Tag: Bengali news

Bengali news

  • Panchayat Election 2023: পঞ্চায়েতের ফল ঘোষণার পরেও ১০ দিন মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের

    Panchayat Election 2023: পঞ্চায়েতের ফল ঘোষণার পরেও ১০ দিন মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচনোত্তর হিংসা রুখতে বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)! আদালতের নির্দেশ, পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) ফল ঘোষণার পরেও ১০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে, যাতে নির্বাচিত জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। মূলত নির্বাচিতদের ও সামগ্রিকভাবে মানুষের নিরাপত্তার জন্যই এই নির্দেশ দেওয়া হচ্ছে বলে জানিয়ে দিয়েছে আদালত।

    প্রধান বিচারপতির নির্দেশ

    বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নির্দেশ, নির্বাচনের ফল প্রকাশের পরেও ১০ দিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে আগেও ভোট পরবর্তী সন্ত্রাসের উদাহরণ রয়েছে। তাই সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা প্রয়োজন। কোনও অভিযোগ যেন না আসে, তার জন্য সবরকম চেষ্টা করতে হবে কমিশনকে। আদালত আশা করে, ভোট শান্তিপূর্ণ হবে, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, সে সিদ্ধান্ত নেবেন বিএসএফের আইজি। রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশের কর্তারা বিএসএফের আইজিকে সাহায্য করবেন।

    গণনা-পর্ব

    পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) হবে ৮ জুলাই। গণনা শুরু হবে ১১ জুলাই। গণনা-পর্ব শেষ হতে ১২ তারিখ হয়ে যেতে পারে। তাই এই ১২ জুলাইয়ের পরেও ১০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্ট এও জানিয়েছে, ভোট প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরেও ব্যালট বাক্সের নিরাপত্তা সুনিশ্চিত করবে বাহিনী। প্রসঙ্গত, বুধবারই আদালত নির্দেশ দিয়েছিল, প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের নিরাপত্তায় গণনা কেন্দ্রে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী।

    আরও পড়ুুন: “এখনও সময় আছে রাজধর্ম পালন করুন”, রাজীবকে হুঁশিয়ারি রাজ্যপালের

    পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই অশান্ত হয়েছে রাজ্য। মুর্শিদাবাদের খড়গ্রামে খুন হয়েছেন কংগ্রেস কর্মী। কেবল মুর্শিদাবাদেই নয়, রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক হিংসার বলি হয়েছেন অন্তত ১৩ জন। কোথাও শাসকের হাতে খুন হয়েছেন বিরোধী দলের কোনও কর্মী, কোথাও আবার তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের বলি হয়েছেন কেউ। রাজনৈতিক এই হিংসার আবহে নির্বিঘ্নে নির্বাচন সম্ভব নয় অনুমান করে আদালতের দ্বারস্থ হন বিরোধীরা। দাবি করেন কেন্দ্রীয় বাহিনীর। বিস্তর টানাপোড়েনের পর হাইকোর্টের গুঁতোয় শেষমেশ কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রকে চিঠি লেখে রাজ্য নির্বাচন কমিশন। তার পরেই রাজ্যে দফায় দফায় আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। এবার আদালতের নির্দেশে সেই বাহিনীই থাকবে গণনা শেষ হওয়ার ১০ দিন পর পর্যন্ত।

        

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Higher Secondary: উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশনে আধার নম্বর বাধ্যতামূলক করল সংসদ

    Higher Secondary: উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশনে আধার নম্বর বাধ্যতামূলক করল সংসদ

    মাধ্যম নিউজ ডেস্ক: কমবেশি সব সরকারি কাজে বাধ্যতামূলক হয়েছে আধার নম্বর। এবার উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) রেজিস্ট্রেশনেও তা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানা গিয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে, আধার নম্বরের রেজিস্ট্রেশন না থাকলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে সমস্যা হবে। জানা গিয়েছে ২০২৪ সালের উচ্চমাধ্যমিকেই এই নতুন নিয়ম কার্যকর করতে চলেছে। ছাত্রছাত্রীদের এ বিষয়ে অবগত করতেই, এই বিজ্ঞপ্তি তারা জারি করেছে বলে জানিয়েছে সংসদ।

