Blog

  • Batla House Encounter: বাটলা হাউস এনকাউন্টারে দোষী সাব্যস্ত আরিজ খানের ফাঁসির সাজা রদ

    Batla House Encounter: বাটলা হাউস এনকাউন্টারে দোষী সাব্যস্ত আরিজ খানের ফাঁসির সাজা রদ

    মাধ্যম নিউজ ডেস্ক: বাটলা হাউস এনকাউন্টারের (Batla House Encounter) ঘটনায় দোষী সাব্যস্ত আরিজ খানের ফাঁসির সাজা রদ দিল্লি হাইকোর্টে। ফাঁসির বদলে আমৃত্যু কারাবাসের নির্দেশ আদালতের। বিচারপতি সিদ্ধার্থ মৃদুল ও অমিত শর্মার ডিভিশন বেঞ্চ আরিজের মৃত্যুদণ্ড রদ করে দেয়। তার বদলে দেওয়া হয় আমৃত্যু কারাবাসের সাজা।

    কলেজের পড়া শেষে জঙ্গি সংগঠনে

    আরিজ নিষিদ্ধ জঙ্গি সংগঠন মুজাহিদিনের সদস্য। মুজফফরনগরের বাসিন্দা আরিজ এক সময় ইঞ্জিনিয়ার ছিল। কলেজের পাঠ চুকিয়ে সে যোগ দেয় জঙ্গি সংগঠনে। বিস্ফোরক তৈরিতে তার অনায়াস দক্ষতার কারণে সংগঠনে তার গুরুত্বও ছিল বেশি। দক্ষিণ দিল্লির জামিনা নগরে বাটলা হাউসে ডেরা বেঁধেছিল আরিজরা। নেপাল সহ ভারতের প্রতিবেশী দেশগুলিতেও তার একাধিক ডেরা রয়েছে।

    বাটলা হাউসে এনকাউন্টার

    সূত্র মারফৎ খবর পেয়ে সেখানে হামলা চালায় পুলিশ। সেটা ছিল ২০০৮ সাল। দু’ পক্ষের সংঘর্ষে মৃত্যু হয় দিল্লি পুলিশের স্পেশাল সেলের ইনসপেক্টর মোহন চাঁদ শর্মার। পুলিশের পাল্টা গুলিতে (Batla House Encounter) জখম হয় আরিজ ও তার কয়েকজন সাগরেদ। যদিও পুলিশের চোখে ধুলো দিয়ে ফেরার হয়ে যায় আরিজ। ১০ বছর বাদে ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি পুলিশ গ্রেফতার করে তাকে। নিম্ন আদালত মৃত্যুদণ্ডের সাজা শোনায়। সেটাই খারিজ হয়ে গেল দিল্লি হাইকোর্টে। পুলিশ তদন্ত করে জানতে পারে দিল্লি ছাড়াও জয়পুর, আমেদাবাদে একাধিক বিস্ফোরণের নেপথ্যে হাত ছিল আরিজের।

    আরও পড়ুুন: মানিক ভট্টাচার্যের ছেলের অ্যাকাউন্টে ঢুকেছে আড়াই কোটি টাকা! আদালতে দাবি ইডির

    ২০২১ সালের মার্চ মাসে দিল্লির নিম্ন আদালত মোহনচাঁদ শর্মাকে খুন সহ একাধিক অপরাধে ফাঁসির সাজা শোনায় আরিজকে। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আরিজ। তার আইনজীবীর দাবি ছিল, মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে তাঁর মক্কেলকে। এই ঘটনায় আর এক অভিযুক্ত ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য শাহজাদ আহমেদকে ২০১৩ সালের জুলাই মাসেই যাবজ্জীবন কারাবাসের শাস্তি দিয়েছিল নিম্ন আদালত। এই রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন (Batla House Encounter) করেছিল শাহজাদ। সেই মামলা এখনও বিচারাধীন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Millets: বিশ্ববাসীকে মিলেটের পুষ্টিগুণ চেনাতে ওড়িশায় আন্তর্জাতিক সম্মেলন

    Millets: বিশ্ববাসীকে মিলেটের পুষ্টিগুণ চেনাতে ওড়িশায় আন্তর্জাতিক সম্মেলন

    মাধ্যম নিউজ ডেস্ক: মিলেটের (Millets) খাদ্যগুণের কথা অস্বীকার করা যায় না। তাই নিত্যদিনের খাবারের তালিকায় মিলেট রাখার বিষয়ে নানা সময় সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মিলেটের খাদ্যগুণের কথা স্বীকার করে এবং ঘরোয়া ও আন্তর্জাতিক বাজারে জনগণের মধ্যে এই পুষ্টিকর খাবার পৌঁছে দিতে ভারতের অনুরোধে ২০২৩ সালকে আন্তর্জাতিক মিলেট বর্ষ ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ।

