Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Aditya-L1: রবির উদ্দেশে রওনা শনিতেই! ‘আদিত্য-এল১’ উৎক্ষেপণের দিনক্ষণ ঘোষণা ইসরোর

    Aditya-L1: রবির উদ্দেশে রওনা শনিতেই! ‘আদিত্য-এল১’ উৎক্ষেপণের দিনক্ষণ ঘোষণা ইসরোর

    মাধ্যম নিউজ ডেস্ক: জল্পনা চলছিলই। তারিখ জানা গিয়েছিল আগেই। এবার তাতে সরকারি সিলমোহর পড়লো। ইসরো জানিয়ে দিল, আগামী ২ সেপ্টেম্বরেই সূর্যের উদ্দেশে পাড়ি দেবে বিশেষ সোলার প্রোব বা অন্বেষণকারী উপগ্রহ ‘আদিত্য-এল১’। অর্থাৎ, আগামী শনিবারই রবির দেশে পাড়ি দেবে ভারতের সূর্য-যান।

    রবির দেশে পাড়ি শনিতেই…

    চাঁদ চলে এসেছে হাতের মুঠোয়। গত বুধবারই ইতিহাস রচনা করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের যান পাঠিয়েছে তারা। শুধু তাই নয়। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করার অনন্য কৃতিত্বও অর্জন করেছে ইসরো। কিন্তু, এত কিছু সত্ত্বেও, দম ফেলার জো নেই ভারতীয় বিজ্ঞানীদের। কাজ এখন অনেক বাকি। সময় নষ্ট না করে ভবিষ্যতের মিশনের প্রস্তুতি এখন থেকেই চলছে পুরোদমে। এবার গন্তব্য সূর্য।

     

     

    গত বৃহস্পতিবারই, ইসরোর তরফে ইঙ্গিত মিলেছিল যে, ২ সেপ্টেম্বর উৎক্ষেপণ হতে পারে আদিত্য মিশনের। সোমবার তাতে পড়ল সরকারি সিলমোহর। এদিন ইসরোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ২ সেপ্টেম্বর সকাল ১১ বেজে ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি-৫৭ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেবে ‘আদিত্য-এল১’। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় পৌনে চার লক্ষ কিলোমিটার। ‘আদিত্য-এল১’-কে (Aditya-L1) যেখানে পাঠানো হচ্ছে, তা পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত। এই পথ পাড়ি দিতে সময় লাগবে ১২৭ দিন। ‘আদিত্য-এল১’ মিশন হতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে প্রথম সৌর অভিযান। 

    ‘আদিত্য-এল১’ নামের তাৎপর্য কী?

    সোলার প্রোবের উৎক্ষেপণের বিষয়টি নিয়ে বিগত কয়েক বছর ধরেই জল্পনা চলছিল। ২০২০ সালেই এই মিশন লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু, করোনা অতিমারির জন্য তা পিছিয়ে যায়। ‘আদিত্য-এল১’ (Aditya-L1) আদতে একটি করোনাগ্রাফি স্যাটেলাইট। ইসরোর আমদাবাদের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নীলেশ এম দেশাই জানান, এই মিশনের সব কাজ ও প্রস্তুতি প্রায় শেষ। এবার বাকি শুধু উড়ানের। হিন্দু দেবতা সূর্যের আরেক নাম আদিত্য। তার প্রতি শ্রদ্ধা জানিয়েই নামকরণ করা হয়েছে উপগ্রহের (ISRO Sun Mission)। অন্যদিকে, এল-১ শব্দবন্ধের একটা আলাদা তাৎপর্য রয়েছে। এল১-এর পুরো অর্থ হলো ‘ল্যাগ্রাঞ্জ ওয়ান’। এটি সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী জায়গার একটি বিশেষ বিন্দু, যা পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত। 

    কেন ‘ল্যাগ্রাঞ্জ ওয়ান’ পয়েন্টকে বাছাই করা হলো?

    দুটি মূল কারণে ‘আদিত্য-এল১’ (Aditya-L1) উপগ্রহকে এই ‘ল্যাগ্রাঞ্জ ওয়ান’ পয়েন্টে রাখা হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। মহাকাশে, প্রতিটি বস্তুর নিজস্ব মহাকর্ষীয় বল রয়েছে, যার জেরে তা একে অপরের দিকে টানে। যেমন পৃথিবীর রয়েছে অভিকর্ষজ বল। সাধারণ ভাষায়, যাকে মাধ্যাকর্ষণ শক্তি হিসেবেও উল্লেখ করা হয়ে থাকে। ইসরো বিজ্ঞানীদের মতে, এই এল১ পয়েন্ট সৌর মণ্ডলের এমন একটি জায়গায় অবস্থিত, যেখানে সূর্য বা পৃথিবী, কারও ওই শক্তি বা বল কাজ করে না, অথবা, সম-শক্তিতে বিপরীত দিকে কাজ করে। যার ফলে, এই পয়েন্টে থাকলে, ‘আদিত্য-এল১’ স্থির থাকতে পারবে অনন্তকাল। দ্বিতীয়ত, এই জায়গা থেকে কোনও রকম বাধা ছাড়াই সর্বক্ষণ সূর্যকে দেখতে পারবে ‘আদিত্য-এল১’। এমনকী, গ্রহণের সময়েও সমস্যা হবে না। অর্থাৎ সূর্যকে নিরীক্ষণ করতে কোনও বাধাই থাকবে না। ফলে সূর্যে কী হয়ে চলেছে তার রিয়েল-টাইম অ্যাক্টিভিটি দেখা যাবে।

    কী কাজ করবে ‘আদিত্য-এল১’?