    উচ্চশিক্ষা সংসদের সচিব তাপস মুখোপাধ্যায় এদিন বিজ্ঞপ্তি জারি করেন

    এদিন বিজ্ঞপ্তি জারি করেন উচ্চশিক্ষা সংসদের সচিব তাপস মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ২০২২-২৪ শিক্ষাবর্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে এই নিয়ম চালু করা হবে। এবছরের শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক (Higher Secondary) স্তরের পড়ুয়ারা আধার নম্বর ১৬ অগাস্ট থেকে ১০ নভেম্বরের মধ্যে সংসদের পোর্টালে অনলাইনে আপডেট করতে পারবেন। আর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পড়ুয়ারা আধার নম্বর আপডেট করতে পারবেন ১৬ অগাস্ট থেকে ৩১ অক্টোবরের মধ্যে।

    কিন্তু এই সময়সীমার মধ্যেও কোনও ছাত্রছাত্রী যদি অনলাইন আধার নম্বর রেজিস্ট্রেশন করাতে না পারেন? সংসদ বলছে, সে ক্ষেত্রে ৩-১০ নভেম্বরের মধ্যে জরিমানা দিয়ে রেজিস্ট্রেশন করা যেতে পারে। শিক্ষা দফতর এদিন আরও জানিয়েছে, নতুন এই পদ্ধতি সম্পর্কে যাতে ছাত্রছাত্রীরা তাড়াতাড়ি জানতে পারেন, সেই কারণেই আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের বিষয়টি আগে থেকেই জানানো হয়েছে।

    আধার নম্বরের রেজিস্ট্রেশন না থাকলে বসতে সমস্যা হবে উচ্চমাধ্যমিকে

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘‘কোনও পরীক্ষার্থী যদি রেজিস্ট্রেশনের সময় আধার নম্বর না দেন, তা হলে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এমনকি পরীক্ষায় বসার সুযোগ না-ও মিলতে পারে।’’ তাই উচ্চশিক্ষা সংসদ ছাত্র ছাত্রীদের পরামর্শ দিয়েছে, দ্রুততার সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যেন নিয়ম মেনে আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: “এখনও সময় আছে রাজধর্ম পালন করুন”, রাজীবকে হুঁশিয়ারি রাজ্যপালের

    Panchayat Election 2023: “এখনও সময় আছে রাজধর্ম পালন করুন”, রাজীবকে হুঁশিয়ারি রাজ্যপালের

    মাধ্যম নিউজ ডেস্ক: “আপনাকে আমি নিয়োগ করেছিলাম। কিন্তু আপনি রাজ্যবাসীকে হতাশ করেছেন। দায়িত্ব পালনে আপনি ব্যর্থ। এখনও সময় আছে, সঠিক পদক্ষেপ করুন। রাজধর্ম পালন করুন।” বৃহস্পতিবার এই ভাষায়ই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023)। তার আটচল্লিশ ঘণ্টা আগে রাজ্যপালের এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই ধারণা রাজনৈতিক মহলের।

    আগুন নিয়ে খেলা!

    এদিন সাংবাদিকদের সামনে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার উদ্দেশে রাজ্যপাল বলেন, “আগুন নিয়ে খেলা হচ্ছে। রক্ত নিয়ে খেলা হচ্ছে। মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে। মানুষের অসহায়তা দেখেছি। চোখের জল দেখেছি। পিতৃহারা শিশুর কান্না দেখেছি। এই রাজনৈতিক হিংসা (Panchayat Election 2023) বন্ধ হওয়া উচিত।” বিশ্বখ্যাত নাট্যকার শেক্সপিয়রের অমর কীর্তি ‘ম্যাকবেথ’ নাটকের প্রসঙ্গ টেনে রাজীবের উদ্দেশে রাজ্যপাল বলেন, “সঠিক পদক্ষেপ করতে যদি ব্যর্থ হন, তাহলে আরবের সমস্ত সুগন্ধী আপনার ছোট হাতকে মিষ্ট করবে না। পবিত্র গঙ্গার জলে আপনার হাতের রক্ত ধোয়া যাবে না।”

    রাজ্যপালের চোখে জল

    তিনি বলেন, “বাসন্তী, পুরুলিয়া, কোচবিহারে হিংসার দায় কার? কে ঘাতক? রাজ্য নির্বাচন কমিশনের জানা উচিত। এত মৃত্যুর দায় কার? কমিশনকে জবাব দিতে হবে।” শনিবার যাতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়, সে ব্যাপারে সুনিশ্চিত করতে রাজীবকে বার্তা দিয়েছেন রাজ্যপাল। তিনি বলেন, “গ্রাউন্ড জিরো  হন রাজ্য নির্বাচন কমিশনার (Panchayat Election 2023)। মানুষের হৃদয় ভেঙে গিয়েছে। মানুষ বলছে, তাঁদের প্রিয়জনের জীবন ফেরাতে।”

