Blog

  • India vs Pakistan: শুরু ভারত-পাক মহারণ, টসে জিতে ফিল্ডিং নিলেন রোহিত, দলে ফিরলেন শুভমান

    India vs Pakistan: শুরু ভারত-পাক মহারণ, টসে জিতে ফিল্ডিং নিলেন রোহিত, দলে ফিরলেন শুভমান

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হল বিশ্বকাপের ‘মারকি’ ম্যাচ। ১ লক্ষ ৩০ হাজার দর্শকাসন বিশিষ্ট নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের সবচেয়ে প্রত্যাশিত ও অপেক্ষিত ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। টসে জিতে বিপক্ষকে ব্যাট করতে পাঠালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। 

    একদিনের বিশ্বকাপে অভিষেক শুভমানের

    এদিকে সুস্থ হয়েই দলে ফিরলেন শুভমান গিল। ডেঙ্গি আক্রান্ত হওয়ার কারণে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারেননি শুভমন গিল। পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে খেলানো হবে কি না সেই নিয়ে চর্চা চলছিল। গতকালই গিলের ফেরা নিয়ে সাংবাদিক সম্মেলনে একটা ইঙ্গিত দিলেও একটা ধোঁয়াশা রেখেছিলেন রোহিত। তবে প্রত্যাশা ছিলই। সেটাই সত্যিই হল। এদিন টসে যাবতীয় জল্পনার অবসান ঘটালেন অধিনায়ক নিজেই। গিল আসায় প্রথম একাদশ থেকে বাদ পড়লেন ঈষান কিশান। অর্থাৎ, একদিনের বিশ্বকাপে আজ ভারতের হয়ে অভিষেক হচ্ছে শুভমানের। ভারতীয় দলে এই একটাই পরিবর্তন হয়েছে। অর্থাৎ, এই ম্যাচেও প্রথম একাদশে জায়গা হল না মহম্মদ শামির। অন্যদিকে, পাকিস্তানের দল অপরিবর্তিত রয়েছে।

    এক নজরে দেখে নেওয়া যাক দুদলের প্রথম একাদশ—

    ভারত— রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়শ আয়ার, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জশপ্রীত বুমরা। 

    পাকিস্তান—  বাবর আজাম (অধিনায়ক), আবদুল্লা শফিক, ইমাম উল-হক, মহম্মদ রিজওয়ান, সাউদ শকিল, ইফতিকার আহমেদ, মহম্মদ নাওয়াজ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলি।

    বিস্তারিত আসছে…

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Israel Hamas War: উড়ে যাচ্ছে হামাসের ছোড়া রকেট, প্রত্যাঘাত ইজরায়েলি বোমার, গাজা-অভিযানের ভিডিও প্রকাশ্যে

    Israel Hamas War: উড়ে যাচ্ছে হামাসের ছোড়া রকেট, প্রত্যাঘাত ইজরায়েলি বোমার, গাজা-অভিযানের ভিডিও প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরুটা হয়েছিল গত শনিবার। ৭ অক্টোবর, ভোর সাড়ে ৬টা নাগাদ (স্থানীয় সময়) ইজরায়েলের দিকে ধেয়ে আসে হাজার হাজার রকেট (Israel Hamas War)। সেগুলি ছোড়া হয়েছিল সীমান্তের ওপারে জঙ্গিগোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজা থেকে। কাঁটাতার পেরিয়ে ইজরায়েলে ঢুকে পড়ে শয়ে শয়ে হামাস জঙ্গি। নির্বিচারে গুলি করে হত্যা করা হয় শয়ে শয়ে নিরীহ ইজরায়েলিকে। অপহরণ করে পণবন্দি করা হয় আরও শয়ে শয়ে সাধারণ নাগরিককে।

    অষ্টম দিনে ইজরায়েল-হামাস যুদ্ধ

    সেই অতর্কিত জঙ্গি হামলার পরই যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল। সেই থেকে চলছে দুই যুযুধান পক্ষের রক্তক্ষয়ী লড়াই। মাঝে পেরিয়ে গিয়েছে ৭ দিন। আজ আরেক শনিবার। অষ্টম দিনে পড়ল ইজরায়েল-হামাস যুদ্ধ (Israel Hamas War)। দুপক্ষের এই তীব্র লড়াইয়ে মৃ্তের সংখ্যা ৪ হাজার পেরিয়ে গিয়েছে। আহতের সংখ্যা আরও কয়েকগুণ বেশি। সারাক্ষণ চলছে মুহুর্মুহু আক্রমণ। এরই মধ্যে সমাজমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ।

