Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • India vs South Africa: ব্যর্থ ব্যাটাররা! বড় রান পেলেন না বিরাট-রোহিত, প্রথম দিনেই চাপে ভারত

    India vs South Africa: ব্যর্থ ব্যাটাররা! বড় রান পেলেন না বিরাট-রোহিত, প্রথম দিনেই চাপে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই চাপে ভারত। মঙ্গলবার পুরো দিন খেলা হলে হয়তো ভারতের সব উইকেট এদিনই পড়ে যেত। শেষ বেলায় বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। দিনের শেষ ৮ উইকেটে ২০৮ রান করে ভারত। তার মধ্যে পাঁচটি উইকেটই নিয়েছেন কাগিসো রাবাডা। অভিষেকেই নজর কেড়েছেন বার্গার। দুই উইকেট নেন তিনি।

    শুরু থেকেই সমস্যা 

    এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। খেলা শুরু হওয়ার আগে বৃষ্টি হওয়ায় পিচ থেকে অতিরিক্ত সুবিধা পাচ্ছিলেন প্রোটিয়া-পেসাররা। ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল শুরু থেকে সমস্যায় পড়ছিলেন। কাগিসো রাবাডা ও মার্কো জানসেনের বল সুইং করছিল। রাবাডার বলে পুল মারার লোভ সামলাতে না পেরে ৫ রানের মাথায় আউট হন রোহিত। ১৭ রানের মাথায় বার্গারের বলে খোঁচা মেরে আউট হন যশস্বী। প্রস্তুতি ম্যাচে শতরান করা শুভমন গিলও বেশি ক্ষণ থাকেননি। লেগ স্টাম্পের বাইরে যাওয়া বার্গারের বল গ্লাভসে লাগিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ২ রান করেন শুভমন। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান দাঁড়ায় ৩ উইকেটে ৯১। 

    রাহুলের অর্ধশতরান

    সাময়িক পতন রুখে খেলা ধরেন বিরাট ও শ্রেয়স। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির পর চমক দেখান রাবাডা। প্রথমে শ্রেয়স ও তার পরে বিরাটকে আউট করে ভারতকে বড় ধাক্কা দেন তিনি। শ্রেয়স করেন ৩১ রান। বিরাটের ব্যাট থেকে আসে ৩৮ রান। ৮ রান করে ফেরেন রবিচন্দ্রন অশ্বিনও। রাবাডার বলেই ২৪ রানের মাথায় আউট হন শার্দুল ঠাকুর। মিস্টার ডিপেনডেবলের মতোই রাহুল-স্যারের অনুকরণে একদিক আগলে রাখলেন লোকেশ রাহুল। তাঁর অর্ধশতরানে ভর করে দুশোর গন্ডি টপকায় টিম ইন্ডিয়া। বার্গারের বলে ছক্কা হাঁকিয়ে মাইলস্টোন স্পর্শ করেন ডানহাতি ব্যাটার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • WBJEE 2024: প্রকাশিত ২০২৪-জয়েন্টের বুলেটিন! জানুন সম্ভাব্য পরীক্ষার দিন

    WBJEE 2024: প্রকাশিত ২০২৪-জয়েন্টের বুলেটিন! জানুন সম্ভাব্য পরীক্ষার দিন

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশিত হল ২০২৪-জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার বুলেটিন। এই পরীক্ষায় উত্তীর্ণরা স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মাসি নিয়ে পড়ার সুযোগ পাবেন। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের ( WBJEEB) এই বুলেটিনে জানানো হয়েছে আগামী বছর এপ্রিল মাসের ২৮ তারিখ জয়েন্ট পরীক্ষা হবে। একই সঙ্গে, পরীক্ষার জন্য নাম নথিভুক্তকরণ-সহ অন্যান্য বিষয়ের নির্দেশিকা প্রকাশিত হয়েছে।

