Tag: Madhyom

Madhyom

  • Jammu Kashmir: ফের রক্তাক্ত উপত্যকা! জম্মু কাশ্মীরে সন্ত্রাস দমনে সফল সেনা, পুলওয়ামায় হত ১ জঙ্গি  

    Jammu Kashmir: ফের রক্তাক্ত উপত্যকা! জম্মু কাশ্মীরে সন্ত্রাস দমনে সফল সেনা, পুলওয়ামায় হত ১ জঙ্গি  

    মাধ্যম নিউজ ডেস্ক: খুশির ঈদে সকাল থেকেই গুলির লড়াই চলেছে জম্মু ও কাশ্মীরে (Jammu Kashmir)। এদিন ভোর রাতে পুলওয়ামা জেলার ফ্রাসিপোরা এলাকায় জঙ্গিদের সঙ্গে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়, এখনও পর্যন্ত সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়েছে। আরও এক জঙ্গি ওই এলাকাতেই লুকিয়ে রয়েছে বলে খবর। 

    জঙ্গি দমনে সাফল্য

    পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে পুলওয়ামা জেলার ফ্রাসিপোরায় কয়েক জন  জঙ্গি লুকিয়ে থাকার খবর পায় নিরাপত্তা বাহিনী। এই খবর পেয়েই ওই এলাকা ঘিরে ফেলে সেনা।  পুরো এলাকা অবরোধ করে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তারা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলির জবাব দেয়ে সেনা। এতে একজন জঙ্গি নিহত হয়। ওই এলাকায় আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে বলে খবর পাওয়া গেছে। বর্তমানে ঘটনাস্থলে তল্লাশি অভিযান চলছে। জঙ্গিরা বড় ষড়যন্ত্র চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে খবর।

    পাক মদতের সম্ভাবনা

    স্থানীয় লোকজনকে সতর্ক করেই ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। সেনা সূত্রে খবর, জঙ্গিরা সীমান্তের ওপার থেকে ভারতে প্রবেশ করেছে। তারা বড় কোনও নাশকতার ছক কষছিল। নিহত জঙ্গি কোন সংগঠনের তা এখনও জানা যায়নি। জঙ্গিদের পিছনে পাক মদত দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখছে সেনা।

    প্রসঙ্গত, উপত্যকা (Jammu Kashmir) থেকে ৩৭০ এবং ৩৫ এ- ধারা অপসারণের পরে পাকিস্তানের পায়ের তলা থেকে জমি সরে যায়। তাই সময় বিশেষে ভারতীয় সীমান্তে সন্ত্রাসীদের পাঠিয়ে বড় ধরনের ঘটনা ঘটাতে উদ্যত পাকিস্তান। এই ধরনের ঘটনা ঘটিয়ে আন্তর্জাতিক স্তরে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে ভারতকে ছোট করাই লক্ষ্য পাকিস্তানের। যদিও কেন্দ্রের মোদি সরকার এ বিষয়ে সব সময় কড়া জবাব দিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Hiran Chatterjee: ডেবরায় মহিলাদের সঙ্গে খুন্তি নেড়ে রান্না করে ভোটের প্রচারে হিরণ চট্টোপাধ্যায়

    Hiran Chatterjee: ডেবরায় মহিলাদের সঙ্গে খুন্তি নেড়ে রান্না করে ভোটের প্রচারে হিরণ চট্টোপাধ্যায়

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই লোকসভা নির্বাচন (lok sabha vote 2024) হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। আর এরই মধ্যে ভোটের ময়দানে প্রচারে (election campaign) ঝড় তুলছেন সব দলের প্রার্থীরাই। আর এই প্রচারে বেরিয়েই বিভিন্ন ধরনের অভিনব প্রচার করতে দেখা গিয়েছে প্রার্থীদের। এবারের নির্বাচনেও তার ব্যতিক্রম নেই। কেউ প্রচারে বেরিয়ে রান্না করছেন তো কেউ আবার পরিবেশন করছেন। কেউ বিক্রি করছে সবজি, কেউ তো আবার সেলুনে ঢুকে চুলও কেটে দিচ্ছেন। আর এবার সরাসরি ভোটারের রান্নাঘরে ঢুকে গেলেন বিজেপি প্রার্থী। প্রচারে বেরিয়ে এবার এমনই জনসংযোগ করলেন ঘাটালের (ghatal) বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। বিজেপির এই তারকা প্রার্থীকে (Hiran Chatterjee) হঠাৎই বাড়িতে পেয়ে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা। ভোট প্রচারে রান্না ঘরও একটি প্রচারের বড় জায়গা হিসেবে পরিচিতি লাভ করেছে।

    মহিলাদের সঙ্গে জমিয়ে রান্না হিরণের (Hiran Chatterjee)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ১০ এপ্রিল ঘাটাল লোকসভা কেন্দ্রের ডেবরা নামক একটি জায়গায় প্রচার করছিলেন বিজেপি (BJP) প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। আর এদিন প্রচারের ফাঁকেই তিনি এখানকার এক ব্যক্তির রান্নাঘরে ঢুকে পড়েন। এরপর সেখানে গিয়ে বাড়ির মহিলাদের সঙ্গে জমিয়ে রান্না করেন। কেবল রান্নাই নয়, এদিন তিনি সেই বাড়িতেই দুপুরের খাবার খান। মেনুতে ছিল খোসলা শাক, ইঁচড়ের তরকারি, বড়া ভাজা ও মাছ ভাজা।

