Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Assam Flood: অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি, বিপন্ন লক্ষাধিক, আরও বৃষ্টির পূর্বাভাস

    Assam Flood: অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি, বিপন্ন লক্ষাধিক, আরও বৃষ্টির পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টির (Rain) বিরাম নেই। তাই ক্রমেই অবনতি হচ্ছে অসমের বন্যা (Assam Flood) পরিস্থিতির। প্রায় প্রতিদিনই নতুন নতুন এলাকা চলে যাচ্ছে জলের তলায়। উচ্চ অসমের লাখিমপুর থেকে নিম্ন অসম, রাজ্যের বিভিন্ন এলাকা জলমগ্ন। সব চেয়ে করুণ অবস্থা নলবাড়ি জেলার। সেখানকার ১০৮টি গ্রামের প্রায় ৪৫ হাজার বাসিন্দা গৃহহীন। সব মিলিয়ে অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১ লাখ ২০ হাজারের কাছাকাছি। এমতাবস্থায় আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যে বৃষ্টি চলবে আরও কয়েকদিন।

    ফুঁসছে ব্রহ্মপুত্র

    প্রবল বর্ষণের জেরে ফুঁসছে ব্রহ্মপুত্র নদ। দুকূল ছাপিয়ে বইছে তার বিভিন্ন শাখানদী। বন্যায় (Assam Flood) সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাকসা, দারাং, ধেমাজি, বরাপেটা, ধুবড়ি, কোকরাঝাড়, লাখিমপুর, শোনিতপুর, উদলাগিরি এবং নলবাড়ি। বন্যা দুর্গতদের অনেকেরই ঠাঁই হয়েছে ত্রাণ শিবিরে। তবে সেখানে যাঁদের জায়গা হয়নি, তাঁরা আশ্রয় নিয়েছেন উঁচু বাঁধের ওপর। নলবাড়ির অবস্থা সব চেয়ে খারাপ হওয়ার কারণ হল ভুটান থেকে বয়ে আসা নদী পাগলাদিয়া।

    জল বাড়ছে পাগলাদিয়ায়ও

    গত ২৪ ঘণ্টায় এই নদীর জলস্তর একলপ্তে বেড়ে গিয়েছে অনেকখানি। পাহাড়ে আরও বৃষ্টি হলে ফের দুঃখের কারণ হবে পাগলাদিয়া। গোদের ওপর বিষফোঁড়ার মতো ভুটানের জলাধার থেকে ছাড়া হচ্ছে জল। তাই সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। অসমের বিভিন্ন নদী ফুঁসতে থাকায় অনেক জায়গায় নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি সার্ভিস। রাজ্যের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছেন, রাজ্যের ১০ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ লক্ষ ১৯ হাজার ৮০০ জন।

    বন্যা (Assam Flood) দুর্গতদের উদ্ধারে নামানো হয়েছে সেনা, আধাসেনা, এনডিআরএফ এবং এসডিআরএফের কর্মীদের। কোমর বেঁধে নেমে পড়েছেন প্রশাসনের কর্মী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও। প্রবল বর্ষণ এবং বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা।

    তাই কয়েকটি জায়গায় বন্ধ হয়ে গিয়েছে স্থলপথে যোগাযোগও। এদিকে, প্রবল বৃষ্টির জেরে ধস নেমেছে অসমের ডিমা হাসাও এবং কামরূপ মেট্রোপলিটন জেলায়। গোয়ালপাড়া, লাখিমপুর, বরপেটা, মাজুলি, ধেমাজি, বঙ্গাইগাঁও সহ বিভিন্ন এলাকায় রাস্তা, সেতু এবং নদী বাঁধের ব্যাপক ক্ষতি হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

    আরও পড়ুুন: হাইকোর্টের গুঁতো! কেন্দ্রের কাছে আরও ৮০০ কোম্পানি বাহিনীর দাবি কমিশনের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Yogi Adityanath: “পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারাও চাইছেন ভারতের অংশ হতে,” দাবি যোগীর

    Yogi Adityanath: “পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারাও চাইছেন ভারতের অংশ হতে,” দাবি যোগীর

    মাধ্যম নিউজ ডেস্ক: “পাকিস্তান কপর্দকশূন্য। তাই পাক অধিকৃত কাশ্মীরের (POK) বাসিন্দারা চাইছেন ভারতের অংশ হতে।” মঙ্গলবার এই দাবি করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। উত্তর প্রদেশের আম্বেদকরনগরে প্রায় ১২১২ কোটি টাকার ২৩৩৯টি প্রকল্পের সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আজ ভারতের আইনেই কাশ্মীরকে (Kashmir) শাসন করা হচ্ছে। একটা নতুন শান্তি আর উন্নয়নের ধারায় এগিয়ে চলেছে কাশ্মীর। পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারাও চাইছেন ভারতের মধ্যে চলে আসতে। কেউই আর পাকিস্তানে থাকতে চাইছেন না।”