    শ্রী অন্নকে গুরুত্ব দিতে প্রধানমন্ত্রীর উদ্যোগ

    শ্রী অন্নকে গুরুত্ব দিতে প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে, তা দেশের কোটি কোটি মানুষের পুষ্টির চাহিদা পূরণেও সক্ষম হবে। বিশ্ববাসীর কাছে এহেন মিলেটের গুরুত্ব তুলে ধরতে দু’ দিনের আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে ওড়িশায়। ১০ নভেম্বর শুরু হওয়া সম্মেলন চলবে ১১ তারিখ পর্যন্ত। পুষ্টির ঘাটতি মেটাতে উপজাতির লোকজন ভরসা করেন মিলেটের ওপর। সম্মেলনের মাধ্যমে সেই মিলেটকেই এবার তুলে ধরা হবে আন্তর্জাতিক মঞ্চে।

    মিলেট প্রতিকূল জলবায়ু সহনশীল

    মিলেট (Millets) প্রতিকূল জলবায়ু সহনশীল। বিশ্ব উষ্ণায়নের জেরে বদলে যাচ্ছে বিশ্বের জলবায়ু। তাই প্রয়োজন বিকল্প চাষের। মিলেট হল সেই চাষ, যা প্রতিকূল জলবায়ুতেও দিব্যি শস্য উৎপাদনে সক্ষম। পুষ্টিগুণের কথা মাথায় রেখে মিলেট চাষে উৎসাহ দিচ্ছে সরকারি, বেসরকারি নানা সংস্থা। আন্তর্জাতিক যে সম্মেলন ওড়িশায় হচ্ছে, তার থিম হল, ‘মিলেট – এনসিয়েন্ট গ্রেইনস ফর মডার্ন চ্যালেঞ্জস’। সম্মেলনে যোগ দেবেন দেশ-বিদেশের ৪-৫ হাজার কৃষক, মহিলা স্বনির্ভর গোষ্ঠী এবং ফারমার-প্রডিউসার অর্গানাইজেশন।

    আরও পড়ুুন: মানিক ভট্টাচার্যের ছেলের অ্যাকাউন্টে ঢুকেছে আড়াই কোটি টাকা! আদালতে দাবি ইডির

    সম্মেলনে হবে বি টু বি অধিবেশন, রাউন্ড টেবিলস, টেকনিক্যাল অধিবেশন, ডেমনস্ট্রেশনস অন মেশিনারি অ্যান্ড প্যাকেজিং টেকনোলজি এবং কৃষক ও অন্যদের জন্য বিশেষ অধিবেশন। শ্রী অন্ন (মিলেট) হল জোয়ার, বাজরা এবং রাগি। শুকনো মাটি কিংবা পাহাড়ি এলাকা, সর্বত্রই মিলেট চাষ করা যায়। যেসব এলাকায় জলের অভাবে অন্য কোনও শস্য চাষ করা যায় না, সেখানেও অনায়াসে উৎপাদন করা যায় মিলেট। মিলেট প্রোটিনজাত খাবারের অন্যতম উৎস। ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস এবং ডায়েটরি তন্তু সমৃদ্ধ। সেই কারণেই সেনা সহ দেশের বিভিন্ন বাহিনীতে খাবারে মিলেট দেওয়া হচ্ছে। ২০২৩-২৪ অর্থবর্ষে ওড়িশা সরকার ৮ লক্ষ ক্যুইন্টাল মিলেট (Millets) উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • ICC World Cup 2023: বিশ্বকাপ মেলাল বিরাট-নবীনকে! রেকর্ড গড়েও নিরুত্তাপ, কাপ জয়ই লক্ষ্য রোহিতের

    ICC World Cup 2023: বিশ্বকাপ মেলাল বিরাট-নবীনকে! রেকর্ড গড়েও নিরুত্তাপ, কাপ জয়ই লক্ষ্য রোহিতের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিরাট কোহলির মঞ্চে রোহিত শর্মার ‘শো’ দেখল কোটলা। হিটম্যানের দাপটে খড়কুটোর মতোই উড়ে গেল আফগানিস্তান। ভাল খেললেন কোহলিও।  বিশ্বকাপে দ্রুততম হাজার রান,  সপ্তম শতরান একাধিক রেকর্ড গড়েও ম্যাচ শেষে নিরুত্তাপ ভারত অধিনায়ক। বললেন,  ‘আমি রেকর্ড নিয়ে খুব একটা বেশি ভাবতে চাই না। দীর্ঘ পথ চলতে হবে। রেকর্ড করলে সব সময়ই ভালো লাগে। কিন্তু এখন নিজের রেকর্ডের কথা ভাবছি না। সেই সব ভাবতে গেলে মনঃসংযোগ নষ্ট হতে পারে। প্রতিযোগিতা সবে শুরু হয়েছে। আমার লক্ষ্য বিশ্বকাপ জেতা।’

    কী বললেন রোহিত

    পর পর দুটো ম্যাচ জিতে শনিবার চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে রোহিত-ব্রিগেড।  ভারত অধিনায়কের কথায়, “পাকিস্তানকেও হারাতে হবে। ফোকাস নষ্ট করা চলবে না। পর পর দুটো ম্যাচ জিতে ভালো লাগছে। তবে জয়ের ধারা বজায় রাখতে হবে। ” তিনি আরও যোগ করেছেন, ‘বিশ্বকাপে শতরান করা সব সময়েই আনন্দের। আমি ভালোই খেলছিলাম। খালি বড় রান পাচ্ছিলাম না। কিন্তু জানতাম, বড় রান আসবে। ব্যাটে বল ভাল আসছিল। তাই শুরু থেকে চালিয়ে খেলেছি। এটাই আমার খেলার ধরন। আমি আক্রমণাত্মক খেলতে ভালবাসি।’

