Tag: news in bengali

news in bengali

  • Turkish Parliament: ভারত-পাকিস্তান যুদ্ধ হলে সেনা পাঠাতে হবে আঙ্কারাকে? সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি ঘিরে উত্তাল তুরস্কের সংসদ

    Turkish Parliament: ভারত-পাকিস্তান যুদ্ধ হলে সেনা পাঠাতে হবে আঙ্কারাকে? সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি ঘিরে উত্তাল তুরস্কের সংসদ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে ভবিষ্যতে কোনও যুদ্ধ বাঁধলে তাতে তুরস্কের সেনাবাহিনীকে অংশ নিতে হতে পারে কি না, তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা চুক্তিতে (Turkish Parliament) সংসদের অনুমোদন ঘিরেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। তুরস্কের বিরোধী সাংসদদের আশঙ্কা, এই চুক্তির ফলে ভবিষ্যতে পাকিস্তানের হয়ে যুদ্ধে জড়িয়ে পড়ার জন্য আঙ্কারার উপর চাপ তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে দেশের তরুণদের অন্য দেশের ভূরাজনৈতিক স্বার্থ রক্ষার লড়াইয়ে বলি না করার জন্য প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সতর্ক করেছেন (Pakistan) বিরোধী নেতারা।

    যৌথ প্রতিরক্ষা চুক্তি (Turkish Parliament)

    গত ৭ অগাস্ট সৌদি আরবের মক্কায় তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ১৬টি ধারাসংবলিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। গত ৫ নভেম্বর তুরস্কের সংসদে এই চুক্তির অনুমোদনের পক্ষে ভোট পড়ে ২৭৯টি, বিপক্ষে ১১৯টি। মোট ৫৯২ সদস্যের সংসদে ভোটদানে অংশ নেন ৩৯৮ জন সাংসদ। প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বাধীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি এবং তাদের সহযোগী ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি এই চুক্তিকে সমর্থন করে। তবে বিরোধী সাংসদদের একাংশের প্রশ্ন, পাকিস্তান ভবিষ্যতে ভারতের সঙ্গে কোনও সংঘাতে জড়িয়ে পড়লে এই চুক্তির শর্ত অনুযায়ী তুরস্কের কী ধরনের দায়িত্ব তৈরি হবে?

    কুর্দিপন্থী পিপলস ইকুয়ালিটি অ্যান্ড ডেমোক্রেসি পার্টির নেতা গুলিস্তান কিলিচ কোচাইগিত সংসদে চুক্তির অনুমোদনের বিরোধিতা করেন। তাঁর বক্তব্য, অন্য দেশের ভূরাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য তুরস্কের তরুণদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া উচিত নয়।

    চুক্তির শর্ত নিয়ে আপত্তি জানিয়েছেন কোকায়েলির সাংসদ লুৎফু তুর্ককানও। তাঁর আশঙ্কা, এই প্রতিরক্ষা চুক্তি তুরস্কের জাতীয় নিরাপত্তা, বিদেশনীতি এবং সামরিক দায়িত্বের উপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভবিষ্যতে ভারত-পাকিস্তান সংঘাত তৈরি হলে পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য তুরস্কের উপর কূটনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি হতে পারে।

    ভারত-পাকিস্তান যুদ্ধে জড়ানোর আশঙ্কা বিরোধীদের

    চুক্তির পারস্পরিক সহায়তার শর্ত নিয়েই বিরোধীদের মূল উদ্বেগ। ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান আক্রান্ত হলে তুরস্ককে কী ধরনের সহায়তা দিতে হবে, তা নিয়ে সংসদে প্রশ্ন তোলেন বিরোধী সাংসদরা।

    তুর্ককানের প্রশ্ন, আগামী দশ বছরে আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেতে পারে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, বিভিন্ন দেশের সরকার ও জোটের পরিবর্তন এবং পাকিস্তান-ভারত সম্পর্কের ওঠানামার মতো বিষয়গুলি বিবেচনা না করে তুরস্ক কেন দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ হবে?

    চুক্তির আরও একটি শর্ত নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি। ওই শর্ত অনুযায়ী, চুক্তি কার্যকর হওয়ার পর প্রথম ১০ বছর কোনও সদস্য দেশ চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবে না। তুর্ককানের মতে, ভবিষ্যতে পরিস্থিতি বদলে গেলে এমন চুক্তি তুরস্কের জাতীয় স্বার্থের পরিপন্থী হয়ে উঠতে পারে। অথচ সেই পরিস্থিতিতেও দেশকে পূর্ববর্তী প্রতিশ্রুতি মেনে চলতে বাধ্য হতে হবে।

    তবে চুক্তিতে ভারতকে সরাসরি কোনও শত্রুরাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়নি। একইভাবে ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হলেই তুরস্ককে স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধে যোগ দিতে হবে, এমন কোনও বাধ্যবাধকতার কথাও স্পষ্টভাবে বলা নেই। বিরোধীদের আশঙ্কা, যৌথ প্রতিরক্ষার বিস্তৃত শর্তের কারণে সশস্ত্র সংঘাতের পরিস্থিতিতে পাকিস্তানকে সামরিক সহায়তা দেওয়ার জন্য তুরস্কের উপর চাপ তৈরি হতে পারে।

    চুক্তিতে কী কী শর্ত রয়েছে?

    চুক্তির প্রথম ধারায় বলা হয়েছে, সদস্য দেশগুলির কোনও একটির ভৌগোলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের উপর হুমকি তৈরি হলে তা মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে অন্য (Turkish Parliament) সদস্য দেশগুলি।

    দ্বিতীয় ধারায় আরও স্পষ্ট করে বলা হয়েছে, কোনও সদস্য দেশ অন্য কোনও দেশ বা দেশগুলির গোষ্ঠীর সশস্ত্র আক্রমণ কিংবা সামরিক আগ্রাসনের শিকার হলে বাকি সদস্য দেশগুলিকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্রুত সহায়তা করতে হবে।

    এ ছাড়াও চুক্তিতে একাধিক ক্ষেত্রে সহযোগিতার কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে— গোয়েন্দা তথ্যের আদানপ্রদান, সামরিক প্রশিক্ষণ ও যৌথ মহড়া, সামরিক রসদ ও সরবরাহ ব্যবস্থায় সহযোগিতা, প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন ও আদানপ্রদান এবং প্রতিরক্ষা শিল্পে যৌথ সহযোগিতা।

    তবে কোনও পরিস্থিতিতে কী ধরনের সহায়তা দেওয়া হবে, তা সংশ্লিষ্ট দেশগুলির মধ্যে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। এক্ষেত্রে প্রতিটি দেশের নিজস্ব সম্পদ, সামরিক সক্ষমতা এবং সামর্থ্য বিবেচনায় রাখা হবে।

    অর্থাৎ, এই চুক্তির লক্ষ্য শুধু যুদ্ধকালীন পারস্পরিক সহায়তা নয়। বরং তিন দেশের মধ্যে নিয়মিত সামরিক যোগাযোগ, সমন্বয় এবং সহযোগিতার পরিসর আরও বাড়ানো। কোনও সম্ভাব্য হুমকি সরাসরি সশস্ত্র সংঘাতে পরিণত হওয়ার আগেই যাতে তিন দেশ নিজেদের মধ্যে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে, সেই ব্যবস্থাও তৈরি করা হয়েছে।

    সংসদের অনুমোদন ছাড়া কি তুরস্ক সেনা পাঠাতে পারবে?

    চুক্তি অনুমোদিত হলেও এর অর্থ এই নয় যে, অন্য কোনও সদস্য দেশ যুদ্ধে জড়ালেই তুরস্ক সরকার নিজের সিদ্ধান্তে সেনাবাহিনী পাঠাতে পারবে।

    তুরস্কের সংবিধানের ৯২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সাধারণভাবে দেশের সশস্ত্র বাহিনীকে বিদেশে মোতায়েন করার জন্য সংসদের অনুমোদন প্রয়োজন। ফলে পাকিস্তানের সমর্থনে তুরস্ক সেনা পাঠাতে চাইলে সরকারকে সংসদে পৃথক প্রস্তাব পেশ করতে হবে এবং প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে।

    তুরস্কের সরকারি মহলের বক্তব্য, দেশ কখন যুদ্ধে অংশ নেবে, সেই সিদ্ধান্ত অন্য কোনও রাষ্ট্র নিতে পারে না। সংসদের অনুমোদনের বাধ্যবাধকতা সেনা মোতায়েনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সুরক্ষা হিসেবে কাজ করবে। ফলে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার অর্থ স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধে যোগ দেওয়া নয়।

    তবে বিরোধীদের যুক্তি, সরাসরি সেনা পাঠানোর বাধ্যবাধকতা না থাকলেও পারস্পরিক সহযোগিতার প্রতিশ্রুতির কারণে আন্তর্জাতিক সংকটের সময়ে আঙ্কারার উপর কূটনৈতিক ও রাজনৈতিক চাপ তৈরি হতে (Turkish Parliament) পারে।

    চুক্তি থেকে বেরিয়ে আসার সুযোগ নেই!