    দেব বনাম হিরণ

    প্রসঙ্গত বলা যায়, এবারের ২০২৪ লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) প্রতিপক্ষ হয়ে ময়দানে নেমেছে আরেক তারকা তৃণমূল (TMC) প্রার্থী দেব (dev) ওরফে দীপক অধিকারী। তাই ঘাটালের রাজনৈতিক ময়দানে ভোটের খেলা যে বেশ জোরদার হবে তা আর বলার অপেক্ষা রাখেনা। তাই ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতিতে নানান কায়দায় ঝড় তুলছেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী।

    আরও পড়ুনঃ ইরানের চাবাহারের পর এবার মায়ানমারের সিটওয়ে বন্দরের রাশ নিল ভারত, টেক্কা চিনকে?

    সামজিক মাধ্যমে প্রতিক্রিয়া

    আর বিজেপি প্রার্থী হিরণের এদিনের এই ছবি প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় (social media) নানান প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে। তবে অনুরাগীরা তাঁর এই প্রচারকে অভিনব প্রচার বলেছেন। আবার কেউ কেউ লিখেছেন আজকাল ভোট প্রার্থীরা নাকি ফুড ব্লগারে পরিণত হয়েছেন। সামজিক মাধ্যমে এখন হিরণ রাজনৈতিক হিরো। তবে এটাই প্রথম নয়, এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় জনসংযোগ বাড়াতে প্রচারে বেরিয়ে তিনি এক ব্যক্তির গায়ে সাবান মাখিয়ে দিয়েছিলেন। সেবারও সেই ছবি তুমুল ভাইরাল হয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Myanmar Sittwe Port: ইরানের চাবাহারের পর মায়ানমারের সিটওয়ে বন্দরের রাশ নিল ভারত, টেক্কা চিনকে?

    Myanmar Sittwe Port: ইরানের চাবাহারের পর মায়ানমারের সিটওয়ে বন্দরের রাশ নিল ভারত, টেক্কা চিনকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইরানের চাবাহার বন্দরের পর এবার দ্বিতীয় ওভারসিজ বন্দর পরিচালনার অধিকার পেল ভারত। সিটওয়ে (Myanmar Sittwe Port) নামের এই বন্দরটি রয়েছে কালাদান নদীর ওপর। এই বন্দর পরিচালনার জন্য ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেডের প্রস্তাব অনুমোদন করেছে ভারতের বিদেশমন্ত্রক। ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেডের একশো শতাংশ মালিকানাই পোর্টস, শিপিং এবং জলপথ মন্ত্রকের।

    চিন-ভারত রেষারেষি! (Myanmar Sittwe Port)

    বর্তমানে অর্থনৈতিক প্রভাব বিস্তারে মেতেছে চিন ও ভারত। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের দায়িত্ব নিয়েছে চিন। আফ্রিকার ডিজবাউটি বন্দরের দায়িত্বও নিয়েছে ড্রাগনের দেশ। বাংলাদেশ ও মলদ্বীপের বন্দরেও লগ্নি করবে বলে ওই দুই দেশের সরকারকে প্রস্তাব দিয়েছে বেজিং। চিনের এই অর্থনৈতিক আগ্রাসনের জেরে উদ্বেগে ভারত। তার পরেই একের (Myanmar Sittwe Port) পর এক ওভারসিজ বন্দর পরিচালনার ভার নিতে শুরু করেছে নরেন্দ্র মোদির ভারত। এই তালিকায় প্রথমেই ছিল ইরানের ছাবাহার বন্দর। এবার তালিকায় ঢুকে পড়ল মায়ানমারের সিটওয়ে বন্দরও। এই বন্দরটি কালাদান মাল্টি-মোডাল ট্রানজিট পরিবহন প্রকল্পের অংশ। এই প্রকল্পের লক্ষ্যই হল, কলকাতার সমুদ্র বন্দরকে সমুদ্রপথে সিটওয়ে বন্দরের সঙ্গে যুক্ত করা। গত বছরের মে মাস থেকে সিটওয়েতে নোঙর করছে মালবাহী জাহাজ।