    আরও পড়ুুন: ‘শুভেন্দুর চার অভিযোগে পদক্ষেপ নয় কেন?’ কমিশনকে প্রশ্ন হাইকোর্টের

    রাজ্যপাল যখন কথাগুলি বলছেন, তখন তাঁর দু চোখের কোণে চিকচিক করছে জল। রাজ্যপাল বলেন, “এখনও সময় রয়েছে। সঠিক পদক্ষেপ করুন। স্পর্শকাতর এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগান। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করুন। স্ট্রংরুমে নিরাপত্তা বাড়ান। সাধারণ মানুষের কথা শুনুন। তাঁদের মতামত নিন। মানুষ বলছে, নকল ব্যালট পেপার ছাপানো হচ্ছে, খতিয়ে (Panchayat Election 2023) দেখুন।” তিনি আরও বলেন, “আমি ভেবেছিলাম, বাংলার গ্রামেগঞ্জে গিয়ে দেখব, চিত্ত হেথায় ভয় শূন্য, উচ্চ হেথায় শির। কিন্তু এসে দেখলাম, একেবারে উল্টোটা। মানুষের মনে ভয়, মাথা হেঁট হয়ে রয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Panchayat Election 2023: ‘শুভেন্দুর চার অভিযোগে পদক্ষেপ নয় কেন?’ কমিশনকে প্রশ্ন হাইকোর্টের

    Panchayat Election 2023: ‘শুভেন্দুর চার অভিযোগে পদক্ষেপ নয় কেন?’ কমিশনকে প্রশ্ন হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচি সহ চারটি অভিযোগ পেয়েও কেন পদক্ষেপ নয়? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মামলায় রাজ্য নির্বাচন (Panchayat Election 2023) কমিশনের উদ্দেশে প্রশ্ন কলকাতা হাইকোর্টের। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের মন্তব্য, অভিযোগ আসার পরেই পদক্ষেপ করা উচিত ছিল কমিশনের। এদিনই দুপুর ১টায় ফের শুনানি হবে এই মামলার।

    শুভেন্দুর আইনজীবীর বক্তব্য

    আদালতে এদিন শুভেন্দুর আইনজীবী শ্রীজীব চক্রবর্তী বলেন, সরাসরি মুখ্যমন্ত্রীতে রাজনৈতিক কর্মসূচি দিদিকে বলো-র ফোন নম্বর ব্যবহার করা হয়েছে। যা এখন চলছে। নির্বাচন ঘোষণার পরে জলপাইগুড়ি জেলা পরিষদের তৃণমূলের এক প্রার্থী টাকার বিনিময়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে অংশ নিয়েছিলেন তৃণমূলের কর্মসূচিতে। এই অবস্থায় ওই জেলায় তিনি কীভাবে সুষ্ঠু নির্বাচন (Panchayat Election 2023) পরিচালনা করবেন। নির্বাচন ঘোষণার পরে রাজ্য পুলিশের আইজি কয়েকজন অফিসারকে বদলিও করেছেন।

    মুখ্যমন্ত্রীর কর্মসূচি

    পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার দিনই সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ওই কর্মসূচি ঘোষণা করার পরেই পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়। জারি হয় বিজ্ঞপ্তিও। বিষয়টি নিয়ে আদালতের (Panchayat Election 2023) দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, কর্মসূচিতে যে নম্বর ব্যবহার করা হয়েছিল, সেই একই নম্বর ব্যবহার করা হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচিতে। নির্বাচনের আগে এটি আদর্শ আচরণবিধি লঙ্ঘন।

    আরও পড়ুুন: আমেরিকায় পথ দুর্ঘটনায় মৃত্যু খালিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুর!

    পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। বুধবার মামলাটি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠে। বিচারপতি সিনহা মামলাটি পাঠিয়ে দেন প্রধান বিচারপতির এজলাসে (Panchayat Election 2023)। বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, মামলাটি জনস্বার্থ মামলা হিসেবে গণ্য হওয়া উচিত। তাই এটিকে প্রধান বিচারপতির এজলাসে পাঠান তিনি। এদিন শুনানি হয় ওই মামলার। সেখানেই আদালতের প্রশ্নের সম্মুখীন হয় কমিশন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: বিজেপির জেলা সভাপতির গাড়িতে পর পর গুলি, প্রাণে বাঁচলেন অল্পের জন্য

    BJP: বিজেপির জেলা সভাপতির গাড়িতে পর পর গুলি, প্রাণে বাঁচলেন অল্পের জন্য

    মাধ্যম নিউজ ডেস্ক: জলপাইগুড়ি জেলার বিজেপির সভাপতি বাপি গোস্বামীর গাড়িতে গুলি করল দুষ্কৃতীরা। জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বুধবার রাতে ভোটের প্রচার সেরে বাড়ি ফিরছিলেন বাপি গোস্বামী। তখনই তাঁর গাড়ি লক্ষ্য করে পর পর দুটি গুলি চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য প্রাণে বাঁচেন জেলা বিজেপি সভাপতি। গাড়িতে মোট তিনটি ক্ষতচিহ্ন পাওয়া গেছে, যার মধ্যে দুটি চিহ্ন গুলির। বাকি একটি চিহ্ন পাথর বা ভারী কিছু বস্তু দিয়ে গাড়ির পিছনে কাচে আঘাত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিজেপি (BJP) সভাপতি। 

    আতঙ্কের সেই ঘটনার বিবরণ

    বুধবার রাত প্রায় ১২টা নাগাদ বাপি গোস্বামী তাঁর মণ্ডল সভাপতিকে সঙ্গে নিয়ে বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ভোট প্রচার শেষ করে বাড়ি ফিরছিলেন। বাপি গোস্বামী গাড়ির সামনে চালকের পাশের সিটে বসেছিলেন। অন্ধকার রাস্তায় আসতেই আচমকা গাড়িতে বিকট শব্দ হয়। এর পরেই বাপি গোস্বামীর সিটের পাশের কাচে একটি গুলি করা হয়। তার পর গাড়ির সামনের কাচে আরও একটি গুলি করা হয় বলে জানিয়েছেন বাপি গোস্বামী। একটি মোটর সাইকেলে চেপে দুজন এসেছিল। তাদের মাথায় হেলমেট ছিল। সেই কারণেই দুষ্কৃতীদের চেহারা দেখতে পারেননি তিনি। কোনও প্রকারে ওই এলাকা থেকে দ্রুত গতিতে গাড়িটিকে নিয়ে বাপিবাবু ৩১ নং জাতীয় সড়কে উঠে পড়েন। সেখান থেকে সোজা কোতোয়ালি থানায় চলে আসেন৷ কোতোয়ালি থানার পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে ভিতর থেকে একটি গুলির খোল উদ্ধার করে। রাত প্রায় ৩ টে ১৫ নাগাদ বাপিবাবু কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন৷ পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি জেলা সভাপতির (BJP) গাড়িটি আপাতত থানায় রেখে দিয়েছে পুলিশ।

    দিলীপ ঘোষের (BJP) সভার আগেই হামলা!

    বৃহস্পতিবার সকালে বাহাদুর এলাকায় বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষের একটি নির্বাচনী সভা রয়েছে। তার আগে জেলা সভাপতির গাড়িতে গুলির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।বাপি গোস্বামীর (BJP) অভিযোগ, এই দুষ্কৃতীদের মাথার উপর শাসক দলের নেতাদের হাত না থাকলে তারা এই ঘটনা ঘটাতে পারত না। ওই এলাকা এখন সমাজ বিরোধীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। তবে কে বা কারা এই ঘটনা ঘটাল, তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সুত্রে এমনটাই জানানো হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Manipur: বিরাম নেই বিক্ষিপ্ত হিংসার, মণিপুরে ফের বাড়ল ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞার মেয়াদ  

    Manipur: বিরাম নেই বিক্ষিপ্ত হিংসার, মণিপুরে ফের বাড়ল ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞার মেয়াদ  

    মাধ্যম নিউজ ডেস্ক: ছন্দে ফিরছে মণিপুর (Manipur)। খোলা হয়েছে স্কুল। তবে বিক্ষিপ্তভাবে হিংসার ঘটনা ঘটেই চলেছে। সেই কারণেই ফের মেয়াদ বাড়ানো হল ইন্টারনেটে নিষেধাজ্ঞার। নিষেধাজ্ঞা লাগু থাকবে ১০ জুলাই পর্যন্ত। রাজ্য সরকারের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, মণিপুর রাজ্যে শান্তিভঙ্গে ও আইনশৃঙ্খলায় যাতে কোনও খারাপ পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ জুলাই বেলা ৩টে পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। বিবৃতিতে পুলিশের ডিজির চিঠির উল্লেখ করে বলা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে এখনও হিংসার ঘটনা সামনে আসছে। বাড়ি ভাঙচুর হচ্ছে, গুলি চলছে। কিছু অসামাজিক ব্যক্তি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ঘৃণা ছড়াতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। প্রসঙ্গত, এ নিয়ে চতুর্থবার বাড়ানো হল ইন্টারনেটে নিষেধাজ্ঞার মেয়াদ।

