Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Delhi Liquor Policy Case: দিল্লি আবগারি নীতি মামলায় এবার জেলে পাঠানো হল কবিতাকে

    Delhi Liquor Policy Case: দিল্লি আবগারি নীতি মামলায় এবার জেলে পাঠানো হল কবিতাকে

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি আবগারি নীতি মামলায় (Delhi Liquor Policy Case) ১৪ দিনের জন্য জেলে পাঠানো হল ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতাকে। ১৫ মার্চ তাঁকে গ্রেফতার করেছিল ইডি। পরে ছিলেন ইডি হেফাজতে। সেই মেয়াদ শেষ হওয়ার পর মঙ্গলবার তোলা হয় দিল্লির রাউস অ্যাভেনিউ আদালতে।

    বিচার বিভাগীয় হেফাজতের দাবি ইডির (Delhi Liquor Policy Case)

    সেখানে ইডির তরফে কবিতার ১৫ দিনের বিচার বিভাগীয় হেফাজত চাওয়া হয়। কারণ তাহলে তিহাড় জেলে পাঠানো হবে না কবিতাকে। সেক্ষেত্রে তাঁকে রাখা হবে ইডির লকআপে। এতে সুবিধা হবে তদন্তের। তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে বছর চল্লিশের কবিতাকে তাঁর হায়দরাবাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ (Delhi Liquor Policy Case), কবিতা ও অন্যদের সঙ্গে দিল্লি আবগারি নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সুবিধা পাওয়ার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সহ আপের শীর্ষ নেতাদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এর বিনিময়ে তিনি আপ নেতাদের ১০০ কোটি টাকা দিয়েছিলেন।

    ছ’টি চার্জশিট দাখিল ইডির

    ইডি সূত্রে খবর, ২০২২ সালে একটি মামলা দায়ের হওয়ার পর থেকে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা সারা দেশের ২৪৫টি জায়গায় তল্লাশি চালিয়েছে। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আপ নেতা মণীশ সিসোদিয়া, আপ নেতা সঞ্জয় সিং-সহ ১৫ জনকে গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছিল কিছু মদও। এখনও পর্যন্ত এই মামলায় সব মিলিয়ে মোট ছ’টি চার্জশিট দাখিল করেছে ইডি। অ্যাটাচ করা হয়েছে ১২৮ কোটিরও বেশি টাকা।

    আরও পড়ুুন: “আমায় বাঁচান”, আর্তি চাকরির খোঁজে রাশিয়ায় গিয়ে ‘ফেঁসে’ যাওয়া বঙ্গবাসীর

    এদিন আদালতে কবিতার তরফে আবেদন করা হয় জামিনের। তাঁর নাবালক ছেলের স্কুলে পরীক্ষা রয়েছে। তাই তাঁকে জামিন দেওয়া হোক, আবেদন করা হয় কবিতার তরফে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কবিতার জামিনের আবেদন শুনবেন নিম্ন আদালত। শুনানি হবে ১ এপ্রিল। কবিতার জামিনের আবেদনের বিরুদ্ধে ইডির তরফে বলা হয়, এটা স্পষ্ট যে অবৈধভাবে সুবিধা পেতে কবিতা সরকারি কর্তৃপক্ষকে টাকা দেওয়ায় যুক্ত ছিলেন। তিনি যে ১০০ কোটি টাকাও অন্যের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন তাও স্পষ্ট। কবিতা প্রকৃত সত্য উদ্ঘাটনে সাহায্য করছেন না বলেও অভিযোগ ইডির। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার অভিযোগ, কবিতা তদন্তে সাহায্যও করছেন না (Delhi Liquor Policy Case)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Election Commission: ব্যাঙ্কে ১ লাখের বেশি টাকা তুললেই তথ্য যাবে নির্বাচন কমিশনের কাছে

    Election Commission: ব্যাঙ্কে ১ লাখের বেশি টাকা তুললেই তথ্য যাবে নির্বাচন কমিশনের কাছে

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ১৬ মার্চ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে কমিশন (Election Commission)। স্বচ্ছ এবং অবাধ ভোট করাতে আদর্শ আচরণবিধিকে কঠোরভাবে লাগু করার কথাও ঘোষণা করতে শোনা গিয়েছে মুখ্য নির্বাচন কমিশনারকে। ইতিমধ্যে নির্বাচনে যাতে কালো টাকা ব্যবহার না হতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে কমিশন। ব্যাঙ্ক থেকে যেকোনও ব্যক্তি ১ লাখ টাকার বেশি তুললেই সরাসরি তথ্য চলে যাবে কমিশনের কাছে।