    পরীক্ষার সম্ভাব্য দিন

    বোর্ডের তরফে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সম্ভাব্য দিন হিসাবে ২০২৪ সালের ২৮ এপ্রিল তারিখটি ঘোষণা করা হয়েছে। ওই দিন বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত গণিত এবং দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা নেওয়া হবে। গণিতের পরীক্ষাটি ১০০ নম্বরের, পদার্থবিদ্যা এবং রসায়ন মিলিয়ে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। wbjeeb.nic.in এই ওয়েবসাইট থেকে বুলেটিনটি পাওয়া যাবে। জেনারেল বিভাগে ছেলে পরীক্ষার্থীদের জন্য ফিজ ধার্য করা হয়েছে ৫০০ টাকা করে। জেনারেল ছাত্রীদের জন্য ফিজ ৪০০ টাকা করে। এই পরীক্ষায় বসার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৭ বছর। প্রার্থীদের বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে। 

    আরও পড়ুন: গুরুদ্বারে প্রার্থনার পর জনসংযোগ! কালীঘাটে পুজো দিলেন শাহ-নাড্ডা

    পরীক্ষার নিয়মাবলী

    প্রশ্নোত্তরের ক্ষেত্রেও পূর্বনির্ধারিত কিছু নির্দেশিকা পেশ করা হয়েছে। পরীক্ষার্থীরা মাল্টিপ্‌ল চয়েস কোয়েশ্চন (এমসিকিউ)-এর মাধ্যমে উত্তর দিতে পারবেন। তাঁরা প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য সর্বাধিক ২ নম্বর পাবেন। ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে। তবে, পরীক্ষার্থীরা কোনও প্রশ্নের উত্তর না দিলে নম্বর কাটা হবে না। পরীক্ষার্থীরা ওএমআর শিটে শুধু মাত্র কালো এবং নীল রঙের বল পয়েন্ট পেন দিয়েই পরীক্ষা দিতে পারবেন। পেনসিল কিংবা অন্য কোনও রঙের পেন দিয়ে উত্তর লিখলে সেই পরীক্ষার্থীদের ওএমআর শিট বাতিল করে দেওয়া হবে। ২০২৪-এর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনেই তাঁদের নাম নথিভুক্ত করতে হবে। চলতি সপ্তাহ থেকে নাম নথিভুক্তকরণের জন্য অনলাইন পোর্টাল চালু করা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Amit Shah: গুরুদ্বারে প্রার্থনার পর জনসংযোগ! কালীঘাটে পুজো দিলেন শাহ-নাড্ডা

    Amit Shah: গুরুদ্বারে প্রার্থনার পর জনসংযোগ! কালীঘাটে পুজো দিলেন শাহ-নাড্ডা

    মাধ্যম নিউজ ডেস্ক: কালীঘাট মন্দিরে (Kalighat Tample) পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) ৷ মঙ্গলবার বেলা ১২টা বেজে ৯ মিনিটে মন্দিরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সভাপতি। পুজো দিয়ে বেলা ১২টা ১৮ মিনিটে মন্দির থেকে বেরিয়ে আসেন শাহ-নাড্ডা। এরপর নিউটাউনের হোটেলে ফিরে বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন তাঁরা। এদিন সকালে প্রথমে জোড়াসাঁকোর বড়া শিখ সঙ্গত গুরুদ্বারে প্রার্থনা সারেন স্বরাষ্ট্রমন্ত্রী ও নাড্ডা। তাঁদের সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালের মতো বঙ্গ বিজেপি-নেতৃত্ব।

    শাহ-নাড্ডাকে স্বাগত

    বঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সঙ্গে জেপি নাড্ডা। সোমবার রাতে ঝটিকা সফরে বাংলায় আসেন শাহ। তাঁর নিরাপত্তার জন্য সকাল থেকেই জায়গায় জায়গায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত ছিলেন গেরুয়া শিবিরের কর্মী সমর্থকেরা। এদিন সকালে নিউটাউনের হোটেল থেকে বেরিয়ে জোড়াসাঁকোর বরা শিখ সঙ্গত গুরুদ্বারে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরে উত্তর থেকে দক্ষিণে কালীঘাট মন্দিরে যান শাহ-নাড্ডা। বিশেষ লাল গালিচা পেতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কালীঘাট মন্দিরে স্বাগত জানানো হয়। কালীঘাটে পুজো দিয়েই নিউটাউনের হোটেলে ফিরে যান শাহ-নাড্ডা। সেখানেই দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা। সূত্রের খবর, বৈঠকে হাজির থাকবেন দিলীপ ঘোষ, রাহুল সিনহা, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ বঙ্গ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব। 

