মাধ্যম নিউজ ডেস্ক: মহারাষ্ট্রের নাসিকে টিসিএস (Tata Consultancy Services)-এর বিপিও ইউনিট ঘিরে বিতর্কিত ‘ধর্মান্তর’ ও যৌন হেনস্তা মামলায় নতুন মোড়। মামলার (TCS Nashik Case) অন্যতম অভিযুক্ত নিদা খান গত এক সপ্তাহ ধরে পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি চালালেও এখনও তার অবস্থান নিশ্চিত করা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিদা খানের স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলেও তেমন কোনো তথ্য মেলেনি। স্বামী দাবি করেছেন, তিনি আত্মীয়ের বাড়িতে গিয়েছেন। তবে পুলিশ ওই বাড়িতে পৌঁছে সেটি তালাবন্ধ অবস্থায় পায়। তদন্তকারীদের ধারণা, গ্রেফতার এড়াতে নিদা খান প্রায় দু’মাস আগে মুম্ব্রা এলাকায় সরে গিয়েছিলেন। বর্তমানে তিনটি পৃথক পুলিশ দল তাকে খুঁজছে, যার একটি দল মুম্ব্রায় সক্রিয়।
কীভাবে শুরু এই মামলা
ঘটনার সূত্রপাত হয় এক ২৩ বছর বয়সি মহিলা বিপিও কর্মীর অভিযোগে। তিনি তার সহকর্মী দানিশ শেখের বিরুদ্ধে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ তোলেন। এরপর নাসিক পুলিশ একাধিক ধারায় মামলা দায়ের করে। যার মধ্যে রয়েছে প্রতারণার মাধ্যমে যৌন সম্পর্ক (ধারা ৬৯), যৌন হেনস্তা (ধারা ৭৫), ধর্মীয় অনুভূতিতে আঘাত (ধারা ২৯৯)। টাটা সন্স-এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন (N Chandrasekaran) এই ঘটনাকে “অত্যন্ত উদ্বেগজনক ও বেদনাদায়ক” বলে উল্লেখ করেছেন। সংস্থার পক্ষ থেকে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন সিওও আর্থি সুব্রামনিয়ান। এছাড়া নজরদারি কমিটির প্রধান হিসেবে রয়েছেন কেকি মিস্ত্রি।
নিদা-কে নিয়ে বিভ্রান্তি
এই মামলার (TCS Nashik Case) মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে নিদা খান-এর নাম। নিদা খান, অভিযুক্ত দানিশ শেখের বোন। তবে তাঁর পরিচয় নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রথমে শোনা গিয়েছিল নিদা খান এইচআর প্রধান, কিন্তু পরে সূত্র মারফত জানা যায় তিনি আদতে একজন টেলিকলার বা সাধারণ কর্মী। নিদার বিরুদ্ধে অভিযোগ, সে একটি চক্রের হয়ে ‘কর্পোরেট জিহাদ’ চালাত। নিদা নাকি সংস্থার মহিলা কর্মীদের জোর করে ধর্মান্তকরণের চেষ্টা করত। এমনকী হিন্দু কর্মীদের আমিষ খাবার খেতে বাধ্য করতেন বলেও অভিযোগ। জবরদস্তি একটি নির্দিষ্ট ধর্মীয় রীতিনীতি পালনের জন্য চাপ দিতেন বলেও অভিযোগ।
‘চুপ থাকো নইলে বিপদ’
তদন্তের চেয়েও বড় বিতর্ক তৈরি হয়েছে টিসিএস-এর নাসিক ইউনিটের এইচআর (HR) বিভাগের ভূমিকা নিয়ে। নির্যাতিতা তরুণীর অভিযোগ, তিনি যখন অভ্যন্তরীণ কমিটির কাছে অভিযোগ জানাতে যান, তখন তাঁকে সাহায্য করার বদলে ‘মুখ বন্ধ’ রাখার পরামর্শ দেওয়া হয়। শুধু তাই নয়, অভিযোগ করলে কেরিয়ার শেষ করে দেওয়ার প্রচ্ছন্ন হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি করেন ওই তরুণী। এখানেই প্রশ্ন উঠতে শুরু করে যে, প্রতিষ্ঠানের সুনাম রক্ষা করতে গিয়েই কি অপরাধীকে আড়াল করা হয়েছে? যদিও টিসিএস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ‘জিরো টলারেন্স’ (Zero Tolerance) নীতিতে বিশ্বাসী এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
টাটার দাবি
