Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Suvendu Adhikari: ভূপতিনগর কাণ্ডে এনআইএ-র তদন্তের দাবিতে অমিত শাহকে চিঠি শুভেন্দুুর

    Suvendu Adhikari: ভূপতিনগর কাণ্ডে এনআইএ-র তদন্তের দাবিতে অমিত শাহকে চিঠি শুভেন্দুুর

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় এর আগেই এনআইএ তদন্তের দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিন্তু এবারে তিনি এই বিষয়ে জানিয়ে সরাসরি চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। চিঠিতে তিনি রাজ্যের একের পর এক বিস্ফোরণের কথা তুলে ধরেছেন। এমনকি চিঠিতে তিনি অভিযোগ করেছেন, রাজ্যে শুধু বোমা নয়, বন্দুক, গুলিও মজুত করা হচ্ছে। তিনি অভিযোগ করেছেন, ভূপতিনগর কাণ্ডে সরকারের বিরুদ্ধে প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে। ফলে তিনি ভূপতিনগরের বোমা বিস্ফোরণ কাণ্ডে এনআইএ-র তদন্ত চেয়ে অমিত শাহকে চিঠি লিখেছেন।

    ভূপতিনগরের বোমা বিস্ফোরণ

    শনিবার শাসকদলের সর্বভারতীয় সাধারণ-সম্পাদকের সভার আগেই বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। বিস্ফোরণে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না-সহ তিনজনের মৃত্যু হয়। আহত আরও দুই। তীব্রতা এতটাই বেশি ছিল যে উড়ে গেছে গোটা বাড়িটাই। আর এই নিয়েই শুরু হয় রাজনৈতিক চাপানউতর।

    সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর তার আগেই শুরু হয়েছে রাজ্যের একাধিক জায়গায় বোমা বিস্ফোরণ। ফলে এই নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির। এই ঘটনায় এনআইএ-র দাবি করা হয়েছে ও অমিত শাহকে এই বিষয়ে চিঠিও লিখেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    আরও পড়ুন: ভাঙড়ে বোমা কারখানার হদিশ, তৃণমূল না আইএসএফ কারা বানাত?

    একাধিক অভিযোগ চিঠিতে

    শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) চার পাতার চিঠিতে উঠে এসেছে শাসকদলের বিরুদ্ধে একাধিক অভিযোগ। তিনি চিঠিতে লিখেছেন, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে বোমা, বারুদ, অস্ত্র মজুত করা হচ্ছে। তাই ভূপতিনগরের বিস্ফোরণে এনআইএ-র তদন্তের পাশাপাশি তিনি রাজ্যে বোমা, অস্ত্র মজুতের বিষয়েও ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

    এরপর তিনি (Suvendu Adhikari) মন্তব্য করেছেন যে, রাজ্য বোমা তৈরির ‘কুটির শিল্পে’ পরিণত হয়েছে। এ প্রসঙ্গে তিনি তৃণমূল সাংসদ সৌগত রায়ের একটি ভাষণের উল্লেখ করেছেন। চিঠিতে উদ্ধৃতি তুলে দিয়ে তিনি দেখিয়েছেন, ওই ভাষণে সাংসদ সৌগত রায় বোমা তৈরির ফর্মুলা বলছেন। এছাড়াও তিনি চিঠিতে অভিযোগ করেছেন যে, পঞ্চায়েত নির্বাচনের আগে শাসকদল রাজ্য জুড়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে। রাজ্য জুড়ে একাধিক বিস্ফোরণের কথাও উল্লেখ করেছেন চিঠিতে।

    শুভেন্দু লিখেছেন, এই ধরনের বিস্ফোরক পদার্থ দেশের সুরক্ষার ক্ষেত্রে বিপজ্জনক। ফলে ভূপতিনগরের বিস্ফোরণে এনআইএ-র তদন্তের পাশাপাশি, রাজ্যের পরিস্থিতিকে নজরে রেখেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

  • Kolkata Weather: পারদ ওঠা-নামার মাঝেই নিম্নচাপের পূর্বাভাস, বাংলায় কি প্রভাব পড়বে?