    শাহ-নাড্ডার বৈঠক

    আগামী তিন-চার মাসের মধ্যেই লোকসভা নির্বাচন। তার আগে রাজ্য বিজেপির নেতৃ্ত্বের সঙ্গে শাহ-নাড্ডার এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই বৈঠকে আগামী লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে প্রাথমিক আলোচনা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নিউটাউনের পাঁচতারা হোটেলে বৈঠক সেরে আলিপুরের কেন্দ্রীয় গ্রন্থগারে হবে দ্বিতীয় বৈঠক। সেখানে বিজেপির জেলা ও জোন নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন জেলার পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • AIFF: রেফারিংয়ের মান ফেরাতে উদ্যোগী ফেডারেশন! বৈঠক ডাকলেন কল্যাণ

    AIFF: রেফারিংয়ের মান ফেরাতে উদ্যোগী ফেডারেশন! বৈঠক ডাকলেন কল্যাণ

    মাধ্যম নিউজ ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি ম্যাচে ৭টি লাল কার্ড ও ৭টি হলুদ কার্ড দেখিয়ে রেকর্ড গড়েছেন রেফারি। আইএসএলের ইতিহাসে এর আগে কোনও ম্যাচে ১৪ কার্ড দেখানো হয়নি। তারপর ইস্টবেঙ্গল এফসি বনাম ওড়িশা এফসি ম্যাচেও রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার তাই রেফারিং নিয়ে সতর্ক  সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation)। রেফারিংয়ের মান ফেরাতে সর্বভারতীয় ফুটবল সংস্থার প্রেসিডেন্ট কল্যাণ চৌবে (Kalyan Chaubey) একটি বৈঠকের আয়োজন করেছেন। ৩১ ডিসেম্বর হবে বৈঠক।

    রেফারিদের দিক নির্দেশে বৈঠক

    এআইএফএফ (All India Football Federation) সভাপতি কল্যাণ চৌবের নেতৃত্বে বৈঠক হবে। রেফারিদের কমিটির প্রতিনিধিদের সঙ্গেই হাজির থাকবেন চিফ রেফারিং অফিসার ট্রেভর কেটল। দেশে রেফারির মান পর্যালোচনা করতেই ৩১ ডিসেম্বর এই বৈঠকটি ডাকা হয়েছে। পরিস্থিতি যাচাই করে কোন পথে এগোতে হবে তার রূপরেখা চূড়ান্ত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বৈঠক। মুম্বই সিটি এফসি বরাবরই শক্ত গাঁট সবুজ-মেরুন শিবিরের। আইএসএলে (ISL) কোনওদিন মুম্বইয়ের (Mumbai City FC) বিরুদ্ধে জিততে পারেনি মোহনবাগান সুপার জায়ান্ট (MBSG)। হতাশার ছবিটা বদলায়নি গত বুধবারও। ২-১ গোলে হেরে মাঠ ছাড়ে মোহনবাগান। যদিও সেই ম্যাচের রেফারিং নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। 

    আরও পড়ুন: ‘সম্প্রীতি ও সহানুভূতির চেতনা উদযাপনের দিনই বড়দিন’, বার্তা প্রধানমন্ত্রীর

    চলতি মাসেই কল্যাণ চৌবে (Kalyan Chaubey) রেফারিদের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শ দিয়েছিলেন। তুরস্কের সুপার লিগের ম্যাচ চলাকালীন রেফারির সিদ্ধান্ত নিয়ে জোর হাঙ্গামা বাঁধে, আক্রমণের নিশানায় ছিলেন রেফারিরা। তারপরই কল্যাণ ওই বার্তা দেন।যদিও তারপরও আইএসএল-সহ নানা টুর্নামেন্টে রেফারি নিয়ে বিতর্কে ইতি পড়েনি। আইএসএলের পাশাপাশি আই লিগেও রেফারিং নিয়ে অনেক অভিযোগ এসেছে। এই আবহে পরিস্থিতি খতিয়ে দেখতে চাইছেন ফেডারেশন সভাপতি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Amit Shah-JP Nadda: আজ রাতে শাহ-র সঙ্গে শহরে নাড্ডা, বৈঠক মঙ্গলবার

