Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Nirmala Sitharaman: চাল, ডাল, আটা, গম খোলা কিনলে বাড়তি জিএসটি লাগু হবে না! ট্যুইট করে ব্যাখ্যা অর্থমন্ত্রীর

    Nirmala Sitharaman: চাল, ডাল, আটা, গম খোলা কিনলে বাড়তি জিএসটি লাগু হবে না! ট্যুইট করে ব্যাখ্যা অর্থমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার থেকে দামি হয়েছে আটা, পনির, দইয়ের মতো বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস। লেবেল লাগানো প্যাকেটজাত খাবারের উপর বসেছে পাঁচ শতাংশ পণ্য পরিষেবা কর (GST)। কিন্তু নিত্যপ্রয়োজনীয় পণ্য চাল, ডাল, গম, আটা, ওটস যদি খোলা বিক্রি করা হয় তাহলে তাতে জিএসটি লাগবে না বলে ট্যুইটবার্তায় স্পষ্ট জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Finance Minister) নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।  

    জিএসটি থেকে যে পণ্যগুলো ছাড় পাচ্ছে, তার তালিকা প্রকাশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, এই তালিকার বেশিরভাগ খাদ্যবস্তুই বিনা প্যাকেটে বা খোলা বিক্রি করা হয়। অর্থাৎ, এই জাতীয় পণ্য বিক্রির আগে বা পড়ে প্যাকেটজাত করা হয় না। এই নির্দিষ্ট পণ্যগুলো খোলা বিক্রি হলে, তাতে জিএসটি লাগু হবে না, বলেই সীতারামন জানিয়েছেন।

    [tw]


    [/tw]

    তালিকায় আছে, ডাল, গম, ওটস, ভুট্টা, চাল, আটা, ময়দা, সুজি, রাই, বেসন, দই এবং লস্যির মত কিছু খাদ্যদ্রব্য। জুন মাসে বেশ কিছু পণ্য এবং পরিষেবার উপর কর চাপানোর সিদ্ধান্ত নেয় জিএসটি কাউন্সিল। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং রাজ্যের অর্থমন্ত্রীরা। চলতি সপ্তাহ থেকে সেই বর্ধিত জিএসটি লাগু হয়েছে। এরপরই জিএসটির হার এবং মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয় লোকসভার বাদল অধিবেশন। তারই প্রেক্ষিতে ধারাবাহিক ১৪টি ট্যুইট করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ট্যুইটে সীতারামন খাদ্যদ্রব্যের ওপর ৫ শতাংশ জিএসটি বৃদ্ধির পক্ষে সওয়াল করেছেন। জানিয়েছেন, এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত তাঁর একার নয়। জিএসটি কাউন্সিলই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গতমাসে, ২৮ জুন মন্ত্রিগোষ্ঠী যখন দাম বৃদ্ধির প্রস্তাব দেয়, জিএসটি কাউন্সিলের বৈঠকে সব রাজ্যের প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন সেখানে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

    আরও পড়ুন: আইএনএস বিক্রমাদিত্যে আগুন! তদন্তের জন্য বোর্ড গঠনের নির্দেশ

    বিরোধীদের ক্ষোভের কারণ উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘এই প্রথমবার এই জাতীয় খাদ্য সামগ্রীর ওপর কর দেওয়া হচ্ছে না। প্রি-জিএসটি আমলে রাজ্যগুলো খাদ্যশস্য থেকে উল্লেখযোগ্য রাজস্ব সংগ্রহ করছিল।’ সীতারামন জানান, যখন জিএসটি চালু হয়েছিল, তখন ব্র্যান্ডেড ডাল, ময়দার ওপর ৫ শতাংশ জিএসটি বসেছিল। পরবর্তীতে এই ধরনের পণ্যের জিএসটির হার কেবল সংশোধিত হয়েছে।’ সীতারামনের দাবি, খাদ্যপণ্যে জিএসটি ছাড়ের সুযোগ নিয়েছে বড় ব্যবসায়ীরা। তাই সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

  • Har Ghar Tiranga: তিন দিন ধরে ২০ কোটি বাড়িতে উড়বে জাতীয় পতাকা ! কেন্দ্রের নয়া প্রচার ‘হর ঘর তেরঙ্গা’

    Har Ghar Tiranga: তিন দিন ধরে ২০ কোটি বাড়িতে উড়বে জাতীয় পতাকা ! কেন্দ্রের নয়া প্রচার ‘হর ঘর তেরঙ্গা’

