Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Zakir Naik: ওমান থেকে আটক করে ভারতে আনা হবে মৌলবাদী প্রচারক জাকির নায়েককে

    Zakir Naik: ওমান থেকে আটক করে ভারতে আনা হবে মৌলবাদী প্রচারক জাকির নায়েককে

    মাধ্যম নিউজ ডেস্ক: মৌলবাদী প্রচারক জাকির নায়েককে (Zakir Naik) ওমান থেকে ভারতে আটক করে আনা হবে। এমনটাই জানা গিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা সূত্রে। ইতিমধ্যেই ভারতীয় গোয়েন্দা সংস্থার তরফে ওমানের প্রশাসনের সঙ্গে এই মর্মে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও খবর। ২৩ মার্চ জাকির নায়েককে ওমানে আমন্ত্রণ জানানো হয়েছে। দু’টি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।

    ওমানে তিন জায়গায় বক্তব্য রাখার কথা জাকির নায়েকের (Zakir Naik)

    সূত্রের খবর, ওমানের ওয়াকফ এবং ধর্মীয় বিষয়ক মন্ত্রকের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে মৌলবাদী প্রচারক জাকির নায়েককে (Zakir Naik)। তিনি আগামী ২৩ মার্চ সেখানে প্রথমে ভাষণ দেবেন। বিশ্বে কোরানের প্রয়োজনীয়তা শীর্ষক বক্তব্য রাখবেন। পরবর্তী ভাষণ দেবেন ওমানের সুলতান কাবুল বিশ্ববিদ্যালয়ে। বক্তব্যের বিষয়, মানবসমাজের দয়ালু ব্যক্তিত্ব হজরত মহম্মদ। এই ভাষণটি হবে আগামী ২৫ মার্চ।

    ২০১৬ সালেই ভারতে নিষিদ্ধ করা হয় জাকির নায়েকের (Zakir Naik) সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে

    হিন্দু দেব দেবী এবং ধর্মের বিরুদ্ধে একাধিকবার বিদ্বেষমূলক মন্তব্য করতে শোনা গিয়েছিল তাঁকে। নানাভাবে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে উসকানি দেওয়া হচ্ছিল জাকির এবং তাঁর সংগঠনের পক্ষ থেকে। এমনটাও জানিয়েছিল ভারত সরকার। ২০১৬ সালের শেষের দিকে জাকির নায়েকের (Jakir Nayak) সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার। মূলত মৌলবাদী সভা ছাড়াও পিস টিভি নামক চ্যানেলেও তিনি উগ্র বক্তব্য রাখতেন।  হিংসা ছড়ানো, বন্দি করে রাখা এবং ধর্মীয় সাম্প্রদায়িকতার ছড়ানোর মতো অভিযোগ আনা হয়েছিল জাকির নায়েক এবং তাঁর সংগঠনের সদস্যদের বিরুদ্ধে। ভারত থেকে পালিয়ে জাকির নায়েক সেসময় ঠাঁই নেন মালয়েশিয়াতে। একটি আন্তর্জাতিক রিপোর্টে উল্লেখ করা হয়, এরপর মালয়েশিয়াতেও দেশের আইন ভঙ্গ করার অভিযোগ ওঠে জাকির নায়েকের বিরুদ্ধে। তবে ততদিনে মালয়েশিয়ার নাগরিকত্ব নিয়ে ফেলেন এই উগ্র মৌলবাদী প্রচারক।

    সন্ত্রাসবাদীদের প্রকাশ্যেই সমর্থন করতেন এই মৌলবাদী প্রচারক

    ২০২২ সালের মার্চ মাসে সন্ত্রাসবাদীদের উচ্ছ্বসিত প্রশংসা করে ভাষণ দিতে শোনা যায় জাকির নায়েককে। তারপর থেকে নায়েকের সংগঠন ইন্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের সমস্ত কার্যকলাপ নিষিদ্ধ করা হয়। থেরেসা মে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন জাকির নায়েককে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। সে সময় তাঁর বিরুদ্ধে কুখ্যাত সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনের উচ্ছ্বসিত প্রশংসা করার অভিযোগ ছিল। পাশাপাশি জাকির নায়েক বলেছিলেন, “সব মুসলিমেরই জঙ্গি হওয়া উচিত।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Earthquake: ২ মিনিট ধরে কাঁপল দিল্লি! আফগানিস্তানের ভূমিকম্পের প্রভাব উত্তর ভারতে

    Earthquake: ২ মিনিট ধরে কাঁপল দিল্লি! আফগানিস্তানের ভূমিকম্পের প্রভাব উত্তর ভারতে

    মাধ্যম নিউজ ডেস্ক: আতঙ্কের রাত কাটাল দিল্লিবাসী। আফগানিস্তানের ভূমিকম্পের (Afghanistan Quake) জোরালো প্রভাব পড়েছে দিল্লি সহ গোটা উত্তর ভারতে। প্রায় ২ মিনিট ধরে কেঁপেছে উত্তর ভারত। সঙ্গে একের পর এক আফটারশক। কেবলমাত্র দিল্লিই নয়, কম্পন অনুভূত হয়েছে হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানাতেও। 