    ভিডিও প্রকাশ আইডিএফ-এর

    এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সমুদ্র তীরবর্তী একটি অংশে একের পর এক রকেট পড়ছে। ইজরায়েল সেনা জানিয়েছে, সমুদ্রসৈকতের কাছের ঘাঁটি থেকে ইজরায়েলি সেনার দিকে ক্ষেপণাস্ত্র দিয়ে লাগাতার হামলা চালাচ্ছে হামাস বাহিনী (Israel Hamas War)। পাল্টা হামাস গোষ্ঠীর ঘাঁটিতে মুহুর্মুহু বোমা বর্ষণ করে চলেছে ইজরায়েলি সেনাও। ইজরায়েলি সেনা লিখেছে, হামাসের ঘাঁটি ও ইজরায়েলের বিরুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক-বিধ্বংসী মিসাইল লঞ্চারগুলো ধ্বংস করা হচ্ছে। একের পর এক ক্ষেপণাস্ত্রর হামলা ও পাল্টা হামলায় মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে গোটা এলাকা। গুঁড়িয়ে যাচ্ছে ঘর-বাড়ি। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি মাধ্যম।

    ২৪-ঘণ্টার ডেডলাইন…

    এদিকে, গাজায় স্থলপথে অভিযানের প্রস্তুতি প্রায় পাকা করে ফেলেছে ইজরায়েলি সেনা (Israel Hamas War)। ৭ তারিখ থেকে আকাশপথে বোমাবর্ষণ চালাচ্ছিল ইজরায়েলি এয়ার ফোর্স। এবার, স্থলপথে গাজায় ঢোকার প্রস্তুতি নিচ্ছে ইজরায়েলি সেনা। ইজরালেয়ের দাবি, পণবন্দিদের খুঁজে বের করতে সব তথ্য ও প্রমাণ সংগ্রহ করছে ইজরায়েল। তার আগে, উত্তর গাজায় বসবাসকারী প্রায় ১১ লক্ষ প্যালেস্তেনীয়কে ২৪ ঘণ্টার মধ্যে গাজার দক্ষিণে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছে ইজরায়েল। এর পরই, গাজায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শয়ে শয়ে মানুষ বাক্স-প্যাঁটরা নিয়ে গাজা ছেড়ে পালাচ্ছেন।

     

    শের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • India vs Pakistan: আহমেদাবাদে পৌঁছলেন অনুষ্কা! ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই

    India vs Pakistan: আহমেদাবাদে পৌঁছলেন অনুষ্কা! ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মাঠে পাকিস্তানের মুখোমুখি ভারত (India vs Pakistan)। তাও আবার বিশ্বকাপের মঞ্চ। এর উত্তাপ এড়ানো মুশকিল। গ্যালারিতে নীল ঢেউয়ের মজা নিতে মাঠে আসছেন বিরাট-পত্নী অনুষ্কা শর্মা। বেশ কিছুদিন ক্যামেরার সামনে না এলেও বড় ম্যাচে ভারতীয় দলকে উৎসাহ দিতে আহমেদাবাদে পৌঁছে  গেলেন অনুষ্কা। বিমানে অনুষ্কার সঙ্গে দেখা হয় সচিন তেন্ডুলকর এবং দীনেশ কার্তিকের। সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন কার্তিক। তিনি বলেন, “আমি বিরাটকে ব্যক্তিগত ভাবেও চিনি। আমার এবং বিরাটের পরিবার একসঙ্গে বহু সময় কাটিয়েছে। বিরাট যে ভাবে নিজেকে এই পর্যায় নিয়ে গিয়েছে সেটা প্রশংসাযোগ্য। আর বিরাটের জীবনে বড় পরিবর্তন ঘটে অনুষ্কা আসার পর। তার পর থেকে বিরাট এমন ধরনের সিদ্ধান্ত নিয়েছে, যা ওকে জীবনে উন্নতি করতে সাহায্য করেছে।”

    বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক

    ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ প্রথম দুটি ম্যাচ জিতেছে ভারত ও পাকিস্তান (India vs Pakistan) উভয় দলই। ফলে শুধু প্রেস্টিজ ফাইট জেতাই নয়, এবারের বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করার সুযোগও রয়েছে রোহিত শর্মা এবং বাবর আজমের দলের কাছে। ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম জয় পেতে চাইছে বাবর আজম-শাহিন আফ্রিদিরা। এর আগে ওডিআই বিশ্বকাপে মোট ৭ বার মুখোমুখি হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বি দেশ। প্রতিবার জয়ের হাসি হেসেছে টিম ইন্ডিয়া। শনিবার পাকিস্তানের সামনে আরও একবার খাতা খোলার সুযোগ। অপরদিকে ভারতের সামনে টার্গেট ৮-০ করার। কে হাসবে শেষ হাসি তার উত্তর মিলবে শনিবাসরীয় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

    আরও পড়ুন: বাড়ানো হল নিরাপত্তা! ভারত-পাক মহারণের সময় আকাশে উড়বে ড্রোন

    শুভমানকে নিয়ে ধোঁয়াশা

    শুভমান গিল পাকিস্তান ম্যাচে খেলবেন কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে ফের অশ্বিনকে প্রথম একাদশে ফেরানো হবে কিনা তা নিয়েও জল্পনা রয়েছে। তবে আহমেদাবাদের বড় মাঠে ৩ স্পিনার নিয়ে নামলে ভারতের শক্তি বাড়বে বলেই মত বিশেষজ্ঞদের। ম্যাচে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