    মাধ্য়ম নিউজ ডেস্ক: শুরু হচ্ছে কেন্দ্রীয় সরকারের (central government) ‘হর ঘর তিরঙ্গা’ (Har Ghar Tiranga) অভিযান। আগামী মাসে তিনদিনের জন্য সারা দেশে ২০ কোটিরও বেশি বাড়িতে তেরঙ্গা উত্তোলন করা হবে। আজাদি কি অমৃত মহোৎসবের (Azadi Ka Amrit Mahotsav) অঙ্গ হিসাবে এই কর্মসূচি নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah ) এই প্রচার কর্মসূচির ব্যাপারে পর্যালোচনা করেছেন। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রশাসিত অঞ্চলের পদাধিকারীদের সঙ্গে তিনি এ নিয়ে আলোচনা করেন। এই কর্মসূচির অঙ্গ হিসাবে ১৩ অগস্ট থেকে ১৫ অগস্ট পর্যন্ত তিরঙ্গা পতাকা ওড়ানো হবে। বিভিন্ন সংগঠনও এই কর্মসূচিতে অংশ নেবে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলিও এর অন্তর্ভুক্ত। এমনটাই বলা হয়েছে বিবৃতিতে।

    বিবৃতি অনুযায়ী, এদিন ১০০ কোটিরও বেশি মানুষ ভারত মাতার সেবায় নিজেদের উৎসর্গ করার প্রচারে অংশ নেবেন। এটি মানুষের মধ্যে দেশপ্রেমের একটি নতুন বোধ জাগিয়ে তুলবে। বিবৃতি অনুসারে অমিত শাহ বলেন, ২২ শে জুলাই থেকে সমস্ত রাজ্য সরকারের ওয়েবসাইটের হোমপেজে জাতীয় পতাকা থাকবে। এছাড়া নাগরিকদের প্রতি তাঁর আর্জি সবাই যেন তাঁদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্যুইটার এবং অন্যান্য সামাজিক মিডিয়া অ্যাকাউন্টগুলিতে তেরঙ্গা প্রদর্শন করেন। এমনকি তেরঙ্গার সঙ্গে একটি সেলফি তুলে সংস্কৃতি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করার কথাও বলেন তিনি।

    আরও পড়ুন: আপনার আধার কার্ড দিয়ে অন্য কেউ সিম তোলেনি তো? আজই জেনে নিন

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্যভাবে আজাদি কি অমৃত মহোৎসবকে পালন করতে চাইছেন। ‘আজাদি কা অমৃত মহোৎসব’ প্রতিটি নাগরিকের জন্য গর্বের বিষয়। ‘হর ঘর তিরঙ্গা’ প্রচার দেশপ্রেমের চেতনাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাবে, বলে স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি। মহাত্মা গান্ধীর নেতৃত্বে দেশের স্বাধীনতা সংগ্রামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ছিল ‘প্রভাত ফেরি’। তাই রাজনৈতিক দল, সরকারি প্রতিষ্ঠান, এনজিও এবং সমবায়গুলিকে নিজেদের অঞ্চলে প্রভাত ফেরির আয়োজন করতে বলা হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে যখন শিশু, বৃদ্ধ, যুবক এবং কিশোররা একসঙ্গে ভারত মাতার গান গাইবে এবং তেরঙ্গা হাতে নিয়ে ‘প্রভাত ফেরি’ তে অংশ নেবে, তখন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি নিজে থেকেই সফল হয়ে যাবে।

     

  • Prophet Row: জেলেই জুবের! ১৪ দিনের জেল হেফাজত অল্ট-নিউজের সহ-কর্ণধারের

    Prophet Row: জেলেই জুবের! ১৪ দিনের জেল হেফাজত অল্ট-নিউজের সহ-কর্ণধারের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিপদ কাটল না অল্ট-নিউজের সহ-কর্ণধার মহম্মদ জুবেরের (Mohammed Zubair)। লখিমপুর খেরির স্থানীয় আদালত (Lakhimpur Kheri court) সোমবার জুবেরকে ১৪ দিনের জেল হেফাজতের (14-day judicial custody) নির্দেশ দেয়। গত বছর দুই গোষ্ঠীর মধ্যে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল লখিমপুরে। বর্তমানে জুবেরের ঠিকানা সীতাপুর জেল। এদিন, জেল থেকেই ভিডিও কনফারেন্সে শুনানিতে যোগ দেন জুবের।

    আরও পড়ুন: উদয়পুর-কাণ্ডে মুসলিমরাও স্বতঃস্ফূর্ত প্রতিবাদে সামিল হোন! আর্জি আরএসএসের

    সোমবার আদালতে পুলিশের তরফে জিজ্ঞাসাবাদের জন্য জুবেরকে ১৪ দিনের পুলিশ হেফাজতে চাওয়া হয়। কিন্তু বিচারক রুচিরা শ্রীবাস্তব ভিডিও কনফারেন্সে শুনানিতে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ১৩ জুলাই পুলিশ হেফাজতের আবেদন শুনবে আদালত। ততদিন জেলেই থাকতে হবে জুবেরকে। পুলিশ সুপার সঞ্জীব সুমন জানিয়েছেন, সুপ্রিম কোর্টে শুনানির জন্য জুবেরকে মঙ্গলবার দিল্লি নিয়ে যাওয়া হবে জুবেরকে। একটি মামলায় উত্তরপ্রদেশ হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জুবের। শীর্ষ আদালতে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চে সেই মামলার শুনানি হবে।