    Kolkata Weather: পারদ ওঠা-নামার মাঝেই নিম্নচাপের পূর্বাভাস, বাংলায় কি প্রভাব পড়বে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের আজ সামান্য হলেও তাপমাত্রা বাড়ল। প্রায় কয়েকদিন পারদ ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল তাপমাত্রা ১৫ -এর ঘরে এসেছিল। কিন্তু আজ এই তাপমাত্রা সামান্য বেড়ে গিয়েছে। অর্থাৎ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে জাঁকিয়ে শীত পড়তে এখনও দেরী আছে।

    কলকাতার আবহাওয়া

    গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। আর আজ তা বেড়ে হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। শীতের আমেজ থাকবে দিনভর। তবে সন্ধ্যা ও রাতে হালকা শীতের আমেজ বাড়বে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী চার পাঁচ দিনে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৬ থেকে ৯১ শতাংশ। কলকাতার আকাশ আজ মূলত পরিস্কার থাকবে।

    আরও পড়ুন: শহরে ফিরল শীতের আমেজ! আজ মরশুমের শীতলতম দিন

    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় জাঁকিয়ে শীত আসতে এখনও দিন দশেক দেরী। আগামী রবিবার পর্যন্ত কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতেও তাপমাত্রা ১৫ অথবা ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে। পশ্চিমাঞ্চলের জেলায় এই তাপমাত্রা আগামি কয়েক দিন ১১ অথবা ১২ ডিগ্রির ঘরে থাকবে।

    উত্তরবঙ্গে স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা ছিল ও আপাতত সেই তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নীচে চলে আসতে পারে। তবে আগামী ২-৩ দিনে স্বাভাবিক বা স্বাভাবিকের নিচের দিকে তাপমাত্রা থাকতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

    নিম্নচাপের ভ্রুকুটি

    আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরীর সম্ভাবনা রয়েছে। গতকাল, রবিবার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায়। ঘূর্ণাবর্ত সোমবারে নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা। আজকের পর এটি আরও শক্তিশালী হবে। এরপর আগামী দু-তিন দিনে আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এর অভিমুখ হবে তামিলনাড়ু -পন্ডিচেরি উপকূল। দক্ষিণ ভারত অভিমুখী হওয়ায় সরাসরি এর কোনও প্রভাব পড়বে না বাংলায়। আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, শ্রীলঙ্কা উপকূল এবং দক্ষিণ ভারতের রাজ্যে।

  • Bogtui Murder: সিবিআইয়ের জালে বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখ, কোথায় ধরা পড়ল জানেন?

    Bogtui Murder: সিবিআইয়ের জালে বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখ, কোথায় ধরা পড়ল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বীরভূমের বগটুই গণহত্যা (Bogtui Murder) ও অগ্নিসংযোগের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত লালন শেখকে (Lalan Sheikh) গ্রেফতার করল সিবিআই (CBI)। শনিবার রাতে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয় তাকে। ধৃত লালন নিহত তৃণমূল নেতা ভাদু শেখের ছায়াসঙ্গী ছিল। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে লালনকে গ্রেফতার করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ২১ মার্চ ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল লালন। বস্তুত বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত সে-ই। ২১ মার্চ রাতে লালন ওই গ্রামের বেশ কয়েকজন বাসিন্দাকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনার নেতৃত্ব দিয়েছিল বলে অভিযোগ।

    নেপথ্য কাহিনি…

    ২১ মার্চ রাত সাড়ে আটটা নাগাদ বোমা মেরে খুন করা হয় বগটুই (Bogtui Murder) গ্রামের বাসিন্দা তথা বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল কংগ্রেসের ভাদু শেখকে। খুনের বদলা নিতে ওই রাতেই গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরদিন সকালে সাতজনের দেহ উদ্ধার করা হয়। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁরাও মারা যান। ২১ জুন সিবিআই দুটি ঘটনার চার্জশিট জমা দেয়। ঘটনার পর থেকেই ফেরার ছিল চার্জশিটে নাম থাকা অন্যতম অভিযুক্ত লালন শেখ। এদিন হল গ্রেফতার। বগটুইকাণ্ডে মৃত্যু হয়েছিল এমন একজনের আত্মীয় মিহিলাল শেখ। তিনি বলেন, সেদিন যে দলবল এসেছিল, তার নেতৃত্বে ছিল লালন। ওর ফাঁসির দাবি জানাচ্ছি। মিহিলাল বলেন, এটা মানুষও চাইছে।

