তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল
দাঁতের সমস্যায় কাবু অধিকাংশ ভারতীয় শিশু। দাঁতের ক্ষয়, মাড়ি ফুলে যাওয়া কিংবা মুখের ভিতরে সংক্রমণে ভোগান্তি বাড়ছে ভারতীয় শিশুদের। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, মুখের ভিতরের স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতার অভাবের জেরেই এই সমস্যা দেখা দিচ্ছে। ভারতীয় শিশুদের ওরাল হাইজিন সব সময় ঠিকমতো মেনে চলা হচ্ছে না। তাই দাঁত ও মুখের ভিতরের নানান রোগের ঝুঁকি বাড়ছে।
কেন ভারতীয় শিশুদের দাঁতের সমস্যা বাড়ছে?
চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ভারতীয় শিশুদের দাঁতের সমস্যা বাড়ার অন্যতম কারণ, খাদ্যাভ্যাস। অধিকাংশ ভারতীয় শিশুর প্রতিদিনের খাবারে প্রয়োজনের অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় উপাদান ব্যবহার করা হয়। বিশেষত ছয় বছরের কম বয়সি শিশুদের অনেকেই নিয়মিত মিষ্টি এবং ক্যান্ডি, চকলেট জাতীয় খাবার খায়। তাই তাদের দাঁতের সমস্যা দেখা যায়। মিষ্টি দাঁতের ক্ষয় বাড়িয়ে দেয়। তাই অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খেলে দাঁত ক্ষয় হয়। দাঁত মজবুত হয় না। খাবারের পাশপাশি মুখের ভিতরের স্বাস্থ্যবিধি মেনে না চলার জেরেও দাঁতের সমস্যা দেখা যায়। নিয়মিত দুবার ব্রাশ করা উচিত। অধিকাংশ শিশুই নিয়মিত দুবার ব্রাশ করে না। প্রত্যেকবার খাবার খাওয়ার পরে মুখ ও দাঁত ঠিকমতো পরিষ্কার করা জরুরি। অনেক সময়েই সেটা হয় না। তাই মুখের ভিতরে নানান সংক্রমণ দেখা যায়। ফলে, দাঁতের সমস্যাও তৈরি হয়। অতিরিক্ত চটজলদি খাবার খাওয়ার অভ্যাস দাঁতের সমস্যা তৈরি করছে বলেও জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, প্রক্রিয়াজাত চটজলদি খাবারে দাঁতের এনামেল ক্ষয় হয়। তাছাড়া শরীরে ক্যালসিয়াম ও অন্যান্য ভিটামিনের অভাব তৈরি করে। শরীরে খনিজ ও ভিটামিনের ঘাটতি হলে দাঁতের সমস্যা দেখা যায়।
কোন ধরনের সমস্যা বেশি হচ্ছে?
চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, দাঁতের ভিতরে গর্ত হয়ে যাওয়া, কালো দাগ পড়ে যাওয়া আসলে দাঁতের ক্ষয় হয়ে যাওয়ার লক্ষণ। অধিকাংশ ভারতীয় শিশুর দাঁতের ক্ষয় রোগ হয়। ফলে দাঁতে যন্ত্রণা হয়। ভোগান্তি বাড়ে। তাছাড়া মুখের ভিতরে সংক্রমণের জেরে মারি ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা যায়। আবার দুধের দাঁত ঠিকমতো পড়া এবং ওঠা নিয়েও সমস্যা দেখা যাচ্ছে।
কোন বয়সে দাঁতের সমস্যা বেশি হচ্ছে?
শিশুরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, ৬ থেকে ১২ বছর বয়সে দাঁতের সমস্যা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তাঁরা জানাচ্ছেন, তিন বছরের কম বয়সি শিশুদের অনেকের দাঁত ওঠা নিয়ে জটিলতা দেখা যায়। তবে ৬ থেকে ১২ বছর বয়সিদের দাঁতের ক্ষয় এবং মারির সংক্রমণের সমস্যা বাড়ছে। এই বয়সি ছেলেমেয়েদের মধ্যে প্রক্রিয়াজাত খাবার খাওয়ার প্রবণতা বাড়ছে। আবার মুখের ভিতরের স্বাস্থ্যবিধি ও অনেক সময় তারা মেনে চলে না। ঠিকমতো ব্রাশ করা কিংবা মুখ ধোয়া ঠিকমতো হয় না। ফলে সংক্রমণ আটকানো কঠিন হয়।
কীভাবে সন্তানের দাঁত ও মাড়ির যত্ন নিতে হবে?
বিশেষজ্ঞদের একাংশের পরামর্শ, প্রথম থেকেই দাঁতের মজবুত গঠনে নজর দেওয়া জরুরি। শিশু খাবারে পর্যাপ্ত ভিটামিন ও ক্যালসিয়াম থাকছে কিনা সেদিকে নজরদারি জরুরি। নিয়মিত দুধ, ডিম, পনির, লেবু, বেরি জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখা জরুরি। এই ধরনের খাবার থেকে শিশু সহজেই শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও ক্যালসিয়াম সংগ্রহ করতে পারে। এতে দাঁত মজবুত হয়। দাঁতের ক্ষয় রোগের ঝুঁকি কমাতে চিনি খাওয়ার পরিমাণের দিকে নজরদারি জরুরি। শিশুদের নিয়মিত চকলেট বা ক্যান্ডি দেওয়া উচিত নয়। তাহলে দাঁতের ক্ষয় রোগের ঝুঁকি বাড়বে। তাছাড়া, শিশুরা যাতে চটজলদি প্রক্রিয়াজাত খাবারে অভ্যস্ত হয়ে না পড়ে, সেদিকে নজরদারি জরুরি। মুখের ভিতরের স্বাস্থ্যবিধি মেনে চললে দাঁত ও মাড়ির সমস্যা কমবে। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল।

Leave a Reply