    সূর্যের বায়ুমণ্ডল সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করবে ‘আদিত্য-এল১’ (Aditya-L1)। এই মিশনের উদ্দেশ্য সৌরজগৎ নিয়ে অনুসন্ধান চালানো। অর্থাৎ সূর্যের জলবায়ু, সৌর শিখা, সৌর ঝড়-সহ একাধঝিক বিষয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। করোনা থেকে নির্গত তরঙ্গ, চৌম্বকীয় ক্ষেত্র পর্যবেক্ষণ করা হবে। জানা গিয়েছে, ৭ ধরনের বৈজ্ঞানিক পেলোড থাকবে এই উপগ্রহে (ISRO Sun Mission)। যেগুলির সাহায়্যে নানা ভাবে সূর্যকে ঘিরে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। সূর্যের ফোটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার, সূর্যের বাইরের স্তরের উপর নজর রাখা হবে। এর জন্য ব্যবহার করা হবে ইলেকট্রোম্যাগনেটিক পার্টিকেল ও ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর।

    ভবিষ্যতে ইসরোর মিশনের তালিকায় রয়েছে কী কী?

    অন্যদিকে, অদূর ভবিষ্যতে পর পর মহাকাশ মিশন রয়েছে ইরসোর ঝুলিতে। ২০২৪ সালে মঙ্গলগ্রহে মহাকাশযান পাঠানোর প্রস্তুতিও নিতে শুরু করেছে ইসরো। এই অভিযানের নাম ‘মঙ্গলযান ২’। এই অভিযানে মঙ্গলের মাটিতে নামানো হবে ল্যান্ডার। ২০২৪ সালে আমেরিকার সঙ্গে যৌথ উদ্যোগে ‘নিসার’ (নাসা-ইসরো সিন্থেটিক অ্যাপারচার রেডার) পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ভারত। মহাকাশে ভারতের প্রথম মানবাভিযান ‘গগনযান’ নিয়েও ইসরোয় তুঙ্গে ব্যস্ততা। এটিই এখন নয়নের মণি, পাখির চোখ। ২০২৪ বা ২০২৫ সালে মহাকাশে পাড়ি দিতে চলেছে ভারতের এই মহাকাশযান। এছাড়া, প্রাথমিক পর্যায়ে রয়েছে ‘শুক্রযান-১’ অভিযানের প্রস্তুতিও।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: প্রধানমন্ত্রী পদে রাহুলের নাম কংগ্রেসের, “বিপর্যয়ের টিকিট”, কটাক্ষ-বাণ বিজেপির

    Lok Sabha Elections 2024: প্রধানমন্ত্রী পদে রাহুলের নাম কংগ্রেসের, “বিপর্যয়ের টিকিট”, কটাক্ষ-বাণ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপিকে (BJP) মাত দিতে জোট গড়েছে বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দল। সংগঠনের নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিয়া’ (INDIA)। সেই ‘ইন্ডিয়া’কে পাশ কাটিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলে জানিয়ে দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী কংগ্রেসের অশোক গেহলট। তিনি বলেন, “কংগ্রেসের তরফে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী (Lok Sabha Elections 2024) পদপ্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধী জোটের সকলের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

    বিজেপির কটাক্ষ-বাণ 

    রাজস্থানের মুখ্যমন্ত্রীর এহেন ঘোষণার পর রাহুলকে কটাক্ষ-বাণ হেনেছে বিজেপি। অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে সোমবার সকালে রাহুলের একটি কার্টুন শেয়ার করে বিজেপি লিখেছে, “প্রধানমন্ত্রী পদে বিপর্যয়ের টিকিট।” রাহুলের পাশাপাশি নিশানা করা হয়েছে ‘ইন্ডিয়া’-কেও। রবিবার সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর (Lok Sabha Elections 2024) ছবি সম্বলিত একটি পোস্টার শেয়ার করে বিজেপি বলেছিল, “কিছু লঞ্চ ইসরোকে ছাড়িয়ে গিয়েছে।”

    গেহলটের বক্তব্য

    একটি বেসরকারি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে গেহলট বলেন, “প্রত্যেক নির্বাচনেই (Lok Sabha Elections 2024) স্থানীয় ঘটনাবলী গুরুত্ব রাখে। বর্তমানে দেশের যা পরিস্থিতি, তাতে সব দলের ওপর ক্রমশ চাপ বাড়ছে। মানুষই চাপ সৃষ্টি করেছেন। তারই ফলশ্রুতি এই ‘ইন্ডিয়া’ জোট।” রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা দ্রুত নামছে। বিরোধী জোট অবশ্যই সফল হবে। রাহুল গান্ধী আমাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী। আসন্ন নির্বাচনে আমরা সফল হবই।” তিনি বলেন, “২০১৪ সালে মাত্র ৩১ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। বাকি ৬৯ শতাংশই ওঁর বিরুদ্ধে ছিল। তাই প্রধানমন্ত্রীর এত অহঙ্কার থাকাই উচিত নয়।” তাঁর দাবি, বিজেপি নেতৃত্বাধীন ‘এনডিএ’ এখন থেকেই ‘ইন্ডিয়া’কে ভয় পেতে শুরু করেছে।

