মাধ্যম নিউজ ডেস্ক: গুলিবিদ্ধ পুলিশকর্মী বিশ্বজিৎ দাসের চিকিৎসায় বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হল। বোলপুর ও বর্ধমানের পর রবিবার বিশ্বজিৎকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁর বাঁ পায়ের হাড়ের একাধিক টুকরো হয়ে গিয়েছে। রয়েছে সংক্রমণও। পরিস্থিতি খতিয়ে দেখতে অর্থোপেডিক ও জেনারেল সার্জারি বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। অন্যদিকে, যে রতন শেখের গুলিতে জখম হয়েছিলেন বিশ্বজিৎ, রবিবার পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে সেই অভিযুক্তের।
সংক্রমণ নিয়ন্ত্রণের পর অস্ত্রোপচার
বীরভূমের শান্তিনিকেতন থানার পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ গুলিবিদ্ধ হন গত শুক্রবার সন্ধ্যায়। সদ্যজামিনে ছাড়া পাওয়া নানুরের বাসিন্দা রতনকে অন্য মামলায় ধরতে গিয়েছিল পুলিশবাহিনী। সেই দলে ছিলেন বিশ্বজিৎ। অভিযোগ, পুলিশকে দেখে গুলি চালিয়েছিলেন রতন। একটি গুলি লাগে বিশ্বজিতের বাঁ পায়ে। প্রথমে তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। রবিবার বিশ্বজিতের শারীরিক পরিস্থিতি দেখে ঝুঁকি নেননি চিকিৎসকেরা। তাঁকে এসএসকেএমে পাঠানো হয়। অর্থোপেডিক বিভাগের প্রধান চিকিৎসক নীরজ ডুগ্গরের অধীনে বিশ্বজিতের চিকিৎসা চলছে। এ-ও জানা গিয়েছে, গুলি বার করেই এসএসকেএমে গুলিবিদ্ধ পুলিশকর্মীর বাঁ পায়ের হাড়ের অনেকগুলো টুকরো হয়েছে। সংক্রমণও রয়েছে। তবে সংক্রমণের মাত্রা উদ্বেগজনক নয়। সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পরে অস্ত্রোপচার কবে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা। রোগীর অবস্থা এখন স্থিতিশীল। তিনি এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।
এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত রতনের
অন্যদিকে, বিশ্বজিৎকে গুলি করে পালানোর অভিযোগে অভিযুক্ত রতন শেখের মৃত্যু হয়েছে রবিবার। ওই দিন পূর্ব বর্ধমানের নবাবহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর নানুরের চরকোল গ্রামের একটি ইটভাটায় নিয়ে যাওয়া হয়েছিল গুলি চালানোর ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য। পুলিশের দাবি, অস্ত্র উদ্ধারের সময় লুকিয়ে রাখা পিস্তল বের করে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় রতন। একটি গুলি পুলিশের গাড়িতে লাগে। পাল্টা গুলি চালায় পুলিশও। তাতে জখম হয় রতন। তাকে নানুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য বোলপুর হাসপাতালে পাঠানো হয়। পুলিশের দাবি, রতনের বিরুদ্ধে মোট ৩৬টি ফৌজদারি মামলা ছিল।

Leave a Reply