Blog

  • SSC Scam: ‘‘সিবিআইয়ের জন্য খারাপ সময় আসছে’’! তাদেরই অফিসারকে জেরার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

    SSC Scam: ‘‘সিবিআইয়ের জন্য খারাপ সময় আসছে’’! তাদেরই অফিসারকে জেরার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রবাদ আছে, ‘যে যায় লঙ্কায় সেই হয় রাবণ’। বাংলার ক্ষেত্রেও হয়তো তেমনটাই হচ্ছে। এখানে তদন্ত করতে এসে কেন্দ্রীয় গোয়েন্দারাও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছেন ইঙ্গিত হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly)। নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার কেন্দ্রীয় সংস্থা সিবিআই (CBI)-এর ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। 

    ক্ষুব্ধ বিচারপতি

    ২০১৬ সালের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বৃহস্পতিবার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। এদিন নিয়োগ সংক্রান্ত সেই মামলার শুনানিতে সিবিআই অফিসার সোমনাথ বিশ্বাসের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। বিচারপতি বলেছেন, “এই মামলার সঙ্গে যুক্ত সব সিবিআই আধিকারিকের ব্যক্তিগত সম্পত্তি খুঁজে বের করার নির্দেশ আমি দেব। তারপর দেখছি। তাঁরা যদি সতর্ক হয়ে কাজ না করেন তা হলে প্রধানমন্ত্রীকে চিঠি লিখব।” সিবিআই প্রধানমন্ত্রীর সচিবালয়ের আওতায় রয়েছে। সেই কারণেই হয়তো সিবিআইয়ের কার্যকলাপ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখার কথা জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, ২০১৬ সালের দুর্নীতি কাণ্ডের ব্যাপারে ১০ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করবে সিবিআই।

    আরও পড়ুন: সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে ত্রিমুখী লড়াই! বিজেপির প্রার্থী দিলীপ সাহা

    এদিন প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল। এই মামলায় আগেই সিট গঠনের নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু সিটের তদন্ত নিয়ে সম্প্রতি অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। সিবিআই ফের সময় চাইলে বিরক্তি প্রকাশ করেন তিনি। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় তদন্ত এজেন্সিকে হুঁশিয়ার করে বলেন, “সিবিআইয়ের জন্য খুব খারাপ সময় আসছে। এখনও যদি সিবিআই ঠিকমতো কাজ না করে তাহলে তাদের জন্য খুব খারাপ দিন অপেক্ষা করছে”। তদন্তের ঢিমে তাল নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি বলেন, ‘‘সারা পশ্চিমবঙ্গের লোক তাকিয়ে বসে আছে কী হবে। আপনারা ইয়ার্কি মারছেন? আমি তো দেখছি এ বার ইংল্যান্ডের তদন্তকারী সংস্থা এমআই-৫ এর উপর ভরসা করতে হবে।’’ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • MQ9B-Predator: আতঙ্কে চিন-পাকিস্তান! ৩০০ কোটি ডলার ব্যয়ে ভারতের হাতে আসছে আরও ৩০ ‘প্রিডেটর’?

    MQ9B-Predator: আতঙ্কে চিন-পাকিস্তান! ৩০০ কোটি ডলার ব্যয়ে ভারতের হাতে আসছে আরও ৩০ ‘প্রিডেটর’?

    মাধ্যম নিউজ ডেস্ক: সব ঠিকঠাক চললে অপেক্ষা হয়ত আর কিছুদিনের। টাকাপয়সার লেনদেন ঠিকঠাক হলই তিন দফায় আমেরিকা থেকে ১০টি করে এমকিউ-৯বি (Predator MQ-9B Reaper) সশস্ত্র প্রিডেটর ড্রোন চলে আসবে ভারতীয় সামরিক বাহিনীর তিন বিভাগ অর্থাৎ স্থল, নৌ ও বায়ুসেনার হাতে। মাঝেমধ্যেই সীমান্ত পেড়িয়ে ভারতের আকাশে চলে আসছে পাক ড্রোন। মাঝে মধ্যেই উত্তপ্ত হয়ে উঠছে চিন (China) সীমান্তবর্তী লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। এই পরিস্থিতির কথা মাথায় রেখে এবার খুব শীঘ্রই ভারত আমেরিকা থেকে আমদানি করবে অতি উন্নতমানের সশস্ত্র ড্রোন। 