    ‘ইলেকশন সিজার ম্যানেজমেন্ট সিস্টেম’ অ্যাপে আসবে তথ্য

    কমিশন সূত্রে খবর, টাকা পাচার (Election Commission) রুখতে বেশ কিছু বিশেষ অ্যাপও চালু করা হয়েছে।  ইতিমধ্যে সেই অ্যাপগুলি কাজও শুরু করে দিয়েছে। জানা গিয়েছে দেশে যে কোনও ব্যাঙ্ক থেকে এক লাখ টাকার বেশি তোলা হলেই সঙ্গে সঙ্গে অ্যাপে তথ্য চলে আসবে। শুধু তাই নয়, কোন ব্যক্তি কোন ব্যাঙ্ক থেকে সেই টাকা তুললেন সে তথ্যও পেয়ে যাবে নির্বাচন কমিশন। এর পাশাপাশি যে সমস্ত গাড়িগুলিতে এটিএম মেশিনে টাকা ভরা অথবা অন্যত্র নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়, সেগুলিতেও বিশেষ কিউআর কোড লাগিয়ে রাখবে কমিশন। পরবর্তীকালে সেই কিউআর কোড স্ক্যান করলেই গাড়ি সংক্রান্ত বিস্তারিত তথ্য চলে আসবে কমিশনের হাতে। এই অ্যাপটির নাম রাখা হয়েছে ‘ইলেকশন সিজার ম্যানেজমেন্ট সিস্টেম’।

    ভোট এলেই কালো টাকার ব্যবহার বাড়তে থাকে

    ভোট এলেই কালো টাকার ব্যবহার বাড়তে থাকে বলে অভিযোগ। তার কারণ অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে টাকার বিনিময়ে ভোট কেনার। ভোটের আগের রাতে গোপনে টাকা বিলি করারও অভিযোগ সামনে আসে। কালো টাকার বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে ইতিমধ্যে কমিশন (Election Commission) নামিয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টর, আয়কর দফতর, শুল্ক দফতর সহ মোট ২২ এজেন্সিকে। প্রসঙ্গত, বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ৪১ লাখ টাকা উদ্ধার হয়। গতকালই ইডি সেই তথ্য কমিশনকে জানিয়েছে। ১০ লাখের বেশি টাকা উদ্ধার হলেই তা কমিশনকে জানানোর নিয়ম রয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Russia Ukrane war: “আমায় বাঁচান”, আর্তি চাকরির খোঁজে রাশিয়ায় গিয়ে ‘ফেঁসে’ যাওয়া বঙ্গবাসীর

    Russia Ukrane war: “আমায় বাঁচান”, আর্তি চাকরির খোঁজে রাশিয়ায় গিয়ে ‘ফেঁসে’ যাওয়া বঙ্গবাসীর

    মাধ্যম নিউজ ডেস্ক: মোটা মাইনের চাকরির টোপ দিয়ে বিভিন্ন দেশ থেকে নিয়ে যাওয়া হচ্ছে রাশিয়ায়। সেখানে তাঁদের জুতে দেওয়া হচ্ছে যুদ্ধে (Russia Ukrane war)। তার জেরে না জেনে অনেকেই শরিক হয়ে যাচ্ছেন বছর দুয়েকেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। এ খবর আপনাদের অনেক আগেই জানিয়েছে মাধ্যম

    উদ্ধারের করুণ আর্তি (Russia Ukrane war)

    সম্প্রতি ফের প্রকাশ্যে এসেছে পশ্চিমবঙ্গের আরও এক বাসিন্দার উদ্ধারের করুণ আর্তি। উর্জেন তামাং কালিম্পংয়ের বাসিন্দা। সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় (ভিডিওর সত্যতা যাচাই করেনি মাধ্যম)। সেই ভিডিও দিয়ে তাঁর স্ত্রী অম্বিকা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে তাঁর স্বামীকে দেশে ফিরিয়ে আনার আবেদন করেছেন। ওই ভিডিওয়ও একই আবেদন করতে দেখা গিয়েছে উর্জেনকে (Russia Ukrane war)। দার্জিলিংয়ের বিদায়ী সাংসদ বিজেপির রাজু বিস্ত বিদেশমন্ত্রক ও রুশ দূতাবাসে কথা বলে উর্জেনকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছেন।

    গহীন জঙ্গলে নিয়ে গিয়ে প্রশিক্ষণ

    উর্জেন প্রাক্তন সেনাকর্মী। তাঁর দাবি, চাকরির জন্য জানুয়ারি মাসে একটি সংস্থার মাধ্যমে ভায়া দিল্লি হয়ে রাশিয়া গিয়েছিলেন তিনি। ১৭-১৮ দিন ধরে তাঁকে প্রশিক্ষণ দেওয়া হয়। বন্ড পেপারে সই করিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় জঙ্গলের মধ্যের এক প্রশিক্ষণ শিবিরে। সেখানে ফের একপ্রস্ত প্রশিক্ষণ চলে। ১০-১২ দিন ধরে বন্দুক চালানো শেখানো হয়। তার পরেই তাঁকে জানানো হয়, ইউক্রেনের সঙ্গে লড়তে তাঁকে যেতে হবে রণাঙ্গনে। ভিডিও-বার্তায় উর্জেনকে বলতে শোনা যায়, ভারত সরকারকে অনুরোধ করছি, দয়া করে আমায় বাঁচান। এজেন্টদের কথায় ভরসা করে ফেঁসে গিয়েছি।