    আরও পড়ুন: নতুন সংসদ ভবনের মাথায় ২০ ফুটের অশোক স্তম্ভ, উন্মোচন করলেন মোদি 

    প্রসঙ্গত, নুপূর শর্মার বিতর্কিত মন্তব্যের ভিডিয়ো ফাঁস করার নেপথ্যে মহম্মদ জুবেইরের নাম উঠে আসে। পুলিশ জানিয়েছে, আশিস কুমার কাটিয়ার নামে স্থানীয় এক সাংবাদিক গত বছর ১৮ সেপ্টেম্বর মহম্মাদি থানায় জুবেরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কাটিয়ারের দাবি ছিল, সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করতে জুবেরের অল্ট নিউজ ভুয়ো খবর পরিবেশন করে। প্রথমে পুলিশ কাটিয়ারের অভিযোগকে গুরুত্ব না দেওয়ায় পরে আদালতের দ্বারস্থ হন তিনি। এর পর আদালতের নির্দেশে জুবেরের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ধারায় এফআইআর দায়ের হয়। উল্লেখ্য, গত ৮ জুলাই সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে জুবেরকে ৫ দিনের অন্তর্বর্তী জামিন দেয়। কিন্তু তা-ও জেলমুক্তি হয়নি তাঁর। তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে আনছে পুলিশ।

  • Lal Bazar Attack: শ্রীনগরে হামলার দায় নিল আইএস! জঙ্গিদের নিশানায় নিরাপত্তারক্ষীরা

    Lal Bazar Attack: শ্রীনগরে হামলার দায় নিল আইএস! জঙ্গিদের নিশানায় নিরাপত্তারক্ষীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীনগরের লালবাজার এলাকায় পুলিশের উপর হামলার ঘটনার দায় স্বীকার করল ইসলামিক স্টেট ( Islamic State) হিন্দ প্রভিন্স। মঙ্গলবার সন্ধ্যায় ফের জঙ্গি হামলার সাক্ষী থেকেছে উপত্যকাবাসী। শ্রীনগরের (Srinagar) লাল বাজারে (Lal Bazar) জি ডি গোয়েঙ্কা স্কুলের (G D Goenka School) বাইরে নাকা তল্লাশির দায়িত্বে থাকা পুলিশের উপরে অতর্কিতে আক্রমণ চালায় জঙ্গিরা (Terrorist)। ওই হামলায় মুস্তাক আহমেদ (Mustaque Ahamed) নামে পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (ASI) প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন আরও দুই পুলিশ কর্মী। হত্যালীলা চালিয়ে নিরাপদেই চম্পট দিয়েছে জঙ্গিরা।

    বুধবার ওই হামলার দায় নিয়ে, আক্রমণের ভিডিও প্রকাশ করে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন। ভিডিওয় দাবি করা হয়েছে, লুকিয়ে পুলিশের উপর এই আক্রমণ চালানো হয়েছে। আক্রমণের পর পুলিশের একটি একে ৪৭ রাইফেলও ছিনিয়ে নিয়েছে তারা। উপত্যকায় ক্রমে পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনা বাড়ছে। গত জানুয়ারি মাস থেকে এ নিয়ে ১১জন পুলিশকর্মী জঙ্গিদের গুলির শিকার হয়েছেন। পুলিশ সূত্রে খবর, ৬ জন সেনা, ৫ জন আধাসেনা-সহ নিরাপত্তা বাহিনীর মোট ২২ জন সদস্যের মৃত্যু হয়েছে। গত বছর উপত্যকায় নিরাপত্তা বাহিনীর ৪২ জন সদস্য নিহত হন। 

    আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে জামাত অনুমোদিত স্কুল বন্ধ করল সরকার, কেন জানেন?

    উল্লেখ্য,জম্মু-কাশ্মীর (Jammu-Kashmir) নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি রিপোর্টকে কেন্দ্র করে উদ্বেগ বেড়েছে। এই রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে উপত্যকায় ১৪১ জন জঙ্গি সক্রিয় রয়েছে। এরই মধ্যে উপত্যকা ফের একবার অশান্ত হওয়ার ঘটনায় রীতিমতো চিন্তা বাড়ছে। এই মুহূর্তে কাশ্মীরে সুরক্ষা অনেক জোরদার করা হয়েছে। তারই মধ্যে এই আক্রমণ রীতিমতো উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট বলছে, চলতি বছরের জুন মাস পর্যন্ত ৬৯ জন কাশ্মীরি তরুণকে জঙ্গি সংগঠন নিযুক্ত করেছে। এই সংগঠনটি পাক মদতপুষ্ট। লস্কর, জইশের পাশাপাশি হিজবুল মুজাহিদিন ও রেজিস্ট্যান্ট ফ্রন্টও উপত্যকায় বড়সড় নাশকতার ছক কষছে বলে কিছুদিন আগে প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রকের এক রিপোর্টে দাবি করা হয়।