    Amit Shah-JP Nadda: আজ রাতে শাহ-র সঙ্গে শহরে নাড্ডা, বৈঠক মঙ্গলবার

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধু অমিত শাহ নন, একইসঙ্গে সোমবার রাতে শহরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (Amit Shah-JP Nadda)। লোকসভা নির্বাচনের আগে বিজেপির দুই শীর্ষস্থানীয় নেতার উপস্থিতি নিয়ে জোর চর্চা বঙ্গ রাজনীতিতে। যদিও দুই নেতাই মূলত আসছেন একটি গুরুদ্বারে অনুষ্ঠানে অংশ নিতে। তাঁরা কালীঘাটে পুজোও দেবেন। এরপরই আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় কর্মীদের দায়িত্ব ও করনীয় প্রসঙ্গে পাঠ দেবেন শাহ-নাড্ডা।

    কখন আসবেন দুই নেতা

    বিজেপি সূত্রের খবর, সোমবার রাত পৌনে ১২টা নাগাদ একই বিমানে কলকাতায় নামার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জে পি নাড্ডার। এর পরে তাঁদের যাওয়ার কথা নিউ টাউনের একটি হোটেলে। সেখানে মধ্য রাতেই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক প্রস্ত বৈঠক সারতে পারেন শাহ-নাড্ডা। বিমান বন্দরে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির দুই শীর্ষ নেতাকে স্বাগত জানাতে যাবেন। 

    কী কী কর্মসূচি

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, গুরু গোবিন্দ সিংয়ের পুত্রদের ‘বীরাগাথা’ উদযাপন করতে ২৬ ডিসেম্বর ‘বীর বাল দিবস’ পালন করা হবে। সেই উদযাপনের অংশ হিসেবেই মঙ্গলবার সকালে মহাত্মা গান্ধী রোডের গুরুদ্বারে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা শাহ ও নাড্ডার। ‘বীর বাল দিবসে’র কর্মসূচি সেরে তাঁরা কালীঘাট মন্দিরে পুজো দিতে যেতে পারেন। সেখানেও দুই শীর্ষ নেতার সঙ্গে থাকার কথা সুকান্ত ও শুভেন্দুর। তাঁদের পরবর্তী গন্তব্য হতে পারে আলিপুরে জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবন।

    আরও পড়ুন: রামের শ্বশুরবাড়ি থেকে অযোধ্যায় আসছে নানা উপহার! কী কী থাকছে?

    বিজেপি সূত্রের খবর, ওখানেই একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন শাহ ও নাড্ডা (Amit Shah-JP Nadda)। ওই বৈঠকে রাজ্য নেতা, মোর্চার পদাধিকারী ছাড়াও এমন কিছু ব্যক্তিকে ডাকা হতে পারে, যাঁদের কাউকে কাউকে আসন্ন লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের প্রার্থী হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই বৈঠকের পরে নড্ডাদের নিউ টাউনের হোটেলে ফিরে যাওয়ার কথা। সেখানে রাজ্য বিজেপির শীর্ষ নেতা, পর্যবেক্ষকদের সঙ্গে আবার এক প্রস্ত বৈঠক সারতে পারেন বিজেপির দুই সর্বভারতীয় শীর্ষ নেতা। বৈঠক শেষে মঙ্গলবার বিকেলেই তাঁদের দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • COVID-19: বড়দিনে করোনার কামড়! কোন রাজ্যে আক্রান্তের সংখ্যা কত?

    COVID-19: বড়দিনে করোনার কামড়! কোন রাজ্যে আক্রান্তের সংখ্যা কত?