    আরও পড়ুুন: হোলির রঙিন শুভেচ্ছা বাইডেনের, টাইমস স্কোয়্যারও মাতল রঙের উৎসবে

    রাশিয়ায় গিয়ে ফেঁসে গিয়েছিলেন কর্নাটকের কালবুর্গির বাসিন্দা সুফিয়ানও। ভিডিও-বার্তায় সুফিয়ান তাঁকে নিয়ে মোট চারজনের দুর্দশার কাহিনি শুনিয়েছিলেন। এই চারজনকেও অনিচ্ছা সত্ত্বেও পাঠিয়ে দেওয়া হয়েছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে। সুফিয়ান বলেছিলেন, “দয়া করে আমাদের বাঁচান। আমরা হাইটেক জালিয়াতির শিকার।” সুফিয়ানের ভিডিও-বার্তা প্রকাশ্যে চলে আসার দিন কয়েক পরেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হায়দরাবাদের মহম্মদ আসফান নামে বছর ত্রিশের এক যুবকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। কেন্দ্রের তরফে চলতি মাসেই এই বিষয়ে জানানো হয়েছিল, রাশিয়ায় এভাবে আটকে রয়েছেন আনুমানিক ২৪ জন। তাঁদের সেখান থেকে উদ্ধার করে আনার ব্যবস্থা করা হচ্ছে (Russia Ukrane war)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: কেজরিওয়ালের ইস্তফার দাবিতে দিল্লিতে বিক্ষোভ বিজেপির

    Arvind Kejriwal: কেজরিওয়ালের ইস্তফার দাবিতে দিল্লিতে বিক্ষোভ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: আবগারি দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বর্তমানে তিনি রয়েছেন ইডি হেফাজতে। গ্রেফতার হলেও এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে তিনি ইস্তফা দেননি। হেফাজত থেকে রাজ্য চালাচ্ছেন। এবার দিল্লির মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। অন্যদিকে, এদিনই বিক্ষোভ দেখায় আম আদমি পার্টিও। প্রধানমন্ত্রী বাসভবনের সামনের এই বিক্ষোভকে কটাক্ষ করে বিজেপি নেতা মানজিন্দর সিং সিরসা বলেন, ‘‘আবগারি দুর্নীতি থেকে নজর ঘোরাতেই প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে আপ।’’

    কী বলছেন বিজেপি নেতা?

    বিজেপি নেতা মানজিন্দর সিং বলেন, ‘‘অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) নাটক করছেন ইডি হেফাজতে থেকে। আমি এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি ইডি ডিরেক্টরকে এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের কাছে। গ্যাংস্টাররা জেলে বসে যেভাবে নিজেদের গ্যাংকে চালায়। সেই একইভাবে মুখ্যমন্ত্রীর দফতরকে চালানো হচ্ছে। অরবিন্দ কেজরিওয়ালের মতো একটি দুর্নীতিগ্রস্ত মানুষকে মুখ্যমন্ত্রী পদে রাখা যায় না। তাঁকে ইস্তফা দিতেই হবে।’’

    অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি

    আবগারি দুর্নীতি মামলায় ২১ মার্চ গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এই মামলায় ৯ বার ইডি-র সমন এড়িয়েছিলেন কেজরিওয়াল। গত বৃহস্পতিবারই এই মামলায় কেজরিওয়ালকে কোনও প্রকার রক্ষাকবচ দিতে অস্বীকার করে দিল্লি হাইকোর্ট। এর পরই, ২১ মার্চ সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দলটিতে ছিলেন ১২ জন আধিকারিক। জানা যায়, একেবারে, ওয়ারেন্ট নিয়ে শুরু হয় তল্লাশি। রাত ৯টা নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয় সেদিন। বাজেয়াপ্ত করা হয় তাঁর মোবাইল ফোনও।

    প্রসঙ্গত, আবগারি নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে কেজরিওয়ালের দল আম আদমি পার্টির কয়েকজন নেতাকে। এঁদের মধ্যে রয়েছেন (Arvind Kejriwal) দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। এছাড়া, এই মামলায় মঙ্গলবার ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় ভারত রাষ্ট্রীয় সমিতি (বিআরএস) নেত্রী কে কবিতাকে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Living Wage: ন্যূনতম মজুরির বদলে ‘লিভিং ওয়েজ’ চালু করার ভাবনা কেন্দ্রের, বিষয়টা কী?