  • National Emblem :  সারনাথের স্তম্ভের সঙ্গে নয়া স্তম্ভের মিল ৯৯ শতাংশ! পার্থক্য সামান্য, দাবি নির্মাণশিল্পীদের

    National Emblem : সারনাথের স্তম্ভের সঙ্গে নয়া স্তম্ভের মিল ৯৯ শতাংশ! পার্থক্য সামান্য, দাবি নির্মাণশিল্পীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সারনাথের স্তম্ভটির সঙ্গে নতুন অশোক স্তম্ভের ৯৯ শতাংশ মিল রয়েছে, দাবি নির্মাণশিল্পীদের। নয়া স্তম্ভ পুরনো স্তম্ভের থেকে আলাদা নয়, যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন শিল্পী। সোমবার নতুন সংসদ ভবনের (Parliament Building) অশোকস্তম্ভের (Ashok Stambh) আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এরপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। অতিকায় ব্রোঞ্জ নির্মিত স্তম্ভের সিংহগুলিকে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। এ প্রসঙ্গে স্তম্ভের নির্মাণশিল্পীরা দাবি করলেন, মূল সমস্যাটা তৈরি হচ্ছে স্তম্ভটির এত বড় আকারের কারণেই। এর বিশালাকৃতির জন্যই ছোট ছোট ডিটেইলস চোখে পড়ছে। আর তাই মনে হচ্ছে এটা সারনাথের স্তম্ভটির থেকে আলাদা। অনুপাত ও দৃষ্টিকোণের পার্থক্যের কারণে এমন বিভ্রম তৈরি হচ্ছে। তবে মূল অশোকস্তম্ভের আকারের সঙ্গে এর যে সামান্য তফাত রয়েছে তা মানছেন নির্মাণশিল্পীরা। যদিও সব মিলিয়ে মূলটির সঙ্গে এটির ৯৯ শতাংশই হুবহু মিলে যাচ্ছে বলে জানাচ্ছেন তাঁরা।

    আরও পড়ুন: “বাংলার সব বিধায়ক, সাংসদের ভোট আমি পাব”, আশাবাদী দ্রৌপদী মুর্মু

    বিরোধীদের দাবি, নতুন অশোক স্তম্ভের বর্তমান চেহারার সঙ্গে আগের চেহারার পার্থক্য ধরা পড়েছে। আর এটাকে জাতীয় প্রতীকের অপমান বলে মনে করছেন তাঁরা। তবে এই নয়া স্তম্ভের সঙ্গে যুক্ত নির্মাণশিল্পী জানিয়েছেন, “যে ছবিটি সামনে এসেছে সেটি আউট অফ জুম। আর তাই লোয়ার অ্যাঙ্গলে সিংহগুলির অভিব্যক্তির একটা পরিবর্তন দেখা যাচ্ছে। একজন শিল্পী হিসেবে বলতে পারি, এটা তৈরি করার আগে আমরা মিউজিয়ামে গিয়ে গবেষণা করেছি। আমরা কেবল মূলটির (সারনাথে অবস্থিত অশোক স্তম্ভ) আদলেই এটি তৈরি করেছি। কিন্তু সেটি ছিল মাত্র আড়াই ফুটের। আর সেই জন্যই, এখন সব কিছুই অনেক বড় মনে হচ্ছে। এটা বুঝতে হবে। তাছাড়া সংসদের উপরে রাখা ৬.৫ মিটার দৈর্ঘ্যের অশোকস্তম্ভটিকে লোকে দূর থেকে দেখবে। অন্তত ১০০ মিটারের দূরত্ব থেকে। তখন আর কোনও তফাত মনে হবে না। চোখের মাপে দেখলে আউটলাইনটা একেবারে একই লাগবে।”

    [tw]


    [/tw]

    বিরোধীদের অভিযোগ নতুন যে ব্রোঞ্জের মূর্তিটি তৈরি হয়েছে সেটি অনেক বেশি আগ্রাসী। যা সারনাথের অশোকস্তম্ভে নেই। সারনাথের অশোকস্তম্ভ অনেক বেশি সৌম্য দর্শণ ও শান্ত প্রকৃতির। এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন,দুটি প্রতীকের মধ্যে কোনও কাঠামোগত পার্থক্য নেই। তিনি বলেছেন কেউ যদি  সারনাথের প্রতীকটি উঁচু থেকে দেখেন  তাহলে একই রকমভাবে সেটিও শান্ত বা রাগান্বিত দেখায়। দুটি প্রতীকের আকৃতিগত পার্থক্য ছাড়া আর কোনও পার্থক্য নেই। তিনি আরও বলেছেন যদি সারনাথের প্রতীকের মত একই উচ্চতার কোনও জাতীয় প্রতীক কোনও ভবনে বসানে হয় তাহলে তা দূর থেকে দেখা যাবে না। নতুন প্রতীকটি মাটি থেকে ৩৩ মিটার ওপরে রয়েছে। আর সারনাথের প্রতীকটি মাটির ওপরেই বসানো হয়েছিল। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য জানিয়েছেন, “অশোকের রাজধানী সারনাথের সিংহকেই গ্রহণ করা হয়েছে নয়া স্থাপত্যে। একটি টুডি ছবির সঙ্গে থ্রিডি স্থাপত্যের তুলনা করছেন বিরোধীরা। এই বিষয়টি বোধহয় ওঁদের মনে ছিল না।”