    মাধ্য়ম নিউজ ডেস্ক: প্রতিদিন বাড়ছে সংক্রমণ। আবার চোখ রাঙাচ্ছে করোনা (Covid-19)। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৬২৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) দেওয়া তথ্য অনুসারে, সারা দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে।

    জেএন-১ সংক্রমণ

    এক লাফে জেএন-১ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩। ২৪ ডিসেম্বর পর্যন্ত দেশের একাধিক রাজ্যে থাবা বসিয়েছে এই ভ্যারিয়ান্ট। বড়দিনের দিন এই পরিসংখ্যান রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, সবচেয়ে বেশি সংখ্যক জেএন-১ আক্রান্তের হদিশ মিলেছে গোয়া। সেখানে মোট ৩৪ জনের শরীরে এই ভাইরাসের প্রজাতির অস্তিস্ব মিলেছে।  এ ছাড়া মহারাষ্ট্রে জেএন-১ -এ আক্রান্ত হয়েছেন ন’জন। কর্নাটকে আট জন, কেরালায় ছয় জন, তামিলনাড়ুতে চার জন এবং তেলঙ্গানায় দু’জন এই ভ্যারিয়ান্টে আক্রান্ত। 

    গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৬২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ হাজার ৫৪ জন। সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে কেরালাতে। এই রাজ্যেই অ্যাক্টিভ কেসের সংখ্যা প্রায় ৩ হাজার। দেশে একমাত্র করোনা রোগীর মৃত্যু হয়েছে কেরালায়। কর্নাটকে গত ২৪ ঘণ্টায় ১০৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৭১। যার মধ্যে ২৫৮ জন হোম আইসোলেশনে রয়েছেন। বাকি ১৩ জন ভর্তি রয়েছেন হাসপাতালে।

    আরও পড়ুন: আইএস জঙ্গিদের তহবিলে টাকা দিতেন ভারতীয় রেলের ক্লার্ক! তদন্তে এনআইএ

    হু’র সতর্কবার্তা

    ইতিমধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে ভয়াবহ আকার নিয়েছে জেএন-১ সংক্রমণ। এবার করোনা ভাইরাসের এই প্রজাতির সংক্রমণ নিয়ে সতকর্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসের নয়া প্রজাতির সংক্রমণের হাত থেকে বাঁচতে পুনরায় কোভিড-বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নজরদারি এবং করোনা পরীক্ষা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে হু’র তরফে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Bengal Premier League: আসছে বেঙ্গল প্রিমিয়ার লিগ! নেপথ্যে সৌরভ, থাকতে পারে কলকাতা, মুম্বই, লখনউ

    Bengal Premier League: আসছে বেঙ্গল প্রিমিয়ার লিগ! নেপথ্যে সৌরভ, থাকতে পারে কলকাতা, মুম্বই, লখনউ

    মাধ্যম নিউজ ডেস্ক: বেঙ্গল প্রিমিয়ার লিগের (Bengal Premier League) আয়োজন করার চিন্তাভাবনা করছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এই টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ গ্রহণ করছেন প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি আইপিএল নিলামে দেখা গিয়েছে, বাংলার ক্রিকেটাররা কার্যত ব্রাত্যই রয়ে গিয়েছেন। হাতে গোনা কয়েকজন ছাড়া, এবারের নিলামে বাংলা থেকে কোনও নতুন মুখে আস্থা রাখতে পারেনি ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই জায়গায় এই টুর্নামেন্ট বাংলার তরুণ ক্রিকেটারদের কাছে সুবর্ণ সুযোগ।

    কবে থেকে শুরু লিগ

    কয়েকবছর ধরেই সিএবি বেঙ্গল প্রিমিয়ার লিগের পরিকল্পনা করে যাচ্ছেন। এই টুর্নামেন্ট যে বড়সড় আকারেই আয়োজন করা হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সিএবি কর্তারা জোর দিচ্ছেন নতুন প্রতিভা তুলে আনার উপরে। যারা জাতীয় স্তরে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আইপিএল এ বারে আগে শুরু হয়ে যাচ্ছে। মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে শেষ হয়ে যেতে পারে আইপিএল। তাই জুনের মাঝামাঝি লিগ চালু করতে চায় সিএবি। 

