর প্রদর্শিত পথে চলত, তাহলে দেশ আজ কোথায় পৌঁছে যেত। কিন্তু, দূর্ভাগ্যজনক ভাবে, স্বাধীনতার পরই আমরা আমাদের এই মহান নেতাকে ভুলে গেলাম! তাঁর দেখানো পথ, এমনকি তাঁর সঙ্গে সম্পর্কিত চিহ্নকেও উপেক্ষা করা হল।’’

    লালকেল্লায় তেরঙ্গা পতাকা উত্তোলনের কথা স্মরণ করে মোদি বলেন, ‘‘নেতাজি স্বপ্ন দেখেছিলেন লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের। আমি ব্যক্তিগত ভাবে সেই অভিজ্ঞতার অংশীদার। আমি ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে লালকেল্লায় তেরঙ্গা পতাকা উত্তোলনের সৌভাগ্য অর্জন করেছি। আমি ভাগ্যবান নেতাজির এই মূর্তি উন্মোচন করতে পেরেছি।’’

    আরও পড়ুন: “দারুণ কাজ করছেন”, মোদির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

    ২৮০ মেট্রিক টনের ওই মূর্তি একটি গ্রানাইট শিলাকেই কেটে তৈরি করা হয়েছে। যে শ্রমিকরা ওই মূর্তি তৈরিতে হাত লাগিয়েছেন তাদের সঙ্গে এদিন কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁদেরকে ধন্যবাদ জানান মোদি। ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও আমন্ত্রণ জানান।

    এদিন মোদি রাজপথ অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে কর্তব্য পথ নামকরণ করেন। এই নাম পরিবর্তনও যে ভারতের আত্মনির্ভরতার অঙ্গ বলে দাবি করেন প্রধানমন্ত্রী। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Durga Puja: কৈলাস থেকে এবার দেবী দুর্গা মর্ত্যে আসছেন কীসে? গমনই বা হচ্ছে কীভাবে? জানুন

    Durga Puja: কৈলাস থেকে এবার দেবী দুর্গা মর্ত্যে আসছেন কীসে? গমনই বা হচ্ছে কীভাবে? জানুন

    মাধ্যম নিউজ ডেস্ক: “দুষ্টের দমন আর শিষ্টের পালন”, এই মন্ত্র নিয়েই  আশ্বিনের শারদ প্রাতে মা দুর্গা (Durga Puja) মর্ত্যে আসেন। বছরে এই চারটে দিন ঘরের মেয়ে উমা হয়ে বাঙালির জীবনে থাকেন দেবী মহিষাসুরমর্দিনী। তবে কৈলাস থেকে কীসে করে দেবী এবার মর্ত্যে আসছেন? এ প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মনে করা হয়, দেবী কীসে চড়ে আসবেন আর কীসে চড়ে মহাদেবের কাছে ফিরে যাবেন তার উপর বছরের ভাল-মন্দ নির্ভর করে। পঞ্জিকা মতে, মনে করা হয়, দেবী কীসে আসছেন, আর কীসে যাচ্ছেন, তার ওপর নির্ভর করে বাংলার পরিবেশ, প্রকৃতি, সময়কাল।

    আরও পড়ুন: এই রাজাই বাংলাতে প্রথম দুর্গাপুজো শুরু করেছিলেন! জানেন তিনি কে?

    দুর্গার আগমন ও প্রস্থানের বাহন ও তার ফলাফল নিয়ে বাঙালি সমাজে বহু কথা প্রচলিত রয়েছে। দেবী দুর্গা ও তাঁর পুত্র-কন্যার নিজস্ব বাহন থাকলেও আগমন ও প্রস্থানের বাহনের কথা আলাদা করে পঞ্জিকায় উল্লেখ করা থাকে। হিন্দুশাস্ত্র অনুযায়ী, সপ্তমীতে দেবীর আগমন হয়, আর গমন দশমীতে। এই দুই দিন সপ্তাহের কোন কোন বারে পড়ছে, তার উপরেই নির্ভর করে দেবীর কীসে আগমন ও কীসে গমন। শাস্ত্রে বলা আছে অর্থাত্‍ সপ্তমী রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি। সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন ঘোটক বা ঘোড়া। সপ্তমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন দোলা বা পালকি। সপ্তমী বুধবার হলে দেবীর বাহন নৌকা। একই ভাবে, দশমী রবি বা সোমবার হলে দেবীর বাহন গজ। দশমী শনি বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে। দশমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে। আর দশমী বুধবার হলে দেবীর নৌকায় করে কৈলাসে ফিরবেন দেবী। 

    আরও পড়ুন: মহা ষষ্ঠীতে পূজিতা হন দেবী কাত্যায়নী! জানেন ঋষি কাত্যায়ন কন্যার ‘মহিষাসুরমর্দিনী’ হয়ে ওঠার কাহিনী?