    Living Wage: ন্যূনতম মজুরির বদলে ‘লিভিং ওয়েজ’ চালু করার ভাবনা কেন্দ্রের, বিষয়টা কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী পাঁচ বছরের রোডম্যাপ তৈরি হয়ে রয়েছে বলে দিন কয়েক আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার জানা গেল, ২০২৫ সালের মধ্যেই ন্যূনতম মজুরি তুলে দিয়ে লিভিং ওয়েজ (Living Wage) চালু করতে চলেছে মোদি সরকার। এজন্য আন্তর্জাতিক শ্রম সংগঠনের সাহায্যও চেয়েছে নয়াদিল্লি। সম্প্রতি একটি সর্বভারতীয় দৈনিকে এমনই দাবি করা হয়েছে। তবে ঠিক কবে থেকে লিভিং ওয়েজ চালু করা হবে, তা জানা যায়নি ওই প্রতিবেদনটি থেকে।

    লিভিং ওয়েজ (Living Wage)

    প্রশ্ন হল, কী এই লিভিং ওয়েজ? মানুষের মৌলিক চাহিদা – অন্ন-বস্ত্র-বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার মতো বিষয়গুলির ক্রয়ক্ষমতা যাতে মানুষের তৈরি হয়, সেই পরিমাণ বেতন দেওয়াকেই লিভিং ওয়েজ (Living Wage) বলে। ন্যূনতম মজুরির পরিবর্তে লিভিং ওয়েজের ভাবনাকে সমর্থন করে আন্তর্জাতিক শ্রম সংগঠনও। ন্যূনতম মজুরি হল যে পরিমাণ মাইনে দিতেই হয়। আর লিভিং মজুরি হল, মৌলিক চাহিদার জিনিসগুলি কিনতে যত টাকা লাগে, ততটা বেতন দেওয়া। প্রত্যাশিতভাবেই প্রশ্ন উঠবে, ন্যূনতম মজুরির চেয়ে কি লিভিং ওয়েজ বেশি হবে? প্রতিবেদনটি থেকে জানা গিয়েছে, ন্যূনতম মজুরিতে ভারতে এখন যত টাকা বেতন দেওয়া হয়, তার চেয়ে বেশি বেতন পাওয়া যাবে লিভিং ওয়েজ চালু হলে।

    কী বলছে সরকার?

    সরকারের তরফে এক আধিকারিক বলেন, “এক বছরের মধ্যেই ন্যূনতম মজুরি ছাপিয়ে গিয়ে মাইনে দেওয়ার নীতি চালু হতে পারে।” লিভিং ওয়েজের ইতিবাচক অর্থনৈতিক প্রভাবের বিষয়টি তুলে ধরতেও আন্তর্জাতিক শ্রম সংস্থার সাহায্য চাইছে কেন্দ্র। সম্প্রতি জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডিতেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। জানা গিয়েছে, ভারতে ৫০ কোটিরও বেশি কর্মী, সংখ্যায় যাঁরা ৯০ শতাংশ, তাঁরা কাজ করেন অসংগঠিত ক্ষেত্রে। তাঁরা দৈনিক মজুরি পান ১৭৬ টাকা কিংবা তার কিছু বেশি। এই পরিমাণের ফারাক ঘটে রাজ্য থেকে রাজ্যান্তরে।

    আরও পড়ুুন: হোলির রঙিন শুভেচ্ছা বাইডেনের, টাইমস স্কোয়্যারও মাতল রঙের উৎসবে

    আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ভারত। ২০৩০ সালের মধ্যে লিভিং ওয়েজ চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও তা কার্যকরী হবে আগামী বছরের মধ্যেই। জানা গিয়েছে, মোদি সরকার ন্যূনতম মজুরি থেকে লিভিং ওয়েজ (Living Wage) চালু করতে চাইছে দেশ থেকে দারিদ্র দূর করতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Central Force: রাজ্যে বাহিনীর গতিবিধির রিপোর্ট রোজ পাঠাতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে, জানাল সিআরপিএফ

    Central Force: রাজ্যে বাহিনীর গতিবিধির রিপোর্ট রোজ পাঠাতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে, জানাল সিআরপিএফ

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলায় কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি সংক্রান্ত সমস্ত রিপোর্ট প্রতি দিন পাঠাতে হবে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রককে। চলতি সপ্তাহের শুক্রবার থেকেই প্রতি দিন এ সংক্রান্ত রিপোর্ট দিতে হবে, এ রাজ্যের বাহিনী সমন্বয়কারী অফিসারকে (Central Force)। এ বিষয়ে ইতিমধ্যে নির্দেশ জারি করেছে সিআরপিএফ। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, কেন্দ্রীয় বাহিনীকে এর ফলে রাজ্যের শাসক দলের প্রশাসন নিজেদের মতো করে ব্যবহার করতে পারবে না।

    নির্দেশে কী বলা হয়েছে? 