    চুক্তির মেয়াদ ও তা থেকে বেরিয়ে আসার শর্ত নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। নিয়ম অনুযায়ী, চুক্তি কার্যকর হওয়ার পর প্রথম ১০ বছর কোনও সদস্য দেশ একতরফাভাবে তা থেকে বেরিয়ে আসতে পারবে না।

    প্রথম ১০ বছরের মেয়াদ শেষ হওয়ার পর কোনও দেশ চুক্তি থেকে সরে আসতে চাইলে বাকি দুই সদস্য দেশকে কূটনৈতিক মাধ্যমে লিখিতভাবে জানাতে হবে। অন্তত তিন মাস আগে এই বিজ্ঞপ্তি দিতে হবে।

    তুর্ককানের প্রশ্ন, আগামী দিনে আন্তর্জাতিক সম্পর্ক, সামরিক জোট কিংবা জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার বদলে গেলে তুরস্কের হাতে কতটা স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে? বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে এই চুক্তি আঙ্কারাকে কঠিন কূটনৈতিক ও সামরিক সিদ্ধান্তের মুখে দাঁড় করাতে পারে বলেই তাঁর আশঙ্কা।

    সব মিলিয়ে, পাকিস্তান (Pakistan) ও সৌদি আরবের সঙ্গে তুরস্কের এই প্রতিরক্ষা চুক্তি পশ্চিম এশিয়া ও দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। যদিও চুক্তিতে ভারতকে প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করা হয়নি এবং তুরস্কের সেনা মোতায়েনের জন্য সংসদীয় অনুমোদন বাধ্যতামূলক, তবুও ভবিষ্যতে ভারত-পাকিস্তান সংঘাতের (Turkish Parliament) প্রেক্ষাপটে এই চুক্তির প্রভাব কী হতে পারে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

     

  • Mohammed Shami: সাদা জার্সিকে বিদায়, টেস্ট ক্রিকেট থেকে অবসর মহম্মদ শামির

    Mohammed Shami: সাদা জার্সিকে বিদায়, টেস্ট ক্রিকেট থেকে অবসর মহম্মদ শামির

    মাধ্যম নিউজ ডেস্ক: টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মহম্মদ শামি (Mohammed Shami)। শুক্রবার রাতে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন ভারতের এই জোরে বোলার। দীপাবলির আগে ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে শামি লিখেছেন, “আমি সাদা জার্সি থেকে বিদায় নিচ্ছি। কিন্তু এর সঙ্গে জড়িত স্মৃতিগুলো রয়ে যাবে। যখন আমি প্রথম ভারতের টেস্ট জার্সি পরেছিলাম, তখন আমার একটাই স্বপ্ন ছিল— দেশের জন্য কিছু করা। তারপর থেকে প্রতিটা উইকেট, প্রতিটা লড়াই, প্রতিটা চোট এবং প্রতিটা প্রত্যাবর্তন আমাকে কিছু না কিছু শিখিয়েছে।” নিজের পোস্টে শামি লিখেছেন, “আমি সাদা জার্সিকে বিদায় জানাচ্ছি, কিন্তু তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলিকে কখনও নয়।”

    অবসরের সিদ্ধান্ত সহজ ছিল না

    অবসরের সিদ্ধান্ত যে সহজ ছিল না, তা-ও স্পষ্ট হয়েছে শামির (Shami Retirement) বার্তায়। লিখেছেন, “আজ ভারাক্রান্ত হৃদয়ে এবং অসংখ্য সুন্দর স্মৃতি সঙ্গে নিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি।” এই দীর্ঘ যাত্রায় যাঁরা পাশে থেকেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতীয় পেসার। ভালো সময়ের পাশাপাশি কঠিন সময়েও যাঁরা তাঁর উপর আস্থা রেখেছেন, সেই ক্রিকেটপ্রেমীদেরও ধন্যবাদ জানিয়েছেন। ৩৬ বছর বয়সী এই পেসার ২০২৩ সালে শেষ টেস্ট খেলেছিলেন। সেটি ছিল সে বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল। ২০১৩ সালে ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল শামির। প্রথম টেস্টেই ৯টি উইকেট নিয়েছিলেন। মোট ছ’বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। ২০১৮ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৬ রানে ৬ উইকেট তাঁর সেরা বোলিং। ভারতের হয়ে ৬৪টি টেস্টে ২২৯টি উইকেট রয়েছে শামির।

    বিসিসিআই ও সিএবি-কে ধন্যবাদ

    ভারতীয় ক্রিকেট বোর্ড এবং এই রাজ্যের ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি-কে ধন্যবাদ জানিয়ে শামি লেখেন, “আমার উপর বিশ্বাস রাখা, আমাকে বেড়ে ওঠার সুযোগ দেওয়া এবং আমার ক্রিকেট যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য বিসিসিআই এবং সিএবি-কে আন্তরিক ধন্যবাদ। আপনাদের সমর্থন এবং বিশ্বাস সব সময় আমার হৃদয়ে বিশেষ হয়ে থাকবে।” বাংলার এই অভিজ্ঞ ক্রিকেটার তাঁর রাজ্যের হয়ে রঞ্জি ট্রফিতে কঠোর পরিশ্রম করছিলেন। যদিও জানা যাচ্ছে, শামি তাঁর ঘনিষ্ঠ মহলে দেড় বছর আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি পাঁচ দিনের ক্রিকেটের ধকল আর নিতে পারছেন না। নির্বাচকেরাও জানিয়ে দিয়েছিলেন, তাঁকে আর টেস্ট ক্রিকেটের জন‍্য বিবেচনা করা হচ্ছে না। চলতি রঞ্জি ট্রফিতে শামি তিন ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন। এর আগে দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে তিন ম্যাচে সাতটি উইকেট নিয়েছিলেন। শামি আধুনিক যুগের ভারতের অন্যতম সেরা এবং সফল ফাস্ট বোলার। নিখুঁত, সোজা সিম পজিশনে বলের পর বল করে গিয়েছেন শামি। যে কোনও পিচ থেকে মুভমেন্ট আদায় করার ক্ষমতা ছিল তাঁর। প্রায় এক দশক ধরে ভারতের পেস আক্রমণের মূল স্তম্ভ ছিলেন।

     

     

     

     

     

  • Amit Shah Attacks Rahul: ‘সত্যি আলোচনা চান, মোদিকে চিঠি লিখুন’, রাহুলকে পাল্টা বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

    Amit Shah Attacks Rahul: ‘সত্যি আলোচনা চান, মোদিকে চিঠি লিখুন’, রাহুলকে পাল্টা বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: এসআইআর (SIR) নিয়ে সংসদে আলোচনার জন্য বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে (Amit Shah Attacks Rahul) সরাসরি চ্যালেঞ্জ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ইস্যুতে আলোচনার জন্য কেন্দ্র সরকার সংসদের বিশেষ অধিবেশন ডাকতেও প্রস্তুত বলে জানিয়ে দিলেন তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) হরিয়ানার কর্নালে বিজেপির ‘লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচির জনসভা থেকে এই বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    এসআইআর প্রক্রিয়া নিয়ে অযৌক্তিক জটিলতা

    সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জ জানিয়েছিলেন রাহুল গান্ধী। সেই প্রসঙ্গ টেনেই অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রীকে বিতর্কের চ্যালেঞ্জ জানাচ্ছেন রাহুল। সত্যিই যদি আলোচনা করতে চান, তা হলে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে চিঠি লিখুন। সংসদের বিশেষ অধিবেশন ডেকে আলোচনার ব্যবস্থা করতে কেন্দ্র প্রস্তুত। এসআইআর প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক চাপানউতোর চলছে। ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও জবাবদিহির দাবি জানিয়েছে তারা। এই পরিস্থিতিতে সংসদে আলোচনার প্রস্তাব দিয়ে বিরোধীদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শাহ।