  • IAF chief: পৃথক এয়ার ডিফেন্স কমান্ডের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন বায়ুসেনা প্রধান

    IAF chief: পৃথক এয়ার ডিফেন্স কমান্ডের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন বায়ুসেনা প্রধান

    মাধ্যম নিউজ ডেস্ক: আকাশসীমায় সুরক্ষা দিতে এবংআক্রমণ ও প্রতি আক্রমণ চালানোর ক্ষেত্রে পৃথক এয়ার ডিফেন্স কমান্ডের (Air Defence  command) প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন বায়ুসেনা প্রধান তথা এয়ার চিফ মার্শাল (The Indian Air Force chief) ভি আর চৌধুরী (VR Chaudhari)। তাঁর মতে, এয়ার ডিফেন্স এবং কাউন্টার-এয়ার অপারেশন উভয় আলাদা আলাদা ভাবে করা যায় না। তাই তাঁর প্রশ্ন, শুধুমাত্র পৃথক এয়ার ডিফেন্স কমান্ডের প্রয়োজনীয়তা কী ?

    উল্লেখ্য, পৃথক এয়ার ডিফেন্স কমান্ডের পরিকল্পনা প্রয়াত সিডিএস বিপিন রাওয়াতের মস্তিষ্কপ্রসূত। প্রয়াত সিডিএস-এর এই সিদ্ধান্ত নিয়ে এবার প্রশ্ন তুললেন বায়ুসেনা প্রধান। দুবছর আগে এই প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানান তিনি। তাঁর যুক্তি, এয়ার ডিফেন্স  অর্থাৎ, শত্রুরা আকাশপথে হামলা চালালে প্রতিহত করা, আর কাউন্টার এয়ার স্ট্রাইক – অফেন্স অর্থাৎ,  পাল্টা আকাশ পথে জবাব দেওয়া বা হামলা চালানো একই অঙ্গের দুটো দিক। পৃথক করে কোনও লাভ নেই।

    আরও পড়ুন: এনআইআরএফ তালিকায় দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাজ, সেরা কলেজ মিরান্ডা হাউজ

    দিল্লিতে এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স ইন্ডিয়া ২০২২ শীর্ষক একটি সেমিনারে এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী বলেন, দেশ বিরোধী বিভিন্ন শক্তিগুলিকে আটকাতে এই স্বাধীন কমান্ডের খুব একটা প্রয়োজন নেই। তিনি বলেন, “মহাকাশের নিরাপত্তার পাশাপাশি  প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি আক্রমণ প্রতিহত করার সময় একই আকাশসীমার মধ্যে সমস্ত উপাদানের ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজন রয়েছে। কিন্তু এয়ার ডিফেন্স ও অফেন্স — একে অপরের পরিপূরক। পৃথকভাবে ব্যবহৃত হলে কার্যকারিতা হারাবে।” 

    আরও পড়ুন: “কোনও বিয়ে নয়, কোনও আংটি নয়”, বিয়ে জল্পনায় নীরবতা ভাঙলেন সুস্মিতা

    ভারতীয় বায়ু সেনাকে কম দূরত্বের অপারেশনের জন্যও তৈরি থাকার কথা বলেন ভিআর চৌধুরী। লজিস্টিক সাপোর্ট প্রসঙ্গে তিনি জানিয়েছেন,এই বিষয়টা প্রচণ্ড চ্যালেঞ্জিং। ভারতের আত্মনির্ভরতা মিশনকে সফল করতে তিনি নির্দিষ্ট অ্যাকশন প্ল্যানের উপর জোর দেওয়ার কথাও বলেন। এদিকে প্রতিরক্ষাক্ষেত্রে ভারত বার বার এই আত্মনির্ভরতার পক্ষে সওয়াল করেছে। এমনকী বিদেশ থেকে সামরিক সরঞ্জাম যতটা সম্ভব কম আমদানি করার জন্যও নির্দিষ্ট পরিকল্পনা করা হয়েছে। আমদানি কমিয়ে দেশের সামরিক সরঞ্জাম উৎপাদন কেন্দ্র থেকেই যাতে সামরিক সরঞ্জাম আমদানি করা যায় সেব্যাপারেও বলা হয়েছে।  বায়ু সেনা প্রধানও সেই মতকেই সমর্থন জানালেন।

  • new railway line: ১১৬ কিমি বিস্তৃত নয়া রেললাইন! যুক্ত করবে দুটি রাজ্য, তিনটি ধর্মীয় স্থানকে

    new railway line: ১১৬ কিমি বিস্তৃত নয়া রেললাইন! যুক্ত করবে দুটি রাজ্য, তিনটি ধর্মীয় স্থানকে