    কাঁপল আফগানিস্তান

    মঙ্গলবার রাত ১০টা ১৭ মিনিট নাগাদ আচমকাই কম্পন অনুভূত হয় দিল্লি ও সংলগ্ন নয়ডা অঞ্চলে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তান লাগোয়া হিন্দুকুশ এলাকায়। প্রায় দুই মিনিট ধরে সেই কম্পন স্থায়ী হয় বলে জানা গিয়েছে। ভারত ছাড়াও পাকিস্তান,  তুর্কমেনিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, চিন, আফগানিস্তান ও কিরঘিজস্তানেও কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের জুর্ম শহর থেকে দক্ষিণ-পূর্বে ৪০ কিলোমিটার দূরে। পাকিস্তান ও তাজিকিস্তানের সীমান্তের মাঝামাঝি জায়গায় ভূমিকম্পের কারণে আফগানিস্তানে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।  ১৫০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

    আরও পড়ুন: “দুর্নীতির টাকাতে কেউ বিশ্বভ্রমণ করেছেন, কেউ চোখের ট্রিটমেন্ট”! বিস্ফোরক সুকান্ত

    মধ্যরাত পর্যন্ত রাস্তায়

    ভূমিকম্পের উৎসস্থল মূলত আফগানিস্তান হলেও টানা ২ মিনিট ধরে কেঁপেছে উত্তর ভারতের একাধিক শহর। আতঙ্কে রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছেন বহু মানুষ। দিল্লিবাসীরা সমাজমাধ্যমে তাঁদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কেউ বলেছেন, তাঁদের বহুতল ভূমিকম্পে দুলতে শুরু করেছিল। ফলে প্রাণের ভয়ে ১১ তলা থেকে সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে রাস্তায় নেমে এসেছেন বাসিন্দারা। ছোট শিশুকে কাঁথায় জড়িয়ে ঘর ছেড়ে ছুটতে দেখা গিয়েছে কাউকে। কেউ আবার ঘরে দাঁড়িয়েই সিলিং ফ্যান এবং অন্যান্য আসবাবপত্র কেঁপে ওঠার ভিডিয়ো রেকর্ড করেছেন। 

    গত বছরের শেষভাগ থেকেই দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী (Delhi)। এবারের ভূমিকম্পও সেইরকম হচ্ছে বলেই ভেবেছিলেন বাসিন্দারা। কিন্তু কয়েক সেকেন্ড পার হয়ে যাওয়ার পরও যখন কম্পন অনুভূত হয়, তখনই বিপদ আঁচ করেন। তড়িঘড়ি বাড়ি ছেড়ে নীচে নেমে আসেন বাসিন্দারা। এরপর সারা রাতই কেটেছে আতঙ্কে। ফের ভূমিকম্প হতে পারে, এই ভয়ে অনেকে মধ্যরাত অবধি রাস্তাতেই বসে থাকেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Pasmanda Muslim: পাক প্রধানমন্ত্রীকে আরএসএস-এর বই ভেট করল পসমন্দা মুসলিম মঞ্চ! কেন জানেন?

    Pasmanda Muslim: পাক প্রধানমন্ত্রীকে আরএসএস-এর বই ভেট করল পসমন্দা মুসলিম মঞ্চ! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের দূতাবাস মারফত শেহবাজ শরীফকে আরএসএস-এর বই পাঠালেন অখিল ভারতীয় পসমন্দা মুসলিম (Pasmanda Muslim) মঞ্চের কর্মীরা। কিন্তু হঠাৎ আরএসএস এর উপর লেখা বই উপহার হিসাবে কেন? উত্তর পাওয়া গেল পসমন্দা মুসলিম (Pasmanda Muslim) সমাজের নেতা জাভেদ মালিকের কথায়, কয়েকদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, ইমরান খানের উদ্দেশে বলেন তিনি ধ্বংসাত্মক কাজের প্ররোচনা ভারতের আরএসএস-এর কাছ থেকে পান। তাই আমরা সঙ্ঘের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকরের লেখা একটি বই প্রতিবাদ স্বরুপ পাকিস্তানের দূতাবাসে দিলাম। যাতে সেটা শেহবাজ শরীফ পড়েন এবং আরএসএস সম্পর্কে তাঁর ধারণা স্পষ্ট হয়।

    পসমন্দা মুসলিম (Pasmanda Muslim) মঞ্চের অজস্র কর্মী আজ জমায়েত করেন দিল্লিতে পাকিস্তানের দূতাবাসের সামনে