টাটা কনসালটেন্সি সার্ভিসেসের (টিসিএস) নাসিক শাখার বিপিও-তে যৌন হেনস্থা কেলেঙ্কারিতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছিলেন টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। তবে টাটার তরফ থেকে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়, পুলিশ যে সব ঘটনার তদন্ত করছে, সেই সংক্রান্ত ঘটনার বিষয়ে কোনও অভিযোগ তারা পায়নি। টিসিএস-এর সিইও ও এমডি কে কৃতিবাসন এক বিবৃতিতে বলেছেন, প্রাথমিক ভাবে সিস্টেম এবং রেকর্ড ঘেঁটে দেখা গিয়েছে, এথিকস বা পশ (POSH) চ্যানেলে এই ধরনের কোনও অভিযোগই দায়ের করা হয়নি। এদিকে টিসিএসের তরফ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত নিদা খানকে গত ৯ এপ্রিল সাসপেন্ড করা হয়েছে। এবং নিদা খান একজন প্রোসেস অ্যাসিয়েট ছিল। সে এইআচর ম্যানেজার ছিল না এবং কর্মী নিয়োগ প্রক্রিয়ার অংশ ছিল না। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, টিসিএস-এর প্রেসিডেন্ট ও সিওও আরথি সুব্রামানিয়ানের নেতৃত্বে পরিচালিত অভ্যন্তরীণ তদন্ত চলছে। এবং এর জন্য স্বাধীন পরামর্শদাতা হিসেবে ডেলয়েট এবং স্বনামধন্য আইন সংস্থা ট্রাইলিগালের বিশেষজ্ঞদের নিযুক্ত করা হয়েছে।’
তদন্তকারীদের নজরে
নাসিক পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এখন আপাতত ডিজিটাল ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। টিসিএস-এর ওই ইউনিটের বেশ কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। আইনি বিশেষজ্ঞদের মতে, দোষ প্রমাণিত হলে অভিযুক্তের কঠোর সাজা তো হবেই, পাশাপাশি অভিযোগ ধামাচাপা দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এই ঘটনার পর যে ৬টি দিক নিয়ে তদন্তকারীরা কাজ করছেন তা হল—
- আইনের প্রয়োগ: কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা আইন (POSH Act) কি টিসিএস-এর মতো বড় সংস্থায় কেবল কাগজ-কলমেই সীমাবদ্ধ?
- অভ্যন্তরীণ তদন্তে গাফিলতি: প্রাথমিক অভিযোগ পাওয়ার পর কেন তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়নি?
- ডিজিটাল তথ্যপ্রমাণ: অভিযুক্ত ও অভিযোগকারিণীর কল রেকর্ড এবং চ্যাট হিস্ট্রি খতিয়ে দেখছে পুলিশ।
- মানসিক হেনস্থা: কর্মক্ষেত্রে বিষাক্ত পরিবেশ (Toxic Culture) তৈরি করার দায় কার?
- প্রমাণ লোপাট: সিসিটিভি ফুটেজ বা গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলার কোনও চেষ্টা হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
জাতীয় স্তরে নজরদারি
টিসিএস-এর (TCS Nashik Case) মতো সংস্থা, যেখানে কাজ করার জন্য লক্ষ লক্ষ তরুণ-তরুণীর স্বপ্ন দেখে, সেখানে এই ধরনের ঘটনা সামগ্রিক ব্যবস্থার ওপর অনাস্থা তৈরি করেছে তা বলার অপেক্ষা রাখে না। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস (Devendra Fadnavis) এই ঘটনাকে “গুরুতর” বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, যদি তদন্তে “কর্পোরেট জিহাদ”-এর কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তার শিকড় পর্যন্ত পৌঁছে ব্যবস্থা নেওয়া হবে। এনসিডব্লিউ (National Commission for Women) ইতিমধ্যেই চার সদস্যের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করেছে। পাশাপাশি এনএইচআরসি (National Human Rights Commission) মহারাষ্ট্র পুলিশ, শ্রম দফতর টিসিএস কর্তৃপক্ষকে নোটিস জারি করে বিস্তারিত রিপোর্ট চেয়েছে।

Leave a Reply