    মাধ্যম নিউজ ডেস্ক: তেরঙ্গা হিল-অম্বাজি-আবু রোড নতুন রেললাইন চালু করতে চলেছে কেন্দ্র।  ১১৬ কিমি বিস্তৃত এই রেললাইন তৈরি করতে সময় লাগবে প্রায় চার বছর। খরচ পড়বে আনুমানিক দুই হাজার ৭৯৮ কোটি টাকা। নতুন এই প্রকল্পের কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    অনুরাগ জানান, নরেন্দ্র মোদি সরকার যোগাযোগ ব্যবস্থা সহজ করার জন্য এই নতুন রেললাইনের অনুমোদন দিয়েছে। তিনি বলেন,“এই প্রকল্পের আনুমানিক খরচ পড়বে ২৭৯৮.১৬ কোটি টাকা। ২০২৬-২৭ সালের মধ্যেই এই নয়া রেলপথের কাজ সম্পন্ন হবে। নতুন রেললাইন দুটি রাজ্য, তিনটি ধর্মীয় স্থানকে যুক্ত করবে। এই নয়া লাইনের ফলে মূল রেল লাইনে চাপ অনেকটা কমে যাবে।” 

    [tw]


    [/tw]

    গুজরাটের মেহসানা জেলায় অবস্থিত তেরঙ্গা একটি তিন-চূড়া পাহাড়। এটি বৌদ্ধ এবং জৈন দুই সম্প্রদায়ের মানুষের কাছেই তাৎপর্যপূর্ণ। গুজরাট পর্যটন দফতরের ওয়েবসাইট অনুসারে, এখানে অবস্থিত প্রাচীনতম জৈন মন্দিরটি ১২ শতকে নির্মিত হয়েছিল। এই পাহাড়ের নানা জায়গায় বৌদ্ধ স্মৃতিস্তম্ভগুলি চতুর্থ শতাব্দীর।

    মন্দির শহর অম্বাজি গুজরাটের বানাসকান্থা জেলায় অবস্থিত। এটি দেবী আরাসুরি অম্বার প্রধান মন্দির। যা প্রাক-বৈদিক যুগ থেকে পূজিত হয়ে আসছে। আবু রোড হল রাজস্থানের সিরোহিত জেলার একটি শহর। দেশের নানা প্রান্ত থেকে বহু পর্যটন-প্রেমী মানুষ এখানে আসেন। 

    আরও পড়ুন: কয়লা পাচার কাণ্ডে ফের তলব মলয় ঘটককে! ইডির সমন বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ককেও

    বহুদিন ধরে রাজস্থান-গুজরাট দুই রাজ্যের মানুষ আমদাবাদ-আবু রোড বিকল্প এই রেললাইনের দাবি জানিয়ে আসছেন। কেন্দ্রের অভিমত, এই নতুন প্রকল্প মানুষের মধ্যে সংযোগ বাড়াবে। কম সময়ে অনেকটা পথ অতিক্রম করা যাবে। এই রেললাইনের মধ্য দিয়ে কৃষি ও স্থানীয় পণ্য দ্রুত আমদানি-রফতানি করা যাবে। এই প্রকল্পের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নও হবে। প্রকল্পটি রূপায়নের সময় আনুমানিক ৪০ লক্ষ মানুষ কাজ পাবেন। 

     

  • ASIA Cup 2022: কোথায় এশিয়া কাপ? শ্রীলঙ্কা না বাংলাদেশ

    ASIA Cup 2022: কোথায় এশিয়া কাপ? শ্রীলঙ্কা না বাংলাদেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজনৈতিক অস্থিরতায় জেরবার শ্রীলঙ্কা (Srilanka)। তাই দ্বীপরাষ্ট্র থেকে আসন্ন এশিয়া কাপ (ASIA Cup 2022) সরানোর কথা ভাবছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)। আগামী অগস্টে শ্রীলঙ্কায় এশিয়া কাপ হওয়ার কথা। একটি সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (Asian Cricket Council) বাংলাদেশ  ক্রিকেট বোর্ডকে (Bangladesh Cricket Board) তৈরি থাকতে বলেছে। কয়েক দিন আগেও শ্রীলঙ্কা থেকে এশিয়া কাপ সরিয়ে নেওয়ার কথা ভাবেনি এসিসি। কিন্তু শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘের বাসভবন বিক্ষোভকারীদের দখলে চলে যাওয়ার পরেই আর ঝুঁকি নিতে চাইছে না এসিসি।