    বিক্ষিপ্ত অশান্তি

    এদিকে, আগ্নেয়াস্ত্র লুঠ করতে গিয়ে বাধা পেয়ে থাউবাল জেলায় (Manipur) ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের এক জওয়ানের বাড়িতে আগুন লাগিয়ে দিল লুণ্ঠনকারীরা। জানা গিয়েছে, মঙ্গলবার সংঘর্ষ হয় নিরাপত্তা রক্ষী ও দাঙ্গাকারীদের মধ্যে। প্রায় ৭০০ দাঙ্গাকারীর সঙ্গে সংঘর্ষ চলছিল। ওই সময় মৃত্যু হয় সামারাম নামে বছর সাতাশের এক যুবকের। তার পরেই দাঙ্গাকারীরা ওয়াংবলে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের তিন নম্বর ক্যাম্পে চলে আসে। পুলিশের অস্ত্রাগার থেকে আগ্নেয়াস্ত্র লুঠ করার চেষ্টা করে। বাধা দেন জওয়ানরা।

    চলল গুলি

    শূন্যে গুলি ছুড়তে শুরু করে দাঙ্গাকারীরা। পাল্টা গুলি চালান জওয়ানরাও। এর পরেই পিছু হটে দাঙ্গাকারীরা। পরে তারা পিছু নেয় অসম রাইফেলসের জওয়ানদের। আগুন লাগিয়ে দেয় তাঁদের যানবাহনে। জওয়ানদের (Manipur) লক্ষ্য করে গুলিও চালাতে শুরু করে। গুলি লাগে এক জওয়ানের পায়ে। রোনাল্ডো নামের ওই জওয়ানকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে ইম্ফল হাসপাতালে। ওই সংঘর্ষে জখম হয়েছেন আরও ১০জনও। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

    আরও পড়ুুন: “যারা চোর-ডাকাত, তাদের টিকিট দিয়েছে দল”, বিস্ফোরক রাজ্যের প্রাক্তন মন্ত্রী

    এদিকে, মাস দুয়েক বন্ধ থাকার পর বুধবারই খুলেছে মণিপুরের ৪ হাজার ৫২১টি স্কুলের তালা। তবে উপস্থিতির হার ছিল কম। হিংসাদীর্ণ কাংপকপি ও চূড়াচাঁদপুরের স্কুলগুলির তালা অবশ্য খোলেনি। এই দুই জেলায় স্কুল রয়েছে ৯৬টির কাছাকাছি। প্রসঙ্গত, সংরক্ষণের দাবিতে সোচ্চার হন হিন্দু মেইতেইরা (Manipur)। তার জেরে সংঘর্ষ বাঁধে খ্রিস্টান কুকিদের সঙ্গে। সেই কারণেই মাস দুয়েক ধরে আক্ষরিক অর্থেই জ্বলছে উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য মণিপুর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।   

     

  • Gurpatwant Singh Pannu: আমেরিকায় পথ দুর্ঘটনায় মৃত্যু খালিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুর!

    Gurpatwant Singh Pannu: আমেরিকায় পথ দুর্ঘটনায় মৃত্যু খালিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুর!

    মাধ্যম নিউজ ডেস্ক: ভিন দেশে গা ঢাকা দিয়ে পালিয়ে বাঁচতে চেয়েছিলেন খালিস্তানি সন্ত্রাসবাদী (Khalistani Terrorist) গুরপতবন্ত সিং পান্নু (Gurpatwant Singh Pannu)। যদিও শেষ রক্ষা হল না। আমেরিকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। খালিস্তান টাইগার ফোর্সের নেতৃত্ব দিতেন হরদীপ সিং নিজ্জার। ২০১৯ সালে পান্নুর সঙ্গে হাত মেলান নিজ্জার। সম্প্রতি নিজ্জার ও পরমজিৎ সিং পাঞ্জওয়ারকে হত্যা করা হয়।

