Tag: Bengali news

Bengali news

  • Suvendu Adhikari: ‘পশ্চিমবঙ্গে কেউ নিরাপদ নন’, নিশীথের কনভয়ে হামলা প্রসঙ্গে বললেন শুভেন্দু

    Suvendu Adhikari: ‘পশ্চিমবঙ্গে কেউ নিরাপদ নন’, নিশীথের কনভয়ে হামলা প্রসঙ্গে বললেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে কেউ নিরাপদ নন। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) কনভয়ে হামলার পর এই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কয়লা ও গরু পাচার কেলেঙ্কারিতে (Cattle Smuggling Case) তৃণমূলের (TMC) একাধিক নেতার নাম জড়িয়ে যাওয়ায়ও রাজ্যকে একহাত নিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক।

    নভেম্বরের তিন তারিখে কোচবিহারে হামলা হয় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কোচবিহারের সিতাইয়ে। নিশীথের কনভয় যখন এলাকা দিয়ে যাচ্ছিল, তখন একদল লোককে আচমকাই লাঠিসোঁটা নিয়ে ওই এলাকায় জড়ো হতে দেখা যায়। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

    এই ঘটনায়ই কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি (BJP)। রাজ্যের বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, পশ্চিমবঙ্গে কেউই নিরাপদ নন। এমন কী জনপ্রতিনিধিরাও। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করে। টাকা তোলে। পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। নন্দীগ্রামের বিধায়ক বলেন, দিল্লিতে গরু পাচার মামলা দায়ের করেছে ইডি। এতে অনেকে জড়িত। যদি প্রমাণিত হয়, তাঁদের তিহাড় জেলে পাঠানো হবে। বাংলায় যেসব সুযোগ-সুবিধা তাঁরা পান, তিহাড় জেলে তা মিলবে না। শুভেন্দুর তোপ, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার  চোরেদের সরকার। এঁদের অনেকেই কয়লা ও গরু পাচার মামলা, পঞ্জি স্কিম এবং নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত।

    আরও পড়ুন: ‘‘যে হাত দিয়ে চড় মেরেছেন, সেই হাত দিয়েই…’’ কাকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু?

    রাজ্য সরকারকে নিশানা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথও। তিনি বলেন, যদি বাংলার সরকার কঠোর হত, তাহলে এই ঘটনা ঘটত না। তাঁর প্রশ্ন, কেন আমার কনভয় যাওয়ার রাস্তায় অত লোক লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবে? তিনি বলেন, আমরা (মন্ত্রীরা) পুলিশের বেঁধে দেওয়া রাস্তা দিয়ে চলাফেরা করি। সেই রাস্তায় যেতে গিয়ে কেন আমাকে হুমকির মুখে পড়তে হবে? বিশেষত, যখন রাজ্য সরকারের পুলিশ আমার কনভয় যাওয়ার রাস্তা ছকে দিয়েছে!

    কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ওই জনতার হাতে লাঠির পাশাপাশি পাথরও ছিল। পুলিশের উপস্থিতিতেই তারা এগুলি নিয়ে জমায়েত হয়েছিল। তিনি বলেন, কোনও মন্ত্রী তাঁদের সামনে আক্রান্ত হবেন, আর বিজেপির কর্মীরা তা বসে বসে দেখবেন, তা হবে না। এলাকার পরিবেশ কেন বিষিয়ে তোলা হচ্ছে? প্রশ্ন নিশীথের।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • S Jaishankar: রাশিয়ায় পৌঁছলেন জয়শঙ্কর, কী নিয়ে আলোচনা করতে জানেন?

    S Jaishankar: রাশিয়ায় পৌঁছলেন জয়শঙ্কর, কী নিয়ে আলোচনা করতে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দু দিনের সফরে রাশিয়া (Russia) পৌঁছলেন ভারতের (India) বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। মঙ্গলবার তাঁর বৈঠক হওয়ার কথা রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে। এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, পরিবহণ, লজিস্টিক, এনার্জি সেক্টর, বিশেষত আর্কটিক সেল্ফ এবং রাশিয়ান ফার ইস্ট (Russian Far East) নিয়ে আলোচনা হওয়ার কথা।