    কখন, কোথায় দেখবেন ম্যাচ

    আজ ১৪ অক্টোবর, ভারত বনাম পাকিস্তান ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২টো থেকে। টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলে খেলা দেখা যাবে। ডিজনি প্লাস হটস্টারে লাইভ স্ট্রিমিং দেখা যাবে এই ম্য়াচের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: একই ম্যাচে চোট দুই ক্যাপ্টেনের! বাংলাদেশকে হারিয়ে শীর্ষে নিউজিল্যান্ড

    ICC World Cup 2023: একই ম্যাচে চোট দুই ক্যাপ্টেনের! বাংলাদেশকে হারিয়ে শীর্ষে নিউজিল্যান্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে বাইশ গজের বিশ্বযুদ্ধে (ICC ODI World Cup 2023) পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল নিউজিল্যান্ড। তবে এদিন ম্যাচে চোট পেয়ে বসেন দু’দলের অধিনায়ক। শুক্রবার চেন্নাইয়ে চিপকে ব্যাট করার সময় শাকিব আল হাসানকে অস্বস্তিতে দেখায়। তাঁর পেশিতে টান ধরে। মাঠেই প্রাথমিক শুশ্রুষা নেওয়ার পরে ব্যাটিং চালিয়ে যান তিনি। পরে বল হাতে নিজের ১০ ওভারের কোটাও পূর্ণ করেন।  কিন্তু ম্যাচ শেষ হতেই মাঠ ছাড়েন তিনি। সোজা হাসপাতালে যান শাকিব। আজ, শনিবার চকিৎসকের পরামর্শ নেবেন কেন উইলিয়ামসনও।

    দুরন্ত কিউইদের সামনে দিশেহারা টাইগাররা

    চলতি বিশ্বকাপে দুরন্ত শুরু করেছে নিউজিল্যান্ড। ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপের রানার-আপরা এবারের বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) জয়ের হ্যাটট্রিকও করল এদিন। টস হেরে শুক্রবার শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৪৫ রান সংগ্রহ করে বেঙ্গল টাইগাররা। মুশফিকুর রহিম ৬৬, শাকিব আল হাসান ৪০, মেহেদি হাসান মিরাজ ৩০ ও মাহমুদুল্লাহ অপরাজিত ৪১ রান করেন। ৩টি উইকেট নেন লকি ফার্গুসন। ২টি করে উইকেট দখল করেন ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি। পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪২.৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২৪৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ৭৮ রান করে অবসৃত হন কেন উইলিয়ামসন। এছাড়া ডেভন কনওয়ে ৪৫ ও ডারিল মিচেল অপরাজিত ৮৯ রান করেন।

    আরও পড়ুন: বাড়ানো হল নিরাপত্তা! ভারত-পাক মহারণের সময় আকাশে উড়বে ড্রোন

    কেমন আছেন কেন  উইলিয়ামসন

    আইপিএলে হাঁটুতে চোট পাওয়ার পর থেকে সাত মাস মাঠের বাইরে ছিলেন কেন উইলিয়ামসন। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ব্যাট করলেও চোট সারিয়ে সরকারিভাবে আন্তর্জাতিক ম্যাচে এদিনই প্রথম খেললেন নিউজিল্যান্ড অধিনায়ক। তবে এদিনও ফের চোট পেলেন তিনি। ব্যাট করার সময় আঙুলে চোট পান কেন উইলিয়ামসন। ৩৭.১ ওভারে ফিল্ডারের ছোঁড়া বল সরাসরি গিয়ে লাগে উইলিয়ামসনের বাঁ-হাতে। তিনি বুড়ো আঙুলে চোট পান। ফিজিও মাঠে এসে প্রাথমিক শুশ্রুষা করেন। ব্যাটিং চালিয়ে যাওয়ার চেষ্টাও করেন কিউয়ি দলনায়ক। তবে ষন্ত্রণা নিয়ে ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ৩৮.২ ওভারের পরে চোট নিয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন। ম্যাচ শেষে তিনি বলেন, “আঙুলে লেগেছে। কিছুটা ফুলেছে। কাল স্ক্যান করাব, তবে আশা করি সমস্যা হবে না।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: বাড়ানো হল নিরাপত্তা! ভারত-পাক মহারণের সময় আকাশে উড়বে ড্রোন

    ICC ODI World Cup 2023: বাড়ানো হল নিরাপত্তা! ভারত-পাক মহারণের সময় আকাশে উড়বে ড্রোন