    ওই নির্দেশে জানানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর (Central Force) অবস্থান ও গতিবিধি সংক্রান্ত সমস্ত রিপোর্ট ই-মেল ও হার্ডকপি মারফত স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দিতে হবে। ওই নির্দেশে আরও বলা হয়েছে, রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে যাতে সঠিক ভাবে ব্যবহার করা হয়, সে জন্যই এই পদক্ষেপ নিতে হবে। সিআরপিএফ আরও জানিয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং ডিজিপির সঙ্গে আলোচনা করেই কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধি সিদ্ধান্ত নেবেন কোথায়, কত বাহিনী মোতায়েন হবে। বাহিনীর যাতায়তের সুবিধার জন্য রেলকে বিশেষ ট্রেনও দিতে বলা হয়েছে।

    এপ্রিলের শুরুতেই রাজ্যে আসছে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

    এপ্রিলের শুরুতেই রাজ্যে আসছে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে রয়েছে, ১৫ কোম্পানি সিআরপিএফ (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স), পাঁচ কোম্পানি বিএসএফ (সীমান্তরক্ষী বাহিনী) এবং সাত কোম্পানি সিআইএসএফ (সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স)। ইতিমধ্যেই দু’দফায় মোট ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছে। প্রথম দফায়, ১ মার্চ ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসে। ৭ মার্চ দ্বিতীয় দফায় এসেছিন আরও ৫০ বাহিনী (Central Force)। জেলায় জেলায় বাহিনী রুটমার্চও করছে। সন্ত্রাসমুক্ত পরিবেশ নির্মাণ ও সাধারণ মানুষের মনোবল বৃদ্ধি করতেই কেন্দ্রীয় বাহিনীর এমন রুটমার্চ বলে জানা গিয়েছে। প্রশাসনের দাবি, ইতিমধ্যেই জেলার বিভিন্ন থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়েছে।

    ৭ দফায় নির্বাচন

    উল্লেখ্য, সারা দেশে নির্বাচন সাত দফায় হবে। প্রতিটি দফাতেই পশ্চিমবঙ্গের কোনও না কোনও আসন থাকবেই। প্রথম দফার নির্বাচন ১৯ এপ্রিল। প্রথম দফায় ভোটগ্রহণ হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। কমিশন সূত্রে জানা গিয়েছে, বাংলায় প্রথম দফার তিনটি আসনের ভোটে ২২৫ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী (Central Force) ব্যবহার করা হতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: তারকা প্রচারকরা বিধি না মানলে, বাতিল হবে দলের স্বীকৃতি, সিদ্ধান্ত কমিশনের

    Lok Sabha Election 2024: তারকা প্রচারকরা বিধি না মানলে, বাতিল হবে দলের স্বীকৃতি, সিদ্ধান্ত কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটযুদ্ধে (Lok Sabha Election 2024) তারকা প্রচারকদের সাহায্য সব দলই নেয়। তাঁদের জনপ্রিয়তাকে ইভিএম-এ কাজে লাগানোর চেষ্টা করে সব দল। এক্ষেত্রে তারকাদের সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সদস্য না হলেও চলে। তবে এবার তারকাদের প্রচারের ক্ষেত্রে বেশ কিছু কঠোর নিয়ম এনেছে কমিশন। কোনও দলের তারকা প্রচারক যদি আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন, তবে ওই রাজনৈতিক দলের স্বীকৃতি এবং ভোট প্রতীক বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছে কমিশন।

    সংশ্লিষ্ট দলের স্বীকৃতিও বাতিল হতে পারে

    সূত্রের খবর, গত ১ মার্চ, কমিশনের তরফে যে আদর্শ নির্বাচনী আচরণবিধি ঘোষণা করা হয়েছিল, তা যাতে কঠোর ভাবে মেনে চলা হয়, সে জন্য এ বার সক্রিয় হতে চলেছে কমিশন (Lok Sabha Election 2024)। জানা গিয়ে এ সংক্রান্ত নির্দেশ ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের জেলাশাসকদের কাছে পাঠানো হয়েছে। কমিশনের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কোনও দলের তারকা প্রচারকরা নির্বাচনী বিধি মেনে না চলেন, তা হলে নির্বাচনী প্রতীক (সংরক্ষণ ও বরাদ্দ) আদেশ, ১৯৬৮-এর ধারা ১৬-এ ধারায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যবস্থার ফলে সংশ্লিষ্ট দলের স্বীকৃতি বাতিল হতে পারে। বাজেয়াপ্ত হবে নির্বাচনী প্রতীকও।

    কমিশনের ৮ নির্দেশিকা

    প্রসঙ্গত, ১ মার্চের ওই নির্দেশিকায় সমস্ত রাজনৈতিক দল, তাদের প্রার্থী এবং তারকা প্রচারকদের (Lok Sabha Election 2024) জন্য মোট আটটি আচরণবিধির কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সেগুলি হল—