    আরও পড়ুন: ‘প্রভাবশালীদের হাত ধরে নিয়োগ?’ সিবিআই-এর একাধিক প্রশ্নের মুখোমুখি চাকরি হারানো কর্মীরা

    লালনকে নিয়ে এই ঘটনায় এ পর্যন্ত গ্রেফতার করা হল ২৭ জনকে। নৃশংস ওই হত্যাকাণ্ডের (Bogtui Murder) অন্যতম চক্রী আনারুল শেখকে আগেই গ্রেফতার করা হয়েছিল। কিছুদিন আগে লালন শেখের ভাগনে বুলু শেখ ওরফে ডলারকেও গ্রেফতার করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তার পরেও দীর্ঘ ন মাস ধরে ফেরার ছিল লালন। শেষমেশ ধরা পড়ল সিবিআইয়ের জালে।

    তদন্তের শুরু থেকেই যে জবানবন্দি পাওয়া গিয়েছিল, তার সবেতেই মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে লালন শেখের নাম। সিবিআইয়ের তরফেও বগটুই হত্যা মামলায় যে চার্জশিট জমা দেওয়া হয়েছে, সেখানেও মূল অভিযুক্ত হিসেবে দেখানো হয় লালনকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • TET 2022: “স্বচ্ছ ভাবে পরীক্ষা নিতে হবে”, টেট নিয়ে বাড়তি সতর্কতা পর্ষদের, জারি একগুচ্ছ নির্দেশিকা

    TET 2022: “স্বচ্ছ ভাবে পরীক্ষা নিতে হবে”, টেট নিয়ে বাড়তি সতর্কতা পর্ষদের, জারি একগুচ্ছ নির্দেশিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতির একের পর এক অভিযোগে ইতিমধ্যেই বিপাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর মধ্যেই আগামী ১১ই ডিসেম্বর নেওয়া হবে টেট পরীক্ষা (TET 2022)। এই অবস্থায় স্বচ্ছতা নিয়ে যাতে কোনওভাবেই প্রশ্ন না ওঠে, তাই বাড়তি সতর্কতা অবলম্বন করতে চায় পর্ষদ। আর সেই কারণেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। পরীক্ষার্থীদের বায়োমেট্রিক পরীক্ষা এবং প্রতিটি কেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলকভাবে থাকতে হবে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

    আরও পড়ুন: ‘ডিসেম্বরে লাড্ডু নিয়ে আসব’, ডায়মন্ড হারবারের সভায় কীসের ইঙ্গিত দিলেন শুভেন্দু?

    কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে? 

    সদ্য প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে (TET 2022) উল্লেখ করা হয়েছে, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমগ্র পরীক্ষার পদ্ধতি নিয়ে নির্দেশিকা জারি করেছে পর্ষদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রবেশ এবং বাহির পথে সিসিটিভির ব্যবস্থা করতে হবে। পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানো হবে এক ঘণ্টা আগে। তার আগে কোনওভাবে প্রশ্নপত্র পাঠানো যাবে না। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা প্রতিটি শিক্ষক এবং কর্মচারীদের গলায় বৈধ পরিচয় পত্র ঝুলিয়ে রাখতে হবে। পরীক্ষার্থীদের জন্যেও রয়েছে একাধিক নিয়ম। মোবাইল বা ধাতব কোনও জিনিস নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশ করা যাবে না বলে জানিয়ে দিয়েছে পর্ষদ।

    বিতর্ক এড়াতেই যে এই কড়াকড়ি তা কার্যত স্বীকার করে নিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তিনি বলেন, “টেট (TET 2022) যাতে স্বচ্ছ ভাবে হতে পারে তার জন্যই সমস্ত রকম ব্যবস্থা রাখা হচ্ছে। আমরা নতুন করে আর কোনও বিতর্ক চাই না। সেই চেষ্টায় চালাচ্ছি।”