    ৩৭০ ধারা রদ

    কাশ্মীর থেকে ৩৭০ ধারা উঠে যাওয়া প্রসঙ্গে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, “ন’ বছর আগে কেউ কি ভেবেছিলেন যে ৩৭০ ধারা বাতিল করা সম্ভব? কেউ ভাবতে পারেননি। এবং আপনারা দেখলেন ২০১৯ সালের ৫ অগাস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা ছুঁড়ে ফেলে দেওয়া হল ইতিহাসের আস্তাকুঁড়ে।”

    শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ 

    আদিত্যনাথ (Yogi Adityanath) বলেন, “আজ কাশ্মীরে কোনও হিংসা নেই। সেই কারণেই পাক অধিকৃত কাশ্মীরের লোকজনও ভারতের অংশ হতে চাইছেন। আসলে দরিদ্র পাকিস্তানের সঙ্গে কেউই থাকতে রাজি নন।” তিনি বলেন, “সেই ১৯৫২ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন দুজন প্রধান, দুটো পতাকা এবং দুটো বিধান এক দেশে থাকতে পারে না। সেই কারণে তাঁকে জীবন বলি দিতে হয়েছিল। শ্যামাপ্রসাদের সেই স্বপ্ন পূরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।”

    আরও পড়ুুন: আবার ভাঙন শাসকদলে! সুকান্তর হাত ধরে দক্ষিণ দিনাজপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে

    মোদি জমানায় যে দেশের ব্যাপক উন্নতি হয়েছে, এদিন তাও জানান আদিত্যনাথ। তিনি বলেন, “ভারতের পরিকাঠামো উন্নয়ন, অভ্যন্তরীণ ও বাইরের পরিকাঠামোর উন্নতি করা, সাধারণ মানুষ, গরিব মানুষ সহ সকলের উন্নতির জন্য বিগত বছরে কার্যকরী ভূমিকা নিয়েছে মোদি সরকার।” তিনি বলেন, “মোদি সরকার ক্ষমতায় আসার আগে সন্ত্রাসবাদ, জঙ্গি কার্যকলাপ, মাওবাদী, নকশালদের হিংসার ঘটনা ছিল। দেশের মধ্যে ১১৫টি জেলায় ছড়িয়ে ছিল তারা। এখন সেটা কমে সীমাবদ্ধ হয়ে গিয়েছে ৩ থেকে ৪টি জেলায়।” প্রধানমন্ত্রীকে ‘সংকটমোচন’ বলেও উল্লেখ করেন আদিত্যনাথ (Yogi Adityanath)। তিনি বলেন, “বর্তমানে কোনও দেশ বিপদে পড়লে ভারতের শরণ নেয়। প্রধানমন্ত্রী অবতীর্ণ হন সংকটমোচনের ভূমিকায়। ভারত বদলে গিয়েছে। তামাম বিশ্বেরই মূল্যায়ন এটি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Manipur Violence: নতুন করে ছড়াল হিংসা! মণিপুর নিয়ে সর্বদল বৈঠক ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    Manipur Violence: নতুন করে ছড়াল হিংসা! মণিপুর নিয়ে সর্বদল বৈঠক ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সকাল থেকে ফের উত্তপ্ত মনিপুর (Manipur violence)। উত্তর বোলজাংয়ে তল্লাশির সময় অসম রাইফেলস জওয়ানদের ওপর গুলি বৃষ্টি শুরু হয়। পাল্টা জবাব দেয় বাহিনী। তিন জওয়ান জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রের খবর। শুধু পশ্চিম ইম্ফল নয় মনিপুরের অন্য অংশেও নতুন করে হিংসার খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। চলছে রাত দিন টহলদারি, মানুষের আস্থা ফেরানোর কাজও। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২৪ শে জুন মনিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন। পূর্ব ভারতের এই রাজ্যে শান্তি প্রতিস্থাপনের ক্ষেত্রে অমিত শাহর এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    মণিপুর নিয়ে সর্বদলীয় বৈঠক

    স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, মণিপুরে শান্তি (Manipur violence) ফেরাতে আগামী ২৪ জুন সর্বদলীয় বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিন সাউথ ব্লকে স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসেই ৩টে নাগাদ বৈঠকটি হবে। মণিপুরে কীভাবে শান্তি ফেরানো যায়, তা নিয়েই আলোচনা করা হবে। ইতিমধ্যেই বিরোধীরা কেন্দ্রকে মণিপুর নিয়ে চিঠি লিখেছেন। এদিকে মণিপুরেরও ৯ জন বিধায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা ব্যক্ত করেছেন। এই আবহে অবশেষে বৈঠক ডাকছেন শাহ।