    ১। ভোটের প্রচার চলাকালীন সাম্প্রদায়িক উস্কানিমূলক কোনও মন্তব্য বা আচরণ করা যাবে না। যা হিংসা ছড়াতে পারে।

    ২। ব্যক্তির সমালোচনা তাঁর কার্যকলাপ ও নীতির মধ্যেই তা সীমাবদ্ধ থাকবে। ব্যক্তিগত জীবন নিয়ে কোনওভাবে সমালোচনা করা যাবে না।

    ৩। ভোটারদের বিভ্রান্ত করতে কোনও রকমের ভুয়ো তথ্য দেওয়া যাবে না। অপর কোনও রাজনৈতিক দল বা প্রার্থীর বিরুদ্ধে কোনও ভিত্তিহীন অভিযোগ তোলা যাবে না (Lok Sabha Election 2024)।

    ৪। ধর্মীয় স্থানকে ভোট প্রচারের মঞ্চ কোনওভাবে বানানো যাবে না। ভোট পেতে জাত বা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানো যাবে না।

    ৫। রাজনৈতিক দলের প্রচারে কোনও ভাবেই নারীদের সম্মান ও মর্যাদা নষ্ট না হয়, তা মাথায় রাখতে হবে।

    ৬। পার্টির বা প্রার্থীর কোনও ভুয়ো বিজ্ঞাপন সংবাদমাধ্যমে প্রকাশ করা যাবে না।

    ৭। খবরের মোড়কে কোনও বিজ্ঞাপন কোনও সংবাদমাধ্যমে দেওয়া যাবে না।

    ৮। সমাজমাধ্যমের পাতায় আপত্তিকর এবং রুচিহীন কিছু পোস্ট বা শেয়ার করা যাবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: “আমেঠির মতো রাহুলের পরিণতি হবে এখানেও”, বললেন ওয়েনাড়ের বিজেপি প্রার্থী

    Lok Sabha Elections 2024: “আমেঠির মতো রাহুলের পরিণতি হবে এখানেও”, বললেন ওয়েনাড়ের বিজেপি প্রার্থী

    মাধ্যম নিউজ ডেস্ক: “আমেঠির মতো রাহুলের পরিণতি হবে এখানেও।” সোমবার কথাগুলি বললেন কেরলের ওয়েনাড়ের বিজেপি প্রার্থী কে সুরেন্দ্রন। ওয়েনাড় লোকসভা (Lok Sabha Elections 2024) কেন্দ্রে রাহুলের প্রধান প্রতিদ্বন্দ্বী কেরল বিজেপির এই রাজ্য সভাপতি। রাহুলকে হারানোর বিষয়ে আশাবাদী তিনি।

    আমেঠিতে হেরেছেন রাহুল (Lok Sabha Elections 2024)

    উনিশের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের আমেঠি ও কেরলের ওয়েনাড় এই দুই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। দীর্ঘদিন গান্ধী পরিবারের দখলে থাকা এই কেন্দ্রের রশি হাতছাড়া হয় গত লোকসভা নির্বাচনে। এই কেন্দ্রে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির স্মৃতি ইরানির কাছে পরাস্ত হন রাহুল। চার লাখেরও বেশি ভোটে গান্ধী পরিবারের এই সদস্য জয়ী হন ওয়েনাড়ে। এবারও ওয়েনাড়েই প্রার্থী হয়েছেন (Lok Sabha Elections 2024) রাহুল।

    কী বলছেন ওয়েনাড়ের বিজেপি প্রার্থী? 

    তাঁর বিরুদ্ধে লড়ছেন সুরেন্দর। তিনি বলেন, “আমেঠিতে রাহুলের যে দশা হয়েছিল, সেই একই দশা হবে ওয়েনাড়েও।” ওয়েনাড়ে লড়াইয়ের ময়দানে রয়েছেন ‘ইন্ডি’ জোটের শরিক সিপিআইয়ের প্রার্থী অ্যানে রাজাও। ত্রিমুখী এই লড়াইয়ে বাজিমাত করবে বিজেপিই। অন্তত এমনই আশা গেরুয়া শিবিরের। ওয়েনাড়ের বিজেপি প্রার্থী বলেন, “এই লোকসভা কেন্দ্রে উন্নয়ন সেভাবে হয়নি। এই কেন্দ্রের জন্য রাহুল কিছুই করেননি। গত লোকসভা নির্বাচনে আমেঠিতে তাঁর পরিণতি যা হয়েছিল, ওয়েনাড়েতেও তা-ই হবে।”