    জয়শঙ্করের (S Jaishankar) সফর নিয়ে বিদেশমন্ত্রকের তরফে জারি করা হয়েছে একটি বিবৃতি। তাতে বলা হয়েছে, ভারতের সঙ্গে রাশিয়ার সহযোগিতার মূল বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। অর্থনীতির উন্নতি, অর্থনৈতিক, এনার্জি, মিলিটারি-টেকনিক্যাল, হিউম্যানিটেরিয়ান, সায়েন্টিফিক এবং টেকনিক্যাল কোঅপারেশন নিয়ে আলোচনা হবে। মূল বিষয়গুলিতে কীভাবে দুই দেশ যৌথভাবে কাজ করতে পারে, তা নিয়েও আলোচনা হবে। রাশিয়ার বিদেশমন্ত্রকের তরফে জানা গিয়েছে, জাতীয় মুদ্রা বিনিময় নিয়েও আলোচনা হতে পারে দুই দেশের মধ্যে। দুই দেশের দুই বিদেশমন্ত্রী রাষ্ট্রসংঘ, এসসিও, জি-২০ এবং আরআইসি নিয়েও মত বিনিময় করবে।

    জয়শঙ্কর (S Jaishankar) এবং লাভরভের মধ্যে আলোচনায় উঠে আসতে পারে এসসিও, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের মতো আঞ্চলিক বিভিন্ন বিষয়ও। ইরানিয়ান নিউক্লিয়ার প্রবলেম সহ অন্যান্য কয়েকটি বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা দুই দেশের দুই বিদেশমন্ত্রীর মধ্যে। রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, দুই দেশই বহন করে প্রিভিলেজড ও স্ট্র্যাটেজিক অংশীদারিত্ব। দুই দেশের সম্পর্কও বেশ কয়েক দশকের পুরানো।

    আরও পড়ুন: টাকার জোগান হচ্ছে, তাই বাড়ছে সন্ত্রাসবাদ, রাষ্ট্রসংঘের বৈঠকে এস জয়শঙ্কর

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে এখনও। এমতাবস্থায় রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক মসৃণ হলেও, ইউক্রেনের সঙ্গে নয়াদিল্লর সম্পর্ক খুব একটা ভালো নয়। কারণ যুদ্ধ চলাকালীনও ভারত জ্বালানি কিনেছে রাশিয়ার কাছ থেকে। রাষ্ট্রসংঘেও ভারতকে থাকতে দেখা গিয়েছে রাশিয়ার পাশেই। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামাতে ভারত মধ্যস্থতা করবে বলে যে খবর ছড়িয়েছে, সে প্রসঙ্গে বিদেশমন্ত্রক বলেছে, আমরা তখনই সফল হব, যখন দু পক্ষই আমাদের কূটনৈতিক সততা সম্পর্ক নিঃসন্দেহ হবে। এ ক্ষেত্রে আস্থার অভাব রয়েছে। আর পুতিনকে বাদ দিয়ে কোনও মধ্যস্থতা কার্যকর হবে না। প্রসঙ্গত, এর আগে জয়শঙ্কর (S Jaishankar) রাশিয়া গিয়েছিলেন ২০২১ সালের জুলাই মাসে। চলতি বছরের এপ্রিল মাসে নয়াদিল্লিতে এসেছিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Congress: ‘হিন্দু’ পার্সিয়ান শব্দ! কংগ্রেস নেতার ‘বিতর্কিত’ মন্তব্যে কড়া প্রতিক্রিয়া বিজেপির

    Congress: ‘হিন্দু’ পার্সিয়ান শব্দ! কংগ্রেস নেতার ‘বিতর্কিত’ মন্তব্যে কড়া প্রতিক্রিয়া বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘হিন্দু’ (Hindu) শব্দের উৎপত্তি ব্যাখ্যা করতে গিয়ে বেফাঁস মন্তব্য করলেন কর্নাটকের কংগ্রেস (Congress) নেতা সতীশ জার্কিহলি। সোমবার বেলাগাভির নিপান্নি এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ওই বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি। ঘটনায় কংগ্রেস নেতাকে একহাত নিয়েছেন বিজেপি (BJP) নেতৃত্ব। সতীশ বলেন, ‘হিন্দু’ শব্দটি এসেছে পার্সিয়া থেকে। পার্সিয়ান হল ইরাক, ইরান এবং কাজাখাস্থান। তাঁর প্রশ্ন, তাহলে ‘হিন্দু’ শব্দটির সঙ্গে ভারতের কী সম্পর্ক? হিন্দু তোমাদের কী করে হল? তাহলে সেটা কেন চাপিয়ে দেওয়া হচ্ছে? ওই কংগ্রেস (Congress) নেতা বলেন, ‘হিন্দু’ শব্দের অর্থ খুব নোংরা। আপনারা জানলে লজ্জা পাবেন। এনিয়ে চর্চা হওয়া উচিত। তাঁর এই মন্তব্যের ভিডিও প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে বিতর্ক।