    নতুন করে হিংসা মণিপুরে

    জনজাতি গোষ্ঠীর অশান্তির আগুনে পড়ুছে মণিপুর (Manipur)। গোষ্ঠীহিংসার জেরে মৃত্যু হয়েছে ১১৫ জনের। ঘরছাড়া ৪০ হাজারেরও বেশি মানুষ।  সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতি তারপর কিছুটা নিয়ন্ত্রণে এলেও নতুন করে হিংসার ঘটনা এড়ানো যাচ্ছে না। তার বড় উদাহরণ বলজাংয়ে অসম রাইফেলসের জওয়ানদের ওপর গুলি বর্ষণ। চিরুনি তল্লাশি চালানোর সময় ঘটনাটি ঘটে। কে বা কারা এর সঙ্গে জড়িত তা এখনও পর্যন্ত চিহ্নিত করা যায়নি। তবে অনেকের মনে হচ্ছে মনিপুরের শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া বিঘ্নিত করতেই এই পদক্ষেপ। 

    আরও পড়ুন: সবুজ হিরে-চন্দনকাঠের বাক্স, মার্কিন ফার্স্ট লেডিকে উপহার দিলেন মোদি

    বুধবার উত্তর-পূর্বের এই অশান্ত রাজ্যে (Manipur violence) পাঁচটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মনিপুরের বিষ্ণুপুর জেলার কাউক্তয় একটি গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, চালক গাড়ি বন্ধ করে বেরিয়ে আসার পরেই ঘটনাটি ঘটে। এতে তিন পথচারী গুরুতর আহত হয়েছেন। তাদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। গত ৩ মে থেকে জাতিদাঙ্গায় জ্বলছে মণিপুর। হাজার হাজার সেনা মোতায়েন করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কুকি এবং মেইতেই জনগোষ্ঠীর সংঘর্ষ। সম্প্রতি মণিপুর সরকারের এক রিপোর্ট বলা হয়েছে, রাজ্যে মায়ানমার থেকে অনুপ্রবেশ ঘটছে। প্রায় ২ হাজার অনুপ্রবেশকারী রয়েছে রাজ্যে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jammu Kashmir: উদ্ধার একে ৪৭-এর গুলি, গ্রেনেড! কাশ্মীরের অনন্তনাগে গ্রেফতার ২ লস্কর জঙ্গি

    Jammu Kashmir: উদ্ধার একে ৪৭-এর গুলি, গ্রেনেড! কাশ্মীরের অনন্তনাগে গ্রেফতার ২ লস্কর জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) অনন্তনাগ থেকে গ্রেফতার ২ লস্কর জঙ্গি (LeT Terrorists Arrested)। বিজভেড়া এলাকা থেকে বৃহস্পতিবার ২ জঙ্গিকে গ্রেফতার করে অনন্তনাগ পুলিশ। এই দুজন লস্কর জঙ্গিদের সহযোগী হিসেবে কাজ করত। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে এক লক্ষ নগদ, ১২টি একে-৪৭ বন্দুকের রাউন্ড এবং একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। 

    কাশ্মীর (Jammu Kashmir) জোনের এক শীর্ষ পুলিশকর্তা বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, ধৃতরা হল—বিজবেহারার আরওয়ানি এলাকার বাসিন্দা আবরার উল হক কাটু ও বিজবেহারার শেতিপোরা এলাকার বাসিন্দা তৌসিফ আহমেদ ভাট। নাকা চেকিংয়ের সময় দুই সন্দেহভাজনকে আগ্নেয়াস্ত্র, নগদ টাকা ও গোলাবারুদ-সহ গ্রেফতার করেছে পুলিশ। বিজভেড়া থানায় ওই দুজনের নামে মামলা দায়ের করা হয়েছে।

    অমরনাথ যাত্রাপথে হামলার ছক?

    এখানে বলে রাখা প্রয়োজন, জম্মু কাশ্মীরে (Jammu Kashmir) শুরু হয়ে গিয়েছে অমরনাথ যাত্রা। হাজার হাজার পুণ্যার্থী পবিত্র অমরনাথ যাত্রায় নাম লিখিয়েছেন। আর এই যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল অনন্তনাগ। কারণ, এখান দিয়েই অমরনাথের উদ্দেশে রওনা দেন তীর্থযাত্রীরা। এর আগেও, অমরনাথ যাত্রার সময় অনন্তনাগে হামলার চেষ্টা চালিয়েছে জঙ্গিরা। তাই, এই সময়টা অত্যন্ত সতর্ক থাকে নিরাপত্তাবাহিনী। গোটা রুটে প্রচুর সেনা, আধাসেনা ও পুলিশ মোতায়েন থাকে। পুলিশের সন্দেহ, অমরনাথের পথে নাশকতামূলক হামলার ছক হয়ত জঙ্গিরা করে থাকতে পারে। ধৃত ২ জঙ্গি-সহযোগীকে জেরা করে তাদের পরিকল্পনা জানার চেষ্টা করছে অনন্তনাগ পুলিশ। 