    ভারতীয় জাহাজকে স্বাগত মায়ানমারে

    কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে যায় প্রথম জাহাজটি। জাহাজটিকে স্বাগত জানাতে ভারতের তরফে উপস্থিত ছিলেন পোর্টস, শিপিং ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল এবং মায়ানমারের তরফে উপস্থিত ছিলেন অ্যাডমিরাল তিং আং সান। মায়ানমারের এই বন্দরের সঙ্গে অন্ধ্রপ্রদেশের ভাইজাগের যোগাযোগ সুগম হবে। পশ্চিমবঙ্গ থেকে বাইপাসের মাধ্যমে পৌঁছে যাওয়া যাবে বাংলাদেশে। মায়ানমারের এই বন্দরের মাধ্যমে যে লেনদেন হবে, পুরোটাই হবে ভারতীয় মুদ্রায়। জানা গিয়েছে, বন্দর পরিচালনার পুরো দায়িত্বই থাকবে ভারতের হাতে। ভারতের নিজস্ব বন্দরগুলির রাশ যেভাবে রয়েছে স্বদেশের হাতে, তেমনিই সিটওয়ের রশিও থাকবে ভারতের হাতে। মনে রাখতে হবে, ছাবাহার বন্দরের চেয়েও সিটওয়েতে (Myanmar Sittwe Port) ভারতের দখলদারি বেশি। কারণ, ছাবাহারে মাত্র দুটি টার্মিনাল পরিচালনা করতে পারে ভারত। সিটওয়ের ক্ষেত্রে করবে পুরোটাই।

    কী লাভ হল ভারতের?

    সিটওয়ের ক্ষেত্রে চুক্তি পুনর্নবীকরণ হবে প্রতি তিন বছর অন্তর। বন্দরের লিজের মেয়াদ দীর্ঘ হওয়ায় উপকৃত হবে ভারত। যুদ্ধবিধ্বস্ত রাখাইন প্রদেশের সিটওয়ে বন্দরটিতে ভারত বিনিয়োগ করবে ৪৮৪ মিলিয়ন মার্কিন ডলার। কালদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্টের অধীনে হবে সিটওয়ের কাজ। কালদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্টের জলপথ ও সংযোগকারী রাস্তা চালু হয়ে গেলে সিটওয়ে বন্দরের মাধ্যমে ভারতের পূর্ব উপকূলকে উত্তরপূর্ব রাজ্যগুলির সঙ্গে যুক্ত করা যাবে। মিজোরাম ও হলদিয়া বা কলকাতা বা কালাদান নদীর মধ্যে দিয়ে যে কোনও ভারতীয় বন্দরের মধ্যে একটি বিকল্প জলপথ হয়ে উঠবে। যে পথে অনায়াস হবে কার্গোশিপ পরিবহন। কালদান প্রজেক্টের মাধ্যমে উপকৃত হবে উত্তরপূর্বের রাজ্য ত্রিপুরাও। জানা গিয়েছে, সিটওয়ে বন্দরের রাশ ভারতের হাতে চলে আসায় কলকাতা ও ত্রিপুরার রাজধানী আগরতলা এবং মিজোরামের রাজধানী আইজলের মধ্যে পণ্য পরিবহন খরচ কমে যাবে পঞ্চাশ শতাংশ। সময়ও প্রায় অর্ধেক হয়ে যাবে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।

    উদ্বেগের কারণ

    গৃহযুদ্ধে দীর্ণ মায়ানমার (Myanmar Sittwe Port)। নির্বাচিত সরকারকে হটিয়ে সে দেশে চলছে সেনার শাসন। তা সত্ত্বেও মায়ানমারকে ভারত বরাবর বিশেষ গুরুত্ব দিয়ে এসেছে তার ‘অ্যাক্ট ইস্ট’ নীতির কারণে। আরও একটি কারণ রয়েছে। সেটি হল, উত্তর-পূর্বের কিছু বিদ্রোহী গোষ্ঠীর বাড়বাড়ন্ত ঠেকাতে ভারতের প্রয়োজন মায়ানমারের সাহায্য। এমতাবস্থায় মায়ানমারের একটি বন্দরের রাশ হাতে নেওয়ায় অ্যাডভান্টেজ নয়াদিল্লি। মায়ানমারের এই বন্দরের রাশ ভারতের হাতে এলেও, উদ্বেগ কমেনি এতটুকুও। কারণ যে রাখাইন প্রদেশে সিটওয়ে বন্দরটি রয়েছে, সেটি সামরিক শাসক ও বিদ্রোহীদের সংঘাতে দীর্ণ। সিটওয়ে প্রকল্পটির আয়ু কতদিন তা নিয়েও উঠছে প্রশ্ন। কারণ বিদ্রোহীরা রাখাইন প্রদেশের দখল নিয়ে নিলে, এই বন্দরে কাজ করতে অসুবিধা হতে পারে ভারতের। তবে ভূকৌশলগত অবস্থান বিবেচনা করেই সিটওয়ে চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত (Myanmar Sittwe Port)।

    আরও পড়ুুন: “আমায় ভগবান নেতা মনোনীত করেছেন”, সাক্ষাৎকার দিতে গিয়ে বললেন মোদি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Keshpur: “দলীয় কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারল তৃণমূল,” বললেন বিজেপি জেলা সভাপতি

    Keshpur: “দলীয় কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারল তৃণমূল,” বললেন বিজেপি জেলা সভাপতি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের উত্তপ্ত হয়ে উঠল কেশপুর (Keshpur)। এক বিজেপি কর্মীকে মারধর করে দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এমনটাই অভিযোগ গেরুয়া শিবিরের। ভোটের মুখে এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলল বিজেপি। এই ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Keshpur)