    আধুনিক ড্রোন

    আমেরিকার হানাদার ড্রোনের শিকার হয়েছেন তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা মহম্মদ ওমর থেকে সিরিয়ার আল কায়দা প্রধান সেলিম আবু আহমেদ। সেই ‘প্রিডেটর ড্রোন’ ৩০০ কোটি ডলার ব্যয় করে আমেরিকা থেকে কিনবে ভারত। ভারতীয় স্থল, নৌ এবং বায়ুসেনার জন্য প্রিডেটরের ‘এমকিউ-৯বি’-র ‘সি গার্ডিয়ান’ (Predator Drone) এবং ‘স্কাই গার্ডিয়ান’ সংস্করণ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। জেনারেল অ্যাটোমিক্স গ্লোবাল কর্পোরেশনের মুখ্য আধিকারিক বিবেক লাল জানান, এই ড্রোন নিয়ে ভারত ও আমেরিকার সরকারের মধ্যে কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আমেরিকার সঙ্গে যৌথ উদ্য়োগে শক্তিশালী সশস্ত্র ড্রোন বানানোর পরিকল্পনাও আছে ভারতের।

    আরও পড়ুন: প্রতিরক্ষা খাতে বরাদ্দ ৫ লক্ষ ৯৪ হাজার কোটি টাকা! জানেন কী কী অস্ত্র কিনতে পারে ভারত?

    ঘাতক ড্রোন

    মার্কিন বায়ুসেনা এই ধরনের সশস্ত্র ড্রোন (Drones) ব্যবহার করে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই প্রিডেটর-বি ড্রোনকে বলেন ঘাতক ড্রোন। উঁচু পাহাড়ি এলাকায় নজরদারি চালানো এবং দুর্গম এলাকায় অতর্কিতে শত্রুঘাঁটির উপরে হামলা চালাতে এই ড্রোনের জুড়ি মেলা ভার। এর উন্নত রাডার ও সেন্সর সিস্টেম অনেক উঁচু থেকেই শত্রুঘাঁটি চিনে নিতে পারে। প্রতিপক্ষ টের পাওয়ার আগেই নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে পারে। আমেরিকার তৈরি এই ঘাতক ড্রোনকে ‘এমকিউ-৯ রিপার’ বলা হয়। ৫০ হাজার ফুট উচ্চতায় ২৭ ঘণ্টা ধরে একটানা ওড়ার ক্ষমতা রয়েছে এই ড্রোনের। সর্বোচ্চ বহন ক্ষমতা ১,৭৪৬ কিলোগ্রাম।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Assam: ৪ হাজার নাবালিকার বিয়ে! কড়া ব্যবস্থা শুক্রবার থেকেই, জানাল অসম সরকার

    Assam: ৪ হাজার নাবালিকার বিয়ে! কড়া ব্যবস্থা শুক্রবার থেকেই, জানাল অসম সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: চার হাজার চারজন নাবালিকার বিয়ের খবর নথিভুক্ত হয়েছে। নাবালিকার বিয়ে রুখতে তাই এবার কড়া পদক্ষেপ করতে চলেছে অসম (Assam) সরকার। জানা গিয়েছে, যে সব নাবালিকার বিয়ের (Child Marriage) খবর নথিভুক্ত করা হয়েছে, সে সব ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে।  

    নাবালিকা বিয়ে…

    সম্প্রতি এক ট্যুইট-বার্তায় নাবালিকা বিয়ের এই তথ্য তুলে ধরেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি লিখেছেন, রাজ্যে নাবালিকার বিয়ে বন্ধে বদ্ধ পরিকর অসম সরকার। এতদিন পর্যন্ত ৪ হাজার ৪টি নাবালিকার বিয়ে নথিভুক্ত হয়েছে গোটা রাজ্যে। এই কেসগুলির ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া শুরু হবে ৩ ফেব্রুয়ারি থেকে। তিনি লিখেছেন, এ ব্যাপারে সবাইকে সহযোগিতা করতে অনুরোধ করি। মুখ্যমন্ত্রীর (Assam) শেয়ার করা তথ্য থেকে দেখা যাচ্ছে, ধুবড়ি জেলায় সব চেয়ে বেশি নাবালিকার বিয়ের খবর মিলেছে।

    এই জেলায় এমনতর বিয়ে হয়েছে ৩৭০টি। হোজাই জেলায় বিয়ে হয়েছে ২৫৫ নাবালিকার। তার পরে রয়েছে উদালগুড়ি। সেখানে বিয়ে হয়েছে ২৩৫ নাবালিকার। সব চেয়ে কম নাবালিকার বিয়ে হয়েছে দিমা হোসা জেলায়।