    কটা দলে হবে খেলা

    প্রাথমিক ভাবে যা ঠিক হয়েছে, একই সঙ্গে পুরুষ ও মহিলাদের টি-টোয়েন্টি লিগ চালু করা হবে। যা অন্য কোনও রাজ্য করেনি। অন্যান্য রাজ্যে আইপিএলের ঢংয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হলেও শুধু পুরুষদের মধ্যেই তা সীমাবদ্ধ রয়েছে। সিএবি ঠিক করেছে, একই সঙ্গে পুরুষদের লিগ হবে ইডেনে। আর মেয়েদের লিগ হবে সল্ট লেক যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে। মেয়েদের ফাইনাল হবে ইডেনে। একই দিনে দু’টি করে ম্যাচ করা হতে পারে। প্রথম বছরে পুরুষদের লিগে থাকবে আটটি দল, মহিলাদের ছ’টি। তার পরে মেয়েদের দলের সংখ্যা বাড়ানো হতে পারে।

    আরও পড়ুন: ২০৩৬ অলিম্পিক্স আয়োজনে ভারত! কোথায় বসবে আসর? কী বললেন অমিত শাহ

    কোন কোন ফ্র্যাঞ্চাইজি খেলবে

    সিএবি কথাবার্তা বলছে আইপিএলের কয়েক জন নামী ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে। তার মধ্যে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স রয়েছে। অম্বানীদের মুম্বই ইন্ডিয়ানস আছে। সঞ্জীব গোয়েন্‌কার লখনউ সুপার জায়ান্ট্স রয়েছে। এই তিনটি ফ্র্যাঞ্চাইজির শীর্ষ স্তরে কথা বলেছেন সৌরভ নিজে। তারা আগ্রহও প্রকাশ করেছে বঙ্গ লিগে দল কেনার ব্যাপারে। প্রত্যেকটা দলে ২০ জন করে ক্রিকেটার খেলবেন বলে জানা গিয়েছে। প্রতিটা দলে একজন করে থাকবেন মার্কি প্লেয়ার। সেটা বাংলার একজন করে নাম করা তারকা ক্রিকেটারকেই রাখা হবে। এছাড়া আইপিএল টুর্নামেন্টে যেমন আইকন প্লেয়ার থাকেন, এখানেও সেভাবেই একজন ক্রিকেটারকে রাখা হবে। দলগুলোকে প্রতিটা ম্যাচেই একজন করে জেলার ক্রিকেটার এবং একজন অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারকে বাধ্যতামূলকভাবে রাখতে হবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs South Africa: শুরু টেস্ট-প্রস্তুতি! বিশ্বকাপের পর ভারতীয় শিবিরে যোগ দিলেন বিরাট-রোহিত

    India vs South Africa: শুরু টেস্ট-প্রস্তুতি! বিশ্বকাপের পর ভারতীয় শিবিরে যোগ দিলেন বিরাট-রোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) প্রথম টেস্ট। ৩১ বছরের ইতিহাসে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতেনি ভারত। তাই কঠোর অনুশীলনে ব্যস্ত টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততে মরিয়া ভারত। বিশ্বকাপ ফাইনালের সেই রাতের পর আবার মাঠে ফিরলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। চলল পুরোদমে প্রস্তুতি।

    নেটে বিরাট

    পরিবারের সঙ্গে দেখা করতে ছুটি নিয়ে কিছু দিন লন্ডনে কাটিয়ে এসেছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে মাঠে নামার আগে অনুশীলন নেটে বোলারদের খেলার পাশাপাশি কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করতে দেখা যায় কোহলিকে। অফ স্টাম্পের বাইরের বল ছাড়ায় মনোযোগ দেন তিনি। বাউন্স এবং পেস সহায়ক উইকেটে যা বেশ গুরুত্বপূর্ণ। এক বার থিতু হয়ে যাওয়ার পর বেশ কিছু আগ্রাসী শট খেলেন। পেসারদের বিরুদ্ধেও আত্মবিশ্বাসী দেখিয়েছে তাঁকে।  প্রসিদ্ধ কৃষ্ণের সঙ্গে অনেক ক্ষণ কথা বলেন। তা বোর্ডের ভিডিয়োতেও দেখা গিয়েছে। পরে রোহিতও অনেক ক্ষণ কথা বলেন প্রসিদ্ধের সঙ্গে। দেখে মনে হয়েছে প্রথম টেস্টে খেলতে পারেন প্রসিদ্ধ।