    সংসদ অচল করার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

    এদিনের সভা থেকে কংগ্রেস ও রাহুল গান্ধীকে নিশানা করতেও ছাড়েননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, সংসদে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার পরিবর্তে বারবার অধিবেশনের কাজে বাধা তৈরি করছে কংগ্রেস। সংসদ অচল করে দেওয়াই তাদের রাজনৈতিক অভ্যাসে পরিণত হয়েছে। অমিত শাহ বলেন, “দেশের মানুষ পরপর তৃতীয়বার নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। কিন্তু রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের পরাজয়ের ধারা অব্যাহত রয়েছে।” কেন বিজেপি এই কর্মসূচি করছে, তার ব্যাখ্যা দিতে গিয়েই কংগ্রেসের বিরুদ্ধে সংসদের কাজকর্মে বিঘ্ন ঘটানোর অভিযোগ তোলেন তিনি।

    ভিয়েতনাম সফর নিয়ে রাহুলকে প্রশ্ন শাহের

    শুধু সংসদ বা এসআইআর নয়, রাহুল গান্ধীর সাম্প্রতিক বিদেশ সফর নিয়েও প্রশ্ন তুলেছেন অমিত শাহ। বিশেষ করে ভিয়েতনাম সফরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাহুল গান্ধী সম্প্রতি ভিয়েতনাম থেকে ফিরেছেন। তাঁর বিদেশ সফর সম্পর্কে সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে। শাহের কথায়, বিরোধী দলনেতার মতো সাংবিধানিক পদে থাকা ব্যক্তির জনসাধারণের কাছে জবাবদিহি করা উচিত। জনজীবনে কোনও দায়িত্বপূর্ণ পদে থাকলে নিজের আচরণ ও কর্মকাণ্ড সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

    রাহুলের চ্যালেঞ্জের জবাব

    সম্প্রতি সমাজমাধ্যম এক্স-এ একটি পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, বিদেশি সাহায্যের উপর নির্ভর করেই প্রধানমন্ত্রী পদে এসেছেন মোদি। এমনকী, প্রধানমন্ত্রীর আর্থিক ব্যবস্থাও বিদেশিদের নিয়ন্ত্রণ ও সমর্থনে চলছে বলে দাবি করেন তিনি। বিদেশি সমাজমাধ্যমও মোদিকে সমর্থন করছে বলে অভিযোগ তোলেন কংগ্রেস নেতা। এর পরেই প্রধানমন্ত্রীকে প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জ জানান রাহুল। তাঁর বক্তব্য, যে কোনও জায়গায়, যে কোনও সময়ে এই বিতর্ক হতে পারে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, সাহস থাকলে আলোচনায় আসুন। তাঁর দাবি, তাঁর জানা বিভিন্ন তথ্য সামনে আসার ভয়েই প্রধানমন্ত্রী এই বিতর্ক এড়িয়ে যাবেন। রাহুলের সেই চ্যালেঞ্জের জবাবে এবার সংসদে বিশেষ অধিবেশন ডেকে আলোচনার প্রস্তাব দিলেন অমিত শাহ। ফলে এসআইআর ইস্যুতে বিজেপি ও কংগ্রেসের রাজনৈতিক সংঘাত এবার সংসদের বিশেষ অধিবেশন ঘিরে নতুন মাত্রা পেল।

  • US Midterm Election: মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, ভারতের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তিতে আগ্রহী হতে পারেন ট্রাম্প, মত বিশেষজ্ঞদের

    US Midterm Election: মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, ভারতের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তিতে আগ্রহী হতে পারেন ট্রাম্প, মত বিশেষজ্ঞদের

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন মধ্যবর্তী নির্বাচনে (US Midterm Election) রিপাবলিকান পার্টির পরাজয়ের প্রভাব পড়তে পারে ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্কে। নির্বাচনী ধাক্কার পর ভারতের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে উদ্যোগী হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই মনে করছেন বাণিজ্য বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে, রাশিয়া, চিন ও ইরানের ক্ষেত্রে বিদেশনীতি সংক্রান্ত চাপ সৃষ্টির কৌশল প্রত্যাশিত ফল না দেওয়ায় আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের প্রভাব প্রমাণ করতে চাইবেন ট্রাম্প। সেই লক্ষ্যেই ভারতের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি তাঁর কাছে তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।

    আমেরিকার বাণিজ্যনীতির মূল অভিমুখে পরিবর্তন

    মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে বড় ধাক্কা দিয়েছে মার্কিন ভোটাররা। কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যাওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রদেশের গভর্নর পদেও জয় পেয়েছে বিরোধী দল। টেক্সাস, জর্জিয়া ও আইওয়ার মতো রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতেও পরাজয়ের মুখে পড়েছে ট্রাম্পের দল। অর্থনৈতিক গবেষণা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (GTRI)-এর প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তবের মতে, নির্বাচনের ফলাফল আমেরিকার বাণিজ্যনীতির মূল অভিমুখে বড় পরিবর্তন আনবে না। কারণ, ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলই অর্থনৈতিক জাতীয়তাবাদ, দেশীয় উৎপাদন এবং শক্তিশালী সরবরাহ ব্যবস্থার পক্ষে। তাঁর কথায়, রাশিয়া, চিন ও ইরানের ক্ষেত্রে বিদেশনীতি সংক্রান্ত প্রভাব খাটানোর প্রচেষ্টা প্রত্যাশিত ফল না দেওয়ায় ট্রাম্পের এখন দ্রুত সাফল্য প্রয়োজন। সেই কারণে ভারতের উপর বাণিজ্য চুক্তি সম্পন্ন করার চাপ বাড়তে পারে। আমেরিকার কৃষি ও শিল্পজাত পণ্যের জন্য ভারতীয় বাজারে আরও বেশি প্রবেশাধিকার এবং মার্কিন সংস্থাগুলির জন্য একাধিক ছাড় আদায়ের লক্ষ্যে প্রেসিডেন্ট তাঁর প্রশাসনিক ক্ষমতাও ব্যবহার করতে পারেন বলে মনে করছেন তিনি।

    ভারতীয় পণ্য ও পরিষেবার জন্য আমেরিকার বাজার

    অন্যদিকে, ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস (FIEO)-এর সভাপতি এস সি রালহানের বক্তব্য, ভারতীয় পণ্য ও পরিষেবার জন্য আমেরিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। আগামী কয়েক মাসে মার্কিন শুল্কনীতি এবং বাজারে প্রবেশাধিকারের বিষয়টি কীভাবে নির্ধারিত হয়, সেটাই ভারতীয় রফতানিকারীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলির (MSME) জন্য স্থিতিশীল বাণিজ্যিক পরিবেশ প্রয়োজন। তবেই তারা নির্ভরযোগ্যভাবে পণ্যের দাম নির্ধারণ এবং আগাম রফতানির পরিকল্পনা করতে পারবে। জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের চেয়ারম্যান কিরিত ভানসালিও মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফলকে সে দেশের রাজনৈতিক পরিস্থিতির গুরুত্বপূর্ণ ঘটনা বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, হিরে ও গয়না রফতানির ক্ষেত্রে আমেরিকা ভারতের অন্যতম প্রধান বাজার। তাই দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে ধারাবাহিক আলোচনা প্রয়োজন।

    ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত

    ভানসালির আশা, মার্কিন কংগ্রেসের গঠন পরিবর্তনের ফলে বাণিজ্যনীতি নিয়ে আলোচনা ও আইন প্রণয়নের ক্ষেত্রে কিছু প্রভাব পড়লেও প্রস্তাবিত ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (BTA) নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। তাঁর বক্তব্য, এর আগে যে শুল্কগুলি আরোপ করা হয়েছিল, সেগুলি কংগ্রেসের মাধ্যমে আইন করে নয়, বরং প্রেসিডেন্টের প্রশাসনিক সিদ্ধান্তে কার্যকর হয়েছিল। তিনি আরও জানান, ভারতীয় রফতানিকারীরা দ্রুত এই চুক্তি চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন। চুক্তি সম্পন্ন হলে ব্যবসায়িক ক্ষেত্রে অনিশ্চয়তা কমবে, দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়বে এবং দুই দেশের রত্ন ও গয়না শিল্পের দীর্ঘমেয়াদি স্বার্থ সুরক্ষিত হবে। উল্লেখ্য, ভারত ও আমেরিকা ইতিমধ্যেই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের জন্য একটি কাঠামো চূড়ান্ত করেছে। তবে আমেরিকার পরিবর্তিত শুল্ক পরিস্থিতির কারণে চুক্তি নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। প্রতিযোগী দেশগুলির তুলনায় ভারতীয় পণ্যের উপর কম শুল্ক আরোপের দাবি জানাচ্ছে নয়াদিল্লি। ফলে নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনের অবস্থান এবং ভারত-আমেরিকা বাণিজ্য আলোচনার গতিপ্রকৃতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক বাণিজ্য মহলের।