    আরও পড়ুুন: ‘আরএসএস ডানপন্থীও নয়, বামপন্থীও নয়, জাতীয়তাবাদী’, সাফ জানালেন দত্তাত্রেয়

    প্রসঙ্গত, ১৯২৯ সালের আইন অনুযায়ী মেয়েদের ক্ষেত্রে ১৪ ও ছেলেদের ক্ষেত্রে ১৮ হলেই বিয়ের অনুমতি মিলত। ১৯৭৮ সালে সংশোধন করা হয় এই আইন। তার পরে মহিলাদের ক্ষেত্রে বিয়ের বয়স বেড়ে দাঁড়ায় ১৮ বছর, পুরুষদের ক্ষেত্রে ২১ বছর। গুয়াহাটি শহরেও নাবালিকার বিয়ের সংখ্যা বাড়ছে বলেও গত সেপ্টেম্বরে খবর হয় সংবাদ মাধ্যমে। তখন জানা গিয়েছিল, ওই সময়ের কয়েক মাস আগে পর্যন্ত খোদ গুয়াহাটি শহরে বিয়ে হয়েছিল অন্তত ২৪ নাবালিকার। এর মধ্যে ১০টি ক্ষেত্রে অপহরণ, ৬টি ক্ষেত্রে প্রাক বিবাহ, পাঁচটি ক্ষেত্রে বিয়ের পরে এবং দুটি ক্ষেত্রে বিয়ের নামে পাচারের অভিযোগ দায়ের হয়েছিল। গত বছর এপ্রিল মাস থেকে ওই অভিযোগগুলি দায়ের হয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
  • West Bengal Weather: শহরে ফিরল শীতের আমেজ! আরও কমবে তাপমাত্রা! কী বলছেন আবহবিদরা?

    West Bengal Weather: শহরে ফিরল শীতের আমেজ! আরও কমবে তাপমাত্রা! কী বলছেন আবহবিদরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: শহরে ফের শীতের আমেজ ফিরে এল। উত্তুরে হাওয়ার হাত ধরেই রাজ্যে ফিরল শীত। একদিনে প্রায় ৩ ডিগ্রি নামল তাপমাত্রা। বুধবারে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। আজ তা কমে দাঁড়াল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার থেকে আরও কমতে পারে ঠান্ডা। পশ্চিমী ঝঞ্ঝা সরতেই উত্তুরে হাওয়ার দাপট বাড়তে শুরু করেছে রাজ্যে।

    কলকাতার আবহাওয়া

    বৃহস্পতিবার এক ধাক্কায় ৩ ডিগ্রি নামল পারদ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাংলার পশ্চিম দিকে উত্তরপ্রদেশের কাছে যে পশ্চিমি ঝঞ্ঝা অবস্থান করছিল, তার প্রভাব কেটে গিয়েছে বলে জানিয়েছেন আবহবিদরা। আগামী কয়েক দিনে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামার পূর্বাভাস রয়েছে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৪ ফেব্রুয়ারি শনিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

    আরও পড়ুন: শীতের বিদায় এখনই নয়, বৃহস্পতিবার থেকেই ফিরবে শীত! কী বলছে হাওয়া অফিস?

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    আবহওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ থাকবে। ৪-৫ দিন শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আগামী ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে এর পরের দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে।

    পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে যেতেই উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে। ফলে আজ, বৃহস্পতিবার থেকে শীতের আরও একটি স্পেল বাংলায়। ৪-৫ দিন স্থায়ী হতে পারে এই শীতের স্পেল। যদিও জাঁকিয়ে ঠান্ডা বা কনকনে শীতের সম্ভাবনা কম। তবে শীতের আমেজ অনেকটাই ফিরবে দক্ষিণবঙ্গে।

  • RSS: ‘আরএসএস ডানপন্থীও নয়, বামপন্থীও নয়, জাতীয়তাবাদী’, সাফ জানালেন দত্তাত্রেয়

    RSS: ‘আরএসএস ডানপন্থীও নয়, বামপন্থীও নয়, জাতীয়তাবাদী’, সাফ জানালেন দত্তাত্রেয়

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) কর্মীরা জাতীয়তাবাদী। তাঁরা ডানপন্থী নন, বামপন্থীও নন। বুধবার একথা সাফ জানিয়ে দিলেন আরএসএসের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবল (Dattatreya hosable)। এদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ: কাল, আজ ও কাল শীর্ষক দীনদয়াল স্মৃতি বক্তৃতায় যোগ দেন দত্রাত্রেয়। এই আলোচনা সভায় ভাষণও দেন তিনি। সংঘের সাধারণ সম্পাদক বলেন, আমরা ডানপন্থীও নই, বামপন্থীও নয়। আমরা জাতীয়তাবাদী।