    ত্রিপুরায় ধৃত ২ পাক জঙ্গি

    এর আগে গতকাল, অর্থাৎ বুধবার ত্রিপুরায় পুলিশের জালে ধরা পড়ে আরও ২ সন্দেহভাজন পাকিস্তানি জঙ্গি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগরতলার অশ্বিনী মার্কেট এলাকা থেকে ধরা হয় ওই দুজনকে। ধৃতদের নাম ইয়াকুব ইয়াজদানবক্স এবং সাহিন মণ্ডল। পুলিশের দাবি, তাদের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠনের যুক্ত থাকার ‘প্রাথমিক প্রমাণ’ পাওয়া গিয়েছে। ওই দুই সন্দেহভাজন জঙ্গির কাছে থেকে প্রচুর জাল আধার কার্ড, প্যান কার্ড পাওয়া গিয়েছে। সেই সঙ্গেই তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amul Girl: আমূল-তনয়ার চোখে জল, প্রয়াত স্রষ্টা সিলভেস্টর ডাকুনহা 

    Amul Girl: আমূল-তনয়ার চোখে জল, প্রয়াত স্রষ্টা সিলভেস্টর ডাকুনহা 

    মাধ্যম নিউজ ডেস্ক: ষাটের দশক থেকে এখনও পর্যন্ত ছোট থেকে বড়, ধনী থেকে গরিব অধিকাংশ ভারতীয়ের ঘরেই পরিচিত আমূল কন্যা (Amul Girl)। আমূলের বিজ্ঞাপনে দুষ্টি-মিষ্টি সেই বালিকার ছবি দেখতে অভ্যস্ত ভারত। সেই হাসি-খুশি মেয়ের চোখে আজ জল। পিতৃহারা ‘আটারলি বাটারলি ডিলিশাস’ আমূল গার্ল। আমূল গার্লের স্রষ্টা সিলভেস্টর ডাকুনহা আর নেই। নীরবেই চলে গেলেন বিজ্ঞাপন জগতের এই মহীরূহ।

    বিজ্ঞাপনের ভাষা বদলেছিল আমূল গার্ল

    শুরুটা হয়েছিল সেই ১৯৬৬ সালে। সিলভেস্টর ডাকুনহা তাঁর আর্ট ডিরেক্টর ইউস্তাসে ফার্নাদেন্জের সঙ্গে যৌথভাবে পেন্সিল স্কেচে ফুটিয়ে তুলেছিলেন এই আমূল গার্লকে। তারপর থেকে রাজনৈতিক ঘটনাপ্রবাহ হোক কিংবা ভারতের বিশ্বকাপ জয়, শাহরুখ খানের সুপারহিট সিনেমা হোক কিংবা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সর্বক্ষেত্রেই ‘মাখন’-এর মতো মজাদার বিজ্ঞাপন ফুটিয়ে তুলতে এই আমূল গার্লের (Amul Girl) জুড়ি মেলা ভার। সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে যে বিজ্ঞাপনের ভাবনা তৈরি করা যায়, তা ভারতীয় বিজ্ঞাপন জগতকে শিখিয়েছিলেন সিলভেস্টর ডাকুনহা। নীল রঙের চুল, তাতে বাঁধা ছোট্ট রিবন, পরনে সাদার ওপর লাল গোল গোল ডিজাইন করা ফ্রক, এই রূপে তাঁকে দেখতে অভ্যস্ত গোটা ভারত।

    আরও পড়ুন: সবুজ হিরে-চন্দনকাঠের বাক্স, মার্কিন ফার্স্ট লেডিকে উপহার দিলেন মোদি

    শুরুর দিন থেকেই সুপারহিট আমূল গার্ল

    শুরুর দিন থেকেই সুপারহিট ‘আমূল গার্ল’ (Amul Girl)। বিজ্ঞাপন জগতের দশা আর দিশা বদলেছিল আমূলের এই ম্যাসকট। এ দেশের সবচেয়ে বেশি সময় ধরে চলা বিজ্ঞাপন। সেই ষাটের দশক থেকে এখনও পর্যন্ত আমূলের ওই বালিকা রীতিমতো জনপ্রিয়। আমূল কন্যার স্রষ্টা সিলভেস্টর ডাকুনহার মৃত্যুর খবর জানান আমূলের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা। ট্যুইটারে এই শোকবার্তা ভাগ করে নেন তিনি।

    আমূলের মার্কেটিং ম্যানেজার পবন সিং লিঙ্কডইন-এ সিলভেস্টর ডাকুনহার মৃত্যু নিয়ে শোকপ্রকাশ করেছেন। ‘ভারতীয় বিজ্ঞাপন জগতের কিংবদন্তি’-র মৃত্যু তাঁর কাছে ব্যক্তিগত ক্ষতি বলে উল্লেখ করেন তিনি, জানান গত তিন দশকে প্রয়াত ডিকুনহার কাছ থেকে বিজ্ঞাপন জগত সম্পর্কে অনেক কিছু শেখবার সুযোগ পেয়েছেন তিনি। পবন সিং-এর কথায়, ‘আমূল গার্ল ক্যাম্পেন বিজ্ঞাপন জগতে নতুন উচ্চতা ছুঁয়েছে। আউটডোর হোর্ডিং থেকে প্রিন্ট, টিভি তারপর ডিজিটাল, প্রজন্মের পর প্রজন্ম বুঁদ থেকে আমূল গার্লে। এর জনপ্রিয়তা প্রশ্নাতীত, সবটাই শুরু হয়েছিল ডিকুনহার হাত ধরে’।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Ram Mandir: মকর সংক্রান্তির দিন অযোধ্যার রামমন্দিরে প্রতিষ্ঠিত হবেন রামলালা, আমন্ত্রণ প্রধানমন্ত্রীকে