    অনুশীলনে রোহিত

    মনোযোগ দিয়ে অনুশীলন সারলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। বিকল্প উইকেটকিপার কেএস ভরতকে কিপিং করতে দেখাই যায়নি। রাহুলই সেই দায়িত্ব নেন। স্লিপে রাখা হয় শুভমন গিল এবং যশস্বী জয়সওয়ালকে। রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে সাবলীল ব্যাট করেন রোহিত। শার্দূল ঠাকুরকেও খেলতে দেখা যায়।

    আরও পড়ুন: ২০৩৬ অলিম্পিক্স আয়োজনে ভারত! কোথায় বসবে আসর? কী বললেন অমিত শাহ

    প্রথম টেস্ট ম্যাচের আগে জোড়া ধাক্কা খেয়েছে ভারতীয় দল। আঙুলের চোটের জন্য টেস্ট সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। এই চোটের কারণেই তিনি তৃতীয় ওয়ান ডে ম্যাচেও খেলতে পারেননি। ঋতুরাজের পাশাপাশি মানসিক স্বাস্থ্যজনিত কারণে ঈশান কিষাণ টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বোর্ডের তরফ থেকে অফিশিয়াল বিবৃতিতে কিছু জানানো না হলেও  সূত্রের খবর,  টানা আন্তর্জাতিক ক্রিকেটের ক্রীড়া সূচি ও সফর করার ফলে এই মুহূর্তে ক্রিকেট থেকে কিছুটা সময় বিরতি নিতে চাইছেন ঈশান কিষাণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • 2036 Olympics: ২০৩৬ অলিম্পিক্স আয়োজনে ভারত! কোথায় বসবে আসর? কী বললেন অমিত শাহ

    2036 Olympics: ২০৩৬ অলিম্পিক্স আয়োজনে ভারত! কোথায় বসবে আসর? কী বললেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে বসতে চলেছে অলিম্পিক্সের (2036 Olympics) আসর। ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছা ভারতে অলিম্পিক্স আয়োজন করার। যদি ভারত সেই দায়িত্ব পায় তা হলে গুজরাটের সর্দার প্যাটেল কমপ্লেক্সে সেই প্রতিযোগিতা আয়োজন করা হবে। রবিবার এ কথা জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    খেলাধুলোর জন্য বরাদ্দ

    গান্ধীনগর লোকসভা এলাকায় সংসদ খেল প্রতিযোগিতা নামক এক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনে এসে রাজ্যের সব সাংসদকে অমিত শাহ (Amit Shah) আহ্বান করেছেন নিজেদের এলাকায় খেলাধুলোর প্রসার আরও বাড়ানোর জন্য। এখানেই এক অনুষ্ঠানে তিনি জানালেন, ২০৩৬ সালের অলিম্পিক্স (2036 Olympics) আয়োজন করবে ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “এখানেই ২০৩৬ সালের অলিম্পিক্স হবে (যদি ভারতের প্রস্তাব গৃহীত হয়)। সর্দার প্যাটেল স্পোর্টস কমপ্লেক্সের জন্য সরকার ইতিমধ্যেই ৪৬০০ কোটি টাকা অনুমোদন করেছে। ৬০০ কোটি টাকা দেওয়া হয়েছে নবরঙ্গপুর স্পোর্টস কমপ্লেক্সের (আমেদাবাদে) জন্য। এটাই ভারতের সবচেয়ে বড় স্পোর্টস কমপ্লেক্স হবে।”

    আরও পড়ুন: আজ শহরে অমিত শাহ! যাবেন কালীঘাট মন্দিরে, দু’দিনে কী কী কর্মসূচি?