    আরও পড়ুুন: “রাজ্যপাল দত্তপুকুরে যেতে পারেন আর মুখ্যমন্ত্রী পারেন না?” প্রশ্ন শুভেন্দুর

    ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) এনডিএ ৫০ শতাংশ ভোট পাবে বলে বিভিন্ন সমীক্ষায় প্রকাশ। এ প্রসঙ্গে গেহলট বলেন, “কোনওদিন সেই লক্ষ্যে পৌঁছতে পাববেন না মোদি। জনপ্রিয়তার শীর্ষে থাকাকালীনই তিনি ৫০ শতাংশ ভোট পাননি। এবার ভোট আরও কমবে। ২০২৪ সালের নির্বাচনী ফলই বলে দেবে, কে প্রধানমন্ত্রী হবেন। শেষ পর্যন্ত মানুষই সিদ্ধান্ত নেবেন।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • Student Death: কোটায় জোড়া ছাত্রমৃত্যুর ঘটনা, এক মাস পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ প্রশাসনের

    Student Death: কোটায় জোড়া ছাত্রমৃত্যুর ঘটনা, এক মাস পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ প্রশাসনের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের ছাত্র মৃত্যুর (Student Death) ঘটনা রাজস্থানের কোটায়। রবিবার আত্মহত্যা করেছেন দুই পড়ুয়া। সব মিলিয়ে চলতি বছরে এ পর্যন্ত মোট ২৪ জন পড়ুয়ার মৃত্যু হল কোটায়। রবিবার এক দিনে আত্মহত্যা করেন দুই ছাত্র। একজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় হস্টেলের ঘর থেকে। অন্যজন একটি পরীক্ষাকেন্দ্রের ছ’ তলা থেকে ঝাঁপ দেন। এক দিনে জোড়া ছাত্রের আত্মহত্যায় নড়েচড়ে বসেছে কোটার জেলা প্রশাসন। কোটার জেলাশাসক ওমপ্রকাশ বুনকার কোচিং সেন্টারগুলিকে এক মাসের জন্য পক্ষীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। জারি হয়েছে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও।

    ছ’ তলা থেকে ঝাঁপ

    কোটার পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে কোটার একটি কোচিং সেন্টারে পরীক্ষা দিচ্ছিলেন মহারাষ্ট্রের আবিষ্কার শুভাঙ্গী। তিনি মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা নিটের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। পরীক্ষা শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে হল থেকে বেরিয়ে ছ’ তলা থেকে ঝাঁপ দেন শুভাঙ্গী (Student Death)। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ডেপুটি পুলিশ সুপার ধরমবীর সিংহ বলেন, “আবিষ্কার দ্বাদশ শ্রেণির ছাত্র। তিনি কোটায় নিটের প্রস্তুতি নিচ্ছিলেন। রবিবার তাঁর একটি পরীক্ষা ছিল। পরীক্ষাকেন্দ্রের ছ’ তলা থেকে ঝাঁপ দেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।”

    ঝুলন্ত দেহ উদ্ধার 

    এই ঘটনার রেশ কাটার আগেই ফের আসে ছাত্রের আত্মহননের ঘটনার খবর। এদিন বিকেলে এলাকার একটি হস্টেলে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বিহারের বাসিন্দা আদর্শের দেহ। তিনিও নিটের প্রস্তুতি নিচ্ছিলেন। এদিনের এই জোড়া আত্মহননের আগে আত্মহত্যার ঘটনা ঘটেছিল ১৫ অগাস্ট। সেদিন কোটারই একটি হস্টেলের ঘর থেকে উদ্ধার হয় বিহারের গয়ার বাল্মিকী জাঙ্গিদের দেহ (Student Death)।

    আরও পড়ুুন: বিস্ফোরণস্থল থেকে ৩০০ মিটার দূরে ফের ছিন্নভিন্ন দেহ উদ্ধার, গ্রেফতার তৃণমূল কর্মী

    আত্মহননের ঘটনায় লাগাম টানতে জেলা প্রশাসনের তরফে হস্টেলে সিলিং ফ্যানে স্প্রিং লাগানো এবং বারান্দায় জাল লাগানোর নির্দেশ দেওয়া হয়েছিল হস্টেল কর্তৃপক্ষকে। সেই মতো ব্যবস্থাও নেন হস্টেল কর্তৃপক্ষ। পড়ুয়াদের নিয়মিত কাউন্সেলিং করানোর ব্যবস্থাও নিয়েছেন তাঁরা। তার পরেও রাশ টানা যাচ্ছে না আত্মহত্যার প্রবণতায়। পুলিশের তথ্যই বলছে, গত বছর কোটায় ছাত্রমৃত্যুর ঘটনা ঘটেছিল ১৫টি। ২০১৮ সালে এই সংখ্যা ছিল ২০।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Pro Khalistan Slogans: ‘দিল্লি বনেগা খালিস্তান’! রাজধানীর মেট্রো স্টেশনের দেওয়ালে দেশবিরোধী স্লোগান

    Pro Khalistan Slogans: ‘দিল্লি বনেগা খালিস্তান’! রাজধানীর মেট্রো স্টেশনের দেওয়ালে দেশবিরোধী স্লোগান