    সম্প্রতি ২০১৪ সালের টেট (TET 2022) উত্তীর্ণদের নম্বরের তালিকা প্রকাশ করে বিতর্কে জড়িয়েছে পর্ষদ। সেখানে দেখা যায় উচ্চমাধ্যমিকে কেউ কেউ পূর্ণমানের থেকে বেশি নম্বর পেয়েছেন। টেটের অ্যাডমিট কার্ড দেওয়া নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Suvendu Adhikari: পুড়ল বাইক, বাস ভাঙচুর, পথ অবরোধ তৃণমূলের, শুভেন্দুর সভা ভন্ডুলের অভিযোগ

    Suvendu Adhikari: পুড়ল বাইক, বাস ভাঙচুর, পথ অবরোধ তৃণমূলের, শুভেন্দুর সভা ভন্ডুলের অভিযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির (BJP) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভা বানচালের চেষ্টা তৃণমূলের (TMC)! শনিবার শুভেন্দুর সভার আগে দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় পথ অবরোধ করে তৃণমূল। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে অবরোধ করা হয় রাস্তা। যদিও বিজেপির অভিযোগ, গেরুয়া কর্মী-সমর্থকরা যাতে শুভেন্দুর সভায় যোগ দিতে না পারেন, তাই সভা ভন্ডুলের চেষ্টা রাজ্যের শাসক দলের।   

    তৃণমূলকে কাঠগড়ায় তুলেছিলেন…

    তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ এলাকা ডায়মন্ড হারবারে সভা করতে না দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। আদালতের নির্দেশের পরেও তাঁর সভা বানচালের চেষ্টার অভিযোগে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছিলেন শুভেন্দু। তিনি ঘোষণা করেছিলেন, সভা করবেনই। ট্যুইটারে অভিষেককে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। লিখেছেন, পারলে ঠেকাও।

    এদিন সকালে মথুরাপুরের লালপুরে প্রথমে রাস্তা অবরোধ করে তৃণমূল। এর পর শুরু হয় কুলপির শ্যামবসুর চক এবং হটুগঞ্জে। টায়ার পুড়িয়ে জায়গায় জায়গায় চলে বিক্ষোভ প্রদর্শন। লালপুরে অবরোধ চলে ঘণ্টাখানেক। অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ১১৭ নম্বর জাতীয় সড়ক। হয় তীব্র যানজট।

    কেবল পথ অবরোধেই থেমে থাকেননি অবরোধকারীরা। একটি বাসে করে শুভেন্দুর (Suvendu Adhikari) সভাস্থলের দিকে আসছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। আচমকাই সেই বাস লক্ষ্য করে ছোড়া হয় ইট। ভাঙচুর চালানো হয় যাত্রিবাহী ওই বাসে। ইটের ঘায়ে ভেঙে যায় বাসের কাচ। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই একাজ করেছে।

    আরও পড়ুন: “শীতবস্ত্র বিলির কথাই ছিল না সেদিন”, ‘প্রমাণ’ দিয়ে মমতাকে মিথ্যেবাদী বললেন শুভেন্দু

    এদিন সব চেয়ে বড় ঘটনাটি ঘটে হটুগঞ্জ এলাকায়। এখানে সকালে পথ অবরোধ করে তৃণমূল। প্রতিবাদ করে বিজেপি। এনিয়ে দু পক্ষে শুরু হয় কথা কাটাকাটি। আচমকাই বদলে যায় পরিস্থিতি। শুরু হয় দোকানপাট ভাঙচুর। ভাঙচুর চালানো হয় দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতেও। আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় বাইক। আগুন লাগিয়ে দেওয়া হয় তৃণমূল পার্টি অফিসেও। এলাকায় বোমাবাজি হয় বলেও অভিযোগ।

    এদিন শুভেন্দুর (Suvendu Adhikari) সভাস্থলে যাচ্ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। বাধা দেওয়া হয় তাঁকেও। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনিও। বিজেপির অভিযোগ, দলীয় কর্মী-সমর্থকরা যাতে শুভেন্দুর সভায় যেতে না পারেন, তাই একাজ করেছে তৃণমূল।