  • Nithya Raman: লস অ্যাঞ্জেলেসের মেয়র পদে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত নিত্যা রমন

    Nithya Raman: লস অ্যাঞ্জেলেসের মেয়র পদে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত নিত্যা রমন

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকার রাজনীতিতে নতুন ইতিহাস তৈরি করলেন ভারতীয় বংশোদ্ভূত নিত্যা রমন (Nithya Raman)। লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনে জয়ী হয়ে শহরের প্রথম ভারতীয়-আমেরিকান এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হওয়ার নজির গড়লেন কেরলে জন্ম নেওয়া এই রাজনীতিক। তাঁর কাছে পরাজয় স্বীকার করে নিয়েছেন বিদায়ী মেয়র ক্যারেন বাস। পাশাপাশি নতুন মেয়রের (Los Angeles Mayor) হাতে দায়িত্বভার তুলে দেওয়ার ক্ষেত্রে মসৃণ ক্ষমতা হস্তান্তরের আশ্বাসও দিয়েছেন তিনি।

    রাজনৈতিক জীবনে উত্থান

    লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিলের সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন নিত্যা (Nithya Raman)। ২০২০ সালে প্রথমবার কাউন্সিলের নির্বাচনে জয়ী হন তিনি। ২০২৪ সালে ফের নির্বাচিত হন। এবার সরাসরি মেয়র পদে জয়ী হয়ে আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহরের প্রশাসনিক দায়িত্ব পেতে চলেছেন তিনি। বৃহস্পতিবার সমাজমাধ্যম এক্স-এ নিজের প্রতিক্রিয়া জানিয়ে নিত্যা লেখেন, “লস অ্যাঞ্জেলেস, (Los Angeles Mayor) আপনাদের পরবর্তী মেয়র হতে পেরে আমি গভীরভাবে সম্মানিত।”

    কত ভোটের ব্যবধানে জয়ী

    লস অ্যাঞ্জেলেস কাউন্টির সর্বশেষ নির্বাচনী পরিসংখ্যান অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৪টে ৩৪ মিনিট পর্যন্ত গণনা হওয়া ভোটের মধ্যে নিত্যা পেয়েছেন ৪ লক্ষ ৬০ হাজার ৭৭২টি ভোট। যা মোট গণনা হওয়া ভোটের ৫২.৭০ শতাংশ। অন্যদিকে, ক্যারেন বাস পেয়েছেন ৪ লক্ষ ১৩ হাজার ৫১৯টি ভোট, অর্থাৎ ৪৭.৩০ শতাংশ। ফলে ৪৭ হাজার ২৫৩ ভোটে এগিয়ে রয়েছেন নিত্যা। এর আগে দিনের প্রথম দিকে তাঁর ব্যবধান ছিল ৩৪ হাজার ৬৫৪ ভোট। যদিও মঙ্গলবারের নির্বাচনে পড়া সমস্ত ব্যালটের গণনা এখনও শেষ হয়নি। তাই এই পরিসংখ্যান আপাতত অস্থায়ী।

    পরাজয় স্বীকার করে নেন ক্যারেন বাস

    নিত্যার সঙ্গে কথা বলার পরেই পরাজয় স্বীকার করে নেন ক্যারেন বাস। এক্স-এ তিনি লেখেন, কাউন্সিল সদস্য নিত্যা রমনকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন তিনি। পাশাপাশি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন। বিদায়ী মেয়র তাঁর সমর্থকদের ধন্যবাদ জানান এবং শহরের মানুষের জন্য কাজ চালিয়ে যাওয়ার কথাও জানান। অন্যদিকে, নিত্যাও ক্যারেন বাসের সঙ্গে কথা বলে তাঁর নেতৃত্ব ও দীর্ঘদিনের জনসেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

    কেরলে জন্ম নিত্যা রমনের

    নিত্যার নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান বিষয় ছিল লস অ্যাঞ্জেলেসের আবাসন সমস্যা, গৃহহীন মানুষের দুর্দশা এবং নাগরিক পরিষেবার উন্নয়ন। সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানে রাস্তার আলো রক্ষণাবেক্ষণ, রাস্তার গর্ত মেরামত এবং পুলিশি ব্যবস্থায় সংস্কারের মতো বিষয়েও গুরুত্ব দিয়েছিলেন তিনি। কেরলে জন্ম নিত্যা রমনের। মাত্র ছয় বছর বয়সে পরিবারের সঙ্গে আমেরিকায় পাড়ি দেন তিনি। পড়াশোনা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। পরবর্তীতে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) থেকে নগর পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে তিনি লস অ্যাঞ্জেলেসে চলে আসেন।

    প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রতিনিধি

    রাজনীতিতে আসার আগে গৃহহীন মানুষের সমস্যা নিয়ে কাজ করেছেন নিত্যা। পাশাপাশি গৃহহীনদের সহায়তায় কাজ করা ‘সেলাহ নেবারহুড হোমলেস কোয়ালিশন’ নামে একটি সংগঠনের সহ-প্রতিষ্ঠাতাও তিনি। ২০২০ সালে লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিলে নির্বাচিত হয়ে প্রথম এশীয়-আমেরিকান মহিলা এবং প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রতিনিধি হওয়ার নজির গড়েছিলেন নিত্যা। চার বছর পর পুনর্নির্বাচিত হওয়ার পরে এবার মেয়র পদে জয়। কেরল থেকে আমেরিকা, আর সেখান থেকে লস অ্যাঞ্জেলেসের প্রশাসনের শীর্ষ পদ—নিত্যা রমনের রাজনৈতিক যাত্রায় যুক্ত হল এক নতুন অধ্যায়।

    ভারতীয় বংশোদ্ভূত নেতাদের জয়জয়কার

    নিত্যা রমনের জয়ের ফলে আমেরিকার দুটি বৃহত্তম শহরের শাসনভার এখন ভারতীয় বংশোদ্ভূত নেতাদের হাতে। অন্য শহরটি হল নিউইয়র্ক। গত বছর নিউইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হয়েছিলেন জোহরান মামদানি। তাঁর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকানদের প্রবল প্রচার সত্ত্বেও নির্বাচনে জয় ছিনিয়ে নেন তিনি। আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকানদের কাছে হতাশাজনক হলেও ভারতীয়দের পক্ষে অন্য ভাবে বেশ তাৎপর্যপূর্ণ। নিত্যা এবং মামদানি দু’জনেই ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার প্রার্থী। মার্কিন কংগ্রেসের দুই কক্ষ, সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভস হাতছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের। তাৎপর্যপূর্ণভাবে এই নির্বাচনে নজর কেড়েছেন ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিকরা। কেউ চিকিৎসক, কেউ আইনজীবী, কেউ বা আবার প্রশাসনিক কর্তা। আমেরিকার মাটিতে জন্ম কিংবা বেড়ে ওঠা হলেও তাঁদের শিকড় জড়িয়ে রয়েছে ভারতে। সেই তালিকাতেই নতুন নাম নিত‌্যার।

    নির্বাচনে বাজিমাত অরুণার

    শুধু নিত্যাই নয়, মার্কিন মুলুকে নির্বাচনে বাজিমাত করা ভারতীয় বংশোদ্ভূত মহিলাদের মধ্যে রয়েছেন অরুণা মিলারও। ১৯৬৪ সালের ৬ নভেম্বর তিনি হায়দরাবাদে জন্মগ্রহণ করেন। মাত্র ৭ বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে চলে আসেন আমেরিকায়। মিসৌরি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা। ১৯৮৯ সালে অরুণা স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর দীর্ঘদিন তিনি সরকারি চাকরি করেন। পরবর্তীকালে রাজনীতিতে যোগ দেন অরুণা। ২০১০ সালে মেরিল্যান্ড হাউস অফ ডেলিগেটসে দায়িত্ব পান তিনি। ২০২২ সালে প্রথমবার অরুণা মেরিল্যান্ডের লেফটেন্যান্ট গভর্নর হন (ডেমোক্র্যাটি শিবির)। এই নির্বাচনে ফের জয় পেলেন তিনি।