    ঘটনায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিজেপি। বিজেপির কর্নাটক ইনচার্জ অরুণ সিং বলেন, কংগ্রেস (Congress) দেশের সুপ্রাচীন সংস্কৃতিকে কলঙ্কিত করেছে। তিনি বলেন, আমাদের সুপ্রাচীন সংস্কৃতি সম্পর্কে কংগ্রেস সব সময় বাজে কথা বলে। সতীশ জার্কিহলি আমাদের সংস্কৃতিকে কলঙ্কিত করেছেন। সাধারণ মানুষই এর মোক্ষম জবাব দেবেন। এখানেই থেমে থাকেননি অরুণ। তিনি কংগ্রেসের নয়া প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গেকে অনুরোধ করেছেন যথাযথ ব্যবস্থা নিতে। অরুণ বলেন, কংগ্রেস যদি এই বক্তব্যের (সতীশ জার্কিহলির বক্তব্য) সঙ্গে সহমত পোষণ না করেন, তাহলে তাদের উচিত ওঁকে (সতীশকে) এখনই দল থেকে বের করে দেওয়া।

    আরও পড়ুন: বিধানসভা উপনির্বাচনে ৪ আসনে জয়ী বিজেপি, কংগ্রেসের অবস্থান জানেন?

    ঘটনার জেরে যারপরনাই বেকায়দায় কংগ্রেস (Congress) নেতৃত্ব। সতীশের মন্তব্যকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। তিনি বলেন, কংগ্রেস দ্বর্থ্যহীন ভাষায় এর নিন্দা করছে। সতীশের মন্তব্যের প্রেক্ষিতে কংগ্রেসকে (Congress) ট্যুইট-বাণে বিদ্ধ করেছেন বিজেপির মুখপাত্র শেহজাদ পুন্নাওয়ালাও। তাঁর মতে, সতীশের মন্তব্য অপমানজনক। শেহজাদ লেখেন, এটা ভোটব্যাংক ধরার উদ্যোগ। (ওরা) রাম মন্দিরের বিরোধিতা করেছে। গীতার সঙ্গে জিহাদের লিংক করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Leicester: ব্রিটেনের লেস্টারে সংঘর্ষের ঘটনায় আরএসএসের কোনও যোগ নেই, বলছে রিপোর্ট

    Leicester: ব্রিটেনের লেস্টারে সংঘর্ষের ঘটনায় আরএসএসের কোনও যোগ নেই, বলছে রিপোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: লেস্টার (Leicester) শহরে সংঘর্ষের ঘটনায় আরএসএসের কোনও হাত নেই। কেবল আরএসএস (RSS) নয়, ওই ঘটনায় হিন্দুত্ববাদী কোনও সংগঠনেরই যোগ নেই। ঘটনার তদন্ত করে এমনটাই জানাল ব্রিটেনের (UK) একটি বিশেষজ্ঞ দল। এই দলের একজন সদস্য হলেন শার্লোট লিটিলউড। হেনরি জ্যাকসন সোসাইটির রিসার্চ ফেলো তিনি। স্থানীয় হিন্দু (Hindu) এবং মুসলমান বাসিন্দাদের সঙ্গে কথা বলে এবং সোশ্যাল মিডিয়া এভিডেন্স, ভিডিও এভিডেন্স, পুলিশ রিপোর্ট এবং বিবৃতি দেখে এই সিদ্ধান্তে পৌঁছেছেন তিনি। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রচারিত সংবাদের বিরুদ্ধে গিয়ে লিটিলউড বলেন, তদন্ত করে দেখা গিয়েছে লাইসেস্টারের ওই ঘটনায় হিন্দুত্ববাদী কোনও গোষ্ঠীর যোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি। তাঁর দাবি, বরং হিন্দুত্ববাদী গোষ্ঠীর সংহতিকেই মিথ্যাভাবে উপস্থাপিত করা হয়েছে।

    প্রসঙ্গত, খেলার মাঠে দ্বৈরথে নেমেছিল ভারত-পাকিস্তান। খেলাটি ছিল এশিয়া কাপ টি-২০ ম্যাচ। ব্রিটেনের লেস্টারে (Leicester) ওই ম্যাচ হয়েছিল ২৮ অগাস্ট। ম্যাচটি জিতে যায় ভারত। এর দিন কয়েক পরে একদল উত্তেজিত জনতা ব্রিটেনের বার্মিংহামের স্মিথউইকে থাকা একটি দুর্গা ভবনের বাইরে বিক্ষোভ দেখায়। পরে এলাকায় সংর্ঘষ বাঁধে। ঘটনায় নাম জড়ায় হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের। তবে বিশেষজ্ঞদের রিপোর্ট থেকে জানা গিয়েছে, ওই ঘটনায় আরএসএস কিংবা হিন্দুত্ববাদী কোনও সম্প্রদায়েরই হাত নেই। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ঘৃণা ছড়ানো, ভাঙচুর এবং হেনস্থার মিথ্যা অভিযোগ আনা হয়েছে হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে।