    মাধ্যম নিউজ ডেস্ক: একদিকে ১৪০ কোটি ভারতবাসী, অন্য দিকে ৩৭ কোটি পাকিস্তানি, পাহাড় প্রমাণ চাপ নিয়েই শনিবার মহালয়ার দুপুরে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতে চলেছে মহারণ। বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) মঞ্চে ভারত-পাকিস্তান, (INDIA VS PAKISTAN) এটাই ক্রিকেটের সেরা উৎসব। শহরের হোটেলগুলিতে কোনও জায়গা নেই। সংবাদমাধ্যম সূত্রের খবর, ৪০ হাজার মানুষ বাইরে থেকে শহরে এসেছেন শুধুমাত্র খেলা দেখার জন্য। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত গুজরাত পুলিশ। 

    নিরাপত্তার ঘেরাটোপ

    ইডেন, চিপক, চিন্নাস্বামী কিংবা কোটলা—প্রতিটি মাঠই শহরের উপকেন্দ্রে। ফলে যে কোনও বড় ম্যাচ ঘিরে সমর্থকদের উত্তেজনার আঁচ সহজে উপলব্ধি করার সুযোগ মেলে। মোতেরায় সেটা নেই। সাধারণ দর্শক তো দূরে থাক, মাঠে আশেপাশের বস্তিগুলো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। বসেছে বড় গেট। দেওয়া হয়েছে পরিচয়পত্র। নিরাপত্তারক্ষীদের অনুমতি ছাড়া বাড়ির বাইরে পা ফেলার উপায় নেই। সত্যিই নজিরবিহীন নিরাপত্তা। গুজরাত পুলিশের হাজার হাজার কনস্টেবল থাকছে ছড়িয়ে ছিটিয়ে। দুই দলের জন্য নিযুক্ত হয়েছে এনসিজি কমান্ডো। ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা ঘন ঘন টহল দিচ্ছেন। চলছে নাকা তল্লাশি।

    কেন বাড়ল নিরাপত্তা

    কয়েক দিন আগে ই-মেল করে স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। একটি ‘উড়ো মেল’ ঘুম উড়িয়ে দিয়েছে গুজরাত প্রশাসনের। এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবুও নিশ্চিন্ত হতে পারছে না রাজ্য সরকার। ম্যাচের আগের দিন আরও নিরাপত্তা বাড়ানো হল আহমেদাবাদে। গুজরাত ক্রিকেট সংস্থার সভাপতি ধনরাজ নাথওয়ানি বলেন, ‘‘আইসিসি ও বিসিসিআইয়ের নির্দেশ মেনেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্বকাপের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচে কোনও ঝুঁকি নিতে চাইছি না। ড্রোন দিয়ে নজরদারি চলবে। পাশাপাশি অনেক পুলিশ মোতায়েন থাকবে। শুধু স্টেডিয়াম নয়, আশপাশের এলাকার দিকেও নজর রাখা হবে। পাশাপাশি দর্শকদের যাতে কোনও সমস্যা না হয় সে দিকেও লক্ষ্য রাখব।’’

    আরও পড়ুন: পিতৃপক্ষ ও দেবীপক্ষের মিলনক্ষণ মহালয়া! এই দুই পক্ষ আসলে কী?

    আকাশে উড়বে ড্রোন

    নিরাপত্তার স্বার্থে ১২টি ড্রোন ওড়ানো হবে মাঠের চারপাশে। এক টানা ১২ ঘণ্টা ওড়ার ক্ষমতা রয়েছে তাদের। ১২০ মিটার উচ্চতায় উড়তে পারে এই ড্রোনগুলি। প্রত্যেকটিতে উন্নত মানের ক্যামেরা লাগানো রয়েছে। তার ফলে অনেক নীচ থেকে নজর রাখা যাবে। মাঠের চারদিকে ৫ কিলোমিটার পর্যন্ত নজর রাখা হবে ড্রোনগুলি দিয়ে। এছাড়াও নিরাপত্তার জন্য থাকবে গুজরাত পুলিশ, এনএসজি, হোমগার্ড ও র‍্যাফ। সবমিলিয়ে মোট ১১ হাজার জনকে নিরাপত্তাকর্মী মাঠ ও শহরের বিভিন্ন জায়গায় থাকবেন বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। বৈধ প্রবেশপত্র ছাড়া মাঠ চত্বরে কাউকে ঢুকতে দেওয়া হবে না।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Cricket in Olympics: অপেক্ষার অবসান, অলিম্পিক্সে ক্রিকেট! সিলমোহর দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি

    Cricket in Olympics: অপেক্ষার অবসান, অলিম্পিক্সে ক্রিকেট! সিলমোহর দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতীক্ষার অবসান। ফের অলিম্পিক্সে ক্রিকেট। আসন্ন ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স (LA28) দেখবে ব্যাট-বলের যুদ্ধ। ১৯০০ সালে শেষবার অলিম্পিক্সে ছিল ক্রিকেট। ইংল্যান্ড-ফ্রান্স খেলেছিল একটি ম্যাচ।  ১৪১ তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সেশনে ক্রিকেটের প্রত্যাবর্তনে পড়ে গেল সিলমোহর। 

