Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Depression: নিম্নচাপের প্রভাবে বাধাপ্রাপ্ত উত্তুরে হাওয়া! সপ্তাহান্তে কমতে পারে শীত

    Depression: নিম্নচাপের প্রভাবে বাধাপ্রাপ্ত উত্তুরে হাওয়া! সপ্তাহান্তে কমতে পারে শীত

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে শীতের  দাপট বাড়ছে। লেপ-কম্বল বার করে নিয়েছেন বহু মানুষই। চাদর সোয়েটার তো বেরিয়েছেই। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে উত্তুরে হাওয়ার দাপট রয়েছে। তাই আজ হালকা শীতেকর আমেজ বজায় থাকবে দক্ষিণবঙ্গে। তবে সাগরে গভীর নিম্নচাপের জেরে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

    আরও পড়ুন: জেগে উঠেছে ইন্দোনেশিয়ার মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি, সরানো হল কয়েক হাজার মানুষকে

    নিম্নচাপের প্রভাব

    ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় পৌঁছে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর নাম দেওয়া হয়েছে মন্দৌস। নিম্নচাপের ফলে শুক্রবারের পর থেকে বঙ্গে রাতের তাপমাত্রা সাময়িকভাবে বেড়ে যাবে। তবে দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের ক্ষেত্রে আজও ঠান্ডা অনুভূতি বজায় থাকবে। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। আকাশ আংশিক মেঘলা। বইছে ঠান্ডা হাওয়াও। রোদের মুখ দেখার জন্য সকাল থেকে অপেক্ষা করছেন শীত কাতুরেরা। এদিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি এবং ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে। এর আগে বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি, স্বাভাবিক। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। 

    আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্দৌস’! বাংলায় আবহাওয়ার কি পরিবর্তন হবে?

    আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,আগামী চার-পাঁচ দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। সকাল-সন্ধ্যে শীতের আমেজ বজায় থাকবে। এদিন সকালে আকাশ মেঘলা থাকলেও শহরের তাপমাত্রার পারদ ছিল নিম্নমুখী। আরও ৪৮ ঘণ্টা রাজ্যজুড়ে উত্তর পশ্চিম ভারতের কনকনে হিমেল হাওয়া অবাধে প্রবেশ করবে। আজও এই প্রবণতা বহাল থাকবে। শুক্রবার থেকে নিম্নচাপের জেরে উত্তুরে হাওয়া বাধা প্রাপ্ত হবে। শীতের দাপট একটু কমবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Election Results 2022: কার দখলে গুজরাট, হিমাচল? আজ দুই রাজ্যে ভোট গণনা

    Election Results 2022: কার দখলে গুজরাট, হিমাচল? আজ দুই রাজ্যে ভোট গণনা

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাট এবং হিমাচল প্রদেশের ভোটের ফল প্রকাশিত হচ্ছে আজ। নিয়ম মেনে সকাল ৮টাতেই শুরু হয়ে গিয়েছে গণনা প্রক্রিয়া। মোদি-শাহের রাজ্যের পাশাপাশি হিমাচলে কার দখলে থাকে সেটা স্পষ্ট হয়ে যাবে আর কয়েক ঘণ্টার মধ্যেই। প্রায় সব বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস, ফের গুজরাটে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি। রেকর্ড সংখ্যক আসনও পেতে পারে তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে ঝড়ের গতিতেই এগোচ্ছে বিজেপি। ইতিমধ্যেই ১১৮টি আসনে এগিয়ে বিজেপি। অনেক পিছনে কংগ্রেস (৪২)। জিতলে টানা সপ্তম বার গুজরাটে সরকার গঠন করবে পদ্ম ব্রিগেড ৷ গুজরাটের বিরামগাম কেন্দ্রে বিজেপি প্রার্থী হার্দিক প্যাটেল পিছিয়ে। গান্ধীনগর দক্ষিণ কেন্দ্রে বিজেপির প্রার্থী অল্পেশ ঠাকুর এগিয়ে রয়েছেন। ঘাটলোদিয়া কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। বদগামে পিছিয়ে কংগ্রেস প্রার্থী তথা দলিত নেতা জিগনেশ মেবানি। এগিয়ে বিজেপি প্রার্থী। 

    দুই রাজ্যের পাশাপাশি, পাঁচ রাজ্যে ৬টি আসনে বিধানসভা উপনির্বাচন ও হাইপ্রোফাইল মৈনপুরী লোকসভা আসনের গণনাও হচ্ছে আজ। মৈনপুরী আসনে লড়াই হতে চলেছে সমাজবাদী পার্টি ও বিজেপির মধ্যে৷ উত্তরপ্রদেশের মৈনপুরী লোকসভা কেন্দ্রে ভাগ্য নির্ধারিত হবে সমাজবাদী পার্টির প্রধান তথা সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পলের। উত্তরপ্রদেশের রামপুর ও খতোলি, ওড়িশার পদমপুর, রাজস্থানের সরদারশহর, বিহারের কুরনি ও ছত্তীসগড়ের ভানুপ্রতাপপুর বিধানসভা আসনের ফলাফল ঘোষণা হবে আজই।

    গুজরাটে বিজেপি কি করতে পারবে সাতে সাত?