    নতুন মুখ ছিলেন পিয়া ডান্ডিয়া

    এছাড়াও আমেরিকার এবারের মধ্যবর্তী নির্বাচনে নতুন মুখ ছিলেন পিয়া ডান্ডিয়া। ফ্লোরিডার ২২ নম্বর কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসাবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে নির্বাচিত হয়েছেন। প্রায় ৫১.৯ শতাংশ ভোট পেয়েছেন তিনি। এই জয়ের ফলে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসাবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে নির্বাচিত হয়েছেন পেশায় শিক্ষাবিদ পিয়া। এই ডেমোক্র্যাট নেত্রীর জন্ম ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে। তিনি তাঁর কর্মজীবন শুরু করেছিলেন শিক্ষক হিসাবে। পরে নিউ ইয়র্কের হারলেমে একটি হাইস্কুলের অধ্যক্ষ হন পিয়া।

  • Bharosa Scheme: বেকার যুবক-যুবতীদের জন্য ‘ভরসা’ শুভেন্দুর! জানুয়ারিতেই মিলবে মাসিক ৩ হাজার টাকা

    Bharosa Scheme: বেকার যুবক-যুবতীদের জন্য ‘ভরসা’ শুভেন্দুর! জানুয়ারিতেই মিলবে মাসিক ৩ হাজার টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডারের ধাঁচে বেকারদের জন্য নতুন প্রকল্প চালুর আশ্বাস দিয়েছিল তারা। রাজ্যে পালাবদলের পর এবার সেই প্রতিশ্রুতি পূরণের পথে হাঁটল নতুন সরকার। বৃহস্পতিবার হুগলির পুরশুড়া থেকে বেকার যুবক-যুবতীদের জন্য নতুন প্রকল্পের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Bharosa Scheme)। প্রকল্পের নাম রাখা হয়েছে ‘ভরসা স্কিম’। একই সঙ্গে কবে থেকে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে, তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

    মাসিক আর্থিক সহায়তা

    ২০২৬ সালের রাজ্য বাজেটেই এই প্রকল্পের ঘোষণা করেছিল বিজেপি সরকার। সেই সময় জানানো হয়েছিল, ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য শিক্ষিত বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের আওতায় মাসিক আর্থিক সহায়তা পাবেন। গ্র্যাজুয়েট ও নন-গ্র্যাজুয়েটদের জন্য মাসে ৩,০০০ টাকা এবং অন্যান্য যোগ্য বেকারদের জন্য মাসে ২,০০০ টাকা ভাতা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল। তবে প্রকল্পটি কবে থেকে কার্যকর হবে, তা নিয়ে এতদিন ধোঁয়াশা ছিল।

    ‘ভরসা স্কিম’-এর অনুমোদন

    বৃহস্পতিবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী জানান, আগামী ২৩ তারিখ মন্ত্রিসভার বৈঠকে ‘ভরসা স্কিম’-এর (Bharosa Scheme) অনুমোদন দেওয়া হবে। এরপর জানুয়ারি মাস থেকেই উপভোক্তারা এই প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন। পুরশুড়ার সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, “আমার যুবক ভাইরা, গ্র্যাজুয়েট এবং নন-গ্র্যাজুয়েট, আপনাদের স্কিমের নাম দিচ্ছি আমরা ‘ভরসা স্কিম’। আগামী ২৩ তারিখ মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হবে। জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের সুবিধা মিলবে। যে সমস্ত বেকার যুবক-যুবতী অন্য কোনও প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁদের পাশে দাঁড়াবে সরকার। যতদিন না তাঁরা চাকরি পাচ্ছেন, ততদিন সরকার তাঁদের পাশে থাকবে।”

    সুবিধা চালুর সময়সীমা

    এর আগে তৃণমূল সরকারের আমলে বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে চালু হয়েছিল ‘যুবসাথী’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হত। রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন সরকারের আমলে সেই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে প্রথম রাজ্য বাজেটেই বেকারদের জন্য নতুন আর্থিক সহায়তা প্রকল্পের ঘোষণা করে বিজেপি সরকার। এবার সেই প্রকল্পের নাম, মন্ত্রিসভার অনুমোদনের সম্ভাব্য দিন এবং সুবিধা চালুর সময়সীমাও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ফলে নতুন বছরের শুরুতেই রাজ্যের যোগ্য বেকার যুবক-যুবতীদের হাতে আর্থিক সহায়তা পৌঁছনোর পথ খুলতে চলেছে।

  • Suvendu Adhikari on Singur: টাটা-ন্যানো স্মৃতি! সিঙ্গুরে নতুন শিল্পের সম্ভাবনা, অশোক লে-ল্যান্ডকে নিয়ে বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

    Suvendu Adhikari on Singur: টাটা-ন্যানো স্মৃতি! সিঙ্গুরে নতুন শিল্পের সম্ভাবনা, অশোক লে-ল্যান্ডকে নিয়ে বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় দু’দশক আগে সিঙ্গুর (Suvendu Adhikari on Singur) থেকে বিদায় নিয়েছিল গাড়ি কারখানা। টাটা মোটরসের ন্যানো প্রকল্প ঘিরে তৈরি হওয়া বিতর্ক, আন্দোলন এবং দীর্ঘ আইনি লড়াইয়ের পর শিল্পের স্বপ্ন কার্যত অধরাই থেকে গিয়েছে এই এলাকার মানুষের কাছে। এবার কি সেই সিঙ্গুরেই ফিরতে চলেছে গাড়ি শিল্প? নতুন করে আশার কথা শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণা করতে গিয়ে শিল্পায়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। শিল্পপতিদের আস্থা অর্জনের পাশাপাশি রাজ্যের জমি নীতি এবং সিঙ্গুরের শিল্প পরিকাঠামোকে নতুন করে কাজে লাগানোর বিষয়েও ইঙ্গিত দেন তিনি।

    সিঙ্গুর প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি

    সিঙ্গুর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “সিঙ্গুর নিয়ে অবশ্যই আমরা কোনও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করব। কিছু একটা করব। অশোক লে-ল্যান্ডের সঙ্গে আমার প্রাথমিক স্তরের কথা হয়েছে। তবে আগের সরকারের মতো দায়িত্বজ্ঞানহীনভাবে শুধু সমঝোতাপত্র (মউ) স্বাক্ষর করে দায় সারতে চাই না। তাই এখনই বিস্তারিত কিছু বলছি না।” শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাপস রায়ও সিঙ্গুরে টাটা মোটরসকে ফেরানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন। প্রয়োজনে নিজে টাটা কর্তৃপক্ষের কাছে যাওয়ার কথাও বলেছিলেন তিনি। তবে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর অশোক লে-ল্যান্ডের সঙ্গে প্রাথমিক আলোচনার কথা প্রকাশ্যে আসায় সিঙ্গুরে শিল্প ফেরানোর সম্ভাবনা নিয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এদিন শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, “সিঙ্গুরের গাড়ি কারখানার জমিতে শিল্প গড়ে উঠুক, এটাই সেখানকার মানুষের প্রত্যাশা। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে তাঁরা অবশ্যই খুশি হবেন। গাড়ি কারখানার জমিতে একই ধরনের শিল্প গড়ে তোলার লক্ষ্যেই সরকার উদ্যোগী হয়েছে।”

    শিল্পমহলের প্রতিক্রিয়া

    মুখ্যমন্ত্রীর সিঙ্গুর-ভাবনাকে স্বাগত জানিয়েছে শিল্পমহল। বণিকসভার সদস্য আরএ বাঙ্গুরের মতে, পশ্চিমবঙ্গের শিল্প ভাবমূর্তির সঙ্গে সিঙ্গুরের নাম ওতপ্রোতভাবে জড়িত। সেখানে নতুন করে শিল্প গড়ে উঠলে তা রাজ্যের অর্থনীতির পক্ষেও ইতিবাচক হবে। এমএসএমই-র প্রতিনিধি লক্ষ্মীকান্ত রাও বলেন, “মুখ্যমন্ত্রী সিঙ্গুরের পরিস্থিতি এবং সেখানকার মানুষের চাহিদা সম্পর্কে ভালোভাবেই অবগত। সেই জায়গা থেকে সিঙ্গুরে নতুন করে কিছু করার উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। সেখানে শেষ পর্যন্ত গাড়ি কারখানা গড়ে উঠলে একাধিক অনুসারী শিল্পেরও সম্ভাবনা তৈরি হবে। উপকৃত হবেন এলাকার সাধারণ মানুষ।”  বণিক সভার সদস্য আরএ বাঙ্গুর বলেন, “সিঙ্গুর রাজ্যের শিল্পের ভাবমূর্তির জন্য একটা গুরুত্বপূর্ণ নাম। সিঙ্গুরের মাটিতে শিল্প এলে আদতে রাজ্যেরই লাভ।”