    আরও পড়ুন: সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজনে বিশ্বাস করে না আরএসএস, সাফ জানালেন প্রচার প্রমুখ

    বিশেষজ্ঞদের রিপোর্ট থেকে জানা গিয়েছে, ঘটনার জেরে লেস্টারে (Leicester) বসবাসকারী হিন্দুরা বেজায় ভয় পেয়ে গিয়েছিলেন। তাঁদের কেউ কেউ দূরে কোনও বন্ধু কিংবা আত্মীয়ের বাড়িতে চলে গিয়েছিলেন। কেউ কেউ ঘরে স্বেচ্ছাবন্দি হয়েছিলেন। ভয় কাটা না পর্যন্ত তাঁরা এভাবেই ছিলেন। রিপোর্টে আরও জানা গিয়েছে, ঘটনার জেরে লেস্টার অশান্ত হয়ে ওঠে। ৪ সেপ্টেম্বর শুরু হওয়া অশান্তির রেশ ছিল ২০ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়েই হয় সম্পত্তি নষ্ট, শারীরিক নিগ্রহ, ছুরিকাঘাত এবং প্রার্থনা স্থলে আক্রমণ। রিপোর্টে এও বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর হিন্দু ও মুসলিম মিছিল করে দু-পক্ষই। একদল জয় শ্রীরাম স্লোগান দেয়, অন্য পক্ষ বলে আল্লা হু আকবর। লিটিলউডের মতে, এটি সম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে যাওয়ার নিদর্শন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • BJP: কেজরির ‘গুজরাট ডিলে’র অভিযোগ সর্বৈব মিথ্যা, সাফ জানাল বিজেপি

    BJP: কেজরির ‘গুজরাট ডিলে’র অভিযোগ সর্বৈব মিথ্যা, সাফ জানাল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাটে (Gujarat) ভোট প্রচারে গিয়ে আম আদমি পার্টির (AAP) নেতা তথা দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) দাবি করেছিলেন, বিজেপির (BJP) তরফে গুজরাট বিধানসভা নির্বাচনে (Gujarat Assembly polls) থেকে তাঁকে সরে দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি এও দাবি করেছিলেন, এর বদলে রাজ্যের উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈনকে ছেড়ে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। আপ নেতার এহেন অভিযোগ অস্বীকার করল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, কেজরিওয়ালের অভিযোগ সর্বৈব মিথ্যা। বিজেপির মুখপাত্র সঈদ জাফর ইসলাম বলেন, ভোটের আগে গুজরাটবাসীকে বিপথগামী করতে এবং আম জনতার কাছে বিজেপির ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই এসব বলা হচ্ছে।

    ডিসেম্বরে ১ ও ৫ তারিখে দু দফায় ভোট হবে গুজরাটে। এই বিধানসভার আসন সংখ্যা ১৮২। গত আড়াই দশক ধরে রাজ্যের ক্ষমতায় রয়েছে বিজেপি (BJP)। এ রাজ্যে ক্রমেই বিজেপির প্রধান প্রতিপক্ষ হয়ে উঠছে অরবিন্দ কেজরিওয়ালের দল। দলের হয়ে গুজরাট চষে বেড়াচ্ছেন কেজরি স্বয়ং। শনিবার এক জনসভায় তিনি বলেন, ওরা (বিজেপি) আমার কাছে এসেছিল, বলেছিল যদি আমি গুজরাট নির্বাচনে অংশ না নিই, তাহলে সত্যেন্দর জৈনকে ছেড়ে দেওয়া হবে। গ্রেফতার করা হবে না মণীশ সিসোদিয়াকেও। তবে বিজেপির তরফে তাঁকে কে এই প্রস্তাব দিয়েছিল এদিন তা খোলসা করেননি কেজরি। তিনি শুধু বলেন, নিজের লোকের নাম কীভাবে বলব? আমার লোকের মাধ্যমেই ওঁরা প্রস্তাব দিয়েছিলেন। বিজেপি (BJP) কখনও সরাসরি প্রস্তাব দেয় না। ওরা একজনের থেকে অন্যজনের কাছে যায়। তারপর আরও একজনের কাছে যায়। তারপর কোনও বন্ধুর কাছে যায়। তারপর সেই বার্তা আপনার কাছে আসে।

    আরও পড়ুন: টাকায় লক্ষ্মী-গণেশের ছবি ছাপানোর আবেদন কেজরির, কী বলল বিজেপি?