    Ram Mandir: মকর সংক্রান্তির দিন অযোধ্যার রামমন্দিরে প্রতিষ্ঠিত হবেন রামলালা, আমন্ত্রণ প্রধানমন্ত্রীকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি। হিন্দুদের কাছে দিনটি অত্যন্ত পবিত্র। পবিত্র এই দিনেই অযোধ্যার রামমন্দিরের (Ram Mandir) গর্ভগৃহে স্থাপন করা হবে রামলালার মূর্তি। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রামমন্দির নির্মাণ ট্রাস্টের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। মঙ্গলবার এ কথা জানান ট্রাস্টের চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। তিনি বলেন, ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া ওই অনুষ্ঠান চলবে ১০ দিন ধরে। ভক্তদের কথা মাথায় রেখে মূর্তি স্থাপনের এই অনুষ্ঠান যাতে দেশ-বিদেশে সম্প্রচার করা হয়, তার চেষ্টাও হবে বলে জানান নৃপেন।  

    মন্দির নির্মাণের অগ্রগতি

    অক্টোবরের মধ্যেই মন্দির নির্মাণের সিংহভাগ কাজ শেষ হয়ে যাবে বলেও জানান তিনি। মন্দির (Ram Mandir) নির্মাণের কাজ যে ২০২৪ সালের ১ জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে চলতি বছরের জানুয়ারি মাসেই সেই ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ত্রিপুরা সফরে গিয়ে তিনি বলেছিলেন, রামমন্দির নির্মাণের কাজ ২০২৪ সালের ১ জানুয়ারির মধ্যেই সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। চারতলার ওই মন্দিরের একতলার কাজ চলতি মাসেই শেষ হয়েছে বলেও জানান নৃপেন্দ্র। তিনি বলেন, এই তলটি রাম কথা শোনানোর জন্য সংরক্ষণ করে রাখা হবে।

    মন্দিরের নকশা

    ২০২০ সালের ৫ অগাস্ট রামমন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছর মোদি সরকারের ৯ বছর পূর্তি। সেই উপলক্ষে আয়োজিত এক সভায় নির্মীয়মাণ রামমন্দিরের ছবি দেখিয়ে জানানো হয়েছিল, আগামী বছরই মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। সেই মতোই জোরকদমে চলছে কাজ। মন্দিরের নকশা দেখিয়ে নৃপেন্দ্র জানান, ৩৬০*২৩৫ ফুটের রাম মন্দিরের (Ram Mandir) প্রথম তলে স্তম্ভ থাকবে ১৬০টি। দ্বিতীয় তলে স্তম্ভের সংখ্যা ১৩২টি। আর তৃতীয় তলে স্তম্ভ থাকবে ৭৪টি। মন্দিরে মণ্ডপ থাকবে পাঁচটি।

    আরও পড়ুুন: “২০১৩-র চেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট”, কড়া নির্দেশ হাইকোর্টের

    সেগুন কাঠের দরজা থাকবে ৪৬টি। মন্দিরে ইট কিংবা স্টিল ব্যবহার করা হচ্ছে না। রাজস্থান থেকে আনানো গোলাপি রংয়ের বেলেপাথর ও মার্বেল বসানো হচ্ছে দেওয়ালে। মন্দিরের জন্য কর্নাটক থেকে আনানো হয়েছে গ্রানাইট। মন্দিরের গর্ভগৃহে ব্যবহার করা হচ্ছে রাজস্থান থেকে আনা সাদা মার্বেল পাথর। গর্ভগৃহের দরজাটি হবে সোনায় মোড়ানো। মন্দিরের দেওয়ালে আঁকা থাকবে রামায়নের কাহিনি। তিনটি দরজা ও মন্দিরের চূড়াও হবে সোনায় মোড়া।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Panchayat Election 2023: বোমা ফেটে জখম ৫, রাজ্যের রিপোর্ট তলব জাতীয় শিশু সুরক্ষা কমিশনের