    ঘটনায় রাজ্যের শাসক দলকে একহাত নিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেন, যেখানে তৃণমূল একটু দুর্বল, সেখানে পুলিশ দিয়ে আমাদের কর্মীদের আটকানো হচ্ছে। অন্যত্র ওই কাজ করছে দুষ্কৃতীরা। শুভেন্দু বলেন, ভয় না পেলে এসব করবে কেন। আধ ঘণ্টার তো সভা করব। তিনি বলেন, চিরদিন কাহারো সমান নাহি যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Suvendu Adhikari: ‘বোমা বাঁধছিলেন তৃণমূল নেতা’, ভূপতিনগরের ঘটনায় এনআইএ তদন্তের দাবি শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘বোমা বাঁধছিলেন তৃণমূল নেতা’, ভূপতিনগরের ঘটনায় এনআইএ তদন্তের দাবি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবারের দুই হাইভোল্টেজ সভার আগেই কেঁপে উঠল ভূপতিনগর। বিস্ফোরণে উড়ে গেল এক তৃণমূল নেতার বাড়ি। আজ একদিকে ডায়মন্ডহারবারে সভা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), অন্যদিকে কাঁথিতে সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

    আর তার আগেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বহুদূর পর্যন্ত তা শোনা যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃত তিনজনই তৃণমূলের সক্রিয় কর্মী বলে দাবি করা হচ্ছে।

    আরও পড়ুন: “যখন খেলা হবে, তা ভয়ঙ্কর হবে’, তৃণমূলকে হুঁশিয়ারি সুকান্তর

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় অবিলম্বে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মৃতদের নাম রাজকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন। ইতিমধ্যেই এই ঘটনায় উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। এদিকে এই বিষয়টি নিয়ে ট্যুইট করেছেন শুভেন্দু অধিকারী।

    কী বলেছেন শুভেন্দু অধিকারী?

    বিরোধী দলনেতা (Suvendu Adhikari) ট্যুইটে লেখেন, “ভূপতিনগরে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়েছে এবং ২ জন আহত। ভগবানপুর ২ নম্বর ব্লকের ঘটনা। তৃণমূল নেতা রাজকুমার মান্না বোমা তৈরি করছিল সেই সময় বিস্ফোরণ ঘটে। আমি NIA তদন্তের দাবি করছি।”

     

    শুক্রবার রাতেই বিস্ফোরণে ঝলসে যান ভূপতিনগরের তিন ব্যক্তি। ঝলসে যাওয়া দেহগুলো উদ্ধার হয় ওই তৃণমূল নেতার বাড়ির অদূরেই। রাজকুমারের স্ত্রী জানিয়েছেন, রাতের অন্ধকারে কেউ বা কারা মৃতদেহগুলি বের করে নিয়ে গিয়েছে। রাজকুমারের দুই ভাই বিশ্বজিৎ গায়েন ও লালুর মৃত্যু হয়েছে। এই বোমাগুলি কেন বাঁধা হচ্ছিল, আর কারা এর সঙ্গে যুক্ত ছিল, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। পুরো এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

               

  • Bengal Violence: অভিষেকের সভার আগে কাঁথিতে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, হত ৩

    Bengal Violence: অভিষেকের সভার আগে কাঁথিতে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, হত ৩

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য রাজনীতিতে আবারও হিংসার ছবি স্পষ্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভার ঠিক আগেই কাঁথিতে গভীর রাতে বিস্ফোরণ তৃণমূল নেতার বাড়িতে। এক তৃণমূল নেতা সহ তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে ভূপতিনগর থানার পুলিশ। গুরুতর জখম দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    কাঁথিতে বিস্ফোরণ

    শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ কাঁথির ভগবানপুর-২ ব্লকের ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামে এই বিস্ফোরণটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, এই বিস্ফোরণে নিহত তৃণমূল নেতার নাম রাজকুমার মান্না। এলাকার তৃণমূলের বুথ সভাপতি হিসেবে রাজকুমার পরিচিত। এই ঘটনায় নিহত বাকি দু’জন দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন। রাজকুমার এবং দেবকুমার সম্পর্কে দুই ভাই। আহতদের উদ্ধার করে পশ্চিম মেদিনীপুরে একটি হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার পর থেকে থমথমে রয়েছে এলাকা।