    আতঙ্কিত সন্ত্রাসবাদীরা

    ব্রিটেনে সন্দেহজনকভাবে মৃত্যু হয় অবতার সিং খান্দারেরও। এই তিন খালিস্তানপন্থী শীর্ষ নেতার মৃত্যুর পরেই আতঙ্ক ছড়ায় খালিস্তানপন্থী সন্ত্রাসবাদীদের মধ্যে। তারা গা ঢাকা দেয় আমেরিকা, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও পাকিস্তান সহ বিভিন্ন দেশে। পান্নু (Gurpatwant Singh Pannu) গা ঢাকা দিয়েছিলেন আমেরিকায়। প্রাণসংশয়ের আশঙ্কায় কাঁটা পান্নু নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছিলেন বলেও একটি সূত্রের খবর। সেই পান্নুরই মৃত্যু হয়েছে বেঘোরে। তবে দেশ-বিদেশের কয়েকটি সংবাদ মাধ্যমে পান্নুর মৃত্যুর খবর চাউর হলেও, ভারত কিংবা মার্কিন সরকারের তরফে এ ব্যাপারে কিছু বলা হয়নি। তাই আদৌ পান্নু মারা গিয়েছেন, নাকি স্রেফ গুজব ছড়ানো হচ্ছে, তা নিয়ে সন্দেহ রয়েছে।

    পান্নু কে?

    ২০২০ সালে কানাডায় গণভোট প্রচার চালানোর দায়িত্ব বর্তেছিল পান্নুর (Gurpatwant Singh Pannu) ঘাড়ে। কানাডায় শিখ ফর জাস্টিসের মুখ ছিলেন তিনি। সারে ও ভ্যাঙ্কুভারে বেশ কয়েকটি বিক্ষোভ ও গাড়ি সমাবেশের আয়োজনও করেছিলেন পান্নু। ২০০৭ সালে গঠিত হয় শিখ ফর জাস্টিস। জন্মভূমি আমেরিকা। যাঁরা এই সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, তাঁদের মধ্যে পান্নুও ছিলেন। পঞ্জাবে হিংসা ও অশান্তির একাধিক ঘটনার নেপথ্যে ছিল পান্নুদের এই সংগঠন। অমৃতসরের কনখটে জন্ম পান্নুর। পেশায় ছিলেন আইনজীবী।

    তার জেরেই ২০১৪ সালের পর থেকে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে মামলা দায়ের করতে থাকেন পান্নু (Gurpatwant Singh Pannu)। যাঁদের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেছিলেন, তাঁদের মধ্যে ছিলেন নরেন্দ্র মোদিও। ২০১৮ সালে প্রথম প্রচারের আলোয় চলে আসেন পান্নু। তার ঠিক দু বছর পরেই পঞ্জাবকে ভারত থেকে মুক্ত করার ডাক দেন তিনি। ২০২১ সালে ইউএপিএ মামলায় পান্নুকে অভিযুক্ত করে ভারত সরকার। তাঁকে জঙ্গি ঘোষণা করা হয়। নিষিদ্ধ করা হয় শিখ ফর জাস্টিসকেও।

    আরও পড়ুুন: ‘‘তৃণমূলের দেওয়া উপ মুখ্যমন্ত্রী পদের অফারও ছুড়ে ফেলেছি’’, বললেন শুভেন্দু

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • BJP: বিজেপি প্রার্থীকে ধারালো অস্ত্রের কোপ, বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

    BJP: বিজেপি প্রার্থীকে ধারালো অস্ত্রের কোপ, বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনে প্রধান বিরোধী দল বিজেপি (BJP) যে মস্তবড় ফ্যাক্টর তা গেরুয়া বাহিনীর উপর তৃণমূলীদের লাগাতার সন্ত্রাস তার জ্বলন্ত প্রমাণ। দুদিন আগেই প্রচার থেকে বাড়ি ফেরার পর বিজেপি প্রার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। হামলার হাত থেকে রেহাই পাননি স্ত্রীও। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার বিড়া রাজীবপুর গ্রাম পঞ্চায়েতের ১১২ নম্বর বুথে। আক্রান্ত বিজেপি প্রার্থীর নাম শ্যামল দাস। তাঁকে বারাসত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    বুধবার রাতে প্রচার সেরে বাড়ি ফেরেন শ্যামল দাস। পরে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আচমকা তাঁর বাড়ি চড়াও হয়। মারধর করা হয় বিজেপি (BJP) প্রার্থীর স্ত্রীকেও। বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বিজেপি প্রার্থীর। নগ্ন অবস্থায় ছুটে পালান তিনি। অভিযোগ, বারবার এই দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রশাসনকে জানিয়েও কোনও ব্যবস্থা নেয়নি অশোকনগর থানার পুলিশ। রাতেই তাঁকে বিজেপি প্রার্থীকে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত বিজেপি প্রার্থী শ্যামলবাবু বলেন, তৃণমূলের লোকজন বন্দুকের বাঁট দিয়ে হামলা চালানোর পাশাপাশি ধারাল অস্ত্র দিয়ে কোপায়। আমি ছুটে পলিয়ে গিয়ে প্রাণে রক্ষা পাই।