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী মাসেই জি২০ শীর্ষ সম্মেলন হবে রাজধানীতে (New Delhi)। তার আগে দিল্লির পাঁচটি মেট্রো স্টেশনে ‘দিল্লি বনেগা খালিস্তান’ স্লোগান (Pro Khalistan Slogans) লিখল খালিস্তানপন্থী ‘শিখস ফর জাস্টিস’ সংগঠন। তাদের নেতা গুরুপতয়ন্ত সিং পান্নুন ভিডিয়োতে দাবি করেছেন, ‘‘প্রগতি ময়দানে জি২০ সম্মেলন ব্যাহত করার লড়াই শুরু হল। এ ভাবেই আমরা জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলিকেও বার্তা দিচ্ছি। পাঞ্জাব ভারতের অংশ নয়।’’

    কারা লিখল স্লোগান

    দিল্লি পুলিশ জানিয়েছে, শিবাজি পার্ক থেকে পাঞ্জাবি বাগ পর্যন্ত বিভিন্ন মেট্রো স্টেশনের দেওয়ালে লেখা হয়েছে খালিস্তান পন্থী স্লোগান। তবে ঘটনার খবর পেয়েই পুলিশ সেই স্লোগান ঢেকে দেয়। পাঞ্জাবি বাগ, শিবাজি পার্ক, পশ্চিম বিহার, উদ্যোগনগর, মহারাজা সুরযমল স্টেশন সহ পশ্চিম দিল্লির বিভিন্ন মেট্রো স্টেশনের দেওয়ালে স্প্রে করে এসব লেখা হয়েছে। জি২০ শীর্ষ বৈঠকের সময়ে খালিস্তানের দাবিতে খালিস্তানপন্থীরা কানাডায় ‘গণভোট’ নেবে বলে দাবি ‘শিখস ফর জাস্টিস’-এর। ‘শিখস ফর জাস্টিস’ সংগঠন ভারতে ইউএপিএ আইনের অধীনে নিষিদ্ধ। তারাই যে এই ঘটনার পিছনে রয়েছে, তা স্বীকার করেছে দিল্লি পুলিশও। তারা জানিয়েছে, এ নিয়ে আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ। স্লোগান লেখা মেট্রো স্টেশনের ফুটেজও ওই সংগঠনের তরফে প্রকাশ করা হয়েছে।

    আরও পড়ুন: দত্তপুকুরকাণ্ডে এনআইএ তদন্ত চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সুকান্তর

    তদন্তে দিল্লি পুলিশ

    সেপ্টেম্বরের ৯-১০ দিল্লিতে জি-২০ সম্মেলন হবে। জি২০ শীর্ষ বৈঠক উপলক্ষে আপাতত সাজো সাজো রব রাজধানীতে। ওই শীর্ষ বৈঠক উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ-র কয়েক দিন দিল্লিতে থাকার কথা। তার আগে এই ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। দিল্লি পুলিশের স্পেশাল সেল ইতিমধ্য়েই তদন্তে নেমে পড়েছে। কারা এর পেছনে রয়েছে, তাদের কী ধরনের মতলব রয়েছে সবটা দেখার চেষ্টা করছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। মেট্রো স্টেশনের ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। ফুটেজ পরীক্ষা করার জন্য মেট্রো স্টেশনগুলির নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ-এর সাহায্য নিচ্ছেন দিল্লি পুলিশের গোয়েন্দারা। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার জ্ঞানবন্ত নাইকের বক্তব্য, ‘‘নাঙ্গলোইয়ে স্লোগান লেখার কথা আমরা আজ সকাল ১১টায় জানতে পেরেছি। তদন্ত শুরু হয়েছে।’’

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: “ভারতে আজ যাঁরা গরিব, আগামিকাল তাঁরাই হবেন মধ্যবিত্ত”, বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: “ভারতে আজ যাঁরা গরিব, আগামিকাল তাঁরাই হবেন মধ্যবিত্ত”, বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: “আজ যাঁরা গরিব রয়েছেন, আগামিকাল তাঁরাই হবেন মধ্যবিত্ত।” রবিবার দিল্লিতে বি-২০ সম্মেলনে যোগ দিয়ে কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি বলেন, “কেন্দ্রের দরিদ্র-মুখী নীতি দেশে একটা বিরাট সংখ্যক মধ্যবিত্ত তৈরি করবে কয়েক বছরের মধ্যেই। এঁরাই হবেন ভারতের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির চালিকা শক্তি।”

    ‘এঁরাই বৃহত্তম ক্রেতা’

    প্রধানমন্ত্রী বলেন, “নিত্য বহু মানুষ দারিদ্রের গণ্ডি ছেড়ে বের হচ্ছেন। তাঁরা ঢুকে পড়ছেন নয়া মধ্যবিত্ত শ্রেণিতে। এর অর্থ হল, দারিদ্র দূরীকরণে সরকার যে নীতি নিয়েছে, তা ঠিকঠাকভাবেই কাজ করছে।” তিনি (PM Modi) বলেন, “যাঁরা নয়া মধ্যবিত্ত শ্রেণির অন্তর্ভুক্ত হচ্ছেন, এঁরাই বৃহত্তম ক্রেতা। তাঁরা নয়া উচ্চাকাঙ্খা নিয়ে আসছেন। তাঁরাই ভারতকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছেন। দরিদ্রদের তুলে ধরতে সরকার যেসব কাজ করছে, তার সুবিধা আসলে ভোগ করছে মধ্যবিত্ত শ্রেণি, এমএসএমইএস। দরিদ্রমুখী নীতির জন্য আপনারা দেখতে পাবেন আগামী পাঁচ-সাত বছরের মধ্যেই দেশে বেড়ে গিয়েছে মধ্যবিত্ত জনসংখ্যা।”