    Panchayat Election 2023: বোমা ফেটে জখম ৫, রাজ্যের রিপোর্ট তলব জাতীয় শিশু সুরক্ষা কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) আগে রাজ্যের যত্রতত্র বোমা তৈরি হচ্ছে বলে অভিযোগ। বড়দের পাশাপাশি তার মাশুল গুণতে হচ্ছে শিশুদেরও। এই যেমন হল মুর্শিদাবাদের (Murshidabad) জঙ্গিপুরে। সোমবার আমবাগানে পড়ে থাকা একটা গোলাকার বস্তুকে বল ভেবে খেলতে গিয়ে বোমার ঘায়ে জখম হয়েছে ৫ শিশু। তার মধ্যে একজনের অবস্থ আশঙ্কাজনক। কীভাবে ওই ৫ শিশু বোমার ঘায়ে জখম হল, তা জানতে মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। জাতীয় শিশু সুরক্ষা আইনে ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে জবাব চাওয়া হয়েছে রাজ্যের কাছে। তলব করা হয়েছে অ্যাকশন টেকেন রিপোর্টও। অকুস্থল পরিদর্শন করতে বাংলায় আসতে চায় কমিশনের বিশেষ টিম। সেই অনুমতিও চাওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের কাছে।  

    জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চিঠি

    জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফে দুটি চিঠি লেখা হয়েছে। একটি রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। তাতে লেখা হয়েছে, “মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকায় বল ভেবে (Panchayat Election 2023) বোমা নিয়ে খেলতে গিয়ে ৭ থেকে ১১ বছর বয়সি ৫ শিশু জখম হয়েছে। তারা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।” ঘটনাটিকে গুরুতর ‘শিশু অধিকার লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করে কমিশনের আর্জি, স্বতঃপ্রণোদিত তদন্ত করুক রাজ্য। জখম শিশুদের দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা এবং দোষীদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেওয়ার বার্তাও দেওয়া হয়েছে রাজ্যকে।

    রাজ্যের রিপোর্ট তলব

    ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্টও তলব করা হয়েছে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণায় হওয়ায় লাগু হয়েছে আদর্শ নির্বাচনী আচরণ বিধি। তাই রাজ্যে আসার জন্য নির্বাচন কমিশনের অনুমতিও চেয়েছে শিশু সুরক্ষা কমিশন। নির্বাচন (Panchayat Election 2023) কমিশনকে দেওয়া চিঠিতে জাতীয় শিশু সুরক্ষা কমিশন বলেছে, প্রয়োজনীয় পদক্ষেপ করে আমাদের টিমকে ঘটনাস্থলে যেতে দেওয়া হোক।

    আরও পড়ুুন: হুমায়ুনের পর এবার বিদ্রোহী মনোরঞ্জন! ছাড়লেন দলীয় পদ

    ফরাক্কার ইমামনগর এলাকার একটি বাগানে খেলা করছিল ৫ শিশু। তাদেরই একজনের নজরে পড়ে বলের মতো গোলাকার একটি বস্তু। তাতে সজোরে লাথি মারে শিশুটি। কান ফাটানো আওয়াজ করে ফেটে যায় তাজা বোমাটি। জখম হয় পাঁচজনেই। দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাঠানো হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: ‘একতাই যোগ, এর মধ্য দিয়ে বিবিধতাকে উদযাপন করে ভারত’, বার্তা প্রধানমন্ত্রীর

    Narendra Modi: ‘একতাই যোগ, এর মধ্য দিয়ে বিবিধতাকে উদযাপন করে ভারত’, বার্তা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বে যোগের প্রসারে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। সুস্বাস্থ্যের জন্য যোগ অত্যন্ত জরুরি। যোগের মাধ্যমে বসুধৈব কুটুম্বকম-এর মন্ত্র জোরালো হবে। বিশ্ব যোগ দিবসে (International Yoga Day) বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। আজ, ২১ জুন সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। মার্কিন সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্বমঞ্চেও যোগাসন ও ভারতের সঙ্গে এর নিবিড় সম্পর্ককে তুলে ধরেছেন মোদি। আজ যোগ নিয়ে রাষ্ট্রপুঞ্জের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তিনি। তার আগেই বিশ্ব যোগ দিবসে দেশবাসীকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী। 

    গোটা বিশ্ব এক পরিবার

    বিশ্ব যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে যোগাসন। বিশ্বের কোটি কোটি মানুষ ‘বসুধৈব কুটুম্বকম’-এর মন্ত্র অনুসরণ করে যোগাসন করছেন। আমাদের ঋষি-মুনীরা যোগাসনের গুরুত্ব বুঝিয়ে দিয়ে গিয়েছেন। তাঁরা বলেছেন, “ভুজায়াতে আনেন ইতি যোগা”, যার অর্থ হল একতাই যোগ। সুতরাং বিশ্বজুড়ে যোগাসন ছড়িয়ে পড়ায় গোটা বিশ্ব এক পরিবারের চিন্তাধারাই বিকশিত হচ্ছে।”

    নিয়মিত যোগাভ্যাস জরুরি

    এ দিন প্রধানমন্ত্রী বলেন, “প্রতি বছরই আমি যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিই। কিন্তু এবার বিশেষ কিছু দায়িত্বের জন্য আমেরিকায় রয়েছি। তাই ভিডিয়ো বার্তার মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলছি।” প্রধানমন্ত্রী ভিডিয়ো বার্তায় বলেন, “সুস্থ শরীরের জন্য নিয়মিত যোগাভ্যাস অত্যন্ত জরুরি।” এদিন বক্তব্য রাখার সময় মেক ইন ইন্ডিয়ার প্রসঙ্গও শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। তিনি আরও বলেন, ‘ভারতের সংস্কৃতি হোক বা সমাজ, আদর্শ হোক বা দর্শন- সবকিছুতেই ভারত শান্তির বার্তা দিয়েছে, বেঁধে থাকার বার্তা দিয়েছে। বিবিধতাকে উদযাপন করেছে ভারত। এই সব কিছুতেই যোগের ভূমিকা রয়েছে।

    আরও পড়ুন: ২১ জুন বিশ্ব যোগ দিবস, দিনটি সম্পর্কে জানেন?