    দিল্লি দেখল অন্য দৃশ্য

    রোহিতের রেকর্ডের সঙ্গে সঙ্গেই এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম সাক্ষী থাকল আরও অনেক কিছুর। আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পরই আলোচনায় ছিল বিরাট কোহলি বনাম নবীন উল হক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সংস্করণে তাদের বিতর্ক ‘মুখরোচক’ বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু কোটলা দেখল অন্য ছবি। বিশ্বকাপ মেলাল বিরাট-নবীনকে। সমর্থকরা কী চাইছিলেন, তা অজানা। তবে সবটাই যে অতীত, বুঝিয়ে দিলেন কিং কোহলি। যাঁরা নানা সময়ে নবীন-বিরাটের ঘটনায় বিদ্রুপ করেছিলেন, তাঁদের ধুয়ে দিলেন কমেন্ট্রি বক্সে থাকা গৌতম গম্ভীর। তেমনই প্রশংসায় ভরিয়ে দিলেন বিরাট কোহলি এবং নবীন উল হককে।আফগানিস্তান ইনিংসে নবীন উল হক ব্যাটিংয়ে নামতেই, স্প্লিট স্ক্রিনে ধরা হল বিরাটকে। জায়ান্ট স্ক্রিনে দু-জনকে একসঙ্গে দেখাতেই গ্যালারিতে ব্যাপক আওয়াজ। বিরাট হাসতে থাকেন পুরনো ঘটনা নিয়ে এমন পরিস্থিতি তৈরি হওয়ায়।

    ঈশানের আউটে বিরাট কোহলি ক্রিজে নামতেই বোলিংয়ে আনা হয় নবীনকে। কয়েকটি ডেলিভারি সামলে নিলেন। রান নেওয়ার সময় নবীনের পাশ দিয়ে দৌড়ছিলেন বিরাট। ক্যামেরা ধরল তাঁদেরই। কিছুক্ষণ পরই অনবদ্য একটা দৃশ্য। বিরাট-নবীন হাত মেলাচ্ছেন। আফগানিস্তানের তরুণ ক্রিকেটারের পিঠ চাপড়ে দিচ্ছেন বিরাট কোহলি। গ্যালারির দিকেও ইশারা করলেন, উৎসাহ দাও এই তরুণকে। গ্যালারিও ভুলে গেল। গালি নয় তালিতে ভরে উঠল চারপাশ। সমালোচকদের জাবাব দিয়ে ধারাভাষ্যে থাকা গৌতম গম্ভীরও প্রশংসায় ভরিয়ে দিলেন বিরাটকে। বললেন, “বিরাট মানের ক্রিকেটারের থেকে এমন পরিণত আচরণই প্রত্যাশা করেন।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Siliguri: ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলে চমক দিল শিলিগুড়ির খুদে মৃগাঙ্ক, কী করেছে জানেন?

    Siliguri: ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলে চমক দিল শিলিগুড়ির খুদে মৃগাঙ্ক, কী করেছে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বয়স মাত্র দেড় বছর। এই ছোট্ট বয়সে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলে চমক দিল শিলিগুড়ির (Siliguri) মৃগাঙ্ক শেঠ। এই বয়সে শিশুরা আদো আদো স্বরে দু’একটি শব্দ বলার চেষ্টা করে। সেখানে মৃগাঙ্ক দেহের বিভিন্ন অঙ্গ,প্রতঙ্গ, নানা ধরনের ফুলফল, শাকসবজি, কীটপতঙ্গ ও পাখির নাম অবলীলায় বলে দিচ্ছে। এই বিস্ময়কর প্রতিভার কারণে মৃগাঙ্কের নাম ইন্ডিয়া বুক অব রেকর্ডসে উঠেছে।

    ছোট্ট মৃগাঙ্কর প্রতিভা জানলে চমকে যাবেন (Siliguri)

    পরিবার সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির (Siliguri) দক্ষিণ দেশবন্ধু পাড়ার বাসিন্দা মৃণাল শেঠ ও মালবিকা শেঠের  সন্তান মৃগাঙ্ক। ছ’-সাত মাস বয়সেই সে কথা বলতে শেখে। একদিন পরিবারের সদস্যরা খেয়াল করেন, কিছু শব্দ ও কথা মৃগাঙ্ক নিজের মনে বলে চলেছে। তারপর নানাভাবে পর্যবেক্ষণ চালিয়ে দেখা যায়, যে কোনও শব্দ একবার শুনলে  তা মনে রেখে পরে তা অনায়াসে বলছে। তারপর ওকে পাখি, ফুলফল, রঙ, বিভিন্ন জিনিসের নাম পড়ানো শুরু করা হয়। বেশ কিছুদিন পরে সেগুলি জিজ্ঞেস করলে নির্ভুলভাবে বলে দিচ্ছে। এভাবেই  মৃগাঙ্ক ১০টি পাখির নাম, একুশ রকমের জিনিস, চার রকমের পতঙ্গ, চার রকমের মাছ, সতেরো রকমের সবজি, ২১ টি প্রাণী, এগারো রকমের ফলের নাম এবং ১৬৯ টি শব্দ ইংরেজি থেকে বাংলায় তর্জমা করতে পারছে। ১ থেকে ১৫ বাংলা এবং ইংরেজিতে অবলীলায় বলে দিচ্ছে সে। 

    কীভাবে ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম তুলল সে?