    গুজরাটের দু’দফায় বিধানসভা ভোটের ফল ঘোষণা হচ্ছে বৃহস্পতিবার। ১৮২ আসনের গুজরাট বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে দরকার ৯২টি আসন। এ বারের গুজরাট বিধানসভা ভোটে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস এবং আম আদমি পার্টি। অর্থাৎ, এ বার প্রধানমন্ত্রী মোদির রাজ্যে বিধানসভা ভোটের লড়াই ত্রিমুখী হতে চলেছে। ইতিমধ্যেই ৯২-এর থেকে অনেক বেশি আসনে এগিয়ে বিজেপি। ধরেই নেওয়া যায় সাতে সাত বাঁধা।

    ২০১৭ সালের বিধানসভা ভোটে গুজরাটে  ৯৯টি আসন নিয়ে টানা পঞ্চম বারের জন্য ক্ষমতায় আসে গেরুয়া শিবির। তবে গত চার বারের সঙ্গে তুলনা করলে ওটাই ছিল বিজেপির সবচেয়ে কম আসন। এবার বিধানসভা ভোটে জিতলে এ নিয়ে টানা সাত বার গুজরাট শাসনের দায়িত্ব পাবে মোদি-শাহের বিজেপি। 

    বিভিন্ন বুথফেরত সমীক্ষায় ভবিষ্যদ্‌বাণী করা হয়েছে এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বিজেপি। এবিপি-সি ভোটার সমীক্ষায় বলা হয়েছে বিজেপি ১২৮-১৪০টি আসন পেতে পারে। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ১৩১-১৫১টি আসন। টুডে’জ চাণক্যর বুথফেরত সমীক্ষা অনুযায়ী, এ বার বিজেপির আসন সংখ্যা হতে পারে ১৫০টি। উল্লেখ্য, বুথফেরত সমীক্ষার ফল সব সময় যে মেলে, তা নয়। কিন্তু এর বৈজ্ঞানিক ভিত্তি থাকায়, এই ধরনের সমীক্ষাকে অস্বীকার করাও যায় না।

    আরও পড়ুন: আজ শাহের দরবারে সুকান্ত! জানেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা রাজ্য বিজেপি সভাপতির?

    হিমাচলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

    এবার যে হিমাচল প্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, তা ইঙ্গিত মিলেছে বুথফেরত সমীক্ষায়। ওই সব সমীক্ষা থেকে আভাস মিলেছে, সামান্য ভোট সুইংয়েই নির্ধারিত হতে পারে হিমাচলের ভাগ্য। 

    টাইমস নাও-ইটিজি বুথফেরত সমীক্ষা: হিমাচল প্রদেশে ৩৪ থেকে ৪২ টি আসনে জিততে পারবে বিজেপি। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ২৪ থেকে ৩২ টি আসন। আপের ঝুলিতে কোনও আসন যাবে না। 

    রিপাবলিক-পি মার্কের বুথফেরত সমীক্ষা: হিমাচল প্রদেশে বিজেপি ৩৪-৩৯ টি আসনে জিততে পারে। কংগ্রেস জিততে পারে ২৮-৩৩ আসন। আম আদমি পার্টির (আপ) ঝুলিতে যেতে পারে সর্বাধিক একটি আসন। নির্দলরা একটি থেকে চারটি আসনে জিততে পারে।

    এবিপি নিউজ-সি ভোটারের বুথফেরত সমীক্ষায় বলা হয়েছিল, বিজেপি পেতে পারে ৩৩-৪১টি আসন, কংগ্রেস পেতে পারে ২৪-৩২টি আসন, অন্যান্যরা পেতে পারে ০-৪টি আসন। এখানেও আপকে একটি আসনও দেওয়া হয়নি।

    ইন্ডিয়া টু’ডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা অনুযায়ী, হিমাচল প্রদেশে ৩০ থেকে ৪০ টি আসন কংগ্রেস ঝুলিতে যেতে পারে। ২৪ থেকে ৩৪ টি আসনে জিততে পারে বিজেপি। আম আদমি পার্টি (আপ) খাতা খুলতেই পারবে না। চার থেকে আটটি আসনে জিতবে নির্দল।

    নিউজ২৪-টুডে’জ চাণক্যের বুথফেরত সমীক্ষা: কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ৩৩ টি আসনে জিততে পারে বিজেপি। ৩৩ টি আসনে জিততে পারে কংগ্রেস। নির্দলদের ঝুলিতে যেতে দুটি আসন। অর্থাৎ কিং মেকার হতে পারে নির্দলরা।

  • Dear Lottery: লটারি কাণ্ডে ১২ জন প্রভাবশালী ব্যক্তির নাম! জানেন কী বলছে ইডি?

    Dear Lottery: লটারি কাণ্ডে ১২ জন প্রভাবশালী ব্যক্তির নাম! জানেন কী বলছে ইডি?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধু অনুব্রত মণ্ডল নন, লটারি কাণ্ডে ১২ জন প্রভাবশালী ব্যক্তির নাম রয়েছে বলে জানতে পেরেছে ইডি। গরু পাচার মামলায় অনুব্রতের বিরুদ্ধে তদন্তে নেমে ইডি জানতে পারে রাজনৈতিক সংযোগ রয়েছে এমন অনেক প্রভাবশালীই (Influentials) গত কয়েক বছরে একটি বিশেষ কোম্পানির লটারি (lottery) জিতেছেন বারংবার। ইডি জানিয়েছে, অন্তত ১২ জন এমন ‘প্রভাবশালী’ লটারি বিজেতার খবর পাওয়া গেছে, যাঁদের প্রত্যেকের বিরুদ্ধেই বেআইনিভাবে গরু, কয়লা কিংবা বালি পাচারের অভিযোগ রয়েছে। ইডি সূত্রে খবর, এই প্রভাবশালী ব্যক্তিদের ব্যাঙ্কের নথি পরীক্ষার কাজ চলছে।