    কী বললেন বিজেপির (BJP) জেলা নেতৃত্ব?

    যদিও এই ঘটনায় বারাসত সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্র বলেন, বিজেপি (BJP) শক্তিশালী হওয়ার জন্য শাসকদল ভয় পাচ্ছে। তাই,  বিরোধী দলের কর্মীদের উপর আক্রমণ নেমে আসছে। পাশাপাশি নির্বাচন কমিশনের উদাসীনতা নিয়েও এদিন প্রশ্ন তোলেন তিনি।  বারবার অভিযোগ জানানোর পরেও দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার জন্য নির্বাচন কমিশনের গ্রেফতারের দাবিও জানান তিনি।

    কী তৃণমূল নেতৃত্ব?

    অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, বিজেপির (BJP) পায়ের তলায় মাটি নেই। হেরে যাওয়ার ভয়ে ওরা আমাদের নামে মিথ্যা অভিযেীগ করছে। বুধবার রাতে যে গণ্ডগোল হয়েছে তা বিজেপির গোষ্ঠী কোন্দলের কারণে এই ঘটনা ঘটেছে।  এরসঙ্গে তৃণমূল কোনওভাবেই জড়িত নয়।

     

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • NCP: শরদকে সরিয়ে অজিত ‘মনোনীত’ এনসিপির সর্বভারতীয় সভাপতি, ভাতিজার সঙ্গে কত বিধায়ক?

    NCP: শরদকে সরিয়ে অজিত ‘মনোনীত’ এনসিপির সর্বভারতীয় সভাপতি, ভাতিজার সঙ্গে কত বিধায়ক?

    মাধ্যম নিউজ ডেস্ক: দলের সর্বভারতীয় সভাপতি পদে ইস্তফা দিতে চেয়েছিলেন তিনি। তখন এনসিপি (NCP) নেতা শরদ পাওয়ারকে অনুনয়-বিনয় করেছিলেন তাঁর দলের সিংহভাগ বিধায়ক। মাস দুয়েকের ব্যবধানে মহারাষ্ট্রে (Maharashtra) বদলে গেল এনসিপির সমীকরণ। এঁদের অনেকেই ‘বিদ্রোহ’ ঘোষণা করেছেন প্রবীণ এই রাজনীতিবিদের বিরুদ্ধে। কেবল তাই নয়, শরদকে সরিয়ে সর্বভারতীয় সভাপতি পদে বসানো হয়েছে তাঁরই ভাইপো অজিত পাওয়ারকে।

    বান্দ্রায় বৈঠক

    অজিত শিবিরের দাবি, বান্দ্রায় তাঁদের বৈঠকে উপস্থিত ছিলেন ৪০ জন বিধায়ক। মহারাষ্ট্রের শিবসেনার শিন্ডে শিবির-বিজেপি জোট সরকারে যোগ দিয়েছে এনসিপির অজিত গোষ্ঠীও। মন্ত্রী হয়েছেন অজিত সহ ৯ এনসিপি বিধায়ক। বুধবার অজিত বলেন, সরকারে যোগ দেওয়ার দুদিন আগেই এনসিপির সভাপতি নির্বাচিত হয়েছি আমি। বান্দ্রায় যাঁরা অজিতের (NCP) বৈঠকে হাজির ছিলেন, সেই বিধায়কদের ১০০ টাকার স্ট্যাম্প পেপারের হলফনামায় সই করিয়ে সমর্থনের অঙ্গীকার করতে হয়েছে। অজিতের বৈঠকেও শরদের ছবি টাঙানো হয়েছিল। তবে শরদের কন্যা সুপ্রিয়া সুলের ছবি ছিল না। শরদকে নিয়ে এদিন স্লোগানও দিতে দেখা গিয়েছে এনসিপির অজিত গোষ্ঠীকে।