    শ্রীলঙ্কার অবস্থা একেবারেই ভাল নয়। শ্রীলঙ্কায় কী শেষ পর্যন্ত এশিয়া কাপের ম্যাচ হবে? প্রশ্ন ক্রিকেট মহলে। অবস্থা খারাপ থেকে খারাপের দিকে যাওয়ার পর সেখানকার মানুষ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি দেশ ছেড়ে পালিয়েছেন। তাঁর বাসভবন সাধারণ মানুষের দখলে। এ প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। তবে আমরা নজর রাখছি। অস্ট্রেলিয়া দল বর্তমানে সেখানে খেলছে। সত্যি বলতে শ্রীলঙ্কা দলও ভাল পারফর্ম করছে। এমন পরিস্থিতিতে এখন আরও এক মাস অপেক্ষা করা যাক।’

    আরও পড়ুন: শ্যুটিং বিশ্বকাপে সোনা জয় বঙ্গকন্যা মেহুলির

    ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশের এশিয়া কাপে খেলার কথা। ষষ্ঠ দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, হংকং, সিঙ্গাপুরের মধ্যে যে কোনও একটি দেশের খেলার কথা। এই চারটি দেশকে নিয়ে একটি যোগ্যতা অর্জন প্রতিযোগিতা হওয়ার কথা। জানা গিয়েছে, বিভিন্ন দেশের ক্রিকেটাররাও এই মুহূর্তে একেবারেই শ্রীলঙ্কায় গিয়ে খেলতে চাইছেন না। তাঁরা তাঁদের আপত্তির কথা নিজেদের দেশের বোর্ডকে জানিয়ে দিয়েছে। সব থেকে বড় কথা, শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও বর্তমান পরিস্থিতিতে এশিয়া কাপের মতো বহুদেশীয় প্রতিযোগিতা আয়োজন করার ব্যাপারে খুব একটা আত্মবিশ্বাসী নয়। তবে তারা এখনই কিছু বলতে চাইছে না। এশিয়া কাপ আয়োজনের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সিংহলীরা। তবে শ্রীলঙ্কা যদি একান্তই না পারে তাহলে এ ব্যাপারে এখন বাংলাদেশই এগিয়ে রয়েছে। 

  • Gotabaya Rajapaksa:  সিঙ্গাপুরেই স্বস্তি! আপাতত ১১ আগস্ট পর্যন্ত সেখানে থাকতে পারবেন গোতাবায়া রাজাপক্ষে

    Gotabaya Rajapaksa: সিঙ্গাপুরেই স্বস্তি! আপাতত ১১ আগস্ট পর্যন্ত সেখানে থাকতে পারবেন গোতাবায়া রাজাপক্ষে

    মাধ্যম নিউজ ডেস্ক: আপাতত ১১ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে (Singapore) থাকতে পারবেন দ্বীপরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট (Former President) গোতাবায়া রাজাপক্ষ (Gotabaya Rajapaksa)। সিঙ্গাপুর থেকে শীঘ্রই দেশে ফিরবেন প্রাক্তন প্রেসিডেন্ট এমনই জানিয়েছিলেন শ্রীলঙ্কা (Sri Lanka) মন্ত্রিসভার মুখপাত্র (Spokesperson) বান্দুলা গুণবর্ধণে। তবে দেশে ফিরলে আবারও বিক্ষোভের মধ্যে পড়তে পারেন এই আশঙ্কায় আরও কিছুদিন দেশের বাইরেই থাকতে চাইছেন গোতাবায়া। তাই সিঙ্গাপুর প্রশাসনের কাছে আর্জি জানিয়েছিলেন। সেই আর্জি মেনে নিয়েই গোতাবায়ার সিঙ্গাপুরে থাকার মেয়াদ আরও ২ সপ্তাহ বাড়িয়েছে সেখানকার প্রশাসন।

    আরও পড়ুন: আশ্রয় দেবে না ভারত, কোথায় যাবেন শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া?

    প্রসঙ্গত ১৪ জুলাই মালদ্বীপ (Maldives) থেকে সিঙ্গাপুরে যান গোতাবায়া রাজাপক্ষে। ওই সময় ১৪ দিনের জন্যে সিঙ্গাপুরে থাকার অনুমতি পেয়েছিলেন তিনি। কিন্তু সেই মেয়াদ বেড়ে যাওয়ায় ১১ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে থাকতে পারবেন গোতাবায়া। চরম আর্থিক সঙ্কটে ডুবে থাকা শ্রীলঙ্কায় সাধারণ মানুষের ক্ষোভের বিস্ফোরণ হতেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট। গত ১৩ জুলাই তিনি মালদ্বীপে পৌঁছন। কিন্তু সেখানেও তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়ে যাওয়ায় তড়িঘড়ি বিশেষ চার্টাড বিমানে করে মলদ্বীপ থেকে সিঙ্গাপুরে যান সস্ত্রীক গোতাবায়া। সেখান থেকেই তিনি প্রেসিডেন্ট পদের ইস্তফাপত্র পাঠান। কার্যনির্বাহী প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ করেন রনিল বিক্রমসিঙ্ঘেকে।

    আরও পড়ুন: শ্রীলঙ্কায় জরুরি ব্যবস্থা জারি রনিল বিক্রমাসিঙ্ঘের, সিঙ্গাপুরেও স্বস্তিতে নেই গোতাবায়া