    ‘সকলকেই সমান অংশ নিতে হবে’

    প্রধানমন্ত্রী বলেন, “মধ্যবিত্ত শ্রেণির ক্রয় ক্ষমতা ব্যবসায়ীদের সাহায্য করে। কিন্তু আমাদের লক্ষ্য যদি আত্মকেন্দ্রিক হয়, আমি মনে করি না যে, আমরা আমাদের কিংবা বিশ্বের কোনও ভাল করতে পারব।” তিনি (PM Modi) বলেন, “লাভজনক ব্যবসা টিকে থাকবে তখনই, যখন ক্রেতা ও বিক্রেতার মধ্যে ভারসাম্য বজায় থাকবে। এটা একটা দেশের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা যদি বাজারে কেবল অন্য দেশকেই দেখি, তাহলে আমাদের উৎপাদন আজ হোক কিংবা কাল মার খাবেই। সামনের দিকে এগনোর মন্ত্রই হল, অগ্রগামিতায় সকলকেই সমান অংশ নিতে হবে।”

    আরও পড়ুুন: “পুরো রাজ্যটাই বেআইনিভাবে চলছে”, বারাসতকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর

    প্রধানমন্ত্রী বলেন, “৪.০ শিল্প বিপ্লবের মুখ হয়ে দাঁড়িয়েছে ভারত। বিশ্ব সমৃদ্ধি নির্ভর করবে বাণিজ্যের ভবিষ্যতের ওপর।” তিনি বলেন, “কোভিড অতিমারি পর্বে বিশ্বের নানা সমস্যার সমাধান ছিল ভারত। কোভিড অতিমারি-উত্তর পর্বেও ভারত বিশ্ব গ্লোবাল সাপ্লাই চেনকে উন্নত করছে।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “গ্লোবাল সাপ্লাই চেনকে বিশ্ব কখনও একভাবে দেখে না। প্রয়োজনের সময় যদি কাজ না করতে পারে, তাহলে কী সেই সাপ্লাই চেনকে দক্ষ বলা যেতে পারে? ভারত হচ্ছে এর সমাধান। দক্ষ এবং বিশ্বাসযোগ্য গ্লোবাল সাপ্লাই চেন ঠিক রাখতে ভারতের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।  

     

     

  • PM Modi: “ইসরোর মিশন ভারতের নারী ক্ষমতায়নের জ্বলন্ত প্রমাণ”, বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: “ইসরোর মিশন ভারতের নারী ক্ষমতায়নের জ্বলন্ত প্রমাণ”, বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: “ইসরোর এই মিশন ভারতের নারী ক্ষমতায়নের জ্বলন্ত প্রমাণ। আমি লালকেল্লা থেকে বলেছিলাম, দেশকে শক্তিশালী করতে মহিলা নির্ভর উন্নয়নকে আরও মজবুত করতে হবে। মহিলাদের ক্ষমতাই অসম্ভবকে সম্ভব করেছে। চন্দ্রযান মিশন তারই প্রমাণ। এই মিশনে বহু মহিলা বিজ্ঞানী ও ইঞ্জিনিয়র সরাসরি যুক্ত ছিলেন।” রবিবার মন কি বাতের অনুষ্ঠানে কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

    মহিলাদের ক্ষমতায়ন

    তিনি বলেন, “যখন কোনও একটি দেশের মহিলারা এত উচ্চাকাঙ্খী হন, তখন সেই দেশের উন্নতি কে আটকাতে পারে? চন্দ্রযান-৩ মিশনের সাফল্যের জন্য আমি ইসরোর বিজ্ঞানীদের ধন্যবাদ জানাতে চাই। তাঁদের কঠোর পরিশ্রমেই এই স্বপ্ন সত্যি হয়েছে। চন্দ্রযান মিশন নতুন ভারতের প্রতীক হয়ে উঠেছে। এই নতুন ভারত যে কোনও পরিস্থিতিতে জয়লাভ করতে জানে।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “স্বাধীনতার অমৃত মহোৎসবে চন্দ্রযান-৩-র সাফল্য আমাদের উদযাপনকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। তিনদিন হয়ে গেল আমরা চাঁদে পা রেখেছি। এই সাফল্য এত বড় যে যতই আলোচনা করা হোক, তা কম বলেই মনে হয়।” 

    জি-২০ সম্মেলেন

    এদিনের ‘মন কি বাতে’ জি-২০ সম্মেলনের প্রসঙ্গও তোলেন প্রধানমন্ত্রী। গত বছর নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত জি-২০ সম্মেলেনে চলতি বছরের জি-২০ সম্মেলন আয়োজনের দায়িত্ব পায় ভারত। সে প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “ভারতের জি-২০-র নেতৃত্ব, ভারতবাসীর নেতৃত্বে পরিণত হয়েছে। একে একটি অন্তর্ভুক্তিকরণ ফোরামে পরিণত করেছে।”

    আরও পড়ুুন: “ভারতের আর্থিক শ্রীবৃদ্ধির প্রধান কারণ আধার”, বললেন ‘ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামে’র প্রেসিডেন্ট