    কী জানতে পেরেছে ইডি

    গরুপাচার মামলার তদন্তে নেমে ইডির অফিসাররা জানতে পারেন, নির্দিষ্ট একটি লটারি কোম্পানির মাধ্যমে বিপুল পরিমাণ কালো টাকা সাদা করা হয়েছে। অনুব্রত ও তাঁর কন্যার পাঁচবার লটারি জিতেছেন। গরু পাচার কাণ্ডে আর এক অভিযুক্ত তিহার জেলে বন্দি এনামুল হকও লটারি জিতেছেন। এইসব ঘটনা থেকেই স্পষ্ট, নির্দিষ্ট লটারি কোম্পানিকে ব্যবহার করে কালো টাকা সাদা করা হয়েছে। লটারির পুরষ্কার মূল্যের আসল প্রাপকের কাছ থেকে জোর করে টিকিট নিয়ে সেই নম্বর পঠিয়ে দেওয়া হতো ওই সংস্থার উচ্চ পদাধিকারীদের কাছে। এই বিষয়ে তথ্য পেতে নয়াদিল্লিতে ডেকে পাঠানো হয় ওই লটারি সংস্থার এক কর্মীকে। ইডি সূত্রে খবর, তিনি সমস্ত তথ্য দিয়েছেন।

    আরও পড়ুন: ফের বেঁফাস অখিল গিরি, অশীতিপর শিশিরকে কী ভাষায় আক্রমণ করলেন জানেন?

    সূত্রের খবর, ইডির (ED) দাবি করা এই ১২ জন প্রভাবশালীর ক্ষেত্রে জেতা টাকার অঙ্ক ১ কোটির কম হওয়ায় তাঁদের নাম এবং ছবি দিয়ে কোম্পানির বিজ্ঞাপন প্রকাশ করা হয়নি। সেই কারণেই তাঁদের লটারি জেতার কথা প্রকাশ পায়নি। একাধিক রাজনৈতিক প্রভাবশালীর একটি বিশেষ কোম্পানির লটারি জেতা যে কাকতালীয় নয়, তা ক্রমশই পরিষ্কার হয়ে যাচ্ছিল তদন্তকারীদের কাছে। এই সমস্ত রাজনৈতিক প্রভাবশালীরা শুধু বীরভূম নয়, ছড়িয়ে রয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। তাঁদের অনেকেই অন্যের জেতা টিকিট জোগাড় করে তা নিজের ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধুদের কাছে পাঠিয়ে দিয়েছেন। তারপর তাঁদের মাধ্যমেই আসল প্রাপকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে ‘কালো’ টাকা। প্রত্যেকের ক্ষেত্রেই একাধিকবার এভাবে লটারি পাওয়ার ঘটনা ঘটেছে। জেতা টাকার অঙ্ক ৩০-৪০ হাজার হওয়ার কারণে কারও সন্দেহও যেমন হয়নি, তেমনই লটারি কোম্পানির বিজ্ঞাপনে বিজেতার ছবি ও নাম ছাপা হয়নি। ফলে পুরো বিষয়টি গোপন থেকেছে তো বটেই, একই সঙ্গে এই অভিনব পদ্ধতিতেই বিপুল পরিমাণ কালো টাকা সাদা করা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Covid-19: কোভিড-১৯ ম্যান মেড! উহানের ল্যাব থেকেই ছড়িয়েছিল ভাইরাস, দাবি বিজ্ঞানীর

    Covid-19: কোভিড-১৯ ম্যান মেড! উহানের ল্যাব থেকেই ছড়িয়েছিল ভাইরাস, দাবি বিজ্ঞানীর

    মাধ্যম নিউজ ডেস্ক: মানুষের তৈরি ভাইরাস কোভিড-১৯। বিস্ফোরক দাবি করলেন চিনের উহানের ল্যাবরেটরিতে কাজ করা মার্কিন বিজ্ঞানী অ্যান্ড্রু হাফ। ‘The truth About Wuhan’ বইতে ওই বিজ্ঞানী দাবি করেছেন, মার্কিন সরকার করোনাভাইরাস নিয়ে ফান্ডিং করেছিল চিনে। সেখান থেকেই অতিমারি ছড়িয়ে পড়ে। 

    হাফের দাবি

    মহামারি বিশেষজ্ঞ অ্যান্ড্রু হাফ তাঁর নতুন বই ‘The Truth About Wuhan’-এ দাবি করেছেন যে এই ঘটনার পিছনে মার্কিন সরকারের তহবিলও দায়ী। নিউ ইয়র্কের পোস্টের প্রতিবেদন অনুযায়ী হাফ ইকোহেল্থ অ্যালায়েন্স (EcoHealth Alliance) নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট। নিউ ইয়র্কের এই সংস্থা সংক্রমক রোগ নিয়ে কাজ করে। হাফ তাঁর বইয়ে দাবি করেছেন যে চিনে অপর্যাপ্ত নিরাপত্তার মধ্যেই ভাইরাস নিয়ে কাজ চলছিল। যার ফলে গবেষণাগার থেকে কোনওভাবে বাইরে বেরিয়ে গিয়েছে এই ভাইরাস। কোভিড ১৯-এর সংক্রমণের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল উহানের ওই গবেষণাগার। যদিও চিন সরকার এবং সেই গবেষণাগারের গবেষকরা দাবি করেছেন, কোভিড ১৯ ভাইরাস সেখানে তৈরি করা হয়নি। হাফ তাঁর বইয়ে দাবি করেছেন বায়োসেফটি, বায়োসিকিউরিটি এবং নিরাপত্তা সংক্রান্ত আরও যা যা প্রয়োজন, বিদেশের গবেষণাগারগুলিতে তা ঠিকমতো মানা হয় না। যার ফলেই উহানের ল্যাব থেকে এই বিপদ ঘটেছে।  

