মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার ঝাড়খণ্ডের (Jharkhand) পশ্চিম সিংভূম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ১৬ জন মাওবাদী (Maoists) নিহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। তাদের মধ্যে শীর্ষ মাওবাদী নেতা পতিরাম মাঝি ওরফে আনাল দা-ও ছিল। এই সংবাদ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মাথার দামছিল ২ কোটি ৩৫ লক্ষ টাকা (Jharkhand)
মাওবাদী নেতা আনালের মাথার দাম ছিল ২ কোটি ৩৫ লক্ষ টাকা। যার মধ্যে ঝাড়খণ্ডে রয়েছে ১ কোটি টাকা, ওড়িশা ১ কোটি ২ লক্ষ এবং জাতীয় তদন্তকারী সংস্থা ঘোষণা করেছিল ১৫ লক্ষ টাকা। কিরিবুরু থানার সীমানার মধ্যে সারান্দা বনের কুমদি এলাকায় সিআররপিএফের কোবরা ইউনিটের প্রায় ১৫০০ সেনা এই অভিযানে নিযুক্ত ছিলেন। টানা সাত ঘণ্টা লড়াই চলে দুই পক্ষের মধ্যে। এরপর সন্ধ্যে নেমে আসলে থেমে থেমে গুলির লড়াই চলতে থাকে। এক এক করে খতম হয় ১৬ মাওবাদী। নিহত মাওবাদীদের (Maoists) মধ্যে ৫ জন মহিলাও ছিল।
এলাকাটিকে নকশাল মুক্ত করা হয়েছে
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের এক্স হ্যান্ডলে বলেন, “সিআরপিএফ এবং ঝাড়খণ্ড পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে এলাকাটিকে নকশাল মুক্ত করা হয়েছে।” একই ভাবে সিআরপিএফের ইন্সপেক্টর জেনারেল সাকেত কুমার সিং বলেন, ঝাড়খণ্ডে সংঘর্ষে এই প্রথম ১৫ জন মাওবাদী (Maoists) মৃতদেহ একসঙ্গে উদ্ধার করা হয়েছে।
আনাল ছাড়াও এই এনকাউন্টারে নিহত আরও এক শীর্ষ মাওবাদী নেতা হল বিহার-ঝাড়খণ্ড (Jharkhand) স্পেশাল এরিয়া কমিটির সদস্য আনমোল ওরফে সুশান্ত, যে ১৪৯ টি মামলায় ওয়ান্টেড ছিল। তার জন্য ৯০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ২০০৬ সালের ৩ মার্চ ঝাড়খণ্ডের বোকারোতে সিআইএফ-এর ক্যাম্পে হামলা চালানোর ঘটনায় অভিযুক্ত ছিল আনমোল। একই ভাবে ২০১৯ সালের জুন মাসে সেরাইকেলা খারসোয়ান জেলার কুকরু হাটে পাঁচ নিরাপত্তা কর্মীর হত্যাকাণ্ড মামলায়ও জড়িত ছিল অভিযুক্ত হিসেবে।

Leave a Reply