    দত্তাত্রেয় বলেন…

    দত্তাত্রেয় বলেন, সংঘ কেবল জাতির স্বার্থে কাজ করে চলেছে। এদিন তিনিও বলেন, ভারতে যাঁরা বসবাস করছেন, তাঁরা সবাই হিন্দু। কারণ তাঁদের পূর্ব পুরুষরা হিন্দু ছিলেন। তাঁদের প্রার্থনা পদ্ধতি আলাদা হতে পারে, যদিও তাঁদের প্রত্যেকের ডিএনএ এক। সংঘের সাধারণ সম্পাদক বলেন, সংঘ কেবল একটি শাখা তৈরি করবে। কিন্তু সমস্ত কাজ করবেন সংঘের স্বেচ্ছাসেবকরা। তিনি বলেন, আমাদের সকলের প্রচেষ্টায় ভারত বিশ্বকে নেতৃত্ব দেবে। এভাবে ভারত হয়ে উঠবে বিশ্বগুরু। দত্তাত্রেয় বলেন, সংঘ ভারতের সমস্ত ধর্ম ও সম্প্রদায়কে এক বলে মনে করে।

    দত্তাত্রেয় বলেন, সম্প্রদায়গত ভেদ সরিয়ে রেখে মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে। এই ইউনিয়ন রিজিড নয়, বরং ফ্লেক্সিবল। তিনি বলেন, সংঘকে (RSS) বুঝতে হলে হৃদয়ের কোনও প্রয়োজন নেই। কেবল মন একা কাজ করতে পারে না। দত্তাত্রেয় বলেন, সংঘের কাজই হল উন্নত হৃদয় এবং মন তৈরি করা। জানুন, জীবন কী?  জীবনের লক্ষ্যই বা কী? আরএসএসের সাধারণ সম্পাদক বলেন, সংবিধান ভাল। কিন্তু সেই সংবিধান যাঁরা পরিচালনা করেন, তাঁরা যদি বাজে হন, তাহলে সংবিধানও কিছু করতে পারবে না।

    আরও পড়ুুন: সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে ত্রিমুখী লড়াই! বিজেপির প্রার্থী দিলীপ সাহা

    এদিনের অনুষ্ঠানে দত্তাত্রেয় বলেন, এটা আমাদের মনে রাখা উচিত যে আমাদের পরবর্তী প্রজন্ম এই কলঙ্ক বয়ে বেড়াবে না। তাই পরিবেশ, জল, স্থল এবং জঙ্গল রক্ষা করা গেলে আমরা সুরক্ষিত থাকব। তিনি বলেন, আমাদের সমাজকে সক্রিয় রাখতে হবে। ভারতের অস্তিত্ব ও পরিচয় টিকিয়ে রাখতে এটা আমাদের করতে হবে। দত্তাত্রেয় বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আরএসএসের (RSS) ভূমিকা ছিল। তামিলনাড়ুতে যে ধর্মান্তকরণ হয়েছিল, তার বিরুদ্ধে হিন্দু জাগরণের জন্য একটা শঙ্খের প্রয়োজন ছিল। তিনি বলেন, আজ জাতীয় জীবনের কেন্দ্রে রয়েছে সংঘ। এই সংঘ সমাজ এবং ব্যক্তি মানুষ গঠন করতে কাজ করে যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
  • Supreme Court: প্রাইভেসি পলিসি মানতে বাধ্য নয় ভারতের ব্যবহারকারীরা! হোয়াটসঅ্যাপকে ‘সুপ্রিম’-নির্দেশ

    Supreme Court: প্রাইভেসি পলিসি মানতে বাধ্য নয় ভারতের ব্যবহারকারীরা! হোয়াটসঅ্যাপকে ‘সুপ্রিম’-নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২১ সালে জারি করা হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি (Privacy policy) মানতে বাধ্য নয় ভারতের ব্যবহারকারীরা (Indian Users)। এই নিয়ে হোয়াটসঅ্যাপকে (WhatsAPP) প্রচার চালানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

