মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের প্রথম ২০টি ম্যাচের সূচি প্রকাশ্যে এল বুধবার। ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। ১২ এপ্রিল পর্যন্ত সূচি প্রকাশ করা হয়েছে। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর বাকি সূচি ঘোষণা করা হবে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসমের বিধানসভা ভোট রয়েছে এপ্রিল-মে মাসে। বোর্ডের সূচি অনুযায়ী, ২৮ মার্চ শনিবার, বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল। গত বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু। প্রথামাফিক তাদের ঘরের মাঠেই হবে উদ্বোধনী ম্যাচ। অর্থাৎ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হবে। বাকি ১৯টি ম্যাচ হবে মোট ১০টি মাঠে।
কবে নামছে কলকাতা
প্রতিযোগিতার দ্বিতীয় দিনই নামছে কলকাতা। মুম্বইয়ে অ্যাওয়ে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে কলকাতা। ঘরের মাঠ ইডেনে কলকাতার প্রথম ম্যাচ ২ এপ্রিল। মোট চার দিন ‘ডবল হেডার’, অর্থাৎ দিনে দু’টি করে ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ৩.৩০টে থেকে। দ্বিতীয় ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০টা থেকে। যে দিনগুলিতে একটি করে ম্যাচ, সেগুলি হবে সন্ধ্যা ৭.৩০টা থেকে। প্রথম ‘ডবল হেডার’ রয়েছে ৪ এপ্রিল, যে দিন দুপুরে দিল্লি মুখোমুখি মুম্বইয়ের।
বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ম্যাচগুলি নিয়ে ধন্দ
আইপিএলের সময়সূচি প্রকাশ করে বলা হয়েছে যে, বেঙ্গালুরুতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ম্যাচগুলি বিশেষজ্ঞ কমিটির অনুমোদনের পরেই আয়োজন সম্ভব হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিবৃতিতে লেখা হয়েছে, “বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ম্যাচগুলি কর্নাটক সরকারের মাধ্যমে গঠিত বিশেষজ্ঞ কমিটির অনুমোদনের অধীন। কমিটি ১৩ মার্চ চিন্নাস্বামী স্টেডিয়াম পরিদর্শন করবে এবং বৈঠক করবে। সেই সময় আইপিএল ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামের প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি ম্যাচের দিনের ব্যবস্থাগুলির একটি সম্পূর্ণ মাপের মক প্রদর্শনী করা হবে।” উল্লেখ্য, আরসিবি গত মরশুমে অর্থাৎ ২০২৫ সালে আইপিএলের খেতাব জিতেছিল, যার পরে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত দলের বিজয় মিছিলের সময় চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে হুড়োহুড়ি লেগে যায়। এই হুড়োহুড়িতে ১১ জনের পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল। এছাড়াও অনেকে আহত হয়েছিলেন।
রাহানের নেতৃত্বেই নাইটদের অভিযান
বিশ্বকাপ শেষ হতেই বেজে গিয়েছে আইপিএল-এর (IPL 2026) রিংটোন। নতুন মরসুমে নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গতবার প্রত্যাশা পূরণ হয়নি, তাই এবার দল সাজানো হয়েছে নতুন পরিকল্পনায়। তবে অধিনায়ক হিসেবে রাহানেকেই বেছে নিয়েছে কেকেআর শিবির। রাসেলের মতো দলের অনেক পুরানো সদস্য এবার আর পার্পল জার্সি গায়ে মাঠে নামবেন না। তবে এবার ব্যাটিং থেকে বোলিং- সব দিক থেকেই মোটামুটি ‘ব্যালান্সড’ দল গড়ার চেষ্টা করেছে নাইট ম্যানেজমেন্ট। দলের শক্তি বাড়াতে এবার কলকাতার হয়ে খেলবেন বিশ্ব ক্রিকেট মাতিয়ে আসা একাধিক তরুণ ক্রিকেটার। সেই তালিকায় প্রথম নাম থাকবে ফিন অ্যালেনের (Finn Allen)। কিছুদিন আগেই বিশ্বকাপের সেমিফাইনালে ইডেনের ‘মহানায়ক’ হয়ে উঠেছিলেন নিউজিল্যান্ডের এই বিস্ফোরক ওপেনার। শুধু অ্যালেন নয়, তাঁর জাতীয় দলে তাঁর ওপেনার সঙ্গী টিম সাইফার্টও (Tim Seifert) রয়েছে কেকেআর দলে। ফলে, এ বছর নাইটদের ওপেনিং জুটি যে বিস্ফোরক হতে চলেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। সেই সঙ্গে এবার অলরাউন্ড বিভাগেও রয়েছে বড় চমক। মিডল অর্ডারে রয়েছেন আরও এক দুর্ধর্ষ কিইয়ি ব্যাটার রাচিন রবীন্দ্র (Rachin Ravindra)। রয়েছেন রোভম্যান পাওয়েল, রাহুল ত্রিপাঠী ও রামনদীপ সিং। থাকছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন (Cameron Green)। এছাড়াও দলের মিডল অর্ডারে অজিঙ্ক রাহানের সঙ্গে দেখা যেতে পারে তরুণ মুম্বই ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশীকে (Angkrish Raghuvanshi)। নাইটদের ফিনিশারের ভূমিকায় তো রয়েইছেন ভারতের বিশ্বকাপজয়ী তারকা রিঙ্কু সিং (Rinku Singh)। বোলিং বিভাগে দলের প্রধান অস্ত্র বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) আর সুনীল নারিন।
কলকাতা নাইট রাইডার্সের সূচি:
২৯ মার্চ ২০২৬ (রবিবার): কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স: ওয়াংখেড়ে স্টেডিয়াম
০২ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার): কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ: ইডেন গার্ডেন্স
০৬ এপ্রিল ২০২৬ (সোমবার): কেকেআর বনাম পঞ্জাব কিংস: ইডেন গার্ডেন্স
০৯ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার): কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস: ইডেন গার্ডেন্স
২০২৬ আইপিএলে KKR-এর সম্পূর্ণ স্কোয়াড: অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিং, ক্যামেরন গ্রিন, রোভম্যান পাওয়েল, সুনীল নারিন, আংক্রিশ রঘুবংশী, অনুকূল রায়, হর্ষিত রানা, মনীশ পাণ্ডে, রামনদীপ সিং, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, তেজস্বী সিং, ফিন অ্যালেন, কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কি, টিম সাইফার্ট, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, দক্ষ কামরা, আকাশ দীপ, মাথিশা পাথিরানা, সার্থক রঞ্জন।

Leave a Reply