    রাষ্ট্রপুঞ্জে যোগ দিবস

    প্রধানমন্ত্রী আরও বলেন, “আজ আমি আপনাদের সঙ্গে থাকতে না পারলেও, যোগাসন থেকে পালিয়ে যাচ্ছি না। ভারতীয় সময় অনুযায়ী, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে যোগ দিবস উপলক্ষে যে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাতে আমি যোগ দেব। ভারতের আমন্ত্রণে বিশ্বের ১৮০টিরও বেশি দেশের যোগদান ঐতিহাসিক ও অভূতপূর্ব। ২০১৪ সালে যখন রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিবসের প্রস্তাব পেশ করা হয়, রেকর্ড সংখ্যক দেশ সেই প্রস্তাবে সমর্থন জানিয়েছিলেন।” যোগের মাধ্যমে অভ্যন্তরীণ বিবাদকে শেষ করার কথাও বলেন প্রধানমন্ত্রী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • International Yoga Day: ২১ জুন বিশ্ব যোগ দিবস, দিনটি সম্পর্কে জানেন?

    International Yoga Day: ২১ জুন বিশ্ব যোগ দিবস, দিনটি সম্পর্কে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২১ জুন ‘ইন্টারন্যাশনাল যোগা ডে’ (International Yoga Day)। এবার নবম বর্ষে পড়ল। বিশ্বের বিভিন্ন প্রান্তে মার্যাদার সঙ্গে পালন করা হবে দিনটি। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের (UN) সদর দফতরেও পালিত হবে দিনটি। এবার ওই অনুষ্ঠানে দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও (PM Modi)। স্থানীয় সময় সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত যোগা হবে সেখানে।

    যোগা কী?

    আগে জেনে নেওয়া যাক যোগা কী? যোগা হল একই সঙ্গে শরীর, মন এবং আধ্যাত্মিকতার যোগ। প্রাচীন ভারতে জন্ম যোগার। সংস্কৃতে ‘যোগা’ শব্দের অর্থ যোগ করা, একীভূত করা। দেহের সঙ্গে চৈতন্যকে একীভূত করাই হল যোগা। ২০১৪ সালে ক্ষমতায় আসে নরেন্দ্র মোদির সরকার। রাষ্ট্রসংঘের সাধারণ সভার ৬৯ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে যোগার উপকারিতা সম্পর্কে বলেছিলেন মোদি। সেদিন প্রধানমন্ত্রী বলেছিলেন, “যোগা হল আমাদের প্রাচীন ঐতিহ্যের এক অমূল্য ধারা। যোগা শরীর এবং মনের ঐক্য সাধন করে। চিন্তার সঙ্গে ঐক্য গড়ে তোলে কাজের। …শরীর এবং মন ভাল রাখার একটি গুরুত্বপূর্ণ পথ হল যোগা। এটা কেবল শরীর চর্চা নয়, তার চেয়েও বেশি কিছু। যোগা একটা পথ, যে পথ নিজের সঙ্গে একাত্মবোধ গড়ে তোলে, ঐক্যবোধ গড়ে তোলে বিশ্ব এবং প্রকৃতির সঙ্গেও।”

    ‘বিশ্ব যোগা ডে’

    তার পরেই প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘকে অনুরোধ করেন ২১ জুন দিনটিকে ‘বিশ্ব যোগা ডে’ (International Yoga Day) হিসেবে ঘোষণা করার। ২১ জুন দিনটিকে বেছে নেওয়ার কারণ হিসেবে প্রধানমন্ত্রী জানান, এদিন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন, রাত ছোট। ভারতের প্রধানমন্ত্রীর সেই অনুরোধে সাড়া দেয় রাষ্ট্রসংঘ। তার পরের বছর থেকে ২১ জুন দিনটি পালিত হয়ে আসছে ‘ওয়ার্ল্ড যোগা ডে’ হিসেবে। নিয়মিত যোগাভ্যাস করলে যে শরীরের সঙ্গে সঙ্গে মনও ভাল থাকে, তামাম বিশ্বকে সেই বার্তা দিতেই আন্তর্জাতিক যোগা ডে পালনের সিদ্ধান্ত নেয় রাষ্ট্রসংঘ। যোগা ডে পালন সংক্রান্ত খসড়ায় স্বাক্ষর করেন বিশ্বের ১৭৭টি দেশের প্রতিনিধিরা।