    আগামী মাসে দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ সম্মেলন। এই সম্মেলনে বিশ্বের প্রায় ৪০টি দেশের প্রধানরা যোগ দেবেন। তাঁদের সঙ্গে থাকবেন ওই দেশগুলির পদস্থ আধিকারিকরাও। থাকবেন আমন্ত্রিত দেশগুলির সদস্যরাও। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ১৪ জন প্রধানও উপস্থিত থাকবেন ওই সম্মেলনে। প্রধানমন্ত্রী বলেন, “সেপ্টেম্বর মাসে শক্তিশালী ভারতের সাক্ষী হতে চলেছে দেশ। জি-২০ লিডার্স সম্মেলনের জন্য ভারত পুরোপুরি প্রস্তুত। এই সম্মেলনে যোগ দিতে ৪০টি দেশের প্রধান ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রধানরা আসবেন। জি-২০ সম্মেলনের ইতিহাসে এটি হবে বৃহত্তম সম্মেলন।” ৩১ অগাস্ট বিশ্ব সংস্কৃত দিবস। এ জন্য দেশবাসীকে আগাম শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। শুভেচ্ছা জানান আসন্ন রাখিপূর্ণিমা উপলক্ষেও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • AADHAAR: “ভারতের আর্থিক শ্রীবৃদ্ধির প্রধান কারণ আধার”, বললেন ‘ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামে’র প্রেসিডেন্ট  

    AADHAAR: “ভারতের আর্থিক শ্রীবৃদ্ধির প্রধান কারণ আধার”, বললেন ‘ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামে’র প্রেসিডেন্ট  

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার আধারের (AADHAAR) জয়গান গাইলেন ‘ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামে’র প্রেসিডেন্ট। তাঁর মতে, ভারত যে দ্রুত বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে উঠছে, তার প্রধান কারণ হল ডিজিটাল আইডি বা আধার কার্ড। এই আধার কার্ড প্রায় ১.৪ বিলিয়ন মানুষকে ইস্যু করা হয়েছে। 

    মোদি সরকারের কৃতিত্ব

    ২০১৪ সালে কেন্দ্রের ক্ষমতায় আসে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। সেই সময় বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় ভারত ছিল দশম স্থানে। সম্প্রতি এই তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত। দীর্ঘদিন এই জায়গাটা দখল করেছিল ইংল্যান্ড। ইংল্যান্ডকে সরিয়ে পঞ্চম স্থান দখল করেছে ভারত। ‘ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামে’র প্রেসিডেন্ট বোর্জে ব্রেন্ডে জানান, তিনি যখন ‘দ্য ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথের’ প্যানেলে, তখন সেখানে তিনি জানিয়েছিলেন, তিনি অসমের এক ঠাকুমাকে দেখেছেন, যিনি তাঁর সেলফোন থেকে নাতি-নাতনিকে টাকা পাঠাচ্ছেন। বর্জ ব্রেন্ডে বলেন, “যদি ভারতের ১.৪ বিলিয়ন মানুষ ডিজিটালি যুক্ত হন, আর বিশ্বের ৭ বিলিয়ন মানুষের মধ্যে যদি ৪ বিলিয়নই যদি ডিজিটালি যুক্ত না হন, তাহলে কী হবে? আপনাদের একটা বিরাট বড় সুযোগ আছে। এটি (আধার) অর্থনৈতিক উন্নতির একটি মানদণ্ড। দারিদ্র দূরীকরণের একটি ধাপও।” 

    আধারের লাভ

    একই কথার প্রতিধ্বনি শোনা গিয়েছে প্যানেলে থাকা আরও অনেকের মুখেও। তাঁরাও বলেন, “আর্থিক অন্তর্ভুক্তিকরণ (AADHAAR) একটি মাইক্রো এবং ম্যাক্রো বিষয়। আপনি যদি আর্থিক অন্তভুক্তিকরণে যুক্ত না হন, যাঁরা এর বাইরে রয়েছেন, যাঁদের অর্থনৈতিক লেনদেনের টুলগুলি সম্পর্কে কোনও ধারণাই নেই, তাহলে সেটি মারাত্মক বিষয়। দারিদ্রও একটি মারাত্মক বিষয়। আধার প্রোগ্রামের সাহায্যে ভারত যা করছে, তা হল তারা লোকজনকে অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্ভুক্ত করছে।” তাঁরা এও জানান, এই মুহূর্তে আপনাদের (ভারতের) কাছে পর্যাপ্ত তথ্য রয়েছে। মানুষ ফর্মাল অর্থনীতির অংশীদার হচ্ছে। এর মধ্যে আমরা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলিকে অন্তর্ভুক্ত করতে পারি। আমরা সেগুলির দ্রুত শ্রীবৃদ্ধি করতে পারি। স্বাভাবিকভাবেই সেখানে কর্মসংস্থান হবে। সেই কারণেই ভারত দ্রুততমগামী উন্নয়নশীল অর্থনীতির দেশ। কারণ এ দেশের আধার (AADHAAR) অর্থনীতি এখন প্রতিদান দিচ্ছে।

    আরও পড়ুুন: “‘লাল ডায়েরি’ ইস্যুতে ইস্তফা দেওয়া উচিত”, রাজস্থানে গেহলটকে নিশানা শাহের

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Shah: “‘লাল ডায়েরি’ ইস্যুতে ইস্তফা দেওয়া উচিত”, রাজস্থানে গেহলটকে নিশানা শাহের