    কেন্দ্র সরকার অজস্র অর্থ ব্যয় করছে দেশের প্লেয়াদের উদ্বুদ্ধ করা এবং খেলার উন্নতির জন্য। অক্টোবর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন ভারতবর্ষে অলিম্পিক্স আয়োজন করার কথা। এবার একই সুর শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর গলায়। ‘সাংসদ খেল প্রতিযোগিতা’ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন তিনি। সেই মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন যে ২০৩৬ সালের অলিম্পিক্স (2036 Olympics) আয়োজন করবে ভারত। এর সাথে তিনি যোগ করেন যে উদ্বোধনী খেলাটি হবে তৈরি হতে থাকা সর্দার প্যাটেল কমপ্লেক্সে। তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়রা যাতে আন্তর্জাতিক স্তরে উন্নতি করে তার জন্য কি না করেছে সরকার? মোদি সরকার সবরকমভাবে চেষ্টা করেছে দেশের খেলোয়াড়দের ভালোর জন্য। যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তাঁর অধীনেই শুরু হয়েছিল খেল মহাকুম্ভ। এর সুফল পেয়েছিল বহু খেলোয়াড়।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Prabrajika Amalaprana:  রামকৃষ্ণ সারদা মিশনের সাধারণ সম্পাদিকা প্রব্রাজিকা অমলপ্রাণার জীবনাবসান

    Prabrajika Amalaprana: রামকৃষ্ণ সারদা মিশনের সাধারণ সম্পাদিকা প্রব্রাজিকা অমলপ্রাণার জীবনাবসান

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের সাধারণ সম্পাদিকা প্রব্রাজিকা অমলপ্রাণা (Nun Amalaprana Passes Away) মাতাজির জীবনাবসান হয়েছে। রবিবার দক্ষিণেশ্বর সারদা মঠে রাত ৮টা ১২ মিনিট নাগাদ তিনি প্রয়াত হন। দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে প্রায় দু’মাস ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। বয়স হয়েছিল ৯২ বছর। 

    অমলপ্রাণা মাতাজিকে শেষ শ্রদ্ধা

    আজ, সোমবার সকাল সাতটা থেকে অমলপ্রাণা মাতাজির (Prabrajika Amalaprana) নশ্বর দেহ সারদা মঠের স্কুল ভবনে শায়িত। ভক্তরা সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানান। গত ২২ অক্টোবর বুকে যন্ত্রণা ও শ্বাসকষ্টের জন্য মাতাজিকে হাসপাতালে ভর্তি করা হয়। ২০ ডিসেম্বর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে দেওয়া হয়। চলছিল ডায়ালিসিসও। সূত্রের খবর, মাতাজির ইচ্ছানুসারে এ দিন সকালে তাঁকে ভেন্টিলেশন সার্পোটে হাসপাতাল থেকে দক্ষিণেশ্বরের প্রধান কার্যালয়ে আনা হয়। তাঁর মৃত্যুতে নেমেছে শোকের ছায়া।

    আরও পড়ুন: তামিলনাড়ুতে তৈরি ৪৮টি ব্রোঞ্জের ঘণ্টা পাঠানো হবে অযোধ্যার রামমন্দিরে

    অমলপ্রাণা মাতাজির কর্মজীবন

    এর পর সন্ধ্যায় জীবনাবসান।  ১৯৩১ সালে মহীশূরে জন্ম। সেখানেই বেড়ে ওঠা। মহীশূর বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক নিয়ে স্নাতকোত্তর পাশ করেন তিনি। জ্যোতিশ্বরানন্দের কাছে দীক্ষা নেন অমলপ্রাণা মাতাজি। ১৯৫৭ সালে তিনি সারদা মঠে যোগ দেন। তার ঠিক আট বছর পর ১৯৬৫ সালে সন্ন্যাস নেন। ১৯৭১ সালের ১ জানুয়ারি বিদ্যা ভবনের সহ-সম্পাদক এবং ১ ফেব্রুয়ারি ওই প্রতিষ্ঠানেরই অধ্যক্ষা হন। ১৯৭৪-এর ১ এপ্রিল থেকে ১৯৯৯ পর্যন্ত বিদ্যা ভবনের সম্পাদক ছিলেন মাতাজি। ১৯৮৩-তে শ্রী সারদা মঠের পরিচালন সমিতির সদস্য হন। ১৯৯৪-এর মে মাসে সঙ্ঘের সহ-সম্পাদক নিযুক্ত হন তিনি। ১৯৯৯ সালের অগস্টে প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজির প্রয়াণের পরে ১৭ নভেম্বর থেকে সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের সাধারণ সম্পাদক পদে ছিলেন অমলপ্রাণা মাতাজি (Nun Amalaprana Passes Away) । 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share