    আরও পড়ুন: মাঙ্কিপক্স ভাইরাসের নাম বদলের ভাবনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার, কেন জানেন?

    চিন-আমেরিকা দায় উভয়ের

    নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট অনুসারে হাফের কথায়, চিন প্রথম থেকেই জানত এই ভাইরাস জেনেটিকালি ইঞ্জিনিয়ার্ড এজেন্ট। ভয়াবহ বায়োটেকনোলজিকে চিনে ট্রান্সফার করার জন্য মার্কিন সরকারকেও দায়ী করতে হয়। হাফ বলেন,’আমি যা দেখেছি তাতে আমি ভীত। আমরা জৈব অস্ত্রের কারিগরি ক্ষমতা তুলে দিয়েছি ওদের হাতে।’২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ইকোহেল্থ অ্যালায়েন্স (EcoHealth Alliance)-এ কাজ করেছেন অ্যান্ড্রু হাফ। তাঁর দাবি, ওই সংস্থা উহান ল্যাবকে একটি বিষয়ে সাহায্য করত। কী সেই কাজ? বাদুড়কে যে করোনা ভাইরাস আক্রমণ করে, সেটি অন্য কোনও প্রজাতিকে যাতে আক্রমণ করতে পারে তার জন্য ওই ভাইরাসকে তৈরি করা। ভাইরাসটিকে সেভাবে সক্ষম করার জন্য কী ভাবে কাজ করতে হবে সেটা নিয়েই কাজ চলত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Jaishankar: সীমান্ত-সন্ত্রাস বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে আলোচনা নয়! জানালেন বিদেশমন্ত্রী

    Jaishankar: সীমান্ত-সন্ত্রাস বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে আলোচনা নয়! জানালেন বিদেশমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তান সীমান্ত পার সন্ত্রাস বন্ধ না করলে আলোচনা শুরু করা সম্ভব নয় বলে জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। নয়াদিল্লিতে জার্মানির বিদেশমন্ত্রী অ্যানালেনা বেয়ারবককে এই কথা স্পষ্ট করে দেন তিনি। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ও সীমান্ত পার সন্ত্রাসে পাকিস্তানের প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে এদিন জার্মানির বিদেশমন্ত্রীর সঙ্গে কথা হয় জয়শঙ্করের।

    ভারত-জার্মান চুক্তি

    সোমবার রাজধানীতে হায়দরাবাদ হাউসে মোবিলিটি পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করে ভারত-জার্মানি। এই অংশীদারিত্বের চুক্তিতে সই করেন দুই দেশের বিদেশমন্ত্রী। এর মাধ্যমে দুই দেশের বাসিন্দার পরস্পরের দেশে গিয়ে গবেষণা, পড়াশোনা এবং চাকরি করার প্রক্রিয়া আরও সহজ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এস জয়শঙ্কর (S Jaishankar) বলেন, ভারত এবং জার্মানির মধ্যে এই চুক্তি প্রকৃতপক্ষে আগামিদিনে আরও বেশি করে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তির সংকেত বলা যেতে পারে। একই সুর জার্মান বিদেশমন্ত্রীর মুখেও। তিনি বলেন, ‘গোটা বিশ্ব কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এমন সময়ে আমাদের একসঙ্গে চলাটা গুরুত্বপূর্ণ।’রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে আন্তর্জাতিক স্তরে তৈরি হওয়া অশোধিত তেল সঙ্কট নিয়েও এদিন কথা হয় ভারত এবং জার্মানির।  রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির বিষয়ে ভারতের সিদ্ধান্তের পক্ষে ফের একবার সওয়াল করেন জয়শঙ্কর। তিনি বলেন ভারতীয়দের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    আরও পড়ুন: দেশবাসীর স্বার্থ সুরক্ষিত করা সাংবিধানিক দায়িত্ব! রাশিয়া থেকে তেল কেনা নিয়ে জয়শঙ্কর

