মাধ্যম নিউজ ডেস্ক: কথা কম, কাজ বেশি—এই নীতিকে সামনে রেখেই রাজ্য প্রশাসনে কর্মসংস্কৃতি ফেরাতে একাধিক পদক্ষেপের পথে হাঁটছে পশ্চিমবঙ্গের নতুন সরকার। একদিকে সরকারি কর্মীদের ছুটির সংখ্যা কমিয়ে কর্মদিবস বাড়ানোর চিন্তাভাবনা চলছে, অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যে সরকারি পরিষেবা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে শোকজের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, প্রশাসনিক কাজের গতি বাড়ানো এবং সরকারি দফতরে জবাবদিহি নিশ্চিত করতে এবার একই সঙ্গে দুই দিক থেকে চাপ বাড়াচ্ছে নবান্ন। রাজ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনিক কাজে গতি আনা এবং সরকারি দফতরে কর্মসংস্কৃতি ফেরানোর বিষয়ে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, সাধারণ মানুষের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে। সরকারি দফতরে অকারণে ফাইল ফেলে রাখা কিংবা পরিষেবা পেতে সাধারণ মানুষকে দীর্ঘদিন অপেক্ষা করানোর প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন। সেই লক্ষ্যেই এবার সরকারি ছুটির ক্যালেন্ডার পুনর্বিবেচনা থেকে শুরু করে আধিকারিকদের কাজের জবাবদিহি—সব ক্ষেত্রেই কড়া অবস্থান নেওয়ার ইঙ্গিত মিলছে।
সরকারি ছুটি নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর
শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে সরকারি ছুটি নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। কালীপুজো ও ভাইফোঁটার ছুটি কাটিয়ে ওই দিনই সরকারি অফিস খুলেছে। তার পরেই মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘ছুটি ছুটি করে গোটা রাজ্যটাই শীতঘুমে চলে গিয়েছে।’ তিনি আরও জানান, রাজ্যের সরকারি ছুটির ক্যালেন্ডার তৈরির কাজ চলছে। খুব শীঘ্রই তা প্রকাশ করা হবে। সাধারণত ডিসেম্বর মাসে পরবর্তী বছরের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে অর্থ দফতর। ফলে তার ঠিক আগে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল। চলতি বছরে রাজ্যে সরকারি ছুটির সংখ্যা প্রায় ৫০ দিন। ২০২৫ সালেও এই সংখ্যা ৫০-এর বেশি ছিল। তবে আগামী বছরের ছুটির তালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে নবান্ন সূত্রে খবর।
সরকারি ছুটির সংখ্যা ৫০ দিন কমিয়ে ৪০-এ আনার ভাবনা
প্রশাসনিক সূত্রের খবর, প্রথমে অর্থ দফতরের তরফে ৪৫ দিনের ছুটির একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে সেই সংখ্যা কমিয়ে ৪০ দিনে আনার বিষয়ে চিন্তাভাবনা চলছে। অর্থাৎ, আগামী দিনে সরকারি কর্মীদের ছুটির সংখ্যা প্রায় ১০ দিন পর্যন্ত কমতে পারে। যদিও কোন কোন ছুটি বাদ দেওয়া হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সরকারি ছুটির সঙ্গে যুক্ত অতিরিক্ত ছুটিগুলি বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে কোনও উৎসব বা সরকারি ছুটির আগে-পরে যে অতিরিক্ত ছুটি দেওয়া হয়, সেগুলির সংখ্যা কমানো হতে পারে। অবশ্য এ বিষয়ে মুখ্যমন্ত্রী এখনও নির্দিষ্ট করে কিছু জানাননি।
ছুটির বিন্যাসেও পরিবর্তন আনতে পারে নতুন সরকার
রাজ্য প্রশাসনের একাংশের মতে, গত ১৫ বছরে বিভিন্ন ধর্মীয়, সামাজিক অনুষ্ঠান এবং মনীষীদের জন্মজয়ন্তী উপলক্ষে সরকারি ছুটির সংখ্যা ক্রমশ বেড়েছে। ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন, শিবরাত্রি, শবেবরাত, হরিচাঁদ ঠাকুরের জন্মদিন, বিরসা মুণ্ডার জন্মদিন এবং করম পুজোর মতো বিভিন্ন উপলক্ষে ছুটি চালু হয়েছে। এর পাশাপাশি দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা এবং ছটপুজোর ছুটির পরিসরও বেড়েছে। আগে দুর্গাপুজোর সময় বাম আমলে ষষ্ঠী থেকে সরকারি দফতরে ছুটি শুরু হত। অফিস খুলত লক্ষ্মীপুজোর পর দিন। কিন্তু তৃণমূল সরকারের আমলে এক বছর চতুর্থী থেকেই পুজোর ছুটি শুরু হয়ে যায়। একইভাবে কালীপুজোর ক্ষেত্রে আগে শুধু পুজোর দিন ছুটি থাকলেও পরবর্তী সময়ে ভাইফোঁটা পর্যন্ত টানা ছুটি চালু হয়। আগে ভাইফোঁটায় রাজ্য সরকারি কর্মীদের জন্য আলাদা ছুটি ছিল না। জামাইষষ্ঠীতেও আগে কোনও ছুটি ছিল না, পরে অর্ধদিবস ছুটির ব্যবস্থা চালু হয়। ছটপুজোর ক্ষেত্রেও আগে সেকশনাল হলিডে বা নির্দিষ্ট সম্প্রদায়ের কর্মীদের জন্য ছুটির ব্যবস্থা ছিল। অর্থাৎ, যাঁরা উৎসব পালন করেন, মূলত তাঁরাই ছুটি পেতেন। পরবর্তী সময়ে সেই ছুটি সমস্ত সরকারি কর্মীর জন্য চালু করা হয়। প্রশাসনিক সূত্রের ধারণা, এই ধরনের ছুটির বিন্যাসেও পরিবর্তন আনতে পারে নতুন সরকার।
কাজে দেরি হলে আধিকারিকদেরও জবাবদিহি
সরকারি দফতরে কর্মসংস্কৃতি ফেরানোর উদ্যোগ শুধু ছুটির ক্যালেন্ডার পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। সাধারণ মানুষের সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা বন্ধ করতেও এবার কড়া পদক্ষেপ করেছে নবান্ন। শুক্রবার মুখ্যমন্ত্রী আগের সরকারকে আক্রমণ করে বলেন, ‘আগের সরকার মনে করত, ডিএ দেবো না, পে কমিশন করব না। কাজ কম করতে হবে। কম ফাইল জমা পড়বে।’ তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট, নতুন সরকার সরকারি দফতরে কাজের পরিমাণ ও গতি বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিতে চাইছে। সরকারি দফতরে ফাইল আটকে থাকা, শংসাপত্র পেতে দীর্ঘ অপেক্ষা, লাইসেন্স বা অনুমোদনের জন্য দিনের পর দিন ঘুরতে হওয়া—এই ধরনের অভিযোগ দীর্ঘদিনের। অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও আবেদনকারীরা পরিষেবা পান না। এবার এই প্রবণতা বন্ধ করতে সরকারি আধিকারিকদের উপর সরাসরি দায়বদ্ধতা চাপানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে শোকজের প্রক্রিয়া
মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল ১১ নভেম্বর ২০২৬ তারিখে একটি নির্দেশিকা জারি করেছেন। সেখানে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনও সরকারি আবেদন নিষ্পত্তি না হলে এবং সেই কারণে সংশ্লিষ্ট শংসাপত্র, অনুমোদন, পারমিট বা লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে মঞ্জুর হয়েছে বলে গণ্য হলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে শোকজের প্রক্রিয়া শুরু করতে হবে। জানতে চাওয়া হবে, কেন নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটির নিষ্পত্তি করা সম্ভব হয়নি। নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিককে লিখিতভাবে নিজের বক্তব্য জানাতে হবে। এর পর আধিকারিকের জবাব খতিয়ে দেখে প্রযোজ্য সার্ভিস রুল অনুযায়ী প্রয়োজনীয় বিভাগীয় পদক্ষেপ করা হবে। অর্থাৎ, কোনও আধিকারিকের গাফিলতি, দায়িত্বে অবহেলা বা অকারণে কাজ ফেলে রাখার প্রমাণ মিললে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।
প্রতি মাসের ১০ তারিখের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট
শুধু শোকজ নোটিস জারি করেই দায়িত্ব শেষ করতে চাইছে না নবান্ন। প্রতিটি সরকারি দফতরের কাজের উপর নিয়মিত নজরদারি চালানোর জন্য মাসিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে। এর ফলে কোন দফতরে কতগুলি আবেদন সময়মতো নিষ্পত্তি হচ্ছে না, কোথায় পরিষেবা প্রদানে বেশি দেরি হচ্ছে এবং কোন আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা প্রশাসনের শীর্ষ স্তরে নিয়মিত পর্যালোচনা করা সম্ভব হবে। রাজ্যের এই নতুন নির্দেশিকার সঙ্গে যুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন, ২০১৩। এই আইনের আওতায় বিভিন্ন সরকারি পরিষেবা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা রয়েছে। নাগরিকদের আবেদন সেই সময়ের মধ্যে নিষ্পত্তি করার কথা।

Leave a Reply