    এবছর সপ্তমী পড়েছে ২ অক্টোবর অর্থাৎ রবিবার। তাই দুর্গার আগমন গজ অর্থাত্‍ হাতিতে। শাস্ত্রমতে গজ দেবীর উৎকৃষ্টতম বাহন। এতে ভালই হবে। শস্যপূর্ণ হবে এই বসুন্ধরা। এবছর বিজয়া দশমী পড়েছে বুধবার, ৫ অক্টোবর। মা দুর্গা পুত্র-কন্যা সহ স্বামীর কাছে ফিরবেন নৌকায় চেপে। দেবী দুর্গার নৌকায় ফেরার অর্থ প্লাবনের আশঙ্কা। অর্থাৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হতে পারে এবং বন্যা হতে পারে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Gold Price India, Sept 7: পুজোর আগে কমল সোনার দাম, কেন জানেন?

    Gold Price India, Sept 7: পুজোর আগে কমল সোনার দাম, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর আগে সাজতে পারেন সোনার গয়নায় (Gold)। দেশে দাম পড়ল (Gold Price) সোনার। বুধবার ২২ ক্যারট সোনার ১০ গ্রামে ৫০০ টাকা দাম কমেছে। মুম্বইয়ে এদিন  ১০ গ্রাম ২২ ক্যারট সোনার দাম এদিন ছিল ৪৬ হাজার ৪০০ টাকা। প্রতি ১০ গ্রামে দাম ৫০০ টাকা কম ছিল। চেন্নাইয়ে দাম ছিল ৪৬ হাজার ৯৫০ টাকা। দিল্লিতে ছিল ৪৬ হাজার ৫৫০টাকা। ২৪ ক্যারট সোনার দাম ১০ গ্রাম প্রতি কমেছে ৫৪০ টাকা। এদিন ২৪ ক্যারট সোনার দাম ছিল ৫০ হাজার ৬২০টাকা। তবে দাম কম হলেও সোনা কিনতে গেলে এর উপরে আপনাকে দিতে হবে জিএসটি। তাই দোকানে গয়না কেনার সময় দাম একটু বাড়লে অবাক হবেন না।

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় কলকাতায় রেকর্ড দাম বেড়েছিল সোনার। ২২ ক্যারট, ২৪ ক্যারট এবং ২২ ক্যারট হলমার্কযুক্ত সোনার দামে বদল এসেছিল। রেকর্ড ৫২ হাজার টাকা ছাপিয়ে ৫৪ হাজার টাকায় পৌঁছে গিয়েছিল দর। কিন্তু, বর্তমানে সেই দাম নিয়ন্ত্রণে এসেছে। তবে ওঠাপড়া আছে।

    আরও পড়ুন: খাদ্য ব্যবসার সঙ্গে যুক্ত ১৫টি সংস্থার লাইসেন্স বাতিল করল কেন্দ্র, কেন জানেন? 

    এদিন দেশের বাজারে সোনার দাম কম হওয়ার পেছনে বিশেষজ্ঞদের নানা মত রয়েছে। তাঁদের মতে সোনার দাম কম হওয়ার পেছনে মার্কিন ডলারের সঙ্গে টাকার ফারাক হয়েছে। সোনাকে নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। চাহিদার থেকে জোগান বেশি হলে স্বাভাবিকভাবেই কমে হলুদ ধাতুর দাম। দেশীয় অর্থনীতির উন্নতি ঘটায় বিনিয়োগকারীরা উচ্ছ্বসিত এবং তারা আবারও তাদের অর্থ ইক্যুইটির মতো ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ করছে যা অনেক বেশি লাভজনক। ফলে এটা বলা যেতেই পারে যে বিনিয়োগকারীরা সোনা এবং সরকারি বন্ডে তাদের বিনিয়োগ কম করছে এবং বিনিয়োগের জন্য অন্যান্য বিকল্পগুলিকে বেছে নিচ্ছে। তাই সোনা কেনার জন্য বাজারে হাহাকার পড়ছে না। হলুদ ধাতুর জোগান ঠিক থাকছে। তাই মধ্যবিত্তের নাগালে আসছে সোনার দাম।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Asia Cup 2022: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত দল, দাবি রোহিতের! এশিয়া কাপে কার্যত বিদায় ভারতের