    মৃগাঙ্কের বাবা মৃণালালবাবু বলেন, এত কম বয়সে ছেলের এই প্রতিভা দেখে আমরা বিস্মিত হয়ে যাই। প্রতিবেশিরাও ভিড় করতে থাকে তার এই প্রতিভা যাচাই করতে। একদিন ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে  ইন্ডিয়া বুক অব রেকর্ডসের ওয়েবসাইটে গিয়ে দেখি সেখানে নাম তুলতে গেলে কী কী করতে হবে। সেই মতো আমি আমার ছেলের এই প্রতিভার নানা মুহূর্ত ভিডিও রেকর্ডিং করে  পাঠাই। তারপর সেখান থেকে আমার ছেলের এই প্রতিভা যাচাই করে তাঁরা স্বীকৃতি দিয়ে শংসাপত্র ও মেডেল পাঠিয়ে জানায় আমার ছেলের নাম ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠেছে। মৃনালবাবু ও তার স্ত্রী চান, সেই বিস্ময় প্রতিভা নিয়ে মৃগাঙ্ক স্বাভাবিক ছন্দে বেড়ে উঠুক। কোনও কিছুর চাপে যেন তাদের শিশু সন্তানের এই সহজাত প্রতিভা নষ্ট না হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Recruitment Case: মানিক ভট্টাচার্যের ছেলের অ্যাকাউন্টে ঢুকেছে আড়াই কোটি টাকা! আদালতে দাবি ইডির

    Recruitment Case: মানিক ভট্টাচার্যের ছেলের অ্যাকাউন্টে ঢুকেছে আড়াই কোটি টাকা! আদালতে দাবি ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: পরিচয় বলতে তিনি নিয়োগ কেলেঙ্কারিতে (Recruitment Case) ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ছেলে। মানিক নদিয়ার নাকাশিপাড়ার বিধায়ক। তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন। স্বাভাবিকভাবেই সৌভিকও তৃণমূল নেতা, তবে বড় দরের নয়, ছোট দরের। এহেন তৃণমূল নেতা মানিক পুত্র শৌভিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে নিয়োগ কেলেঙ্কারির প্রায় আড়াই কোটি টাকা। অন্তত কলকাতা হাইকোর্টে এমনটাই জানিয়েছে ইডি।

    শৌভিক সরাসরি সুবিধাভোগী!

    তদন্তকারীরা তাঁকে সরাসরি সুবিধাভোগী বলেও উল্লেখ করেছেন। বুধবার শুনানি ছিল শৌভিকের জামিনের আবেদনের। শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। তখনই মানিক-পুত্রের জামিনের বিরোধিতা করে ইডি জানায়, শৌভিকের অ্যাকাউন্টে ঢুকেছে নিয়োগ দুর্নীতির ২ কোটি ৪৭ লক্ষ টাকা। নিয়োগ কেলেঙ্কারি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মতোই টাকা নয়ছয় করেছেন শৌভিক। অভিযোগ, স্কুলের মাধ্যমেও তছরুপ করেছেন নিয়োগ কেলেঙ্কারির (Recruitment Case) টাকা।

    স্কুল ও ক্লাবের মাধ্যমে টাকা সাইফন!

    আদালতে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি জানান, নিয়োগ কেলেঙ্কারি মামলায় ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করতে বলেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। স্বাভাবিকভাবেই তদন্তের গতি বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে ঢের বেশি। এই পরিস্থিতিতে মঞ্জুর হওয়া উচিত নয় সৌভিকের জামিন। সুপ্রিম কোর্টের এক পর্যবেক্ষণ তুলে ধরে ইডির আইনজীবী বলেন, “যে ব্যক্তি বেআইনিভাবে টাকা নেয় এবং যে ব্যক্তি সেই টাকা ভোগ করে, উভয়েই সমান দোষী।” ইডির আইনজীবীর সওয়াল, পার্থ চট্টোপাধ্যায় যেমন তাঁর স্ত্রীর নামে স্কুল খুলে টাকা সাইফন করেছিলেন, সেভাবেই মানিক-পুত্র সৌভিক স্কুল ও ক্লাবের মাধ্যমে টাকা সাইফন করেছেন বলে অভিযোগ।

    আরও পড়ুুন: “কয়েকজন জালি হিন্দুর জন্য পিতৃপক্ষে দুর্গাপুজো উদ্বোধন”! মমতাকে নিশানা শুভেন্দুর

    এই প্রথম নয়, ইডি আগেও একাধিকবার জানিয়েছিল, দু’টি নামী ক্লাবের মাধ্যমে কালো টাকা সাদা করেছিলেন শৌভিক। এদিন ফের সেই একই দাবি করল তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, নিয়োগ কেলেঙ্কারি (Recruitment Case) মামলায় গ্রেফতার করা হয়েছিল মানিকের স্ত্রী শতরূপা ও ছেলে শৌভিককে। শতরূপা জামিন পেয়েছেন আগেই। তাঁকে জামিন দিতে গিয়ে আদালতের পর্যবেক্ষণ ছিল, শতরূপা যে নিয়োগ কেলেঙ্কারির টাকা নিয়েছিলেন সে প্রমাণ পেশ করতে পারেনি ইডি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Israel: হামাসের পর এবার ইজরায়েলে হামলা হেজবোল্লা, সিরিয়ার, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