    সিঙ্গাপুর প্রশাসন (Singapore Administration) সূত্রে খবর, বর্তমানে রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে রয়েছেন রাজাপক্ষে। তিনি হোটেল ছেড়ে কোনও পরিচিতের বাড়িতে চলে যেতে পারেন বলেও অনুমান। তবে রাজাপক্ষে কোনও রাজনৈতিক আশ্রয় (Political Asylum) চাননি বলে দাবি সিঙ্গাপুর সরকারের। সিঙ্গাপুরের আইন অনুযায়ী সাধারণত কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় না। চলতি সপ্তাহেই শ্রীলঙ্কা ক্যাবিনেটের মুখপাত্র বান্দুলা গুণবর্ধনে জানান, প্রাক্তন প্রেসিডেন্ট মোটেও আত্মগোপন করে নেই। তিনি সিঙ্গাপুরে রয়েছেন বিশেষ দরকারে। শীঘ্রই তিনি দেশে ফিরে আসবেন। তবে এবার তাঁর দেশের বাইরে থাকা নিয়ে প্রশ্ন উঠছে। আর তাঁকে দেশে ফেরানো যাবে কি না তা নিয়েও সংশয় রয়েছে। 

  • Bengal SSC scam: মন্ত্রিত্ব খোয়ালেন পার্থ! কোন মন্ত্রক কার হাতে জল্পনা, একটু পরেই তৃণমূলের জরুরি বৈঠক

    Bengal SSC scam: মন্ত্রিত্ব খোয়ালেন পার্থ! কোন মন্ত্রক কার হাতে জল্পনা, একটু পরেই তৃণমূলের জরুরি বৈঠক

    মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসি দুর্নীতি মামলায় আপাতত ইডি হেফাজতে রাজ্যের শিল্পমন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতারির পর থেকেই দলের অভ্যন্তরে তাঁর অপসারণের দাবি জানিয়ে আসছেন নেতা-কর্মীরা। তৃণমূল সূত্রে খবর, এই নিয়েই আজ বিকেলে দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকেই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিয়ে আলোচনা হবে। এর আগেই পার্থকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একটি বিজ্ঞপ্তি জারি করে, দলনেত্রী মমতা জানিয়ে দেন, পার্থ আর তাঁর মন্ত্রিসভায় নেই।

    তৃণমূল সূত্রে খবর, পার্থকে শিল্পমন্ত্রীর পদ থেকে অপসারণের পর শিল্প দফতর নিজের হাতেই রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্যপ্রযুক্তি দফতরের দায়িত্বে আনা হতে পারে ব্রাত্য বসুকে। অন্যদিকে পরিষদীয় মন্ত্রী হতে পারেন তাপস রায় বা নির্মল ঘোষ। এদিন বিকেল ৫টায় তৃণমূল ভবনে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডেকেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার বর্তমান শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর নাকতলার বাড়িতে হানা দিয়েছিল ইডি। প্রায় ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শনিবার গ্রেফতার করা হয় তাঁকে। আপাতত ১০ দিনের ইডি হেফাজতে রয়েছেন পার্থ। 

    আরও পড়ুন: সোনার ‘সংসার’! গয়না থেকে সোনার বাট কী নেই অর্পিতার আলমারিতে

    গত শনিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ। গ্রেফতারির পর ছ’দিন কেটে গেলেও তাঁকে মন্ত্রিত্ব থেকে সরাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বিরোধী শিবির এবং দলের অন্দরে দাবি উঠছে, পার্থকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার। পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণের দাবিতে এদিন বিক্ষোভ দেখায় বিজেপি। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে গেরুয়া শিবির।

    [tw]


    [/tw]

    তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বৃহস্পতিবার পার্থকে দল থেকেই বহিষ্কারের দাবি তোলেন। নিজের ট্যুইটার একাউন্টে তিনি লিখেছেন, ‘পার্থ চট্টোপাধ্যায়কে অবিলম্বে মন্ত্রিত্ব এবং সমস্ত দলীয় পদ থেকে অপসারণ করা উচিত। তাঁকে বহিষ্কার করা উচিত। যদি এই বক্তব্য ভুল বলে মনে করা হয়, তাহলে আমাকে সব পদ থেকে সরিয়ে দেওয়ার অধিকার দলের রয়েছে। আমি দলের একজন সৈনিক হিসাবে লড়াই চালিয়ে যাব’। যদিও, পরে, পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কারের দাবিতে আগের ট্যুইট সরিয়ে নেন কুণাল ঘোষ। দ্বিতীয় ট্যুইটে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক লেখেন, আগের ট্যুইটে ব্যক্তিগত মতামত জানিয়েছিলাম। দল এখন গোটা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে। বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক ডেকেছেন। আমাকেও বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে। দল বিষয়টি গ্রহণ করায় আমার ব্যক্তিগত পোস্ট মুছে দিচ্ছি।

     

LinkedIn
Share