    Asia Cup 2022: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত দল, দাবি রোহিতের! এশিয়া কাপে কার্যত বিদায় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রুপ পর্বে ভাল শুরু করেও সুপার ফোরে ব্যাক-টু ব্যাক হারে এশিয়া কাপ থেকে কার্যত বিদায় নিশ্চিত ভারতের। তবু দল সম্পর্কে আশাবাদী ভারত অধিনায়ক রোহিত শর্মা। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অক্টোবরেই অস্ট্রেলিয়ায় শুরু হওয়া বিশ্বযুদ্ধে এই দল নিয়ে ভারত কী পারবে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে? অধিনায়ক রোহিত জানালেন তিনি উদ্বিগ্ন নন।  রোহিত বলেন,”দুই ম্যাচে হেরে যাওয়া নিয়ে উদ্বিগ্ন নই আমরা। ওটা একটা অন্য সিরিজ। লড়াইটা শুরু হবে শূন্য থেকে।” তাঁর কথায়, “গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অনেক ম্যাচ জিতেছি। আমরা এখন ৯০ ভাগ সেট হওয়া দল। হয়তো কিছু পরিবর্তন আসবে। কিন্তু এই দলটা খুবই উন্নত।” 

    দলের উপর ভরসা থাকলেও শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মোক্ষম সময়ে রান করতে না পারাকেই দুষলেন ভারত অধিনায়ক। টানা দ্বিতীয় ম্যাচ হারের পর রোহিত শর্মা বলেছেন,”আসলে আমরা ব্যাট হাতে ইনিংস ঠিক জায়গায় শেষ করতে পারিনি। দুটো ইনিংসেই আমাদের ১০-১২ রান কম ছিল।” ভারতের স্কোরবোর্ডে আরও রান দরকার ছিল বলে মনে করেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপরাও। 

    ভারতের পরাজয়ে হতাশ ভেঙ্কটেশ প্রসাদ। ট্যুইটবার্তায় প্রসাদ জানান, এই হার থেকে শিক্ষা নিতে হবে। দলের অনেকগুলো দুর্বল জায়গা রয়েছে। তা ঠিক করা প্রয়োজন। নতুবা সামনে সমস্যায় পড়তে হবে।

    এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। রোহিত শর্মার ৭২ এবং সূর্যকুমারের ৩৪ রানে ভর করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৩ রান তোলে। রান পেলেন না কোহলি (virat kohli)। মিডল অর্ডার ভরসা দিতে ব্যর্থ। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দ্বীপরাষ্ট্র। এদিনও শেষের দিকে অতিরিক্ত রান দিলেন ভুবনেশ্বর কুমার। মিস ফিল্ডিং, গুরুত্বপূর্ণ সময়ে ওয়াইড বল, নানা ছোট ছোট ভুলে ম্যাচ হাতের বাইরে চলে গেল। শেষ ওভারে পঞ্চম বলে রান আউট মিস করলেন পন্থ। 

    আরও পড়ুন: বাজিমাত বাংলার! ভারতীয় ফুটবল ও ক্রিকেটের মসনদে দুই বাঙালির দাপট

    এশিয়া কাপ থেকে ভারতের বিদায় কার্যত নিশ্চিতই হয়ে গেছে! এখন ফাইনাল খেলার সম্ভাবনা তাদের নিজেদের হাতে নেই। বাকি ম্যাচের ফলাফলের ওপর তাকিয়ে থাকতে হবে। পাকিস্তান যদি আফগানিস্তানের কাছে হারে, আর শ্রীলঙ্কা যদি পাকিস্তানের বিপক্ষে জেতে তবেই সম্ভাবনা থাকবে ভারতের ফাইনালে খেলার। এজন্য অবশ্য ভারতকে জিততে হবে আফগানিস্তানের বিপক্ষে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • G20 Summit: আগামী বছর ভারতে হতে চলেছে জি-২০ বৈঠক

    G20 Summit: আগামী বছর ভারতে হতে চলেছে জি-২০ বৈঠক

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে বসতে চলেছে জি-২০ (G20 Summit) বৈঠকের আসর। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। সূত্রের খবর, ২০২৩ সালের অর্থাৎ আগামী বছর ৯ এবং ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন আয়োজন করা হবে। এদিন বিদেশ মন্ত্রকের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ভারত এক বছরে সারা দেশে ২০০ টিরও বেশি জি-২০ বৈঠকের আয়োজন করবে । প্রসঙ্গত, চলতি বছরের নভেম্বর মাসে ইন্দোনেশিয়া বসতে চলেছে জি-২০ গোষ্ঠীর দেশগুলির শীর্ষ সম্মেলন।

    আরও পড়ুন: ‘‘রাজ্যটাকে উত্তর কোরিয়া বানিয়ে দিয়েছেন ‘লেডি কিম’…’’, মমতাকে আক্রমণ শুভেন্দুর