    Israel: হামাসের পর এবার ইজরায়েলে হামলা হেজবোল্লা, সিরিয়ার, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েলের (Israel) ওপর হামলা চালিয়েছিল হামাসরা। এবার আক্রমণ ধেয়ে এল উত্তরের লেবানন ভূখণ্ড থেকেও। বুধবার রাতে  আকাশযান থেকেও হামলা চালানো হয়েছে লেবানন সীমান্তবর্তী ইজরায়েলি শহর বেইট শিয়ার, সাফেদ এবং টাইবেরিয়াসের ওপর। অনুমান, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লার ড্রোন হানা দিয়েছে ইজরায়েল ভূখণ্ডে। ইজরায়েল সেনা সূত্রে খবর, ঘটনার নেপথ্যে লেবাননের বায়ুসেনার ভূমিকাও থাকতে পারে।

    হেজবুল্লা বাহিনীর হুঁশিয়ারি

    বুধবার সকালেই ইরানের মদতপুষ্ট হেজবুল্লা বাহিনী হুঁশিয়ারি দিয়েছিল ইজরায়েলকে। বিবৃতি জারি করে লেবাননের ওই জঙ্গিগোষ্ঠীর এক মুখপাত্র বলেছিলেন, “প্যালেস্তাইনকে ইউক্রেন ভাবলে ভুল করবে অন্যরা। বাইরের কোনও শক্তি ইজরায়েল ও হামাসের সংঘাতে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।” এরই কয়েক ঘণ্টা পরে শুরু হয়েছে হামলা। হেজবুল্লা বাহিনীতে রয়েছে লক্ষাধিক যোদ্ধা। এর আগেও ইজরায়েলের ওপর হামলা চালিয়েছে তারা।

    হামাসকে শুভেচ্ছা হেজবুল্লার 

    ৭ অক্টোবর হামাস যখন প্রথম হামলা চালায়, তখন তাদের শুভেচ্ছা জানিয়েছিল লেবানের হেজবুল্লা। হামাস-ইজরায়েল যুদ্ধ বুধবার পড়ল পঞ্চম দিনে। এদিন পর্যন্ত মৃত্যু হয়েছে হাজার চারেক ইজরায়েলি নাগরিকের। এহেন পরিস্থিতিতে হেজবুল্লা ঢুকে পড়ায় হতাহতের সংখ্যা বাড়বে বলেই আশঙ্কা। ইজরায়েলি (Israel) সেনার তরফে জানানো হয়েছে, দেশের আকাশসীমায় বেআইনি অনুপ্রবেশ ঘটিয়েছে লেবানন। তাদের আকাশসীমা লঙ্ঘন করে ভিতরে ঢুকে পড়েছে পড়শি দেশ।

    ১৯৮২ সালে হেজবুল্লা প্রতিষ্ঠা করে ইরানের রেভলিউশনারি গার্ড। ইজরায়েলের বাহিনী লেবানন আক্রমণ করলে এবং ইসলামি বিপ্লবকে আরব দুনিয়ায় ছড়িয়ে দিতেই গড়া হয়েছিল হেজবুল্লা। সেই হেজবুল্লাই এবার সঙ্গত দিতে শুরু করল হামাসকে।

    আরও পড়ুুন: “কয়েকজন জালি হিন্দুর জন্য পিতৃপক্ষে দুর্গাপুজো উদ্বোধন”! মমতাকে নিশানা শুভেন্দুর

    এদিকে, সিরিয়া সীমান্তে মোতায়েন থাকা কামান থেকেও গোলা ছোড়া হচ্ছে ইজরায়েলে (Israel)। তেল আভিভের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের বাহিনী গোলা ও মর্টার শেলের জবাব দিচ্ছে। সিরিয়া থেকে যে হামলা হচ্ছে, তা আমরা প্রতিহত করছি।” প্রসঙ্গত, সিরিয়ার সঙ্গেও ইহুদিদের দেশ ইজরায়েলের রক্তাক্ত সংঘাত হয়েছে একাধিকবার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • Suvendu Adhikari: “কয়েকজন জালি হিন্দুর জন্য পিতৃপক্ষে দুর্গাপুজো উদ্বোধন”! মমতাকে নিশানা শুভেন্দুর 

    Suvendu Adhikari: “কয়েকজন জালি হিন্দুর জন্য পিতৃপক্ষে দুর্গাপুজো উদ্বোধন”! মমতাকে নিশানা শুভেন্দুর 

    মাধ্যম নিউজ ডেস্ক: মহালয়ার আগে পিতৃপক্ষেই আজ, বৃহস্পতিবার কালীঘাটের বাড়ি থেকে বেশ কিছু পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মহালয়া থেকে শুরু হত দুর্গা পুজোর উদ্বোধন। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হলেই মূলত পুজো উদ্বোধন হত। 