    কী বলল আদালত

    ভারতের (India) সর্বোচ্চ আদালত তবে একথাও জানিয়ে দিয়েছে, যাঁরা এই বিষয়টি গ্রহণ করেছে তাদের ক্ষেত্রে ডাটা প্রোটেকশন বিল (Data Protection Bill) যতক্ষণ না লাঘু হচ্ছে ততক্ষণ হোয়াটসঅ্যাপ ঠিকঠাক ভাবেই কাজ করবে। বুধবার এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ (Constitution Bench)। এর ফলে ভারতে বসবাসকারী হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা যাঁরা লেটেস্ট প্রাইভেসি পলিসি গ্রহণ করেননি তাদেরও এই অ্যাপটি ব্যবহার করতে কোনও অসুবিধা হবে না। এই অর্ডারটি পাশ করতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম যোশেফ, অজয় রাস্তোগি, অনিরুদ্ধ বোস, ঋষিকেশ রায় ও সিটি রবিকুমারের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানায়, যাঁরা ২০২১ সালে জারি করা হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসির শর্তাবলী মানতে চাননি তাঁরা উপকৃত হবেন।

    আরও পড়ুন: পুড়িয়ে ফেলা হয়েছে ২০১৭-এর টেটের ওএমআর শিট! কার নির্দেশে এমন কাজ, রিপোর্ট চাইলেন বিচারপতি

    হয় ফেসবুক নয়তো হোয়াটসঅ্যাপ

    বেশীরভাগ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ফেসবুক অ্যাকাউন্টও রয়েছে। খুব কম সংখ্যক মানুষের এই দুটির মধ্যে যে কোনও একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে। যাঁদের একইসঙ্গে দুটি অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা কোন অ্যাকউন্টটি রাখতে চান সেব্যাপারে চিন্তা ভাবনা শুরু করা উচিত। অন্তত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে একটি অ্যাকাউন্ট বন্ধ করা কাম্য। এব্যাপারে সুপ্রিম কোর্টে তাদের অবস্থান জানিয়েছে ফেসবুক। যদি কোনও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সঠিকভাবে গোপনীয়তা রক্ষা করতে চান, তাহলে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলা ভাল। সুপ্রিম কোর্টে শুনানির সময় আইনজীবী কপিল সিবাল বলেছেন, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কিছু ডেটা ফেসবুকের সঙ্গে ভাগ করে নেওয়া হয়। এক্ষেত্রে ব্যবহারকারীরা যদি সম্পূর্ণ গোপনীয়তা চান, তাহলে তাঁদের ফেসবুক অ্যাকাউন্ট না রাখাই উচিত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Sharukh Khan: পাঠানের পর বক্স অফিসে আসছে ‘জওয়ান’, ভাইরাল কিং খানের ব্যান্ডেজ লুক

    Sharukh Khan: পাঠানের পর বক্স অফিসে আসছে ‘জওয়ান’, ভাইরাল কিং খানের ব্যান্ডেজ লুক

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ২৫ জানুয়ারি পাঠান মুক্তি পেয়েছে। ছবিকে কেন্দ্র করে শাহরুখ(Sharukh Khan) ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনার রেশ এখনও কাটেনি। ঠিক এর মধ্যেই ভক্তরা পেলেন নতুন সারপ্রাইজ। ব্যান্ডেজে ঢাকা মুখ, এমনই লুকে দেখা গেল কিং খানকে। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই ছবি। শাহরুখ খান (Sharukh Khan) অবশ্য নিজে পোস্ট করেননি। জানা যাচ্ছে, তাঁর নতুন ছবি জওয়ানের শ্যুটিং চলাকালীন সেট থেকে ফাঁস হয়েছে এই ছবি। দেখা যাচ্ছে মুখে ব্যান্ডেজ বেঁধে শ্যুটিং করছেন শাহরুখ খান (Sharukh Khan)। প্রসঙ্গত, জওয়ানে ঠিক এভাবেই ব্যান্ডেজ জড়ানো মুখেই দেখা যাবে বলিউডের কিং-কে। সিনেমার প্রমোশনাল পোস্টার ও টিজারে শাহরুখকে(Sharukh Khan) এই লুকেই দেখা যাচ্ছে। 

    জানা গিয়েছে, পাঠান মুক্তির প্রায় এক সপ্তাহ পরে শ্যুটিং সেটে ফিরলেন শাহরুখ (Sharukh Khan)। মুম্বইয়ে চলছে জওয়ানের শ্যুটিং- এর কাজ। আরও জানা গিয়েছে, দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমারের নির্দেশনায় জওয়ান ছবিতে কাজ করছেন কিং খান। এই ছবিতে শাহরুখ খানের পাশাপাশি দেখা যাবে দক্ষিণের দুই  তারকাকেও, তাঁরা হলেন, বিজয় সেতুপতি ও নয়নতারা।