    আরও পড়ুুন: চন্দ্রনাথের বাড়িতে উদ্ধার ৪১ লাখ, চলতি সপ্তাহেই মন্ত্রীকে তলব ইডির

    উনিশের লোকসভা নির্বাচনে রাহুল পরাস্ত করেছিলেন সিপিআইয়ের পিপি সুনীরকে। হারিয়েছিলেন সাড়ে চার লাখেরও বেশি ভোটে। সেবার ওয়েনাড়ে বিজেপি নয়, প্রার্থী দিয়েছিল এনডিএর শরিক দল ভারত ধর্ম জন সেনা। এই দলের ঝুলিতে পড়েছিল মাত্রই ৭৮ হাজার ৮১৬ ভোট। এবার প্রার্থী দিয়েছে খোদ বিজেপিই। সুরেন্দ্রন বলেন, “কেন্দ্রীয় নেতৃত্ব আমার ওপর ভরসা করেছেন। তাঁরা আমায় ওয়েনাড়েতে লড়তে বলেছেন। ওয়েনাড়ের ভোটাররা নিশ্চয়ই প্রশ্ন করবেন, ইন্ডি জোটের শরিকরা কেন একই কেন্দ্রে সম্মুখ সমরে।” ওয়েনাড় কেন্দ্রটি পাহাড়ি এলাকায়। সেখানে রয়েছে নানা সমস্যা। তার মধ্যে একটি হল মানুষ এবং পশুর লড়াই। এই ইস্যুতেই কংগ্রেস কুপোকাত হয়ে যাবে বলেই আশাবাদী বিজেপি (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sikkim News: সিকিমে ভয়াবহ ধস, গ্যাংটক-লাচুং সমস্ত রাস্তা বন্ধ, বিপাকে পর্যটকরা

    Sikkim News: সিকিমে ভয়াবহ ধস, গ্যাংটক-লাচুং সমস্ত রাস্তা বন্ধ, বিপাকে পর্যটকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: দোল যাত্রার আবহেই বড়সড় বিপত্তি সিকিমে (Sikkim News)। সোমবারই প্রবল দুর্যোগের জেরে পার্বত্য এই রাজ্যে ভয়াবহ ধস নেমেছে বলে খবর। এই ধসে গ্যাংটক থেকে লাচুং যাওয়ার সমস্ত রাস্তাই বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে বিপাকে পড়েছেন অজস্র পর্যটক।

    প্রবল বৃষ্টিতে রাস্তা মাঝখান থেকে পুরো ধসে গিয়েছে

    যদিও ভয়াবহ ধসের ঘটনায় এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি সিকিম সরকার (Sikkim News)। কিন্তু এরই মাঝে জানা গিয়েছে, সেখানকার প্রশাসনের উদ্যোগী হয়েছে যাতে ধসের মাঝেই ঝুঁকি নিয়ে কোনও গাড়ি যাতায়াত না করতে পারে। একদিকে প্রতিকূল আবহাওয়া, তারপরে ধস। এতে পর্যটকরা খুবই বিপাকে পড়েছেন বলে খবর। ইতিমধ্যে সমাজমাধ্যমের সৌজন্যে লাচুং এর ধসের ছবি সামনে এসেছে। ওই ছবিতে দেখা গিয়েছে প্রবল বৃষ্টিতে রাস্তা মাঝখান থেকে পুরো ধসে গিয়েছে।

    বেহাল ১০ নং জাতীয় সড়ক

    সিকিমের এমন অবস্থায় ১০ নং জাতীয় সড়ক বেহাল হয়ে পড়েছে। অনির্দিষ্টকালের জন্যই তা বন্ধ করে দিয়েছে কালিম্পং জেলা প্রশাসন। রবিবারে এই নির্দেশিকা জারি করা হয়েছে। দোল উৎসবকে সামনে রেখে প্রচুর পর্যটক পাহাড়ে ভিড় জমিয়েছেন বলে খবর। এনারা প্রত্যেকেই আটকে পড়েছেন। প্রসঙ্গত, ১০ নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ির বালাসন সেতু থেকে গ্যাংটক (Sikkim News) পর্যন্ত বিস্তৃত রয়েছে।

    সিকিমে ধস নতুন কিছু নয়

    তবে বৃষ্টি হলেই সিকিমে ধস নামার ঘটনা নতুন কিছু নয়, গত বছরেও অক্টোবর মাসে মেঘভাঙা (Sikkim News) বৃষ্টির জেরে এমন ধসের ঘটনা সামনে এসেছিল। সিকিমের যে সমস্ত স্থানগুলি পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাত, তার মধ্যে লাচুং অন্যতম। অক্টোবর মাসে সিকিমে যখন ধস নামে, তখন বিকল্প রাস্তা ব্যবহার করা হয়েছিল। যদিও এখনও পর্যন্ত বিকল্প রাস্তা ব্যবহারের কোনওরকম নির্দেশিকা দেয়নি সিকিম সরকার।