    এদিন দিল্লির চাণক্যপুরী স্থিত পাকিস্তানের হাইকমিশনে আরএসএস-এর বই নিয়ে পৌঁছান পসমন্দা মুসলিম (Pasmanda Muslim) মঞ্চের জাতীয় সভাপতি জাভেদ মালিকের নেতৃত্বে একটি দল। জাভেদ মালিক বলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ সর্বদা দেশ এবং সমাজের হিতে কাজ করে চলেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ধ্বংসাত্মক কাজের উদাহরণ দিতে বারবার আরএসএস কে টানছেন, তাই সঙ্ঘ সম্পর্কে তাঁর প্রকৃত জ্ঞান থাকা জরুরি মনে করছি আমরা। প্রসঙ্গত, তীব্র আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান। সেদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছে। দারিদ্রতা এবং অনাহার নিত্যসঙ্গী এখন পাকিস্তানে। এরপরে আবার রাজনৈতিক হানাহানিও বাড়ছে সেদেশে। এনিয়ে কটাক্ষ করতেও ছাড়েনি পসমন্দা মুসলিম সমাজের কর্মীরা। তাঁদের বক্তব্য, নিজেদের দেশ নিয়ে আগে ভাবুক পাকিস্তান। সঙ্ঘের উপর লেখা বই পড়ুক তাদের প্রধানমন্ত্রী। এতে পাকিস্তানে শান্তি প্রতিষ্ঠা করা সহজ হবে। আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছিলেন সগীর প্রধান আব্বাসি, রশিদ মালিক, ইলমাস মনসুরি বাবলু, আজিম সালমানি, আহসান চৌধুরী, কাইয়ুম মালিক সহ অনেক নেতা এবং কর্মী।

     

    আরও পড়ুন: থরে থরে সাজানো ওএমআর শিট! অয়নের বাড়িতে মিলল চাকরি পরীক্ষার এই সব উত্তর পত্র

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

  • Amritpal Singh: গুরুদ্বারে অস্ত্র মজুত, রিহ্যাব সেন্টারের আড়ালে ‘খাডকু’ তৈরি করতেন অমৃতপাল?

    Amritpal Singh: গুরুদ্বারে অস্ত্র মজুত, রিহ্যাব সেন্টারের আড়ালে ‘খাডকু’ তৈরি করতেন অমৃতপাল?

    মাধ্যম নিউজ ডেস্ক: মাদক ছাড়ানোর নামে খোলা হয়েছিল রিহ্যাব সেন্টার। সেই সেন্টারের আড়ালে যুবকদের প্রশিক্ষণ দিয়ে মানব বোমা (Human Bomb) বা খাডকু তৈরির কাজ চলছিল। গুরুদ্বারেও (Gurudwara) প্রচুর অস্ত্র মজুত করে রেখেছিলেন খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংহ (Amritpal Singh)। অন্তত পুলিশের অনুমান এমনই। পঞ্জাব পুলিশ জানিয়েছে, কমবয়সী ছেলেদের জঙ্গি দলে টেনে আনার কাজ করত অমৃতপালের সংগঠন। পরে তাঁদের দেওয়া হত অত্যাধুনিক অস্ত্র চালনার প্রশিক্ষণ। তরুণদের দলে টেনে মানব বোমা তৈরি করাই কাজ ছিল এই স্বঘোষিত শিখ ধর্মগুরুর। অমৃতপালের জঙ্গি বাহিনীতে যুক্ত যেসব তরুণের মৃত্যু হত, তাঁদের শহিদ আখ্যা দেওয়া হত।

    অধরা অমৃতপাল (Amritpal Singh)…

    এদিকে, দু দিন কেটে গেলেও এখনও অধরা অমৃতপাল (Amritpal Singh)। খালিস্তানপন্থী এই নেতার খোঁজ না পাওয়া গেলেও, তাঁর সংগঠন ওয়ারিস দে পঞ্জাবের আরও ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলেই জানিয়েছে পুলিশ। ধৃতদের কাছ থেকে বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তাঁদের ব্যবহৃত তিনটি গাড়িও আটক করেছে পুলিশ। রাজ্যে যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয়, সেজন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে পঞ্জাবজুড়ে।

    রবিবার পঞ্জাব পুলিশের পক্ষ থেকে এক ট্যুইট-বার্তায় জানানো হয়েছে, অমৃতপাল সিংয়ের সমর্থিত ওয়ারিস দে পঞ্জাবের বিরুদ্ধে দু দিন ধরে অভিযান চলছে। পঞ্জাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা যারা করছে, তাদের গ্রেফতার করা হয়েছে। অমৃতপালকে ধরতে আন্তঃরাজ্য সীমান্তগুলিতে সমস্ত গাড়ির চেকিং চলছে। পঞ্জাবের পাশাপাশি চেকিং চলছে পড়শি রাজ্য হরিয়ানায়ও।

    আরও পড়ুুন: লন্ডনে ভারতীয় দূতাবাস থেকে তিরঙ্গা নামাল খালিস্তানপন্থীরা, কড়া প্রতিক্রিয়া ভারতের