    কেজরির দাবি নস্যাৎ করে জাফর ইসলাম বলেন, এটি সর্বৈব মিথ্যা কথা। উনি দিল্লি ও দেশের মানুষকে বিভ্রান্ত করেছেন। আন্না হাজারেকে ব্যবহার করে উনি ক্ষমতায় এসেছেন। পরে তাঁকে ছেড়ে দিয়েছেন। ক্ষমতা দখলের জন্য উনি যে কাউকে বিভ্রান্ত করতে পারেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Sudhir Suri: পাঞ্জাবে শিবসেনা নেতা খুনের তদন্তভার নিতে পারে এনআইএ, আইন-শৃঙ্খলা অবনতির অভিযোগ বিজেপির

    Sudhir Suri: পাঞ্জাবে শিবসেনা নেতা খুনের তদন্তভার নিতে পারে এনআইএ, আইন-শৃঙ্খলা অবনতির অভিযোগ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: শিবসেনা (Shiv Sena) নেতা সুধীর সুরি (Sudhir Suri) হত্যাকাণ্ডের তদন্তভার নিতে পারে এনআইএ (NIA)। শুক্রবার বিকেলে পাঞ্জাবের অমৃতসরে একটি মন্দিরের সামনে প্রকাশ্য দিবালোকে সুধীরকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় খালিস্তানি জঙ্গি গোষ্ঠীর হাত থাকতে পারে বলে অনুমান পুলিশের। এদিকে, ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে কানাডা-বেসড গ্যাংস্টার লখবীর সিং লান্ডা। রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতির দাবিতে সোচ্চার হয়েছে বিজেপি (BJP)।

    এদিন অমৃতসরের এক মন্দিরে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছিলেন কয়েকজন। তাঁদের মধ্যে ছিলেন সুধীরও (Sudhir Suri)। বস্তুত, ওই প্রতিবাদী মঞ্চের নেতা তিনিই। এলাকায় সুধীর হিন্দুত্ববাদী দল শিবসেনা তাকসিলার সদস্য হিসেবে পরিচিত। এদিন দুপুরে তিনি যখন মন্দিরের সামনে ধর্নায় বসেছিলেন, তখন আচমকাই স্থানীয় এক দোকানদার তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। ওই দোকানদার পরপর পাঁচটি গুলি চালায়। পুলিশ জানিয়েছে, গুলি লাগার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন সুধীর। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে পিস্তলটিও।

    সুধীর (Sudhir Suri) খুনের ঘটনায় খালিস্তানি জঙ্গি গোষ্ঠীর যোগ থাকতে পারে বলে অনুমান। সেই কারণে তদন্তভার তুলে দেওয়া হতে পারে এনআইএর হাতে। জাতীয় তদন্তকারী সংস্থার হাতে গেলেই জানা যাবে খুনের প্রকৃত উদ্দেশ্য। খুনের ঘটনার জেরে অমৃতসর জুড়ে করা হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। এদিকে, খুনের ঘটনার দায় স্বীকার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কানাডা-বেসড গ্যাংস্টার লখবীর সিং লান্ডা। পুলিশ জানিয়েছে, ওই পোস্টের সত্যতা যাচাই করা হচ্ছে।

    আরও পড়ুন: চরম আর্থিক সংকটের মুখে পাঞ্জাব? দাবি আপের শ্বেতপত্রে

    ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতা তাজিন্দর পাল সিং বাগ্গা নিশানা করেছেন রাজ্যের শাসক দল আম আদমি পার্টিকে। পাঞ্জাবে আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলেছেন তিনি। ট্যুইট-বাণে এই বিজেপি নেতা লিখেছেন, আপের শাসনে পাঞ্জাবে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। তিনি (অরবিন্দ কেজরিওয়াল) এখন গুজরাটে এই মডেল প্রয়োগ করতে চান?  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Imran Khan: বঙ্গবন্ধুর সঙ্গে নিজেকে তুলনা ইমরানের, সেনাকে তীব্র আক্রমণ, কী বললেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী?  

    Imran Khan: বঙ্গবন্ধুর সঙ্গে নিজেকে তুলনা ইমরানের, সেনাকে তীব্র আক্রমণ, কী বললেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী?  