    আরও পড়ুুন: তিনি না শাওনি, ঠিক করতে হবে মুখ্যমন্ত্রীকে, বিস্ফোরক বিধায়ক হুমায়ুন কবীর

    দেশে প্রথমবার আন্তর্জাতিক যোগা ডে (International Yoga Day) পালনের উদ্যোগ নেয় কেন্দ্রের আয়ূষ মন্ত্রক। সেবার অংশ নিয়েছিলেন ৩৫ হাজার ৯৮৫ জন। এঁদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের ৮৪ জন বিশিষ্ট ব্যক্তিও। দিল্লির রাজপথের ওই অনুষ্ঠানে ৩৫ মিনিটে তাঁরা ২১টি আসন করেছিলেন। এটাই হচ্ছে বিশ্বের সব চেয়ে বড় যোগার ক্লাস। নিয়মিত যোগাভ্যাসের গুরুত্ব স্বীকার করে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। তারাও সদস্য দেশগুলিকে অনুরোধ করেছে যোগা সম্পর্কে নাগরিকদের সচেতন করতে। কারণ নিয়মিত যোগাভ্যাসের ফলে দূরে রাখা যায় ক্যান্সার, ডায়বেটিস মায় হার্টের রোগকেও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: আমেরিকা উড়ে গেলেন প্রধানমন্ত্রী, দেখা করবেন ইলন মাস্কের সঙ্গেও?

    PM Modi: আমেরিকা উড়ে গেলেন প্রধানমন্ত্রী, দেখা করবেন ইলন মাস্কের সঙ্গেও?

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার সকালে আমেরিকা উড়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) এবং মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে তিনদিনের রাষ্ট্রীয় সফরে গেলেন প্রধানমন্ত্রী। চলতি সফরে তিনি সাক্ষাৎ করবেন টেসলা সিইও এবং ট্যুইটারের মালিক মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে।

    মোদি-মাস্ক সাক্ষাৎ

    ২০১৫ সালে ক্যালেফোর্নিয়ার টেসলা মোটরস কারখানা পরিদর্শনের সময় ইলন মাস্কের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী। তবে সেই সময় ট্যুইটারের মালিক ছিলেন না মাস্ক। ভারতে কারখানা গড়ে তোলার জন্য জায়গা খুঁজছে টেসলা। এমন সময় ইলন মাস্কের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বই কি! সম্প্রতি এক সাক্ষাৎকারে মাস্ক জানিয়েছিলেন, চলতি বছর শেষ হওয়ার আগেই টেসলা ভারতে কারখানা গড়ার জন্য জমি নির্বাচন চূড়ান্ত করে ফেলবে।

    কার কার সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি?

    কেবল মাস্ক নন, এদিন নিউইয়র্কে পা রাখার পরেই প্রধানমন্ত্রী (PM Modi) সাক্ষাৎ করবেন দু ডজনেরও বেশি খ্যাতনামা ব্যক্তির সঙ্গে। এঁদের মধ্যে যেমন নোবেল পুরস্কার প্রাপক রয়েছেন, তেমনি রয়েছেন গায়ক, শিক্ষাবিদ সহ সমাজের সর্বস্তরের মানুষ। জানা গিয়েছে, চলতি সফরে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন লেখক ও জ্যোতির্পদার্থবিদ নীল ডিগ্র্যাস টাইসন, অর্থনীতিবিদ পল রোমার, পরিসংখ্যানবিদ নিকোলাস নাসিম তালেব, বিনিয়োগকারী রে ডালিও, ইন্দো-মার্কিন গায়ক ফালু শাহ, লেখক ও গবেষক জেফ স্মিথ, প্রাক্তন মার্কিন বাণিজ্য প্রতিনিধি মাইকেল ফ্রোম্যান, কূটনীতিক ড্যানিয়েল রাসেল এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞ এলব্রিজ কোলবির সঙ্গে। নোবেলজয়ী চিকিৎসক পিটার অ্যাগ্রে, স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ স্টিফেন ক্লাসকো এবং ইন্দো-মার্কিন ব্যবসায়ী ও শিল্পী চন্দ্রিকা ট্যান্ডনের সঙ্গেও দেখা করতে পারেন প্রধানমন্ত্রী।

    আরও পড়ুুন: “পশ্চিমবঙ্গকে আলাদা দেশ মনে করেন মুখ্যমন্ত্রী”! পশ্চিমবঙ্গ দিবসে তোপ শুভেন্দুর

    আমেরিকায় ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর (PM Modi)। প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করার পাশাপাশি বুধবার নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে অংশ নেবেন তিনি। পরের দিন বাইডেনের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। পরে ভাষণ দেবেন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে। ওই দিনই নৈশভোজ সারবেন বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেনের সঙ্গে। শুক্রবার প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। আমেরিকা সফর শেষে প্রধানমন্ত্রী যাবেন মিশরে। সেখানেও যোগ দেবেন একাধিক কর্মসূচিতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

LinkedIn
Share