    ১৯৯৯ সালে জি-২০ রাষ্ট্রগোষ্ঠীর গঠন করা হয়। বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতির ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন (EU) এই গোষ্ঠীর সদস্য। গোটা বিশ্বের জিডিপির ৮০ শতাংশেরও বেশি এবং বিশ্ব বাণিজ্যের ৭৫ শতাংশ নিয়ন্ত্রণ করে  জি-২০ গোষ্ঠী। বিশ্বের জনসংখ্যার ৬০ শতাংশ এই গোষ্ঠীর সদস্য দেশগুলির নাগরিক। প্রথম থেকেই ভারত এই শক্তিশালী অর্থনৈতিক গোষ্ঠীর সদস্য। বিদেশ মন্ত্রক আগেই জানিয়েছিল, ২০২২ সালের ১ ডিসেম্বর থেকেই ভারত এই গোষ্ঠীর সভাপতিত্ব করবে এবং ২০২৩ সালে প্রথমবারের মতো জি-২০ রাষ্ট্রনেতাদের শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। ২০২৩ সালের নভেম্বর মাস পর্যন্ত ভারত এই গোষ্ঠীর সভাপতিত্ব করবে। এই সময় ভারতে জি-২০গোষ্ঠীর ২০০টিরও বেশি বৈঠক হবে দেশের নানা প্রান্তে। তামিলনাড়ু থেকে জম্মু-কাশ্মীর নানা জায়গায় বৈঠকে বসবেন রাষ্ট্রনেতারা। 

    আরও পড়ুন: গোগরা-হটস্প্রিং থেকে সরল দুদেশের জওয়ান! চিন-সীমান্তে প্রস্তুত ভারত, বললেন পূর্বাঞ্চলীয় সেনাপ্রধান

     জি-২০ গোষ্ঠীর মধ্যে রয়েছে,আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। অতিথি দেশ হিসেবে রয়েছে বাংলাদেশ, মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন এবং সংযুক্ত আরব আমিরশাহি, পাশাপাশি আইএসএ (ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স), সিডিআরআই (কোয়ালিশন ফর ডিজাস্টার রেসিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার) এবং এডিবি (এশীয় উন্নয়ন ব্যাংক)। স্পেন এই জোটের স্থায়ী আমন্ত্রিত অতিথি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Mukul Rohatgi: ফের একবার! অ্যান্টর্নি জেনারেল হচ্ছেন মুকুল রোহতাগি

    Mukul Rohatgi: ফের একবার! অ্যান্টর্নি জেনারেল হচ্ছেন মুকুল রোহতাগি

    মাধ্যম নিউজ ডেস্ক: আবার দেশের সরকারি আইনজীবীর ভূমিকায় দেখা যাবে মুকুল রোহতাগিকে (Mukul Rohatgi)।  আগামী ১ অক্টোবর তিনি ভারতের সরকারি আইনজীবী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে অনুরোধ পাওয়ার পরেই তিনি এই দায়িত্ব নিতে সম্মত হন। ২০১৪-১৭ সালে বিজেপি শাসিত এনডিএ সরকারের আইনজীবীর ভূমিকায় ছিলেন মুকুল রোহতাগি।

    আগামী ৩০ সেপ্টেম্বর ভারতের অ্যাটর্নি জেনারেল পদে মেয়াদ শেষ হচ্ছে কেকে বেণুগোপালের। প্রধানমন্ত্রীর দফতর সূত্রের খবর, এবার অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হতে পারেন রোহতাগি। বেণুগোপাল সরকারকে আগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর অ্যাটর্নি জেনারেল পদে থাকতে চান না। বেণুগোপাল ২০১৭ সালের জুলাই মাসে তিন বছরের জন্য ভারতের ১৫ তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। চলতি বছরের জুলাই মাসে তাঁর তিন বছরের মেয়াদ শেষ হয়। তাঁর বয়স ৯১ বছর। বয়সের জন্য তাঁকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করেছিলেন বেণুগোপাল। 

    আরও পড়ুন: গোগরা-হটস্প্রিং থেকে সরল সেনা! পূর্ব সীমান্তে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি ভারত বললেন লেফটেন্যান্ট জেনারেল কলিতা

    রোহতাগি দ্বিতীয়বারের জন্য ভারতের অ্যাটর্নি জেনারেল পদে বসবেন। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পরই সরকারের শীর্ষ আইনজীবী হিসেবে নিযুক্ত হন। তিনি এর আগে অতীতে অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে অব্য়াহতি নেওয়ার পরও ৩৭০ ধারা অবরোধ সহ একাধিক সংবেদনশীল ইস্যুতে তাঁর সঙ্গে আলোচনা করেছিল সরকার। মাদককাণ্ডে শাহরুখ খানের পুত্র আরিয়ানের হয়ে সওয়াল জবাব করেছিলেন মুকুল রোহতাগি। আরিয়ান ওই মামলায় নির্দোষ প্রমাণিত হয়। সরকারের শীর্ষ আইনজীবী হিসেবে আবারও দেখা যেতে চলেছে দীর্ঘদিনের অভিজ্ঞ এই আইনজীবীকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share