    জলন্ধর পুলিশের ডিআইজি স্বপন শর্মা বলেন, এখনও অবধি ১০জনকে গ্রেফতার করা হয়েছে। সাতটি বেআইনি অস্ত্র ও ৩০০-রও বেশি বুলেট উদ্ধার করা হয়েছে। অমৃতপাল সিং (Amritpal Singh) ও তাঁর ঘনিষ্ঠ সহকারীদের ব্যবহার করা তিনটি গাড়িও উদ্ধার করেছে পঞ্জাব পুলিশ। এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান। এদিকে, শনিবার অমৃতপালের সহকারি যে ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে, নিরাপত্তার খাতিরে তাঁদের মধ্যে চারজনকে অসমের ডিব্রুগড়ে নিয়ে যাওয়া হয়েছে। এঁরা অমৃতপালের খুবই ঘনিষ্ঠ ছিলেন। এঁদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে অমৃতপালের হদিশ পেতে চাইছে পুলিশ।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • India vs Australia: বিশাখাপত্তনমে হারল ভারত, অনায়স জয় অস্ট্রেলিয়ার

    India vs Australia: বিশাখাপত্তনমে হারল ভারত, অনায়স জয় অস্ট্রেলিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশাখাপত্তনমে হারল ভারত (India)। অনায়াস জয় অস্ট্রেলিয়ার (Australia)। মাত্র ১১ ওভারেই প্রয়োজনীয় ১১৮ রানের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া (India vs Australia)। মাত্র ১১৭ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ভারতের ব্যাটিং বিপর্যয়ের কারণে ৫০ ওভারের ক্রিকেট ম্যাচ শেষ হয়ে যায় মাত্রই ৩৭ ওভারে। অস্ট্রেলিয়ার তরফে ওপেন করেন মিচেল মার্শ ও ট্রেভিস হেড। সেই সময় বল করছিলেন মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। যেহেতু ভারত মাত্র ১১৭ রান করে, তাই অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১১৮ রান।  প্রথম তিন ওভারেই ২৪ রান তুলে নেয় অস্ট্রেলিয়া।

    শূন্য রানে আউট…

    এদিন ব্যাট করতে নেমে শূন্য রানে আউট হন শামি। তাঁর উইকেটটি নিয়ে নেন অ্যাবট। তার ঠিক আগেই অ্যাবট আউট করেন কুলদীপকে। মাত্র ৪ রান করেই আউট হন কুলদীপ। জাডেজার উইকেটটি নিয়ে নেন এলিস (India vs Australia)। মাত্র ১৬ রান করেই ফিরতে হয় জাডেজাকে। বিরাট কোহলির উইকেটটিও নিয়ে নেন এলিস। ৩১ রানে আউট হন কোহলি। হার্দিকের উইকেটটি নেন অ্যাবট। ১ রান করেই ফিরতে হয় হার্দিককে। তিনটি উইকেট নিয়ে এদিন হ্যাটট্রিক করেন অ্যাবট।রাহুলের উইকেটটি নিয়ে নেন স্টার্ক। রাহুল আটউ হন মাত্র ৯ রানে। ভারতের প্রথম ৪ উইকেট তুলে নেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি জোরে বোলার। শূন্য রানে আউট হয়েছেন সূর্যকুমার। স্টার্কের প্রথম বলেই উইকেট খোয়ান তিনি। রোহিতকে মাত্র ১৩ রানে ফিরিয়ে দেন স্টার্ক। শুভমনের উইকেটটিও নেন স্টার্ক। শুভমন আউট হন শূন্য রানে।

    আরও পড়ুুন: ‘গণতন্ত্রের সমস্ত সীমা অতিক্রম করেছেন রাহুল গান্ধী’, আক্রমণ নাড্ডার

    টেস্ট সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেও ভারতীয় দলের জয় হয়েছিল অনায়াস। প্রথম একদিনের ম্যাচে দারুণ হাফ সেঞ্চুরি করে ভারতীয় দলকে পাঁচ উইকেটে জিতিয়েছিলেন রাহুল। তাই এদিন তাঁর দিকে নজর ছিল সবার। তবে এদিন মাত্র ৯ রান করেই আউট হয়ে যান রাহুল। শুক্রবারের ম্যাচে ভারতের জয়ে বড় ভূমিকা পালন করেছিলেন পেস বোলাররা। মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ তিনটি করে উইকেট নিয়ে মাত্র ১৮৮ রানেই বেঁধে রাখে অস্ট্রেলিয়াকে। সেদিন ১৫ ওভার বাকি থাকতেই শেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার ইনিংস। মিশেল মার্শ ছাড়া ওই দিন কেউই বড় রান করতে পারেননি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • JP Nadda: ‘গণতন্ত্রের সমস্ত সীমা অতিক্রম করেছেন রাহুল গান্ধী’, আক্রমণ নাড্ডার

    JP Nadda: ‘গণতন্ত্রের সমস্ত সীমা অতিক্রম করেছেন রাহুল গান্ধী’, আক্রমণ নাড্ডার

    মাধ্যম নিউজ ডেস্ক: গণতন্ত্রের সমস্ত সীমা অতিক্রম করেছেন তিনি। এভাবেই রাহুল গান্ধীকে (Rahul Gandhi) আক্রমণ শানালেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। শনিবার তিনি বলেন, তাঁকে (রাহুল গান্ধীকে) গণতান্ত্রিক পদ্ধতিতে লক, স্টক এবং ব্যারেল প্যাকিং করে পাঠানো উচিত। চেন্নাইয়ে অনুষ্ঠিত হচ্ছে বিজেপির ভারতীয় জনতা যুব মোর্চার ন্যাশনাল ইউথ পার্লামেন্ট। ভার্চুয়ালি এই অনুষ্ঠানের উদ্বোধন করেন নাড্ডা। সেখানেই নিশানা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। বিজেপির সভাপতি বলেন, যাঁরা গণতন্ত্রে বিশ্বাস করেন না, গণতন্ত্রে তাঁদের কোনও ঠাঁই নেই। তিনি বলেন, কংগ্রেস মানসিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে।