    দলীয় সূত্রে জানা গিয়েছে, কেশপুর (Keshpur) ব্লকের ২ নম্বর অ়ঞ্চলের গোপীনাথপুর এলাকায় বিজেপির স্থানীয় এক বুথ সভাপতি অঙ্কন নিয়োগীকে ব্যাপক মারধর করা হয়। দলীয় পতাকা লাগানোর সময় এই হামলা চালানো হয়। পাশাপাশি দলীয় পতাকা ছিঁড়়ে দেওয়া হয়েছে। দুটি ঘটনাতেই অভিযুক্ত তৃণমূল। খবর পেয়ে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস আহত বিজেপি কর্মী ও সমর্থকদের নিয়ে আনন্দপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

    আরও পড়ুন: অভিষেকের গড়ে বিজেপি নেতার ছেলেকে ‘অপহরণ’ তৃণমূলের! মামলা হাইকোর্টে

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    এ-প্রসঙ্গে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস বলেন, কিছুদিন আগে কেশপুরে (Keshpur) এসে দেব বলে গিয়েছিলেন, আমি চাইনা এই সন্ত্রাস হোক, রক্ত ঝড়ুক। তিনি চলে যেতেই আমাদের কর্মীদের ওপর আক্রমণ চালাচ্ছে তৃণমূল। এলাকায় দলীয় পতাকা লাগানোর সময় আমাদের এক সক্রিয় বিজেপি কর্মী অঙ্কন নিয়োগীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতে দলীয় কর্মীরা পতাকা লাগাচ্ছিলেন। ধারাল অস্ত্র নিয়ে হামলা চালাতে আসে তৃণমূলের লোকজন। আমাদের কর্মীরা প্রতিরোধ করলে পালিয়ে যায়। আমি সাংসদ ও এখানকার স্থানীয় তৃণমূল নেতৃত্বকে সন্ত্রাস না করার অনুরোধ করবো। এলাকার গরিব মানুষের প্রাপ্য অধিকার তৃণমূল চুরি করেছে। মানুষ পাশে নেই তৃণমূলের। নির্বাচনের ফলে তা প্রমাণ হয়ে যাবে। যদিও স্থানীয় তৃণমূলে নেতৃত্বের বক্তব্য,  হামলার কোনও ঘটনা ঘটেনি। বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে। আমাদের দলের নামে বদনাম দিচ্ছে। এসব করে কোনও লাভ হবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: ‘‘অপ্রতিরোধ্য’’, মার্কিন পত্রিকা ‘নিউজউইক’-এর প্রচ্ছদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    PM Modi: ‘‘অপ্রতিরোধ্য’’, মার্কিন পত্রিকা ‘নিউজউইক’-এর প্রচ্ছদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী প্রচারিত মার্কিন পত্রিকা ‘নিউজউইক’-এর প্রচ্ছদে দেখা যেতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ‘‘কীভাবে ভারত ও বিশ্বকে পাল্টে দিচ্ছেন নরেন্দ্র মোদি’’ শীর্ষক একটি সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের অকপট জবাব দেন প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধীর পর মোদিই হবেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যাঁকে ‘নিউজউইক’-এর কভারে দেখা যাবে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিউজ উইকের এপ্রিল ১৯৬৬ সংখ্যার প্রচ্ছদে উপস্থিত ছিলেন। নিউইয়র্ক ভিত্তিক এই ম্যাগাজিন প্রধানমন্ত্রী মোদির ৯০ মিনিটের একটি সাক্ষাৎকার নিয়েছে। এই সাক্ষাৎকারে দেশের নীতি-উন্নয়ন থেকে শুরু করে চিন-পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    ভারত-চিন প্রসঙ্গ

    ‘নিউজউইক’কে দেওয়া সাক্ষাতকারে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে জোর সওয়াল করেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর কথায়, “আমার বিশ্বাস, সীমান্তে দীর্ঘদিন ধরে যে বিবাদ চলছে সেই নিয়ে দ্রুত পদক্ষেপ করা দরকার। তাহলেই আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যা সমস্যা রয়েছে সেগুলো দূর হতে পারে। ভারত ও চিনের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তিপূর্ণ সম্পর্ক থাকুক সেটাই সকলে চায়। কেবল এই দুই দেশ নয়, দক্ষিণ-পূর্ব এশিয়া তথা গোটা বিশ্বের কাছেই এই সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। আশা করি সামরিক ও কূটনৈতিক স্তরে ইতিবাচক পদক্ষেপ হতে পারে। তার জোরেই আমাদের সীমান্তে শান্তি স্থাপন হবে।” মোদির মতে, চিনের (China) সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে দ্রুত পদক্ষেপ করা প্রয়োজন। কূটনৈতিক ও সামরিক স্তরে আলোচনার মাধ্যমে সীমান্তে শান্তি ফেরাতে হবে।