    সিঙ্গুরে শিল্প প্রতিষ্ঠার স্বপ্ন

    সিঙ্গুরে শিল্প প্রতিষ্ঠার স্বপ্ন নতুন নয়। দীর্ঘ রাজনৈতিক আন্দোলন, জমি অধিগ্রহণ, আদালতের লড়াই এবং জমি ফেরতের পরেও আজ পর্যন্ত সেখানে বড় কোনও শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। একসময় শিল্পের জন্য জমি অধিগ্রহণ দেখেছে সিঙ্গুর। পরে সেই জমি ফেরত পাওয়ার আন্দোলনও প্রত্যক্ষ করেছে। কৃষিজমিতে আবার চাষের স্বপ্ন দেখা হলেও কৃষি ও শিল্প—কোনও ক্ষেত্রেই প্রত্যাশিত সাফল্য আসেনি।

    সিঙ্গুর ও টাটাদের অধরা ন্যানো প্রকল্প

    সিঙ্গুরকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক আন্দোলন পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। ২০০৬ সালের মে মাসে সপ্তমবারের জন্য ক্ষমতায় ফেরার পর বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার ঘোষণা করে, টাটা মোটরস পশ্চিমবঙ্গে এক লক্ষ টাকার ছোট গাড়ি ন্যানো তৈরির কারখানা গড়বে। হুগলির সিঙ্গুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে প্রায় ৯৯৭ একর জমি চিহ্নিত করা হয়।

    জমি অধিগ্রহণ ও অনিচ্ছুক কৃষকদের প্রতিবাদ: ২০০৬ সালের নভেম্বর মাসে ১৮৯৪ সালের জমি অধিগ্রহণ আইন অনুসারে জমি অধিগ্রহণ শুরু করে রাজ্য সরকার। অনেক কৃষক ক্ষতিপূরণ গ্রহণ করলেও একাংশ জমি দিতে অস্বীকার করেন। তাঁদের আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠে কৃষিজমি রক্ষা কমিটি।

    মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন ও অনশন: ওই বছরের ডিসেম্বর মাসে অনিচ্ছুক কৃষকদের পাশে দাঁড়িয়ে আন্দোলনে নামেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ধর্মতলায় টানা ২৬ দিনের অনশন রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

    কারখানা নির্মাণ ও রাজনৈতিক সংঘাত: কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে সিঙ্গুরে কারখানা নির্মাণের কাজ শুরু করে টাটা মোটরস। তৈরি হতে থাকে কারখানার শেড ও অন্যান্য পরিকাঠামো। কিন্তু জমির বাইরে আন্দোলন ও বিক্ষোভ অব্যাহত থাকে। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। ক্রমে সিঙ্গুরের আন্দোলন জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রে উঠে আসে।

    রাজভবনে বৈঠক, কিন্তু মেলেনি সমাধান: অনিচ্ছুক কৃষকদের প্রায় ৪০০ একর জমি ফেরতের দাবিতে তৃণমূল কংগ্রেসের আন্দোলন তীব্র হয়। কারখানা ঘেরাও এবং দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অবরোধের ঘটনাও ঘটে। তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধির মধ্যস্থতায় রাজভবনে ত্রিপাক্ষিক বৈঠক হলেও জমি ফেরত নিয়ে কোনও ঐকমত্য তৈরি হয়নি।

    সিঙ্গুর ছেড়ে গুজরাটে ন্যানো প্রকল্প: শেষ পর্যন্ত আন্দোলন, অচলাবস্থা এবং কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে ২০০৮ সালের ৩ অক্টোবর রতন টাটা সিঙ্গুর থেকে ন্যানো প্রকল্প সরিয়ে নেওয়ার ঘোষণা করেন। পরবর্তীতে গুজরাতের সানন্দে স্থানান্তরিত হয় প্রকল্পটি।

    রাজনৈতিক পালাবদল: ২০১১ সালের বিধানসভা নির্বাচনে সিঙ্গুর ও নন্দীগ্রামের জমি আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস।

    জমি ফেরানোর উদ্যোগ ও আইনি লড়াই: ক্ষমতায় এসেই সিঙ্গুরের জমি কৃষকদের ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয় নতুন সরকার। বিধানসভায় পাশ হয় সিঙ্গুর ল্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট, ২০১১। তবে টাটা মোটরস এই আইনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ আইনটি বহাল রাখলেও ২০১২ সালের জুন মাসে ডিভিশন বেঞ্চ তা অসাংবিধানিক ঘোষণা করে খারিজ করে দেয়। এরপর সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।

    সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়: ২০১৬ সালের ৩১ অগস্ট সুপ্রিম কোর্ট জানায়, ২০০৬ সালে জমি অধিগ্রহণের প্রক্রিয়া বেআইনি ছিল। আদালত প্রায় ৯৯৭ একর জমি কৃষকদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। ক্ষতিপূরণের টাকা যাঁরা নিয়েছিলেন, তাঁদেরও সেই অর্থ ফেরত দিতে হয়নি। ওই বছরের ২০ অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে জমির পরচা ও দখল হস্তান্তর করেন।

    জমি ফিরেছে, কিন্তু ফেরেনি শিল্প

    সুপ্রিম কোর্টের নির্দেশে জমি কৃষকদের হাতে ফিরলেও বাস্তবে পরিস্থিতি খুব একটা বদলায়নি। দীর্ঘদিন কারখানার নির্মাণকাজ, কংক্রিটের ভিত্তি এবং ভারী যন্ত্রপাতির কারণে জমির স্বাভাবিক উর্বরতা ক্ষতিগ্রস্ত হয়। প্রশাসনের তরফে জমিকে আবার চাষযোগ্য করে তোলার চেষ্টা হলেও সব জমিতে আগের মতো কৃষিকাজ সম্ভব হয়নি। অন্যদিকে টাটা মোটরস চলে যাওয়ার পর সিঙ্গুরে বড় কোনও বিকল্প শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ফলে একদিকে কৃষির সীমাবদ্ধতা, অন্যদিকে শিল্পের অভাব—এই দুইয়ের মধ্যে আটকে পড়েছেন এলাকার বহু মানুষ। যে যুবসমাজ একসময় কারখানায় চাকরির স্বপ্ন দেখেছিলেন, তাঁদের অনেকের কাছেই সেই প্রত্যাশা আজও অধরা। ফলে সিঙ্গুরে আবার শিল্প গড়ে তোলার দাবি ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

    স্বপ্ন দেখাচ্ছে মুখ্যমন্ত্রী সঙ্গে অশোক লে-ল্যান্ড-এর কথা

    ভারতের বাণিজ্যিক গাড়ি নির্মাণ শিল্পে পরিচিত নাম অশোক লে-ল্যান্ড। হিন্দুজা গোষ্ঠীর এই সংস্থার যাত্রা শুরু ১৯৪৮ সালে, অশোক মোটরস নামে। ১৯৫৫ সালে সংস্থার নাম পরিবর্তন করে রাখা হয় অশোক লে-ল্যান্ড। বর্তমানে বাস ও বাণিজ্যিক যানবাহন নির্মাণের ক্ষেত্রে দেশের অন্যতম বড় সংস্থা এটি। ফলে সিঙ্গুরে অশোক লে-ল্যান্ডের সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রাথমিক আলোচনা ঘিরে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। তবে আলোচনা কতটা এগোবে, সেখানে আদৌ গাড়ি কারখানা হবে কি না, কিংবা কত কর্মসংস্থান তৈরি হবে—সব প্রশ্নের উত্তর এখনও অজানা। সিঙ্গুরের মানুষ অতীতে শিল্পের স্বপ্ন দেখেছেন, আন্দোলন করেছেন, জমি ফিরে পেয়েছেন। এবার তাঁদের প্রত্যাশা, প্রতিশ্রুতির গণ্ডি পেরিয়ে বাস্তবেই ফিরুক শিল্প। অশোক লে-ল্যান্ড কি সেই স্বপ্নপূরণের নতুন অধ্যায় লিখবে? আপাতত সেই দিকেই তাকিয়ে সিঙ্গুর তথা গোটা বাংলা।

  • Fast Track Special Courts: ধর্ষণ ও পকসো মামলার দ্রুত নিষ্পত্তিতে আরও ৫ বছর ফাস্ট ট্র্যাক কোর্ট, ৩,৭৮৮ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