    নাড্ডার (JP Nadda) অভিযোগ…

    নাড্ডার (JP Nadda) অভিযোগ, রাহুল গান্ধী আমেরিকা এবং ইউরোপিয় দেশগুলিকে ভারতের অভ্যন্তরীণ  ব্যাপারে হস্তক্ষেপ করতে উৎসাহিত করছেন। ভারতে গণতন্ত্র বিপন্ন বলে যে মন্তব্য তিনি করেছেন, তাতেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর পরেই তিনি বলেন, রাহুল গান্ধী গণতন্ত্রের সমস্ত সীমা লঙ্ঘন করেছেন। বিজেপি সভাপতির প্রশ্ন, কী ধরনের বাক্য তিনি ব্যবহার করেছেন? বলেছেন, ভারতবাসী তাঁর কথা শোনেন না, কেবল সহ্য করেন। এর পরেই বিজেপির সভাপতি বলেন, এহেন লজ্জাজনক মন্তব্য করে রাহুল গান্ধী কেবল দেশকে অপমান করেননি, তিনি অপমান করেছেন দেশের গণতান্ত্রিক মূল্যবোধকেও। দেশের অভ্যন্তরীণ ব্যাপারে বিদেশি শক্তিকে হস্তক্ষেপ করতেও আহ্বান জানাচ্ছেন তিনি।

    আরও পড়ুুন: ধৃত খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংহের পিছনে পাক যোগ?

    শুক্রবারই একটি ভিডিও বার্তায় রাহুলের লন্ডন সফরের বক্তব্যকে হাতিয়ার করে বিজেপির সভাপতি (JP Nadda) বলেছিলেন, উনি (রাহুল গান্ধী) দেশবিরোধী স্থায়ী টুলকিট হয়ে উঠেছেন। রাহুল দেশের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ফেলেছেন। ভিডিও বার্তায় নাড্ডা আরও বলেছিলেন, এটা দুর্ভাগ্যজনক যে কংগ্রেস দল দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত হচ্ছে। দেশবাসী তাদের বারবার প্রত্যাখ্যান করার পর রাহুল গান্ধী এখন দেশবিরোধী টুলকিটের স্থায়ী অংশ হয়ে উঠেছেন।

    প্রসঙ্গত, সম্প্রতি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি সভায় গণতন্ত্রহীনতা নিয়ে বলতে গিয়ে রাহুল বলেছিলেন, ভারতে গণতন্ত্র বিপন্ন। তিনি আরও বলেছিলেন, এটি আমাদের দেশের অভ্যন্তরীণ সমস্যা। এর সমাধান ভারতের অভ্যন্তর থেকেই আসতে চলেছে। এটা বাইরে থেকে আমদানি করা যায় না। রাহুল এও বলেছিলেন, ভারতে গণতন্ত্রের প্রভাব শুধু তার ভৌগোলিক সীমানার মধ্যেই সীমাবদ্ধ নয়। যদি ভারতে গণতন্ত্র ভেঙে পড়ে, তাতে গোটা বিশ্বেরই ক্ষতি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • PM Modi: ‘দেশের কপালে কালো টিকা লাগাচ্ছেন এঁরা’, নাম না করে কংগ্রসকে নিশানা মোদির

    PM Modi: ‘দেশের কপালে কালো টিকা লাগাচ্ছেন এঁরা’, নাম না করে কংগ্রসকে নিশানা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে বর্তমানে অনেক শুভ কাজকর্ম হচ্ছে। তাই কিছু লোক দেশ মাতৃকার কপালে কালো টিকা লাগানোর দায়িত্ব নিয়েছেন। নাম না করে কংগ্রেসকে (Congress) এই ভাষায়ই আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৩-এ ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নিশানা করেন কংগ্রেসকে। ভারতের (India) ওপর যাতে কারো নজর না লাগে তাই কালো টিকা পরাচ্ছেন তাঁরা। তিনি বলেন, একটা সময় ছিল, যখন বিশ্ব ভাবত ভারতের সময় এসেছে। তখন কথা হত কেবলই হতাশার। ভারতকে নীচে নামানো হত, ভাঙা হত নৈতিকতা। প্রধানমন্ত্রী বলেন, আমরা জানি কালো টিকা পরানোর ঐতিহ্য। সেই কাজই করার দায়িত্বই নিয়েছেন ওই লোকগুলো।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) বলেন…