    আরও পড়ুন:’নিজের মনে করেই সকলে আবির মাখাচ্ছে’, দোলে জনসংযোগ করে বললেন সুকান্ত

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Mandir Ayodhya: প্রথমবার রঙের উৎসবে রামলালা, অযোধ্যায় মহাসমারোহে পালিত দোল

    Ram Mandir Ayodhya: প্রথমবার রঙের উৎসবে রামলালা, অযোধ্যায় মহাসমারোহে পালিত দোল

    মাধ্যম নিউজ ডেস্ক: রাম মন্দিরের (Ram Mandir Ayodhya) ভিতরে দোল উৎসব উদযাপন করলেন ভক্তরা। চলতি বছরেই বালক রামের মূর্তির সামনে প্রথম রঙের উৎসবে সামিল হন পুণ্যার্থীরা। রাম মন্দিরের দোল উৎসব উদযাপনের সেই দৃশ্য ইতিমধ্যেই নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’। এর পাশাপাশি মন্দিরের অদূরে অবস্থিত হনুমানগড়িতেও রঙ উৎসবে মেতে ওঠেন ভক্তরা। দোলেরর দিন সকালেই রামলালাকে পরানো হয় নতুন পোশাক। দেওয়া হয় ৫৬ ধরনের ভোগ। এরপর রামচন্দ্রের (Ram Mandir Ayodhya) পায়ে আবির নিবেদনের মাধ্যমে সূচনা হয় দোল উৎসবের।

    রাম মন্দিরে দোল উৎসব

    বিপুল সংখ্যায় ভক্তরা এদিন রাম মন্দিরে (Ram Mandir Ayodhya) হাজির হন বিগ্রহ দর্শনে। পাশাপাশি রঙ উৎসবে মেতে ওঠেন তাঁরা। দোল উৎসব উদযাপনের সময় ভক্তিমূলক গানও গাইতে থাকেন ভক্তরা। প্রসঙ্গত ২২ জানুয়ারি রামলালার মূর্তিতে (Ram Mandir Ayodhya) প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। তারপরে চলতি বছরে এমন জাঁকজমক পূর্ণ রঙের উৎসবের সাক্ষী থাকল গোটা অযোধ্যা। দোল উৎসব পালন করতে গিয়ে এদিন ভক্তরা নিজেদের মধ্যে মিষ্টিমুখও করেন। প্রসঙ্গত চলতি বছরের দোল উৎসব যে মহাসমারোহে পালিত হতে চলেছে, তা গতকালই বলেন মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। গতকাল তিনি বলেন, “দোলের দু’দিন আগে থেকেই মানুষ উদযাপনে মেতেছেন। একে অপরকে রঙ মাখানো শুরু হয়ে গিয়েছে। প্রাণ প্রতিষ্ঠার পর, রাম মন্দিরে (Ram Mandir Ayodhya) এবার জমকালো ভাবে দোল উদযাপনের আয়োজন করবে রাম মন্দির ট্রাস্ট।”

    ফুলের আবিরে দোল উৎসব

    দোল উৎসব উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দেখা যাচ্ছে মন্দির চত্বরে। পৌরাণিক মত অনুসারে, ত্রেতা যুগে ফুলের আবিরে দোল খেলা হত। ঠিক সেইভাবেই এবছর কাচনার ফুলের আবির দিয়ে খেলা হল। গতকাল রাত থেকেই মন্দির প্রাঙ্গণে জোর কদমে শুরু হয় প্রস্তুতি। গবেষকদের মতে,  ত্রেতাযুগ থেকেই এই কাচনার ফুলকে অযোধ্যার রাজ্যবৃক্ষ বলা হত। গোরখপুর মন্দিরের দেওয়া ফুল থেকে তৈরি করা হয়েছে ভেষজ আবির। যা মানুষের ত্বকের জন্য অত্যন্ত নিরাপদ বলে মনে করা হচ্ছে।

    বালক রামের ছোট মূর্তি গড়লেন অরুণ যোগীরাজ

    রামলালার (Ram Mandir Ayodhya) বিগ্রহ তৈরি করেই দুনিয়া জুড়ে প্রচারের আলোয় এসেছিলেন অরুণ যোগীরাজ। জানুয়ারি মাসের পর ফের একবার রামলালার মূর্তি গড়লেন অরুণ। এবার ছোট আকৃতির রামলালা তৈরি করলেন শিল্পী। এক্স হ্যান্ডেলে সেই মূর্তির ছবিও শেয়ার করেছেন তিনি। সেখানে মূর্তি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে অরুণকে। বিগ্রহটি ৫১ ইঞ্চি লম্বা। অরুণ যোগীরাজ লেখেন, “আমার তৈরি রামলালার প্রধান মূর্তি নির্বাচিত হওয়ার পর, অবসর সময়ে আমি আরও একটি ছোট রামলালার পাথরের মূর্তি তৈরি করেছি।”

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share