    রাম মন্দির প্রসঙ্গ

    নাতি দীর্ঘ এই সাক্ষাৎকারে ওঠে অযোধ্যার রাম মন্দির প্রসঙ্গও। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “ওঁর (শ্রী রাম) জীবন আমাদের চিন্তাধারা ও মূল্যবোধের রূপরেখা নির্ণয় করেছে। আমাদের পবিত্র ভূমি জুড়ে তাঁর নাম উচ্চারিত হয়েছে। আমি ১১ দিনের বিশেষ রীতি পালন করেছিলাম, শ্রী রামের পদচিহ্ন যেখানে যেখানে রয়েছে, আমি সেখানে গিয়েছিলাম। এই যাত্রা আমায় দেশের বিভিন্ন কোণায় নিয়ে গিয়েছে, যেখানে আমি দেখেছি, রাম আমাদের সকলের মধ্যে বসবাস করে।”

    আরও পড়ুুন: ভারতে আসছেন টেসলা কর্তা, মোদির সঙ্গে বৈঠকের পরেই লগ্নির ঘোষণা মাস্কের!

    ভারতের উন্নয়ন

    ভারতের উন্নয়ন প্রসঙ্গে এই সাক্ষাৎকারে নানান কথা বলেন প্রধানমন্ত্রী। রামমন্দির, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক, কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বিলোপ নিয়েও সাক্ষাৎকারে মুখ খুলেছেন মোদি। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রক্ষার প্রশ্নে মোদি আরও এক বার সন্ত্রাসবাদ নিয়ে বার্তা দেন ইসলামাবাদকে। জানান, ভারত সর্বদা শান্তি এবং সন্ত্রাসমুক্ত পরিবেশের পক্ষে। কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বিলোপ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “জম্মু ও কাশ্মীরে কী কী ইতিবাচক পরিবর্তন হয়েছে, তা স্বচক্ষে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি কিংবা অন্য কেউ কী বলল, তা শোনার প্রয়োজন নেই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • South 24 Parganas: অভিষেকের গড়ে বিজেপি নেতার ছেলেকে ‘অপহরণ’ তৃণমূলের! মামলা হাইকোর্টে

    South 24 Parganas: অভিষেকের গড়ে বিজেপি নেতার ছেলেকে ‘অপহরণ’ তৃণমূলের! মামলা হাইকোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের মুখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলল বিজেপি। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ডায়মন্ডহারবার থেকে বিজেপি নেতা তথা স্থানীয় পঞ্চায়েত সদস্যের ছেলেকে অপহরণের অভিযোগে সরব হলেন গেরুয়া নেতা শঙ্কুদেব পণ্ডা। অপহরণ করে দলবদলের জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি নেতৃত্ব।

    ঠিক কী অভিযোগ? (South 24 Parganas)

    দলীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ডায়মন্ড হারবারের বজবজ ২ নম্বর ব্লকের নোদাখালি থানার সাতগাছিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য কৌশিক খাঁড়ার ছেলে বিগত ১ এপ্রিল থেকে নিখোঁজ। এরপর থানায় এফআইআর দায়ের করতে গেলে তা নেওয়া হয় না এবং স্থানীয় তৃণমূল নেতা জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। ৫ তারিখ ডায়মন্ড হারবারের এসপি-এর কাছে লিখিতভাবে অভিযোগ জানায় পরিবার। কিন্তু, প্রায় ১০ দিন হতে চলল এখনও কোনও খোঁজ নেই। স্বাভাবিকভাবে পরিবারের লোকজন আতঙ্কিত। কৌশিকবাবু বলেন, ছেলে খোঁজে এক তৃণমূল নেতার কাছে গিয়েছিলাম। তিনি আমাকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য বলেন। দলে যোগ দিলে এক সপ্তাহের মধ্যে ছেড়ে দেবে।

    আরও পড়ুন: “আমায় ভগবান নেতা মনোনীত করেছেন”, সাক্ষাৎকার দিতে গিয়ে বললেন মোদি

    মামলা গড়াল হাইকোর্টে

    বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা বলেন, ডায়মন্ড হারবারের আর এক পঞ্চায়েত সদস্য প্রদীপ সামন্তের মেয়েকেও অপহরণের হুমকি দেওয়া হচ্ছে। বিজেপি ছেড়ে তৃণমূলে এলেই সব সমাধান হয়ে যাবে বলে হুমকি আসছে প্রতিনিয়ত। বিস্ফোরক অভিযোগ তুলে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়ছেন তিনি। তিনি, এটাই কি ডায়মন্ড হারবার মডেল? এখানে তৃণমূল কীভাবে ভোট করাবে তা বোঝাই যাচ্ছে। ইতিমধ্যেই এই বিষয়ে হাইকোর্টে মামলা করা হয়েছে।

    পুলিশ প্রশাসনের কী বক্তব্য?