    ২০২৩ সালের প্রথম ৭৫ দিনে মোদি (PM Modi) সরকারের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আজ গোটা বিশ্ব বলছে, এটা ভারতের সময়। বর্তমানে বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে কোন দেশ আগে ভারতের হৃত প্রত্নবস্তু ফেরত দেবে, তা নিয়ে। তিনি বলেন, আগে প্রায়ই খবরের হেডলাইন হত কত লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। লোকেরা রাস্তাঘাটে তা নিয়ে বলাবলি করত। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হত। এসব এখন অতীত। এখন সংবাদের শিরোনাম হয় দুর্নীতির বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিয়েছে। দুর্নীতিগ্রস্তদের রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে আসা হয়। তিনি জানান, বর্তমানে বিরোধী দলের বহু নেতা তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন।

    আরও পড়ুুন: এভারেস্টে বরফের নীচে চাপা পড়ে আছে ভাইরাস ও ব্যাকটেরিয়া, দাবি বিজ্ঞানীদের

    ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন রাহুলের নাম না করে সেই প্রসঙ্গও তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কিছু লোক আমাদের গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সাফল্য হজম করতে পারছে না। সেই কারণে তারা আমাদের গণতন্ত্রকে আক্রমণ করছে। প্রধানমন্ত্রী বলেন, এতদসত্ত্বেও ভারত তার লক্ষ্যে পৌঁছবে। কিছুদিন আগে ব্রিটেনে গিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন রাহুল। সেখানে তিনি ভারতের গণতন্ত্র নিয়ে বলতে গিয়ে বলেন, সকলে জানে ভারতের গণতন্ত্র আক্রমণের মুখে পড়ে কীভাবে বিপন্ন। আমি দেশের বিরোধী নেতা, কিন্তু বিরোধী পরসর খুঁজতে হাতড়ে বেড়াতে হচ্ছে। এর পরেই রাহুলের বিরুদ্ধে সুর চড়ায় বিজেপি। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Mahaveer: বর্ধমান মহাবীরের নির্বাণ লাভের ২৫৫০ বছর পূর্তি, শ্রদ্ধা জানাবে আরএসএস

    Mahaveer: বর্ধমান মহাবীরের নির্বাণ লাভের ২৫৫০ বছর পূর্তি, শ্রদ্ধা জানাবে আরএসএস

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৫৫০ বছর আগে নির্বাণ লাভ করেছিলেন মহাবীর (Mahaveer)। আট রকম কর্মকে জয় করে কার্তিক অমাবস্যার দিনে নির্বাণ লাভ করেছিলেন তিনি। মানবজাতিকে তিনি জ্ঞানের আলোকে প্রবেশের দ্বার দেখিয়েছিলেন। তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন আত্মবিকাশ ও সমাজের কল্যাণে। মানব কল্যাণই ছিল তাঁর ধ্যান, জ্ঞান। মানব কল্যাণের কথা মাথায় রেখে তিনি পঞ্চনীতির প্রবর্তন করেছিলেন। এগুলি হল, সত্য, অহিংসা, আস্তেয়, অপরিগ্রহ ও ব্রহ্মচর্য। সমাজে লিঙ্গ বৈষম্য দূর করতে লড়াই করেছেন তিনি। তিনি বলতেন, মহিলারা সমাজ গড়েন। তাঁদের হৃত মর্যাদা ফেরানো প্রয়োজন।

    মহাবীর (Mahaveer)…

    তাঁর প্রবর্তিত অপরিগ্রহ নীতির ফলে মানুষ পার্থিব বস্তুর থেকে মুখ ফেরাতে শুরু করে। বাড়তি সম্পদ দান করে সমাজের কল্যাণে। পরিবেশ বাঁচাতে ভোগবাদী জীবনযাত্রা থেকে মুখ ফেরাতে হবে আমাদের। এজন্য প্রয়োজন অপরিগ্রহ নীতির। তাঁর (Mahaveer) অহিংসা ও সহ-অস্তিত্বের শিক্ষা আজকের সমাজেও ভীষণরকম প্রয়োজন। বিশ্বকে বাঁচানোর জন্যই এটা প্রয়োজন। কর্মনীতির ব্যাখ্যায় তিনি বলেছেন, কর্মের জন্যই কোনও মানুষ সুখ ভোগ করে। দুঃখ-কষ্টের জন্য অন্যকে দোষারোপ করা উচিত নয়।

    আরও পড়ুুন: শিবাজির সিংহাসনে বসার ৩৫০ বছর, সাড়ম্বরে পালন করবে আরএসএস

    বর্তমান ভারত ক্রমশ এগোচ্ছে বিশ্বগুরু হওয়ার দিকে। এজন্য ‘স্ব’য়ের ওপর নির্ভর করছে দেশ। ভারতের অন্তরাত্মা বলছে, তুমি বিশ্বকে নেতৃত্ব দাও। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এটা বিশ্বাসও করে যে বর্ধমান মহাবীরের দেখানো পথেই হাঁটা উচিত আমাদের। মহাবীরের নির্বাণ লাভের ২৫৫০ বছর পূর্তি উপলক্ষে আরএসএস (RSS) শ্রদ্ধা জানাবে মহাবীরকে। এই উপলক্ষে স্বয়ংসেবকরা বিভিন্ন অনুষ্ঠান করবেন এবং মহাবীরের পঞ্চনীতিকে ব্যক্তিগত জীবনে কাজে লাগাবেন। আশা করা যায়, সমাজও মহাবীরের (Mahaveer) শিক্ষা গ্রহণ করে সমাজের কল্যাণে জীবন উৎসর্গ করবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shivaji Maharaj: শিবাজির সিংহাসনে বসার ৩৫০ বছর, সাড়ম্বরে পালন করবে আরএসএস