    বিজেপির অভিযোগ

    এই ঘটনায় বিজেপির অভিযোগ, ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়ুয়াবিলা গ্রামের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। তখনই অতর্কিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের মাত্রা এতটাই ছিল যে বাড়িটি উড়ে যায়। মর্মান্তিক মৃত্যু হয় তৃণমূল নেতা রাজকুমার মান্না সহ তিনজনের। গুরুত্বর জখম হয় আরও বেশ কয়েকজন। কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক তাপস কুমার দোলুই বলেন, “তৃণমূল নেতার বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিপত্তি হয়। তৃণমূল নেতা সহ দু’জনের মৃত্যু হয়েছে। বিষয়টি আরও আমরা খোঁজখবর নিয়ে দেখছি।” ভগবানপুরে বিধায়ক তথা বিজেপি নেতা রবীন্দ্রনাথ মাইতি বলেন, “রাতের অন্ধকারে বোমা বাঁধতে গিয়েই এমন ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতে মৃতদেহ গায়েব করার চক্রান্ত চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি না করে পশ্চিম মেদিনীপুরে নিয়ে যাচ্ছে। দু’জনের মৃত্যু নয় মৃতের সংখ্যা আরও বেশি বলে মনে করছি। পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।” 

    এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও। তিনি বলেন, “যেখানেই তাকাই হয়, তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ। অথবা বিস্ফোরণের ঘটনায় তৃণমূল নেতার নাম। তারাই প্রধান, তারাই পঞ্চায়েত, তারাই বিধায়ক। তারাই সমাজবিরোধী। এদের থেকে এর বেশি কিছু আশা করা যায় না।” 

    আরও পড়ুন: মানতে হবে একগুচ্ছ শর্ত, শুভেন্দু-গড়ে অভিষেকের সভাকে অনুমতি আদালতের

    কাঁথিতেই অভিষেকের সভা

    আজ, শনিবার কাঁথিতেই সভা করতে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ঠিক আগেই এই বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিষেক যেখানে সভা করছেন, সেখান থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি খুব কাছে। তাই সভার আগে পুরো এলাকা পুলিশি নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। ঘিরে ফেলা হয়েছে শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জও। তার আগেই এই বিস্ফোরণ কী ইঙ্গিত দিচ্ছে? প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Suvendu Adhikari: এবার ডায়মন্ড হারবারে শুভেন্দুকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

    Suvendu Adhikari: এবার ডায়মন্ড হারবারে শুভেন্দুকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির (BJP) শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ডায়মন্ড হারবারে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শুভেন্দুর এই সভা হবে শনিবার। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এই নির্দেশ দেন। এদিনই শুভেন্দুর খাসতালুক কাঁথিতে সভা করবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    কলকাতা হাইকোর্ট…

    এদিনই অভিষেকের সাংসদ এলাকায় ডায়মন্ড হারবারে (Diamond Harbour) সভা করতে চেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই সভারই অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আদালত অবশ্য এও জানিয়েছে, ডায়মন্ড হারবারের লাইট হাউসের মাঠে সভা করতে পারবেন শুভেন্দু। তবে সাধারণ মানুষের অসুবিধা না করে এবং শব্দ বিধি মেনেই সভা করার নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, এদিন শুভেন্দু যে মাঠে সভা করবেন, সেখানেই জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

    পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ শুভেন্দুর (Suvendu Adhikari) সভার অনুমতি দিলেও, প্রশাসনের তরফে এ নিয়ে টালবাহানা করা হচ্ছিল বলে অভিযোগ। এর পরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্যের বিরোধী দল বিজেপি। শুক্রবার আদালতের নির্দেশে কাটল অনিশ্চয়তার মেঘ। রায় গেল বিজেপির পক্ষেই। তাই এখন আর শুভেন্দুর সভা করায় কোনও জটিলতা রইল না।

    আরও পড়ুন: গুজরাটে ভোটদানের হার কম, ক্ষমতায় ফিরছে বিজেপি?