    Fast Track Special Courts: ধর্ষণ ও পকসো মামলার দ্রুত নিষ্পত্তিতে আরও ৫ বছর ফাস্ট ট্র্যাক কোর্ট, ৩,৭৮৮ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: ধর্ষণ ও শিশুদের উপর যৌন নির্যাতনের (পকসো) মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট (FTSC) প্রকল্পের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের ১ এপ্রিল থেকে ২০৩১ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের (Fast Track Special Courts) জন্য মোট ৩,৭৮৮.০৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রের অংশ ২,৩৫৩.১৫ কোটি টাকা এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অংশ ১,৪৩৪.৮৯ কোটি টাকা। কেন্দ্রের বরাদ্দের অর্থ আসবে নির্ভয়া তহবিল থেকে।

    ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের সংখ্যা বাড়িয়ে ৮৫০

    কেন্দ্রীয় সরকারের অনুমোদন অনুযায়ী, দেশজুড়ে বর্তমানে ৭৭৯টি ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের সংখ্যা বাড়িয়ে ৮৫০টি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে থাকবে বিশেষ পকসো আদালতও। ধর্ষণ এবং ২০১২ সালের পকসো আইনের আওতায় থাকা মামলাগুলির দ্রুত নিষ্পত্তিই এই প্রকল্পের মূল লক্ষ্য। মামলার সংখ্যা ও বিচারাধীন অবস্থার ভিত্তিতে অতিরিক্ত জেলাগুলিতে নতুন আদালত গড়ে তোলা হবে। প্রতিটি ফাস্ট ট্র্যাক আদালতের জন্য একজন করে বিচারক, একজন বিশেষ সরকারি আইনজীবী (স্পেশাল পাবলিক প্রসিকিউটর) এবং ছ’জন সহায়ক কর্মী নিয়োগের ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে আদালতের প্রশাসনিক কাজের চাপ কমবে এবং দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা মামলাগুলির দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে বলে মনে করছে কেন্দ্র।

    শিশু-বান্ধব ও সংবেদনশীল পরিবেশ তৈরি

    এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল নির্যাতিতাদের জন্য শিশু-বান্ধব ও সংবেদনশীল বিচারিক পরিবেশ তৈরি করা। বিশেষ করে মহিলা ও শিশুদের সাক্ষ্যগ্রহণের সময় যাতে তাঁদের নতুন করে মানসিক আঘাতের মুখে পড়তে না হয়, সেজন্য ভালনারেবল উইটনেশ ডিপোজিশন সেন্টার (VWDC) এবং শিশু-বান্ধব আদালতকক্ষ গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকবে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের বিচার বিভাগ (Department of Justice)। সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে। আদালতগুলির কাজের অগ্রগতি, মামলার নিষ্পত্তির হার এবং বিচারাধীন মামলার সংখ্যা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। এ জন্য FTSC ড্যাশবোর্ড, পর্যায়ক্রমিক রিপোর্ট এবং ব্যয়ের হিসাব পর্যালোচনা করা হবে।

    মহিলা ও শিশুদের বিচার পাওয়ার ক্ষেত্রে বৈষম্য কমবে

    কেন্দ্রের মতে, এই প্রকল্পের মাধ্যমে বিশেষত মহিলা ও শিশুদের বিচার পাওয়ার ক্ষেত্রে বৈষম্য কমবে। ধর্ষণ ও পকসো মামলার দ্রুত নিষ্পত্তির পাশাপাশি নির্যাতিতদের সময়মতো বিচার পাওয়ার সুযোগ আরও বাড়বে। উল্লেখ্য, ২০১৮ সালের ফৌজদারি আইন সংশোধনী এবং ২০১৯ সালের ২৫ জুলাই সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে ২০১৯ সালের ২ অক্টোবর ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট (Fast Track Special Courts) প্রকল্প চালু করা হয়েছিল। পকসো আইনের আওতায় ১০০টির বেশি বিচারাধীন মামলা রয়েছে, এমন জেলাগুলিতে বিশেষ আদালত গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার আরও পাঁচ বছরের জন্য প্রকল্পের মেয়াদ বৃদ্ধির ফলে দেশের বিচারব্যবস্থায় যৌন অপরাধ সংক্রান্ত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়া আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

  • JD Vance to President Trump: ইরান যুদ্ধকেই রিপাবলিকানদের নির্বাচনী হারের কারণ বললেন জেডি ভ্যান্স, ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়ছে?

    JD Vance to President Trump: ইরান যুদ্ধকেই রিপাবলিকানদের নির্বাচনী হারের কারণ বললেন জেডি ভ্যান্স, ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়ছে?

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কি ক্রমশ দূরত্ব বাড়ছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের? ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে (Midterm Election) রিপাবলিকান পার্টির শোচনীয় পরাজয়ের পর ভ্যান্সের একটি দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। তাঁর বক্তব্যে কার্যত ইরানের বিরুদ্ধে যুদ্ধকেই নির্বাচনে দলের হারের প্রধান কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। যা ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদের রাজনৈতিক কৌশল নিয়ে ভ্যান্সের সঙ্গে প্রেসিডেন্টের মতপার্থক্যের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

    ডেমোক্র্যাটদের সমর্থন কেন

    গত বুধবার, ৪ নভেম্বর, নিজের এক্স (X) হ্যান্ডেলে নির্বাচনী বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ভ্যান্স লেখেন, ২০২৪ সালে যাঁরা ট্রাম্প-ভ্যান্স জুটিকে ভোট দিয়েছিলেন, তাঁদের অনেকেই ২০২৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের সমর্থন করেছেন। কেন এই পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে দলের অন্দরে অনেক বিতর্ক ও মতবিরোধ হবে বলেও মন্তব্য করেন তিনি। তবে তাঁর মতে, নির্বাচনে হারের আসল কারণ প্রায় সকলের কাছেই স্পষ্ট। এক রাজনৈতিক সমীক্ষকের সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে ভ্যান্স জানান, ২০২৪ সালে ট্রাম্পকে ভোট দেওয়া বহু মানুষ এবার রিপাবলিকানদের উপর ক্ষুব্ধ ছিলেন এবং ডেমোক্র্যাটদের ভোট দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কেন তাঁরা আবার রিপাবলিকান শিবিরে ফিরতে পারেন, তা জানতে চাওয়া হলে চারটি প্রধান বিষয় উঠে আসে।

    কেন আবার ভোট দেবেন রিপাবলিকানদের

    ভ্যান্সের পোস্ট অনুযায়ী, সেই চারটি দাবি হল—প্রথমত, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করা। দ্বিতীয়ত, জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচ ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে নজর দেওয়া। তৃতীয়ত, ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে অগ্রাধিকার দেওয়া এবং চতুর্থত, ইজরায়েলের সঙ্গে আমেরিকার সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন আনা। এর পরেই সরাসরি ভ্যান্সের মন্তব্য, নির্বাচনে পরাজয়ের কারণ হল যুদ্ধ। তাঁর এই বক্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে মার্কিন রাজনৈতিক মহল। ভ্যান্সের পোস্টে ট্রাম্পের প্রেসিডেন্সি এবং দ্বিতীয় মেয়াদের রাজনৈতিক কৌশল নিয়ে একাধিক পরোক্ষ সমালোচনা রয়েছে। হোয়াইট হাউসের জন্য এমন বড় নির্বাচনী ধাক্কার কয়েক ঘণ্টার মধ্যেই ভাইস প্রেসিডেন্টের এই ধরনের মন্তব্যকে যথেষ্ট নজিরবিহীন।

    ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতির ইঙ্গিত

    যদিও ট্রাম্পের সঙ্গে তাঁর সরাসরি কোনও বিরোধের কথা বলেননি ভ্যান্স। বরং নিজের পোস্ট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্পের প্রতিক্রিয়ার একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে ট্রাম্প বলেন, ভ্যান্সের মনোভাব তিনি জানেন এবং তাঁর বক্তব্য যথেষ্ট ভালো বলেই মনে হয়েছে। তবে এই পোস্টের মধ্যে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতির ইঙ্গিতও দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। সিএনএন-এর সাংবাদিক স্টিফেন কলিনসনের মতে, মঙ্গলবার থেকেই ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শুরু হবে বলে রাজনৈতিক মহলে মশকরা চলছিল। কিন্তু ভ্যান্সের এই মন্তব্য কার্যত সেই নির্বাচনী লড়াইয়ের সূচনা করে দিল।

  • CAIT Writes to Rahul Gandhi: প্রতিবাদের অধিকার কি ব্যবসার অধিকারের চেয়ে বড়?’ রাহুলকে প্রশ্ন ব্যবসায়ী সংগঠনের, দেশজুড়ে ধিক্কার দিবসের ডাক