    Shivaji Maharaj: শিবাজির সিংহাসনে বসার ৩৫০ বছর, সাড়ম্বরে পালন করবে আরএসএস

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের (India) অন্যতম মহান ব্যক্তিত্ব হলেন ছত্রপতি শিবাজি (Shivaji Maharaj)। সমাজকে দাসত্বের মানসিকতা থেকে মুক্ত করেছিলেন তিনি। জনমানসে আত্মবিশ্বাস ও আত্মশ্রদ্ধার বোধ জাগিয়েছিলেন। সিংহাসনে বসার পর জৈষ্ঠ্য শুদ্ধ ত্রয়োদশীতে তিনি গঠন করেছিলেন হিন্দাভি স্বরাজ। এ বছর তারই ৩৫০ বছর পূর্তি। এই উপলক্ষে মহারাষ্ট্রের পাশাপাশি দেশজুড়ে হবে বিভিন্ন অনুষ্ঠান। দিনটি মর্যাদার সঙ্গে পালন করবে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘও (RSS)। নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালনের আবেদন করা হয়েছে সমাজের সর্বস্তরের মানুষদের পাশাপাশি স্বয়ংসেবকদেরও।

    ছত্রপতি শিবাজি (Shivaji Maharaj)…

    ছত্রপতি শিবাজি (Shivaji Maharaj) ছিলেন নির্ভীক, ক্ষুরধার বুদ্ধির অধিকারী, দক্ষ প্রশাসক, যুদ্ধবিশারদ। মহিলাদের সম্মান করতেন তিনি। শিবাজি ছিলেন মনেপ্রাণে হিন্দুত্ববাদী। বিভিন্ন ঘটনা থেকে পরিচয় মেলে ঈশ্বরের প্রতি তাঁর অগাধ বিশ্বাসের। লক্ষ্যে অবিচল থাকতেন তিনি। বাবা-মা ও শিক্ষকদের শ্রদ্ধা করতেন। আনন্দ ও দুঃখে তিনি সর্বদা পাশে থাকতেন স্বদেশবাসীর। সমাজের সর্বস্তরের মানুষের পাশেও দাঁড়াতেন। শৈশব থেকেই তিনি স্বদেশবাসীকে স্বরাজ প্রতিষ্ঠার জন্য উৎসাহিত করতেন। তাঁর এই শিক্ষা পরবর্তীকালে দেশপ্রেমিকদের কাছে প্রেরণার মন্ত্র হয়ে উঠেছিল। এমনকী তাঁর মৃত্যুর পরে কয়েক দশক ধরে তাঁর সমাজ সমস্ত রকম আক্রমণ থেকে নিজেদের রক্ষা করেছিল। এটি ইতিহাসের একটি মৌলিক উদাহরণ।

    আরও পড়ুুন: সীমান্তে বাড়ছে চিনা ফৌজের দাপাদাপি! মোকাবিলায় প্রস্তুত ভারতও, বললেন সেনা প্রধান

    ছোট থেকে তিনি (Shivaji Maharaj) যে স্বরাজের স্বপ্ন দেখতেন, তা কেবল ক্ষমতা দখল করতে নয়, ধর্ম ও সংস্কৃতি রক্ষার জন্য একটা সমাজ গড়তে চেয়েছিলেন, যে সমাজের ‘অহং’ বোধ থাকবে। তিনি বিশ্বাস করতেন এই রাজ্য প্রতিষ্ঠা হয়েছে ভগবানের ইচ্ছায়। স্বরাজ প্রতিষ্ঠার সময় আস্থা প্রধান মণ্ডল, রাজ্য ব্যবহার কোষ সৃষ্টি করেছিলেন তিনি। সুচারুভাবে শাসনকার্য পরিচালনার জন্য স্থানীয় ভাষা ব্যবহার করতেন। শিবশক পঞ্জিকা চালু করেছিলেন। রাজভাষা হিসেবে মর্যাদা দিয়েছিলেন সংস্কৃতকে। ধর্মস্থাপনের জন্য তিনি স্বরাজ প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান ভারতও জাতি গঠনের পথেই হাঁটছে। সমাজে জাগাতে চাইছে অহং বোধ। ছত্রপতি শিবাজি মহারাজের সেই জীবনবোধ আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং প্রেরণা জোগায়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kiran Bhai Patel: থাকতেন পাঁচতারায়, নিতেন জেড-প্লাস নিরাপত্তা! কাশ্মীরে গ্রেফতার ভুয়ো পিএমও অফিসার