    Amit Shah: “‘লাল ডায়েরি’ ইস্যুতে ইস্তফা দেওয়া উচিত”, রাজস্থানে গেহলটকে নিশানা শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: “যদি তাঁর লজ্জা থাকে তাহলে লাল ডায়েরি ইস্যুতে ইস্তফা দেওয়া উচিত এবং স্বচ্ছভাবে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত।” রবিবার রাজস্থানের গঙ্গাপুর শহরে ‘সহাকার কৃষক সম্মেলনে’ কথাগুলি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মুখ্যমন্ত্রী অশোক গেহলট কৃষকদের জন্য কিছু করেননি বলেও অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চলতি বছরই রাজস্থান বিধানসভার নির্বাচন। তার আগে এদিন কংগ্রেস পরিচালিত রাজস্থান সরকারকে নিশানা করেন শাহ।

    গেহলটকে আক্রমণ শাহের

    তিনি বলেন, “আমি গেহলট সাহেবকে বলতে চাই যে কিছু লোককে পাঠিয়ে স্লোগান দিয়েও আপনি কিছু করতে পারবেন না। যদি আপনার মধ্যে লজ্জার কিছুমাত্র অবশিষ্ট থাকে, তাহলে ‘লাল ডায়েরি’ ইস্যুতে আপনার পদত্যাগ করা উচিত। নির্বাচনও স্বচ্ছ করা উচিত। আজকাল গেহলট সাহেব লাল রংকে খুব ভয় পাচ্ছেন। কারণ সেই ডায়েরির রং লাল। কিন্তু এর মধ্যেই লুকিয়ে রয়েছে কালো কাজ। এই লাল ডায়েরিতেই রয়েছে কয়েক কোটি টাকার দুর্নীতির পুঙ্খানুপুঙ্খ বিবরণ।” তিনি বলেন, “বাড়িতে যদি লাল রংয়ের কোনও ডায়েরি থাকে, তাহলে গেহলটজি রেগে যাবেন।”

    ‘লাল ডায়েরি’

    প্রসঙ্গত, সম্প্রতি গেহলট মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন কংগ্রেস বিধায়ক রাজেন্দ্র সিং হুডাকে। নারী নির্যাতন নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হওয়ায় তাঁকে বরখাস্ত করা হয় বলে অভিযোগ। হুডার অভিযোগ, একটি লাল রংয়ের ডায়েরিতে গেহলটের বেআইনি অর্থনৈতিক লেনদেনের বিস্তারিত বিবরণ রয়েছে। যদিও গেহলটের দাবি, এমন কোনও ডায়েরি তাঁর নেই। হুডাকে বিজেপির ‘বলির পাঁঠা’ বলেও উল্লেখ করেন তিনি।

    আরও পড়ুুন: ‘লোকসভাতে প্রতিটা বুথে তৃণমূলকে ফাঁকা করব’, খেজুরির সভা থেকে হুঁশিয়ারি শুভেন্দুর

    শাহ (Amit Shah) বলেন, “কংগ্রেস সরকার কৃষকদের জন্য কিছুই করেনি। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কৃষি ক্ষেত্রে বাজেট ছ’ গুণ বাড়িয়েছে এবং সমন্বয় সাধনের জন্য একটি আলাদা মন্ত্রকও খুলেছে।” এদিন রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে শাহ বলেন, “কংগ্রেস আমলে কৃষিক্ষেত্রে বরাদ্দ ছিল ২২ হাজার কোটি টাকা। নরেন্দ্র মোদির সরকার সেটি ৬ গুণ বাড়িয়ে করেছে ১ লক্ষ ২৫ হাজার কোটি টাকা।” মোদি সরকার কৃষকদের জন্য যেসব প্রকল্প করেছে, সেগুলিও এদিন তুলে ধরেন শাহ। চাঁদে চন্দ্রযান-৩-র সফল অবতরণে গোটা দেশ যে গর্বিত, এদিন তাও মনে করিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)।   

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Security Force Rule: হানি ট্র্যাপের হাতছানি এড়াতে আধা সামরিক বাহিনীতে কড়া নির্দেশিকা

    Security Force Rule: হানি ট্র্যাপের হাতছানি এড়াতে আধা সামরিক বাহিনীতে কড়া নির্দেশিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘হানি ট্র্যাপের (Honey Trap) ফাঁদ থেকে কেন্দ্রীয়  আধিকারিকদের বাঁচাতেই এবার কেন্দ্রীয় পুলিশ বাহিনীর তরফে বিশেষ নির্দেশিকা জারি করা হল। পুলিশ আধিকারিকদের নির্দেশ (Security Force Rule) দেওয়া হল অনলাইনে কোনও রকমের বন্ধুত্ব যেন না পাতান। এছাড়াও ইউনিফর্ম পড়ে সোশ্যাল মাধ্য়মে ছবি আপলোড বা সাজেশনে আসা কোনও প্রোফাইলে যেন ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠান, তার কথাও বলা হয়েছে।

    কী কী করতে মানা

    অনলাইনে বন্ধুত্ব পাতিয়ে যৌনতার ফাঁদে ফেলার মতো ঘটনা বার বার প্রকাশ্যে আসায় দেশের গোয়েন্দা সংস্থার তরফে সতর্ক করা হল। গোয়েন্দা সূত্রে খবর, দেশের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার জন্য বেছে বেছে দেশের নিরাপত্তাবাহিনীর কর্মীদেরই বাছা হচ্ছে। ‘যৌনতার ফাঁদ’ পেতে অনলাইনে বন্ধুত্ব পাতানো, ছবি এবং ভিডিয়ো শেয়ার করার মতো ঘটনা ঘটছে। এমন বেশ কিছু ঘটনা মাঝেমধ্যেই প্রকাশ্যে আসছে। আর সেই ফাঁদে যাতে কেন্দ্রীয় বাহিনীর কর্মীরা পা না-দেন, তাই তাঁদের সতর্ক করলেন গোয়েন্দারা। গোয়েন্দাদের থেকে এমন সতর্কবার্তা পাওয়ার পরই দেশের আধাসামরিক বাহিনী এবং পুলিশকর্মীদের সতর্ক করার কাজ শুরু হয়েছে।

