Millben Targets Dipke: ২০২৯-এও জিতবেন প্রধানমন্ত্রী মোদি! ফের দীপকেকে আক্রমণ মার্কিন গায়িকা মিলবেনের

millben targets abhijeet dipke says pm modi doesn't need us support, predicts 2029 win

মাধ্যম নিউজ ডেস্ক: ফের কক্‌রোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে নিশানা করলেন মার্কিন গায়িকা মেরি মিলবেন (Millben Targets Dipke)। বুধবার রাতে সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকার সমর্থনের কোনও প্রয়োজন নেই। তাঁর পাশে রয়েছেন দেশের বিপুল সংখ্যক মানুষ। একই সঙ্গে ২০২৯ সালের লোকসভা নির্বাচনেও মোদির জয়ের ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।

দীপকের উদ্দেশে মিলবেন

প্রধানমন্ত্রী মোদির (Mary Millben about PM Modi) প্রতি প্রকাশ্য সমর্থনের জন্য পরিচিত মিলবেন দীপকের উদ্দেশে লেখেন, “সত্য সকলকে মুক্তি দেয়। আপনাকেও।” তাঁর অভিযোগ, আমেরিকাভিত্তিক অনুদানদাতারা রাজনৈতিক সাফল্য না এলে দীপকের পাশ থেকে সরে যাবেন। তাঁর বক্তব্য, “আইনহীনতা কখনও জয়ী হয় না।” এর পরেই সিজেপি নেতাকে নিজের রাজনৈতিক কৌশল পরিবর্তনের পরামর্শ দেন মিলবেন। দীপকের মার্কিন শিক্ষাগত যোগ্যতা ও প্রতিভাকে ইতিবাচক কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা নিতে দীপকের উচিত প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসা। তাঁর মতে, সঠিক কাজ করার সাহসের প্রমাণ দিতে হলে দীপককে আগামী দিনে নিজের পদক্ষেপের মাধ্যমে তা দেখাতে হবে।

মোদির পাশে ভারতীয়রা, দাবি মিলবেনের

ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ নিয়ে বিতর্কের মধ্যেই প্রধানমন্ত্রী মোদির জনসমর্থনের পক্ষে সওয়াল করেছেন মার্কিন গায়িকা। তাঁর দাবি, মোদি আমেরিকার সমর্থনের উপর নির্ভরশীল নন। বরং দীর্ঘদিন ধরে দেশের মানুষের সমর্থন পেয়ে আসছেন তিনি। মিলবেনের কথায়, “প্রধানমন্ত্রীর আমেরিকার সমর্থনের প্রয়োজন নেই। তাঁর পাশে রয়েছেন ১৫০ কোটি ভারতীয় নাগরিক।” ২৫ বছরের জনজীবন, প্রধানমন্ত্রী হিসেবে ১২ বছরের দায়িত্ব এবং পরপর তিনটি লোকসভা নির্বাচনে জয়ের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, ২০২৯ সালেও মোদি জয়ী হবেন।

কী নিয়ে সংঘাত দীপকে ও মিলবেনের?

মিলবেন ও দীপকের এই বাক্‌যুদ্ধের সূত্রপাত বিদেশি অনুদান এবং ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগকে কেন্দ্র করে। এর আগে মিলবেন অভিযোগ করেছিলেন, আমেরিকাভিত্তিক কিছু অনুদানদাতা ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে অস্থির করার উদ্দেশ্যে দীপক ও তাঁর দলকে অর্থ জোগাচ্ছেন। তাঁর আরও অভিযোগ, বিদেশি অনুদানদাতারা কখনও কখনও আমেরিকায় শিক্ষিত ব্যক্তিদের বেছে নিয়ে তাঁদের উগ্রপন্থী করে তোলেন এবং পরে নিজ নিজ দেশে পাঠিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অর্থ সাহায্য করেন।মমিলবেনের অভিযোগের জবাবে দীপকে প্রশ্ন তুলেছিলেন, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে বিদেশি নাগরিকদের হস্তক্ষেপের অধিকার কে দিয়েছে? তাঁর বক্তব্য, ভারতীয়রা নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে সক্ষম। দীপকে আরও দাবি করেন, বোস্টন বিশ্ববিদ্যালয়ে তাঁর পড়াশোনার খরচ মিটেছিল বৃত্তি ও শিক্ষাঋণের মাধ্যমে। বিদেশি অর্থায়নের অভিযোগকে তিনি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।

মোদিকে সম্মান মেরি মিলবেনের

মেরি মিলবেন একজন আফ্রিকান-আমেরিকান অভিনেত্রী ও গায়িকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তাঁর সমর্থন বহুবার প্রকাশ্যে এসেছে। ২০২৩ সালে মোদির রাষ্ট্রীয় আমেরিকা সফরের সময় তিনি ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করেছিলেন। সম্প্রতি মোদির ২৫ বছরের জনজীবনের প্রশংসা করে তাঁকে ‘ভারতীয় স্বপ্নের উজ্জ্বল আলোকবর্তিকা’ বলেও উল্লেখ করেন তিনি।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share