    শরদের নামে জয়ধ্বনি

    এদিন শরদের নামে জয়ধ্বনি দিতে দেখা যায় মন্ত্রী ছগন ভুজবলকে। তিনি বলেন, শরদজি আমাদের গুরু। তাই আমরা গুরুদক্ষিণা দিয়েছি। ওঁর ভাইপোকে উপমুখ্যমন্ত্রী বানিয়েছি। এর পরে পরেই অজিতকে মনোনীত করা হয় এনসিপির সর্বভারতীয় সভাপতি। এদিকে, মঙ্গলবারই এনসিপির (NCP) পতাকা ও নির্বাচনী প্রতীক ঘড়ির অধিকার দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে অজিত গোষ্ঠী। তার আগেই অবশ্য কমিশনের কাছে হলফনামা দিয়ে ক্যাভিয়েট দাখিল করে শরদ-শিবির।

    আরও পড়ুুন: পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনাও করতে হবে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে, নির্দেশ আদালতের

    প্রসঙ্গত, মহারাষ্ট্রে এনসিপির বিধায়ক সংখ্যা ৫৩। দলত্যাগবিরোধী আইন এড়াতে অজিত গোষ্ঠীর প্রয়োজন ৩৬ জনের সমর্থন। শরদ শিবিরের অভিযোগ, ইডি-সিবিআইয়ের ভয় দেখিয়ে বিধায়কদের বন্দি বানিয়েছে অজিত গোষ্ঠী। মঙ্গলবার রাতে অজিত গোষ্ঠী থেকে শরদ শিবিরে ফেরা দুই বিধায়ক কিরেন লহমাটে এবং অশোক পাওয়ারও চাপ সৃষ্টির অভিযোগ করেছেন বিজেপির বিরুদ্ধে। এদিকে, উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর অজিত (NCP) বলেন, আমিও একদিন মুখ্যমন্ত্রী হব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Primary recruitment case: প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় ৩৯২৯টি পদে শুনানি পিছল সুপ্রিম কোর্টে

    Primary recruitment case: প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় ৩৯২৯টি পদে শুনানি পিছল সুপ্রিম কোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক:  পিছিয়ে গেল প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলা (Primary recruitment case)। প্রাথমিকে ৩৯২৯টি শূন্যপদে নিয়োগ নিয়ে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। বুধবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল শীর্ষ আদালতের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সিটি রবি কুমারের ডিভিশন বেঞ্চে। এদিন অবশ্য শুনানি হয়নি। বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলার শুনানি হবে ১২ জুলাই। প্রাথমিকে নিয়োগের মূল মামলার সঙ্গে জুড়ে যাবে এই মামলাটিও।

    শিক্ষা পর্ষদের দাবি

    ২০২০ সালে প্রাথমিকে ১৬ হাজার ৫০০ পদে নিয়োগের কথা জানায় শিক্ষা পর্ষদ। যদিও অভিযোগ ওঠে, সব পদ পূরণ হয়নি। কলকাতা হাইকোর্টের নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানির সময় জানা যায়, ১৬ হাজার ৫০০ পদের মধ্যে নিয়োগ হয়েছে ১২ হাজার ৫০০ পদে। যার অর্থ হল, ঘোষণা সত্ত্বেও নিয়োগ করা হয়নি ৩৯২৯ পদে। 

    বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
    মামলাটি (Primary recruitment case) প্রথমে উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে। তিনি নির্দেশ দিয়েছিলেন, ৩৯২৯টি শূন্যপদে নিয়োগ করতে হবে পর্ষদকে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল, এই শূন্যপদের অধিকার ২০১৪ সালের টেট উত্তীর্ণদের। তাই তাঁদেরই নিয়োগ করতে হবে। টেটের প্রশ্নপত্রে ভুল থাকায় মামলাকারীদের চাকরি দেওয়ার নির্দেশও দেন তিনি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণদের একাংশ। বিচারপতি সুব্রত তালুকদার ও সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল রাখে।

    আরও পড়ুুন: পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনাও করতে হবে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে, নির্দেশ আদালতের

    ডিভিশন (Primary recruitment case) বেঞ্চ সাফ জানায়, সকলকেই চাকরি দিতে হবে। ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় পর্ষদ। মে মাসে হাইকোর্টের ওই রায়ে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এদিন জানানো হয় মামলা পিছিয়ে যাওয়ায় মূল মামলাগুলির সঙ্গে জুড়ে যাবে এই মামলাটিও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share