    যদিও এই বিষয় বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রুপান্তর সেনগুপ্ত বলেন, ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে নোদাখালি থানাতে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ আমরা খতিয়ে দেখছি। এর সঙ্গে কোন রাজনৈতিক যোগ আছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখছি। আমরা খুব শিগগিরই নিখোঁজ যুবকের সন্ধান পাব এমনটাই আশা করছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • East Bengal FC: পাঞ্জাবের বিরুদ্ধে লজ্জার হার, আইএসএল অভিযান শেষ ইস্টবেঙ্গলের

    East Bengal FC: পাঞ্জাবের বিরুদ্ধে লজ্জার হার, আইএসএল অভিযান শেষ ইস্টবেঙ্গলের

    মাধ্যম নিউজ ডেস্ক:  আইএসএলের (ISL 2023-24) সুপার সিক্সে থাকার লড়াইয়ের মরণ-বাঁচন ম্যাচে পাঞ্জাব এফসির কাছে ৪-১ গোলে লজ্জার হার ইস্টবেঙ্গলের (East Bengal FC)। মরশুমের জঘন্যতম ফুটবল খেলে চলতি আইএসএল-এ প্লে-অফে ওঠার আগেই বিদায় নিল ইস্টবেঙ্গল। বুধবার পাঞ্জাব এফসি’র কাছে ৪-১ গোলে হেরে যায় কার্লেস কুয়াদ্রাতের দল। পাঞ্জাবের হয়ে জোড়া গোল করেন উইলিয়াম জর্ডন। এছাড়া একটি করে গোল করেন মাদিহ তালাল এবং লুকা মাজসেন। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন সায়ন বন্দ্যোপাধ্যায়।

    ছন্নছাড়া ফুটবল

    এদিন খেলার শুরু থেকেই পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল (East Bengal FC)। পাঞ্জাব এফসি দ্রুত মাঝমাঠের দখল নিয়ে একের পর এক আক্রমণ গড়ে তোলে। যদিও ম্যাচের ৭ মিনিটে নিশু কুমার গোলের সহজ সুযোগ নষ্ট করে। এরপর আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় পাঞ্জাব। পাঞ্জাবের তালাল এবং জর্ডন জুটিকে সামলাতে রীতিমত হিমসিম খেতে হয় ইস্টবেঙ্গলকে। ম্যাচের ১৯ মিনিটে জর্ডনের গোলেই প্রথম লিড নেয় পাঞ্জাব। ইস্টবেঙ্গল অবশ্য বেশি ক্ষণ পিছিয়ে থাকেনি। ২৫ মিনিটে অনেকটা একক প্রচেষ্টায় দুরন্ত গোল করে লাল-হলুদকে সমতায় ফেরান সায়ন বন্দোপাধ্যায়। ৪৩ মিনিটে পাঞ্জাবকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তালাল। তাঁর দৌড়ে ছন্নছাড়া অবস্থা হয় লাল-হলুদ রক্ষণের।

    এদিন বল দখলের লড়াইয়ে পাঞ্জাবের ফুটবলারদের কাছে বার বার হার মেনেছেন ইস্টবেঙ্গল (East Bengal FC) ফুটবলারেরা। পর পর চার-পাঁচটা সঠিক পাসও দিতে পারছিলেন না তাঁরা। শুরু থেকে মাঝমাঠের দখল নেওয়ার চেষ্টা করে পাঞ্জাব। সেই লড়াইয়ে এঁটে উঠতে পারছিলেন না সাউল ক্রোসপো, মহেশ সিংরা। ১-২ ব্যবধানে পিছিয়ে দ্বিতীয়ার্ধে খেলতে নামা কুয়াদ্রাতের দলকে আরও ছন্নছাড়া দেখিয়েছে। লাল-হলুদ ফুটবলারদের খেলা দেখে কখনও মনে হয়নি, তাঁদের মধ্যে জেতার চেষ্টা রয়েছে। শেষ পর্যন্ত পাঞ্জাবের কাছে ৪-১ এ হেরে নববর্ষের আগে সমর্থকদের একরাশ হতাশা উপহার দিল লাল-হলুদ ফুটবলারেরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “৩৭০ ধারা রদ করায় অম্বেডকরের আত্মা আশীর্বাদ করছেন”, বললেন মোদি

    PM Modi: “৩৭০ ধারা রদ করায় অম্বেডকরের আত্মা আশীর্বাদ করছেন”, বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “কাশ্মীরে ৩৭০ ধারা রদ করায় বিআর অম্বেডকরের (সংবিধান রচয়িতা) আত্মা আমায় আশীর্বাদ করবেন।” বুধবার নাগপুরের কানহান শহরের এক জনসভায় ভাষণ দিতে গিয়ে কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

    ৩৭০ ধারা রদ (PM Modi)

    সেখানে এনডিএ প্রার্থীদের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বলেন, “সংবিধানের ৩৭০ নম্বর ধারা অনুযায়ী জম্মু-কাশ্মীরের যে বিশেষ মর্যাদা ছিল তা লোপ করা হয়েছে। তাই অম্বেডকরের আত্মা আমায় আশীর্বাদ করবেন।” দিন কয়েক আগে প্রধানমন্ত্রীকে নিশানা করতে গিয়ে বিরোধীরা বলেছিলেন, মোদি ফের ক্ষমতায় এলে বিপন্ন হবে সংবিধান এবং গণতন্ত্র। এদিনের সভায় তারই জবাব দিলেন প্রধানমন্ত্রী। এসব কথা বলে বিরোধীরা মানুষকে ভুল বোঝাচ্ছেন বলেও জানান তিনি। বিরোধীরা তাঁকে আক্রমণ শানানোয় আদতে যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএর আসন বাড়বে, তাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী (PM Modi)।

