Nationwide Bank Strike: তিন দিনের দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, পাঁচ দিনের কর্মসপ্তাহ নিয়ে গঠিত হবে কমিটি

september-bank-strike-2026-central-nationwide bank strike deferred creates a panel to examine all saturdays as holidays

মাধ্যম নিউজ ডেস্ক: শেষ মুহূর্তে আলোচনায় মিলল সমাধান। ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA)-এর সঙ্গে রবিবার রাতে বৈঠকের পর প্রস্তাবিত তিন দিনের দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট (Nationwide Bank Strike) স্থগিত করল ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স (UFBU)। ফলে সোমবার থেকে ব্যাঙ্কের শাখাগুলি স্বাভাবিক নিয়মেই খোলা থাকবে। এর ফলে অর্ধবার্ষিক হিসেব বন্ধের সময় সম্ভাব্য পরিষেবা-বিঘ্নও আপাতত এড়ানো গেল। আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর তিন দিনের ধর্মঘটের (Bank Strike Deferred) ডাক দিয়েছিল ব্যাঙ্ক ইউনিয়নগুলির যৌথ সংগঠন ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স। মূল দাবি ছিল পাঁচ দিনের ব্যাঙ্কিং সপ্তাহ চালু করা, অর্থাৎ প্রতি শনিবার ব্যাঙ্ক বন্ধ রাখা।

কী সিদ্ধান্ত হল?

আলোচনার পর ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন একটি উচ্চপর্যায়ের যৌথ কমিটি গঠনে সম্মত হয়েছে। এই কমিটি ব্যাঙ্কের বাকি শনিবারগুলিকেও ছুটির আওতায় আনার দাবি খতিয়ে দেখবে। পাশাপাশি বিকল্প ব্যবস্থা নিয়েও আলোচনা হবে এবং গ্রাহক-সহ সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হবে। বর্তমানে দেশের ব্যাঙ্কগুলি প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে। তবে রবিবারের বৈঠকের সিদ্ধান্তে এখনই পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু হচ্ছে না। কমিটি কবে তাদের সিদ্ধান্ত জানাবে, তারও কোনও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। এছাড়াও স্কেল-৪ এবং তার ঊর্ধ্বতন স্তরের ব্যাঙ্ক আধিকারিকদের জন্য পারফরম্যান্স-লিঙ্কড ইনসেনটিভ (PLI) নিয়েও আলোচনা চালানোর বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছে। ইউনিয়নগুলির আপত্তি বিবেচনা করে সরকারি প্রকল্পে প্রয়োজনীয় পরিবর্তনের প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছে আইবিএ।

কেন ধর্মঘটের ডাক দিয়েছিল ইউনিয়নগুলি?

দীর্ঘসময় ধরে কাজ এবং কাজের চাপের কথা উল্লেখ করে সব শনিবার ছুটির দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স। ইউনিয়নগুলির দাবি, গত দুই বছরেরও বেশি সময় ধরে পাঁচ দিনের ব্যাঙ্কিং সপ্তাহ নিয়ে আলোচনা চলছে, কিন্তু এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে, সরকারি সূত্রের বক্তব্য ছিল, পাঁচ দিনের কর্মসপ্তাহ চালুর বিষয়ে কোনও চূড়ান্ত সমঝোতা হয়নি। আগের বেতন সংক্রান্ত আলোচনাতেও বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। আগের দফার আলোচনায় সমাধান না হওয়ায় ইউনিয়নগুলি ধর্মঘটের সিদ্ধান্ত নেয়। এমনকি দাবি পূরণ না হলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। তবে রবিবারের সিদ্ধান্তের পর সেই আন্দোলনও আপাতত স্থগিত থাকছে। নতুন কোনও ধর্মঘটের তারিখ ঘোষণা করা হয়নি।

গ্রাহকদের জন্য কী পরিবর্তন?

তিন দিনের ধর্মঘট (Nationwide Bank Strike) হলে ব্যাঙ্ক পরিষেবায় বড় ধরনের প্রভাব পড়তে পারত। বিশেষ করে অর্ধবার্ষিক হিসাব বন্ধের সময় ধর্মঘট হওয়ায় গ্রাহকদের লেনদেন ও অন্যান্য ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে অর্থ মন্ত্রকের তরফে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলিকে রবিবার শাখা খোলার পরামর্শ দেওয়া হয়েছিল, যাতে ধর্মঘটের আগে গ্রাহকরা প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারেন। তবে ধর্মঘট আপাতত স্থগিত হওয়ায় সোমবার থেকে ব্যাঙ্কের শাখাগুলিতে স্বাভাবিক পরিষেবা চালু থাকার কথা। পাঁচ দিনের ব্যাঙ্কিং সপ্তাহ এবং অন্যান্য দাবিগুলি নিয়ে আইবিএ ও ব্যাঙ্ক ইউনিয়নগুলির মধ্যে আগামী দিনে আরও আলোচনা চলবে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share