    কেন এই নিষেধাজ্ঞা

    কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে বহু আধিকারিকরাই নিজেদের ইউনিফর্মে ছবি বা ভিডিয়ো আপলোড করছেন। স্পর্শকাতর স্থান, যেমন সেনা ছাউনি বা অন্য কোনও ক্যাম্প থেকে এইসব ছবি-ভিডিয়ো আপলোড হওয়ায় অনেক গোপনীয় তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। অনলাইনে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে অচেনা মানুষের সঙ্গে বন্ধুত্ব ও চ্যাট করেও বিপদ ডেকে আনছেন। এই সমস্ত কার্যকলাপ থেকেই এবার বিরত থাকতে বলা হল আধিকারিকদের। শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীই নয়, প্য়ারামিলিটারি ও পুলিশ বাহিনীকেও এই নির্দেশ পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যদি এই নির্দেশ না মানা হয়, তবে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে। বিএসএফ ও আইটিবিপির তরফেও বাহিনীকে এই নির্দেশ অনুসরণ করতে বলা হয়েছে।

    আরও পড়ুন: দেশের গোপন নথি পাক গুপ্তচর সংস্থাকে পাচারের অভিযোগ! কলকাতায় ধৃত বিহারের যুবক

    দিল্লি পুলিশের একটি সূত্রের খবর, পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা তাঁর বাহিনীর সমস্ত কর্মীকে এ বিষয়ে অবহিত করেছেন। সমাজমাধ্যমে কোনও উস্কানিমূলক, কোনও কুরুচিকর মন্তব্য না করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই-ই নয়, যত ক্ষণ কাজ করবেন তত ক্ষণ কোনও সমাজমাধ্যম ব্যাবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়াও কোনও সংবেদনশীল ছবি পোস্ট না করতে নির্দেশ দেওয়া হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • STF: দেশের গোপন নথি পাক গুপ্তচর সংস্থাকে পাচারের অভিযোগ! কলকাতায় ধৃত বিহারের যুবক

    STF: দেশের গোপন নথি পাক গুপ্তচর সংস্থাকে পাচারের অভিযোগ! কলকাতায় ধৃত বিহারের যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: গুপ্তচরবৃত্তির অভিযোগে কলকাতা থেকে গ্রেফতার করা হল বিহারের এক যুবককে। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে ভক্ত বংশী ঝা নামে ওই যুবককে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। ভক্ত আদতে বিহারের দাড়ভাঙার বাসিন্দা। তাঁকে শুক্রবার কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের মোবাইলেও দেশ সম্পর্কিত গোপন ছবি ও ভিডিয়ো মিলেছে। আরও গুরুত্বপূর্ণ তথ্য় সংক্রান্ত নথিও মিলেছে বলে খবর।

    ধৃত দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত!

    শনিবার কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (এসটিএফ) ভি সলোমন নেশাকুমার জানান, শুক্রবার ওই  ব্যক্তিকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে। ৩৬ বছর বয়সি ভক্ত বংশী ঝা জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অনেক তথ্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কাছে পাঠাচ্ছিল। ধৃত বিহারের দারভাঙার বাসিন্দা। এসটিএফের দাবি, ভক্ত বংশী ঝায়ের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলির সরাসরি যোগাযোগ রয়েছে। ধৃত দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত। তার সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে কলকাতা পুলিশের এসটিএফ। তদন্তকারীরা জানতে পেরেছেন, ভক্ত বংশী ঝা এমন অনেক তথ্য পাকিস্তানে পাঠিয়েছে, যেগুলি দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত।

    আরও পড়ুন: চাঁদে নামার পর ৮ মিটার গড়ালো প্রজ্ঞানের চাকা! আপডেট দিল ইসরো

    জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলবে!

    ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি ধারায় ষড়যন্ত্রের মামলা রুজু করার পাশাপাশি অফিসিয়াল অ্যাক্ট ৩/৯ এর আর/ডব্লিউ ধারায় মামলা রুজু করা হয়েছে। এসটিএফ সূত্রে খবর, অভিযুক্ত বংশী গত তিন মাস ধরে কলকাতায় বাস করছিলেন। সম্প্রতি তাঁর কলকাতার আস্তানা সম্পর্কে গোপন সূত্রে খবর পায় পুলিশ। তার ভিত্তিতেই শুক্রবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। এর আগে অভিযুক্ত দিল্লির এক কুরিয়ার সার্ভিসে কাজ করছিলেন বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীদের দাবি, তাকে জিজ্ঞাসাবাদ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় পুলিশ বাহিনীর তরফে সেনা জওয়ান ও দেশের উচ্চ পদস্থ কর্তাদের সতর্ক করা হয়। মূলত সামাজিক মাধ্যমেই পাতা হত হানি ট্রাপের ফাঁদ। সেখানে দেশের গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিক কিংবা সেনার জওয়ানদের ফাঁসানো হত। গোপনীয় তথ্য ফাঁস হওয়া থেকে রক্ষা পেতে সোশ্যাল মিডিয়ায় এই কার্যকলাপ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কেন্দ্র।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share