    CAIT Writes to Rahul Gandhi: প্রতিবাদের অধিকার কি ব্যবসার অধিকারের চেয়ে বড়?’ রাহুলকে প্রশ্ন ব্যবসায়ী সংগঠনের, দেশজুড়ে ধিক্কার দিবসের ডাক

    মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলির আগে রাজনৈতিক কর্মসূচির জেরে দিল্লির ব্যবসায়িক কর্মকাণ্ডে (CAIT Writes to Rahul Gandhi) বিপুল প্রভাব পড়ায় ক্ষোভ প্রকাশ করেছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)। এই ঘটনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দায়ী করে তাঁকে চিঠি পাঠিয়েছে ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠনটি। গত এক মাস ধরে দিল্লিতে একের পর এক রাজনৈতিক সভা, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির কারণে বাণিজ্যিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ী সংগঠনের। বিশেষ করে গত ১ নভেম্বর রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডি জোটের সভাকে কেন্দ্র করে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে ব্যবসায়ীদের।

    রাহুল গান্ধীর চিঠির উত্তরের অপেক্ষা

    সংগঠনের দাবি, উৎসবের মরশুমে রামলীলা ময়দান ও তার আশপাশের একাধিক দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ কর্মসূচিকে কংগ্রেস-সহ অন্যান্য রাজনৈতিক দলের সমর্থন নিয়েও প্রশ্ন তুলেছে সিএআইটি । সংগঠনের তরফে জানানো হয়েছে, রাহুল গান্ধীর চিঠির উত্তরের অপেক্ষা করা হবে। তবে দীপাবলির পরেই দিল্লিতে দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্যবসায়ী ও বাণিজ্যিক নেতৃত্বকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্তরের বৈঠক ডাকা হবে। সেই বৈঠকেই পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। পাশাপাশি এই ইস্যুতে দেশজুড়ে ‘ধিক্কার দিবস’ পালনেরও ঘোষণা করেছে সিএআইটি (CAIT।) জাতীয় বৈঠকেই এই কর্মসূচির দিনক্ষণ চূড়ান্ত হবে।

    ব্যবসায়ী সংগঠনের মত

    সিএআইটি (CAIT)-এর নেতা প্রবীণ খণ্ডেলওয়াল (Bhartia) বলেন, “রাহুল গান্ধী একই সঙ্গে দুটি পরস্পরবিরোধী অবস্থান নিতে পারেন না। একদিকে তিনি মানুষকে স্থানীয় বাজার থেকে কেনাকাটা করার আহ্বান জানান, অন্যদিকে এমন রাজনৈতিক কর্মসূচিকে সমর্থন করেন, যার ফলে ক্রেতারা সেই বাজারে পৌঁছতেই পারেন না। এটি শুধু রাজনৈতিক অবস্থানের অসঙ্গতি নয়, সাধারণ ব্যবসায়ীদের জীবিকা ও রোজগারের উপর সরাসরি আঘাত।” সংগঠনের জাতীয় সভাপতি রাহুল গান্ধীকে সরাসরি প্রশ্ন করেছেন— “প্রতিবাদের অধিকার কি ব্যবসার অধিকারের চেয়ে বড়?” রাজনৈতিক বিরোধিতার নামে সাধারণ মানুষের জীবিকা ও বাজার অচল করে দেওয়া কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্নও তোলা হয়েছে।

    সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ

    সম্প্রতি প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ একটি মামলার শুনানিতে পর্যবেক্ষণ দিয়েছে যে, প্রতিবাদের অধিকার পরম বা সীমাহীন নয়। প্রতিবাদের অধিকারের সঙ্গে জীবিকা নির্বাহ ও ব্যবসার অধিকারের মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। অনির্দিষ্টকালের জন্য কোনো জনবহুল স্থান বা রাস্তা আটকে রাখা যায় না। সিএআইটি-এর বিবৃতিতে বলা হয়েছে, বিষয়টি আর শুধু দিল্লির ব্যবসায়ীদের মধ্যে সীমাবদ্ধ নেই। আজ জাতীয় রাজধানীতে এমন পরিস্থিতি তৈরি হলে আগামী দিনে দেশের অন্য শহরগুলিতেও একই পরিস্থিতি দেখা দিতে পারে। তাই এটি এখন একটি গুরুতর জাতীয় সমস্যা। ব্যবসায়ী সমাজ আর এ ধরনের পরিস্থিতি মেনে নিতে প্রস্তুত নয়। অন্যায়ের বিরুদ্ধে শিক্ষা দেওয়ার সময় এসেছে।

    প্রতিবাদ করার অধিকার অধিক গুরুত্বপূর্ণ!

    রাজনৈতিক নেতাদের সংবিধানের অধিকার নিয়ে বেছে বেছে অবস্থান নেওয়ারও সমালোচনা করেছে ব্যবসায়ী সংগঠনটি। খণ্ডেলওয়ালের বক্তব্য, সংবিধানের ১৯(১)(এ) অনুচ্ছেদে নাগরিকদের বাক্‌স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার দেওয়া হয়েছে। একইভাবে ১৯(১)(জি) অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের পেশা গ্রহণ এবং ব্যবসা-বাণিজ্য করার অধিকারও সুনিশ্চিত করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “রাহুল গান্ধী কি মনে করেন, প্রতিবাদ করার অধিকার ব্যবসা ও জীবিকা অর্জনের অধিকারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? সংবিধানের ১৯(১)(জি) অনুচ্ছেদ কি শুধুমাত্র বক্তৃতা ও বইয়ের জন্য, নাকি লক্ষ লক্ষ ছোট ব্যবসায়ী, দোকানদার, ফুটপাতের হকার এবং কর্মজীবী পরিবারের দৈনন্দিন রোজগারের অধিকারও এর আওতায় পড়ে? রাজনৈতিক নেতারা নিজেদের সুবিধামতো সংবিধানের অধিকার তুলে ধরতে পারেন না, অথচ অন্যদের অধিকার উপেক্ষা করতে পারেন না।”

    দিল্লি শুধু রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ নয়

    ভারতিয়ার বক্তব্য, রাজনৈতিক দলগুলিকে বুঝতে হবে যে দিল্লি শুধু রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ নয়, এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র। দিল্লির বাজারগুলি লক্ষ লক্ষ মানুষের জীবিকার ভিত্তি এবং জাতীয় অর্থনীতি ও সরকারি রাজস্বে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তিনি বলেন, দেশের ব্যবসায়ীরা কারও রাজনৈতিক লড়াইয়ের ‘পাঞ্চিং ব্যাগ’ নন। তাঁরা দেশের অভ্যন্তরীণ অর্থনীতির মেরুদণ্ড, কর্মসংস্থান সৃষ্টির অন্যতম চালিকাশক্তি এবং দেশ গঠনের গুরুত্বপূর্ণ অংশীদার। তাঁরা কোনও বিশেষ সুযোগ-সুবিধা চাইছেন না, শুধু নিজেদের সাংবিধানিক অধিকারকে সম্মান জানানোর দাবি জানাচ্ছেন। সরকারের বিরোধিতা করা গণতান্ত্রিক অধিকার হলেও রাজনৈতিক বিরোধিতার নামে অন্যের জীবিকা ধ্বংস করা গণতান্ত্রিক বা ন্যায়সংগত হতে পারে না বলেও মন্তব্য করেন সিএআইটি-এর জাতীয় সভাপতি।

    ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির দায় কে নেবে

    ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির দায় কে নেবে, সেই প্রশ্নও তুলেছে সিএআইটি (CAIT।)। খণ্ডেলওয়ালের বক্তব্য, এই ধরনের বিক্ষোভ ও রাজনৈতিক কর্মসূচির কারণে ব্যবসায়ী এবং কর্মজীবী পরিবারগুলির যে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ কে দেবে? কংগ্রেস বা এই ধরনের কর্মসূচির আয়োজক ও সমর্থকদের কি ক্ষতির দায় নেওয়ার কোনও ব্যবস্থা রয়েছে? রাজনৈতিক শক্তি প্রদর্শনের জন্য কি সাধারণ মানুষের জীবিকা ও রোজগারকে এভাবে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া যায়? এই সমস্ত প্রশ্নের জবাব চেয়েই রাহুল গান্ধীকে চিঠি পাঠিয়েছে সিএআইটি (CAIT।)। এখন ওই চিঠির উত্তরের পাশাপাশি দীপাবলির পর জাতীয় বৈঠকে ব্যবসায়ী সংগঠনটি কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর রয়েছে।

LinkedIn
Share