    ক্রিকেটের সঙ্গেই যুক্ত হল আরও চারটি খেলা

    গত বছর অগাস্ট থেকেই আইসিসি অলিম্পিক্সে ক্রিকেট ফেরানোর জন্য কোমর বেঁধে নেমেছিল। অবশেষে সফল হল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। জানা যাচ্ছে আঠাশের অলিম্পিক্সে ত্রিকেট হবে টি-২০ ফরম্য়াটে। ২০৩২ অলিম্পিক্সেও থাকবে ক্রিকেট। আইওসি আঠাশের অলিম্পিক্সে ক্রিকেট সহ-পাঁচটি খেলা অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। যুব সমাজের আগ্রহের কথা মাথায় রেখে ক্রিকেটের সঙ্গেই বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস ও স্কোয়াশ রাখা হয়েছে। মুম্বইতে চলছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক্সিকিউটিভ বোর্ড মিটিং। সেখানেই লস এঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভূক্তির সিদ্ধান্ত হয়। অলিম্পিকে একশো বছরেরও বেশি সময় পর ফিরতে চলেছে ক্রিকেট।

    আরও পড়ুন: হায়দরাবাদ-আহমেদাবাদ বিমানে উঠে অবাক বাবরেরা! কেন জানেন?

    অলিম্পিক্স ওয়ার্কিং কমিটিতে জয় শাহ

    গত বছর জানা গিয়েছিল ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেট জায়গা পাবে না। বদলে ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিক্সে জায়গা পাবে ক্রিকেট। এরপর থেকেই আঠাশে ক্রিকেটের রাখার জন্য আপ্রাণ চেষ্টা শুরু করে আইসিসি। আইসিসি-র এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছিল বিসিসিআইও। বোর্ড সচিব জয় শাহ আইসিসি-র অলিম্পিক্স ওয়ার্কিং কমিটিতে জায়গা পেয়েছেন। আইসিসি-র চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে, এলএ ২৮-এ ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য অলিম্পিক্স কমিটি প্রস্তাব দিয়েছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ল্যান্ডমার্ক যে প্রায় ১০০ বছর প্রথমবার অলিম্পিকে ক্রিকেট রাখা হচ্ছে।’ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Australia in CWC23: আধ ডজন ক্যাচ মিস! পরপর ২টি ম্যাচ হার, এ যেন ‘অচেনা’ অস্ট্রেলিয়া

    Australia in CWC23: আধ ডজন ক্যাচ মিস! পরপর ২টি ম্যাচ হার, এ যেন ‘অচেনা’ অস্ট্রেলিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: যে দলকে বিশ্ব চিনত তাদের ফিল্ডিংয়ের জন্য, ব্যাটিং ও বোলিংয়ের পাশাপাশি বিপক্ষের মনে ভয় ধরাত যে দলের ফিল্ডিং, আজ সেই অস্ট্রেলিয়ার ফিল্ডিংয়ের এ কী হাল! স্রেফ একটি ম্যাচেই বিপক্ষের ছ-ছটি ক্যাচ ফস্কালেন অজি ক্রিকেটাররা। যার ফল দিতে হল ম্যাচ হেরে। প্রথমে ভারত, পরে দক্ষিণ আফ্রিকা— বিশ্বকাপে প্রথম ২টি ম্যাচে হারের মুখ দেখতে হল প্যাট কামিন্সদের। যা অতীতে কখনও হয়েছে বলে কেউ মনে করতে পারছেন না।

    ব্যর্থ অস্ট্রেলিয়ার ব্যাটিং

    বৃহস্পতিবার, ব্যাটিং সহায়ক লখনউয়ের পিচেও ব্যাটিং ধরাশায়ী হয় অস্ট্রেলিয়ার। জেতার জন্য কামিন্সদের সামনে ৩১২ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার মতো দলের কাছে তা সমস্যার নয়। কিন্তু, এই রান তাড়া করতে গিয়েই হোঁচট খেল ওয়ার্নার, স্মিথ, লাবুশেন, ম্যাক্সওয়েল সমৃদ্ধ অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। ১৭৭ রানেই শেষ হয়ে যায় অজিদের ইনিংস। প্রথম ম্যাচে চেন্নাইয়ের ঘুর্ণি পিচে অস্ট্রেলিয়া করেছিল ১৯৯ রান। কিন্তু, লখনউয়ের পিচ একেবারে সোজা। সেখানেও ব্যর্থ অস্ট্রেলিয়ার ব্যাটাররা। 