    জওয়ানের শ্যুটিং সেটের ছবি প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত শাহরুখ অনুরাগীরা। ভক্তদের মতে, পাঠানের থেকে জওয়ান আরও সফল হবে। শাহরুখ খান নিজেই বলেছেন, জিরো ফ্লপ হওয়ার পরে চার বছর অপেক্ষা করেছি। পর স্বমহিমায় ফিরেছেন শাহরুখ। জওয়ানের টিজারে শাহরুখ খানের নতুন লুকে মাত নেটপাড়া। শাহরুখ খান (Sharukh Khan) বিগত সাংবাদিক সম্মেলনে নিজেই বলেছেন, অ্যাকশন হিরো হওয়ার ইচ্ছাই ছিল তাঁর। পরপর পাঠান এবং জওয়ান মুভি যেন সেই ইচ্ছাকেই সামনে আনছে। 

    কবে মুক্তি পাবে জওয়ান 

     সূত্র মারফত জানা গিয়েছে, ২০২৩ সালের ২ জুন সিনেমা হলগুলিতে মুক্তি পাবে এই হাই ভোল্টেজ মুভি। হিন্দি, তামিল, তেলুগু, মালয়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে অ্যাটলি কুমার পরিচালিত এই ছবি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Bengal BJP: বাজেট প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া জবাব দিলেন শুভেন্দু-সুকান্ত, কী প্রতিক্রিয়া শমীক ভট্টাচার্যের

    Bengal BJP: বাজেট প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া জবাব দিলেন শুভেন্দু-সুকান্ত, কী প্রতিক্রিয়া শমীক ভট্টাচার্যের

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পেশের পরেই এর কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটকে অমাবস্যার অন্ধকারের সঙ্গে তুলনা করেছেন তিনি। এরপরেই যোগ্য জবাব দিতে মুখ্যমন্ত্রী ও তাঁর দলকে একহাত নিল বঙ্গ বিজেপি। দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে বিজেপির প্রতিবাদ সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে বক্তব্য রাখতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট বিশ্লেষণকে কটাক্ষ করেন। আবার বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যও মমতাকে কড়া ভাষায় জবাব দিয়েছেন। বাজেট নিয়ে শাসকদল সমালোচনা করলে সুকান্ত মজুমদারও তাঁদের কটাক্ষ করতে ছাড়েননি।

    শুভেন্দুর বক্তব্য

    মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেন, “কেন্দ্রের বাজেট গরিববিরোধী বাজেট।” সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর কটাক্ষ, “ওনার চোখে গরিববিরোধী বাজেটই বটে। নিজে তো সাত লাখ টাকা প্যালেসে থাকেন। নিজে তো ডিএ দেন না আবার বড় বড় কথা। মধ্যবিত্তদের তো সঞ্চয় হবে। এই দেখুন না ৯ লাখ টাকায় ১৫ হাজার টাকা সঞ্চয় হবে নয়া কর কাঠামোয়।” এর পর দুর্নীতির প্রসঙ্গ এনেও মমতাকে আক্রমণ করেছেন শুভেন্দু। তিনি বলেছেন, “মমতা চোরদের রানী, সব হিসেব হবে, সিপিআইএম, সংখ্যালঘু মানুষ সকলে বলেছেন সঙ্গে আছি, তৃণমূলকে হটাতে হবে। যাদের ভাঙা সাইকেল ছিল না তাদের এখন গাড়ি হয়েছে। এবার থেকে যদি আর একটাও বিজেপির কর্মীর গায়ে হাত পড়ে তাহলে কেষ্টর থেকেও অবস্থা খারাপ হবে। চোরেদের রানী মমতা বন্দোপাধ্যায়।”

    আরও পড়ুন: সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে ত্রিমুখী লড়াই! বিজেপির প্রার্থী দিলীপ সাহা

    সুকান্ত মজুমদার কী বললেন?

    বাজেট প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক এবং মুখপাত্র কুণাল ঘোষ। কটাক্ষ করে তিনি বলেছেন, “এটা ছদ্মবেশী রাবণের বাজেট।” এই প্রসঙ্গেই পাল্টা জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, “রাবণ গেরুয়া বসনে এসেছিল। বাকি সময়ে সে অধর্মের কাজ করত। পশ্চিমবঙ্গে কারা অধর্মের কাজ করে সেটা জনগণ জানেন। আমরা সীতাহরণ করতে চাই না। আমাদের পারফরম্যান্সের ভিত্তিতে ভোটে লড়তে চাই। ওনাদের শূর্পণখা হওয়ার ইচ্ছে হলে হতে পারেন। আমরা নাক কেটে যাত্রা ভঙ্গ করব।”