    কাঁথি শহরে রয়েছে প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারীর বাড়ির। নাম শান্তিকুঞ্জ। এই শান্তিকুঞ্জের ১০০ মিটার দূরে সভার আয়োজন করে তৃণমূল। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। তাঁর অভিযোগ, শান্তি ভঙ্গ করতেই শান্তিকুঞ্জের অদূরে সভা করছে তৃণমূল। বিজেপির পূর্ব মেদিনীপুর জেলা সাধারণ সম্পাদক সোমনাথ রায়ও বলেন, শান্তিকুঞ্জে বিরোধী দলনেতা থাকেন। মূলত তাঁকে বিব্রত করাই লক্ষ্য তৃণমূলের। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের এই সভার সিদ্ধান্ত নিয়ে হাইকোর্টে একটি মামলাও দায়ের করেছিলেন শুভেন্দু। যদিও রাজ্যের বিরোধী দলনেতার আর্জি খারিজ হয়ে যায় আদালতে। বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, সব নিয়ম মেনে সভা করায় কোনও আপত্তি নেই আদালতের। এদিন প্রধান বিচারপতি রাজা শেখর মান্থা রাজনৈতিক সভা সমাবেশ করার অনুমতি দিলেও সমর্থকরা যেন কোনও রকম ঝামেলার সৃষ্টি না করেন, পুলিশকে তা দেখার নির্দেশও দেন। অনুমতি ছাড়া শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ওই বাড়িতে যেন কেউ ঢুকতে না পারে, সেই নির্দেশও দেওয়া হয়েছে পুলিশকে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Weather Update: আজ থেকে পারদ পতনের সম্ভাবনা! জানুন জাঁকিয়ে শীত কবে থেকে

    Weather Update: আজ থেকে পারদ পতনের সম্ভাবনা! জানুন জাঁকিয়ে শীত কবে থেকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিসেম্বর পড়ে গিয়েছে। এখনও সেভাবে ঠান্ডার দেখা নেই। নভেম্বরের শেষের দিকে একটু শীত শীত ভাব লাগলেও গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ চড়ছে। দুপুরের দিকে রীতিমতো গরম লাগছে। গরম জামা তো দূর, হালকা পাখা চালালেই ভাল লাগছে। তবে শুক্রবার থেকে পারদ পতনের কথা শোনাচ্ছে, হাওয়া অফিস। যদিও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা এখনই নেই। চলতি মাসের ১০-১২ তারিখ থেকে ঠান্ডা পড়তে পারে। 

    গরম অনুভূতি

    বিগত কয়েকদিন ধরেই ধাপে ধাপে তাপমাত্রা বেড়েছে প্রায় ৫ ডিগ্রি। হাওয়া অফিস বলছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধিতেই ঊর্ধ্বমুখী পারদ। তবে সপ্তাহের শেষে শীতের আমেজ ফিরবে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আজ শুক্রবার থেকে ফিরবে শীতের আমেজ। শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে দিনের আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে। শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি ও ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে৷ আগামিকাল ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে কলকাতায়। তবে দক্ষিণবঙ্গে বিগত কয়েকদিন ধরে যেভাবে তাপমাত্রার বেড়েছে, তার প্রভাব পড়েনি উত্তরবঙ্গে। সেখানে শীতের অনুভূতি বজায় থেকেছে। উপরের পাঁচটি জেলার মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে ইতিমধ্যে জমিয়ে ঠান্ডা পড়েছে। পাহাড়ে পারদ দশ ডিগ্রির নীচে নেমে গিয়েছে।

    আরও পড়ুন: তাপ বাড়ছে শহরের, ডিসেম্বরের শুরুতে অধরাই শীত

    কবে থেকে ঠান্ডা

    পারদ পতন বঙ্গে, ফিরল শীতের আমেজ। গত সপ্তাহে পরপর পারদ পতন হলেও মাঝে শীতের আমেজ একটু হলেও কম ছিল গোটা রাজ্যে। উত্তুরে হাওয়ায় পড়েছিল ভাটা। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,  বাধাহীন উত্তুরে হাওয়ার দাপট ফের বাড়বে, পারদ ফের নামার সম্ভাবনা রয়েছে মাসের দ্বিতীয় সপ্তাহে। উত্তর পশ্চিমের বাতাস থাকবে।  রাজ্যে জুড়ে শীতের আমেজ বজায় থাকবে।  চলতি সপ্তাহ থেকে শীতের আমেজ  বাড়বে বাংলাজুড়ে। মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আপাতত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Coal Scam: লালার ডায়েরি থেকে গুরুত্বপূর্ণ তথ্য ইডির হাতে, আছে কার কার নাম?