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর  রহমানের (Sheikh Mujibur rahman) সঙ্গে তুলনা করলেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)।  পাকিস্তানের বর্তমান অবস্থা ১৯৭১ এর মতো বলেও অভিযোগ তাঁর। প্রসঙ্গত, ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ (Bangladesh)।

    লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত লং মার্চের ডাক দিয়েছিল ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI)। ওই মার্চে যোগ দিয়েছিলেন ইমরান (Imran Khan) স্বয়ং। দিন দুয়েক আগে আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক দুষ্কৃতী। পায়ে গুলি লাগে ইমরানের। গুরুতর জখম হয়েছেন তাঁর দলের দুই নেতাও। ইমরান ভর্তি রয়েছেন লাহোরের সওকত খানুম হাসপাতালে। ওই হাসপাতালেরে বেডে শুয়েই ক্রিকেটার-রাজনীতিক ইমরান সে দেশের সেনাবাহিনীকে আক্রমণ করে বলেন, কী ঘটেছিল পূর্ব পাকিস্তানে? সব চেয়ে বড় যে রাজনৈতিক দল নির্বাচনে জিতেছিল, তাদের ওপর দমন পীড়ন চালিয়েছিল সেনা বাহিনী। তাদের যে অধিকার ছিল, তা দেওয়া হয়নি। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ১৮ বছর পর বাংলাদেশে ভারতের সঙ্গে দুই সিরিজের প্রীতি ম্যাচ খেলেছিলাম। পাকিস্তানের বিরুদ্ধে ঘৃণা ছিল তখন। কেন ঘৃণা জমেছিল? তারা নির্বাচনে জিতেছিল আর আমরা তাদের সেই অধিকার দিচ্ছিলাম না। প্রধানমন্ত্রী তাদের হওয়ার কথা। কিন্তু আমরা এখানে বসে সিদ্ধান্ত নিলাম, আমরা তাদের প্রধানমন্ত্রী হতে দেব না। তবে আমরা যখন জোড়া ম্যাচ জিতেছিলাম, স্টেডিয়ামে উপস্থিত ৫০ হাজার মানুষ তখন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছিল। আমি অনুভব করেছিলাম, ওঁদের সঙ্গে আমরা কী অবিচারই না করেছি। ওঁরা আমাদের ছাড়তে চাননি, আমরাই অবিচার করেছি।

    ইমরান (Imran Khan) বলেন, সেই একই ঘটনা আমার সঙ্গে ঘটছে। কোণঠাসা করে দেওয়া হয়েছে দেশের সব চেয়ে বড় রাজনৈতিক দলকে। তাদের নেতাকে মারার চেষ্টা করছে। তিনি বলেন, লোকেরা এই চোরেদের দল, যারা এখন ক্ষমতায় রয়েছে, তাদের চিনতে পারছেন না। তাঁকে হত্যার চেষ্টার জন্য ইমরান অভিযোগের আঙুল তোলেন মেজর জেনারেল ফয়জল নাসির, ইন্টিরিয়র মিনিস্টার রানা সানাউল্লাহ এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দিকে।

     

  • Citizenship Act: ৯ রাজ্যে অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু!

    Citizenship Act: ৯ রাজ্যে অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু!

    মাধ্যম নিউজ ডেস্ক: অ-মুসলিম (Non Muslims) শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে গুজরাটে (Gujarat)। এবার ওই কাজ জোর কদমে শুরু হয়ে গেল দেশের অন্যত্রও। জানা গিয়েছে, দেশের নটি রাজ্যের ৩১ জেলার জেলাশাসক ও স্বরাষ্ট্র সচিবকে নাগরিকত্বের শংসাপত্র দেওয়ার ক্ষমতা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক (MHA)। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে (Citizenship Act) ওই নাগরিকত্ব দেওয়া হবে। নাগরিকত্ব পাবেন পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানরা।

    সম্প্রতি প্রকাশিত হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের বার্ষিক রিপোর্ট ২০২১-২২। এই রিপোর্ট থেকেই জানা গিয়েছে, ২০২১ সালের ১ এপ্রিল থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের ১ হাজার ৪১৪ জন শরণার্থী এসেছেন ভারতে। এঁদের প্রত্যেককে নাগরিকত্ব আইনে (Citizenship Act) ইতিমধ্যেই নাগরিকত্ব দেওয়া হয়েছে।  

    দেশের মধ্যে গুজরাটেই প্রথম শুরু হয়েছে এভাবে নাগরিকত্ব দেওয়ার কাজ। দিন কয়েক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে গুজরাটে আসা অ-মুসলিমদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের ভারতীয় নাগরিকত্ব আইন (Citizenship Act), ১৯৫৫ অনুযায়ী এই নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই তিন দেশ থেকে আসা যেসব শরণার্থী গুজরাটের মেহসানা ও আনন্দ জেলায় বসবাস করছেন, তাঁদেরই নাগরিকত্ব দেওয়া হবে।

    আরও পড়ুন: গুজরাটে বিজেপির প্রার্থী তালিকায় চমক, কে কে লড়ছেন জানেন?