    সীমান্ত-সন্ত্রাস নিয়ে কথা

    আফগানিস্তানের পরিস্থিতি এবং পাকিস্তান-সৃষ্ট আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের মতো বিষয়গুলি নিয়েও এদিন জার্মান বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন জয়শঙ্কর (S Jaishankar)। বিদেশমন্ত্রীর কথায়, “পাকিস্তান, আফগানিস্তান, নিয়ে যথেষ্ট বিস্তারিত কথা হয়েছে। সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলেছি। পাকিস্তানকে আমরা দ্বিপাক্ষিক বিষয়গুলিতে সংযুক্ত করি, কিন্তু সন্ত্রাস চললে কথা এগোনো যায় না। জার্মানি বিষয়টি বুঝেছে।” চিন প্রসঙ্গে সরব হয়ে জার্মানির বিদেশমন্ত্রী বেয়ারবক বলেছেন, “গোটা অঞ্চলই দেখেছে যে, সাম্প্রতিক সময়ে চিন কী ভাবে বদলে গিয়েছে। আমরা নতুন ভারত-প্রশান্ত মহাসাগরীয় নীতি তৈরি করছি, সেখানে চিনের ভূমিকাকে নতুন করে দেখা হবে।’’ তিনি আরও বলেন, “ভারতের সঙ্গে জার্মানি নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে চায়। ভারত বিশ্বের অনেক দেশের কাছে এখন রোল মডেল।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Gujarat Poll: গুজরাটে শুরু দ্বিতীয় দফার নির্বাচন! ভোট দিলেন মোদি-শাহ

    Gujarat Poll: গুজরাটে শুরু দ্বিতীয় দফার নির্বাচন! ভোট দিলেন মোদি-শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গেল দ্বিতীয় দফার গুজরাট নির্বাচন। ১৪টি জেলার ৯৩ টি কেন্দ্রে ভোটগ্রহণ আজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভোট দেবেন। দ্বিতীয় দফার নির্বাচনে যেসব হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে তাঁদের মধ্যে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, হার্দিক প্যাটেল, অল্পেশ ঠাকুররা। হার্দিকের বিপরীতে লড়বেন জিগনেশ মেভানি। ছোটো উদয়পুর থেকে লড়াই করবেন কংগ্রেসের সুখরাম রাথাভা।

    প্রধানমন্ত্রীর আবেদন

    আজ সকালে আমেদাবাদের নিশান পাবলিক স্কুলে ভোট দিলেন মোদি। আমেদাবাদের রনিপে ভোট দিলেন প্রধানমন্ত্রী। রীতিমতো লাইনে দাঁড়িয়ে ভোটার কার্ড দেখিয়ে ভোট দিলেন তিনি। তাঁকে ঘিরে সকাল থেকেই উৎসাহ ছিল তুঙ্গে। অনেকে রাস্তায় প্রধানমন্ত্রীকে ( Narendra Modi ) এক ঝলক দেখতেই ভিড় জমিয়ে দেন। তিনি ভোট দিতে যাচ্ছেন যখন, তখন চারিদিক থেকে  স্লোগান ওঠে তাঁর নামে। ভোট দিয়ে বেরিয়ে এসে প্রধানমন্ত্রী বলেন, গুজরাটে যে ভাবে নির্বাচন হচ্ছে, তা সারা দেশের কাছে একটি দৃষ্টান্ত । এই ভোট খুব স্বচ্ছতার সঙ্গে ও ভালভাবে হচ্ছে । তিনি নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানান।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Narendra Modi (@narendramodi)

     

    প্রধানমন্ত্রী ভোট দেবেন বলে অতিরিক্তি নিরাপত্তা চাদরে মোড়া হয়েছে সেই বুথ। এদিন ভোটগ্রহণ পর্ব শুরুর আগে সকল ভোটারদের ভোট দেওয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। তিনি এদিন ট্যুইটে লিখেছেন, ‘দ্বিতীয় দফা গুজরাট নির্বাচনে ভোটদানের আবেদন জানাচ্ছি। বিশেষ করে যুব ও মহিলা ভোটারদের। আমি সকাল ৯ টা নাগাদ  ভোট দেব।’ 

    ভোট দেওয়ার জন্য রবিবারই রাজ্যে পৌঁছেছেন মোদি। এদিন তিনি নির্বাচনে বিজেপির জয়ের জন্য মায়ের আশীর্বাদও নেন। এদিন কড়া নিরাপত্তার মধ্যে, গান্ধীনগরে মায়ের বাড়িতে যান প্রধানমন্ত্রী। তাঁর, মায়ের সঙ্গে কাটানো মুহূর্তের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। ছবিগুলিতে দেখা যাচ্ছে, মা হিরাবেন মোদিকে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন নরেন্দ্র মোদি। তাঁকে মায়ের সঙ্গে বসে চা-ও খেতে দেখা যায়।

    ভোটের টুকিটাকি

    দ্বিতীয় দফা নির্বাচনে বিজেপি ও অরবিন্দ কেজরীবালের আপ  ৯৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ৯০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস। আর কংগ্রেসের জোটসঙ্গী দুটি আসনে প্রার্থী দিয়েছে। আমেদাবাদ, ভদোদরা, গান্ধীনগর ও অন্যান্য জেলা জুড়ে এই ৯৩ টি আসন ছড়িয়ে রয়েছে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শহরের নারানপুরা এলাকায় ভোট দেবেন। তাছাড়া সোমবার ভোট দেবেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান, ভারতীয় দলের তারকা অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া।

    প্রসঙ্গত, ১ ডিসেম্বর প্রথম দফা নির্বাচনে ভোট পড়েছিল ৬৩.৩১ শতাংশ। আগামী ৮ ডিসেম্বর ভোটের ফলাফল প্রকাশিত হবে। দ্বিতীয় দফা নির্বাচনে ২৬,৪০৯ ভোটগ্রহণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। ৮৪ হাজার পোলিং অফিসার মোতায়েন রয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন নিশ্চিত করবেন তাঁরা। এদিনের নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা ৮৩৩। ২.৫ কোটির বেশি নাগরিক এই দ্বিতীয় দফা নির্বাচনে ভোট দিতে পারবেন।

    আরও পড়ুন: ‘‘আমার বন্ধু নরেন্দ্র মোদিকে বিশ্বাস কর…’’ কেন বললেন মাক্রঁ, জানেন?