    কী বললেন শুভেন্দু

    সনাতন হিন্দু ধর্মে পিতৃপক্ষে কোনও শুভ কাজ করা উচিত নয়। কিন্তু মাতৃপক্ষ বা দেবীপক্ষের আগেই পুজোর উদ্বোধন করায় সমালোচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, “কোনো কালচারাল অনুষ্ঠান নয় দুর্গাপুজো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জালি হিন্দুর জন্য পিতৃপক্ষে দুর্গা পুজোর উদ্বোধন করবেন।” বিজেপির স্পোর্টস অ্যান্ড ক্লাব রিলেশন সেলের অনুষ্ঠানে গিয়ে শুভেন্দু অধিকারী আজ জানান, “মুখ্যমন্ত্রী বাড়ি বসে পুজোর ফিতে কাটবেন পিতৃপক্ষে। ১২ তারিখ থেকে সব করবেন। পারেও বটে। আগের বছরও এটা করেছিলেন।” এরই সাথে বিরোধী দলনেতার সংযোজন, “অন্য ধর্মের জন্য উনি যদি এটা করতেন তাহলে ট্রেন বন্ধ হয়ে যেত, ইট পড়ত বাসে। ৩৭ টা বাস পোড়ানো হত সাঁতরাগাছিতে। গোটা একটা ট্রেন জ্বলে যেত হাজারদুয়ারিতে। আমরা মনে করি দুর্গাপুজো হবে শাস্ত্রমতে। আমি যদি সঠিক হিন্দু হই, বিশুদ্ধ সনাতনী হই, বিশুদ্ধ রাষ্ট্রবাদী হই তাহলে শুভ কাজ করব না পিতৃপক্ষে।”

    আরও পড়ুন: লেনদেন কত? টাকার উৎস কী? সাড়ে ৮ ঘণ্টা ধরে রুজিরাকে জিজ্ঞাসাবাদ ইডির

    কী করবেন মুখ্যমন্ত্রী

    বিকেল চারটে নাগাদ প্রথমে শ্রীভূমির পুজো ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তারপর একে-একে অন্যগুলি। চলতি বছর সাড়ে আটশো পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। হাঁটুতে চোটের কারণে সশীরে উপস্থিত থাকতে পারছেন না তিনি। তার বদলে ভার্চুয়ালি প্রায় ৮০০-র বেশি পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা। প্রথম দিন শ্রীভূমি-সহ কলকাতার ৬টি পুজোর উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। গত বছর মুখ্যমন্ত্রী মহালয়ার দুদিন আগে কিছু পুজোর উদ্বোধন করেন। পিতৃপক্ষে পুজো উদ্বোধন নিয়ে সেবার তৈরি হয়েছিল বিতর্ক। এবারও পিতৃপক্ষের মধ্যে দুর্গাপুজো উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Rujira Banerjee: লেনদেন কত? টাকার উৎস কী? সাড়ে ৮ ঘণ্টা ধরে রুজিরাকে জিজ্ঞাসাবাদ ইডির

    Rujira Banerjee: লেনদেন কত? টাকার উৎস কী? সাড়ে ৮ ঘণ্টা ধরে রুজিরাকে জিজ্ঞাসাবাদ ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়লা পাচারকাণ্ডের পর এবার নিয়োগ দুর্নীতি মামলায় ইডির জেরার মুখে অভিষেক পত্নী রুজিরা বন্ধ্যোপাধ্যায় (Rujira Banerjee)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে বুধবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় ইডি (ED)। সাড়ে ৮ ঘণ্টার পর ম্যারাথন জেরার পর ছাড়া পান রুজিরা।

    সাড়ে ৮ ঘণ্টার ম্যারাথন জেরা

    সকাল ১১টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ঢুকেছিলেন৷ বেরলেন যখন, তখন ঘড়িতে সন্ধে সাড়ে ৭টা৷ প্রায় সাড়ে ৮ ঘণ্টা সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ৬ তলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে রইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়৷ চলল জিজ্ঞাসাবাদ৷ এর আগে কয়লা দুর্নীতির তদন্তে সিবিআই তলব করলেও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম তলব করা হয়েছিল অভিষেক জায়াকে৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের সূত্রে আলোচনায় উঠে আসে লিপস অ্যান্ড বাউন্ডস নামে এক সংস্থার নাম৷ সূত্রের খবর, এই সংস্থারই প্রাক্তন ডিরেক্টর ছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়৷

    জেরায় কী কী জানতে চাওয়া হল

    ইডি সূত্রে খবর, বুধবার সকাল থেকে মোট দু’দফায় জিজ্ঞাসাবাদ করা হয় রুজিরাকে। এদিন তাঁর বয়ানও রেকর্ড করা হয়। এক মহিলা আধিকারিকের উপস্থিতিতে রুজিরার  জেরা চলে। স্রেফ অভিষেক নন, লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর ছিলেন তাঁর স্ত্রীও। ওই সংস্থায় রুজিরা কী কী দায়িত্ব পালন করতেন? এই কোম্পানিতে তাঁর ভূমিকা কী ছিল? লেনদেনের বিষযে কিছু জানতেন কি না, এই সংস্থা কী ধরনের পরিষেবা দেয়, এই সমস্ত বিষয় নিয়ে এদিন তাঁকে ইডির তরফে জিজ্ঞাসাবাদ করা হয়।

    আরও পড়ুুন: হাতে নয়া তথ্য, দাবি সিবিআইয়ের, তাই কি ফের খারিজ পার্থর জামিনের আর্জি?