    সংশোধিত নাগরিকত্ব আইনেও (Citizenship Act) পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা অ-মুসলিম এই সমস্ত শরণার্থীদের দেওয়া যায়। তবে যেহেতু তা নিয়ে বিতর্ক চলছে, এবং সরকার এখনও সংশোধিত নাগরিকত্ব আইন তৈরি করে উঠতে পারেনি, এই আইনের আওতায় এখনও নাগরিকত্ব দেওয়া যায়নি কাউকেই।

    কোন কোন রাজ্য পেয়েছে ক্ষমতা?

    স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ২৯ জেলার কালেক্টর এবং নটি রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। এঁরা উল্লিখিত শরণার্থীদের শংসাপত্র দিতে পারবেন। যে রাজ্যগুলিকে এই ক্ষমতা দেওয়া হয়েছে, সেগুলি হল, গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, পাঞ্জাব, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, দিল্লি এবং মহারাষ্ট্র। বিষয়টি সংবেদনশীল হওয়ায় আসাম এবং পশ্চিমবঙ্গকে এই ক্ষমতা এখনও দেওয়া হয়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Gujarat Assembly Elections: অতীতের সব রেকর্ড ভাঙতে চান, গুজরাটের জন্য নয়া স্লোগানও বাঁধলেন মোদি

    Gujarat Assembly Elections: অতীতের সব রেকর্ড ভাঙতে চান, গুজরাটের জন্য নয়া স্লোগানও বাঁধলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: গত আড়াই দশক ধরে গুজরাটের (Gujarat) কুর্সিতে রয়েছে বিজেপি (BJP)। এবার আগের সব রেকর্ড ভেঙে গুজরাট বিধানসভা নির্বাচনে (Gujarat Assembly Elections) বিপুল ভোটে জয়লাভ করবে বিজেপি। রবিবার গুজরাটে প্রচারে গিয়ে নিজের এই ইচ্ছার কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন গুজরাটের ভালসাদের কাপরাদা গ্রামে আয়োজিত এক দলীয় জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেন, দিল্লিতে বসেই আমি প্রাপ্ত তথ্য থেকে জানতে পারছি, গুজরাটে বিজেপি সব রেকর্ড ভেঙে এবারও বিপুল ভোট জয়ী হবে। তিনি বলেন, আমি এখানে এসেছি আমার অতীতের সব রেকর্ড ভাঙতে। আমি গুজরাট বিজেপিকে বলেছি যে প্রচারের জন্য আমি যত বেশি সম্ভব সময় তোমাদের দিতে প্রস্তুত।  

    ডিসেম্বরে দু দফায় হবে গুজরাট বিধানসভার নির্বাচন (Gujarat Assembly Elections)। প্রথম দফার ভোট হবে ১ ডিসেম্বর। আর ৫ ডিসেম্বর হবে দ্বিতীয় দফার নির্বাচন। গুজরাট বিধানসভার আসন সংখ্যা ১৮২টি। তার মধ্যে প্রথম দফায় হবে ৮৯টি আসনের ভোট। দ্বিতীয় দফায় হবে ৯৩টি আসনের নির্বাচন। রবিবাসরীয় প্রচারমঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, এবার আমি চাই অতীতের সব রেকর্ড ভেঙে দিতে। আমার চেয়েও ভূপেন্দ্রর (বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল) রেকর্ড বড় হোক আমি চাই। তিনি বলেন, এই ভোটে কেবল ভূপেন্দ্র আর নরেন্দ্র লড়ছেন না। এই ভোটে লড়ছেন গুজরাটবাসীও।