    বিরোধীদের নিশানা মোদির

    তিনি বলেন, “আপনাদের কাছে সংবিধানের যদি এতই গুরুত্ব ছিল, তাহলে কেন তা গোটা দেশে প্রয়োগ করা হয়েছিল না? কেন ভূস্বর্গ থেকে রদ করা হয়নি ৩৭০ ধারা? বিরোধীরা এটা করেননি, কারণ বিচ্ছন্নতাবাদীদের সম্পর্কে তাঁদের দুর্বলতা ছিল।” তিনি বলেন, “৩৭০ ধারা রদ হওয়ায় কেন্দ্র শাসিত অঞ্চলের দলিত এবং উপজাতির মানুষও সাংবিধানিক অধিকার পাচ্ছেন। কংগ্রেসের রাজত্বে তো ভোটব্যাঙ্কের রাজনীতি হত।” তাঁর তোপ, “বিরোধীরা দেশের ঐতিহ্য-বিরোধী, উন্নয়ন-বিরোধী।” এর পরেই প্রধানমন্ত্রী বলেন, “কাশ্মীরে ৩৭০ ধারা রদ করায় অম্বেডকরের আত্মা আমায় আশীর্বাদ করবেন।”

    আরও পড়ুুন: “আমায় ভগবান নেতা মনোনীত করেছেন”, সাক্ষাৎকার দিতে গিয়ে বললেন মোদি

    তৃতীয়বার ক্ষমতায় ফিরে উন্নয়নের বাকি থাকা কাজগুলি সেরে ফেলতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “গত ১০ বছরে যে কাজ আমি করেছি, সেটা ট্রেলর মাত্র, মেইন কোর্স এখনও বাকি রয়েছে।” প্রধানমন্ত্রী বলেন, “আগামী পাঁচ বছরে, আপনাদের স্বপ্ন হল মোদির সংঙ্কল্প। আমার জীবনের প্রতিটি ক্ষণ, মুহূর্ত আপনাদের কল্যাণে নিয়োজিত এবং ২০৪৭ সালের মধ্যে দেশের অগ্রগতির জন্য কাজ হবে ২৪x৭।” বিজেপির এই তারকা প্রচারক (PM Modi) বলেন, “আসন্ন নির্বাচন কেবল সাংসদ নির্বাচনের জন্য নয়, এই ভোট আগামী হাজার বছরে ভারতের ভিত্তিকে মজবুত করবে।” প্রসঙ্গত, এই কেন্দ্রে নির্বাচন হবে প্রথম দফায়, ১৯ এপ্রিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • PM Modi: “আমায় ভগবান নেতা মনোনীত করেছেন”, সাক্ষাৎকার দিতে গিয়ে বললেন মোদি

    PM Modi: “আমায় ভগবান নেতা মনোনীত করেছেন”, সাক্ষাৎকার দিতে গিয়ে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “আমায় ভগবান নেতা মনোনীত করেছেন।” বুধবার এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। দেশের কঠিন কাজগুলি করতেই যে ঈশ্বর তাঁকে বেছে নিয়েছেন, তাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

    ভগবানের দান (PM Modi)

    তিনি বলেন, “শোনার ক্ষমতাটাও নেতৃত্ব দেওয়ার একটা বড় গুণ। ভগবান আমায় এই গুণটি দিয়েছেন। আমি নিয়মিত এর চর্চাও করি। আরও একটি গুণ আমায় ভগবান দিয়েছেন, সেটি হল আমি সব সময় কাজেই রয়েছি। ফোন কল করে কিংবা মেসেজ করে বা অন্য কিছু করে সময় নষ্ট করি না। যখনই আমি কিছু করি, তখনই আমি তাতে একশো শতাংশ নিয়োজিত হই, সেই কাজের সাগরে ডুবে যাই।”

    আদর্শ নেতার গুণ

    একজন ভালো নেতার কী কী গুণ থাকা উচিত, এই সাক্ষাৎকারে তাও জানিয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi)। তাঁর মতে, নেতার ওপরতলা থেকে নিচুতলা পর্যন্ত সমস্ত খবরাখবর নখদর্পনে থাকবে। তৃণমূল স্তরেও থাকবে তাঁর নিরবচ্ছিন্ন যোগাযোগ। সেই যোগাযোগ এমনই হবে, যে যখনই কোনও ঘটনা ঘটবে, তখনই সেটি সরাসরি তাঁর কানে পৌঁছবে।

    আরও পড়ুুন: ভারতে আসছেন টেসলা কর্তা, মোদির সঙ্গে বৈঠকের পরেই লগ্নির ঘোষণা মাস্কের!