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যেরও পাল্টা জবাব দিয়েছেন সুকান্ত মজুমদার। মমতা বলেছিলেন, “এই বাজেটে আশার আলো নেই, অন্ধকারের অমাবস্যা আছে।” পাল্টা জবাব দিয়ে সুকান্ত বলেন, “মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন পশ্চিমবঙ্গের জন্য অন্ধকার অমাবস্যাই আছে। কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নামক শাসক দল রাজ করছে। যতক্ষণ পর্যন্ত এই রাহুর গ্রাস পশ্চিমবঙ্গে থাকবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণিমা আসার সম্ভাবনা নেই, অমাবস্যাই থাকবে। কারণ গ্রহণ হলে অন্ধকারই থাকে।”

    বঙ্গ বিজেপির মুখপাত্রের প্রতিক্রিয়া

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেটকে কটাক্ষ করায় শমীক ভট্টাচার্য বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী আজকের এই বাজেটকে দিশাহীন বলেছেন এবং এই বাজেটের মধ্যে তিনি কোনও ভবিষ্যৎ দেখতে পাননি। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আজ তৃণমূলকে চিনেছে৷ আসলে তৃণমূল কংগ্রেসের কোনও ভবিষ্যৎ নেই এই বাজেটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাই এটি হতাশা।”

  • Sagardighi By Election: সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে ত্রিমুখী লড়াই! বিজেপির প্রার্থী দিলীপ সাহা

    Sagardighi By Election: সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে ত্রিমুখী লড়াই! বিজেপির প্রার্থী দিলীপ সাহা

    মাধ্যম নিউজ ডেস্ক: সাগরদিঘি (Sagardighi) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন দিলীপ সাহা। চলতি মাসের ২৭ তারিখ উপনির্বাচন হবে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে। ৭ ফেব্রুয়ারি এই কেন্দ্রে প্রার্থী পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ইতিমধ্যেই এই আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল (Trinamool Congress)। এবার প্রার্থী ঘোষণা করল বিজেপি। 

    কেন উপনির্বাচন

    প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সাগরদিঘি থেকে জিতেছিলেন সুব্রত সাহা। তৃণমূলের এই প্রার্থী সেখান থেকে জিতে রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন। কিন্তু ২০২২ সালের ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সুব্রত সাহা। এবার এই আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। এখন তিনি সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে রয়েছেন। দেবাশিসকে হারানোর জন্য রাজ্যে ক্রমবর্ধমান দুর্নীতি এই কেন্দ্রে পদ্ম প্রতীকে দাঁড়ানো দিলীপের মূল হাতিয়ার। 

    আরও পড়ুন: চলতি মাসের ১৫ তারিখ পেশ হতে পারে রাজ্য বাজেট, জানালেন চন্দ্রিমা

    দিলীপ সাহার পরিচয়

    ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যোগদান করেন দিলীপ। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে নবগ্রাম কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটেই প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা গিয়েছিল তাঁকে। তবে হারতে হয়েছিল বামেদের কাছে। রাজনীতির পাশাপাশি ব্যবসার কাজেও যুক্ত তিনি। রয়েছে একটি রাইস মিল।

    আরও পড়ুন: পুড়িয়ে ফেলা হয়েছে ২০১৭-এর টেটের ওএমআর শিট! কার নির্দেশে এমন কাজ, রিপোর্ট চাইলেন বিচারপতি

    এই কেন্দ্রে তৃণমূল ও বিজেপি ও কংগ্রেস প্রার্থী ঘোষণা করে দিলেও এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি বামেরা। সেখানে বাম-কং জোট নিয়েও শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। কংগ্রেসের প্রতীকে এই কেন্দ্রে লড়ছেন ব্যারণ বিশ্বাস। সামশেরগঞ্জ থানার ধুলিয়ানের বাসিন্দা ব্যারণ এলাকায় বিশিষ্ট সমাজসেবী হিসাবেই পরিচিত। নির্বাচন কমিশন সূত্রে খবর, ৮ ফেব্রুয়ারি হবে জমা পড়া মনোনয়নের স্ক্রুটিনি। ১০ ফেব্রুয়ারি প্রার্থীপদ বাতিলের শেষ দিন। ২ মার্চ বেরোবে নির্বাচনের ফল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Pathaan: পাঠানের জনপ্রিয়তায় মাত গোটা বিশ্ব, সিনেমা দেখতে ভারতে আসছেন বাংলাদেশিরা!

    Pathaan: পাঠানের জনপ্রিয়তায় মাত গোটা বিশ্ব, সিনেমা দেখতে ভারতে আসছেন বাংলাদেশিরা!