    Coal Scam: লালার ডায়েরি থেকে গুরুত্বপূর্ণ তথ্য ইডির হাতে, আছে কার কার নাম?

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়লা পাচার মামলায় (Coal Scam) অনুপ মাঝি (Anup Majhi) ওরফে লালার ডায়েরি থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেল ইডি (ED)। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ওই ডায়েরি থেকে নানা তথ্য মিলেছে। একই সঙ্গে মিলেছে এই চক্রে যুক্ত একাধিক জনের নাম। সেই সূত্রেই ডাকা হতে পারে বেশ কয়েকজনকে।

    দিল্লিতে ইডির সদর দফতরে… 

    এদিকে, নোটিশ পেয়ে আজ, বৃহস্পতিবার দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি তৃণমূলের (TMC) সুজয় বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার মামলায় তাঁকে জেরার জন্য ডেকে পাঠায় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কয়লা পাচারের তদন্ত করতে গিয়ে নানা সময় উঠে আসে সুজয়ের নাম। ওই পাচারে তাঁর ভূমিকা কী, মূলত তা খতিয়ে দেখতেই ইডির সদর দফতরে এদিন তলব করা হয় তাঁকে। এই মামলার তদন্ত করছেন যাঁরা, তাঁরা জানান, লালার ডায়েরি থেকে কয়লা পাচারের টাকা কোথায় কোথায় যেত, সে সংক্রান্ত নানা তথ্য মিলেছে। কয়লা পাচারের জন্য প্রোটেকশন মানি কার কার কাছে যেত, ডায়েরিতে মিলেছে সেই সূত্রও। ওই ডায়েরিতেই রয়েছে সুজয়ের নাম। ইডি সূত্রে খবর, এ ব্যাপারেই জিজ্ঞাসা করা হবে তৃণমূল নেতা সুজয়কে। ইডির তরফে সুজয়ের কাছে জানতে চাওয়া হবে কয়লা পাচার চক্রের কারও সঙ্গে তাঁর কখনও যোগাযোগ হয়েছিল কিনা। তিনি স্বয়ং কোনও আর্থিক লেনদেনে জড়িয়েছিলেন কিনা। তিনি পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি। একজন সভাধিপতি হিসেবে কয়লা পাচার রুখতে তিনি কোনও পদক্ষেপ করেছেন কিনা, তাও সুজয়ের কাছে জানতে চাইবেন তদন্তকারীরা।

    আরও পড়ুন: বেসরকারি কলেজে অনুমোদন থেকে কোটি কোটি টাকা লেনদেন, পার্থর বিরুদ্ধে আদালতে বিস্ফোরক ইডি

    প্রসঙ্গত, ইডির পাশাপাশি কয়লা পাচার মামলার (Coal Scam) তদন্ত করছে সিবিআইও। মাস কয়েক আগে লালার একটি ডায়েরিতে জনৈক এম ঘটকের নাম রয়েছে বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, কুখ্যাত কয়লা মাফিয়া অনুপ মাঝির কাছ থেকে মাসে ৭৫ লাখ করে টাকা নিতেন মলয় ঘটক। শুভেন্দুর দাবি, কেবল মলয়ই নন, ওই ঘটনায় বেশ কিছু তাবড় পুলিশ কর্তার নামও রয়েছে।

    তৃণমূল নেতা সুজয়কে ইডির তলব প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, এমন বলছেন, যেন রাষ্ট্রপতির নাম বলছেন সুজয়। চোর-চামারগুলো সব পার্টি করছে। পুরো পার্টি দুর্নীতিতে ভরে গিয়েছে। দলের নিচুতলা পর্যন্ত আরও অনেক লোক আসবে। অপেক্ষা করুন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
      

LinkedIn
Share