U19 Asia Cup 2026: শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে হারিয়ে নবমবার এশিয়া কাপ জয় ভারতের! উচ্ছ্বসিত মোদি-শাহ

india-beat-pakistan-u19-asia-cup-2026-final-win-title-ninth-time-pm-modi-amit-shah-congratulates

মাধ্যম নিউজ ডেস্ক: শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল তিন রান। এক উইকেট হাতে নিয়ে সেই কঠিন সমীকরণই মিলিয়ে দিল ভারত। শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে পাকিস্তানের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিল ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৬-এর ফাইনালে এক উইকেটে জিতে রেকর্ড নবমবারের জন্য চ্যাম্পিয়ন হল ভারত। তরুণ ক্রিকেটারদের এই অসাধারণ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah)।

তরুণ ক্রিকেটারদের প্রশংসায় প্রধানমন্ত্রী

ভারতের এই রুদ্ধশ্বাস জয়ের পর সমাজমাধ্যম এক্স-এ পোস্ট করে দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মোদি। তিনি লেখেন, “ভারতীয় ক্রিকেটের জন্য অসাধারণ একটি দিন! আমাদের তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স এবং পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৬ জয়ে আমি অত্যন্ত গর্বিত। তাঁদের এই সাফল্য বহু তরুণকে অনুপ্রাণিত করবে। আগামী দিনের জন্য দলকে শুভেচ্ছা।”

অন্যদিকে, অমিত শাহও ভারতীয় দলের লড়াকু মানসিকতা ও দৃঢ়তার প্রশংসা করেছেন। তাঁর কথায়, এই জয় দেশকে আনন্দ ও গর্বের মুহূর্ত উপহার দিয়েছে। মাঠে ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা, নিষ্ঠা এবং ক্রীড়াসুলভ মনোভাব আগামী দিনে আরও অনেক তরুণকে ক্রিকেটের প্রতি উৎসাহিত করবে।

৩৩৮ রান তাড়া করে অবিশ্বাস্য জয় ভারতের

ফাইনালে প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ৯ উইকেটে ৩৩৭ রান। দলের হয়ে সর্বোচ্চ ১০৭ রান করেন ওপেনার উসমান খান। ফলে ভারতের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৩৮ রান।

জবাবে শুরুটা দুর্দান্ত করে ভারতের দুই ওপেনার লক্ষ্য রাইচন্দানি ও আর্যবীর সেহওয়াগ। প্রথম উইকেটে তাঁদের ৯৫ রানের জুটি ভারতকে লড়াইয়ে এগিয়ে দেয়। লক্ষ্য করেন ৮০ রান, আর্যবীরের ব্যাট থেকে আসে ৫৮ রান। কিন্তু পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। একসময় ৪২ ওভারে ২৫২ রানে ৮ উইকেট হারিয়ে কার্যত কঠিন পরিস্থিতিতে পড়ে যায় দল।

সেখান থেকেই ম্যাচের মোড় ঘোরান নবম উইকেটের দুই ব্যাটার মোহিত উলভা ও মনাল চৌহান। তাঁদের ৫৭ রানের গুরুত্বপূর্ণ জুটি ভারতকে ফের লড়াইয়ে ফিরিয়ে আনে। ৩২ বলে ৪৭ রান করে মনাল আউট হলেও হাল ছাড়েননি মোহিত। শেষ ব্যাটার সি ভেঙ্কটের সঙ্গে জুটি বেঁধে এগিয়ে নিয়ে যান দলকে। ভেঙ্কট ৮ বলে অপরাজিত ১১ রান করেন।

শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৮ রান। শেষ বলে সমীকরণ দাঁড়ায় ৩ রান। পাকিস্তানের আহমেদ হুসেনের বল লং-অফের দিকে বাউন্ডারিতে পাঠিয়ে জয় নিশ্চিত করেন মোহিত। এক উইকেটের এই জয় শুধু ফাইনালের উত্তেজনাই বাড়ায়নি, ভারত-পাকিস্তান ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতায় অনূর্ধ্ব-১৯ স্তরেও স্মরণীয় অধ্যায় হয়ে থাকল।

টুর্নামেন্টের সেরা আর্যবীর সেহওয়াগ

ভারতের এই জয়ের পর অভিনন্দনের বার্তা এসেছে প্রাক্তন ক্রিকেটারদের কাছ থেকেও। সৌরভ গঙ্গোপাধ্যায় তরুণ দলের প্রশংসা করার পাশাপাশি বিশেষভাবে উল্লেখ করেছেন আর্যবীর সেহওয়াগের পারফরম্যান্স। তাঁর মতে, গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে ভারতীয় দল। আর্যবীরের পারফরম্যান্সে গর্বিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে তাঁর বাবা, প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগেরও।

বীরেন্দ্র সেহওয়াগ সমাজমাধ্যমে লিখেছেন, পাকিস্তানের মতো প্রতিপক্ষকে হারানো সহজ নয়। লক্ষ্য ও আর্যবীরের পাশাপাশি মনাল ও মোহিতের অবিশ্বাস্য পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন তিনি। হরভজন সিং এবং ইরফান পাঠানও তরুণ দলকে অভিনন্দন জানিয়েছেন।

এই টুর্নামেন্টে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছেন আর্যবীর সেহওয়াগ। পাঁচ ম্যাচে ৩৬১ রান করে তিনি হয়েছেন প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক এবং টুর্নামেন্টের সেরা ক্রিকেটার (Player of the Tournament)। তাঁর পারফরম্যান্স ভারতের অপরাজিত অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

সব মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে শেষ বলের নাটকীয় জয়, নবমবার এশিয়া কাপ দখল এবং একাধিক তরুণ ক্রিকেটারের উজ্জ্বল পারফরম্যান্স—ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আশার আলো দেখাল অনূর্ধ্ব-১৯ দল।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share