    রুজিরাকে জেরা নিয়ে কী বললেন শুভেন্দু

    ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর ডিরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল৷ যদিও তাঁরা শারীরিক অসুস্থতার কারণে আসেননি৷ চিঠি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ১২০০ পাতার নথি এবং মা লতা বন্দ্যোপাধ্যায় ১০০০ পাতার নথি জমা করেছিলেন। এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন লুকোচুরি চলছে। বন্দ্যোপাধ্যায় পরিবারের অনেককেই ডাকা হয়েছিল। কোর্টের নির্দেশ মেনে তদন্তে সহযোগিতা করলে ভাল। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ আদালতের নির্দেশে হচ্ছে। তদন্তের গতি অত্যন্ত স্লথ। আদালতের তিরস্কারের পর বাধ্য হয়ে তৎপর হয়েছে ইডি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Israel-Hamas Conflict: শুরু ‘অপারেশন অজয়’! ইজরায়েল, যুদ্ধে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে সক্রিয় সরকার

    Israel-Hamas Conflict: শুরু ‘অপারেশন অজয়’! ইজরায়েল, যুদ্ধে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে সক্রিয় সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েলে (Israel-Hamas Conflict) আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে বিমান পাঠানোর পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। গাজায় হামাস গোষ্ঠীর সঙ্গে ইজরায়েলের সংঘাত বেঁধেছে। এই পরিস্থিতিতে ওই অঞ্চলে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা দিতে বদ্ধ পরিকর কেন্দ্র। বুধবার রাতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন অজয়’। জেরুজালেম, তেল আভিভ-সহ ইজরায়েলের বিভিন্ন শহরে আনুমানিক ১৮ হাজার ভারতীয় বসবাস করেন। তাঁদের কেউ তথ্যপ্রযুক্তি কর্মী। কেউ পরিষেবা ক্ষেত্রের সঙ্গে যুক্ত। কেউ আবার পড়ুয়া।

    অপারেশন অজয় 

    জয়শঙ্কর জানান, ‘‘ইজরায়েল থেকে ফিরে আসতে ইচ্ছুক ভারতীয়দের ফিরিয়ে আনতে অপারেশন অজয় শুরু করা হচ্ছে। বিশেষ চার্টার্ড উড়ান-সহ সব ব্যবস্থা রাখা হচ্ছে। বিদেশের মাটিতে আমাদের নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণের জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।’’ দূতাবাস থেকে আরও বলা হয়েছে, বৃহস্পতিবারই একটি বিশেষ উড়ান ভারত থেকে ইজরায়েলে (Israel-Hamas Conflict) গিয়ে তাদের দেশে ফিরিয়ে আনবে। তারপর ধাপে ধাপে আরও যারা যারা ফিরতে চাইবেন, তাঁদের সকলকেই ফিরিয়ে আনা হবে।

    বিশেষ ব্যবস্থা মোদি সরকারের

    চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার বিদেশ থেকে ভারতীয়দের ফেরাতে পদক্ষেপ করল কেন্দ্র। এর আগে এপ্রিল-মে মাসে যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে নাগরিকদের ফেরাতে ‘অপারেশন কাবেরী’ চালিয়েছিল মোদি সরকার। এবার ইজরায়েল (Israel-Hamas Conflict)। তেল আভিভের ভারতীয় দূতাবাস জানিয়েছে, বৃহস্পতিবার প্রথম স্পেশাল বিমান ইজরায়েল থেকে রওনা দেবে। এ ব্যাপারে একাধিক ভারতীয় নাগরিককে ইমেল করে জানানো হয়েছে। রেজিস্টার্ড বাকি ভারতীয়দের পরবর্তী বিশেষ বিমানগুলি সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া হবে।

    আরও পড়ুন: হামাসকে আইসিসের সঙ্গে তুলনা বাইডেনের, ইজরায়েল যাচ্ছেন মার্কিন বিদেশ সচিব

    গত ৭ অক্টোবর গাজা স্ট্রিপ থেকে ইজরায়েলের উপর বড়সড় হামলা চালায় হামাস জঙ্গিরা। এর পরই যুদ্ধ ঘোষণা করে পাল্টা প্রত্যাঘাত শুরু করে ইহুদি সেনা। গাজায় একের পর এক এয়ার স্ট্রাইক চালায় তাঁরা। এহেন পরিস্থিতিতে নয়াদিল্লি থেকে তেল আভিভ পর্যন্ত উড়ান পরিষেবা বন্ধ রেখেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

    ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম

    বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ইজরায়েল- প্যালেস্টাইনের (Israel-Hamas Conflict) পরিস্থিতি নিয়ে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রয়োজনীয় তথ্য় ও সহায়তা দেওয়ার জন্য এটা করা হয়েছে।

    কন্ট্রোল রুমের নম্বরগুলি হল:

    1800118797 (toll free), +91-11 23012113, +91-11-23014104, +91-11-23017905 , +919968291988,

    ইমেল আইডি:

    situationroom@mea.gov.in

    অন্যদিকে তেল আভিভে ভারতীয় দূতাবাসের সঙ্গে +972-35226748, +972-543278392 নম্বরে যোগাযোগ করতে পারেন। তাদের মেল আইডি হল cons1.telaviv@mea.gov.in

    রামাল্লাতে ভারতীয় দূতাবাসের কন্ট্রোল রুমের নম্বর হল +970-592916418 (WhatsApp-ও)

    ইমেল আইডি হল rep.ramallah@mea.gov.in

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Bihar Train Accident: বিহারে লাইনচ্যুত কামাক্ষ্যাগামী নর্থ-ইস্ট এক্সপ্রেস, মৃত ৫, আহত শতাধিক

    Bihar Train Accident: বিহারে লাইনচ্যুত কামাক্ষ্যাগামী নর্থ-ইস্ট এক্সপ্রেস, মৃত ৫, আহত শতাধিক

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিরে এল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি। এবার উল্টে গেল কামাক্ষ্যাগামী নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেসের (North East Express Derailment) ৬টি বগি। ঘটনাস্থল বিহারের বক্সার জেলা (Bihar Train Accident)। শেষ খবর মেলা পর্যন্ত ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও উদ্ধারকারী দল পৌঁছেছে। পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। 

    রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত

    রেল সূত্রে খবর, বুধবার রাত ৯টা ৩৫ মিনিট নাগাদ দানাপুর ডিভিশনের রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয় দিল্লির আনন্দ বিহার থেকে অসমের কামাক্ষ্যাগামী ১২৫০৬ ডাউন নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস (North East Express Derailment)। লাইন থেকে ছিটকে যায় একাধিক কামরা। এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্থানীয় প্রশাসন। দানাপুরের ডিআরএম ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। পৌঁছেছেন বক্সার জেলার প্রশাসনিক কর্তারা (Bihar Train Accident)। পৌঁছন জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রেলের আধিকারিকরা। জোরকদমে চলছে উদ্ধারকাজ। তবে, রাতের অন্ধকারে, উদ্ধার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলে জানা গিয়েছে। পরে, যুদ্ধকালীন তৎপরতায় আলোর ব্যবস্থা করে উদ্ধারকার্য পুরোদমে চালু করা হয়।

    হেল্পলাইন নম্বর চালু রেলের

    দুর্ঘটনার পরই রেলের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে (Bihar Train Accident)। সেগুলো হল— পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনের হেল্পলাইন- ৮০৮১২০৬৬২৮ ও ৮০৮১২১২১৩৪, পাটনা জংশন হেল্পলাইন- ৯৭৭১৪৪৯৯৭১, দানাপুর হেল্পলাইন- ৮৯০৫৬৯৭৪৯৩, কন্ট্রোল রুম হেল্পলাইন- ৭৭৫৯০৭০০০৪, আরা জংশন হেল্পলাইন- ৮৩০৬১৮২৫৪২, চণ্ডাওয়াল স্টেশন – ৭৭৫৯০৭০০০৪, গয়া জংশন হেল্পলাইন- ৯৭৭১৪২৭৪৯৪ ও ৭৫১৮৪০১০৪৫। এই দুর্ঘটনার (North East Express Derailment) ফলে ওই লাইনে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বহু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করে দেওয়া হয়েছে।


     

     

    ট্যুইট বিহারের উপমুখ্যমন্ত্রী ও অসমের মুখ্যমন্ত্রীর

    দ্রুত উদ্ধারকাজে (Bihar Train Accident) সমস্ত রকম সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে বলে ট্যুইট করে জানিয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। বিহারের উপ-মুখ্যমন্ত্রী ট্যুইট করে বলেছেন, ‘‘বক্সার এবং আরার জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। আহতদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হচ্ছে। যতটা দ্রুত সম্ভব আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছনোর চেষ্টা করছেন।’’ খোঁজ রাখছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। তিনি নিজের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে লেখেন, “আনন্দ বিহার থেকে কামাখ্যাগামী ১২৫০৬ নর্থ-ইস্ট এক্সপ্রেসের লাইনচ্যুত (North East Express Derailment) হওয়ার খবর পেয়েছি। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। স্থানীয় কর্তৃপক্ষ এবং অন্যান্য সংস্থার সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা চালাচ্ছি।”

     

    চারটি রাজ্য অতিক্রম করে এই ট্রেন

    রেল সূত্রে খবর (Bihar Train Accident), নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস প্রতিদিন উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং অসমের মতো চারটি রাজ্য অতিক্রম করে। কানপুর, এলাহাবাদ, মুঘলসরাই (এখনকার নাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন), পটনার মতো প্রধান স্টেশন সহ প্রায় ২৮টি স্টপেজ রয়েছে ট্রেনটির। পশ্চিমবঙ্গে এই ট্রেন (North East Express Derailment) স্টপেজ দেয় নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড এবং নিউ জলপাইগুড়ি স্টেশন। এটি ৩৩ ঘণ্টা ধরে প্রায় ১,৮৫৬ কিমি দূরত্ব অতিক্রম করে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share