    Kiran Bhai Patel: থাকতেন পাঁচতারায়, নিতেন জেড-প্লাস নিরাপত্তা! কাশ্মীরে গ্রেফতার ভুয়ো পিএমও অফিসার

    মাধ্যম নিউজ ডেস্ক:  প্রধানমন্ত্রীর অফিসের আধিকারিক সেজে কাশ্মীর ঘুরতেন এক জালিয়াত। গোটা প্রশাসন বোকা বনে গিয়েছিল তার আদব কায়দা, কথাবার্তা, ধোপদুরস্ত পোশাকের কাছে। জেড প্লাস নিরাপত্তাও পেতেন ওই জালিয়াত। পরে পুলিশের জালে জড়িয়ে পড়েন তিনি। ধৃতের নাম কিরণ ভাই প্যাটেল (Kiran Bhai Patel)।

    কী বলছেন ওই ভুয়ো অফিসারের স্ত্রী

    কিরণের (Kiran Bhai Patel) স্ত্রী মালিনী প্যাটেল অবশেষে মুখ খুললেন। নিজের স্বামীর বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেন মালিনী। তাঁর দাবি, ‘আমার স্বামী কোনও ভুল করতেই পারেন না। তিনি একজন ইঞ্জিনিয়ার এবং আমি একজন ডাক্তার। আমার স্বামী ইঞ্জিনিয়ার হওয়ায় উন্নয়নমূলক কাজের জন্য সেখানে গিয়েছিলেন আর কিছুই নয়। তিনি কোনও অন্যায় করেননি। সেখানে আমাদের আইনজীবী বিষয়টি দেখছেন। আমার স্বামী কখনও কারও সঙ্গে কোনও অন্যায় করতে পারেন না।’ 

    কী পরিচয়ে ঘুরতেন ওই ভুয়ো অফিসার

    জানা গিয়েছে, কিরণ ভাই প্যাটেল (Kiran Bhai Patel) নিজেকে পিএমও-র আধিকারিক পরিচয় দেয়। তার দাবি, পিএমও-র ‘স্ট্র্যাটেজি অ্যান্ড ক্যাম্পেন’ বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর পদে রয়েছে সে। চলতি বছরের শুরুর দিকে কাশ্মীরে গিয়ে সেখানকার আধিকারিকদের সঙ্গে ‘বৈঠক’ পর্যন্ত করেন কিরণ ভাই প্যাটেল (Kiran Bhai Patel)। পরে অবশ্য সত্যিটা সামনে চলে আসে। জানা গিয়েছে, অন্তত দশ দিন আগেই কিরণ ভাই প্যাটলকে গ্রেফতার করা হয়েছে। তবে বিষয়টি গোপন রাখা হয়েছিল পুলিশের তরফে। বৃহস্পতিবার আদালতের এক ম্যাজিস্ট্রেট কিরণ ভাই প্যাটেলকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠালে গোটা ঘটনা প্রকাশ্যে আসে। এদিকে গ্রেফতারির দিনই কিরণ ভাই প্যাটেলের নামে এফআইআর করা হয়েছিল কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। সূত্রে কাশ্মীর সফরের সময় কিরণ ভাই প্যাটেলের সঙ্গে সশস্ত্র নিরাপত্তা রক্ষী থাকতেন। এদিকে বুলেটপ্রুফ মহিন্দ্রা স্কর্পিও এসইউভি গাড়িও দেওয়া হয়েছিল তাকে। সরকারি টাকায় পাঁচ তারা হোটেলেও রাত্রি যাপন করেন তিনি।  তার ট্যুইটার বায়োতে ​​কিরণ দাবি করেছে, সে ভার্জিনিয়ার কমনওয়েলথ ইউনিভার্সিটি থেকে পিএইচডি, আইআইএম ত্রিচি থেকে এমবিএ এবং কম্পিউটার সায়েন্সে এমটেক এবং বিই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করেছে।

    জানা গিয়েছে, কিরণ (Kiran Bhai Patel) প্রথমবার ফেব্রুয়ারিতে উপত্যকায় যান। সোশ্যাল মিডিয়ায় তার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। তাতে দেখা গিয়েছে যে সে মিলিটারি ভ্যানের কনভয়ের সঙ্গে ভ্রমণ করছে। প্যারামিলিটারি গার্ডরা তার নিরাপত্তার দায়িত্বে রয়েছে। শ্রীনগরের লালচকের ক্লক টাওয়ারের সামনে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিতেও দেখা গিয়েছে তাকে। জানা গিয়েছে, তার দ্বিতীয় কাশ্মীর সফরে প্রশাসন সতর্ক হয়ে যায়। গোয়েন্দাদের রিপোর্ট পাওয়ার পর কিরণের ‘ব্যাকগ্রাউন্ড চেক’ হয়। পরে মার্চ মাসে তাঁর তৃতীয় সফরের সময় শ্রীনগরে এক হোটেল থেকে গ্রেফতার করা হয় কিরণকে। এদিকে জালিয়াতি বুঝতে না পারায় দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। অপরদিকে গুজরাট পুলিশও এই তদন্তের সঙ্গে যুক্ত হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share