    মাধ্যম নিউজ ডেস্ক: চার বছর পর রুপোলী পর্দায় ফিরেও তিনি দেখিয়েছেন তিনি আজও বলিউডের ‘বাদশা’। আজও একই ভাবে তাঁর ভক্তরা তাঁর জন্যে পাগল। বলছি শাহরুখ খানের কথা। শাহরুখ খানের কামব্যাক ছবি ‘পাঠান’ (Pathaan) বক্স অফিসে সুপারহিট। মাত্র সাত দিনে ৬৩৪ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। দেশ  মিলেছে ৩৯৫ কোটি টাকা। বিদেশ থেকে ছবিটি কামিয়েছে ২৩৯ কোটি টাকা। ছবিটি মুক্তির আগেই এর সফল হওয়ার আভাস পাওয়া গিয়েছিল। হাজার কোটি ছোঁয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। চার বছর পর সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবির হাত ধরে বড়পর্দায় কামব্যাক করেছেন শাহরুখ। অ্যাকশন হিরোকে ফের বড় পর্দায় দেখতে সিনেমা হলে ছুটছেন অনুরাগীরা। শুধু এদেশেই নয়। শাহরুখের ছবির জনপ্রিয়তা পার করেছে কাটা তারও। বাংলাদেশ থেকে অগণিত ভক্ত এদেশে ছুটে আসছেন পাঠান দেখতে। কারণ, ওপার বাংলায় মুক্তি পায়নি পাঠান। তাতে কী? কিং খানের ভক্তদের কাটা তার আটকে রাখতে পারে? জানা গিয়েছে, এই ছবি দেখার জন্য ভারতে আসছেন বাংলাদেশিরা।

    আরও পড়ুন: কারচুপির অভিযোগে পড়েছে শেয়ারের দাম, ২০ হাজার কোটির শেয়ার ছাড়ার পরিকল্পনা বাতিল আদানি গোষ্ঠীর  

    পাঠানের (Pathaan) ওপার বাংলায় মুক্তি না পাওয়ার নেপথ্যে মূলত আইনি জটিলতা। এ প্রসঙ্গে বাংলাদেশের পরিচালক অনন্য মামুন ঢাকা ট্রিবিউনকে বলেন, “আইনি জটিলতার জেরেই পাঠান মুক্তি পাচ্ছে না এখানে। দু’টি আইনে আটকেছে এই সিনেমা। প্রথমত, কোনও উপমহাদেশীয় ছবি আমাদের দেশে মুক্তি পায় না। দ্বিতীয়ত, ঢাকা এবং ভারতের যৌথ উদ্যোগে নির্মিত সিনেমা নয় এটি। যদি সেটা হতো, তাহলে মুক্তি পাওয়ার সুযোগ থাকত।” 

    কিন্তু সে বাঁধা মানতে নারাজ শাহরুখের বাংলাদেশি ভক্তরা। তাই তাঁরা ভারতের সিনেমাহলগুলিকেই বেছে নিচ্ছেন প্রিয় তারকাকে দেখতে। অজন্তা সিনেমা হলের মালিক শতদীপ সাহার ত্রিপুরাতেও একটি হল রয়েছে। যার নাম রূপসী সিনেমা। তিনি একটি স্ক্রিনশট শেয়ার করে জানিয়েছেন যে এক বাংলাদেশি পরিবারের সদস্যরা পাঠান (Pathaan) দেখার জন্য তাঁর আগরতলার সিনেমা হলে এসেছিলেন।

    পাকিস্তানে বেআইনি স্ক্রিনিং  

    প্রায় একই হাল আরও (Pathaan) এক প্রতিবেশি দেশের। পাকিস্তানেও মুক্তি পায়নি পাঠান। কারণ, চার বছর আগেই ভারতীয় ছবিকে নিষিদ্ধ করেছে তারা। কিন্তু তাতেও থামানো যায়নি শাহরুখ ভক্তদের। সেই দেশে বেআইনিভাবেই নাকি শাহরুখ খানের ছবির স্ক্রিনিং চলছে। ৯০০ টাকায় বিক্রি হচ্ছে পাঠানের টিকিট! শাহরুখ এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ছবিটি দুর্দান্ত হয়েছে জানার পরেই নাকি ছবিটি দেখার জন্যে পাগল হয়ে যান পাকিস্তানি ভক্তরা। এরপর চোরা পথে ওই ছবি দেখার পদ্ধতি খুঁজে বের করা হয়। চড়া দামে টিকিটও বিক্রি হয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
LinkedIn
Share