    প্রধানমন্ত্রী বলেন, “আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম (গুজরাটের), রাত তিনটেয় একজন ফোন করেছিলেন। কার্জন নামে একটি শহর থেকে কলটা এসেছিল। সচরাচর এত রাতে কেউ একজন মুখ্যমন্ত্রীকে কোনও বিষয়ে সতর্ক করেন না। কিন্তু আমার অধঃস্তনরা আমার কাজের ধরন জানতেন। তাই তাঁরা আমায় সতর্ক করে দিয়েছিলেন। ওই শহরে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হতে যাচ্ছে বলে জানিয়েছিলেন লোকটি। তিনি বলেছিলেন, আগের দিন আমি যখন তাঁর বাড়িতে খেতে গিয়েছিলাম তখন তিনি আমায় দেখেছিলেন। তাই আমার নিরাপত্তার কথা ভেবে তিনি সরাসরি আমায় ফোন করেছিলেন। আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, কারণ কী? তিনি আমায় বলেছিলেন, তাঁর বাড়ির পাশ দিয়ে রেল লাইন গিয়েছে। বিস্ফোরণ ঘটানো হতে পারে সেখানেই। সঙ্গে সঙ্গে আমি ঘটনাটি জেলা প্রশাসনকে জানাই, রেলের আধিকারিকদের জানাই, ঘটনাটির বিষয়ে খোঁজ নিতে। তাঁরা কেউই আগে এ ব্যাপারে কোনও খবর পাননি। তার জেরেই সেবার রোখা গিয়েছিল দুর্ঘটনা।” প্রধানমন্ত্রী বলেন, “আমি প্রতি মাসে হাজার হাজার চিঠি পাই। সেগুলি পড়ে দেখি আমায় নিয়ে মানুষের আবেগ-আশা-ভরসা কতখানি। মন কি বাতের অনুষ্ঠান শুনেই তাঁরা আমায় চিঠি দেন (PM Modi)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বৃহস্পতিবার ১১/০৪/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বৃহস্পতিবার ১১/০৪/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) কর্মক্ষেত্রে আপনাদের ভাবমূর্তি উন্নত হবে।

    ২) নিজের কাজের চেয়ে বেশি অন্যের কাজের বিষয়ে চিন্তা করবেন না।

    ৩) ব্যবসায় লোকসান হবে।

    বৃষ

    ১) আজকের দিনটি ঠিকঠাক থাকবে।

    ২) অপ্রত্যাশিত লাভ অর্জনের ফলে আনন্দিত হবেন।

    ৩) পরিবারের সদস্যদের পরামর্শ মেনে সুনাম অর্জন করতে পারবেন।

    মিথুন

    ১) সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে।

    ২) কর্মক্ষেত্রে বড়সড় অভিজ্ঞতা অর্জনের ফলে আনন্দিত হবেন।

    ৩) ব্যবসায়ীরা বড়সড় মুনাফা অর্জন করবেন।

    কর্কট

    ১) কঠিন পরিশ্রম করতে হবে আজ।

    ২) চাকরিজীবী জাতকরা ভালো প্রদর্শন করে আধিকারিকদের মন জয় করতে পারবেন।

    ৩) বাণী ও ব্যবহারের দ্বারা সকলকে একসূত্রে বেঁধে রাখতে পারবেন।

    সিংহ

    ১) আজকের দিনটি অন্যান্য দিনের তুলনায় ভালো থাকবে।

    ২) কর্মক্ষেত্রে সাবধান ও সতর্ক থাকতে হবে।

    ৩) জুনিয়রের হাতে কোনও কাজ ছাড়লে বড় ভুল হতে পারে।

    কন্যা

    ১) বুদ্ধি ও বিচক্ষণতার সাহায্যে সিদ্ধান্ত গ্রহণ করুন।

    ২) কারও কাছে শোনা কথায় বিশ্বাস করবেন না।

    ৩) বন্ধুদের সঙ্গে সতর্কভাবে কথা বলুন।

    তুলা

    ১) আজকের দিনটি অনুকূল থাকবে।

    ২) সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে।

    ৩) চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে।

    বৃশ্চিক

    ১) জাতকদের উন্নতি হবে আজ।

    ২) পরিজনদের পরামর্শ উপযোগী প্রমাণিত হবে।

    ৩) ব্যবসায়ীদের সঙ্গে মেলামেশা করতে সফল হবেন।

    ধনু

    ১) আজকের দিনটি আনন্দে পরিপূর্ণ থাকবে।

    ২) নতুন যোগাযোগের দ্বারা লাভান্বিত হবেন।

    ৩) পারিবারিক সম্পর্ক মজবুত হবে।

    মকর

    ১) সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ শেষ করুন।

    ২) ধর্মীয় কাজে রুচি বাড়বে।

    ৩) তাড়াহুড়োয় কোনও কাজ করবেন না।

    কুম্ভ

    ১) আজকের দিনটি ভালো।

    ২) বড় অভিজ্ঞতা অর্জনের ফলে মনে আনন্দ থাকবে।

    ৩) আয়ের নতুন উৎস পাবেন।

    মীন

    ১) আজ ইতিবাচক পরিণাম লাভ করবেন।

    ২) ব্যবসায়ে মন্দার কারণে লাভ কমবে।

    ৩) পৈতৃক সম্পত্তি সংক্রান্ত মামলা চললে তাতে জয় লাভ করতে পারেন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

     
LinkedIn
Share