    জঘন্য অস্ট্রেলিয়ার ফিল্ডিং

    এ তো গেল ব্যাটিং-ব্যর্থতার আখ্যান। এর আগে, দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময় জঘন্য ফিল্ডিংয়ের উদাহরণ পেশ করল টিম কামিন্স। এক বা দুটো নয়, একেবারে ৬টা ক্যাচ ফস্কালেন অজি ফিল্ডাররা। বাভুমার ক্যাচ তিন বার এবং মার্করাম, জানসেন ও মিলারের ক্যাচ এক বার করে পড়ে। একটা সময় দেখে বিশ্বাস হচ্ছিল না, এটাই কি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন টিম? ফিল্ডিং ও ব্যাটিং যদি অজস্র প্রশ্ন তুলে দিয়ে থাকে, তাহলে পিছিয়ে নেই দলের বোলিংও। অন্তত দক্ষিণ আফ্রিকা ম্যাচ তাই প্রমাণ করে। 

    নির্বিষ অস্ট্রেলিয়ার বোলিং

    ভারতের বিরুদ্ধে অজি বোলারদের মধ্যে লড়াইয়ের একটা চেষ্টা লক্ষ্য করা গিয়েছিল। ১৯৯ স্কোরে থমকে যাওয়া সত্ত্বেও শুরুতেই ভারতের তিন উইকেট তুলে লড়াই করার একটা জায়গা তৈরি করে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার বোলাররা। যদিও, বিরাট-রাহুল যুগলবন্দি তাদের সব আশায় জল ঢেলে দিয়েছিল। কিন্তু, বৃহস্পতিবার প্রোটিয়াদের বিরুদ্ধে স্টার্ক, কামিন্স, হেজেলউড, জাম্পা সমৃদ্ধ বিপক্ষের মনে ভয় ধরানো অস্ট্রেলিয়ার বিখ্যাত বোলিং লাইনআপকে একেবারে ক্লাবস্তরে নামিয়ে আনেন বাভুমা-ডি’কক-মার্করামরা। বিশ্বকাপে, অস্ট্রেলিয়ার এরকম নির্বিষ বোলিং শেষ কবে দেখা গিয়েছিল, সেই প্রশ্ন সকলের মনে ঘুরপাক খেতে থাকে। 

    প্রবল চাপে অস্ট্রেলিয়া

    প্রথম ২টি ম্যাচ হেরে টিম কামিন্স যে প্রবল চাপে তা বলার অপেক্ষা রাখে না। তবে, অস্ট্রেলিয়া যে ফিরে আসতে পারে, তেমন সুযোগ রয়েছে। এবারের বিশ্বকাপের ফরম্যাট লিগের মতো। ফলত, ১০টি দল প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে খেলবে। অর্থাৎ, প্রতি দল ৯টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকায় থাকা প্রথম চারটি দল সেমিফাইনালে যাবে। অস্ট্রেলিয়ার প্রাথমিক লক্ষ্য হল ওই প্রথম চারে থাকা। সেই সুযোগ অবশ্যই রয়েছে। তবে, তার আগে দলের ভুল-ত্রুটিগুলো এখনই শুধরে ফেলতে হবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Abhishek Banerjee: মা-বাবা-স্ত্রীর পর এবার ইডির তলব অভিষেকের পিএকে

    Abhishek Banerjee: মা-বাবা-স্ত্রীর পর এবার ইডির তলব অভিষেকের পিএকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই ইডির জালে জড়াচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)!  ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ মামলায় ইডি তলব করেছিল অভিষেককে। পরে তলব করা হয় তাঁর মা লতা, বাবা অমিত এবং স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক এবং তাঁর মা-বাবা ইডির ডাকে সাড়া না দিলেও, বুধবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে গিয়ে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন রুজিরা।

    ইডির সমন পেলেন সুমিত রায়

    টানা প্রায় সাড়ে আট ঘণ্টা জেরা শেষে ছাড়া পেয়েছিলেন। এবার ইডির সমন পেলেন অভিষেকের (Abhishek Banerjee) পিএ সুমিত রায়। প্রাথমিক নিয়োগ কেলেঙ্কারি মামলায় তলব করা হয়েছে তাঁকে। ইডি সূত্রে খবর, ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সম্পর্কে আরও তথ্য জানতে সুমিতকে তলব করা হয়েছে। ইডির নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত।

    ‘লিপস অ্যান্ড বাউন্ডস’

    নিয়োগ কেলেঙ্কারির তদন্তে নেমে ইডি গ্রেফতার করে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে। তাঁকে জেরা করতেই ঝুলি থেকে বিড়াল বের হয়। উঠে আসে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ নামে এক সংস্থার নাম। নিউ আলিপুরের এই সংস্থার সিইও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। যিনি আবার তৃণমূলের সাধারণ সম্পাদকও। এই সংস্থায় ডিরেক্টর পদে ছিলেন অভিষেকের মা লতা এবং বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকেই ডেকে পাঠায় ইডি। আদালতের নির্দেশে ইডির হাতে নথি তুলে দিলেও, হাজিরা এড়ান অভিষেক। ইডির ডাকে সাড়া দেননি তাঁর মা এবং বাবাও। জিজ্ঞাসাবাদের জন্য ইডি তলব করে ওই সংস্থার অধিকর্তা রুজিরাকে। বুধবার ইডি দফতরে হাজিরা দেন রুজিরা।