    পতিদার সম্প্রদায়ের আন্দোলনের বিরাট প্রভাব দেখা গিয়েছিল গত বিধানসভা নির্বাচনে। সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন হার্দিক প্যাটেল। পরে তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তবে কয়েকমাস আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন হার্দিক। গুজরাটে প্রায় ৪০টি এমন আসন রয়েছে, যেখানে পতিদার ভোটাররা একটি নির্ধারক ভূমিকা পালন করেন। প্যাটেল সম্প্রদায় গুজরাটের জনসংখ্যার প্রায় ১৮ শতাংশ। এদিন ভোটের আগে হার্দিক প্যাটেল বলেন, ‘সবাইকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। বিজেপি আইনশৃঙ্খলা বজায় রেখেছে এবং গুজরাটের উন্নয়নে কাজ করেছে। আমি চাই সব গুজরাটি বিজেপিকে ভোট দিন। আমাদের ভোটের ক্ষমতা প্রয়োগ করা উচিত কারণ নির্বাচন গণতন্ত্রের সৌন্দর্য।’

  • FIFA World Cup: মাইলফলকের ম্যাচ মেসির! জেনে নিন নকআউটে কার বিরুদ্ধে কে কখন খেলবে

    FIFA World Cup: মাইলফলকের ম্যাচ মেসির! জেনে নিন নকআউটে কার বিরুদ্ধে কে কখন খেলবে

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, শনিবার থেকেই শুরু হচ্ছে বিশ্বকাপের নক আউট পর্যায়ের খেলা। বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ১৬টি দল। গ্রুপ এ, বি, সি, ডি, ই, এফ, জি ও এইচ থেকে দু’টি করে দলে উঠেছে শেষ ষোলোয়। জেনে নিন কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? কবে, কখন হবে সেই খেলা?

    নক আউট পর্ব

    বিশ্বকাপের সূচি অনুযায়ী,  প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপ এ-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ বি-র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আবার গ্রুপ বি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ এ-র দু’নম্বরে থাকা দলের বিরুদ্ধে। অর্থাৎ, নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে আমেরিকা। ৩ ডিসেম্বর, শনিবার রাত ৮.৩০ মিনিটে  খেলা শুরু হবে। অন্য দিকে ইংল্যান্ড খেলবে সেনেগালের বিরুদ্ধে। ৪ ডিসেম্বর, রবিবার রাত ১২.৩০ মিনিটে  খেলা হবে। ঠিক একই ভাবে গ্রুপ সি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ ডি-র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আবার গ্রুপ ডি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ সি-র দু’নম্বরে থাকা দলের বিরুদ্ধে। অর্থাৎ, আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া। ৩ ডিসেম্বর, শনিবার রাত ১২.৩০ মিনিটে শুরু হবে খেলা। অন্য দিকে ফ্রান্স খেলবে পোল্যান্ডের বিরুদ্ধে। ৪ ডিসেম্বর, রবিবার রাত ৮.৩০ মিনিটে। গ্রুপ ই-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ এফ-এর দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আবার গ্রুপ এফ-এর শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ ই-র দু’নম্বরে থাকা দলের বিরুদ্ধে। অর্থাৎ, জাপানের বিরুদ্ধে খেলবে ক্রোয়েশিয়া। ৫ ডিসেম্বর, সোমবার রাত ৮.৩০ মিনিটে খেলা শুরু হবে। অন্য দিকে মরক্কো খেলবে স্পেনের বিরুদ্ধে। ৬ ডিসেম্বর, মঙ্গলবার রাত ৮.৩০ মিনিটে। গ্রুপ জি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ এইচ-এর দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আবার গ্রুপ এইচ-এর শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ জি-র দু’নম্বরে থাকা দলের বিরুদ্ধে। অর্থাৎ, ব্রাজিলের বিরুদ্ধে খেলবে দক্ষিণ কোরিয়া। ৫ ডিসেম্বর, সোমবার  রাত ১২.৩০ মিনিটে শুরু হবে খেলা। অন্য দিকে পর্তুগাল খেলবে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে। ৬ ডিসেম্বর, মঙ্গলবার রাত ১২.৩০ মিনিটে।

    আরও পড়ুন: শেষ ষোলোয় আর্জেন্টিনার সামনে অস্ট্রেলিয়া, পোল্যান্ডের মুখোমুখি ফ্রান্স

    মাইলফলকের ম্যাচে মেসি

    লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। কেরিয়ারে একঝাঁক ট্রফি, সাতটি ব্যালন ডি’অর, নানা রেকর্ড, সবকিছুর মাঝে আক্ষেপ, বিশ্বকাপ জিততে না পারা। আর্জেন্টিনা শিবিরে এই বিশ্বকাপ লিওর। গ্রুপ পর্ব অতীত। এ বার একটা ভুল মানেই দৌড় শেষ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাইলফলকের ম্যাচে নামতে চলেছেন মেসি। কেরিয়ারের হাজারতম ম্যাচ। বিশ্বকাপ জয়ের পথে একটা ধাপ। তবে এই ম্য়াচের আগে আর্জেন্টিনা শিবিরের অস্বস্তি অ্যাঞ্জেল ডি মারিয়া। একশো শতাংশ ফিট নন তিনি। এই অভিজ্ঞ ফুটবলারকে খেলানো নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই বিশ্বকাপ অনেক অঘটন দেখেছে।  অস্ট্রেলিয়া সহজ প্রতিপক্ষ মনে হলেও, আর্জেন্টিনা শিবির অন্তত এমনটা ভাবছে না। সতর্ক হয়েই মাঠে নামতে চাইছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। 

