মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরে ফের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ল। কুলগামে সিআরপিএফ (CRPF) জওয়ানদের উপর জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতেই এবার কিস্তওয়ারে উদ্ধার হল দুই স্পেশাল পুলিশ অফিসারের (SPO) গুলিতে ঝাঁঝরা দেহ। বুধবার থেকে নিখোঁজ ছিলেন ওই দুই পুলিশকর্মী।
বৃহস্পতিবার সকালে কিস্তওয়ার জেলার দুর্গম ডাচ্ছন (Dachhan) এলাকার একটি জঙ্গল থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়। মৃতদের নাম বাবি চন্দ (৫৭) এবং রশপাল কুমার (৪৫)। দু’জনেই স্থানীয় পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG)-এর সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের সার্ভিস রাইফেলও উদ্ধার হয়নি। ফলে প্রাথমিকভাবে এই ঘটনার পিছনে জঙ্গিদের হাত থাকার আশঙ্কা করছেন তদন্তকারীরা।
কীভাবে নিখোঁজ হলেন দুই পুলিশকর্মী?
পুলিশ ও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কিস্তওয়ারের ডাচ্ছন এলাকার কিয়ার (Kiyar) গ্রামে স্পেশাল অপারেশনস্ গ্রুপ-এর (SOG) দায়িত্বে ছিলেন বাবি চন্দ ও রশপাল কুমার। তাঁদের কিয়ার ক্যাম্প থেকে মারওয়াহ সেক্টরের ধারনা (Dharna) এলাকায় সেনাবাহিনীর একটি অস্থায়ী ক্যাম্পে রোটেশন ডিউটিতে যাওয়ার কথা ছিল। সেই মতো ১০ নভেম্বর তাঁরা রওনা দেন। কিন্তু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছননি। এরপর থেকেই তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সূত্রের খবর, ওই দুই এসপিও সেনা ক্যাম্পে দায়িত্ব বদলের জন্য যাচ্ছিলেন। তাঁদের পরিবর্তে অন্য দুই সহকর্মীর দায়িত্ব নেওয়ার কথা ছিল। কিন্তু মাঝপথেই তাঁরা নিখোঁজ হয়ে যান। তাঁদের খোঁজ না মেলায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়ায় নিরাপত্তা বাহিনীর মধ্যে।
শোনা গিয়েছিল গুলির শব্দ, নিখোঁজ হওয়ার পর বন্ধ মোবাইল
দুই পুলিশকর্মীর নিখোঁজ হওয়ার ঘটনায় বেশ কয়েকটি বিষয় সন্দেহ বাড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, কিয়ার ও ডেরানা এলাকার মধ্যবর্তী অঞ্চলে তাঁদের নিখোঁজ হওয়ার আগে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়েছিলেন বাসিন্দারা। প্রথমদিকে দু’জনের মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হলেও পরে ফোনগুলি বন্ধ হয়ে যায়।
এরপরই তাঁদের সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। জম্মু-কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং ভারতীয় সেনার যৌথ বাহিনী দুর্গম ডাচ্ছন এলাকায় তল্লাশি চালায়। পাশাপাশি আশপাশের জঙ্গল ও সংলগ্ন এলাকাগুলিতে নিরাপত্তা বলয় তৈরি করা হয়।
গুলি করে খুন, সঙ্গে নিয়ে পালানো হয়েছে রাইফেল?
বৃহস্পতিবার সকালে জঙ্গল থেকে উদ্ধার হয় দুই এসপিও-র দেহ। স্থানীয় সূত্রের দাবি, একজনের মাথায় এবং অন্যজনের পিঠে গুলির ক্ষত ছিল। আরও উদ্বেগজনক বিষয় হল, তাঁদের সঙ্গে থাকা সার্ভিস রাইফেল দু’টির কোনও সন্ধান মেলেনি। একটি ইনস্যাস (INSAS) রাইফেল এবং অন্যটি পয়েন্ট ৩০৩ রাইফেল বলে জানা গিয়েছে।
প্রাথমিক অনুমান, জঙ্গিরা আগে থেকেই ওই এলাকায় ওত পেতে ছিল। সুযোগ বুঝে দুই পুলিশকর্মীর উপর হামলা চালিয়ে তাঁদের হত্যা করে অস্ত্র নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। যদিও এই বিষয়ে তদন্তের চূড়ান্ত রিপোর্ট এখনও সামনে আসেনি। হামলাকারীদের শনাক্ত করতে এবং তাঁদের গতিবিধি জানতে এলাকায় তল্লাশি ও ঘেরাও অভিযান আরও জোরদার করেছে নিরাপত্তা বাহিনী।
ঘটনাস্থলে যাওয়ার কথা জানালেন বিধায়ক
এই ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন কিস্তওয়ারের বিধায়ক শগুন পরিহার। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ প্রথম এসপিও-র দেহ উদ্ধারের খবর পাওয়া যায়। প্রায় এক কিলোমিটার দূর থেকে সকাল ৯টা নাগাদ দ্বিতীয় পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়।
দুই পুলিশকর্মীর মৃত্যুর খবর পাওয়ার পর তিনি ডাচ্ছন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান। তাঁর বক্তব্য, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জঙ্গিদের বিরুদ্ধে প্রশাসনের উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে বিধায়ক বলেন, প্রতিবেশী দেশ জম্মু-কাশ্মীরের মানুষকে শান্তিতে থাকতে দিতে চাইছে না।
কুলগামে সিআরপিএফ-এর উপর হামলার পরেই এই ঘটনা
উল্লেখযোগ্য বিষয়, কিস্তওয়ারে দুই এসপিও-র দেহ উদ্ধারের ঘটনা ঘটল কুলগাম জেলার মির বাজারের কাছে আখরান এলাকায় সিআরপিএফের একটি দলের উপর জঙ্গি হামলার ২৪ ঘণ্টার মধ্যে। ওই হামলায় তিন সিআরপিএফ জওয়ান আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে এয়ারলিফট করে শ্রীনগরের সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি দুই জওয়ানের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
কাশ্মীরের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ
পরপর এই ধরনের ঘটনায় জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে দুর্গম ও জঙ্গলঘেরা কিস্তওয়ার এলাকায় জঙ্গিদের গতিবিধি এবং নিরাপত্তা বাহিনীর উপর হামলার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এই জেলায় একাধিক জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এবার দুই এসপিও-কে হত্যার ঘটনায় জড়িতদের খুঁজে বের করা এবং তাঁদের কাছ থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করাই বাহিনীর কাছে বড় চ্যালেঞ্জ।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর কিস্তওয়ারে আরও এক এসপিও বশির আহমেদের (৫৫) মৃতদেহ উদ্ধার হয়েছিল। তবে সেই ঘটনার সঙ্গে জঙ্গি হামলার কোনও যোগ পাওয়া যায়নি। জমি সংক্রান্ত বিবাদের জেরে তাঁর আত্মীয়রাই তাঁকে খুন করেছিল বলে পরবর্তী পুলিশি তদন্তে উঠে আসে। ফলে সাম্প্রতিক দুই এসপিও-র হত্যাকাণ্ডকে ওই ঘটনার সঙ্গে এক করে দেখার কোনও কারণ নেই। আপাতত কিস্তওয়ারের এই জোড়া হত্যাকাণ্ডের তদন্তে নজর রয়েছে গোটা নিরাপত্তা মহলের।

Leave a Reply