    আরও পড়ুন: ‘দুর্নীতি’, ‘বিভাজনকারী শক্তি’কে হুঁশিয়ারি মোদি-শাহের

    এদিনের জনসভায় বিজেপির জন্য নয়া স্লোগানও বেঁধে দেন প্রধানমন্ত্রী। সেটি হল, আমি এই গুজরাট বানিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক গুজরাটি সে তিনিই আদিবাসী হোন কিংবা জেলে, তিনি শহরে বাস করুন বা গ্রামে, প্রত্যেকে আজ আত্মবিশ্বাসী। সেই কারণেই প্রত্যেক গুজরাটি বলেন, আমি এই গুজরাট বানিয়েছি। কঠোর পরিশ্রম দিয়ে এই গুজরাট বানিয়েছেন তাঁরা। এদিনের সভায় নয়া স্লোগানটি উপস্থিত জনতাকে দিয়ে বার কয়েক বলিয়ে নেন প্রধানমন্ত্রী। তারপরেই বলেন, যেহেতু প্রত্যেক গুজরাটি আত্মবিশ্বাসে ভরপুর, সেই কারণেই তাঁরা হৃদয়ের অন্তঃস্থল থেকে এই স্লোগান দিচ্ছেন। তিনি বলেন, আমি এই গুজরাট বানিয়েছি এই স্লোগানের প্রতিটি শব্দই আসছে গুজরাটের হৃদয় থেকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Joe Biden: নিম্নকক্ষে হার বাইডেনের দলের, কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?

    Joe Biden: নিম্নকক্ষে হার বাইডেনের দলের, কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: সত্যি হল আশঙ্কা। আমেরিকায় শাসক দল ডেমোক্র্যাটিক (Democratic) পার্টির নানা নীতির কারণে ক্ষুব্ধ ছিলেন সাধারণ মানুষ। সেই ক্ষোভের ফল যে ভোটের বাক্সে পড়বে, সেই আশঙ্কা ছিলই। মঙ্গলবার হওয়া মধ্যবর্তী নির্বাচনে শাসক দল ডেমোক্র্যাটরা সংসদের উচ্চকক্ষ সেনেটে ক্ষমতা দখল করলেও, মুখ থুবড়ে পড়েছে নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভের রাশ গিয়েছে রিপাবলিকানদের (Republicans) হাতে। দিনটি গণতন্ত্রের পক্ষে শুভ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)।

    মঙ্গলবারই প্রকাশিত হয়েছে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফল। মার্কিন সংসদের দুটি কক্ষ। একটি উচ্চকক্ষ, নাম সেনেট। আর একটি নিম্নকক্ষ, নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। ফল প্রকাশের পর দেখা যায়, সেনেটে একশোটি আসনের মধ্যে ডেমোক্র্যাটরা জয়ী হয়েছেন ৪৮টি আসনে। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানরা পেয়েছে ৪৭টি আসন। নির্দল প্রার্থীদের হাতে গিয়েছে দুটি আসনের রশি।

    কোন দলের দখলে ক’টি আসন?

    এদিকে, হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্র্যাট প্রার্থীরা পেয়েছেন ১৭৩টি আসন। আর ট্রাম্পের দল পেয়েছে ১৯৮টি আসন। অথচ গতবার বাইডেনের দল ডেমোক্র্যাটরা পেয়েছিল ২২০টি আসন। এবার সেখানেই মার্কিন প্রেসিডেন্টের (Joe Biden) দলকে ঘোল খাইয়ে ছেড়েছে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল।

    আরও পড়ুন: কাটল আইনি বাধা, এবার ভারতে প্রত্যর্পণ নিশ্চিত নীরব মোদির?

    মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশিত হতেই যারপরনাই উল্লসিত ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শিবির। ফল প্রকাশের পর তিনি বলেন, গতকালের নির্বাচনের ফল কিছুটা হতাশাজনক হলেও, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে এটা অনেক বড় জয়। ২১৯টি আসনে জয় ও মাত্র ১৬টি আসনে হার হয়েছে। তিনি বলেন, এর থেকে ভাল ফল আর কে করেছে? নির্বাচনের ফলে খুশি হাউস অফ রিপ্রেজেন্টেটিভে স্পিকার হতে চলা কেভিন ম্যাককার্থি। তিনি বলেন, আমরা যে হাউস দখল করব, এটা তো স্পষ্ট।

    ফল প্রকাশের দিনটিকে গণতন্ত্রের জন্য শুভ দিন বলেই মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। তিনি বলেন, গণতন্ত্রের জন্য আজ একটা ভাল দিন বলেই মনে করি আমি। একই সঙ্গে আমেরিকার জন্যও ভাল দিন আজ। তিনি বলেন, সংবাদমাধ্যম ও পণ্ডিতরা হাওয়া বদলের কথা বললেও, তা হয়নি। এদিকে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রার্থী হতে চলেছেন বাইডেন (Joe Biden)। এদিন হোয়াইট হাউসে তিনি বলেন, আমরা আবার একবার নির্বাচনের দৌড়ে থাকব। তিনি বলেন, এটা আমাদের পারিবারিক সিদ্ধান্ত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

     

LinkedIn
Share