  • Kolkata Weather: শহরে ফিরল শীতের আমেজ! আজ মরশুমের শীতলতম দিন

    Kolkata Weather: শহরে ফিরল শীতের আমেজ! আজ মরশুমের শীতলতম দিন

    মাধ্যম নিউজ ডেস্ক: শহরে ফিরল শীতের আমেজ। ফের ১৬ এর ঘরে নামল তাপমাত্রা। শনিবার এই মরশুমের এখনও পর্যন্ত শীতলতম দিন, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি। আগামী দু’দিন ধরে এই তাপমাত্রা আরও কমবে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

    ঠান্ডার আমেজ

    ডিসেম্বরের শহর, ক্যালেন্ডার বলছে শীতের সোয়েটার পরার সময় এসে গিয়েছে। শুরু হয়েছে পারদ পতনও। পয়লা তারিখে শীত উধাও হলেও সপ্তাহের শেষ থেকে তাপমাত্রা নেমেছে। গত ২৪ নভেম্বর ছিল মরশুমের প্রথম শীতলতম দিন, তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২৭ নভেম্বর তাপমাত্রা ছিল ১৬.৫। তারপর আজ তাপমাত্রা নামল ১৬.২ ডিগ্রি সেলসিয়াসে। জেলায় জেলায় শীতের আমেজ রয়েছে ভরপুর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। কয়েকটি জেলায় তাপমাত্রা ১১ ডিগ্রিতে নেমেছে। কলকাতা লাগোয়া জেলা দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও শীতের আমেজ ভরপুর। ঠান্ডার আমেজ দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ জেলাতেও। কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরের দার্জিলিং। পাহাড় নগরীর তাপমাত্রা নেমে গিয়েছে ৭.৮ ডিগ্রির ঘরে। এরই পাশাপাশি ঠান্ডায় কাঁপছে উত্তরের আরও এক জেলা কালিম্পংও। আজ কালিম্পেঙের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১২ ডিগ্রির ঘরে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও দাপট বাড়াচ্ছে শীত।

    আরও পড়ুন: স্বাস্থ্যের পাশাপাশি মন ভালো রাখবে কোন কোন খাবার?

    আগামী কয়েক দিন কলকাতায় রাতের দিকেও তাপমাত্রা বেশ খানিকটা কম থাকবে। শীত শীত ভাব থাকবে দিনের বেলাতেও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২-৩ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। সকাল, সন্ধে টের পাওয়া যাবে হালকা শীতের আমেজ। মঙ্গলবার পর্যন্ত শীতের এই ঝোড়ো ব্যাটিং থাকবে বলে আশাবাদী আওয়া অফিস। যদিও ১৫ ডিসেম্বরের আগে রাজ্যে স্থায়ী শীত নয়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, ১৫ ডিসেম্বরের পর থেকে জানুয়ারী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শীত থাকতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • TMC vs BJP: অশোভনীয় রাজনীতি! বিজেপিকে ঝাঁটা পেটা করার কথা তৃণমূল বিধায়কের মুখে

    TMC vs BJP: অশোভনীয় রাজনীতি! বিজেপিকে ঝাঁটা পেটা করার কথা তৃণমূল বিধায়কের মুখে

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশ্য সভায় বিজেপিকে (BJP) হুঁশিয়ারি দিলেন বাগদার (Bagda) বিধায়ক বিশ্বজিৎ দাস (Biswajit Das)। বিরোধী দলকে মর্যাদা না দিয়ে কুকথায় ভরিয়ে দিলেন বিধায়ক। সৌহার্দ্য ভুলে বিজেপিকে ঝাঁটাপেটা করার কথা বললেন বিশ্বজিৎ।

    কী বলল তৃণমূল

    পঞ্চায়েত ভোট (Panchayat Election) যত এগিয়ে আসছে ততই বাড়ছে শাসক দলের হুমকি। বনগাঁ জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ বললেন,‘তৃণমূলকে চোর বললে বিজেপিকে ঝাঁটাপেটা করুন। রাজ্যে বিজেপিকে ঝাঁটাপেটা করা শুরু হবে বাগদা থেকেই। হিংসা ছড়ানোর চেষ্টা করলে ঠ্যাং খুলে হাতে ধরিয়ে দেবেন’। গত ২৩ নভেম্বর বাগদা ব্লকের বেয়াড়া বাজারে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সভা করেছিলেন রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা। সেই সভা থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছিলেন তিনি। বৃহস্পতিবার বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাহুল সিনহার পাল্টা সভার আয়োজন করা হয়। সেই সভায় বক্তব্য রাখতে গিয়েই বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক বিশ্বজিৎ দাস রাহুল সিনহাকে ‘অপদার্থ নেতা’ বলে কটাক্ষ করেন। 

    আরও পড়ুন: “শীতবস্ত্র বিলির কথাই ছিল না সেদিন”, ‘প্রমাণ’ দিয়ে মমতাকে মিথ্যেবাদী বললেন শুভেন্দু

