তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল
বেলা বাড়লেই বাড়ছে তাপমাত্রার পারদ। ঘাম হচ্ছে। আবার রাতের দিকে আবহাওয়া হালকা ঠান্ডা। কখনো কখনো এমন হাওয়ার দাপট, বেশ ঠান্ডা অনুভূতি! তাপমাত্রার এই রকমফের বসন্তের চেনা ছন্দ! কিন্তু আবহাওয়ার এই খামখেয়ালিপনা বাড়াচ্ছে বিপদ। শিশু থেকে প্রৌঢ় সকলেই প্রায় সর্দি-কাশিতে ভুগছে। আট থেকে আশি জ্বর, পেটের সমস্যায় কাবু। অনেকেই ভাইরাস ও ব্যাকটেরিয়া ঘটিত একাধিক রোগে ভুগছেন। তাই বসন্ত ঋতুতে সুস্থ থাকতে, শরীরের দিকে বাড়তি নজরদারি (Spring Superfood) দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন বাঙালির অতি পরিচিত শাক-সব্জিই বসন্তের ভোগান্তি থেকে রেহাই দেবে। তাই বিশেষজ্ঞদের একাংশের ভরসা, সজনে ডাঁটা এবং সজনে শাক (Moringa Health Benefits)।
কেন বসন্তে ভরসা জোগাচ্ছে সজনে ডাঁটা এবং শাক?
বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, বসন্তে তাপমাত্রা ক্রমাগত ওঠানামা করে। তাই আবহাওয়া দ্রুত পরিবর্তন হয়। আর তার জেরেই বাতাসে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সক্রিয়তা বেড়ে যায়। যে কেউ তাই নানান সংক্রামক রোগে বেশি আক্রান্ত হয়। নানান রোগের ঝুঁকিও বাড়ে। সজনে ডাঁটা এবং সজনে শাক (Moringa Health Benefits) রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। তাই এই সব্জি খেলে সংক্রামক রোগের ঝুঁকি কমে। রোগ প্রতিরোধ শক্তি বাড়ে। তাছাড়া, সজনে ডাঁটা এবং শাক ভিটামিন এ, ভিটামিন সি এবং আয়রন, ক্যালসিয়ামের মতো খনিজ সমৃদ্ধ। তাই এই খাবার সর্দি-কাশির ভোগান্তি কমায়। তাই বসন্তের ভোগান্তি কমাতে সজনে ডাঁটা এবং শাক বিশেষ সাহায্য করে। তাছাড়া, চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, বসন্ত ঋতুতে হজমের সমস্যা বাড়ে। হঠাৎ গরম পড়ে যাওয়ার জন্য হজমের গোলমাল দেখা যায়। সজনে ডাঁটা এবং শাক ফাইবার সমৃদ্ধ খাবার। তাই এই খাবার খেলে হজম শক্তি ভালো হয়।
সজনে ডাঁটা এবং শাক শরীরে কী উপকার করে?
হাড় মজবুত করে!
চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, সজনে ডাঁটা এবং শাক (Moringa Health Benefits) ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। তাই এই সব্জি খেলে হাড় মজবুত হয়। বাঙালিদের মধ্যে হাড়ের সমস্যা বাড়ছে। বিশেষত বাঙালি মহিলাদের হাড় ক্ষয় রোগের প্রকোপ উদ্বেগ বাড়াচ্ছে। তাই চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, এই সব্জি খেলে হাড় মজবুত থাকবে।
হৃদরোগের ঝুঁকি কমায়!
চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, বসন্তের ভোগান্তি কমানোর পাশাপাশি সজনে ডাঁটা এবং শাক (Moringa Health Benefits) হৃদরোগের ঝুঁকি কমায়। তাঁরা জানাচ্ছেন, সজনে ডাঁটা এবং শাক খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে বিশেষ সাহায্য করে। তাই এই সব্জি খেলে হৃদরোগের ঝুঁকিও কমে। শীতের শেষে হৃদরোগের ঝুঁকি বাড়ে। কারণ এই আবহাওয়ায় তাপমাত্রার তারতম্য ঘটে। এই পরিস্থিতিতে সজনে ডাঁটা এবং শাক বিশেষ উপকারি।
ত্বক এবং চুলের জন্য বিশেষ উপকারি!
চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, সজনে ডাঁটা এবং শাক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। তাই নিয়মিত এই খাবার খেলে চুল পড়ার সমস্যা কমবে। ত্বক মসৃণ থাকবে।
শরীর টক্সিন মুক্ত করতে বিশেষ সাহায্য করে!
চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শরীরের অতিরিক্ত বর্জ্য মুক্ত করতে সজনে ডাঁটা এবং শাক (Moringa Health Benefits) বিশেষ সাহায্য করে। তাঁরা জানাচ্ছেন, লিভার ও কিডনি সুস্থ রাখতে এবং শরীরের টক্সিন মুক্ত করতে বিশেষ সাহায্য করে।
কীভাবে এই সব্জি খাবেন?
পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, শিশুর বয়স বছর দুয়েক হলেই সজনে ডাঁটা দেওয়া যেতে পারে। শিশু হোক বা বয়স্ক, সকলেই এই সব্জি খেতে পারেন। তাঁদের পরামর্শ, ডালে সজনে ডাঁটা দেওয়া যেতে পারে (Spring Superfood)। যে কোনও সব্জি— করলা, বেগুন কিংবা কুমড়োর তরকারির সঙ্গে সজনে ডাঁটা দেওয়া যেতে পারে। সজনে শাক, রসুন দিয়ে হালকা ভেজেও খাওয়া যেতে পারে। মশলা হিসাবে রসুন খুবই উপকারি। আবার মাছের ঝোলেও সজনে ডাঁটা দেওয়া যেতে পারে। যেকোনও তরকারি, ডাল বা ঝোলে সজনে ডাঁটা দিলেই শরীরে উপকার হবে।

Leave a Reply