    আরও পড়ুুন: “তামাম বিশ্ব বুঝতে পারছে সন্ত্রাসবাদের বিপদ”, জি২০ স্পিকার সম্মেলনে বললেন মোদি

    তদন্তকারীদের অভিযোগ, চাকরি বিক্রি বাবদ বিভিন্ন জেলা থেকে যে টাকা আসত, সেই টাকা এজেন্টের কাছ থেকে সংগ্রহ করে ‘কালীঘাটের কাকু’ পৌঁছে দিতেন ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র দফতরে। অভিষেকের (Abhishek Banerjee) পিএকে জেরা করে ইডি জানতে চায়, কোন কোন অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে? এই টাকার লেনদেনের সঙ্গে প্রাথমিক নিয়োগ কেলেঙ্কারি মামলার কোনও যোগ রয়েছে কিনা, তাও জানতে চান তদন্তকারীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs Pakistan: ভারত-পাক ম্যাচে খেলবেন শুভমান! মহালয়ায় মহারণের আগে আত্মবিশ্বাসী রোহিত

    India vs Pakistan: ভারত-পাক ম্যাচে খেলবেন শুভমান! মহালয়ায় মহারণের আগে আত্মবিশ্বাসী রোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: শরীর সায় না দিলেও মন টানছে। বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) অভিষেকের অপেক্ষায় শুভমান গিল। আহমেদাবাদের পিচ বরাবরই তাঁর জন্য পয়া। আইপিএল হোক বা জাতীয় দলের জন্য ম্য়াচ হোক, গিল সবসময় এখানে রান পেয়েছেন। তার উপর সামনে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তান (India vs Pakistan)। এরকম ঐতিহাসিক ম্যাচে মাঠে নামতে না পারলে আক্ষেপ থেকে যাবে বহুদিন। তাই যে কোনও মূল্যে শনিবার বাইশ গজে ফিরতে চান শুভমান।

    কতটা ফিট গিল

    ম্য়াচের আগের দিন সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা বলেন, “পাকিস্তানের বিরুদ্ধে আগামী কালের ম্যাচ খেলার জন্য শুভমান গিল ৯৯ শতাংশ নিশ্চিত।” এর থেকে পরিষ্কার শুভমান গিল পাকিস্তানের বিরুদ্ধে রোহিতের সঙ্গে ওপেন করতে নামছেন। এর ফলে ওপেন থেকে মিডল অর্ডারে নামতে হবে ঈশান কিষানকে। গিল দলে এলে কাকে বাদ পড়তে হবে সেটা বড় প্রশ্ন। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন শ্রেয়স আইয়ার। কারণ ফর্মের দিক থেকে তাঁর অবস্থা এখন কিছুটা নড়বড়ে। ফলে তাঁর বাদ পড়ার সম্ভবনা বেশি।

    কীভাবে খেলতে পারেন শুভমান

    দিল্লি থেকে ভারতীয় দলে আহমেদাবাদে যাওয়ার আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন ডেঙ্গি আক্রান্ত শুভমান। বৃহস্পতিবার সকালে অনুশীলনও করেন তিনি। তার পরেই শুভমনের খেলার সম্ভাবনা বাড়ে। অনুশীলনে দেখা গিয়েছে শুভমান গিল নেটে ব্যাটিং করেছেন। তবে তাঁকে ফিল্ডিং করতে দেখা যায়নি। ক্যাচিং হোক বা অন্য কিছু হোক তিনি ফিল্ডিংয়ের কোনও কাজে অংশগ্রহণ করেননি। এক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করছেন, গিলকে শুধু ব্যাটিং করানো হতে পারে। ফিল্ডিংয়ের সময় তাঁকে তুলে নিতে পারে ভারত। ফিটনেসের জন্য তাঁকে ৫০ ওভার ফিল্ডিং করানোর ঝুঁকি নাও নিতে পারে টিম ম্য়ানেজমেন্ট।

    আরও পড়ুন: হায়দরাবাদ-আহমেদাবাদ বিমানে উঠে অবাক বাবরেরা! কেন জানেন?

    ম্যাচ নিয়ে কী বললেন রোহিত

    ভারত-পাকিস্তান ম্যাচের অনেক আগে থেকেই বাড়ছে উন্মাদনা। সমাজমাধ্যমে লড়াই চলছে দু’দলের সমর্থকদের। তিনি এ সব নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন রোহিত। ভারত অধিনায়ক বলেন, ‘‘৯ মাস ধরে সমাজমাধ্যম দেখিনি। যে যার মতো বলতেই পারে। আসল খেলা হয় মাঠে। সেখানে দু’দলের মধ্যে যে ভাল খেলতে পারে সে জেতে। তাই মাঠের লড়াইয়ের দিকেই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি।’’ এ বারের বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে জিতেছে ভারত ও পাকিস্তান। তাই দু’দলই ফর্মে রয়েছে। আহমেদাবাদে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এক দিকে ভারতের লক্ষ্য বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের অষ্টম জয়। অন্য দিকে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম ম্যাচ জিততে চাইছে পাকিস্তান। দিনের শেষে একদল জিতবে, একদল হারবে এটাই ইস্তক। তবে আসল জয় তো ক্রিকেটের।

    ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:  রোহিত, শুভমান, কোহলি, ঈশান, রাহুল, হার্দিক, জাদেজা, অশ্বিন, কুলদীপ, বুমরা এবং শামি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • PM Modi: “তামাম বিশ্ব বুঝতে পারছে সন্ত্রাসবাদের বিপদ”, জি২০ স্পিকার সম্মেলনে বললেন মোদি

    PM Modi: “তামাম বিশ্ব বুঝতে পারছে সন্ত্রাসবাদের বিপদ”, জি২০ স্পিকার সম্মেলনে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: এখন গোটা বিশ্ব বুঝতে পারছে সন্ত্রাসবাদ কত বড় চ্যালেঞ্জ। শুক্রবার নয়াদিল্লিতে জি২০ স্পিকার সম্মেলনে কথাগুলি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ইহুদিদের দেশ ইজরায়েলের ওপর আঘাত হেনেছে শিয়া মুসলমানদের দেশ প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাস। গাজা ভূখণ্ড থেকে ইজরায়েলকে লক্ষ্য করে চালাচ্ছে ধ্বংসাত্মক হামলা।

    সন্ত্রাসবাদ মানবতার শত্রু

    প্রতিরোধ গড়ে তুলেছে তেল আভিভও। হামাস-ইজরায়েলের এই যুদ্ধে মৃত্যু হয়েছে প্রায় চার হাজার ইজরায়েলবাসীর। এমতাবস্থায় সন্ত্রাসবাদ যে তামাম বিশ্বের পক্ষে মাথাব্যথার কারণ, তা জানিয়ে দেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এখন গোটা বিশ্ব বুঝতে পারছে সন্ত্রাসবাদ কত বড় চ্যালেঞ্জ। সন্ত্রাস যেখানেই ঘটুক না কেন, যে কারণেই ঘটুক না কেন, যেভাবেই ঘটুক না কেন, তা মানবতার শত্রু। সন্ত্রাস দমনে সবাইকে কঠোর অবস্থান নিতে হবে।”

    বসুধৈব কুটুম্বকম 

    ইজরায়েলে হামাসের হানাদারির বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন প্রধানমন্ত্রী। বার্তা দিয়েছেন ইজরায়েলের পাশে দাঁড়ানোর। তিনি (PM Modi) বলেন, “এটা সকলের উন্নয়ন ও কল্যাণের সময়। বৈশ্বক সঙ্কট কাটিয়ে মানবকেন্দ্রিক চিন্তাধারায় এগিয়ে যেতে হবে। আমাদের পৃথিবীকে এক পৃথিবী, এক পরিবার এবং এক আত্মার দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। ভারত কয়েক দশক ধরে আন্তঃসীমান্ত সন্ত্রাসের মুখোমুখি হচ্ছে। এখানে সন্ত্রাসবাদীরা হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে। বছর কুড়ি আগে আমাদের সংসদকেও টার্গেট করেছিল সন্ত্রাসবাদীরা। সেই সময় সংসদ অধিবেশন চলছিল। সন্ত্রাসবাদীরা সাংসদদের হত্যা করতে চেয়েছিল। এই ধরনের সন্ত্রাসী হামলার মোকাবিলা করে ভারত এখানে পৌঁছেছে।”

    আরও পড়ুুন: তদন্ত করতে পারবেন ইডির অপসারিত অধিকর্তা মিথিলেশ, নির্দেশ বিচারপতি সিনহারই

    প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ যা কিছু ঘটছে, তা থেকে কেউ বাদ পড়েনি। আজ বিশ্ব সঙ্কটের মুখোমুখি। এই সঙ্কটে পূর্ণ বিশ্ব কারও স্বার্থের পক্ষে নয়। মানবতার মুখোমুখি প্রধান চ্যালেঞ্জগুলির সমাধান করতে পারে না বিভক্ত বিশ্ব। এটি বিশ্বকুম্ভ। শান্তি ও সৌভ্রাতৃত্বের সময়। এক সঙ্গে চলার এবং এক সঙ্গে এগিয়ে যাওয়ার সময়।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “আজও ইনকামবেন্ট টেররিজমের আন্তর্জাতিক কনভেনশনে ঐক্যমত্যের জন্য অপেক্ষা করছে বিশ্ব। বিশ্বের এই মনোভাবের সুযোগ নিচ্ছে মানবতাবাদের শত্রুরা। সন্ত্রাসের বিরুদ্ধে এই লড়াইয়ে আমরা কীভাবে এক সঙ্গে কাজ করতে পারি, তা নিয়ে বিশ্বের সংসদ ও প্রতিনিধিদের ভাবতে হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share