    অন্যদিকে, বিজেপিকে সামাজিকভাবে বয়কটের ডাক দেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। ‘বিজেপি কাদার দল, অসামাজিক দল, দুষ্কৃতীদের আশ্রয় দেয়। সমাজকে বাঁচাতে হলে বিজেপিকেই বয়কট করতে হবে’, হুঙ্কার তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের। বিরোধীরা কু-মন্তব্য করলে জিভ ছিঁড়ে, স্ট্রেচারে করে বাড়ি পাঠানোর হুমকি দিলেন নিউ ব্যারাকপুরের বিলকান্দার তৃণমূল অঞ্চল সভাপতি সজল দাস। ভোটের মুখে দলীয় নেতার মন্তব্য নিয়ে অস্বস্তিতে তৃণমূল।     

    বিজেপির পাল্টা

    এ বিষয়ে বনগাঁ জেলা বিজেপির সহ সভাপতি অমৃতলাল বিশ্বাসের বক্তব্য, “আমরা চোরকে চোর বলেছি। শুধু আমরা নয়, বাংলার মানুষ চোর বলছেন। ভারতীয় জনতা পার্টি চোরকে চোর বলবে তাতে যার কিছু করার আছে করে নিক। আগামী পঞ্চায়েত নির্বাচনে বাংলার মানুষ ওদেরই ঝাঁটা নিয়ে বিদায় করবেন, তৈরি থাকুন। আমরা অশালীন কথা বলতে অভ্যস্ত নই।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • FIFA World Cup: বিশ্বকাপ থেকে বিদায় বেলজিয়াম ও জার্মানির! ইতিহাস গড়ে নক আউটে সূর্যোদয়ের দেশ জাপান

    FIFA World Cup: বিশ্বকাপ থেকে বিদায় বেলজিয়াম ও জার্মানির! ইতিহাস গড়ে নক আউটে সূর্যোদয়ের দেশ জাপান

    মাধ্যম নিউজ ডেস্ক: অঘটনের বিশ্বকাপ। কাতারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল জার্মানি, বেলজিয়াম। প্রথম ম্যাচে জার্মানি, তৃতীয় ম্যাচে স্পেনকে হারিয়ে চলতি বিশ্বকাপে চমক দিল জাপান। ফুটবল বিশ্বে এশিয়ার দাপট দেখাতে নক আউট পর্যায়ে চলে গেল সূর্যোদয়ের দেশ জাপান।

    বিদায় জার্মানি

    এদিন বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে থাকতে হলে জেতা ছাড়া কোনও উপায় ছিল না জার্মানির। শুরুটা সে ভাবেই করেছিলেন থমাস মুলাররা। কিন্তু দ্বিতীয়ার্ধে সব এলোমেলো হয়ে গেল। পিছিয়ে পড়ে কোস্টারিকার বিরুদ্ধে জিতলেও শেষ ষোলোয় যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে গেল তাদের। গোল পার্থক্যে গ্রুপের তিন নম্বরে শেষ করে বিশ্বকাপ থেকে ছিটকে গেল জার্মানি। সেইসঙ্গে স্বপ্নভঙ্গ হল কোস্টারিকারও। জার্মানিকে হারাতে পারলে শেষ ষোলোয় যাওয়ার সুযোগ ছিল তাদের। কারণ, গ্রুপের অন্য ম্যাচে স্পেনকে হারিয়ে দিয়েছে জাপান। এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত পারল না কোস্টারিকা। পর পর তিনটে গোল করে ৪-২ ব্যবধানে জিতে গেল জার্মানি। ফলে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল কোস্টারিকারও।

    বেলজিয়াম কোচের পদত্যাগ

    এ বারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল বেলজিয়ামও। ফিফা ক্রমতালিকায় দু’নম্বরে থাকা দলের হার মেনে নিতে পারেননি দলের কোচ রবার্তো মার্তিনেস। হারের দায় নিয়ে পদত্যাগ করেছেন তিনি। ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করায় প্রি-কোয়ার্টার ফাইনালে যেতে পারেননি কেভিন দ্য ব্রুইন, রোমেলো লুকাকুরা। অন্যদিকে ইতিহাস গড়ল জাপান। একই বিশ্বকাপে গ্রুপের প্রথম ম্যাচে জার্মানিকে হারানোর পর তৃতীয় ম্যাচে পিছিয়ে পড়েও স্পেনকে ২-১ গোলে হারিয়ে দিল জাপান। গোল করলেন রিৎসু দোয়ান এবং আও তানাকা। স্পেনের একমাত্র গোল আলভারো মোরাতার।

    আরও পড়ুন: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

    গতকালের ম্যাচের ফলাফল:

    ক্রোয়েশিয়া ০ : বেলজিয়াম ০

    কানাডা ১ : মরক্কো ২

    জাপান ২ : স্পেন ১

    জার্মানি ৪ : কোস্টারিকা ২

    আজকের ম্যাচ:

    দক্ষিণ কোরিয়া-পর্তুগাল (রাত সাড়ে ৮টা)

    ঘানা-উরুগুয়ে (রাত সাড়ে ৮টা)

    সার্বিয়া-সুইৎজারল্যান্ড (রাত সাড়ে ১২টা)

    ব্রাজিল-ক্যামেরুন (রাত সাড়ে ১২টা)

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share